ফন্ট সাইজ:
থিম:
দূর পাহাড়ের তুমি

পর্ব 39

লেখক: সিমরান মিমি

#দূর_পাহাড়ের_তুমি
#সিমরান_মিমি
#পর্বসংখ্যা_৩৯

____
‘আমার দম বন্ধ হয়ে আসছে, মাহমুদ ভাই।কিচ্ছু ভালো লাগছে না।নিয়ন্ত্রণ হারিয়ে কখন যে ছাদ থেকে লাফ দেই তার নিশ্চয়তা দিতে পারছি না।’

ভূবন যেনো থমকে গেলো।দুর আকাশের কোথাও বিকট আওয়াজে বজ্রপাত পড়লো।ফোনের দু-প্রান্তেই নিরবতা,নিস্তব্ধতা বিদ্যমান।জিন্নাত ফোনটাকে কানে চেপে ধরে তাকিয়ে আছে নিচুতে।এই মুহুর্তে সে ছাঁদে দাঁড়িয়ে আছে।মৃত্যুকে খুব কাছ থেকে অবলোকন করছে।ভাবছে চিরন্তন সত্যগুলো।চোখ দিয়ে ঝর্ণার ন্যায় ঝরছে স্বচ্ছ গরম জল।কিন্তু ওপাশের ব্যক্তির থেকে কোনো আবেগীয় বার্তা শোনা গেলো না।বরং ভেসে এলো হেয়ালির সুর।মাহমুদ বলে উঠলো,

—ছাঁদ থেকে লাফ দিলে বড়জোর হাত-পা ভাঙবে।মরতে তো নাও পারিস।তখন?

জিন্নাত মলিন হাসলো।কন্ঠে অগাধ করুণা এবং আত্মবিশ্বাস মিশিয়ে বললো,

—এগারো তলার ছাঁদে আছি।পেছনটা পরিত্যক্ত জায়গা।ভাঙা কাচের টুকরো জড়ো করে রাখা।পড়লে নিশ্চিত শরীরটা শত টুকরা হবে।এরপরেও না মরলে আস্তে করে গলায় পোঁচ দিবো।

মাহমুদ নিরবে রুদ্ধশ্বাস ছাড়লো।বললো—“তারপর?”

ছাদের এক কিনারে কিছু ইট জড়ো করা রয়েছে।আগুনে পোড়া ইট।মাঝেমধ্যে ছোটো খাটো পিকনিক খেতে ব্যবহৃত হয় এগুলো।কয়েকটা অর্ধ ভাঙাও আছে।জিন্নাত তুলে নিলো হাতে।অর্ধ ইটের টুকরোটা নিয়ে ফেলে দিলো নিচে।তিন থেকে চার সেকেন্ড— এরমধ্যেই নিচে পড়ার আওয়াজ এলো।সাথে দেখা গেলো ভয়ংকর অবস্থা।ইটের টুকরোটা এতো উঁচু থেকে পড়ে ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে।এতোবার আগুনে পুড়ানো শক্ত ইট টাও হার মানলো।সেখানে সে পড়লে নির্ঘাত মরবে।সুন্দর শরীর টা থেতলে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাবে।

কিছু পড়ে যাওয়ার আওয়াজ মাহমুদের কানে ও গেলো।মুহুর্তে’ই উদভ্রান্তের মতো বলে উঠলো—“কি পড়লো?জিন্নাত!”

“এতো ব্যস্ত হচ্ছেন কেনো?আমি তো এখনো পড়ি নি।মাত্র একটা ইট ফেললাম।দেখে নিলাম কতটা প্রাণঘাতী হতে পারে জায়গাটা।”

চোখ দুটো বন্ধ করে চুপ হয়ে রইলো মাহমুদ।নিজেকে সামলানোর প্রয়াস চালিয়ে ধীর কন্ঠে বললো—

“আমার হাত ধরে বাড়ি ছাড়তে পারবি?মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না।তোকে রানীর মতো অনেক সুখে রাখবো —এটাও বলতে পারছি না।ছোট্ট একটা চাকরি খুঁজে নিবো।ছোট্ট একটা সংসার ও দেবো।সাথে কিছু সুখ,আর অনেকটা দুঃখ।এতোটুকুই!শূন্য হাতে এতোগুলো টাকা নিয়ে ব্যবসায় নামতে পারবো না।যদি লস হয়ে যায়।টাকা তো ম্যানেজ হয়নি,আসিফ দিবে বলেছে।আমি ওর থেকে নিতে পারবো না।সরি!

জিন্নাত চুপ করে শুনতে লাগলো।চোখ বন্ধ করে ভাবতে লাগলো।মুহুর্তে’ই চোখের পাতায় ভেসে উঠলো দুদিন পূর্বের চিত্র।দপ করে মেললো চোখের পাতা।নিগুঢ় দৃষ্টিতে তাকালো হাতের আংটির দিকে।ধীর কন্ঠে বললো,

—যাবো,এক্ষুনি যাবো।

মাহমুদ হাসলো।সাবধানী সুরে বললো,

“ভেবে বলিস!”

“হুম,যাবো।”

মাহমুদ পুণরায় গম্ভীর হলো।আরো একবার ভয় দেখিয়ে বলে উঠলো,

“আমার সঙ্গে এলে তোর ধ্বংস নিশ্চিত।অমাবস্যার অন্ধকারে ঢেকে দেবো পুরোটা জীবন।তবে স্বেচ্ছায় এলে ফেরাবো না।আর একবার এলে অভিশপ্ত অন্ধকার থেকে বের হতে দেবো না।ভেবে নিস।ওষ্ঠাগতপ্রাণের মতো ছটফট করবি তাও মুক্তি পাবি না।পরে হাজারো আফসোস করলেও কাজ হবে না।”

এ পর্যায়ে বিরক্ত হলো জিন্নাত।আংটিটা আজকাল ভীষণ অসহ্যকর ঠেকছে।বিগত দুদিন ধরে শাস রুদ্ধ হয়ে বসে আছে।মনে হয় এটা অন্য কোনো পুরুষ।যে ছুঁয়ে আছে তাকে।কিন্তু তাকে তো অন্য কোনো পুরুষ ছুঁবে না।মাহমুদ ভাই ছাড়া কেউ তার আপন হবে, এটা ভাবতেই দম বন্ধ হয়ে যায়।সে যাবে,প্রয়োজনে পালাবে।বাবা-মা নাহয় একটু কষ্ট পেলো।কিন্তু তারপরেও নিজের উপর জুলুম হতে দেওয়া যায় না।শান্ত কন্ঠে বললো—

“ধ্বংস তো সেই কবেই করে দিয়েছেন আমায়।এবার এসব হেয়ালি বন্ধ করুন।যদি আপনি আমায় নিতেই চান তাহলে যা করার আজকের মধ্যেই করুন।শুক্রবারে বিয়ে।আমি চাই না আব্বুর খরচ হোক কোনো।বিয়ের কেনাকাটার পূর্বেই যেতে চাই।বুঝেছেন?

গোধূলি লগ্ন!পশ্চিমাকাশ ছেয়ে গেছে লাল-কুসুম বর্নিল রঙের আভায়।পাখিরা দলে দলে ফিরছে নিজেদের আবাসস্থলে।কাছের মসজিদে মুয়াজ্জিন সুমধুর সুরে আজান দিচ্ছে।আশেপাশের অধিকাংশ রোড লাইট জ্বালিয়ে দিলো কর্পোরেশনের লোক।দিন এবং রাতের মধ্যবর্তী ক্ষণ ভীষণই অদ্ভুত। শুধু অদ্ভুত -ই না, বরং অসম্ভব সুন্দর।যা উপন্যাসের পাতায় সুক্ষ ভাবে বর্ননা করতে ঔপন্যাসিকরা ব্যর্থ।জিন্নাত আরো কিছুক্ষণ ছাঁদে দাঁড়ালো।চারপাশ টা দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে।হাতের ফোনটা বাবা রকিবুল আহমেদের।মেয়ের বিয়ে উপলক্ষে ছুটি এনেছেন অফিস থেকে।আজ মঙ্গলবার। হাতে মাত্র দুদিন। খুব একটা জমকালো আয়োজন না করলেও কমতি রাখবেন না কোনো।সে জন্যই স্ত্রীকে নিয়ে ছুটেছেন আসরের পরেই।গিয়েছেন ডেকোরেশন এবং কসাই এর দোকানে।বিয়ের ব্যবস্থা ছাঁদেই করবেন । আনুমানিক এক দেড়শো মানুষ খাওয়াতে কেমন কি বাজার লাগবে, সে ব্যাপারেও আলোচনা করতে গিয়েছেন পরিচিত এক ভাইয়ের বাড়িতে।সাথে দাওয়াত ও করবেন।এই তো ভোর হওয়ার সাথে সাথেই কেনাকাটায় বের হতে হবে।রকিবুলের ফোনে চার্জ ছিলো না।ফলস্বরূপ, কোনো রকম ভাবনা-চিন্তা মাথায় না এনেই সরল মনে চার্জে রেখে গেছেন ফোন।ভেবেছিলেন মেয়ে জানবেই না।সেকেন্ডের জন্যেও ফোন নিজের কাছ থেকে না সরানো রকিবুল যে ফোন ঘরে রেখে যাবে এটা বুঝতেও পারবে না জিন্নাত।কিন্তু ফলাফল তার বিপরীত হলো।ডাইনিং এ পানি খেতে যাওয়ার সময় ফোন বেজে উঠলো।জিন্নাত দ্রুত ঢুকে গেলো বাবা-মায়ের ঘরে।এই রিংটোন তার পরিচিত।এটা বাবার ফোন।আর বাবা নিজের ফোনের পাসওয়ার্ড সহজে চেঞ্জ করে না।

সময় তার নিজস্ব গতিতে এগোচ্ছে।মা-বাবা হয়তো খুব দ্রুতই এসে পড়বেন।কোনোভাবে ফোন নিয়ে ধরা পড়তে প্রস্তুত নয় জিন্নাত।তাতে পরিস্থিতি আরো জটিল হবে।তাদের সন্দেহ বাড়বে।কড়াভাবে পাহারা দিতেও দ্বিধা করবে না।কিন্তু জিন্নাত এটা চায় না।কুলে এসে তরী ডোবানোর মেয়ে সে নয়।তাকে সতর্ক থাকতে হবে প্রতিটা ধাপে।নাহয় আজীবন অপরিচিত কোনো পুরুষের সান্নিধ্যে বাঁচতে হবে।যেটা তার পক্ষে ভাবাও দম বন্ধকর।

রকিবুল আহমেদ ও ফাতেমা ফিরলেন এশার আজানের পর।দুজনেই ভীষণ ক্লান্ত।ঘেমে নেয়ে অস্থির।ফাতেমা বোরকা ছেড়ে দ্রুতপায়ে ঢুকে গেলো বাথরুমে।এই গরমে বাইরে থেকে এসে সাররাত শরীরে ঘাম নিয়ে কাটানো যেনো অসম্ভব।রকিবুল নিজেও গরমে অস্থির।তবে তিনি আর ঠান্ডা লাগাবেন না।একটুতেই বুকে কফ জমে যায় তার।মেয়ের বিয়ের এই অন্তিম মুহূর্তে এসে অসুস্থ হয়ে সব টা নিজ হাতে নষ্ট করতে চান না।বিয়ের প্রায় কিছুই হিসেবে নিকেশ করা শেষ।পঞ্চাশ কেজি গরুর মাংস,বিশ কেজি খাসির মাংস আর পঞ্চাশ পিস মুরগী অর্ডার করে এসেছেন রোস্টের জন্য।এগুলো শুক্রবার ভোর রাতেই দিয়ে যাবে কসাইয়ের দোকান থেকে।বাদ বাকি সদয় বৃহস্পতিবার দিনের মধ্যেই করে নিবেন।মেয়ের বিয়ের সাজ-সরঞ্জাম থেকে শুরু করে নিজেদের টুকটাক কেনাকাটা বুধবার বিকালে করবেন।আর বাকি রইলো গয়না।সেটাও পছন্দ করে রেখে এসেছেন ফাতেমা।আগামীকাল ব্যাংক থেকে টাকা তুলে কিনে আনবেন।সকল চিন্তা-ভাবনা শেষ।সস্তির নিঃশ্বাস ত্যাগ করে রকিবুল বিছানায় শুয়ে পড়লো।ফ্যানের পাখাগুলো দ্রুত গতিতে ঘুরছে,কিন্তু বাতাস গায়ে লাগছে না।উলটো গরম বেশি লাগছে।মনে হচ্ছে ফ্যান থেকে ঠান্ডা হাওয়া নয়- বরং গরম হাওয়া বের হচ্ছে।

জান্নাত উদাস চিত্তে বসে আছে বারান্দায়।রাতের শীতল হাওয়া তার এলো চুলকে আরো এলোমেলো করে দিচ্ছে।চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে।দেখে কিছুটা গাঁজাখোর দের মতো ঠেকছে।নাহ!এটা ছেলেদের বেলায় যুৎসই হয়,মেয়েদের বেলায় নয়।মেয়েরা গাঁজাখোর হয় না।তাদের চোখ লাল হয়ে ফুলে গেলে মনে হয় স্বর্গের অপ্সরা।নারীর কাঁদো কাঁদো লাল মুখ দেখে পুরুষ বারবার প্রেমে পড়ে।কিন্তু পুরুষের বেলায় হয় তা হয় না।বরং পুরুষ কাঁদলে নারী নাক ছিটকায়।সম্ভবত এই দুঃখেই পৃথিবীর সকল পুরুষরা কান্না বন্ধ করে দিয়েছে।শুধুমাত্র নারীর কারনে।অথচ নারী ন্যাকামি করেও কতশত কাঁদে - শুধুমাত্র কান্নাভেঁজা সৌন্দর্য্যে পুরুষকে পুণরায় প্রেমে ডোবানোর ইচ্ছায়।কতটা বৈষম্য পৃথিবী জুড়ে।অথচ দেখো জান্নাতের সেই একান্ত পুরুষটা জানছেও না, তার নারী কাঁদতে ব্যস্ত।বিগত দেড় দিন ধরে সে চোখের জল ফেলছে।বারংবার ফোন দিয়েও নাগাল পায় নি আসিফের।সিম বন্ধ।লজ্জায় শ্বশুর বা শাশুড়ী কেও জানাতে পারে নি।

সদ্য বিবাহিত জীবন তাদের।অথচ মেহেন্দির রঙ মোছার আগে থেকেই কতশত ঝামেলা।জান্নাত ক্লান্ত এসবে।মাঝেমধ্যে ইচ্ছে হয় সকল আপন-জন,আত্মীয়তা ছিন্ন করে, লেখাপড়াকে বাদ দিয়ে নির্জনে-নিভৃতে স্বামীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করতে।এতোসব ঝই-ঝামেলা যেনো তাকে ছুঁতেও না পারে।নিজের এমন চিন্তায় সে নিজেই অবাক হয়।কই,বিয়ের আগে তো এতোটা স্বার্থপর কখনো হতে ইচ্ছা করেনি।বরং পরিবারের বিপদে সবচেয়ে চিন্তিত ছিলো সে।অথচ এখন কেনো যেনো মায়া ছিন্ন হয়ে যাচ্ছে।সত্যিই কি বাবা-মা,বোনদের প্রতি তার মায়া কমছে?নাকি নতুন কারো প্রতি মায়া জন্মেছে—যে কিনা সবার থেকে আপন হয়।যার উপস্থিততে বাকি মায়া ফ্যাকাসে হয়ে যায়।

হাতের মুঠোয় থাকা ফোনটা জ্বলে উঠতেই চমকে উঠলো।দ্রুত রিসিভড করে কানে নিলো ফোন।আসিফ কল করেছে।আনন্দে, অভিমানে গলা আটকে কান্না আসছে জান্নাতের।কিছু বলতে গিয়ে ও শব্দ বুনতে পারছে না।ফোনটাকে কান থেকে নামিয়ে বুকের সাথে চেপে ধরে হু হু কেঁদে উঠলো।জড়ানো গলায় বললো—

“তুমি ফোন কেনো ধরো না।আমার কষ্ট হয় তো।”

আসিফের কলিজা টা যেনো কেউ খামচে ধরলো।সে এই কান্না বেশিক্ষণ সহ্য করতে পারবে না।নিজেকে যথাসম্ভব শান্ত রেখে গম্ভীর গলায় বললো—

“কয়টা পরিক্ষা আছে?

“তিনটা।”

“আর কতদিন লাগবে?”

“সতেরো দিন।”

আসিফ ভাবলো।এরপর গমগমে কন্ঠে বললো—

“ঠিক আছে।ঠিক সতেরো দিন পর নিতে আসবো।আমার কাছে গ্রামেই থাকবে।প্রয়োজনে সপ্তাহে এক দিন ক্লাস করাতে নিয়ে যাবো।তবুও বাবার বাড়িতে থাকতে পারবে না।খুব বেশি মনে পড়লে ওই বছরে এক সপ্তাহ গিয়ে থেকে আসবে।এতোটুকুই!যদি মনে হয় পারবে, তাহলে পরিক্ষার পর ফোন দিও।নাহয় দরকার নেই।”

জান্নাত ডুকরে কেঁদে উঠলো।অবুঝের মতো স্বামীর মন রাখতে বললো—

“আমি কোনো পরিক্ষা দেবো না।আমায় নিয়ে যাও।আমার ভালো লাগছে না এখানে।”

আসিফ নিঃশব্দে হাসলো।সে একটু কঠোর হচ্ছে মেয়েটার সাথে।কিন্তু তখন অপমান টা গায়ে মেখে নিতে পারে নি।যদিও জান্নাত নিজেও এতোসব প্যাঁচ বুঝে উঠতে পারে নি।কিন্তু তারপরেও এতো সহজে তার সামনে নরম হওয়া যাবে না।বরাবরের মতো গম্ভীর স্বরে বলে উঠলো—

“তার দরকার নেই।পরিক্ষা দেওয়ার পরেই আনতে যাবো।আর হ্যাঁ, আমি সময় পেলে ঠিক ফোন দেবো।এতো অধৈর্য্য হওয়ার কিছু নেই।কান্নাকাটি না করে পড়তে বোসো।বোনের বিয়ের আনন্দে আবার লেখাপড়া ভাসিয়ো না!”

জান্নাত মৃদু হাসলো।বিপরীতে কিছু বলতে যাওয়ার পূর্বেই টুট টুট শব্দে কেটে গেলো ফোন।জান্নাত মর্মাহত দৃষ্টিতে সেদিকে তাকালো।পরক্ষণেই ফোনটাকে বুকের সাথে চেপে ধরে ভাবলো—

“যাক!মান তো একটু ভেঙেছে।ঘুমানোর আগে আরেকটু না হয় সেধে কথা বললো।তাতে কি বা এসে যায়?স্বামীই তো!”

————
ড্রয়িংরুমে দেয়াল ঘড়িটা আজ খুব ধীরে চলছে।সময় যেনো কাটছেই না।রাত তখন এগারোটায় পৌছালো।রকিবুল আহমেদ এবং ফাতেমা শুয়ে পড়েছেন।তবে এখনো ঘুমান নি।হয়তো দরজা ভিড়িয়ে দুজন ফোন দেখতে ব্যস্ত।দরজার ফাঁক দিয়ে ভেতরের কৃত্রিম আলো স্পষ্ট দেখা যাচ্ছে।জিন্নাত আরেকটু ভীত হলো।ধীর পায়ে গিয়ে বসলো খাটের উপর।জান্নাত বারান্দায়, আসিফের সাথে কথা বলতে ব্যস্ত।এতোদিন পরে স্বামীর মান ভেঙেছে।জান্নাত খুশিতে কথার ঝুড়ি খুলে বসেছে যেনো।বারান্দার বাইরের দিক থেকে দরজা সিটকিনি আটকে কথা বলছে বিভোর হয়ে।ভেতরের রুমে বোনেরা পড়াশোনায় ব্যস্ত।তার কথাবার্তায় যেনো কোনো সমস্যা না হয় সেজন্যই এই ব্যবস্থা।তার টেবিলে বসে জুহি পড়ছে।পাশে কেউ উচ্চস্বরে পড়লে জিন্নাতের পড়া হয় না।এতোদিনের অভ্যাস টা আজ কাজে লেগেই গেলো।বই হাতে বেরিয়ে গেলো রুম থেকে।ড্রয়িং রুমে বসে পড়বে সে।রাতের খাবার শেষ হওয়ার পর থেকেই সে ড্রয়িংরুমে।ফাতেমা অবশ্য কিছুক্ষণ বসে ছিলেন মেয়ের পাশে।মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ বুঝিয়েছেন।জানিয়েছেন নিজেদের চিন্তাগুলো।তারা কখনোই জিন্নাতের খারাপ চায় না।তাই যেনো খুশিমনে মেনে নেয়।মায়ের কথার বিপরীতে টু শব্দটিও করেনি জিন্নাত।চুপচাপ বইয়ে মনোযোগ দিয়েছে।মেয়ে পড়ছে বলে আজ টিভিটাও ছাড়েনি ফাতেমা।শেষে বাধ্য হয়ে ড্রয়িংরুম ছেড়ে ঘরে গেলেন।স্বামীর সাথে সেও উপভোগ করতে লাগলেন স্মার্টফোনের বিনোদন।

মাহমুদ জানিয়েছিলো সে সাড়ে সাতটায় বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে।বাসে নয়,নিজের বাইকেই আসছে সে।যতদ্রুত সম্ভব পৌছানোর প্রয়াস।এমনিতেই রাতে আসছে,বাসে আসলে প্রায় ছয় ঘন্টা লেগে যাবে।তখন মাঝরাত।জিন্নাতের ও অসুবিধা হবে।এদিকে বাইকে আসলে তিন থেকে সাড়ে তিন ঘন্টায় পৌছানো সম্ভব।সব দিক বিবেচনা করে সে সাড়ে সাতটায় নেমেছে।ঢাকায় পৌছাতে সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যাবে।সেই হিসেব করেই ঠিক এগারোটায় ঘর ছাড়ার নির্দেশ দিয়েছিলো মাহমুদ।
বেজে গেছে সেই ঘন্টা।এসে গেছে অন্তিম প্রহর।জিন্নাত পূর্বেই সমস্তটা গোছগাছ করে রেখেছে।কাধের ছোট্ট একটা ব্যাগে বইয়ের বদলে রেখেছে তিনটা থ্রিপ্রিস আর সীমিত কিছু প্রসাধনী।ব্যাস!এগুলোই আগামী একমাস পর্যন্ত চালানো যাবে।ব্যাগটাকে লুকিয়ে রেখেছিলো সোফার এক কোনায়,সবার চক্ষু আড়ালে।সেটাকে বের করে পা টিপে টিপে বের হলো বাইরে।অতি সাবধানতা অবলম্বন করে কাঁপা হাতে বাইরে থেকে আটকে দিলো ফ্লাটের ছিটকিনি।গেটের চাবি সে নিয়ে নিয়েছে সাথে।সাড়ে এগারোটায় বাড়িওয়ালা তালা পরিবর্তন করে।এখনো সময় আছে।সব দিক দেখে এক প্রকার দম বন্ধ করে বিল্ডিং এর বাইরে বের হয়ে এলো জিন্নাত।চলন্ত একটা সিএনজি থামিয়ে তাতে উঠে বসলো।এরপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ব্যাগটাকে বুকে চেপে ধরলো।তার কান্না পাচ্ছে, ভীষণ রকমের।ইচ্ছে হচ্ছে এক্ষুণি গাড়ি থামিয়ে আবারো বাসায় যেতে।কিন্তু পারছে না।মাহমুদের মায়া তার পিছু ছাড়ছে না।বাসায় কোনোরকম চিঠিপত্র ফেলে আসে নি সে।তবে সোফার সামনের কাচের টেবিলটার উপরে এনগেইজমেন্টের আংটিটা পেলে নিশ্চয়ই বুঝে যাবে তারা।

____
ডেমরা রোড মোড়— যাত্রাবাড়ীর এই অংশটা যেনো সবসময়ই জেগে থাকে।অত্যন্ত কোলাহল পূর্ণ এবং জনমানবে ভর্তি এই স্থান টা এতো রাতে জিন্নাতের কাছে যথেষ্ট সুরক্ষিত মনে হলো।জনহীন কোনো স্থানে দাঁড়ানো যতটা ভয়ংকর, তার থেকে জনাকীর্ণ স্থান ততটাই সুরক্ষিত।অন্তত বিপদ হলে চেঁচিয়ে লোক জড়ো তো করা যায়।জিন্নাতের সিএনজি এখানেই থামলো।ড্রাইভার টাকা দিয়ে ধীর পায়ে উঠে এলো ফুটপাতে।রাস্তার দু-পাশে অজস্র চায়ের দোকান।পাশেই সারি করে দাঁড়িয়ে আছে সিএনজি,লেগুনা এবং পিক আপ।নানারকম পণ্যবাহী ট্রাক ছুটে যাচ্ছে এদিকে সেদিকে।জিন্নাত ধীর পায়ে গিয়ে একটা চায়ের দোকানে বসলো।গায়ের ওড়না টা দিয়ে মাথা ঢেকে ব্যাগ টাকে কোলে নিলো।এরপর তাকিয়ে রইলো রাস্তার দিকে।অজস্র বাইক যাচ্ছে।চোখে কেমন অস্পষ্ট দেখছে জিন্নাত।সকল বাইকার দের-ই দূর থেকে মাহমুদ ভাইয়ের মতো লাগছে। কিন্তু কাছে আসতেই অপরিচিত মুখ।এতোটা অপেক্ষা,আর সইছে না।

বেঞ্চিতে বসে আছে প্রায় আধ ঘন্টা পার হয়ে গেছে।অথচ মাহমুদের আসার নাম নেই।জিন্নাত উঠে দাঁড়ালো।পাশের চা ওয়ালার দিকে তাকিয়ে মলিন কন্ঠে বললো—

“কাকা,একটু ফোনটা দিবেন।একমিনিট কথা বলেই দিয়ে দেবো।খুব দরকার।”

লোকটা যেনো জিন্নাতের ওই মলিন মুখের দিকে তাকিয়ে গলে গেলেন।কোমল স্বরে ফোনটাকে এগিয়ে দিয়ে বললেন,

“নাও।”

মৃদু হাসলো মেয়েটা।দ্রুত মাহমুদের নাম্বার উঠিয়ে কল বসালো তাতে।একবার.....দুবার রিং পড়তেই রিসিভড হলো।কোনোরকম হাই-হ্যালো না বলেই তাড়াহুড়ো কন্ঠে মাহমুদ বললো—

“এইতো এসে পড়েছি।বিশ মিনিট লাগবে।দাঁড়া ওখানেই।”

জিন্নাত কেটে দিলো ফোন।এরপর দিয়ে দিলো চা ওয়ালা চাচাকে।সে যে ডেমরা রোড মোড়ে আসবে এটা মাহমুদ ই বলে দিয়েছিলো।এখান থেকে গুলিস্তানের বাস ধরে সেখান থেকে সোজা সাভার-আশুলিয়ার দিকে চলে যাবে।এরপর কোথায় উঠবে বা থাকবে, সে ব্যাপারে মাহমুদ কিছুই জানায় নি।এমনকি জিন্নাত নিজেও জানতে চায় নি।শুধু ওই হাতটা ধরতে পারলেই সে নিশ্চিন্ত।

কেটে গেলো আরো আধা ঘন্টা।ঘড়ির কাঁটায় তখন সাড়ে বারোটা ছাড়িয়ে গেছে।অপেক্ষা করতে করতে ক্রমশ গুমরে উঠলো জিন্নাত।শরীরটা খুব খারাপ লাগছে।চারদিকে তাকাতে তাকাতে আবারো গেলো চাচার কাছে।অনুরোধের সুরে বললো—

“আরেকবার দিবেন প্লিজ!এখনো তো আসলো না।”

লোকটা সরল মনে দিয়ে দিলো ফোন।তবে তার মস্তিষ্কে অগাধ চিন্তা বিরাজ করছে।তবে তিনি নিশ্চিত মেয়েটা কারো সাথে পালাবে।জিন্নাত চাচার সন্দেহী দৃষ্টির দিকে লক্ষ করলো না।সে কল দিতে লাগলো মাহমুদের নাম্বারে।প্রথম দু বার কল ঢুকলো না।তবে তার পরেরবার থেকেই ফোন বন্ধ।মাথায় আকাশ ভেঙে পড়লো জিন্নাতের।সে ক্রমশই উদ্ভ্রান্তের মতো আচরণ করতে লাগলো।চা ওয়ালা বারবার ফোন চাইলেও ফেরত দিলো না।বরং হিংস্র হয়ে আচরণ করতে লাগলো।ফোন নিয়ে দু-কদম দূরে সরে ফোন করতে লাগলো মাহমুদকে।একসময় লোকটা টেনে নিয়ে গেলো ফোন।
জিন্নাত ধপ করে বসে পড়লো বেঞ্চে।ভেঁজা, অস্পষ্ট চোখদুটো নিয়ে তাকিয়ে রইলো রাস্তার দিকে।একের পর এক গাড়ি আসছে-যাচ্ছে,কিন্তু মাহমুদ ভাই ভাই এলো।জিন্নাতের মাহমুদ ভাই সত্যিই এলো না।এই মাঝরাতে ঘর থেকে বের করেও সে তাকে অবজ্ঞা করলো,ঠকালো,বিশ্বাসঘাতকতা করলো।

সূর্যের তাপমাত্রা আজ খুব প্রখর।যেনো গায়ের চামড়া টগবগ টগবগ করে ফুটছে।উদাস চিত্তে বেঞ্চে বসে আছে জিন্নাত।গায়ের ওড়নাটা একপাশ থেকে পড়ে আছে মাটিতে।উস্কোখুস্কো চুল,রাত জাগা নির্ঘুম রক্তাক্ত চোখদুটো নিয়ে তাকিয়ে আছে রাস্তার দিকে।পাশেই সিএনজি সারি করে রাখা।জয়নাল মিয়ার গাড়ি প্রায় ভরে গেছে।আর মাত্র এক জন লাগবে।বেঞ্চে বসে থাকা জিন্নাতের দিকে তাকিয়ে হাঁক ছেড়ে বললো,

—আফা,যাইবেন?কম রাখুমনে।

সাথে সাথে মৃদু শব্দে ধমক মারলেন এক চা ওয়ালা।বললো—

“ধুরু মিয়া!তুমি যাও।এই মাইয়াডা তো আধপাগল।পনেরো - বিশ দিন ধইরা বইসা থাকে এইখানে।হেয় যাইবো না।একটু পরে লোক আইসা হেরে নিয়া যাইবো।”

নোটবার্তা :পাঠক, মাহমুদ-জিন্নাত কে নিয়ে লেখা রোমান্টিক কাজিন ধর্মী গল্প কি মাত্রই শুরু হলো —নাকি এখানেই শেষ?আপনাদের মন্তব্য পড়ার অপেক্ষায়।আশা করছি কিছু গঠণমূলক রিভিউ পাবো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 39 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন