ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 38

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি

|৩৮|
ফাতেমা যখন ছাঁদ থেকে নামলো, তখন বাজে পাঁচটা।বেশকিছু ময়লা শাড়ি আজ ধুয়ে দিয়েছে।বারান্দায় কাপড় মেলার জায়গা খুবই সীমিত।যার জন্য ছাঁদে শুকাতে দিয়েছিলো।শুকনো শাড়িগুলো এনে সোফার উপর ফেলতেই ছুটলো রুমের দিকে।তার ফোন বাজছে।স্ক্রিনের উপরে ভেসে ওঠা নাম্বার টা দেখতেই বুক টা ধক্ করে উঠলো।আপা ফোন দিয়েছে।হয়তো বিয়ের ব্যাপারটা নিয়েই আলোচনা করবে।এতো তাড়াহুড়ো করে জিন্নাতের বিয়ে অথবা বিয়ে নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছাই ছিলো না তাদের।ছেলে সন্তানহীন যুগলের এই তিন মেয়েই তো ভবিষ্যৎ।সেখানে বড় মেয়েকে বিয়ে দেবার এক মাসের মধ্যেই মেঝো মেয়েকে নিয়ে এমন তোড়জোড় অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু কিছু করার নেই।মেয়ে তো তাদের দিক টা ভাবে নি।একবার চিন্তাও করে নি সে বাবা-মাকে নিয়ে।নিজের জীবন নিয়ে এমন নিকৃষ্ট খেলায় মেতে ওঠার আগে চিন্তা করেনি বাবা-মাকে কে দেখবে। নিজের জীবন এমন ভাবে নষ্ট করলে বৃদ্ধ বয়সে বাবা-মাকে কে সামলাবে।বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফাতেমার।ফোন রিসিভড করে কানে তুলে স্বাভাবিক ভাবে বললো,

-হ্যাঁ আপা,বল।

আকলিমা পাশে বসে থাকা জায়ের দিকে তাকালেন।সারাটা বিকেল তুমুল আলোচনা চলেছে তাদের মধ্যে।কোনো কিছুই গোপন করেননি শশুর বাড়ির সামনে। জিন্নাতের হুট করে প্রেমে পড়া থেকে সকল কিছু।সমস্তটা শুনেই সিদ্ধান্তে এসেছে জমাদ্দার পরিবার।

_ফাতেমা,আমার শশুরবাড়ি থেকে জিন্নাত রে দেখতে চাইছে।কবে আসবো,আর তোরা কবে পারবি, সেটা আমারে জানাইতে বলছে।

অবাক হলেন ফাতেমা।মনের মধ্যে তীব্র সন্দেহ জাগলো।বললো,

-আমি ঠিক বুঝলাম না আপা।আরফানের বাবা-মা, মানে তোরা কি সবাই রাজি?

-না!ব্যাপারটা তেমন না।আচ্ছা এসব বিষয়ে সরাসরি কথা বলাই ভালো।ফোনে এতোসব বলা সম্ভব না।

সন্দেহ পুরোপুরি গাঢ় হলো।কিন্তু বোনকে বুঝতে দিলেন না।নিশ্চয়ই তাদের মধ্যে কোনো গড়মিল আছে।নাহলে হুট করেই দেখতে আসার কথা বলতেন না।এরপরেও ভীত হলেন না তিনি।হুট করে সম্বন্ধের কথা তুললেও যে হুট করেই কোনো কিছু না জেনেশুনে বিয়ের ব্যাপারে আগাবেন, এতোটাও বোকা তিনি নন।আসুক ওরা,সব কথা সরাসরি জানা শোনা হবে।এরপর বিয়ের ব্যাপারে আগানো যাবে।সবটা ভেবেচিন্তে আপাকে বললেন,

-আচ্ছা সমস্যা নাই।জিন্নাত বাড়িতেই আছে।তোরা কালকে আয়।

______
এতোকিছুর পরেও নরম,আরামদায়ক বিছানায় শুয়ে চোখ বন্ধ করা মানে স্পষ্ট হেরে যাওয়া।কিন্তু জিন্নাত তো হারতে শেখেনি।নিজের জেদ,খামখেয়ালি পনাকে বরাবরের মতো জিইয়ে রাখার জন্য নিচেই শুয়েছে।শক্ত,ঠান্ডা টাইলসের ফ্লোর টাকেই বেছে নিলো।স্বীয় শরীরকে কষ্ট দিয়ে আপনজনদের দুঃখ দেওয়ার জন্য এর থেকে অধিক শান্তি দায়ক মাধ্যম আর কি হতে পারে?কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হলো।শুরুর দিকে সজাগ থাকাকালীন কেউ ছুঁতেও পারে নি তাকে।তবে ওভাবেই কাত হয়ে শুতে শুতে একসময় চোখ যায়।পরে হয়তোবা কেউ বিছানায় তুলে দিয়েছে তাকে।এই ভর সন্ধ্যাবেলায় আজানের সুমধুর সুর কর্ণকুহরে প্রবেশ করতেই ঘুম ভাঙলো জিন্নাতের।সারা শরীর ব্যথা করছে,মাথা টা যেনো তিন মণ ওজনের দ্বারস্থ হয়েছে।কোনোমতে শোয়া থেকে উঠে বসলো বিছানায়।নিজেকে শক্ত ফ্লোরের পরিবর্তে নরম বিছানার উপর দেখে আশাহত হলো।

মুখভঙ্গি বিকৃত করে এগিয়ে গেলো ওয়াশরুমের দিকে।বুকের ভেতরে কোনো কিছুর শূণ্যতা জমাট বাঁধছে।ফোন!হ্যাঁ, ফোন নেই তার কাছে।মাহমুদ ভাইয়ের সাথে যোগাযোগের শেষ মাধ্যম টাও হারিয়েছে সে।সযত্নে রাখতে পারে নি তা।কষ্টে,আক্রোশো বুকটা ফেটে যাচ্ছে।কোনোমতে মুখ ধুয়ে বেরিয়ে গেলো ওয়াশরুম থেকে।রুমের বাইরে চোখ রাখতেই বিস্মিত হলো।জান্নাত ড্রয়িংরুমের মেঝে মুছছে।এতোটাই মনোযোগী হয়ে সে ফ্লোর মুছছে যেনো - এই পরিচ্ছন্নতার উপরেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।ভর সন্ধ্যাবেলায় এই কাজ দেখে বিরক্ত হলো জিন্নাত।সারাদিনে পেটে দানাপানি পড়ে নি।ক্ষিধেয় যেনো বুকের ছাতি ফেটে যাচ্ছে।ক্রস্ত পায়ে এগিয়ে গেলো রান্নাঘরের দিকে।কিন্তু পৌছাতে সক্ষম হলো না।মায়ের রুমের দরজা খোলা।সেই খোলা দরজা দিয়ে ভেতরের এক চমকপ্রদ ঘটনা দেখা যাচ্ছে।জুহি সারারুম গোছাতে ব্যস্ত।জিন্নাত আশ্চর্য হয়ে দেখলো। জগ থেকে পানি না ঢেলে খাওয়া মেয়েটাও কোমড়ে ওড়না বেঁধে ঘর গোছাচ্ছে।জিন্নাত উঁকি মারলো ভেতরে।মা নেই।গম্ভীর কন্ঠে বললো,

-মা কোথায়?

জুহি চমকে পিছনে তাকালো।জিন্নাতের ঘুম ভেঙেছে দেখে বললো,

-তোমার খাবার টেবিলের উপর বেড়ে রাখা আছে।আর মা একটু সুপার শপে গেছে।আসতে সময় লাগবে।

জিন্নাত নিশ্চুপ হয়ে পুরোটা শুনলো।হুট করেই চোখের সামনে ভেসে উঠলো পুরোনো স্মৃতি গুলো।কিছু ঘটনার সাথে মিল খুঁজে পেয়েছে।এইতো জান্নাতের বিয়ের সময়েই বাড়িতে এতো ব্যস্ততা ছিলো।কেউ ঝাড়ু দিয়েছে,কেউ ময়লা ফেলেছে, কেউ ঘর গুছিয়েছে তো কেউ বা বাজার করেছে।সব কিছুর সাথে এমন চমকপ্রদ মিল পেতেই চোয়াল শক্ত হয়ে গেলো।ধুপধাপ পা ফেলে এগিয়ে গেলো বড় বোনের কাছে।কন্ঠে তেজ নিয়ে জিজ্ঞেস করলো,

-এসবের মানে কি আপু?তোরা কি আমায় শান্তিতে থাকতে দিবি না?

জান্নাত আঁড়চোখে একবার চাইলো।তার মুখ মলিন।মায়ের কথাতে বেজায় মন খারাপ হয়েছে।জিন্নাতকে দেখতে আসছে অথচ ফাতেমা কড়া ভাবে তাকে শাসিয়েছে।যেনো কোনোভাবেই আসিফ কে এসব ব্যাপারে জানানো না হয়।সে জানলে মাহমুদ জানবে।আর তখন ভীষণ ঝামেলা হবে।আসিফকে জানানোর হলে ফাতেমা নিজেই জানাবে, তাও বিয়ের কাবিনের পূর্বে।

ফাতেমা হয়তো ঝামেলার আঁচ করেই সাবধান হয়েছে।কিন্তু জান্নাত তো মনকে কিছুতেই বোঝাতে পারছে না।সদ্য বিবাহিত জীবন।এরমধ্যেই এতো লুকোচুরি, এতোটা সন্দেহ,পরে যে লোকটা ভীষণ অভিমান করবে।সে একটু বোঝালেই আসিফ হয়তো বুঝতো।কিন্তু কি আর করার!মায়ের কড়া হুকুম।

নিজের বেদনার্ত কথাগুলো ব্যক্ত করলো না জান্নাত।বোনের দিকে একবার তাকিয়ে থমথমে কন্ঠে বললো,

-তুই নিজেই নিজের শান্তি নষ্ট করেছিস।আমাদের দোষ দিচ্ছিস কেনো?কি দরকার ছিলো এমন পাগলামি করার?যার জন্য পাগলামি করছিস,মার খাচ্ছিস , সে কি তোর জন্য এক ওয়াক্ত সিগারেট খাওয়াও বন্ধ করবে?নাহ!করবে না।বরং সিগারেটের আগে তোকে ছুড়ে ফেলে দেবে।

থেমে মলিন কন্ঠে,

শোন!মা-বাবা কখনো তোর খারাপ চাইবে না।বিয়েটা করে নে।ভালো থাকবি।আর বাকি রইলো মাহমুদ ভাইয়ের কথা?বিয়ের পর অটোমেটিক ভুলে যাবি।

একদৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে রইলো জিন্নাত।ভেতরে ভেতরে বেশ হাসি পেলো।কিন্তু তা প্রকাশ করলো না।শান্ত গলায় বললো,

-আচ্ছা!তা বিয়েটা কবে?

জান্নাত যেনো একটু খুশিই হলো।এতোটা তাড়াতাড়ি বোনের মুখে বিয়ের কথা শুনবে তা কল্পনাও করেনি।উচ্ছ্বসিত কন্ঠে বললো,

-কাল সকালে আসছে।ওই যে আরফান ভাইয়া - ইঞ্জিনিয়ারিং পড়ছে।বড় খালার ভাশুরপো।

জিন্নাত মৃদু হাসলো।এরপর চুপচাপ টেবিল থেকে প্লেট নিয়ে চলে গেলো রুমের মধ্যে।যখন কেউ তার কথা ভাবেনি, তখন সেও ভাববে না।বাইরের লোকের সামনে অপমান করবে।মান - সম্মান ধুলোয় মিশিয়ে দেবে।কারোর দিকে তাকাবে না।

ভাত খেয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়লো জিন্নাত।কারোর মুখোমুখি হওয়ার রুচি তার নেই।লাইট নিভিয়ে পাতলা একটা চাঁদর মুড়ি দিয়ে শুয়ে পড়লো সেখানেই।রাত আটটার দিকে ফাতেমা এলো।রকিবুল আহমেদের সাথে আলোচনা সারলো বিয়ের ব্যাপারে।রকিবুলের তেমন কোনো হেলদোল নেই।তিনি মেয়ের ছলনায় যেনো ভেঙে পড়েছেন প্রবল ভাবে।সম্পুর্ন বিষয়টাকে স্ত্রীর হাতে ছেড়ে দিয়েছেন।আদরের মেয়ের জীবন নষ্ট হওয়ার চেয়ে জোর করে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়া অধিক শ্রেয়।থাকুক না একটু রাগ করে।এড়িয়ে চলুক কিছু দিন।অভিমানে মুখ ফিরিয়ে নিক বাবার থেকে।তারপরেও মেয়ে সুখী হোক।

___
আজকের সকাল টা যেনো ভীষণ স্নিগ্ধ।জানালার ফাঁক দিয়ে নরম রোদের ফালি কাঁচা হলুদের ন্যায় শরীর ছুঁয়ে দিচ্ছে।জানালার ফাঁক দিয়ে দৃশ্যমান হচ্ছে নানা চমকপ্রদ দৃশ্য।পাশের বাসার ছাঁদে বসে আছে দুটো বয়স্ক কাক।একজন মাথা নুইয়ে চুপচাপ শুনছে,আর অন্যজন ঠোঁট দুটোকে থেমে থেমে রাক্ষসীর ন্যায় খুলছে।সাথে সাথে কা কা আওয়াজে ধ্বনিত হচ্ছে আশপাশ।দেখেই বোঝা যাচ্ছে এরা কাক যুগল।যিনি চুপচাপ সবকিছু শুনছে তিনিই হচ্ছে পুরুষ কাক।আর রমনী পাশে বসেই তার ঝাঁঝ ঝাড়তে ব্যস্ত।এলোমেলো পায়ে বারান্দায় এলো জিন্নাত।চুলগুলো দুপাশে উস্কোখুস্কো হয়ে আছে ছড়িয়ে - ছিটিয়ে।দুহাত দিয়ে শিশির ভেঁজা গ্রিল মুঠোতে ধরে তাকালো বাইরের দিকে।সময় নিয়ে নিঃশ্বাস নিলো।আজকাল ঘরের মধ্যখানে কেমন দমবন্ধ লাগে।
ঘরের মধ্য থেকে আবারো জান্নাতের কন্ঠ শোনা গেলো।সে ডাকছে তাকে।জিন্নাত পিছু ফিরলো না।এমনকি কোনো সাড়া ও দিলো না।সবকিছু কেমন বিষাক্ত লাগছে।

ড্রয়িংরুমে একধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজমান। চারজন অপরিচিত অতিথি ভদ্রতার সঙ্গে বসে আছেন সোফায়।আরফান,আসমা,আকলিমা এবং তসলিমা বেগম।তাদের সামনের টেবিলে নানা রকমের মুখরোচক নাস্তা ও ফল সাজানো।আরফান গম্ভীর মুখে বসে আছেন।তার দৃষ্টির দিকটা নিচু, ফ্লোরে নিবদ্ধ। পাত্রী দেখতে এসেছে—এ কথা বোঝার কোনো লক্ষণই নেই । মুখে নেই কোনো উচ্ছ্বাস, চোখে নেই কোনো চাঞ্চল্য। একপ্রকার নিঃশব্দ যন্ত্রের মতো নিস্পৃহভাবে পালন করে যাচ্ছেন উপস্থিতির দায়িত্ব। বিষয়টা ফাতেমার মনে কেমন অস্বস্তি সৃষ্টি করছে।তার সন্দেহ ক্রমশ বাড়ছে।মনে সৃষ্টি হচ্ছে অজানা,ভয়ংকর কিছু আশংকা।

ছেলেটা দেখতে সুদর্শন, মাশাল্লাহ। শিক্ষিত, ভদ্র, মার্জিত—গতবারের আলোচনায় এসব জানা হয়েছিল। বংশ, রুচি, আদব-কায়দা — সবকিছুতেই কোনো ত্রুটি খুঁজে পাননি ফাতেমা।মেয়ের বয়স আরেকটু বেশি হলে কখনোই এমন পাত্র হাতছাড়া করতেন না। তবুও আজ মনটা মানতে চায় না। কেন ছেলের মুখ এত শুকনো, কেন এত মলিনতা?

ফাতেমা নিজের অনুভূতি গোপন করতে পারেন না। উপস্থিত সকলের সামনেই ছেলের দিকে তাকিয়ে সোজাসাপ্টা জিজ্ঞেস করলেন,

— আরফান, তুমি কি বিয়েতে রাজি নও?

প্রশ্নটা এমন হঠাৎ করে করলেন যে আরফান খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বোনের দিকে তাকালো। মৃদু স্বরে, দেয়ালকে প্রকম্পিত করে বলে উঠলো,

‘ না, তেমন কিছু না, আনটি।’

‘তাহলে এত চুপচাপ কেন?’

আরফান হালকা করে হাসলো। এক ঝলক ফাতেমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। ধীরে বললো—

— আপা তো বলছে।

কেমন এলোমেলো কথা।যেনো সে ভীষণ অপ্রস্তুত। আসমার চোখেমুখে স্পষ্ট অস্থিরতা। মেয়েটিকে তারা আগেই পছন্দ করেছিলেন। ছোট চাচির বোনঝি হিসেবে জিন্নাতকে বহুবার সামনে থেকে দেখা হয়েছে। তবে এখনকার অস্থিরতার কারণ আলাদা। সমস্ত চাপা উত্তেজনাকে চেপে রেখে ধীর কণ্ঠে বললেন—

— আনটি, আরফানকে তো আপনারা চেনেন। চাচির বিয়ের পর থেকেই তো ওর বিষয়ে জানেন। চাইলে আরও সময় নিয়ে জেনে নিতে পারেন। বিয়ের বিষয়,হুট করে সিদ্ধান্ত নেয়া যায় না।

আসমার কথায় এক রহস্যজনক ইঙ্গিত খুঁজে পেলেন ফাতেমা। ভ্রু কুঁচকে বোনের দিকে তাকিয়ে বললেন,

— হ্যাঁ, জিন্নাতকেও তো আপনারা চেনেন। তবে আমি এ বিষয়ে আপাকে আগেই জানিয়েছিলাম। আমার মেয়েটা কিছুদিন ধরে একটু অস্বাভাবিক আচরণ করছে। বয়সটা কম, অনেক কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। তবে সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আপনাদের এতে কোনো আপত্তি আছে কি?আমি চাইছি ছেলে-মেয়েদের টুকটাক সকল বিষয়গুলো বিয়ের আগেই জানাতে।

স্পষ্ট ইঙ্গিত!ফাতেমা যে রহস্য জানার জন্য এতোটা পেঁচাচ্ছে তা বোঝা যাচ্ছে।আরফানের মুখে তেমন কোনো পরিবর্তন নেই। সে পূর্বের মতোই নিরব। আসমা হালকা হেসে বলে উঠলো,

— না, কোনো সমস্যা নেই। কাকি আমাদের আগেই এ ব্যাপারে জানিয়েছেন। ঝামেলাটা আসলে আমাদের মধ্যে—প্রথমবার যখন জিন্নাতের জন্য প্রস্তাব দিয়েছিলাম, তখন আপনারা না করেছিলেন। আর আরফান ও তখন একটা মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল। আমরা ভেবেছিলাম, ভাইয়ের পছন্দের মেয়েকেই ঘরে আনবো। কিন্তু কপাল খারাপ—মেয়েটা জানালো ওর পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তাই আর যোগাযোগ রাখতে পারবে না। পরে আরফান কোর্ট ম্যারেজ করার কথা বললে, মেয়েটি আর আসেইনি। শুনেছি, মেয়েটার চরিত্র ভালো না।অনেক গুলো ছেলের সাথে সম্পর্ক ছিলো।। আট মাসের সম্পর্ক ছিল ওদের।আরফান আঘাত পেয়েছে। তখন থেকেই বিয়ের কথা উঠলে চুপচাপ হয়ে যায়। মেয়েদের বিষয়ে নেতিবাচক ধারণা জন্মে গেছে ওর মনে।বিয়ে তো করতেই চাইছিলো না।অনেক অনুরোধের পরে রাজি হয়েছে।মা তো সেই কান্না জুড়ে দিয়েছে।এখন বাকিটা আপনারা বলুন।যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা জিন্নাতকে আংটি পড়িয়ে যাবো।

ফাতেমা বিস্ময়ের দৃষ্টিতে আরফানের দিকে তাকালেন। বোনের কথায় ছেলেটা হয়তো খানিকটা লজ্জা পেয়েছে, বুঝেই হেসে ফেললেন। এতক্ষণে রকিবুল আহমেদ কথা বলে উঠলেন।গম্ভীর কন্ঠে বললেন—

— এটা কোনো সমস্যা না। আজকাল ছেলে-মেয়েরা এমন ভুল করেই থাকে আবেগের বশে।শুধু এসব চিন্তা-ভাবনা বিয়ের পর না থাকলেই হয়।

ফাতেমাও স্বামীর কথার সঙ্গে সম্মত হলেন। তাদের কথাবার্তার মাঝেই আকলিমা এসে দাঁড়ালেন। এতক্ষণ তিনি জিন্নাতের রুমে ছিলেন। নানাভাবে বোঝানোর চেষ্টা করেও কাজ হয়নি। জিন্নাত কিছুতেই সামনে আসবে না। চাদর মুড়িয়ে শুয়ে আছে বিছানায়। খামখেয়ালি করছে।বললো,

_জিন্নাত তো কথাই শুনছে না।বাচ্চাদের মতো বিছানা খামচে ধরে শুয়ে আছে।

নিজস্ব পরিবার।খুব একটা মনমালিন্যতা দেখা গেলো না আসমার মুখে।যেনো এটাকে বাচ্চামি বলেই মেনে নিয়েছেন।আংটির বক্সটি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন,

_মেয়ে তো পছন্দই।শুধু শুধু কষ্ট করে খাট থেকে নামতে হবে না।আমিই পড়িয়ে আসছি।

এই বলে সে ঢুকে গেলো রুমের ভেতরে।কারো আসার
শব্দ পেতেই জিন্নাত উঁকি মারলো।আসমাকে দেখতেই কিছুটা অপ্রস্তুত হয়ে অসস্তিতে পড়লো।তার সঙ্গে এর আগেও একাধিকবার কথা হয়েছে।যার কারনে কোনোরকম ভণিতা করলো না আসমা।ধীর পায়ে রুমে ঢুকতে ঢুকতে রসিকতা করে বললেন—

— কী গো! আমাদের সামনে আসতে লজ্জা পাচ্ছো নাকি?

জিন্নাত উঠে বসলো। ঠিক করেছিল, আজ অতিথিদের সামনে গিয়ে পাগলামি করবে, বাবা-মায়ের সম্মান নষ্ট করবে। কিন্তু ঘুম থেকে উঠে বাবার মলিন মুখটা দেখে সেই ইচ্ছেটা আর হলো না। পারবে না সে ওই মানুষ টাকে এভাবে অপমান করতে। তার চেয়ে রুমে বসে খামখেয়ালি করাই ভালো।

আসমা জিন্নাতের পাশে বসলেন।সাথে সাথেই ব্যস্ত কন্ঠে সে বলে উঠলো,

-আপু শুনুন,আমি বিয়ে করবো না এখন।বোঝার চেষ্টা করুন।

আসমা মাথা নাড়িয়ে সায় জানিয়ে জিন্নাতের হাতটা নিজের মুঠোয় নিলো। কয়েক মুহূর্তের মধ্যেই তার আঙুলে পরিয়ে দিলো আংটি। হতবাক হয়ে জিন্নাত ছিটকে সরে গেল। হাতের আংটির দিকে তাকিয়ে কাঁপা গলায় বললো—

— এটা কী করলেন আপনি? আমি বিয়ে করবো না।

আসমা একটুও বিচলিত হলেন না। হাসিমুখেই বলওলেন—

— ঠিক আছে, বিয়ে করতে হবে না।আপাতত আংটিটা হাতে রাখো।

স্তব্ধ হয়ে হাতের আংটির দিকে কয়েক মুহুর্ত তাকালো জিন্নাত।খুব অদ্ভুত কিছু অনুভূব হচ্ছে তার।মনে হচ্ছে পৃথিবী থমকে গেছে এখানেই।নাহয় সে কোনো ভয়ংকর দুঃস্বপ্ন দেখছে।ধীরে ধীরে স্নায়ুতন্ত্র গতিশীল হতে শুরু করলো। হতবাক দৃষ্টিতে আসমা কে দেখে হামলে পড়লো আংটির উপর।উত্তেজনায় আঙুল কাঁপছে।আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রয়াস করে আঙুল ছুলেও তা সম্পন্ন করতে সফল হলো না।এরই মধ্যে জান্নাত এগিয়ে এলো।বোনের হাত দুটো চেপে ধরে চোখ গরম করে বললো—

—একদম পাগলামি করবি না।থাপ্পড় খাবি কিন্তু।আব্বু শুনলে কিন্তু খুব অপমানিত হবেন।

আব্বু অপমানিত হবেন ’ - শুনে কিছুটা থেমে গেলো জিন্নাত।তাকালো আসমার দিকে।সে কিছুটা বিরক্ত জিন্নাতের আচরণে।হয়তো এই মুহুর্তে আংটি টা ছুড়ে মারলে রেগেও যাবে।ফলস্বরূপ, বাবা-মাকে গিয়ে অপমান করবে,কড়া কথা বলবে।নাহ!এটা এই মুহুর্তে হতে দেওয়া যাবে না।জিন্নাত পুণরায় আংটির দিকে তাকালো।মনে মনে তীব্র জেদ নিয়ে ভাবলো—

—সামান্য একটা আংটি পড়লেই বিয়ে হয়ে যায় না।এখনো অনেক সময় আছে।যে কোনো মুহুর্তে বিয়ে ভাঙবে সে।

জিন্নাতের থেকে আর কোনো উগ্র আচরণ না পেয়ে একটু সন্তুষ্ট হলো আসমা।হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে গেলেন রুম থেকে।এবারে তাদের বাদ বাকি কাজ সারতে হবে।অতিদ্রুত’ই বিয়েটা দেওয়া প্রয়োজন।দুই পরিবারের মধ্যেই তাড়াহুড়ো। ছেলে-মেয়েদের অনিশ্চিত, আবেগী জীবন নিয়ে তার খুবই চিন্তিত।যার কারনে, সিদ্ধান্ত ও অতিদ্রুত হয়ে গেলো।গত শুক্রবার দোলনের বিয়েতে নিশ্চিন্ত হয়েছিলো জিন্নাত।অথচ তারপরের শুক্রবারেই তার ভালোবাসা অনিশ্চিত।কারোর সাথে যোগাযোগ করতে পারছে না।ঘর থেকেও বের হতে দিচ্ছে না কেউ।

এভাবেই চলতে লাগলো পরবর্তী সময়গুলো।আংটি নিয়ে অতিথিরা যাওয়ার পর তেমন ভাবে কোনো উগ্র আচরণ করে নি জিন্নাত।যার ফলে সকলে ভেবেই বসলো এটা অভিমান।মেয়ে তাদের অভিমান নিয়ে বিয়ে করছে।করুক,একবার বিয়েটা হয়ে গেলেই নিশ্চিন্ত হবেন তারা।

রাত তখন সাড়ে নয়টা।খোলা বারান্দায় শরীরে শীতল হাওয়া লাগিয়ে ফোনে কথা বলতে ব্যস্ত জান্নাত।তার খোলা লম্বা চুল গুলো বাতাসে উড়ছে ধানক্ষেতের ঢেউ খেলানো শিষের মতো।কান পেতে দরজার এপাশে বসে রইলো জিন্নাত।যতটুকু সে বুঝতে পেরেছে তাতে আসিফ বিয়ের ব্যাপারে সম্পুর্ন ভাবে অজ্ঞত।আর এটাই সন্তুষ্টির কারন হলো জিন্নাতের কাছে।হুট করেই ঢুকে পড়লো বারান্দায়।জান্নাতকে কোনোরকম বোঝার সময় না দিয়েই ছিনিয়ে নিলো ফোনটা।হেয়ালি করে এক শ্বাসে বলে উঠলো,

—দুলাভাই,আমার বিয়ে।আপনাকে কি দাওয়াত করেনি আপনার বউ-শ্বাশুড়ী?আংটি পড়িয়ে গেছে সেই কবেই,শুক্রবারে বিয়ে।তাই আমিই দাওয়াত টা দিয়ে দিলাম।

হতবাক হয়ে তাকিয়ে রইলো জান্নাত।ইতোমধ্যেই ফোন টাকে কেড়ে নিয়েছে সে।কিন্তু এখন এই প্রশ্ন গুলোর সম্মুখীন কিভাবে হবে?আসিফ যখন তার কাছে কারন জানতে চাইবে তখন কিইবা বলবে?

—জিন্নাতের বিয়ে মানে?আমি কিছু বুঝলাম না জান্নাত।

স্বামীর প্রশ্ন শুনতেই মূর্ছা যাবার অবস্থায় জান্নাত।কোনোরকম ভেবে বলে উঠলো,

—হুট করে হয়ে গেছে।আত্মীয় তো ওরা।বেড়াতে এসেই আংটি পড়িয়ে গেছে।এইতো সকালের দিকে হয়েছে।মা তোমায় রাতেই বলবে বলেছিলো।

স্ত্রীর পুরো কথাটা হয়তো শোনেও নি আসিফ।“হুট করে হয়ে গেছে ” শুনেই সে ফোন কেটে দিলো।তার নিশ্চিত হওয়া প্রয়োজন ছিলো।জান্নাতের মুখ থেকে শুনেই উদ্ভ্রান্তের মতো নম্বর খুঁজতে লাগলো।এরপর কল লাগালো মাহমুদের নম্বরে।রিসিভড হতেই ঘন ঘন শ্বাস নিয়ে বলে উঠলো,

-শুনেছিস কিছু?ওদিকে জিন্নাতের বিয়ে দিচ্ছে।আংটি পড়ানো শেষ!শুক্রবার বিয়ে।যা বুঝলাম তাতে জোর করে দিচ্ছে বিয়েটা।জান্নাতের সাথে কথা বলছিলাম — এর মধ্যেই জিন্নাত চেচিয়ে বিয়ের ব্যাপারে জানালো।মনে হলো ফোন টা ও জোর করে নিয়েছে।

মাহমুদ নিরব।ফোনের অপর প্রান্ত থেকে কোনোরকম আওয়াজ না পেয়ে বিস্মিত হলো আসিফ।সে ভেবেছিলো উদ্ভ্রান্তের মতো আচরণ করে মাহমুদ।কিন্তু তার ভাবনা কে ভ্রান্ত করে শান্ত কন্ঠে বললো—

—ওহহ!আমার সন্দেহ ভুল ছিলো না তাহলে।গতদিন যখন কথা বলছিলাম, তখন হুট করেই জিন্নাতের ফোন বন্ধ হয়ে যায়।এরপর আর খোলেনি।হয়তো ধরা পড়ে গেছিলো।

—এখন কি করবি?

আসিফের প্রশ্নে স্পষ্ট চিন্তা।কি করে এই বিয়ে থামানো যায় সে ব্যাপারে ভাবতে ব্যস্ত।পরিকল্পনা অনুযায়ী পিরোজপুরের একটা রেস্টুরেন্ট পছন্দ হয়েছিলো তাদের।আগামী রোববার ব্যাংক থেকে টাকা তুলে সেখানে এডভান্স দেওয়ার কথা।হয়তো মাস খানেকের মধ্যে চালুও হয়ে যেতো রেস্টুরেন্ট টা।তারপর চেয়ে আনতো জিন্নাতকে।কিন্তু এরই মধ্যে এমন এলোমেলো পরিস্থিতিতে দুজনেই চুপসে গেছে।কি নিয়ে দাঁড়াবে নিজের পরিবারের সামনে।আর কি দেখেই বা জিন্নাতকে ছেড়ে দেবে মাহমুদের হাতে।মাত্র একটা ভুলে সমস্ত ভাবনা-চিন্তা ধূলিসাৎ হয়ে গেলো।মাহমুদের মস্তিষ্ক কাজ করছে না।শান্ত কন্ঠে জিজ্ঞেস করলো,

—তুই কি ঢাকায় যাবি?

মুহুর্তেই ক্ষুদ্ধ কন্ঠে চেঁচিয়ে উঠলো আসিফ।সে আত্মসম্মান হীন নয়।তাকে জানায় নি কেউ বিয়ের কথা।সেখানে সেধে সেধে কিভাবে ওই বাড়িতে যাবে?জীবনেও পা ফেলবে কি-না, তা নিয়েও সন্দেহ।একবার জান্নাতের পরিক্ষা টা শেষ হোক।এরপরেই গ্রামে নিয়ে আসবে।বছরের মধ্যে একবার যেতে বাপের বাড়িতে।

—কক্ষনো না।

উত্তর পেয়ে কিছুক্ষণ চুপ হয়ে রইলো মাহমুদ।আসিফ আবারো উৎকন্ঠা নিয়ে প্রশ্ন করলো,

-কি করবি এখন?

মাহমুদ ক্ষীণ স্বরে জবাব দেয়,

—বুঝতে পারছি না।ওর সাথে কথা না বলা পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারবো না।ওর সম্মতি প্রয়োজন!

আসিফ যেনো ইঙ্গিতটা বুঝে ফেললো।তারপরেও নিশ্চিত হতে জিজ্ঞেস করলো,

—পালিয়ে যাবি?

মাহমুদ সায় জানালো।রাতের নিস্তব্ধতা মাখানো ছাইরঙা আকাশের দিকে তাকিয়ে চাঁদটাকে আরেকটু দেখে নিয়ে বলে,

—সেরকমই কিছু।হয়তো...!

চলবে?

নোটবার্তা :রিয়াক্ট যাই করুন না কেনো কমেন্ট ৫০০ চাই।পর্বগুলো পাঠকদের নিউজফিডে যায় না।একটু সাহায্য করুন।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 38 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন