#নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৬
#নাজমুন_নাহার
চব্বিশ ফুরিয়ে আসার পথে।
ডিসেম্বরের শীত নেমেছে চট্টগ্রামের শহুরে জীবনে। দেশে বর্তমানে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান। মহামারীর ন্যায় চুরি, ছিন্তাই, ডাকাতির মতো অপরাধের প্রবণতা বাড়ছে। সরকার বিদ্যমান থাকার সত্বেও এসব হওয়ার অবশ্য কারণও রয়েছে। কোনো রাষ্ট্রের 'ল' এন্ড 'অর্ডার' যখন কোনো নির্দিষ্ট একটা দলের মাঝেই কুক্ষিগত থাকে, এবং তারা দলের সুবিধা ভোগ করে, তখন আইন-প্রশাসনগুলো জনতার কম দলের হয়ে বেশি মাথা ঠেকায়। প্রশাসনের ভেতরেও দল যেটাকে বলে। জুলাই বিপ্লবের পর ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলো পোকার মতো কিলবিল করে ক্ষমতা খাবলে ধরতে চাইছে। দাঙ্গা, হাঙ্গামাও কমছে না এর হেতু ধরে। এই নিয়ে নানা জনের নানা মত।
দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন চলছে। হাঁটুভাঙা এই দেশটাকে এরা ঠিক কতটুকু সংস্কার করবে, কে জানে! তবে গনতন্ত্রের স্বাদ পেয়ে কিছুটা অস্থির হয়ে উঠেছে জনতার প্রাণ। সত্য-মিথ্যা, ঠিক-বেঠিক নিয়েও চলছে গৃহযুদ্ধ। একটা টকশোতে এসব নিয়ে তিন-চার পক্ষের মাঝে চলছে তর্কবিতর্ক। পডকাস্টগুলোতে ভালো আলোচনা প্রকাশ করলেও মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমগুলো ছোটে সুবিধার পেছনে। প্রতিদিনকার বোরিং ব্যাপার। দেশের এই মিডিয়াগুলোরও হয়েছে যা-তা অবস্থা।
"সব গুলানে এক একটা ধান্ধাবাজ। দেহেন, কত নীতিকথা, অধিকারের কথা। ক্ষমতাডা পাইলেই হেগরে আর পাওন যাইবো না। হালার ভন্ডের দল। এক্কেরে মিজাজটা গরম হইয়া যায়।"
জহির কাকা নারায়নগঞ্জের মানুষ। আমাদের অফিসের সামনের চা বিক্রি করেন তিনি। লোকটার রাজনীতি নিয়ে অনেক ভালো জ্ঞান। সারাক্ষণই ইউটিউব খুলে রাজনৈতিক খবর দেখতে থাকেন।
জহির কাকার হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে হেসে বললাম, "আজকে কাকীর সাথে ভালোই গেঞ্জাম লাগলো মনে হয়? এত ক্ষ্যাপা কেন কাকা? সব দল ভন্ড হলে দেশ চালাবে কে? নির্বাচন হলে এবার কোন দলকে দেখতে চান, বলুন? আপনার বিবেক কাকে ঠাই দেয়?"
উনি "মিজাজটা গরম হইয়া যায়" বলেও ফোনের দিকে বিরক্ত মুখে আবারও চাইলেন। কর্কশ স্বরে বললেন, "হেইডা জানি না। দেশে চান্দামি যারা কমাইতে পারব, দুইডা ডাইল-ভাত কম দামে যারা দিতে পারবো, হেরাই। খাইয়া-পইড়া বাচন না গেলে সরকার দিয়া কি বাল ফালামু?"
উনার কথা শুনে বাকি কলিগরাও হেসে ফেলল। অভাবে দিন কাটানো মানুষেরা গনতন্ত্র বলতে এটাই বুঝে। এদের কাছে স্বাধীনতা মানে, ডাল-চাল খেয়ে বেঁচে থাকা। তেল-পেয়াজের দাম কমে যাওয়া। অথচ এদেশের রাজনীতিতে স্বাধীনতার আরেক নাম, অবরুদ্ধতা!
জহির চাচার একজন ভাগ্নে জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন। ছেলেটা ঢাকার একটা ভাঙারী দোকানে কাজ করতো। বয়স তেরো কী চৌদ্দ হবে। চোখের সামনে আন্দোলন আর মানুষের উপর হওয়া অবিচারগুলো দেখতে দেখতে কখন যেনো নিজেকেও সেসবে জরিয়ে ফেলেছে। ছেলেটাকে গুলিবিদ্ধ করা হয়েছিল মীরপুরে। শিক্ষার দৌরাত্ম না পৌঁছানো মগজগুলোতেও কীভাবে দেশপ্রেমের নেশা ঢুকে গেলো, সেটাও আমায় ভীষণ ভাবায়। যখন একাত্তর নিয়ে ভাবতাম? মনে হতো, দেশের জন্য আবার প্রাণ দিতে ইচ্ছে করে নাকি? এসব কেমন পাগলামি! ভাষার জন্যও কেউ জীবন দেয়? অথচ আজন্ম নিজেকে সকল প্রকার ঝুঁকি থেকে বাঁচিয়ে রাখা এই আমিটাও দমে থাকতে পারিনি জুলাইয়ে। আমরা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে প্রথম ধাপে আন্দোলন করেছিলাম। সেসব ভয়ানক দিনগুলো এখন আর স্বরণ না করাই ভালো। তবে, এত এত বিপ্লব আদতেও কি সত্যিকার অর্থে ফিরিয়ে দিতে পারছে মানুষের স্বস্তি? ক্ষমতা যার, ইচ্ছে তার। এত বিপ্লবী থাকার সত্বেও স্বাধীনতার ছাপান্ন বছরে এসেও সংগ্রাম থেকে এই বাঙালীর মুক্তি নেই। আরও কত বিপ্লব পেড়িয়ে বাংলার মানুষ নোংরা কালো রাজনীতির অধ্যায় থেকে বের হতে পারবে, কে জানে!
হাতের কাজগুলো শেষ করতে করতে রাত হয়ে এলো। কাজ করতে করতে সময় দেখার ফুরসত হলো না আমার। ততক্ষণে পুরো অফিস খালি। কফির কাপে চুমুক দিয়ে একমনে বসে রইলাম। ফাইলগুলো রেডি করে তখনও একইভাবে বসে। এই কাজটা আমি প্রতিদিন করি। সকলে চলে গেলে বাড়তি কিছু সময় একাই অফিসে বসে কাটাই। কিবোর্ডে আঙ্গুল বোলাতে বোলাতে চোখ গেলো পাশে পড়ে থাকা সাদা কাগজটায়। আনমনে চেয়ে থেকে কৌতুহল নিয়ে সেটা হাতে নিলাম। আকিঁবুকিঁ করতে করতে কাকে যেনো মনের অবচেতনেই লিখে ফেললাম,
ইরা,
আমি জানি, তুমি ভালো নেই। এই এক বছরে আমার উপর জন্ম নেওয়া তোমার অভিমানগুলো একটু একটু করে জমতে জমতে আজ বিস্তর আকাশ ছুঁয়েছে। আঠার মতো তোমার জীবনে লেপ্টে না থাকার অপরাধে তুমি নিশ্চয়ই ভীষণ অভিমান করে আছো? সে করারই কথা!
চড়ুইপাখির মতো ছটফটে ইরা, তুমি আমায় ভুলে যাবে এ কথা আমি এই ইহজীবনেও বিশ্বাস করতে চাই না। কারণ আমি যে ইরাকে জানি, সে কখনও প্রিয়মকে ভোলার দুঃসাহস করে উঠবে না। আমি তোমার আত্মাকে তোমার চেয়েও বেশি উপলব্ধি করেছি!
মিষ্টি মেয়ে, বহু চেষ্টা করে তোমাকে ভুলতে পারা আমার পক্ষেও সম্ভব হয়ে উঠেনি। আজ,এই অপরাহ্নে এসে আমি আবারও উপলব্ধি করলাম–তোমাকে অবহেলা করা পৃথিবীর সবচেয়ে কঠিনতম এক যুদ্ধ। যে যুদ্ধে গো হারা হেরে গিয়েও দিনের পর দিন সেই যুদ্ধ আমি অব্যাহত রাখছি। আরও উপলব্ধি করেছি, আমার নিকেশ কালো অন্ধকারাচ্ছন্ন জীবনে ক্ষণকালের জন্য আলো হয়ে আসা ইরা নামক চঞ্চলাকে আমি ইদানীং অসম্ভব মিস করি। তোমাকে আমার খুব মনে পড়ে, মেয়ে। আমার পুরুষ ব্যক্তিত্বের অহমিকা ভেঙে চৌচির হয়ে যায় ওই ছোট্ট মুখটাকে মনে পড়লে। শিশুদের মতো তোমার নরম নরম গাল ফুলানো অভিমানগুলো প্রায়শই আমার চোখের তারায় মেঘ হয়ে ভেসে বেড়ায়। কত মিঠাভাব, কত মায়া সেই মুখে!
শুনো মেয়ে, তোমাকে ছাড়া আমিও ভালো নেই। ভালো থাকতে নেই তোমায় ছাড়া! তোমার মন্দের কথা জেনেও আজ জিজ্ঞেস করতে ইচ্ছে করছে- কেমন আছো তুমি?
ইতি–
প্রিয়ম
চিঠিটা হাতে নিয়ে বার কয়েক চেয়ে থেকে কুটিকুটি করে ছিড়ে ফেললাম। এমন কত কত চিঠি যে গত এক বছরে ছেড়া হয়েছে, তারও ইয়ত্তা নেই।
কেমন খালি খালি লাগছে। রাত বাড়লেই আমি ভীত হই। পেলপিটিশনের উপসর্গ বোধহয় আবারও বাড়ছে। হৃদপিণ্ডের গতি চলছে দ্রুত। জোরে জোরে শ্বাস টেনে ঢকঢক করে শেষ করলাম এক গ্লাস পানি। সমস্ত মস্তিষ্ক জুড়ে কেবল ক্লান্তি ক্লান্তি... আর ক্লান্তি।
"কী ব্যাপার প্রিয়ম, তুই এখনও যাসনি? পুরো অফিস খালি। বাসায় যাবি কখন? এত কাজ না করে ঘরে গিয়ে বিশ্রাম নে, ইয়াং বয়। এর জন্যই তোদের বলি, বিয়েসাদী করে ফেল। অন্তত বউয়ের টানে হলেও কাজ ফাঁকি দিতে ইচ্ছে করবে।"
বলেই হু হা করে হেসে উঠলেন মিজান ভাই।
মিজান ভাই আমাদের অফিসের ম্যানেজার। এই মানুষটার কারণেই এত বড়ো একটা কোম্পানিতে পোস্টিংয়ের সুযোগ হয়েছে। তার সঙ্গে পরিচয় হওয়ার গল্পটা আরেকদিন বলবো।
আমি মৃদু হেসে হাই তুলতে তুলতে বললাম, "কত করে তো বললাম, শালিটা আমার জন্য বরাদ্দ রাখবেন। আপনি মিঞা আস্ত বেঈমান। বেছে বেছে বাবা-মা'য়ের একমাত্র মেয়েকে বিয়ে করে বসলেন। আমি যদি চিরকুমার থাকি, তার সবটুকু দায়ভারও আপনার। একটা বিবাহযোগ্য পাত্রকে শালি না দিয়ে আপনি যে মহা অপরাধ করেছেন, তার কোনো ক্ষমা নেই।"
মিজান ভাই শব্দ করে হেসে ফেললেন। প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে যেতে যেতে বললেন, "মন অন্য কোথাও আঁটকে থাকলে শালিও পোষাবে না, স্যার। ছাত্রী থেকে মন ফেরান। দরকার হয় দেশের সকল বড় বোনদের বিয়ে করে আপনাকে লাখখানেক শালি উপহার দেওয়া হবে। প্রিয়মের জন্য জান হাজির।"
আবারও হাসলাম মিছিমিছি।
অফিস থেকে বেরিয়ে ফুটপাত হয়ে হাঁটা ধরলাম। আশেপাশে রিকশা থেকে মামারা মৌমাছির মতো কিলবিলিয়ে ডাকাডাকি করছে। চট্টগ্রামে দিনের চেয়ে রাতের হৈচৈ'টা অধিক। অনেকটা পথ যেতে হবে জেনেও চড়লাম না রিকশায়। শরীরে অফুরন্ত ক্লান্তি জেঁকে বসলেও মাঝেমধ্যে আমি হেঁটে হেঁটেই বাসায় যাই। বাসায় ফিরে আবারও সেই ভালো থাকার নাটক। ঘুমহীন রাত পাড় করা। একঘেয়েমি এসে পড়েছে এসবের উপর। মানুষের কোলাহল, উৎসব, এসবও ইদানীং আর ছুঁতে পারে না আমায়। অদ্ভুত এক বিষক্রিয়া সমস্ত মস্তিষ্কজুড়ে।
আন্দরকিল্লা থেকে বহদ্দারহাট পর্যন্ত আসতে আসতে অনেকটা সময় লেগে গেলো। পথে একটা টঙের দোকানে সময় পাড় করেছি কিছুটা। বাসায় ফিরেছি রাত একটায়। ঘরে ফিরে একটা লম্বা শাওয়ার নিয়ে ডাইনিংয়ে এলাম। টেবিলে খাবার সাজিয়ে আমার অপেক্ষায় বসে আছেন আম্মা। শার্টের বুকের বোতাম লাগাতে লাগাতে বললাম, "ঘুমিয়ে পড়তেন। রাত জাগাটা আপনার ঠিক হয়নি, আম্মা। আপনি প্রতিদিন এভাবে না খেয়ে জেগে থাকছেন। শরীর খারাপ করবে।"
আম্মা জবাব না দিয়ে অপলক চেয়ে রইলেন ছেলের মুখের পানে। আমি জানি, আম্মার মনে এখন কী চলছে। তবে সেসব উপেক্ষা করা ছাড়া উপায় নেই আমার। এই মানুষটা হতাশ। ভীষণ রকম হতাশ। আমার শেষ এক বছরের বিধ্বস্ত পরিস্থিতি, তাদেরও কম ভোগায়নি। সেসব কথা আজ থাক!
আম্মার পাশে বসে আঁড়চোখে একটু চেয়ে খাবারে চোখ বুলালাম। আমার পছন্দের সব রান্না হয়েছে আজ। চার-পাঁচ পদের ভর্দা সাথে বেগুন ভাজা। ভাইয়ের মন ভালো করার জন্য প্রিয়তাই এসব করেছে। পেটে একরত্তি খিদে না থাকার সত্বেও একটা প্লেটে ভাত নিয়ে সবগুলো থেকে একটু একটু করে ভর্তা নিয়ে সাজিয়ে নিলাম। আম্মার চোখের দিকে তাকানোর সাহস আমার নেই। উনি কাঁদছেন। শেষ তিনশো পঁয়ষট্টিটা দিন এই মানুষটার চোখের পানি মুছতে মুছতে, আমিও কিছুটা ক্লান্ত।
ভাত মাখিয়ে আম্মার মুখের কাছে ধরলাম। তিনি মুখ না খুলে কেবল আমার দিকে চেয়ে রইলেন। আমি সেভাবেই হাতটা উনার মুখের কাছে ধরে রেখে দৃষ্টি নুয়িয়ে রাখলাম। আম্মা কিছু না বলে হাতের প্লেটটা নিয়ে টেবিলে রাখলেন। আমার মাথায়, কপালে, মুখে হাত বোলাতে বোলাতে অকস্মাৎ জড়িয়ে ধরলেন। আমি জানি, আগামী দশ মিনিট উনি এভাবেই থাকবেন। কাঁদবেন, ফুঁপিয়ে কাঁদবেন। আমি প্রতিদিনের মতোই বেশ সহজভাবে তার মাথায় হাত বুলালাম। আম্মা কান্নামিশ্রিত স্বরে আহাজারি করলেন, "আর কত? আর কত নিজেকে শেষ করবি এভাবে? প্রতিদিন তোর ঘর পরিস্কার করার সময় চার-পাঁচ প্যাকেট সিগারেট পাই। তুই কি এমন ছিলি? আমার প্রিয়মটা এমন ছিলো? প্রতি রাতে এতগুলো করে সিগারেট শেষ করিস। তোর শরীরের কী অবস্থা হয়েছে, একবার আয়নায় দেখেছিস? খাওয়া-দাওয়ার ঠিক নেই, দাঁড়ি কাটানোর নাম নেই। অফিস শেষ হয় আটটায়, তুই বাসায় ফিরিস মাঝ রাতে। এগুলো কোনো জীবন? ভাইয়ের শোকে প্রিয়তাটার মুখের দিকেও তাকানো যায় না। সারাটা রাত মেয়েটা দরজার কাছে বসে থাকে। কখন ভাই আসবে, কোনো বিপদ হলো কি-না। তুই বাবা এসব না করে আমাদের মেরে ফেল একেবারে! বাপ একবার মেরেছে, আরেকবার তুই মার! এভাবে বেঁচে থাকতে দমবন্ধকর লাগছে!"
বলে আবারও বুকে খামচে ধরে ফোপাঁতে লাগলেন। আমি একটা প্রগাঢ় শ্বাস ফেললাম। বরাবরের মতোই, জবাব খুঁজে পেলাম না কোনো।
"একবার খোঁজ নিয়ে তো দেখতে পারিস? এমনও তো হতে পারে, মেয়েটার বিয়ে হয়নি।"
চোখ বুঁজে ধাতস্থ হয়ে বললাম, "সত্যটা আমি মেনে নিয়েছি, আম্মা। আপনিও মেনে নিন। ইরা বিবাহিত। অন্যের বউ নিয়ে এমন কাল্পনিক স্বপ্ন না দেখা-ই ভালো।"
"অন্যের বউ!" কথাটা বলতেও যেনো কন্ঠটা কেঁপে কেঁপে উঠছিল। কম্পিত হয়ে আসে শ্বাসনালী। ইরা কোনো তৃতীয় পক্ষের স্ত্রী? কী ভয়ংকর ব্যাপার!
আম্মার হাতে কোনোরকমে কয়েক লোকমা খেয়ে ঘরে ফিরে বিছানায় এসে গা এলিয়ে দিলাম। অস্থির লাগছে। এপাশ-ওপাশ করলাম কিছুক্ষণ। ঘুম আসছে না। একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলাম। চারিদিকে মরণ নীরবতা। দূরে কোথাও টিমটিমে নিয়নের আলো জ্বলছে। সেই সাথে দিনের পর দিন জ্বলে চলছে আমার রিক্ত হৃদয়। ইরা বিবাহিতা! আজ, এতগুলো দিন পর এসেও এই চিরন্তন সত্যটা আমি মানতে পারছি না। দিনগুলো কোনোরকমে ব্যস্ততায় কেটে গেলেও আমার রাতগুলো হয়ে উঠে দীর্ঘ, অসহনীয়। আমি মানতে পারছি না তার হারিয়ে যাওয়া। ইরা আর ফিরবে না, এ-ও বুঝি মেনে নেওয়া যায়? মাঝেমধ্যে ভীষণ আফসোস হয়। নাহ, শুধু ইরাকে না পাওয়ার আফসোস না। তার জীবনে নিজের আগমন ঘটানোর আফসোস। পারতপক্ষে অবহেলা করতে চেয়ে তাকে ভালোবেসে ফেলার আফসোস। ইরাকে আমি সত্যিই ভালোবাসতে চাইনি। নিজের মনকে শেকল দিয়ে বেঁধে রেখেছি তার দিকে ভালোবাসার দৃষ্টি নিক্ষেপ হওয়ার অপরাধে। সত্যিই চাইনি নিজেকে এতটা দূর্বল করে ফেলতে। সবই ঘটেছে আমার সতর্কতার অগোচরে। যার বদৌলতে তার জীবন থেকে নিজেকে দূরে ঠেলে নিজেই পুড়েছি অসহনীয় বিচ্ছেদের পোড়া অগ্নিকুন্ডে। কী আফসোস! কী আফসোস!
বারান্দার ইজিচেয়ারটার বেশ কিছু জায়গায় সিগারেটের পোড়া দাগ লেগে আছে। আমি ইচ্ছে করে প্রতিদিন এটাকে একটু একটু করে পোড়াই। আমি পুড়ছি, তুই কেন পুড়বি না? আমরা একসাথে রাত জাগছি না? একসাথে মন খারাপ করছি না? তবে?
আচ্ছা, সে এখন কি করছে? নিশ্চয়ই সংসারের সকল ব্যস্ততা কাটিয়ে পরম আরামে শুয়ে আছে স্বামীর পাশে? যতটা পাশে থাকলে চট করেই ইরাকে স্পর্শ করে ফেলতে পারে অন্য পুরুষ। তার কিশোরী শরীরে এখন নিশ্চয়ই গিন্নি গিন্নি ভাব এসেছে অনেকটা? ইরার আচরণগুলো আগের মতোই আছে, না? এখনও কি বাবুইপাখির মতো অনর্গল কথা বলে মেয়েটা? অযৌক্তিক, অপ্রাসঙ্গিক গল্প করে? ঠোঁট নাড়ার সময় কন্ঠ থেকে ভেসে আসে মধুরসুরী কোকিলের ডাক? তার চাহুনি কি এখনও ওতটা তীক্ষ্ণ! ওমন তীক্ষ্ণতা নিয়ে নিজের স্বামীর দিকেও তাকায় সে? গালে হাত রেখে, মুগ্ধ হয়ে ডুবে থাকে চোখের তারায়? যেমনভাবে আমার চোখে ডুবে থাকতো? কারণে-অকারণে ফোন করে তাকেও কি খুব জ্বালায়? যেমনভাবে আমায় জ্বালাতন করতো! তার উপস্থিতিও কি ইরাকে অতটা কম্পিত করে? যতটা আমার আশেপাশে থাকাটা করতো? সে-ও কি দূরে বসেও ইরার বুকের ধুকপুকানি, প্রলয় শব্দ শুনতে পায়? ঠিক, আমার মতো! আঃ, কী হিংসুটে ভাবনা আমার!
রাত প্রায় ফুরিয়ে আসার পথে। কুয়াশায় আশপাশটা ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। ঠান্ডা বাড়ছে। সাথে শরীর, মনও শক্তি হারিয়ে ফেলছে। সেভাবে ক্লান্তি নিয়েই জীর্ণ দেহটা ছেড়ে দিলাম বেতে'র চেয়ারটায়। তারকারাজির আকাশ জ্বলজ্বল করছে তখনও। নিষ্পলক চেয়ে থেকে এভাবেই ইরার সঙ্গে আমার প্রতিদিন কথা হয়। ইরার একটা ছবি আছে আমার ফোনে। লুকিয়ে আমার ফোন থেকে সে-ই তুলেছিলো ছবিটা। ছবিতে কিশোরী ইরাকে খুব হাসিখুশি দেখাচ্ছে। তার সেই হাস্যজ্বল চঞ্চলা মুখ! এই ছবিটাই শেষ এক বছরে সঙ্গ দিয়ে এসেছে শূন্য প্রিয়মকে।
ছবিটার দিকে চেয়ে সিগারেটে টান বসালাম। তার ঠোঁটে, গলায়, চোখে হাত বোলাতে বোলাতে বলতে থাকলাম,
"আমাকে তুমি কতটুকু মনে রেখেছো, মেয়ে? একটু? একটু বেশি? নাকি... একটুও না?"
"আচ্ছা,তুমি কেন আমায় আগের মতো জ্বালাচ্ছ না, বলো তো? খুবই খারাপ করছো!"
"আমার ঘর থেকে আকাশটা খুব একটা দূরে না,জানো? আমি রোজ তাকে বিস্ময় নিয়ে দেখি, দৃষ্টি দিয়ে ছুঁয়ে দেই। তার বুকে উজ্জ্বল হয়ে থাকা চাঁদটাকে দেখি, তাঁরা দেখি, পৃথিবীর সমস্ত বিস্ময় আমি দেখি। দেখি না কেবল তোমায়! তুমি কি সেই বিস্তর আকাশের চেয়েও দূরে, ইরা? কতটা দূরে? মহাকাশ, কিংবা অনন্তকালের পথে? অতটাই দূরে, যতটা দূরে গেলে আর ফিরে আসা যায় না, না আর ফিরে পাওয়া যায় তোমায়?"