গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৫
#নাজমুন_নাহার
বছর ফুরিয়ে আসতে আর মাত্র দু’মাস। নবেম্বরের আগে প্রকৃতিতে বৃষ্টি বৃষ্টি একটা মৌসুম থাকে। সেই নিয়ম রেখেই টানা চারদিন ধরে মুশলধারে বৃষ্টি হচ্ছে। "অক্টোবর রেইন" যেটাকে বলে। এই ধরনের আবহাওয়ায়গুলো সাধারণত খুব আলস্য ধরনের হয়ে থাকে। নাওয়া-খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ কাঁথা মুড়িয়ে ঘুমিয়ে থাকতে ইচ্ছে হয়। কিন্তু আমাকে তো আর ঘুমালে চলবে না। ইন্টারভিউ আছে।
লাঞ্চ করে কড়া লিকার দিয়ে একটা চা করলাম। এই ঘন দুপুরেও কেমন অন্ধকার হয়ে আছে আমার আটপৌরে ভাড়া ঘরটা। চারিদিকে ইট, সিমেন্টের দেয়ালের উপর টিনের ছাউনি। বৃষ্টির ঝুমঝুমে সুর আর বাতাসের শোঁশোঁ আওয়াজটা যার কারণে বেশ প্রগাঢ় মনে হচ্ছে। চায়ের কাপটা রেখে ফর্মাল গেটআপে রেডি হয়ে নিলাম। যাওয়ার আগে আয়নায় একবার চোখ বুললাম। আমি নিজেকে আয়নায় খুব একটা দেখি না যদিও। তবে মাঝেমধ্যে দেখলে বড়োই আশ্চর্য লাগে। বড় চাচ্চুর কথা মনে পড়ে। চাচ্চুরা শহর থেকে গ্রামে বেরাতে আসলে আমাকে দেখে প্রায় প্রতিবারই বলতেন, গায়ের রঙ ধবধবে সাদা না হলেও আমার চেহারায় একটা আভিজাত্যের ভাব আছে। আমি দেখতে অনেকটা দাদুর মতো হয়েছি। সুঠাম দেহ আর অসামান্য চেহারার অধিকারী। অনেকেই বলে, বাহ্যিক চালচলন থেকে আমাকে কোনো হায়ার ক্লাস পরিবারের সন্তানদের মতোই মনে হয়। শুনেছিলাম, আব্বা'রা বংশগতভাবে এলিট পরিবারে জন্মেছিলেন। শিক্ষা, অর্থ আর দৈহিক গঠনে এদের আভিজাত্য ছিলো সেকালে চোখে পড়ার মতো। আব্বার তিন চাচা সেনাবাহিনীতে ছিলেন। রাজনীতিতে দাদাদের বংশের একটা বিশাল অংশ জড়িয়ে ছিলো। সামরিক ক্ষমতা চলছিলো দেশে তখন। সেটা ঠিক কোন সরকারের আমলে, জিজ্ঞেস করা হয়নি। তাদের রাজনীতির ইতিহাস ব্যর্থ বলেই আগ্রহ হয়নি। উনাদের রাজনৈতিক আদর্শটা বেশিদিন জনতার কাছে টিকে থাকেনি। ঘাটতি ছিলো অনেক। ক্ষমতা হস্তান্তরের পর, কালের বিবর্তনে তাদের আধিপত্যও তাই হারিয়ে গিয়েছে। ক্ষমতা ব্যাপারটাই বোধহয় এমন। অনিশ্চিত, অনাকাঙ্ক্ষিত। দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকার মতো আদর্শ তাদের মধ্যে সাধারণ মানুষ খুঁজে পায়নি। জনতার গনতন্ত্র হরনকারী শাসকদের শেষে হার মানতে হয় সেই জনতার কাছেই। যুগে যুগে আইয়ুব, ইয়াহিয়াদের মতো শাসকদের পতন ঘটেছিলো এই কারণেই। দেখেছেন, কথায় কথায় কত ইতিহাস টেনে ফেললাম!
বৃষ্টির গতি বেড়েছে। মাথার উপর ছাতা থাকার সত্ত্বেও ভিজে প্রায় একাকার অবস্থা। এমন বিভৎস অবস্থা নিয়ে ইন্টারভিউয়ের জন্য গিয়ে আদতেও কোনো সুফল হবে কি-না, কে জানে!
অফিস থেকে বেরিয়ে লোকাল বাসে উঠতেই ফোন বেজে উঠলো। প্রায় কয়েকবার রিং হওয়ার পর ফোনের আওয়াজ কর্ণগোচর হলো। ইরার আম্মু ফোন করেছে। ইরার পরিক্ষার পর থেকে প্রায় একমাস ধরে ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়নি। কিছুটা ব্যস্ততার মধ্যেই কেটেছে সময়গুলো। তবে এতদিন পর আন্টির ফোন পেয়ে অনেকটা চমকে গিয়েছি।
ফোন রিসিভ করতেই আন্টি বেশ বিচলিত হয়ে প্রায় অনুনয়ের স্বরে বলে উঠলেন, "প্রিয়ম, বাবা এখন একটু আসতে পারবে আমাদের বাসায়? একটু কষ্ট করে যদি আসতে, ভালো হতো বাবা।"
খুব একটা স্বাভাবিক কিছু যে হয়নি, সেটা উনার কন্ঠ শুনেই অনুমান করা গেলো। তবে আন্টি এতটুকু বলেই ফোন রেখে দিলেন। আমি তাকে বাড়তি কোনো প্রশ্ন করার সুযোগই পেলাম না।
রাস্তায় জ্যাম না থাকা সত্বেও ইরাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে এলো। ঢাকা শহরে রাত্রি করে চলাফেরা করাটা যদিও আহামরি ব্যাপার না। তবুও কিছুটা শঙ্কায় পড়লাম। বাসায় খাবার নেই। রাতে ফিরে রান্না করে তবেই খেতে হবে। সারাদিন দৌড়ঝাঁপের উপরে থেকে বাসায় গিয়ে যা ক্লান্তি জেঁকে বসে, তাতে করে দু মুঠো খেয়ে শুয়ে পড়া ছাড়া আর কিছুই করতে ইচ্ছে করবে না। তবে এই মুহূর্তে ওদের বাসায় কী ঘটেছে, সেটা জানাটা মুক্ষম।
ড্রইংরুমের দক্ষিণ পাশের সিঙ্গেল সোফাটায় বসে আছি। আঙ্কেল বসেছেন পশ্চিমের সোফায়। পুরোপুরি নিস্তব্ধতা বিরাজমান ইরাদের সারা বাড়িতে। কিছুটা নীরবতা বোধহয় আমার মনেও।
মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন কেবল বাকহারা হয়ে থাকা ছাড়া উপায় থাকে না। যখন হৃদয়ের কামনা গরম ভাতের মতো গিলে ফেলা ছাড়া কিছুই করার থাকে না। আমার জন্য এই উপলব্ধিটা নতুন। যদিও পুরুষ মানুষ হয়ে আজন্ম এভাবেই বহু কামনা গিলে এসেছি। ক্রান্তিলগ্নেও ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া দেখিয়ে এসেছি। তবে আজকেরটা ভিন্ন, অপ্রিয়, অসহনীয়।
ইরার বিয়ে ঠিক হয়েছে৷ সম্ভবত তিনদিনের মধ্যেই পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। আঙ্কেলের বোনের একমাত্র ছেলের সঙ্গে। অর্থাৎ, ভাগ্নে। মাহবুব, আমারই ক্লাসমেইট ছিলো। ওর সাথে ইরার বিয়েটা নাকি বহু বছর আগেই ইরার ফুপ্পির ইচ্ছেতে ঠিক করা হয়েছিল। তখন ইরা অপ্রাপ্তবয়স্ক ছিলো বলে সেটা নিয়ে কেউই কথাবার্তা আগায়নি। তবে, খবরটা শুনে আমার কি খুশি হওয়ার কথা? আমার প্রিয় ছাত্রীর বিয়ে! প্রিয় ছাত্রী নাকি প্রিয়....
কিন্তু আমি খুশি হতে পারছি না। আনন্দের বদলে আমাকে স্পর্শ করলো একটা সুচালো ব্যথা। সেই ব্যথায় শরীরটা শিথিল হয়ে এলো এক মুহূর্তে। কালবৈশাখী ঝড়ের মতো বিধ্বস্ত হয়ে উঠলো আমার নিষ্ঠুর হৃদয়টা। সদা শান্ত, নির্লিপ্ত আমার এই হৃদপিণ্ডটা এত দ্রুত কখনও উঠানামা করেনি। ভেতরের জলোচ্ছ্বাস আড়াল করে আঙ্কেলের এতক্ষণের সমস্ত কথার জবাবে আমি বললাম, "সবেই তো এইচএসসি দিলো। ওর বয়সটাও আহামরি হয়নি। পাত্র যেহেতু আগে থেকেই ঠিক করা, আপনারা আরও কিছু সময় ওকে ওর মতো থাকতে দিন। এত তাড়াতাড়ি বিয়ের পর্যন্ত যাওয়ার বিষয়ে চিন্তা করাটা কি ঠিক হচ্ছে, আঙ্কেল?"
আঙ্কেলের চোখে-মুখে কোনো দুঃশ্চিতার ছাপ নেই। তিনি নির্বিঘ্নে বললেন, "একশো পার্সেন্ট ভুল হচ্ছে। এমনকি আমি তো আমার মেয়েকে আগামী দশ বছরেও বিয়ে দেওয়ার কথা ভাবিনি। বাট ইট’স আ ক্রিটিকাল মোমেন্ট, জেন্টালম্যান।"
"ক্রিটিকাল মোমেন্ট?" আমি প্রশ্ন করলাম।
"কিছুটা এমনই। তুমি আমাদের নিজের মানুষের মতো। তোমাকে বলতেও কোনো সংকোচ নেই।"
আমি মনোযোগ দিয়ে শুনছি উনার কথা।
"বিয়েটা আগে-পরে মাহবুবের সাথেই হতো। তবে এত তাড়াহুড়োর বিশেষ কারণ হচ্ছে, আমার বোনের শরীরটা ভালো নেই। ক্যান্সারের সঙ্গে ফাইট করছে গত কয়েক বছর ধরে। উনার ধারণা, উনি আর বেশিদিন বাঁচবেন না। এই ধরনের মোমেন্টে মানুষ সচরাচর তাদের শেষ ইচ্ছে পূরন করতে চায়। আমার বোনের সর্বকালের একটাই ইচ্ছে, ইরাকে নিজের ছেলের বউ করবে। ইরাটাকে আপা ভীষণ স্নেহ করেন। আমাদের চেয়ে বেশি আহ্লাদ তার এই মেয়েকে নিয়ে। তাই আপা চাইছেন, ওদের বিয়েটা এক্ষুণি দিয়ে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে যেতে। বিয়ের পর ইরার পড়াশোনা বন্ধ হবে না। আপা ভীষণ শিক্ষা সচেতন মানুষ। কিন্তু ইরাটা কিছুতেই রাজি হচ্ছে না। আমরা বুঝতে পারছি, ও এসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। তবে ব্যাপারটা যেহেতু নিজের পরিবারেই ঘটবে, সুতরাং ওর উচিৎ কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করা। রেহেনা আপা ওকে আমাদের চেয়ে বেশি যত্নে রাখবেন।"
আঙ্কেল একনাগাড়ে কথাগুলো বলে শেষ করলেন। আমি একটা প্রগাঢ় শ্বাস ফেলে বললাম, "বুঝতে পেরেছি। কিন্তু এখানে আমার কী কাজ? মানে, আমি কী সমাধান দিতে পারি?"
আন্টি মুখ খুললেন এবার।
"জানোই তো,মেয়েটা অসম্ভব জেদি। কোনো কিছু করবে না যখন বলেছে, তখন তাকে বুঝানোর সাধ্য কারো নেই। আমরা ওদেরকে কথা দিয়ে ফেলেছি। এমন সময় ইরা যদি কোনোপ্রকার ঝামেলা করে, বিষয়টা অপ্রীতিকর। আমাদের ধারণা, ও তোমাকে খুব মানে। কারো কথা যদি শুনতেই হয়, তোমার শুনবে।"
"আপনাদের ধারণা, আমি বোঝালে সে রাজি হবে?"
আন্টি একপলক আঙ্কেলের পানে চেয়ে বললেন, "একটু চেষ্টা করে দেখো। চেষ্টা করতে তো ক্ষতি নেই।"
ইরার দরজার পর্দাটা দমকা হাওয়ার সঙ্গে উড়ছে। খাটের একপাশে হাঁটুতে মাথা গুঁজে ধ্যানমগ্ন হয়ে জানালার অপর প্রান্তে চেয়ে আছে সে। বাইরে তখনও অঝোর বৃষ্টি। কিছুক্ষণ পরপর বাজ পড়ার শব্দ প্রগাঢ় হয়ে উঠছে। এই এলোমেলো ঝড় কি শুধুই আকাশের, নাকি কারো বিক্ষিপ্ত হৃদয়ের?
ঘরে ঢুকে ধীরপায়ে একটা চেয়ার টেনে বসলাম খাটের পাশে। ইরা মৃদু শব্দে আমার উপস্থিতি টের পেয়েও ফিরে তাকালো না। তার দৃষ্টি আকাশে। কী যেনো ভাবছে বিভোর হয়ে। বেশ কিছুক্ষণ সেখানে নিঃশব্দে বসে থেকে ধীরকন্ঠে শুধালাম, "মন খারাপ?"
ইরা এবারও ফিরে তাকায় না। আমাকে সম্পূর্ণ অবজ্ঞা করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললো। সেই নিঃশ্বাসের শব্দে ঠিক কতটুকু যন্ত্রণা আছে, মেয়েটা তারই ঘ্রাণ ছড়িয়ে দিলো সারা ঘরময়। আমি ওর মতো করেই জানালার বাইরে চেয়ে থেকে আবারও বললাম, "বৃষ্টি নিয়ে মহাদেব সাহা'র একটা কবিতা আছে। শুনবে?"
ইরা শুনতে চাইলো না৷ মাথা নাড়ালো দু'দিকে। আমি তবুও তার ওই বিষন্ন মুখে চেয়ে তন্ময় হয়ে আবৃত্তি করতে থাকলাম:
এই তুষার বৃষ্টিতে যদি সব ছবি মুছে গিয়ে লেগে থাকে জলের গভীর চিহ্ন
শুধু জল, আমার কান্নার মতো করুণ কোমল সেই জল
সেই তুষারের দাগ
আমি যদি ভেসে যাই এমনি অথৈ তুষারজলে, তুমি তবু নিরাপদে থাকো... "
ইরা এবার হু হু করে কেঁদে উঠলো। তার কান্নার গতি বাড়ল বৃষ্টির গতিকে ছাড়িয়ে। আমার নিষ্ঠুর মুখে চেয়ে থেকে কান্নামিশ্রিত স্বরেই বলে উঠলো, "আমার নিরাপত্তার প্রয়োজন নেই। আমি কী চাই, আপনি ভালো করে জানেন।"
আমি চুপ করে রইলাম। যেনো কোনো উত্তর নেই এ কথার!
"আমার ফোন কেন রিসিভ করেননি এতদিন? আমি পাগলের মতো আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছি। কোথায় ছিলেন আপনি!"
শেষের কথাটা বলে আবারও ফুপিয়ে উঠলো সে। আমার কন্ঠ তখনও সহজ।
"ব্যস্ত ছিলাম।"
ইরা কান্না থামিয়ে খাট থেকে নেমে সম্মুখে দাঁড়াল। দৃষ্টিতে অগ্নি ঝরছে মেয়েটার। ভেজা তার কন্ঠ।
"কীসের ব্যস্ততা? ইলন মাস্ক হয়ে বসে আছেন? কী এমন কাজ করেন আপনি?"
বেকারত্বের এই হচ্ছে এক কুফল। কাউকে ব্যস্ততার কথা বললে ইনিয়েবিনিয়ে সেই একই অপ্রাপ্তি মনে করিয়ে খোঁটা শুনিয়ে দেবে। মহা মুশকিল!
"বসো।"
ইরা বসলো না। আমি আবারও বললাম, "কথা আছে। বসো।"
সে বসল। আমি নীরবে তার অভিমানী মুখের পানে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বললাম, "মাহবুব ভালো ছেলে। তোমার এই কাজিনকে আমি কলেজ লাইফ থেকে চিনি। বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার বদৌলতে তাদের ছেলে সহ যাবতীয় সম্পত্তির রাজত্ব তোমার হাতে। সুখী হতে আর কী লাগে? রাজি হয়ে যাও।"
ইরা প্রায় গিলে খাওয়ার দৃষ্টিতে আমার দিকে চাইলো। আমার এই মিছিমিছি কৌতুক যে তার পছন্দ হয়নি, সেটাও বোঝা গেলো। আরও কিছু বলতে উদ্যত হতে নিতেই ইরা অকস্মাৎ আমার কলার চেপে ধরলো। দাঁতে দাঁত পিষে বললো, "কত সহজ "রাজি হয়ে যাও" বলে ফেলা যায়, তাই না? এতই সহজ! আচ্ছা, গেলাম রাজি হয়ে। আপনি ভালো থাকবেন? বলুন, থাকবেন ভালো?"
ইরা সেভাবেই ধরে রাখল আমায়। অনেকটা সময় আমাদের দৃষ্টি বিনিময়ে কেটে গেলো। আমি বোধহয় একটু ক্লান্ত হয়ে পড়লাম। নিজস্ব সত্তা ভুলে বিরস গলায় বলে বসলাম, "এই পৃথিবী কেবল সমানে সমানে বন্ধুত্ব, সক্ষতা, আত্মীয়তা করতে চায়, ইরা। আমাদের বৈষম্যটা সর্বকালের। কোনো মিল নেই। অর্থহীন, নাম-ধামহীন একজনের সঙ্গে তোমার পরিবার সম্পর্ক করতে চাইবে না। এমন অনিশ্চিত জীবন বহনকারী ছেলেদের এই সমাজে ঠাই নেই। তোমার-আমার মিলন অসম্ভব, অযৌক্তিক।"
ইরার হাত শিথিল হয়ে এলো। আবারও চোখ টলমল হয়ে উঠলো তার।
"কেন সম্ভব না? কে বলেছে সম্ভব না? আপনি কেন নিজেকে এত ছোট করে দেখছেন! আপনি অনেক সফল হবেন একদিন। আমি আছি। আমি সবকিছু তোলপাড় করে ফেলবো আপনার জন্য।"
ইশৎ হাসলাম। মেয়েটা ভীষণ বোকা। নয়তো এমন সোনার চামচ ফেলে পিতলের দিকে কেউ ঝুঁকতে চায়? আমি পুরোনো প্রিয়মে ফিরে গিয়ে বললাম, "ভুল মানুষে ঝোঁক হয়েছে? ভুল প্রমানিত হওয়ার আগে কেটে পড়ো।"
ইরার কান্না থামাথামির নাম-ই নেই। এমন মিষ্টি একটা মেয়েকে কাঁদতে দেখতে মোটেও ভালো লাগছে না আমার। ইরার হাত থেকে নিজেকে ধীরেসুস্থে ছাড়িয়ে শান্ত স্বরে বললাম,
"ভালো করে দেখো তো, কী আছে আমার মধ্যে?"
ইরা কেমন ব্যাকুল হয়ে মুখের দিকে চেয়ে রইলো। বিভ্রম হয়ে বললো, "মায়া! কথার মায়া, চোখের মায়া, শ্যাম মুখের মায়া আর অদৃশ্য আরও কিছু একটার মায়া। চুম্বকের মতো টানে আমাকে। এই মায়া আমি ছাড়াতে পারবো না। কখনোও না, কিছুতেই না। প্লিজ আমাকে নিজের করে নিন! অনেক সুখী হবো আমরা।"
নিঃশব্দে হাসলাম। "শুনো, বয়সটা কম বলে এমন মনে হচ্ছে। নিজেকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে।"
ইরা জবাব দিলো না। অবিশ্বাস্য চোখে চেয়ে রইলো।
"লাখ টাকা ঘুষ দিয়ে, দিন-রাত পরিশ্রম করে মানুষ সরকারি চাকরির পেছনেই কেন ছুটে জানো, ইরা? কারণ এখানে তারা চাকরির স্থায়িত্বতার নিশ্চয়তা পায়। ভয়-ভয় আতঙ্ক থাকে না। তোমার আমার সম্পর্কটা এমন না। এটা অনেকটা বেসরকারি চাকরির মতো। স্থায়ী না। সামনে কী হবে, সেটাও অনিশ্চিত। আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই জেনেও আমি তোমাকে প্রশ্রয় দেবো? শুনো, তুমি আমার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ। এই প্রিয় মেয়েটাকে আমি বিচ্ছেদের যন্ত্রণা দিতে চাই না। আমাদের মাঝে প্রেম হয়নি কোনোদিনও। ভুলে যাও!"
ইরা মিনিট কয়েক আমার দিকে একই ভঙ্গিতে চেয়ে থেকে হাতের কাছের ফুলদানিটায় সজোরে আছাড় মারলো মেঝেতে। মাটির ফুলদানির সঙ্গে ঝনঝন করে যেনো বেজে উঠলো তার সমস্ত ক্ষোভ। মাথাটা চেপে ধরে চিৎকার করে আবারও চাইলো কান্নামিশ্রিত দৃষ্টিতে। আর কিচ্ছুটি বললো না। ঝরনার মতো অশ্রু ঝরছে চোখে। তাকে ওভাবে রেখেই আমি প্রস্থান নিলাম। আমার যাওয়ার পানে চেয়ে চিৎকার করে সে কেবল দু'টো কথাই জপলো, "কাপুরষ! আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করবো না!"
এত ভাঙাভাঙির শব্দ পেয়েও আঙ্কেল আন্টি উপরে উঠে আসেননি। কারণ, ইরার জেদ সম্পর্কে তারা অবগত। তবে জেদটা তার ঠিক কোন কারণে, সেটা হয়তো কোনোদিনও আঁচ করতে পারবেন না।
ইরার চোখের পানির, হৃদয় ভাঙনের সবটুকু দায় নিয়ে ওদের বাসা থেকে বেরিয়ে সেদিন আর পেছন ফিরে তাকাইনি। ছাতাটা রাস্তায় ফেলে ভিজে ভিজেই বাসায় পৌঁছালাম। আমার এই চলে যাওয়া ইরাকে কতটুকু বিধ্বস্ত করবে, একটাবারও ভাবলাম না। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, আমাকে পালাতে হবে। এই ঘর ছেড়ে, শহর ছেড়ে, ইরাকে ছেড়ে অনেক দূরে পালাতে হবে। এই যেনো হয় আমাদের শেষ দেখা। আমাদের আজন্মের নির্বাসন!
[আপনারা অনেকেই পড়ে পড়ে টুপ করে চলে যান। দ্যিস ইজ ভ্যারি ব্যাড! এত এফোর্ট দিয়ে লিখে একটু মন্তব্য তো পেতেই পারি?]