#দূর_পাহাড়ের_তুমি
সিমরান মিমি
চতুর্থ পর্ব
আহমেদ বাড়ির সামনের বড় উঠোনটা এই মুহুর্তে জনসমাগমে ভর্তি।চারদিকে তাবু দিয়ে ডেকোরেশন করা হয়েছে।মাটির উপর বিছানো হয়েছে লম্বা চট।তাতেই বসে খাওয়া সারছে মানুষ।প্রচলিত নিয়ম অনুসারে মৃত ব্যক্তির মৃত্যুর তিনদিন পর তার জন্য দোয়া’র ব্যবস্থা করা হয়।যুগের পর যুগ ধরে চলমান সেই ব্যবস্থার উপরে ভিত্তি করেই এটি পরিণত হয়েছে এক বিষদ অনুষ্ঠানে।যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে গ্রামের মানুষদের খাওয়ানো হয় এবং এটাকেই বলা হয় মিলাদ।পুরুষের খাওয়া শেষ হয়েছে পাঁচ মিনিট পেরিয়েছে।এ পর্যায়ে মহিলাদের বসানো হয়েছে সেই স্থলে।সারির এক কোনায় বসেছে ফাহমিদা বেগম। পাশেই মেয়ে দোলন এবং দোলা।তাদের সাথেই সারিতে আছে জিন্নাত,জান্নাত,মিলি এবং জুহি।পুরুষদের খাওয়া শেষ হতে হতে তিনটা বেজে গেছে প্রায়।ক্ষুধায় বাড়ির মেয়ে বাচ্চা গুলো যেন নুইয়ে পড়েছে।তাদের খাওয়ানোর জন্যই ফাহমিদা বসেছেন সাথে।খাদিমদার রা খাবার বেড়ে দিচ্ছেন।তাদের সাথে মাশরুর এবং মাহমুদ ও আছে।জিন্নাত দের কোনার লাইনে দেখেই দ্রুত ভাতের গামলা হাতে এগিয়ে এলো।একে একে সবার পাতে বেড়ে দিয়ে জিন্নাতের সামনে আসতেই আলতো হাসলো।প্লেটে ভাত তুলে দিয়ে আদুরে কন্ঠে জিজ্ঞেস করলো,
--ক্ষুধা কি খুব বেশিই লেগেছে পিচ্চি?
চমকে মাশরুরের মুখের দিকে তাকালো।বললো,
--আপনি কিভাবে বুঝলেন ভাইয়া?
--তোমার হাত এখনো পেটের উপর।
দ্রুত হাত সরিয়ে হাসলো জিন্নাত।লজ্জা পেয়ে বললো,
--ততটাও না ভাইয়া।
আর কোনো কথা বললো না মাশরুর।জান্নাতের প্লেটে ভাত বেড়ে দিলো।দুই চামচ দিয়ে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে বললো,
--আরো দিবো?
জান্নাত যেন মুহুর্তে-ই স্টাচু হয়ে গেলো।এমনিতেই এই লোকের আশেপাশে থাকলেই হার্টবিট বেড়ে যায়।তার উপর এতটা কাছে।এইতো গরমের মধ্যে ঘেমে নেয়ে যাওয়া পুরুষ টার ক্লান্তির ঘন নিঃশ্বাস তার মুখের সামনেই পড়ছে।নতমুখী জান্নাত উপরে তাকাতে পারলো না লজ্জায়।মাশরুর আরো দু চামচ দিলো।পুণরায় জিজ্ঞেস করলো,
--আরো দিবো?
এতক্ষণে টনক নড়লো জান্নাতের।প্লেটের পাহাড় সমান ভাতের দিকে তাকাতেই লজ্জায় নুইয়ে পড়লো।দ্রুত এলোমেলো কন্ঠে বললো,
--না না,আর লাগবে না।
হাসলো মাশরুর।মিলির পাতে ভাত তুলে দিতে দিতে জান্নাতের লজ্জালু মুখের দিকে তাকালো।মেয়েটা এখনো চোখ তুলে তাকাতে পারছে না।ঠোঁট কামড়ে হেসে তার উদ্দেশ্যে বললো,
--দেখে মনে হয় না এতটা খাও।
এরপর আর দাঁড়ালো না।গামলা হাতে লাইনের অন্যদিকে যেতে শুরু করলো। জান্নাতের শরীর গরম হয়ে এলো।লজ্জা,অসস্তি সব মিলিয়ে সারা শরীর কাঁপছে।মনে হচ্ছে জ্বর উঠবে।ইশশ!লোকটা কি ভাবলো!ধুর!কেন আগেই বললো না সে এতটা খায় না।
খুক খুক করে কেশে উঠলো জিন্নাত।চাপা আওয়াজে জিন্নাতের উদ্দেশ্যে বললো,
--আরেকটু দেই।দেবো আরেকটু?
মুহুর্তেই চোখ বড় বড় করে তাকালো জান্নাত।কিন্তু বেশিক্ষণ পারলো না।তার ঠোঁটের হাসি ওই ভান ধরা রাগ কে ছুঁড়ে ফেলে দিচ্ছে।নিজেকে সামলে বললো,
--ভালো হচ্ছে না কিন্তু।তুই কি আমায় খেতে দিবি না?
--বাব্বাহ!আমার ঘাড়ে ক-টা মাথা যে তোমায় খেতে বাঁধা দেবো?একটু পরেই তো দুলাভাই এসে গামলা হাতে বলবে, "দেবো আরেকটু,দিইই!
লজ্জায় চটের উপর লুটিয়ে পড়তে ইচ্ছে করছে জান্নাতের।হাতের আঙুল দিয়ে ভাতের মধ্যে নাড়িয়ে লাজুক কন্ঠে বললো,
--কিসের দুলাভাই?আব্বু আর চাচার মধ্যকার সম্পর্ক তুই জানিস না?এসব ভাবাও বোকামি।
মুহুর্তেই চোখ বড় বড় করে তাকালো জিন্নাত।আশেপাশে একবার নজর দিয়ে বোনের উদ্দেশ্যে চাপা আওয়াজে বললো,
--ওহহহো!তার মানে সামথিং,সামথিং!কবে হলো রে আপু?আমায় একটু জানানোর প্রয়োজন বোধ ও করলি না।
মিলির চোখ ভাতের দিকে থাকলেও কান সজাগ।সে আপাতত জিন্নাত এবং জান্নাতের কথাবার্তা বুঝতে না পারলেও এটুকু বুঝেছে কথাগুলো মাশরুর ভাইকে নিয়েই হচ্ছে।কারন সে আসার পর থেকেই এই হাসাহাসি। জান্নাত সন্দেহী চোখে মিলির দিকে তাকালো।এরপর জিন্নাতের উদ্দেশ্যে বললো,
--তুই কি চুপ করবি নাকি আমি উঠে যাব।
চুপ হয়ে গেলো জিন্নাত।এখনো মাংস আসে নি।দুরেই মাশরুর এবং মাহমুদকে কথা বলতে দেখা যাচ্ছে।যেখানে মাংসের গামলা টা কে ক্রমশই মাহমুদ মাশরুরের দিকে ঠেলে বলছে," আমি ওই কোনার লাইনে যেতে পারবো না।তুই যা।"
কিন্তু শুনছে না মাশরুর।তাকে ওপাশের লাইনে যেতে হবে।একপ্রকার জোর করে পাঠালো মাহমুদকে।এদিকে তাকাতেই ক্রদ্ধ চোখ দুটো পড়লো জিন্নাতের উপর।সযত্নে মাংসের গামলার মধ্যকার দুটো বড় বড় শক্ত হার বেছে রাখলো আলাদা।এরপর একে একে সবার পাতে দিতে লাগলো মাংস।জিন্নাতের কাছাকাছি আসতেই হাড় দুটোকে তুলে দিলো পাতে।পরক্ষণেই ঢেলে দিলো গাদা খানেক ঝোল।এরপর-ই আগাতে লাগলো সামনের দিকে।অবাক চিত্তে ঝোলের মধ্য কার থাকা শক্ত হাড় দুটোর দিকে তাকিয়ে রইলো জিন্নাত।যার গায়ে লেগে নেই সামান্য একটুই মাংস। দেখে মনে হচ্ছে কারো খেয়ে রাখা দুটো হাড়।সম্ভবত চামচের সাহায্যেই উপরের নরম মাংস টুকুকে আলাদা করে শুধু হাঁড় দুটোকে তুলে দিয়েছে পাতে।জিন্নাত কটমট করে তাকালো অদূরের মাহমুদের দিকে।সে এদিকে তাকিয়ে নেই।নিজের মতোই মাংস তুলে দিচ্ছে সবাইকে।
পাশে থাকা দোলন এবং জান্নাতের প্লেটের দিকে তাকালো।প্রত্যেকের প্লেট ভর্তি করে দিয়ে তাকে দিয়েছে দুটো হাড়।এটা যে গত দুদিন আগের সেই ক্ষোভের প্রতিফলন তা বুঝতে সময় লাগলো না।খাবার নিয়ে এতোগুলো মানুষের মধ্যে চেঁচামেচি বা কথা-কাটাকাটি করাটা মোটেও শোভনীয় হবে না।ভেবেই নিশ্চুপ হয়ে ভাতের মধ্যে আঙুল ঘুরাতে লাগলো।জান্নাত সেদিকে চাইতেই অবাক হয়ে গেলো।বললো,
--একি!তোর পাতে কি পড়েছে?
উত্তর দিলো না জিন্নাত।এরপর নিজের প্লেট থেকে মাংস তুলে দিলো। মাশরুর ওপাশের লাইন শেষ করে দ্বিতীয়বার দিতে এপাশে আসলো।জিন্নাতের পাত খালি দেখতেই অবাক হলো।সযত্নে বেড়ে দিলো খাবার।দূর থেকে সেটা দেখতেই গা জ্বলে উঠলো মাহমুদের।দাঁতে দাঁত চেপে পাশের ডালের গামলা হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে ডাকলো।আদেশের সুরে বললো,
--কোনার লাইনে যাবি।মাঝখানের আকাশী রঙা জামা পড়া মেয়েটার পাতে এতো পরিমাণে দিবি যেন ভাত না দেখায়।বুঝেছিস?
ছেলেটা হতভম্ব হয়ে একবার মাহমুদের দিকে চাইলো।পরক্ষণেই ধমক খেয়ে ছুটে গেল সেদিকে।জিন্নাত মাত্রই একটু খাওয়া শুরু করেছে। এরই মধ্যে ডালের নামে প্লেটকে নদী বানিয়ে দিলো ছেলেটা।আহত চোখে ছেলেটির দিকে চাইতেই দ্রুত বললো,
--আহহারে!আপা বেশি পইড়া গেছে।সমস্যা নাই,খাইয়া ফালান।
বলে কোনো রকমে কেঁটে পড়লো সেখান থেকে।প্লেটের দিকে তাকিয়ে হাসলো জিন্নাত।মনে হয় দু লোকমা ও খেতে পারে নি।হাত ধুয়ে উঠে পড়লো। টিসু দিয়ে মুছতে মুছতে আড়চোখে তাকালো মাহমুদের দিকে।সে ডাল দেওয়া ছেলেটার সাথে কথা বলছে।বুঝতে আর বেশিক্ষণ লাগলো না জিন্নাতের।ধুপ-ধাপ পা ফেলে চলে এলো ঘরের মধ্যে।এই অসভ্য ছেলেটা তার খাওয়া নষ্ট করেছে।
বাড়ির সকল মহিলারা বাইরে খাচ্ছে।শুধুমাত্র মমতাজ বেগম শুয়ে আছেন সামনের রুমে।তার খাওয়া শেষ। বিশ্রাম নিচ্ছেন এখন।জিন্নাত ধুপধাপ পায়ে ভেতরের ঘরে ঢুকলো।ফ্যান ছেড়ে বসে পড়লো বিছানায়।গরমে ঘেমে গেছে একদম।চোখ বন্ধ করে প্রশান্তি নিতেই দৃষ্টি গেলো সিঁড়ির নিচে থাকা জুতার তাক টার উপরে।মাহমুদ তার খাওয়া নষ্ট করেছে।জিন্নাত কেন থেমে থাকবে?সেও প্রতিশোধ নিবে।কিন্তু কিভাবে?আচ্ছা,সেকি কয়েকজোড়া জুতা নষ্ট করে দিবে?নাকি জুতার তাক টাই ভেঙে ফেলবে?বুঝতে পারলো না।
পরমুহূর্তেই মস্তিষ্ক প্রখর বিরোধিতা শুরু করলো। নানা,গত ঘটনা অনুযায়ী সবাই বুঝেই ফেলবে এটা সে করেছে।এটা করা যাবে না।এমন কিছু করতে হবে যেটা কেউ আন্দাজ ও করতে পারবে না।কিন্তু করবে টা কি?এই মাহমুদের কি এমন জিনিস আছে যেটার কারনে সে কষ্ট পাবে?আচ্ছা কোন জিনিস গুলো তার সেটাও তো জানে না জিন্নাত।ভাবতে লাগলো ক্রমশ।পরক্ষণেই মাঁচার সিঁড়ির দিকে নজর গেলো।হ্যাঁ, এই মাহমুদ তো পাটাতনে থাকে।তাহলে তার জিনিস পত্র তো পাটাতনেই থাকবে।ভাবতেই দরজা দিয়ে বাইরে উঁকি মারলো।কেউ নেই আর আসছেও না এদিকে।সবাই ব্যস্ত খাবার খেতে।এই ফাঁকে দ্রুত পাঁটাতনে উঠে গেলো জিন্নাত।আজকেও মশারি টানানো।শুধু মাত্র পেঁচিয়ে উপরে রেখেছে।এর মানে হলো এই মাহমুদ অলস।প্রচন্ড অলস সে।প্রতিদিন যাতে চার কোনা টাঙানো না লাগে এই কারনেই সে এভাবে উঠিয়ে রাখে হয়তো।আচ্ছা,জিন্নাত যদি মশারি টা কে চারপাশ থেকে কেটে দলা পাঁকিয়ে খাটের নিচে রেখে দেয়।তাহলে?তাহলে নিশ্চয়ই পুণরায় এটাকে টাঙাতে পাম বেরিয়ে যাবে গন্ডার টার।যেমনি ভাবা তেমনি কাজ।দ্রুত মশারি টাকে কেটে দলা করে খাটের নিচে রাখলো।দুহাত দিয়ে নাক চেপে ধরলো জিন্নাত।খাটের নিচে অজস্র সিগারেটের পোড়া অংশ পড়ে আছে।সাথে বিভিন্ন বিয়ারের বোতল সহ অজানা পানীয়জল। দ্রুত উঠে দাঁড়ালো।যেতে গিয়েও থেমে গেলো।নাহ!এতটুকু করে থামা যাবে না।আরো কিছু করতে হবে।ভেবেই চারপাশে তাকাতে লাগলো। বালিশের পাশে সিগারেটের প্যাকেট রয়েছে কয়েকটা।দেখতেই ঠোঁট চওড়া করে হাসলো।প্যাকেট খুলে সেগুলোকে বের করে দুমড়ে মুচড়ে ভাঙলো।এরপর সুন্দর করে ছড়িয়ে দিলো বিছানার উপর।বালিশ দুটোকে সযত্নে হাতে নিলো।এরপর ছুঁড়ে ফেললো দু কোনায়।বিছানার চাঁদর টাকে উঠিয়ে ফিঁকে মারলো খাটের নিচে।এবারে তোষক উঠানোর পালা।কিন্তু সম্ভব হলো না।সেটাকে ছুঁতেই সিঁড়ি দিয়ে কারো ওঠার আওয়াজ এলো।মুহুর্তে’-ই জমে গেলো জিন্নাত।শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বেয়ে গেল।আল্লাহ!কে আসছে?মাহমুদ নয় তো।এবারে কি করবে সে?ভেবে পেল না।দ্রুত লুকিয়ে পড়লো খাটের নিচে।গতবারে শুধুমাত্র একজোড়া স্যান্ডেল পড়তেই কুরুক্ষেত্র বাঁধিয়েছে মাহমুদ।জুতো ছুঁড়ে ফেলেছে।আর এ বারে তো তার থাকার জায়গাটাকেই এলোমেলো করে ফেলেছে জিন্নাত।এসব দেখলে তো তাকেই ছুঁড়ে মারবে নিচে।উফফ!ভয়ে সারা শরীর কাঁপছে।কেন আসলো এখানে?কেন রাগের বশে এই বোকামি টা করতে গেল সে?বাড়িতে প্রচুর মানুষ।সারাগ্রামের লোকজন এখানে।যদি এই লোক একবার কুরুক্ষেত্র বাঁধায় তাহলে তো মানসম্মান সব শেষ। কি জবাব দিবে মাকে?
মাহমুদ ক্লান্ত ভঙ্গিতে পাটাতনে উঠলো।মহিলাদের খাওয়া প্রায় শেষ। এখন খাদিমদার রা খাবে।কোনোকালেই এতো মানুষের মধ্যে খাওয়ার অভ্যাস নেই তার।একে তো গরম তার উপর অনভ্যস্ত। ভেবেই পাটাতনে এসেছে।শার্ট খুলতে খুলতে ফ্যান ছেড়ে দিলো।আগে রেস্ট নিবে এরপর মা কে ডেকে খাবার আনিয়ে খাবে।এলোমেলো পায়ে বিছানার উপর সোজা হয়ে শুয়ে পড়লো খালি গায়ে।গরমে টপটপ করে ঘাম ঝরছে গা থেকে। পিঠের নিচে সিগারেটের ভাঙা অংশগুলো বাঁধতেই উঠে বসলো।অবাক চিত্তে সেগুলোর দিকে তাকিয়ে চোয়াল শক্ত করলো। শক্ত হয়ে বসে রইলো বিছানার উপর।পাটাতনের দুপাশে বালিশ দুটো পড়ে আছে।চাঁদর, মশারী দুটোই মিসিং।মা ধুতে নিলে নিশ্চয়ই বালিশ এভাবে ফেলে রাখবে না,আর রুম পরিস্কার করে যাবে।কিন্তু এখানে এমন কিছুই ঘটেনি।তারমানে অন্য কেউ ঢুকেছিলো পাটাতনে।কিন্তু এই অন্যকেউ টা কে?কার এমন সাহস!সাহসের কথা মাথায় আসতেই জিন্নাতের চেহেরা টা ভেসে উঠলো চোখের সামনে।নিশ্চয়ই ওই মেয়েটা উঠেছিলো পাটাতনে।চোয়াল শক্ত করে বালিশ দুটোকে তুলে এনে বিছানায় রাখলো। পুণরায় শুয়ে পড়লো।এই মেয়েকে দেখে নেবে পড়ে।চাঁদর -মশারী এসব পরেও খোঁজা যাবে।আপাতত বিশ্রামের প্রয়োজন ভেবেই শুয়ে পড়লো।খাটের নিচে বড় বড় দুটো টিনের ট্রাঙ্ক রাখা।ভাগ্যিস ছিলো,নাহলে আজ-ই ধরা পরে যেতো জিন্নাত।ট্রাঙ্কের পেছনে উপুড় হয়ে লুকিয়ে চোখ-মুখ খিঁচে আল্লাহ আল্লাহ করতে লাগলো সে।কখন নামবে এই লোক?নিশ্চয়ই একটু পর খেতে যাবে।তখন সেই ফাঁকে নেমে যেতে হবে দ্রুত।শক্ত তক্তার পাটাতনের উপর শক্ত হয়ে জমে এই ভাবনা-চিন্তা করতে করতেই প্রায় বিশ মিনিট কেঁটে গেল।একই ভাবে উপুড় হয়ে বসে থাকতে থাকতে প্রায় ঘুম ধরে যাচ্ছে।মাথা ভার হচ্ছে ক্রমশ। হঠাৎ -ই দানবীয় এক চিৎকারে কান ঝাঁ ঝাঁ করে উঠলো।খাটের উপরে শুয়ে থাকা অবস্থাতেই মাহমুদ বাঁশের মতো গলা টা নিয়ে চেঁচিয়ে উঠে বললো,
---মা,তোমার কি খাওয়া হইছে?আমার খাবার দিয়া যাও।
কান চেপে ধরলো জিন্নাত।কতটা অলস হলে এতটা দুরত্বে থাকা সত্ত্বেও নিচে না নেমে এখান থেকেই চেঁচিয়ে কথা বলে। নিচ থেকে বড় চাচীর গলার আওয়াজ ভেসে এলো।
--মাহমুদ!প্লেট নিয়া যা।
সাথে সাথেই বিছানা থেকে উঠলো সে।যেতে লাগলো সিঁড়ির দিকে। মুহুর্তেই হাসি ফুঁটলো জিন্নাতের ঠোঁটে।গন্ডার টা নিশ্চয়ই বারান্দার ঘরে যাবে খাবার আনতে।এরমধ্যেই সে টুপ করে নেমে যাবে।ভেবেই খাটের নিচ থেকে বেরিয়ে এলো।কিন্তু সফল আর হলো না।আবারো সিঁড়ি বেয়ে উপরে আসার শব্দ আসতেই পুণরায় লুকিয়ে পড়লো খাটের নিচে।মাহমুদ প্লেট হাতে খাটের উপর আয়েষ করে বসলো।দেখতেই কান্না পেয়ে গেলো জিন্নাতের।মনে হচ্ছে বড় চাচী সিঁড়ির নিচেই প্লেট হাতে দাঁড়িয়ে ছিলো।নিজেকে সান্ত্বনা দিয়ে শান্ত হয়ে রইলো জিন্নাত।প্লেট রাখতে তো অবশ্যই যাবে।তখন নেমে যাবে সে।কিন্তু টানা বিশ মিনিট ধরেই হাঁড় চিবোচ্ছে মাহমুদ!দেখে সারা শরীর জ্বলছে জিন্নাতের।একে তো তাকে খেতে দেয় নি।তার উপর এতটা যন্ত্রণা।অপেক্ষা করতে করতে পা ঝিম ধরে এলো।খাওয়া শেষ মাহমুদের প্লেটের মধ্যেই হাত ধুয়ে টিসু দিয়ে মুছে নিলো।মাকে ডেকে পুণরায় প্লেট নিতে বলে সিঁড়ি দিয়ে নামলো।কিন্তু বরাবরের থেকে এবারে আরো কম সময় লাগলো।যেন বড় চাচী আরো কয়েক সিঁড়ি উপরে উঠে ছেলের হাত থেকে খাবারের প্লেট নিয়ে গেছে।মাহমুদ কে আবারো খাটের উপর বসতে দেখে দুহাত দিয়ে মাথার চুল খামছে ধরলো জিন্নাত।ইচ্ছে করছে কপাল টা তক্তার উপর ঠুঁকে দিতে।কোন কুক্ষণে এসেছিলো সে।এখন নামতেও পারছে না।
একবার ভাবলো সামনে থেকেই নেমে যাবে।পরক্ষণেই বাড়ি ভর্তি মেহমানের মধ্যে অপমানিত হওয়ার আশংকা করতেই দমে গেলো।অপেক্ষা করতে লাগলো মাহমুদের ঘুমিয়ে পড়ার।মাথা যন্ত্রণায় ফেঁটে যাচ্ছে।একে তো সিগারেটের গন্ধ,তার উপর এতোটা ভয়।সব মিলিয়ে জ্ঞানহীন হবার পালা।কেটে গেলো আরো ঘন্টা খানেক।কিন্তু মাহমুদের ঘুমানোর কোনো নামগন্ধ ও নেই।সে ফোন স্ক্রল করছে।তার ঘুমের অপেক্ষা করতে করতে এক পর্যায়ে প্রচন্ড মাথাব্যথায় জিন্নাত নিজেই ঘুমিয়ে পড়লো সেই খাটের তলায়।আদৌ ঘুমিয়েছে না অজ্ঞান হয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল না।
রাত তখন সাতটা।এটাকে রাত ও বলা যায় না।সন্ধ্যার পরবর্তী সময়।সবাই তৎপর হয়ে খুঁজছে জিন্নাত কে।মা ফাতেমা বেগম ছুঁটছেন আর জান্নাত কে বকছেন।নিচ থেকে এমন হুলস্থুল ঝামেলাপূর্ণ চেঁচামেচি কানে আসতেই উঠে বসলো মাহমুদ।খাটের সাথে হেলান দিয়ে কান পাতলো নিচের কথায়।জান্নাত বারংবার আহত কন্ঠে বলছে,
--আমি খেয়াল করি নি আম্মু।দুপুরে খাওয়ার পর থেকে আর দেখি নি।ভেবেছিলাম হয়তো আশেপাশে আছে নয়তো দোলনের সাথে আছে।তাই জানাই ও নি।
ধমক মারলেন ফাতেমা।কান্নাভেজা কন্ঠে জামানের উদ্দেশ্যে বললেন,
--আমার মেয়েটা কিচ্ছু চেনে না।ওকে খোঁজ ভাই।কোথাও গেল।
বাইরে থেকে পুকুরপাড়ের আশেপাশে রকিবুল আহমেদের কন্ঠস্বর ভেসে আসছে।তিনি হাঁক ছেড়ে থেমে থেমে ডাকছেন,
--জিন্নাত!জিন্নাত!
জান্নাত এ পর্যায়ে কেঁদে উঠলো।সেও ঘর থেকে বের হতে হতে ডাকতে লাগলো,
--জিন্নাত! কোথায় তুই?
একে একে সবাই ডাকছে এবং খুঁজছে জিন্নাতকে।ভ্রুঁ কুঁচকে কিছুক্ষণ বসে রইলো মাহমুদ।চিন্তিত ও হলো।
জিন্নাত!জিন্নাত!
উফফ! বিরক্তিকর ডাক।ঘুম আলগা হয়ে এলো জিন্নাতের।এই শান্তির ঘুমের সময় মা- বোনের এতো ডাক ভাল্লাগেনা।ঘুমের মধ্যেই চেঁচিয়ে বলে উঠলো,
--উফফ!ঘুমাচ্ছি তো।এতো ডেকো না।
খাটের নিচ থেকে জিন্নাতের ঘুমন্ত কন্ঠস্বর শুনতেই লাফ দিয়ে নামলো মাহমুদ।রুমের লাইট টাও জ্বালায় নি সে।চমকানো চিত্তে ফোনের ফ্লাশ জ্বালিয়ে খাটের এপাশে উঁকি মারতেই আঁতকে উঠলো।নিশ্চিন্তায় ঘুমাচ্ছে জিন্নাত,তার ই খাটের তলায়।হতবিহ্বল হয়ে হাত ধরে টেনে উঠাতে লাগলো।পাটাতনের উপর থেকে জিন্নাতের কন্ঠস্বর পেতেই বাড়ির সবাই চমকে উঠলো।একে অন্যের মুখের দিকে চাওয়া-চাওয়ি করতেই মাশরুর দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরে।তার পিছু পিছু আশ্চর্য হয়ে সকলে উঠতে লাগলো।
পাটাতন পুরো অন্ধকার।মাশরুর মাত্রই বাগানে লাইট হাতে খুঁজে এসেছে জিন্নাতকে।হাতের লাইট টা জ্বালিয়ে সামনে ধরতেই সকলে আর্তনাদ করে উঠলো।খাটের পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মাহমুদ।আর পাশেই ঘুমে চোখ ঢলছে জিন্নাত।
চলবে?