#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
তৃতীয় পর্ব
মাশরুর ফ্যান ছেড়ে দিয়েছে।পাশেই জিন্নাত কে ধরে খাটে বসিয়েছে ছোট চাচি এবং জান্নাত। হিলজোড়া পরে আছে রুমের এক কোনায়।সেদিকে তাকিয়ে আবারো ফুঁপিয়ে উঠলো।রাগ গুলোই এখন অশ্রু হয়ে বইতে চাইছে।হাতে একজোড়া স্যান্ডেল নিয়ে ভেতরে ঢুকলো মিলি।তার গায়ে সুতির একটা থ্রিপিস।মুখশ্রী গম্ভীর এবং মাথায় কাপড় ঢাকা।খাটের পাশে দাঁড়িয়ে জিন্নাতের দিকে তাকালো।হাতের স্যান্ডেল জোড়াকে দেখিয়ে বললো,
---এই জোড়া পড়ো তুমি।নতুন আনা।আমি এখনো পায়ে দিই নাই।
চোখ দুটো স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠলো। ক্রুদ্ধ মুখশ্রী নিয়ে মিলির দিকে তাকিয়ে গমগমে স্বরে বললো,
---নিয়ে যাও তোমাদের স্যান্ডেল। আমার আছে।
---থাকতেও ক্যান মাহমুদ ভাইয়ার স্যান্ডেল পড়তে গেলা ?
নাক ফুলিয়ে বিরক্তি নিয়ে তাকালো জিন্নাত।এই মেয়েটাকে তার সহ্য হচ্ছে না।কারন ও-ই তখন স্যান্ডেল দেখিয়ে দিয়েছে।তা না হলে এতোগুলো মানুষের মধ্যে সে অপমানিত হতো না।এই মেয়ে ওই কালো গন্ডারের পক্ষে।খামখেয়ালি দেখিয়ে বললো,
---আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি,তোমার কোনো সমস্যা?
মিলি যেন কিছুটা ক্ষেপে গেল। ধমকের সুরে বললো,
---তুমি মাহমুদ ভাইয়ের গায়ের রঙ নিয়া কথা শোনাইছো।ভাইয়া এইগুলা শুনতেই পারে না।তোমার ভাগ্য ভালো যে আব্বা আইসা পড়ছিলো।নইলে টের পাইতা।
এরপর স্যান্ডেল জোড়া নিয়ে আবার দপা-দপ পায়ে বেরিয়ে গেলো।ফাহমিদা বেগম অসন্তুষ্ট হলেন।মাশরুরের দিকে তাকিয়ে দৃষ্টি মিলিয়ে সায় নিলেন।বললেন,
---মাহমুদের গায়ের রঙ নিয়া আর কখনো খারাপ কথা কইবা না।আল্লা বানাইছে কালা-ধলা।ওর কিন্তু অনেক রাগ।শেষে ঝামেলা হইবে।যে কয়দিন আছো ওর ধারে কাছে যাওয়ার দরকার নাই।কিছু লাগবে আমারে বলবা।
খারাপ লাগলো জিন্নাতের।মাথা নিচু করে বললো,
---আমি তো ওনার গায়ের রঙ নিয়ে কথা বলতে চাইনি।অনেকেই কালো আছে।কিন্তু ওনার মন-আচরণ সব রঙের মতোই কালো।এইকারনেই বলছি।
---মন কালা থাক ধলা থাক,ওইটা তোমার দেখা লাগবে না।আজকে মাইজ্জা ভাইয়ের লাইগা কিছু কয় নায়,পরে আর চুপ কইরা থাকবে না।তুমি যে কয়দিন আছো ওর থেকে দূরে থাকবা।
অবাক হয়ে গেলো জিন্নাত।বললো,--যে কদিন আছি মানে?আমি এই বাড়ির মেয়ে, আমার যতদিন ইচ্ছা আমি এখানে থাকবো।আর কে উনি?ওনার জন্য আমার এতো ভয়ে থাকতে হবে কেন?
পূবপাড়া থেকে খাবার এসে গেছে।সেজন্যই যারা না খেয়ে আছে তাদের ডাকতে এসেছিলো মিলি।দোরগোড়ায় উঠতেই ছোট কাকির মুখে কথাগুলো শুনে ক্ষেপে গেলো।অসন্তোষ প্রকাশ করে বললো,
---কাকি,আপনি এমনভাবে বলতেছেন যেন আমার ভাই সন্ত্রাসী।কথায় কথায় মানুষ খুন করে। এতো অপছন্দ কেন ওরে?ও কি করছে আপনাদের সাথে?
ফাহমিদার মুখটা নিমিষেই চুপসে গেল।নড়েচড়ে বসলো মাশরুর।বোনের উদ্দেশ্যে বললো,
--মিলি চুপ কর।আমি আছি এখানে।তুই ঘরে যা।
মিলি থামলো।চোখে তার রাগের স্পষ্ট প্রতিফলন।বড় ভাইয়ের দিকে তাকিয়ে অভিমানী গলায় বললো,
--পুবপাড়া দিয়া ভাত দিয়া গেছে।খাইতে ডাকে সবাইরে।
এরপর দপাদপ পা ফেলে চলে গেলো।জান্নাত নিরব দৃষ্টিতে পুরোটা শুনতে লাগলো।মনেও অনেক প্রশ্ন এসেছে,কিন্তু সেগুলো করতে নারাজ সে।এমনিতেও এই ডাক্তারের সামনে বসে থাকতে ভীষণ অসস্তি হচ্ছে।মাশরুর জিন্নাতের দিকে তাকালো।কন্ঠে গম্ভীরতা এনে শান্ত হয়ে বললো,
---জিন্নাত,মাহমুদ আমার ছোট ভাই।ওর ন্যাচার টা একটু আলাদা।বাজে, বখাটে,নেশাখোর বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে একটু বখে গেছে।তবে ওকে ভয়ের কিছু নেই।ও তোমার কিচ্ছু করবে না।কথাও বলবে নআ সেধে কখনো।ও আসলে একটু একা থাকতে পছন্দ করে।আর আসল বিষয় যেটা, সেটা হলো ওর কোনো জিনিস অন্যকেউ ধরলে ক্ষেপে যায়,আর কেউ গায়ের রঙ নিয়ে কথা বললে খুব-ই অপমানবোধ করে।বুঝেছো?এসব ছাড়া আমার ছোট ভাই যথেষ্ট ভালো।যেহেতু তুমি এসেই ওর সাথে একটা গন্ডগোল পাঁকিয়ে ফেলেছো,তাই ওর সাথে আর কথা না বলাই ভালো।কাকি এটাই বোঝাতে চেয়েছে।
নাক টেনে ফুঁপিয়ে উঠলেন ফাহমিদা।আঁচলের কোণা দিয়ে চোখ মুছে বললেন,
--এইটাই তো কইতে চাইছি আমি। আমি কি মাহমুদের খারাপ চাই।আমার একটা পোলা নাই।তোদের দুই ভাইরেই তো পোলার মতো দেখি।আর মিলি কি কইয়া গেলো।
--কাকি,মিলি ছোট।ওর কথা বাদ দিন।
প্রথম বারের দেওয়া বিরিয়ানি দিয়ে আত্মীয় স্বজন,আশেপাশের মানুষ এবং ঘরের বাচ্চাদের কে খাইয়েছে।বাকি আছে বাড়ির সদস্যরা।বড় ঘরের সামনে খোলা লম্বা রুমের মাটিতে বিছানো হয়েছে হোগলা(হোগল পাতা দ্বারা নির্মিত বসার চট) এবং পাটি।সেখানে একে একে সারিবদ্ধ ভাবে বসেছে তিন ভাই ও তাদের পরিবারেরা।মমতাজ বেগম আগেই খেয়েছেন।তারপরেও আবারো ছেলেদের সাথে বসেছেন।তার ধারণা,বয়স্ক বৃদ্ধা হওয়ার দরুন তেল চুপচুপে বিরিয়ানি বেশি খেতে পারেননি।তিনি আগের যুগের মানুষ তার ভাত লাগবেই।কেউ এই কথার বিপরীতে টু শব্দটিও করেন নি।খাওয়ার পাটিতে সবাই উপস্থিত শুধুমাত্র মাহমুদ ছাড়া।সে ঘুমাচ্ছে পাটাতনে।খাওয়ার এক পর্যায় মামুন আহমেদ খুক খুক করে কেশে গলা পরিস্কার করে নিলেন।এরপর রকিবুলের উদ্দেশ্যে বললেন,
--তা ভাইজান,ঢাকায় যাইবেন কবে?
নিরব পরিবেশে এমন প্রশ্ন ছুড়তেই প্রত্যেকে খাওয়া থামিয়ে দিলো।একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করতে লাগলো। রকিবুল আহত হলেন।আজ কতগুলো বছর পরে বাবার বাড়িতে এসেছেন।অথচ প্রথম বার ভাতের লোকমা নেওয়ার সাথেই সাথেই চলে যাচ্ছে কবে এই প্রশ্ন করা হলো।সেই ভাই যাকে তিনি কোলেপিঠে করে মানুষ করেছেন।অত্যন্ত নরম এবং শান্তিপ্রিয় মানুষ রকিবুল।ভাইয়ের প্রশ্নের উত্তরে অস্পষ্ট গলায় বললো,
--এই ই তো,আব্বার মিলাদ টা আগে হোক।
স্বামীর দিকে তাকিয়ে চোখ রাঙালেন ফাতেমা।এরপর খেতে খেতে বললেন,
--মামুন ভাই,আমাদের যাইতে এবার দেরি হইবে।ভাবতেছি ঘরের পোতা ( ভিটা) বাইন্ধা তারপর ফিরবো।
চমকে তাকালেন মমতাজ।কটমট করে উঠলেন।কথায় ফোঁড়ন কেঁটে বললেন,
--কোথায় পোতা বান্ধবা?জায়গা পাবা কই?
এমন টিপ্পনী মার্কা কথা শুনতেই খাওয়া বন্ধ হয়ে গেলো জিন্নাতের।আড়চোখে তাকালো মমতাজ বেগমের দিকে।ফাতেমা আগের মতোই স্বাভাবিক কন্ঠে বললো,
---আপনার বাকি দুই ছেলে যেই জায়গায় পোতা বান্ধছে,বড় ছেলেও সেই জায়গায়’ই বান্ধবে। আপনার সৎ ছেলে হইলেও তো সে এই বাড়ির’ই ছেলে।
মামুন আহমেদ বড় ভাইয়ের দিকে তাকালেন।অসন্তোষ প্রকাশ করে রুষে উঠে বললেন,
---এইসব কি ভাইজান?আব্বার মিলাদ টাও হইতে পারলো না, এর মধ্যেই ভাবি জায়গা জমি নিয়া প্যাঁচাল শুরু করছে।আর কিসের পোতা বাঁন্ধবেন আপনি?জায়গা - জমি আছে নাকি?যা জায়গ ছিলো সব বেইচ্চা তো আব্বায় আপনার মায়রে আগেই ডাক্তার দেখাইছে।অর্ধেক ও তো নাই।এইগুলা আপনি জানেন না?তারপরেও আবার কিসের জায়গা জমি,আমাগো দুই ভাইয়ের থাকা লাগবে না।
রকিবুল আহমেদ চুপ করে রইলেন।ফাতেমা বারংবার স্বামীর দিকে চেয়ে চোখ রাঙাচ্ছে কিছু বলানোর উদ্দেশ্যে। ব্যর্থ হয়ে নিজেই বলে উঠলো,
---তার স্ত্রীরে সে জায়গা-জমি বিক্রি কইরা তিন যুগ আগে ডাক্তার দেখাইছে।সেগুলো ধইরা বইসা থাকলে তো আর হবে না মামুন ভাই।আমার জানামতে এখনো ছয় কুড়া ভিটার জমি আর উনিশ কুড়া ফসলের জমি আছে।এগুলার ভাগ তো আমাদের আছে।যদি মা'রে ডাক্তার দেখানোর টাকা জমি থেকে কাঁটেন তাহলে আপনার মার পেছনেও তো কম টাকা খরচ হয় নাই।সেগুলাও আপনাদের জায়গা থেকে কাটেন।
চোরাচোখে মমতাজ বেগমের দিকে চাইলো মামুন। জামান নিশ্চুপ হয়ে খাচ্ছে।এসব জায়গা-জমি নিয়ে ক্যাঁচাল তার ভাল্লাগে না।দুটো মেয়ে,জায়গা পেলে পাবে না পেলে নাই।তবে তার বড় ভাই ছাড়বে না একাংশ ও। মামুন আমতা-আমতা করে ফাতেমার উদ্দেশ্যে বললো,
---ভাবি এতো জায়গা-জমির খোঁজ নিলেন কবে থেকে?আর আব্বা তো আইজ থেইকা অসুস্থ না।প্রায় দেড় বছর ধইরা ভোগে।তারে ডাক্তার দেখাইতেও তো জায়গা বেঁচা লাগছে।
রকিবুল আহমেদ মুখের লোকমা গিলে বললো,
--ভালো কথা।কয় কুড়া বিক্রি করছিস।যাই বিক্রি করিস কিছু তো আছে।ওখান থেকে আমার একটা বাড়ি করার জমি হইলেই হবে।মেয়ে তিনটা তো বড় হইছে।ঘর উঠাইয়া-ই জান্নাত রে বিয়ে দেবো।এই কারনেই তাড়াহুড়ো।
মামুন যেন কথা বলার সুযোগ পেলেন।কায়দা করে বসে ভাইয়ের পাতে মাংস তুলে দিয়ে বললেন,
---এইটা কোনো কথা কইলেন ভাইজান।ওরা আমার ও তো মাইয়া।আপনার কোনো ছেলে নাই,তিনটা মাইয়া।জামানের ও ছেলে নাই, দুইটা মাইয়া।আমার আছে মিলি।বংশে মাত্র ছয়টা মাইয়া।ওগো বিয়া তো আমরাই দিবো।এখন ওগো বিয়া দেওয়ার জন্য কি আপনার আলাদা ঘর তোলা লাগবে?এই যে বড় বড় দুইটা ঘর,এগুলা কি দেখেন না।ওদের বিয়া আমার ঘরে বইয়া দিমু।আর জমি-জমা ভাগের কি আছে।বংশে ছেলে তো ওই আমার দুইটাই।মাইয়া গুলা তো বিয়ার পর পরের বাড়ি চইলা যাইবে।আমরা তো একজায়গায়-ই থাকলাম।
রফিকুল মাথা নাড়িয়ে হাসার চেষ্টা করলো।কপাল কুঁচকে বড় চাচার দিকে তাকালো জিন্নাত।মুখের খাবার টুকু গিলে হাসি দিয়ে বললো,
---বাব্বাহ!এতো মিল?অথচ আমি তো জানতামই না আমার দুটো চাচা আর ৪ জন ফুপু আছে।
মুখ চোখ থমথমে হয়ে গেলো মামুনের।জিন্নাতের দিকে এক পলক তাকিয়ে হাসার চেষ্টা করলো।কিন্তু সফল হলো না।ফাতেমা হাত ধুয়ে নিয়ে বললো,
--মামুন ভাই,আমরা তো একজায়গায়-ই আছি।কিন্তু আপনাদের দু ভাই যখন দুইটা বাড়ি করছেন তখন আমরাও একটা করি।বাড়ি করলেই তো আর ভাগ হয়ে যাবো না।
এতোক্ষণে মুখ তুললো মাশরুর।বাবার দিকে তাকিয়ে বললো,
--আব্বা,এতসবের কোনো প্রয়োজন নেই।দলিল অনুযায়ী যে যতটুকু পাবে তাকে ততটুকু দিয়ে দেওয়াই ভালো।যার জায়গা সে বাড়ি করুক না ফেলে রাখুক সেটা আমাদের দেখার বিষয় না।
ক্ষেপে গেলেন মামুন।তার ছেলেও তার-ই বিপক্ষে।এত এত টাকা দিয়ে ডাক্তারি পড়িয়েছে অথচ এতটুকু বুদ্ধি নেই।এইসব কি মামুন নিজের জন্য করে নাকি?করলে তো ওই দুই ছেলের জন্যই করেছেন।তাও তারা বিপক্ষে কথা বলছে।বোকা,সবাই বোকা।ছেলেকে ধমক দিয়ে বললেন,
---তুমি বেশি বোঝো আমার থেইকা?এইখানে আমরা ভাইরা কথা বলতাছি।তুমি চুপ থাকো।
চমকে গেলো মাশরুর।ভ্রুঁ কুঁচকে বাবার দিকে তাকালো।মাথার মধ্যে তার দপদপ করে আগুন জ্বলছে। ভাতের প্লেট ঠেলে না খেয়েই উঠে পড়লো।মুহুর্তেই আর্তনাদ করে উঠলো মমতাজ।ছেলেকে ধমকে চেঁচিয়ে বলে উঠলো,
---আয় হায় রে,আমার নাতিডার ভাগ্যে খাওন টুক জোটলো না।তুই নাতি ডার লগে এমনে কথা কইলি ক্যান? আমার সংসার ডা শেষ!ওরা আইতে না আইতেই আমার সংসার ডা খাইলো।
মুহুর্তে’ই পাটাতনের উপর থেকে শক্ত কিছু নিচের টিনের বেড়ার উপর ছুড়ে ফেলার আওয়াজ আসলো।ঝনঝন করে কুঁচকে গেল টিন।সাথে সাথেই ভেসে এলো চিৎকার।মাহমুদ পাটাতন থেকে রাগের চুড়ায় পৌছে বললো,
---এটা কি বস্তি?বস্তিতে থাকি আমি?একটু ঘুমাইতে পারলাম না।আর একবার যদি কারোর কথা আমার কানে যায় আর ঘুম ভাঙে -তাইলে আল্লাহর কসম বাড়িতে আমি আগুন জ্বালাইয়া দিবো।
বাড়ির প্রত্যেক টা মানুষ খাওয়া ফেলে তখন পাটাতনের দিকে মুখ উঁচু করে তাকিয়ে আছে।মমতাজ বেগম চুপ হয়ে গেছেন।মামুন কিছু বলতে গিয়েও থেমে গেলেন।হনহন করে বেরিয়ে পড়লেন বাইরে।মাজেদা বেগম (মামুনের বোন) বিরবির করে বললেন,
--পাগলডারে চেতায় মানসে?আরো চিল্লাও, তারপর কতক্ষণ পর চাইয়া দেখবা মাকতার(টিনের চাল) এক পাশে আগুন জ্বলে।
রাত তখন আট’টা।জামানের ঘরের মেঝেতে নিশ্চুপ হয়ে বসে আছে রকিবুল।পাশেই স্ত্রী ফাতেমা সহ মেয়েরা।কিছুটা দূরে মড়ায় বসে আছে জামান।দরজার চৌকাঠে গালেহাত দিয়ে বসেছে ফাহমিদা। প্রত্যেকেই নিশ্চুপ।যেন কিছু ভাবতে ব্যস্ত।হঠাৎ-ই রাগে ফোঁসফোঁস করে উঠলো ফাতেমা।স্বামীর দিকে তাকিয়ে রেগে বললো,
---আব্বা মারা যাওয়ার আগে জমি-জমা সব ভাগ কইরা দিতে চাইছে।একশোবার বলছি চলো গ্রামে যাই,গ্রামে যাই।ওই সময় কথা কানেই নিলো না।এখন তোমারে জমি ঠিক ঠাক মতো দিবে তোমার মেঝো ভাই আর সৎমা।ভিটা বান্ধতে পারো কি-না সেটাও সন্দেহ।সারাটা জীবন আমার গেলো শহরে ভাসতে ভাসতে।কতদিন বাসা ভাড়া দিয়া থাকবা? বুড়া হবা না।এখনো সোজা হইয়া কথা বলতে পারে না।আল্লাহ আমার কপালে বাঁধাইলো।একটু শান্তিতে ভিটায় বইসা এক ওয়াক্ত খাইতে পারলাম না।সেই বিয়ার পর থেইকা সৎ শাশুড়ীর জ্বালায় বাড়ি ছাইড়া শহরে শহরে ভাসি।আজ মেয়ে তিনটা বিয়া দেওয়া লাগবে।অথচ ঘরের নাম গন্ধ ও নাই।আমার মেয়ে আমি আরেকজনের ঘরে বইসা বিয়া দিবো না।তোমার ভাই কি আমরা বুড়া হইলেও দেখবে নাকি?দেখবে তোমার ভাইপো রা? ওতো পিরিতের দরকার নাই।যা তুমি পাও ওইডা নিয়া আলাদা হও।
এরপর জামানের দিকে তাকিয়ে বললো,
--শোনো জামান,তোমার মা আর ভাইরে বুঝাও।আমি এখনো শান্ত আছি।পুলিশ আনা যেন লাগে না বাড়িতে।আইন কিন্তু তোমাদের কথা না দলিল দেখবে।
নড়েচড়ে বসলো জামান।নতমুখী হয়ে বললো,
--আমি কিচ্ছু বুঝতে পারতাছি না ভাবি।ভাইজো (ভাইজান) জমি-জমা ছাড়তেই চায় না।তার একটাই কথা তোগো পোলা নাই, জমি নিয়া কি করবি?আমার এইসব আর ভাল্লাগে না। এই ভাইয়ে ভাইয়ে মারামারি -ঝগড়াঝাটি মানুষে দেখলেও হাসবে।
এতোক্ষণে মাথা তুললো জান্নাত।এসব চিল্লা-পাল্লা দেখতে দেখতে তার মাথা ধরে গেছে।মাইগ্রেনের ব্যথা উঠে গেছে ইতোমধ্যে।নোয়ানো কন্ঠে বাবার উদ্দেশ্যে বললো,
--আব্বু,আমাদের জায়গা-জমির কোনো প্রয়োজন নেই।চলো ঢাকায় ফিরে যাই।এসব ঝগড়াঝাঁটি আমার পছন্দ নয়।তুমি তো চাকরি করছোই, ওভাবেই না হয় ভাড়া থাকলাম।তাও শান্তিতে তো থাকবো।এতো ঝই ঝামেলার দরকার নেই।মেঝো কাকাকে আমার সুবিধার মনে হয় না।
ফুঁসে উঠলো জিন্নাত।বড় বোনকে ধমক দিয়ে বললো,
--তুই চুপ কর।কোত্থাও যাবো না আমরা।এখানেই থাকবো এক চুল ও ছাড় দেবো না।প্রয়োজনে পুলিশ ডেকে দলিল অনুযায়ী পাই টু পাই মেপে নেবো।হয় নতুন বাড়ি ওঠাতে দেবে,না হয় মেঝো চাচার ঘরের অর্ধেক ভাগ করে আমাদের দেবে।অর্ধেকে তারা থাকবে,বাকি অর্ধেকে আমরা।পাটাতনের ও ভাগ হবে।মগের মুল্লুক পেয়েছে নাকি?মনে হচ্ছে,আমাদের বাড়ি ছাড়া করে ঢাকায় যাওয়াতে পারলেই উনারা বাঁচে।
এরপর দাঁতে দাঁত চেপে বিরবির করে বললো,“ওতো বড় পাটাতন টাতে ওই গন্ডার টা একা থাকে।থাকাচ্ছি!”
চলবে?
নোটবার্তা:পাঠক,গল্পটাতে নায়ক-নায়িকা চরিত্র আরো কিছু পর্ব যাওয়ার পরে বুঝতে পারবেন।এবারের গল্পটা আমি গ্রামীণ সামাজিক কাহিনি নিয়ে সাজিয়েছি।প্যারালাল কাজিন রিলেটেড এই গল্পটি গতানুগতিক ধারার থেকে ব্যতিক্রম হবে।ধৈর্য্য ধরে পড়ুন,এবং যারা পড়বেন তারা সবাই রেসপন্স করবেন+গঠণমূলক মন্তব্য করবেন।ধন্যবাদ!