ফন্ট সাইজ:
থিম:
নাম রেখেছি বনলতা

পর্ব 3

লেখক: নাজমুন নাহার

গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৩
#নাজমুন_নাহার

সকালের নরম রোদ জানালা ডিঙিয়ে শরীর ছুঁতেই আধো আধো চোখ মেলে তাকালাম। রোদের উত্তাপ বলে দিচ্ছে, বেলা অনেক হয়েছে। সারাটা রাত জ্বরের তাড়নায় ছটফট করেছি। মাঝেমধ্যে এই একঘেয়ে জীবন নিয়ে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়ি। গভীর অসুখেও যখন কপালে হাত ছোঁয়ানোর মতো একটা কাছের মানুষ থাকে না, তখন বড়োই হাহাকার লাগে। আপন মানুষের অভাবে আমার শূন্যতা পাহাড়ের সমান বিস্তর হয়। সেই শূন্যতা গোচানো যায় না কিচ্ছুটি দিয়ে। মাঝেমাঝে আমার জিরোবার স্বাদ হয়। ছোট্ট প্রিয়মের মতো মা'য়ের আঁচল ধরে বসে থাকতে ইচ্ছে হয়। কাউকে ভীষণ আক্ষেপ করে বলতে ইচ্ছে হয়, "আমাকে একটু সামলে নাও। আমাকে সামলানোর মতো কেউ নেই! মমতার উষ্ণ চাদরে একটু মুড়িয়ে নাও আমায়।"

আম্মাকে মাঝেমাঝে ফোন করে বলতে ইচ্ছে হয়, "আমার কিচ্ছু ভাল্লাগে না, আম্মা! আপনি আমাকে একটু আদর করে দিন। আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। অনিশ্চিত ভবিষ্যতের ভার বইতে বইতে আমি ভীষণ ক্লান্ত।"

আম্মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন। তাকে বাড়তি করে আমার অসুখের কথা বলে দুঃশ্চিন্তা দিতে চাই না। আব্বা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আম্মা আমাদের দু ভাই বোনকে নিয়ে চার-পাঁচ বছর অনেক কষ্ট করেছেন। কাপড় আর কাঁথা সেলাই করে আমাদের খরচ চালিয়েছেন। আব্বা মারা যাওয়ার পর আমাদের ঠাই হয়েছিলো নানার বাড়িতে। সমাজের কটুকথা, মামীদের তিরস্কার আম্মাকে গরম ভাতের মতো গিলে নিতে দেখেছি। সেই সময়ে নানা আমাদের মাথার উপর ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। বছর পাঁচেক না পাড় হতে নানাও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। আম্মা হুট করে অসুস্থ হয়ে পড়লেন। এই বিস্তর পৃথিবী আমাদের দু ভাই-বোনকে করুণ বাস্তবতা শেখালো। মামাদের সহায়তায় ক্লাস টেন পর্যন্ত গ্রামে পড়াশোনা করে কলেজে উঠে ঢাকায় চলে আসি। আম্মার দেখাশোনার ভার পড়ে যায় ছোট্ট প্রিয়তার উপর। আর আমার কাঁধের উপর চাপল ওদের দু'জনের দায়িত্বভার। নিজের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাওয়া আমি সেই বয়সেই জীবিকার তাগিদে পথে পথে ছুটে বেড়াচ্ছি। প্রায় দু বছর একজন পরিচিত বড় ভাইয়ের বাসায় তাদের গাড়ি পরিস্কার করার কাজ করেছি। কিশোর বয়সের উপার্জনের টাকা দিয়ে ইন্টারমিডিয়েট শেষ করলাম। বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের মুখে শুনলাম, ভালো চাকরি পেতে হলে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। ভালো চাকরি বলতে বুঝলাম, সরকারি চাকরি। আমার অনেক স্বপ্ন। আম্মা বিলাসিতা করবে, প্রিয়তাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবো, থাকার মতো একটা ছাঁদ করবো। সেসব করতে হলে অনেক টাকার প্রয়োজন। টাকার জন্য প্রয়োজন ভালো জব। বন্ধুদের সহায়তায় দিন-রাত এক করে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এডমিশন নিয়ে গ্রাজুয়েশন শেষ করলাম। গ্রাজুয়েশনের গন্ডি পেড়িয়ে উপলব্ধি করলাম, ভালো বিশ্ববিদ্যালয় আমাকে কেবল ভালো রেজাল্ট এনে দিয়েছে। দিতে পারেনি ভালো সেলারির চাকরি। চাকরি বাবাজীর দুয়ারে ঘুরতে ঘুরতে আজ আমি এই শহরের শীর্ষ শিক্ষিত বেকার।

বাড়িতে আজ টাকা পাঠিয়েছি। খরচের জন্য এই মাসে বোধহয় একটু বেশিই হিমশিম খেতে হবে। গতকাল ঔষধ কেনায় বেশ কিছু টাকা অতিরিক্ত খরচ হয়ে গিয়েছে। তার উপর ক'দিন পর-ই প্রিয়তার ইন্টারমিডিয়েট পরিক্ষা। এই সময়ে মেয়েটাকে কিছু বাড়তি টাকা দেওয়া দরকার। ও মুখ ফুটে কখনও আমার কাছে টাকা চায় না। ভাইয়ের দৈন্যতা সে বোঝে। প্রতিবার বাড়ি থেকে ফেরার সময় আমি-ই জোর করে ওর হাতে কিছু টাকা দিয়ে আসি।

চাল-ডাল দিয়ে কোনোমতে খিচুড়ি আর ডিম ভাজা করে নিয়েছি রাত পর্যন্ত খাওয়ার জন্য। নাশতা করে বেড়িয়ে বনশ্রির উদ্দেশ্যে রওনা হলাম। চিত্রার সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য। আগামী সপ্তাহে চিত্রার বিয়ে। খুব সম্ভবত বিয়েতে চিত্রার মত আছে। তাই অন্যান্য প্রেমিকদের মতো আমি আর সেখানে বাগড়া দিলাম না। যে স্বেচ্ছায় মুক্তির পথ খুঁজে নেয়, তাকে বেঁধে রাখার সাধ্যি কার!

একটা ছোট্ট ক্যাফেটেরিয়ায় চিত্রা অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে যত্রতত্র ওকে পেলাম না। প্রায় দশ মিনিট পরে এলো সে। পরনে হাল্কা গোলাপি রঙের একটা শাড়ী। চিত্রার মুখের দিকে এই প্রথম একটু খেয়াল করে তাকাতে ইচ্ছে হলো আমার। বিদায় বেলা বলেই হয়তো! তাকিয়ে খেয়াল করলাম, মেয়েটা অসম্ভব রূপবতী। সাজসজ্জা আর দামী কাপড়ে তাকে ভীষণ মানায়। আমি কোনোমতে ধূসর শার্ট-প্যান্ট পরে চলে এলেও চিত্রা একেবারে ফিটফাট হয়েই এসেছে। এই শহরে আয়োজন করে বিচ্ছেদ করার মৌসুম যে এত শীগ্রই এসে পড়েছে, আমার জানা ছিলো না। চিত্রা খুব স্বাভাবিকভাবেই এসে পাশে বসল। দু কাপ কফি অর্ডার দিয়ে হাসিমুখে জিজ্ঞেস করল, "তারপর, দিনকাল কেমন যাচ্ছে মাস্টারমশাইয়ের? তোমার মিরপুরের ছাত্রী কি বেশি জ্বালাতন করছে আজকাল?"

চিত্রার কথার ইঙ্গিত বুঝেও আমি প্রতুত্তর না করে নিঃশব্দে হাসলাম। হাসল চিত্রাও। আমি ওর ভুলটুকু ভাঙালাম না। যাদের মনে সঠিক জানার কৌতুহল থাকে না, তাদের ভুল না ভাঙানোই শ্রেয়।

এই প্রথম প্রায় একঘন্টারও অধিক সময় আমরা একসাথে বসে কাটালাম। চিত্রা অনেক কথা বলল আজ। আমি কেবল শুনলাম। কেন জানি না মনে হচ্ছিল, আমাদের এই সুক্ষ বিদায়টাকে আমরা দু'জনেই নির্বিঘ্নে মেনে নিচ্ছি। না আফসোস, না অসন্তুষ্টি, না বিচ্ছেদের দুঃখ। আমাদের মধ্যে তেমন কিছুই নেই। যাওয়ার পূর্বে চিত্রা আমাকে একটা ঘড়ি উপহার দিয়ে গেলো। বিপরীতে বরাবরের মতোই আমি তাকে কিছুই দিতে পারলাম না। রেস্টুরেন্টের বিলটাও সে-ই দিয়েছে। ঘড়িটা আমি তাৎক্ষণিক খুলে দেখিনি। আমার দৃষ্টি পড়ে ছিলো ওর যাওয়ার পানে। কিছুদূর যেতেই চিত্রা কোনো এক আগন্তুকের হাত ধরে রিকশায় উঠে পড়ল। আগন্তুক সম্ভবত তার বাগদত্তা। চিত্রা যার ঘরণী হবে দিন কয়েক পর! রিকশায় উঠেই লোকটা কিছু একটা বলার পর চিত্রা খিলখিল করে হাসছে। ওকে ভীষণ খুশি দেখাচ্ছে তার সঙ্গে। এমন প্রাণ খুলে চিত্রা কখনোই আমার সঙ্গে হাসেনি। আমি কোনোদিনও তাকে এভাবে হাসতে দেখিনি। আমার হুট করেই মনে হচ্ছিলো, আমি সম্ভবত চিত্রাকে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারিনি। চিত্রা আমায় ভালোবেছিলো কি-না, সেই প্রশ্ন তুলতে ইচ্ছে করছে না। বিদায়ের মুহূর্তে সবসময় আমাদের কেন অপর পক্ষের উপরই দোষ চাপিয়ে দিয়ে দায়সারা হয়ে বাঁচতে হবে? আমরা কেন শুধু অন্যের ভুলগুলো নিয়েই জীবন কাটাবো? হয়তো আমাদেরই থাকে না অপর পক্ষকে ধরে রাখার ক্ষমতা!

ক্যাফেটেরিয়া থেকে বেড়িয়ে ফুটপাত হয়ে অবচেতন মনে হাটছি। আমার পাশ ঘেঁষে হেঁটে যাচ্ছে নগরের পুতুল মানুষগুলো। ভারী অসহায়বোধ করলাম। কারো কোনো ভ্রুক্ষেপ নেই আমাকে নিয়ে। আচ্ছা, এদের সবার জীবন-ই কি আমার মতো এমন গন্তব্যহীন? ওরাও কি আমারই মতো ঘরছাড়া, সুখছাড়া, ছন্নছাড়া? আকাশের দিকে চেয়ে আজ হঠাৎ করেই বুকের ভেতরটায় খুব চিনচিনে ধরনের ব্যথা অনুভব করছি। আমার পুরুষ হৃদয় কিছুটা দূর্বল হয়ে এসেছে। পাথরের প্রাচীর গলে চুয়িয়ে পড়ছে সমস্ত ভাঙাচোরা দিক। ভীষণ একা লাগা শুরু হয়েছে। ভূমিধসের কবলে পড়া পাহাড়ের ন্যায় দুমড়েমুচড়ে না গেলেও, ব্যথাটা ভারী অসহ্য!

উত্তরার দু'টো টিউশন শেষ হতে হতে বিকেল হয়ে এলো। দুপুরে খাওয়ার কথা বেমালুম ভুলেই বসলাম। ইরাদের গলির মোড়ে ঢুকতেই চোখে পড়ল ওকে। এলাকার বালক দলের সঙ্গে ক্রিকেট খেলায় ব্যস্ততা পড়েছে তার। দূরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে তার খেলা দেখলাম। ইরা ভালোই ব্যাটিং করে। সাথে ঝগড়াতেও তার ছক্কা। খেলার এক পর্যায়ে কী এক ব্যাপার নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়েছেন এইটুকুনি ছেলেপেলেদের সাথে। সিরিয়াস ধরনের ঝগড়া যাকে বলে। পরনে ট্রাউজার, টি-শার্ট আর মাথায় কালো ক্যাপে একেবারে টমবয় দেখাচ্ছে আমার ছাত্রীকে। মন খারাপের মাঝে আনমনেই হেসে ফেললাম কিছুটা। কথা কাটাকাটির এক পর্যায়ে ইরা কোমড়ে হাত রেখে ছোটুমোটু একটাকে বলে উঠল, "আমার কথা শুনবি না তো কালকে থেকে এই পাড়ায় তোদের আসা বন্ধ। অন্য পাড়ায় খেলবি।"

পুঁচকেটা জবাব দিলো, "তুমি সবসময় এমন করো, ইরাপু। আউট হয়ে গেলেও তুমি জোর করে ব্যাটিং করো। এভাবে করে কেউ খেলে? তোমার জন্য প্রতিদিন খেলা ভুন্ডল হয়।"

ইরা কোমরে হাত রেখে শাসানো গলায় বললো, "ইরাপু সবসময় এমন করে? তুই বলতে চাইছিস, আমি খেলার নিয়ম জানি না? এখন তুই শেখাবি ক্রিকেট আমাকে? ব্যাট আর বল দু'টোই যে আমার, এটা ভুলে যাচ্ছিস তোরা?"

একজন বেশ বিদ্রোহী হয়ে উঠলো। সে সম্ভবত বিরোধী পক্ষ।

"ইরাপুর ব্যাট-বল নিয়ে খুব ভাব। আগামী সপ্তাহে বাবাকে বলবো আমাকেও এমন দেখে একটা ব্যাট কিনে দিতে। আয় বিল্টু, এই পাড়ায় আমরা আর খেলব না।"

ততক্ষণে কোথা থেকে যেনো আন্টি ছুটে এলো। হাত থেকে ব্যাটটা ফেলে দু'টো চাপর মারল ইরার পিঠে। বারান্দা থেকে ইরার বাবা হাসছে।

"কতবার বারণ করেছি রাস্তায় ছেলেদের মতো ক্রিকেট খেলবে না? ক্রিকেট মেয়েদের খেলতে দেখেছিস? বদের হাড্ডি! আয় আজকে বাসায়, তোর বাপের একদিন কী তোর একদিন। বাপটাই লায় দিয়ে মেয়েটাকে বাঁদর বানাচ্ছে। আজ বাদে কাল বিয়ে দেবো, রান্নাবান্নার বদলে সে ব্যাট-বল নিয়ে দাপাচ্ছে। অসভ্য মেয়ে!"

বারান্দায় থেকে ইরার বাবা প্রতিবাদ করে উঠলো, "আমার মেয়েকে বিয়ে দেওয়ার কথা মুখেও আনবে না, মিনা। আমার একমাত্র মেয়ে, ওকে বিয়ে দিয়ে আমি খালি বাড়িতে মরে ভূত হয়ে পড়ে থাকব নাকি? আমার মেয়ে সারাজীবন আমার কাছে থাকবে। নো বিয়ে ফর মাই ডটার।"

ইরা বাবাকে পাঠালো এক উড়ন্ত চুমু। আন্টি রেগে আগুন।
উনি রীতিমতো চেঁচিয়ে উঠলেন, "না, বিয়ে দেবে না। মেয়েকে দেবী বানিয়ে পূজো করবে।"

আমার দিকে এদের খেয়াল এলো বহুক্ষণ পর। আমাকে গেইটের এককোণে দাঁড়িয়ে থাকতে দেখামাত্রই আন্টি বোকা বোকা হেসে ফেললেন। ইরাকে ধমক দিয়ে ইশারা করলেন আমাকে সালাম দেওয়ার জন্য। ইরা মাথার ক্যাপ খুলে সালাম দিলো। আমি কিছুটা সংকোচ নিয়ে প্রতুত্তর করে বাসার দিকে ঢুকলাম। ড্রইংরুমে অপেক্ষা করতে লাগলাম বসে।ইরা কাঁধের উপর ক্রিকেট ব্যাট ঝুলিয়ে স্কুলপড়ুয়া বালকের ন্যায় হেলেদুলে নিজের রুমে যাওয়ার আগে একঝলক ড্রইংরুমের দিকে উঁকি দিলো। আমাকে সেখানে নির্লিপ্ত বসে থাকতে দেখে বরাবরের মতোই আদবের বালাই ভুলে বলে বসল, "কী ব্যাপার স্যার, আজ এত সক্কাল সক্কাল যে?"

আমি কিছুটা বিরক্তি নিয়ে তাকালাম। এই মেয়েকে ভদ্রতা,সভ্যতা শেখাতে যাওয়া আর স্রোতের বিপরীতে বৈঠা ঠেলা যে একই ব্যাপার , তা বুঝতে আর বাকি রইল না। অনেকটা হতাশ হয়ে বললাম, " তোমার ঘুম ভাঙাতে এলাম। গাদা গাদা হোমওয়ার্ক না পেলে তো আমার ছাত্রীর ঘুম ভাঙে না! ফ্রেশ হয়ে দশ মিনিটের মধ্যে ড্রইংরুমে আসবে। এক মিনিটও যদি দেরি হয়, শাস্তিস্বরূপ একঘন্টা বেশি পড়াবো।"

ইরার দশ মিনিট লাগলো না। ছয় মিনিটের মধ্যেই সে রেডি হয়ে ড্রইংরুমে এসে উপস্থিত। অন্যান্য মেয়েদের মতো সাজসজ্জা নিয়ে বাড়তি রংঢং সে কখনোই করে না। ট্রাউজার, টি-শার্ট ছাড়িয়ে কোনোমতে কুর্তি-পাজামা পরে চলে এসেছে। চুলগুলোও হয়ে আছে পাখির বাসা। হাল্কা ধমক দিয়ে আন্টি হয়তো জোর করে ঝুঁটিটা করে দিয়েছে। তাতেও মোমের পুতুলের মতো আদুরে দেখাচ্ছে তাকে! আড়চোখে একপলক চেয়ে চোখ ফিরিয়ে নিলাম। আমার প্রায়শই কেন যেনো মানতে ইচ্ছে হয় না, ইরা পৃথিবীর সবচেয়ে বেয়াদবতম একটা ছাত্রী। মানতে ইচ্ছে হয় না, সে সৃষ্টি জগতের চির অবাধ্য এক সৃষ্টি। কেন মানতে ইচ্ছে হয় না, কে জানে! পৃথিবীর তাবত পবিত্রতার বিরোধিতা করে প্রায়শই বিদ্রোহী গলায় বলতে ইচ্ছে হয়–এই অগোছালো, উগ্র স্বভাবের ইরার মুখের নিষ্পাপভাবের সম্মুখে ধরনীতলের সমস্ত শুদ্ধতারা তুচ্ছ। নেহাতই সে এক স্বচ্ছ কাঁচের প্রতিচ্ছবি!

ইদানীং ইরা লক্ষী মেয়ের মতো নিয়ম করে হোমওয়ার্ক শেষ করে দিচ্ছে। বলাকওয়ার আগেই প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করছে।খাতাটা ঠিকঠাক চেক করে কিছু পড়া দিয়ে বসে রইলাম। পড়ার ফাঁকে ফাঁকে ইরা আড়চোখে বার-বার আমার দিকে তাকাচ্ছিল। যদিও শুরু থেকেই সে ওভাবে তাকাচ্ছে। আমি চাইতেই চোখে চোখ পড়লে ইরা শুধায়, "আপনার কি শরীর খারাপ, স্যার?"

ওকে জবাবটুকু দিতেও আমার কষ্ট হচ্ছিল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, "তেমন কিছুই না।মাথা ধরেছে একটু। তুমি পড়ো।"

ইরা পড়ার মতো করে বিরবির করলেও পুরোটা সময় তার মনোযোগ ছিলো আমার দিকেই। কপালে হাত ঠেকিয়ে চোখ দু'টো বন্ধ করে বসে রইলাম ওভাবেই। ভেতরে ভেতরে আমার ঠিক কেমন লাগছে, বুঝতে পারছিলাম না। ওর তাকানোর ভাষা বলে দিচ্ছে, মেয়েটা আমার কী হয়েছে সেটা জানার কৌতুহল দমিয়ে রাখতে পারছে না। ইরা বই থেকে মুখ তুলে এক পর্যায়ে বলে উঠলো,"স্যার, আপনি কি অসুস্থ?"

আমি কপাল থেকে হাত সরিয়ে তার দিকে তাকালাম। ইরা আমার চোখে বার কয়েক চোখ রেখে বিনা অনুমতিতে তার নরম হাতটা রাখলো আমার উত্তাপ কপালে। ইরা হাত ছোঁয়াতেই নরম উষ্ণতায় আমার চোখ দু'টো আপনাআপনি বুঁজে এলো। শরীরের সমস্ত ধৈর্য্য ভেঙে নেমে এলো পিরামিড সম ক্লান্তি। সে কিছু বলার পূর্বেই আমি নিরীহ গলায় আবদার করে বসলাম, "আমার খুব ঠান্ডা লাগছে, ইরা। একটা চাদর এনে দিবে?"

ইরা কিছুক্ষণ উদ্বিগ্ন হয়ে কপাল ছুঁয়ে শরীরের তাপমাত্রা বোঝার চেষ্টা করল। কিছুক্ষণ পর উঠে পাগল পাগল হয়ে দৌড়ে তার মা'কে ডেকে আনল। ততক্ষণে সাড়া শরীরে ভয়ংকর কাঁপুনি ধরে গিয়েছে। চোখ দু'টো রক্তিম হয়ে ঝাপসা লাগছে সব। আমি আধো আধো বুঝতে পারছি, ইরা আর আন্টি আমাকে হাত ধরে টেনে নিয়ে বিছানায় শোয়াচ্ছে। গায়ের উপর ভারী কয়েকটা আস্তরণ টের পেলাম। তারপর কী হয়েছে, মনে পড়ছে না।

চেতনা যখন ফিরল, তখন শেষরাত। ফোনের রিংটোনের শব্দে জ্ঞান ফিরল। ইরা ফোন করেছে। ওর নামটা স্ক্রিনে দেখামাত্রই সন্ধার সবকিছু আবছা মনে পড়ল। ফোনটা রিসিভ করতেই ইরার ভাঙা গলা শুনতে পেলাম।

"হ্যালো স্যার, স্যার আপনার কেমন লাগছে এখন? আমি কি আসব?"

আমি কোনোরকমে উঠে হেলান দিয়ে বসে জানতে চাইলাম, "ঘুমাওনি কেন?"

সে আমার কথার জবাব না দিয়ে আবারও বলে, "আমি আসি, স্যার? দাঁড়ান, আসছি আমি।"

বলে দুই মিনিটের মধ্যেই চলে এলো। লাইট জ্বালিয়ে ঘরে ঢুকেই তার হাতটা আবারও ছোঁয়াল আমার কপালে। ইরার চেহারা মলিন দেখাচ্ছে। ও সারারাত ঘুমায়নি। ঘরের ফ্যানের গতি কমিয়ে দিয়ে শিউরে বসে বলল, "কেমন লাগছে এখন?"

আমি ধীর কন্ঠে বললাম, "তুমি ব্যস্ত হয়ো না। আমি ঠিক আছি।"

আমি যে ঠিক আছি, ইরা তা মানতে নারাজ। মুখে থার্মোমিটার রেখে জ্বর চেক করল।স্টেথোস্কোপ দিয়ে প্রেশার মাপতে মাপতে বলল, "আমি কত ভয় পেয়েছি, জানেন?"

আনমনেই হেসে ফেললাম। ইরা যে ভয় পেয়েছে, সেটা ও না বললেও মেয়েটার চেহারা দেখে আমি বুঝতে পারছি। তার চেহারায় আপন মানুষের মতো দুঃশ্চিতার ছাপ। সেদিনের পরিচিত মেয়েটাকে আজ বড্ড বুঝদার মনে হচ্ছে। ইদানীং আমার সামনে এলেই মেয়েটার বয়সের রঙ পাল্টে যায়। অবুঝ ইরা থেকে সে হয়ে উঠে প্রাপ্তবয়স্ক নারী। তার চোখে স্পষ্টতর হয় অধিকার অধিকার ধরনের মমতাময় প্রতিচ্ছবি।

ইরা ভোর পর্যন্ত আমার পাশে বসে রইল। কিছুক্ষণ পর আবার একটা ঝটপট ধরনের নাশতা বানিয়ে এনে খাওয়ালো। ঔষধ খায়িয়ে এটা-সেটা বলে আমাকে হাসানোর চেষ্টা করল। আমি না হাসলেও তার দিকে নিঃশব্দে চেয়ে রইলাম। তার এহেম আস্কারায় আমায় ভারী আরাম দিলো। কেন জানি না ভীষণ কাঁদতে ইচ্ছে করল। অবুঝ শিশুর মতো ডুকরে কাঁদতে ইচ্ছে করল। মনে হচ্ছে, কত বছর কেউ এভাবে আমার খেয়াল রাখেনি। মেয়েটার এহেম আগলে রাখা আমায় অসম্ভব আক্ষেপ দিচ্ছে। ইরা কি আমার মনের সেসব যন্ত্রণা বুঝতে পারল? নয়তো সে কেন এত ব্যাকুল হয়ে পড়ল আমার ভেতরকার ক্ষত সারাতে? কেন যেনো মনে হচ্ছে, ইরা আমাকে আমার চেয়েও বেশি জানে। মনে হচ্ছে সে জানে, ঠিক কতটুকু ভেঙে পড়লে প্রিয়মকে সামলে নিতে হয়। সে জানে, কতটা শূন্য হলে প্রিয়মের মাথায় আলতো করে হাত ছোঁয়াতে হয়। ইরা কেন জানে এসব? সে আমায় কেন উপলব্ধি করাচ্ছে, তার সঙ্গে দেখা হওয়াটা কাকতালীয় কোনো ব্যাপার নয়? মনে হচ্ছে, মেয়েটা শুধুমাত্রই আমার নিয়তির একটা অংশ নয়। সে সৃষ্টিকর্তার লেখা আমার জীবনের অপরিচ্ছেদ্য কোনো সত্য! সত্যিই কি তা-ই?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন