ফন্ট সাইজ:
থিম:
নাম রেখেছি বনলতা

পর্ব 4

লেখক: নাজমুন নাহার

গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৪
#নাজমুন_নাহার

বছরের মাঝামাঝি সময়।

ইরা আর প্রিয়তা, দু'জনেরই ইন্টারমিডিয়েট শেষ হওয়ার সেই আকাঙ্ক্ষিত মুহুর্ত চলে এসেছে। ইরাকে পরিক্ষার এক সপ্তাহ আগে থেকেই পড়ানো বন্ধ করে দিয়েছি। বন্ধ করা বলতে, সাময়িক ছুটি। যদিও এই নিয়েও তার বিরোধিতা ছিলো আকাশ ছোঁয়া। সে পরিক্ষার আগের দিন পর্যন্ত পড়তে চায়। আমি তার বিরোধিতা মানলাম না। পরিক্ষার আগে বাকি বিষয়গুলো রিভাইস করার জন্য ওর সময়ের প্রয়োজন বলেই এই ক্ষণকালের ইস্তফা। বাকি টিউশনিগুলোও ক’দিনের জন্য ছুটিতে রেখে বাড়িতে চলে এসেছি। প্রায় আট মাস পর বাড়িতে ফিরলাম এবার। সংখ্যাটা নেহাতই কম নয়।

বিকেল ঘনিয়ে পৃথিবীর বুকে সন্ধ্যা ছুঁই ছুঁই ভাব। মাগরিবের আযান পড়ার সঙ্গে সঙ্গে ধরনীতে নেমে এসেছে ধূসর অন্ধকার। দুপুর থেকে বিকেল পর্যন্ত লম্বা ঘুম দিয়ে সন্ধ্যায় এসে গোমতী নদীর পাড়ে বসেছি। এখানে তীরের দিকটায় মস্ত কাঁচা-পাকা বাশ একসাথে বেঁধে নদীর উপর ভাসিয়ে রাখা হয়। বাশগুলো বাতাসের কবলে পড়ে বৈঠাবিহীন নাওয়ের মতো দুলে দুলে উঠছে। ছোট থেকেই দেখছি এই দৃশ্য। ছেলেবেলায় এসব বাশ গুচ্ছের উপর এসে কত দিন পাড় করেছি, তারও ইয়ত্তা নেই। বর্ষার কারণে নদীর পানি ফুলেফেঁপে টইটম্বুর। এই সময়ে পানির গভীরতার কারণে প্রচুর ট্রলার যাতায়াত করতে পারে। ট্রলারগুলোর কারণে দুই দিকের পানি সরে গিয়ে নদীতে ইতোমধ্যেই ঢেউ বইতে শুরু করেছে। মৃদুমন্দ হাওয়া আসছে দক্ষিণ দিক থেকে। স্বল্প ধাক্কার ঢেউ আর ঠান্ডা বাতাসে বেশ আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। চাঁদের উজ্জ্বল আলো পানিতে পড়ে আশ্চর্য আরেক ঝলকানি দেখা দিলো। বহুদিন পর এই পরিচিত মুগ্ধতা ফিরে পেয়ে যেনো ভেতরের পৃথিবীর কৃত্রিম ভারটুকু অনেকাংশে কমে এসেছে। হৃদয়ে নেমে এসেছে উষ্ণ স্নিগ্ধতা। এই রূপসী গোমতীর তীরেই আমাদের চরমাহমুদ্দি অঞ্চলের বেশিরভাগ মানুষের বসবাস। এই নদীর কোল ঘেঁষেই আমার শৈশব, কৈশোরের বেড়ে উঠা। আজ অনেকগুলো দিন পর বৃদ্ধা গোমতীর পাড়ে বসে মনে হচ্ছে, শৈশবটা বোধহয় খুব একটা দূরেও ছিলো না। বরং আমিই সময় আর দায়িত্বের স্রোতে গা ভাসাতে ভাসাতে অনেকটা দূরে সরে এসেছি।

সেখান থেকে উঠে নয়টা নাগাদ প্রাইমারি স্কুলমাঠের দিকে কিছুক্ষণ নীরবে বসে রইলাম। স্কুল মাঠে এসে স্মৃতিসৌধের দিকে চেয়ে অনেকটা শূন্যতা অনুভব হওয়া শুরু হলো। পাড়াগাঁয়ের মতো আটপৌরে একটা স্কুল। কত গল্প এই ছোট্ট মাঠে। বিভোর হয়ে কল্পনায় আঁকছিলাম ফেলে আসা সমস্ত স্মৃতিকথা। আমার তিন বন্ধুর কথা। আজ কোথায় সেই দিন, কোথায় সেই পাঁজি ছেলেপেলের দল? আমার সঙ্গে সঙ্গে দায়িত্বের ভারে তারাও কি হারিয়ে গেলো শায়ানের ওই গানের মতোই?

"আজ কে যে কোথায় আছে
কোনো খবর নেই তো কারো
অথচ তোর ওই দুঃখগুলোতে অংশ ছিলো আমারও..."

সারাদিন গ্রামের আনাচে-কানাচে ঘুরঘুর করে একটু রাত করেই ঘরে ফিরলাম। আমি ফিরতে ফিরতে আম্মা প্রায় ঘুমিয়ে পড়েছেন। প্রিয়তা সজাগ। ওর আবার রাত জেগে জেগে পড়ার খুব অভ্যেস। ঘরে আমার উপস্থিতি টের পেয়েই পড়ার টেবিল ছেড়ে উঠে এলো। মুখে রহস্যময় এক হাসি টেনে বলল, "ভাত দেবো তোকে, ভাইয়া?"

আমি শার্টের হাতা গোটাতে গোটাতে বললাম, "লাগবে না। আমি নিজে থেকে বেড়ে খেয়ে নেবো। পড় তুই।"

প্রিয়তা কোনো কথা না শুনে নিঃশব্দে ভাত বাড়ল। আজ ঘনঘন বিদ্যুৎ যাচ্ছে। গরমটাও পড়েছে বাজখাঁই। আমি খেতে বসতেই প্রিয়তা পাশে বসে বরাবরের মতোই পড়া বাদ দিয়ে হাতপাখা নিয়ে ভাইকে বাতাস করা শুরু করল। এই কাজটা ও ছোটবেলা থেকেই করে।

খাওয়ার মাঝে একপর্যায়ে ঠোঁট চেপে হাসতে খেয়াল করলাম ওকে। আঁড়চোখে তাকাতেই প্লেটে অতিরিক্ত ভাত বেড়ে দিতে দিতে বলল, "কেউ একজন তোকে ফোন করছিলো। তুই কোথায় গিয়েছিস, খেয়েছিস কি-না জিজ্ঞেস করছিলো। আম্মার শরীর-স্বাস্থ্যের ব্যাপারেও খোঁজ করছিলো। ইরা না ফিরা, কী যেনো একটা নাম। মেয়েটা কে রে ভাইয়া?"

ইরার নামটা শোনামাত্রই কপালে ভাজ পড়ল। খাওয়া থামিয়ে চিন্তায় পড়ে স্থির বসে রইলাম। পরমুহূর্তেই না শোনার ভান করে বললাম, "পানি দে।"

ও চুপচাপ পানি দিলো। আমি স্পষ্ট খেয়াল করলাম, আমার শান্ত ধরনের বোন ইরার প্রসঙ্গ তুলেই কেমন মিটিমিটি হাসছে। এই বদ মেয়ে আমার সরল-সোজা বোনটাকে ঠিক কী বলেছে, কে জানে!

খাওয়াদাওয়া শেষ করে গভীর রাতে ফোন হাতে নিলাম। নেট অন করতেই তার শখানেক ম্যাসেজের নোটিফিকেশনে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম। এতসব ম্যাসেজ পড়লাম না। উপরের সমস্ত ম্যাসেজ উপেক্ষা করে লিখলাম, "ফোন করেছিলে?"

ম্যাসেজটা সেকেন্ড দু-একের মধ্যে সিন হয়ে গেলো। আশ্চর্য! সে কি তবে আমার ইনবক্সেই বসে ধ্যান করছিলো এতক্ষণ? তা-ই তো মনে হচ্ছে।

ইরা জবাব না দিয়ে কেমন অদ্ভুত এক প্রশ্ন করে বসল, "এই, আপনার কি আক্কেলদাঁত উঠেনি?"

আমি তাজ্জব বনে গেলাম। তার এহেম প্রশ্নের ঠিক কী উত্তর দেওয়া যায়, বুঝলাম না। ইরা এই মাঝ রাত্তিরে আমার আক্কেলদাঁত উঠেছে কি-না জানতে চাইছে ভাবতেই ভারী হতাশ হলাম। সব বাদ দিয়ে আবার দাঁত?
আমি স্বাভাবিকভাবেই লিখলাম, "উঠেছে।"

"তাহলে এমন বেআক্কেল লোকের মতো কাজগুলো কী করে করছেন, বলুন তো?"

আমি সঙ্গে সঙ্গে ফোন করে বসলাম ওকে।

"হ্যালো।"

ইরা দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, "আপনি একটা ছাতার মাথা।"

আমি না রেগে গিয়ে হেসে ফেললাম। ছাতার মাথার যুক্তি না ভাঙ্গিয়ে বললাম,"আচ্ছা? তো কী করলাম আজ আবার?"

"পরশু থেকে আমার এক্সাম।"

"হু?"

"আপনি একবারও খোঁজ নিয়েছেন আমার?"

"খোঁজ নেওয়ার কী হলো? এক্সাম কি কোনো রোগ-ব্যাধি, যে খোঁজ করে কতটুকু শরীরের উন্নতি হলো জানতে হবে?"

ইরা মুখে চ সূচক শব্দ করে চট করে ফোন কেটে দিয়ে সেকেন্ড দু-একের মধ্যে আবার ফোন করলো। ফোন কেন কাটলো, জিজ্ঞেস করলাম না। হুটহাট রেগে গিয়ে ধুপধাপ রাগ পানি হয়ে যাওয়াটা তার পুরোনো স্বভাব। সে গম্ভীর হয়ে আদেশ করার স্বরে বলল, "প্রথম পরিক্ষায় আপনি আমার সাথে হল পর্যন্ত যাচ্ছেন। আব্বু-আম্মুর কড়া আদেশ।"

"আমি ঢাকায় ফিরছি না আগামী তিন দিনেও। তাছাড়া প্রিয়তারও এক্সাম। ওর সাথে থাকাটা দরকার, ইরা।"

ইরা রাগ হলো। অভিমানী গলায় বলল, "আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আপনি আসবেন, আসবেন, আসবেন! না এলে আমি পরিক্ষা ফেইল করবো।"

ওর জেদের কাছে হার না মেনে উপায় নেই। ইরার প্রথম পরিক্ষার দিন সকালে তার সাথে হলে যেতে না পারলেও পরিক্ষা শেষে সে আমার দেখা পেলো। প্রিয়তাকে ওর হলে দিয়ে এসেই রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। না আসলেও হতো। তবুও আমার মনটা ঠিক কীসের টানে এত মাইল পাড়ি দিয়ে অহেতুক এতদূর চলে এলো, কে জানে!

একে একে সব শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসছে। সকলের মুখই গম্ভীর। এদের চেহারা দেখে বোঝাই যাচ্ছে, প্রশ্ন বাবাজী ভালো খেলা খেলেছে আজ। কিছুক্ষণ পর ইরাও বের হলো তার কয়েকজন সহপাঠীর সঙ্গে। পরিক্ষার ফাইলটা বলের মতো এক হাত থেকে আরেক হাতে উড়িয়ে উড়িয়ে নিয়ে হাঁটছে মেয়েটা। আমার দিকে তাকাতেই দূর থেকে কাছে আসতে ইশারা করলাম ওকে। ইরার বান্ধবীগুলো আমাকে দেখে কী সব যেনো ফুসুরফুসুর করছিলো। ইরা ধমক দিতেই হাসি থামিয়ে কিছুটা স্বাভাবিক হলো মেয়েগুলো।

রিকশায় উঠে তার কাছ থেকে আজকের পরিক্ষার প্রশ্নটা চেয়ে নিলাম। প্রশ্নটা ভালোভাবে দেখে নিয়ে বললাম, " ভালোই হার্ড হয়েছে। প্রথম পরিক্ষায় প্রশ্ন কিছুটা জটিল করেই বানায়। ভয় পেয়ো না। বাকি পরিক্ষায় এত প্রেশার পড়বে না। সব দিতে পেরেছো?"

চলতি রিকশার হাওয়া উপভোগ করতে করতে সে জবাব দিলো, "হুম। কিন্তু অতো ভালো হয়নি। বাংলায় মনে হয় A+ আসবে না।"

ইরা কথাগুলো মন খারাপ থেকেই বলছিলো। তবে মেয়েটার চেহারা দেখে তা মনে হচ্ছে না। এই ছয় মাসে তাকে যতদূর চিনেছি, তাতে অন্তত এতটুকু নিশ্চয়তা দিয়ে বলতেই পারি– ইরা এমন-ই। মেয়েটা দুঃখতেও দুঃখ পেতে ভালোবাসে না। সে গভীর বেদনায়ও খুব বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পছন্দ করে না। তার জীবনে দূর্বিক্ষ বয়ে গেলেও সে মাছি তারানোর মতো হাত নাড়িয়ে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে বলবে, "গেট ওভার ইট।"

"আপনার তো তিনদিন পরে আসার কথা ছিলো? আমার জন্য এসেছেন বললে মোটেও বিশ্বাস করছি না। আমার আপনি একদমই বাধ্যগত মানুষ নন।"

আমি দৃষ্টি আড়াল করে কিছুটা সহজ ভঙ্গিতে বললাম "একটা জরুরী কাজ পড়ে গিয়েছিলো।"

আমার জরুরী কাজটা ঠিক কী, ইরা জানতে চাইলো না। তার মতো হাজারখানেক প্রশ্ন করা মেয়ে ইদানীং চুপচাপ এত সুক্ষভাবে আমাকে পর্যবেক্ষণ করা শুরু করেছে ভাবলেই অবাক লাগে। ইরা পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে উপলব্ধি করছি, ছোঁয়াচে রোগের মতো আমার আগমন তার জীবন পাল্টে দিচ্ছে মেঘদূতের মতো। বেশ কিছুক্ষণ চুপ থেকে পথের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে দেখতে আনমনে বললাম, "ভালো রেজাল্ট দিয়ে কোনো কাজ নেই, বুঝলে? পড়াশোনা করবে ভালো মানুষ হওয়ার জন্য। একাডেমিক শিক্ষা হচ্ছে শুধুমাত্র একটা কাগজের সার্টিফিকেট। প্রকৃত শিক্ষা মানুষের ব্যক্তিত্বে। ব্যক্তিত্ব সঠিক মানে, তুমি সব ধরনের পরিক্ষায় পাশ। খামোখা সামান্য কাগজের পরিক্ষা নিয়ে মন খারাপ করাটা বোকামি। আমি তো জানতাম, আমার ছাত্রী বোকা না।"

ইরা তাকিয়ে আছে৷ আমি একটু থেমে হাসলাম।

"কী? ঠিক জানি তো আমি?"

শেষের প্রশ্নটা ওর দিকে চেয়েই করেছি। ইরা প্রতুত্তরে কিছুই বলল না। আগের মতো চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ পর আড়চোখে একপলক তাকাতেই দেখতে পেলাম, তার ঠোঁটে নিঃশব্দ হাসির রেখা। সুখ সুখ হাসি। বহু তপস্যার পর মানুষ কোনোকিছু পেলে যেভাবে হাসে, অনেকটা সেইরকম হাসি।

রিকশা থেকে নেমে ইরাদের গলির মোড়ে হাঁটতে হাঁটতে প্রায় ওদের বাসার কাছে চলে এসেছি। পুরোটা সময় আমরা কেউ-ই কথা বলিনি। গেইটের ভেতরে ঢুকার আগে ইরা কেবল একটা কথাই বলেছিলো, "ইন্টারমিডিয়েট শেষ হলে নাকি মেয়েদের বয়স বাড়ে? কথাটা কতটুকু সত্য?"

আমি ভ্রু বাঁকিয়ে বললাম, "তাই নাকি? কী জানি!"

ইরা সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে আবারও নিচে চেয়ে মিটিমিটি হাসতে হাসতে বলল, "আমার বয়স পরিক্ষার পর আঠারো হবে। সংবিধান অনুযায়ী, বিয়ের জন্য যেটা বৈধ বয়স। আমি শীগ্রই নাবালিকা থেকে সাবালিকা হচ্ছি, বুঝলেন?"

আমি কোনো জবাব করলাম না। নীরবে হাঁটতে থাকলাম। মাথায় চলছে তাকে ঘীরে নীরব তর্ক-বিরোধ। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে কী মনে করে একটু পেছন ঘুরে ইরার বারন্দায় চাইলাম। সেদিকে চেয়ে আমার হৃদয়ের গহীন থেকে কেবল একটা বাক্যই বাদ্যযন্ত্রের মতো বেজে উঠছে: "আমি তোমাকে ভুল চিনিনি, ইরা।"

ইরা কলেজের পোশাক পরিবর্তন না করেই বারান্দায় দাঁড়িয়ে আছে। গ্রিলের সাথে ঘেঁষে গাল মিলিয়ে আমার যাওয়ার পানে চেয়ে আছে সেই কখন থেকে। যেমন করে প্রেকিরা'রা তাবত আক্ষেপ নিয়ে চেয়ে থাকে প্রেমিকের বিদায়ক্ষণে, ঠিক তেমনভাবে। চোখে তার কয়েকশো বছরের ব্যাকুলতা। কত অভিযোগ, কত মন খারাপ! আচ্ছা, এমনটা কি সে সবসময়ই করে? ইরা কি প্রতিদিনই আমার যাওয়ার পানে এমনই অস্থিরতা নিয়ে চেয়ে থাকে? কীসের কামনায়? আমি তাকে কোনোভাবে আস্কারা দিচ্ছি না তো? তার কিশোরী মনের কোমল আবেগের সুযোগ নিচ্ছি না তো? ইরাকে কি আমার বলা উচিৎ, তার এসব অল্পবয়সী স্বপ্নের কোনো পূর্নতা নেই? আমার কি তাকে বলা উচিৎ, তুমি নিজেকে ফিরিয়ে নাও, মেয়ে। এই মোহতার কোনো ভবিষ্যৎ নেই। তোমার আমার গল্প কল্পনাতেই মানানসই। পরক্ষণেই নিজেকে শুধালাম, "সত্যিই কি তোমার-আমার গল্পের কোনো ভবিষ্যৎ নেই?"

[রিচেক করতে পারিনি। বানান ভুল থাকতে পারে।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন