#ভালোবাসাটা_যে_হয়ে_গেল
#লেখিকা: আসরিফা সুলতানা জেবা
#পর্ব___৪
অন্তর ঢাকা গিয়েছে কোনো এক কাজে গতকাল। সে যাওয়া পর থেকেই রিনির মনপাখিটা তুমুল বিষন্ন হয়ে চুপটি করে আছে। এ ক'টা দিন অন্তরের সাথে অতিবাহিত করা সুখকর মুহূর্তগুলো তার অনুপস্থিতিতে কুঁড়ে কুঁড়ে খেতে লাগল ওর অন্তঃস্থলের নরম জমিনটাকে। এখনই এমন দশা, না জানি মানুষটা যেদিন তাকে ছেড়ে দূর দেশে পাড়ি জমাবে তখন কী হবে! রিনি ভাবতে পারে না। তার দমে টান পড়ে। চোখ ঝাপসা হয়ে আসে। মাথা শূন্য শূন্য লাগে। বুক শুকিয়ে খা খা করে।
আষাঢ় মাস চলছে। ক্ষণিক প্রহর আগেই মেঘমালা বর্ষণ রূপে আধিপত্য খাটিয়ে গিয়েছে মর্ত্যধামে। উঠোনের পেয়ারা গাছটার সবুজ পত্র থেকে চুইয়ে চুইয়ে পড়ছে বৃষ্টির স্নিগ্ধ জল। রিনি এতকাল যাবত জানালা দিয়ে বৃষ্টির পানি জড়ো করছিল হাতে। ভ্যাপসা গরমে হাতে ঠাণ্ডা পানির ছোঁয়ায় শীতল হয়ে গেল ওর শরীর। বর্ষণ তল্পিতল্পা গুছিয়ে বিদায় জানালে জানালার কাছ থেকে সরে এলো সে। শোবার ঘর থেকে বের হয়ে দেখে বসার ঘরের খাওয়ার টেবিলে এঁটো থালা-বাসন পড়ে আছে এলোমেলোভাবে। শাশুড়ির ঘরের খোলা দোরগোড়ায় দাঁড়িয়ে দেখল বেঘোরে ঘুমুচ্ছেন সালেহা। সকালে শুনেছিল ওনার বাতের ব্যথাটা বেড়েছে। শরীর বোধহয় ভীষণ খারাপ। নইলে তাকে দুপুরের পর ঘুমাতে দেখে নি রিনি। টেবিলের ওপর নোংরা থালাগুলোও থাকার কথা নয়। রিনি বিয়ের এই কয় মাসে দেখেছে তার শাশুড়ি সব কাজ একা হাতে নিখুঁতভাবে সামলান। এঁটো থালা-বাসনগুলো একত্রে করে রিনি কলপাড়ে গেল। কাজের মেয়েটা সকালে তার বাড়িতে গিয়েছে। এই গ্রামেই বাড়ি তার। বলল বিকেল নাগাদ চলে আসবে। তার অপেক্ষায় না থেকে রিনি নিজেই প্লেটগুলো ধোয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে কত ধুয়েছে! কিন্তু এখানে আসার পর সালেহা কোনো কাজ করতে দেয় না তাকে। কাজ করতে নিলেই বলবে," কাজ করবার জন্য দিন পড়ে আছে বউ। আমি যহন তোমার দাদির মতোন বুড়া হয়ে যামু তখন রান্না-বান্না সব তুমি কইরো। এহন তুমি ছোট মানুষ,এত কাজ করতে হইব না। আমার মেয়ে হইলে যেমন তারে কোনো কাজ করতে দিতাম না তেমনই তোমারেও এহন তেমন কোনো কাজ করতে হইব না। "
রিনির চোখ টলমল করে উঠে তখন। সে কল্পনা করে নি সালেহার মতো ভালো একটি মানুষ তার শাশুড়ি হবে। তার মা বিয়ের আগে বলত," রিনি সব কাম শিক্ষা রাখ। নইলে বদনাম হইব শ্বশুর বাড়িত। মানুষ আমারে কইব কোনো কাজ-কাম শিখাইছে না মাইয়ার মা মাইয়ারে। "
নিয়তি মায়ের কথার বিপরীত হলো। সে কাজ করতে চাওয়া সত্ত্বেও তাকে কাজ করতে দেওয়া হয় না। সারাক্ষণ শুয়ে বসে তার হাত পায়ে জং ধরে গেছে যেন। কল চেপে বালতির অর্ধেক পানিতে পূর্ণ করে থালা-বাসন মাজতে লাগল ও। আচানক কল চাপার ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঝলকানি দেখা দিল ফরসা,মসৃণ মুখখানিতে। অন্তর কল চেপে বালতিতে পানি ভরে দিচ্ছে! ক্লান্ত চেহারার সিগারেটে পোড়া ঠোঁট যুগলে ঝুলে আছে মৃদু হাসি। পরনের জলপাই রঙের শার্টটার হাতা গুটিয়ে রেখেছে কনুই পর্যন্ত। বাসন মাজা থামিয়ে তাকে নির্নিমেষ তাকিয়ে থাকতে দেখে বলল,
" এভাবে অবাক হয়ে তাকিয়ে আছ কেন বাচ্চা মেয়ে রিনি? আমার কি কল চাপা নিষেধ? "
" ভাবি আসলে আপনের ভালোবাসা দেইখ্যা অবাক হইতেছে ভাইজান। আমাদের গ্রামে আইজ পর্যন্ত দেখলাম না কোনো ব্যাডা তার বউরে কোনো কামে সাহায্য করতে,এমন করে কল চাইপা বালতিতে পানি ভরে দিতে। এইজন্যই ভাবি অবাক। ভাবির যে রাজকপাল আপনি তার সোয়ামি। "
অন্তর চোখে গরম করে তাকাল তাদের বাড়ির কাজের মেয়েটার দিকে। মেয়েটা একটু ভয় পেলেও হেসে চলে গেল। সে এসেছিল রিনিকে খুঁজতে। রিনি অধোবদনে বাসন মাজতে লাগল। মেয়েটার কথা অক্ষরে অক্ষরে সঠিক। রিনির আব্বাকে সে কোনোদিন দেখে নি তার মাকে কাজে সাহায্য করতে। তার বাচ্চাকাল থেকে কিশোরী জীবনে আসা পর্যন্ত সে এই গায়ের কোনো পুরুষকে তার বউদের বাড়ির কাজে সহায়তা করতে দেখে নি। অন্তর তাদের থেকে ভিন্ন। শুধু ভিন্ন নয়,মানুষটি একেবারে ভিন্ন। বিয়ের দিন থেকে আরম্ভ করে পদে পদে মানুষটি তার ঢাল হয়ে আছে। কিন্তু রিনি যে এসবকিছু চায় না। মরুভূমিতে পরিশ্রান্ত হওয়া তৃষ্ণার্ত পথিকের মতো সে অন্তরের ভালোবাসা চায়,সোহাগ চায়। তার তৃষিত হৃদয় মাঝেসাঝে এতটাই লাগামছাড়া হয়ে যায় যে সে চায় ভুল করে হলেও অন্তর নিয়ন্ত্রণ হারাক,তাকে ছুঁয়ে দিক। তার ভাবনার মাঝে অন্তর
অবসন্ন ভঙ্গিতে বলল,
" ওর কথা মাথায় নিও না। আকাশের অবস্থা ভালো না। আমাকে দাও বাসনগুলো ধুয়ে আমি নিয়ে যাচ্ছি। "
ও জোর গলায় বলল," বেশিক্ষণ লাগবে না, আমি পারব। "
" জলদি করো। "-তাড়া দিল অন্তর।
" আপনি কখন আসলেন?"
" মাত্র। "
" ঘরে যান নি?"
" গিয়ে তোমাকে না পেয়ে এখানে এলাম।"
" খুঁজতে এসেছেন?"
অন্তর অকপটে স্বীকার করল," হ্যাঁ। "
" আমাকে খুঁজছেন কেন? "
" কারণ বাচ্চা মেয়েটি হারিয়ে গেলে মেম্বার শামসুল হক আমাকে শূলে চড়াবে। "
অন্তরের কথার ধরনে রিনির হাসি পেল। দ্রুত কাজ সারল ও। আকাশের হালহকিকত তমসাচ্ছন্ন। যেকোনো সময় ভারী বৃষ্টি নামবে। আষাঢ় মাসে একটুও নিস্তার নেই আকাশের,প্রকৃতির। সূর্য একটুখানি রশ্মি বিলি করার আগেই কৃষ্ণ মেঘ হাজির হয়ে যায় দুনিয়াকে ভিজিয়ে দিতে। রিনি বাসনগুলো ধোয়ার পুরোটা সময় অন্তর দাঁড়িয়ে থাকল। বালতিতে পানি ভরে দিল। ধুয়ে উঠতেই তার হাত থেকে টান দিয়ে সেগুলো নিয়ে গটগট করে ঘরে চলে গেল। ও হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল সেদিকে। এত যত্নশীল কেন মানুষটা? রাজ কপাল সেই মেয়েটার যে এই সুদর্শন, যত্নশীল, ভদ্র, চরিত্রবান পুরুষটার ভালোবাসা পাবে। বসার ঘর গুছিয়ে টেবিলে খাবার বেড়ে ডাকতে এলো সে অন্তরকে। এসেই দুয়ারে পা আটকে গেল ওর। অন্তর কালো একটা টিশার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সদ্য স্নান সেড়ে আসায় তার কপালে আসা ছোট ছোট চুল থেকে পানি পড়ছে। দিগ্বিবিদিক হারিয়ে, দিশেহারা হয়ে তাকে একনজরে অনিমিখ দেখতে লাগল রিনি। সে আয়নায় নজর রেখেই ভ্রু নাচিয়ে প্রশ্ন করল," কী?"
রিনি ভেবলে গেল। ক্যাবলারাম হয়ে তাকিয়ে থাকায় শরমে মুখটা পলাশ ফুলের মতো রাঙা হয়ে গেল। মুখ লুকাতে ছুটে যাওয়ার আগে তড়িঘড়ি করে বলে গেল," খেতে আসুন। "
চেয়ার টেনে বসল অন্তর। আরেকটা চেয়ার টেনে রিনিকে ইশারা করল," বসো। "
রিনি বসল ঠিকই। তবে বলল," আমি খেয়েছি। "
" কতটুকু খেলে?"
" যতটুকু খাওয়া যায় ততটুকু খেয়েছি। "
" আমার সাথে আরেক প্লেট খাও।"
" অসম্ভব!"
অন্তর আরেকটা প্লেট টেনে রিনির সামনে রাখল। তাতে ভাত ও তরকারি দিয়ে হুকুম জারি করল," খাও। "
মিনমিন করল রিনি," আমি সত্যি পেট ভরে খেয়েছি। "
" তুমি কতটুকু খাও এতদিনে আমি জেনে গেছি। দুর্বল হয়ে মাথা ঘুরিয়ে একদিন এদিক-সেদিক পড়ে থাকবে। আর আমার চাচি-জেঠি আম্মারা আমাকে তোমার বাচ্চার বাপ বানিয়ে দিবে। "
রিনি বিহ্বল হয়ে পড়ল। সমুদ্রের ঢেউয়ের মতো উন্মত্ত হয়ে পড়ল হৃৎস্পন্দন। কী বলল অন্তর? তার টমেটোর মতোন লাল হওয়ার মুখটার ওপর গাঢ় দৃষ্টি ছুঁড়ে দিয়ে অন্তর বলে উঠল," তুমি জানো না গ্রামের মানুষের চিন্তাধারা কী? কম কম খেয়ে প্রেশার লো হয়ে গেলে মাথা ঘুরাবে তোমার, বমি করবে তারপর সবাই বলবে তোমার পেটে আমার বাচ্চা আসছে।"
রিনির ইচ্ছে করছে মানুষটার মুখটা চেপে ধরে সেলাই করে দিতে। সে বেসামাল,বেফাঁস কণ্ঠে বলল," আপনি আমাকে ছুঁয়েও দেখেন নি বাচ্চা আসবে কীভাবে? "
বাক্যখানি উচ্চারণ করে সে নিজের মুখ চেপে ধরল দু হাতে। এমন নির্লজ্জ, বেশরম সে কবে হলো! অন্তর হেসে বলল,
" বাহ! তুমি বেশ ট্যালেন্টেড বাচ্চা মেয়ে রিনি। কিন্তু এটা কি আমার চাচি-জেঠিরা বুঝবে বলো? তারা কি জানে নাকি তাদের অন্তর কত বড়ো চরিত্রবান পুরুষ? "
রিনি মনে মনে বলল, " ওরে আসছে আমার চরিত্রবান পুরুষ! আপনার মতো চরিত্রবান পুরুষকে জাদুঘরে লটকিয়ে রাখা উচিত। "
খাওয়ার মাঝে বিদ্যুৎ চলে গেল। আষাঢ় মাসে শ্রাবণধারা পৃথিবীর মাটি ছুঁলেও ধরণীর তপ্ততাকে দূর করতে পারছে না কিছুতেই। অসহনীয় গরম পড়ছে আজকাল। রিনি উঠে গিয়ে তালপাতা দিয়ে বানানো হাতপাখাটা নিয়ে আসল। অন্তরের কাছাকাছি একটা চেয়ারে বসে তাকে বাতাস করতে লাগল সে নিজের খাওয়া থামিয়ে। অন্তর মুখের কাছে নেওয়া লোকমাটা থালায় নামিয়ে রেখে ভরাট কণ্ঠে ডাকল,
" রিনি!"
রিনির মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল।ফরফর করে প্রতুত্তর করল," হুম?"
" তুমি বউ বউ আচরণ করছ। "- অত্যন্ত হিম শীতল গলায় কথাটা বলল সে।
রিনি থেমে থাকল না। তড়তড় করে বলল," আমি তো আপনার বউই।"
অন্তর দীর্ঘশ্বাস ছেড়ে বলল," তুমি আমার বউ কিন্তু আমি চাই না তুমি আমার প্রতি কোনো দায়িত্ব পালন করো। পাখাটা রেখে নিজের খাবার খাও।"
রিনির মুখটা আষাঢ় মাসের মতো কালো হয়ে গেল। ওর বাতাস করাটাকে অন্তরের দায়িত্ব মনে হচ্ছে? মানুষটি কেন বুঝতে চাইছে না রিনি তাকে মনপ্রাণ উজাড় করে ভালোবাসে? বাতাস করা থামাল না ও। আদেশ অমান্য করল অন্তরের। অন্তরের পায়ের র-ক্ত মাথায় উঠে গেল রিনিকে আদেশ অমান্য করতে দেখে। গলাটা গম্ভীর করে বলল,
" তোমাকে আমি কী বলেছি? "
রিনি ভীতসন্ত্রস্ত কণ্ঠে বলল," আপনি খান না৷ আমি বাতাস করি, আপনি খান। গরমে খেতে কষ্ট হবে। অনেক ঘামছেন আপনি। "
রাগটাকে গিলে নিল অন্তর রিনির ভয়ে কাঁচুমাচু হওয়া নিষ্পাপ চেহারাটা দেখে।
" আমাকে বাতাস করলে তুমি খাবে কীভাবে? "
" আমি পরে খেয়ে নিব। তাছাড়া দুপুরে অল্প খেয়েছি। এখন খেতে হবে না। আপনি খান।"
অন্তরের কী হলো সে জানে না। জীবনে যে কাজটি সে করেনি তাই করে বসল। এক লোকমা ভাত এগিয়ে ধরল রিনির মুখের সামনে। বলল,
" হা করো। "
রিনি সবিস্ময়ে বলল," কী?"
" হা করতে বলেছি। "
নিজ চক্ষে বিশ্বাস করতে পারছে না রিনি। অন্তর তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে! তার মুখে ভাত তুলে দিয়ে বলল অন্তর,
" তোমার সামনে বসে তোমাকে না খাইয়ে নিজে খেলে পরে আমার ঘরে-বাইরে অনুষ্ঠান শুরু হয়ে যেতে পারে। "
রিনি বাতাস করা থামিয়ে হাতপাখাটা দিয়ে ঝট করে মে-রে বসল অন্তরের বাহুতে। বিরস বদনে বলল,
" আপনি একটা বদ লোক!"
অন্তর হেসে বলল," জানি। আর তুমি একটা অভদ্র মেয়েলোক। বড়োদের মা-রো। এই মেয়ে,তোমার থেকে বয়সে আমি কত বড়ো জানো? তোমাকে হাফপ্যান্ট পরে হাঁটতে দেখেছি। "
শরমে উষ্ণ হয়ে উঠল রিনির গাল দুটি। লজ্জা ভাব লুকিয়ে মুখে রাগের ভাব এনে বলল," দেখলে দেখেছেন। হাজার বার মা-রব আমি। প্রয়োজনে কামড়াব।"
" কী করবে? "- খাওয়া থামিয়ে বিস্মিত স্বরে প্রশ্ন করল অন্তর।
" কামড়াব।"- সরল মনে উত্তরটা পুনর্বার দিল ও।
অন্তর হাত বাড়িয়ে পানির গ্লাস তুলে পানি খেল। ঢকঢক করে গলা ভেজাল। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। রিনি আতঙ্কিত হয়ে পড়ল তার দশা দেখে,
" কী হয়েছে? "
অন্তর ওর দিকে তাকাল না। গভীর কণ্ঠে বলল," কথা সমঝে বলো। "
আশ্চর্য, হতবুদ্ধি হয়ে পড়ল ও," আমি কি খারাপ কিছু বলেছি?"
" তুমি আমার চরিত্র নষ্ট করার প্ল্যান করেছ, এটা কি খারাপ নয়?"
" আমি কীভাবে আপনার চরিত্র নষ্ট করব?"- বোকা বনে গেল রিনি।
অন্তর ওর দিকে চোখ রেখে দুষ্টমি করে বলল," বাঘের গুহায় গিয়ে যদি বলো বাঘ আমাকে খাও তাহলে বাঘ কি তোমাকে ছেড়ে দিবে? তেমনি তুমি একটা পুরুষকে কামড় দিলে সেই পুরুষটা কি তোমাকে আদর করে বলবে বাবু কামড়ে দিও না? আমি নিজের ওপর যতই নিয়ন্ত্রণ রাখি তোমার কামড়ে শয়তান আমাকে উস্কে দিতে পারে, ফলস্বরূপ আমিও তোমাকে কামড়ে দিতে পারি। আর আমি কামড়ালে তুমি সইতে পারবে? পারবে না। ফারদার এমন কথা বলে আমার চরিত্র নষ্ট করার ধান্ধা করবে না, ওকে?"
রিনির মাথা ভনভন করে ঘুরছে। এখুনি হয়তো সে ঢলে পড়বে নিচে? কী থেকে কী হয়ে গেল? চেয়ার ছেড়ে দৌড়ে চলে যেতে নিলে অন্তর হাত চেপে ধরে বসিয়ে দিয়ে বলল,
" খাবারটা খেয়ে যাও। বাচ্চা মেয়ে না বুঝে বলে ফেলেছ। লজ্জা পেতে হবে না। খেয়ে যাও। "
রিনি নিভন্ত গলায় বলল," আপনি খুব খারাপ। আমি ওসব মিন করে বলি নি। "
অন্তর ওর মুখে ভাত তুলে দিয়ে বলল," আমি জানি তুমি ভীষণ ভালো মেয়ে৷ আমি মজা করছিলাম তোমার সাথে। "
রিনি কোনো কথা বলতে পারল না। অন্তর তাকে খাইয়ে ও নিজের খাওয়া শেষ করে প্লেট দুইটা নিয়ে ধুতে চলে গেল কলপাড়ে। রিনি খাবার গুছিয়ে রাখল। তার শরীরটা এখনও জ্বরতপ্ত রোগীর মতো কাঁপছে। সুপুরুষের ভান ধরে থাকে মানুষটা,অথচ তলে তলে কত বড়ো ফাজিল!
_______________________
শাহেদ মুখ কালো করে উঠোনের মধ্যে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে আছে। তার সামনের চেয়ারে বসে আছেন আনোয়ার। মাঝখানে থাকা ছোট্ট টি-টেবিলটার ওপর দু গ্লাস লেবুর শরবত রাখা। শাহেদকে গুমরা মুখে বসে থাকতে আনোয়ার কপাল কুঁচকে বললেন,
" তুমি কোনোদিন গুরুত্ব দিয়ে কও নাই যে রিনিরে পছন্দ করো। একবার কইছিলা বিয়া করতা চাও,তারপর প্রস্তাব দিছ? দাও নাই। সবাই মজা ভাবছে। আমরা রিনির ভালো প্রস্তাব পাইছি তাই ঐখানেই মাইয়ারে বিবাহ দিছি। এহন তুমি বিদেশ থাইক্যা আইয়া কইতেছ রিনিরে বিয়া করতে চাও। এইডা কোনো কথা?"
শাহেদ বিমর্ষ সুরে বলল," আমি রিনির লাইগ্গা দেশে আইছি। আইয়া শুনলাম অন্তরের কাছে রিনিরে বিয়ে দিছেন। আমি কি যোগ্য আছিলাম না ফুপা? "
" তুমি অবশ্যই যোগ্য আছিলা। তোমার বাপ-মারে দিয়ে প্রস্তাব দিলে আমি রিনিরে অন্য ঘরে দিতাম না। এহন যা হওয়ার হইয়া গেছে। লেবুর শরবতটা খাও। "
শাহেদ উঠে দাঁড়াল। বলল," আমি শুনলাম রিনিরে বিয়া করতে রাজি আছিল না অন্তর। আপনে জোর করে বিয়া দিছেন। কামডা আপনি ঠিক করেন নাই ফুপা। জোরের বিয়াতে সংসার হয় না। রিনির যদি সংসার ভেঙে যায় আমারে স্মরণ কইরেন। আমি ওরে ভালোবাসি,তারে বউ করে ঘরে তুলতে আপত্তি নাই আমার। আসি। "
আনোয়ার চোখ-মুখ কঠিন করে স্ত্রীর দিকে চাইলেন। আনজুর বুক কেঁপে উঠল ভয়ে। ভাইয়ের ছেলেকে তিনি বলেন নি রিনির জোরজবরদস্তির বিয়ের কথা। বড়ো মেয়ে পাখির সাথে শাহেদের খাতির ভালো। সে হয়তো কথায় কথায় সকল কাহিনি বলে দিছে ফোনে। শাহেদ রিনির মামাতো ভাই। বাড়ি রিনির বাবার বাড়ি থেকে দুই বাড়ি পরে। রিনিকে অনেক আগে থেকে ভালোবাসে সে। অনেক বার কথায় কথায় বলত রিনি আমি তোরে বউ বানামু। তার কথাকে মজা ভেবে নিত ছোট্ট রিনি। তারপর একদিন শুনে পড়াশোনা ছেড়ে দিয়ে মালেশিয়া পাড়ি জমিয়েছে শাহেদ। টাকা-পয়সা ইনকাম করছে দু হাতে। তার আয়ে রিনির মামার বাড়িতে পুরোনো টিনের ঘরটার জায়গায় নতুন টিনের ঘর উঠেছে। অনেক জমিজমা কিনেছে মামা। বছর তিনেক পর দেশে এসেছে শাহেদ রিনির বিয়ের খবর পেয়ে। সে ভেবেছিল সামনের বছর এসে রিনিকে বউ করে ঘরে তুলবে। তার আগেই রিনির বিয়ে হয়ে গেল। আনজুর বড়ো ইচ্ছে ছিল মেয়েটাকে ভাইয়ের ঘরে দেবার। কিন্তু স্বামীর মুখের ওপর প্রতিবাদ করতে পারেন নি। তার ভীতু স্বভাবের জন্য মেয়েটাকে এমন ঘরে যেতে হলো যেখানে স্বামী সোহাগই পায় না তার ফুলের মতো মেয়েটা। তিনি সিদ্ধান্ত নিলেন সাহস করে স্বামীকে একবার বলবেন, ওই ঘর থেকে রিনিকে ফিরিয়ে এনে যেন শাহেদের সাথে বিয়ে দেওয়া হয়। মেয়ের সুখের জন্য এই স্পর্ধাটুকু তিনি করবেনই। শাহেদ ছেলে ভালো, রিনিকে ভালোবাসে। রিনির গায়ে তালাকের তকমা লাগলেও তার আপত্তি নেই মেনে নিতে।
রিনিকে সংবাদ পাঠানো হলো তার মা অসুস্থ। শোনার পর থেকেই রিনি উন্মাদের মতো ছটফট করছে বাড়িতে যাওয়ার জন্য। অন্তর তাকে দিতে আসল। যদিও সাথে যাওয়ার ইচ্ছে তার ছিল না। শামসুল হক কড়া স্বরে বললেন বাড়ির বউকে একা যেতে দিবেন না তিনি। কাজেই রিনিকে নিয়ে আসল সে। অটো থেকে নেমে দাঁড়ালে পেছন থেকে পুরুষালি কণ্ঠ শুনে চমকালো রিনি। পেছন ফিরে লম্বা ধরনের, চিকন শরীরের,অনুজ্জ্বল শ্যাম বর্ণের ছেলেটিকে দেখে অধরযুগল প্রসারিত হয়ে গেল তার,
" শাহেদ ভাই! কবে আসলেন বিদেশ থেকে? "
ভাড়া মিটাচ্ছিল অন্তর। রিনির গলা শুনে সে ভাড়া মিটিয়ে কাছে চলে এলো ওর। শাহেদ ওদের দুজনকে একত্রে দেখে মলিন হেসে বলল,
" গতকাল আসলাম। "
অন্তরের দিকে তাকিয়ে বলল," তোর কী অবস্থা অন্তর?"
অন্তর ও শাহেদ সমবয়সী। একসাথে একই স্কুলে পড়েছে দুজন। অন্তর এগিয়ে এসে জড়িয়ে ধরল শাহেদকে। বলল,
" শালা, এত বছর পর গ্রামের কথা মনে পড়ল তোর? আমি ভাবলাম বিদেশে বিয়ে-টিয়ে করে সংসার পেতে ফেলছিস।"
" বিদেশ কেমনে সংসার পাতমু ক? যার সাথে সংসার করমু তারে দেশে রাইখ্যা গেছি। "
" আপনারা কথা বলতে বলতে আসেন। আমি বাড়ির ভিতরে গেলাম। "
রিনি চলে গেলে অন্তর শাহেদের কাঁধ চাপড়ে বলল," মেয়েটি কে?"
" কোন মাইয়াডা? "
" যার সাথে সংসার করতে চাস?"
শাহেদ বাঁকা হেসে বলল," কইলে হজম করতে পারবি?"
অন্তর আশ্চর্যান্বিত হলো," হজম করতে পারব না কেন? বলে ফেল শালা। "
" রিনি। "
" কী?"
" মাইয়াডা রিনি,যারে লইয়া আমি সংসার করার স্বপ্ন দেহি।"
অন্তরের হাত তারই অজান্তে মুষ্টিবদ্ধ হয়ে গেল। দিয়াশলাইয়ের মতো ভস করে জ্বলে উঠল কণ্ঠটা," ঠাট্টা করতেছস?"
শাহেদ নির্ভয়ে বলল," না। এইসব বিষয় নিয়া কেউ ঠাট্টা করে? আমি শুনছি তুই ওরে বিয়া করতে চাস নাই। এডাও শুনলাম ছাইড়া দিবি। তাড়াতাড়ি ছাড়লে আমার জন্য ভালা হয়। "
#চলবে~
( ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব কাল পাবেন। যেহেতু এটা একটা ছোট গল্প পর্ব খুব বেশি হবে না।)