গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৭
#নাজমুন_নাহার
মাথার উপর ঝলসানো সূর্যটা ক্রোধান্বিত গৃহবধূর মতো দৃষ্টি বড় বড় করে চেয়ে আছে। শীতের নামধাম নেই। এই মাঘের শীতকেও একপ্রকার কাত করে দিচ্ছে বেটা বজ্জাত সূর্য। শার্টের উপরের বোতামটা খুলে বুকে ফু দিতে দিতে দোকানদারের বিল মিটিয়ে দু'টো সিগারেট নিলাম। মিজান ভাই মহা বিরক্তি নিয়ে চেয়ে আছেন। আমি টিপ্পনি কেটে কেটে বললাম,
"নাও নাও। ভাবী মাইর দিবে না, একটা টান মারো।"
উনি তেতো দৃষ্টিতে চেয়ে বললেন, "অতো পিরিতি দেখিয়ে কাজ নেই। এমনিতেই দেরি হয়ে গেছে।"
আমি কথা না বাড়িয়ে কয়েক টান মেরে সিগারেটটা শেষ করলা ঝটপট। পাশ ঘেঁষে তখন-ই দু'জন কলেজপড়ুয়া মেয়ে হেঁটে গেলো। একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ছে হাসতে হাসতে। উড়তি বয়সের মতো আচরণ তাদের। সাথে মুখ চলছে বারুদের মতো।
"উফঃ নীরব ভাই যে কবে আমার মনটা বুঝবে! মাঝেমধ্যে মনে হয়, উনি বুঝতে পারে। কিন্তু ইচ্ছে করে এমন করছেন। আমার ভাল্লাগে না, মিলু!"
প্রতুত্তরে পাশের জন বলল, " এই লোকের খুব ভাব! তা না হলে তোর মতো এমন একটা পরীর দিকে কি-না ফিরেও তাকাচ্ছে না? গন্ডারের মন নাকি! আমি হলে এক দেখাতেই বিয়ে করে ফেলতাম। এমন ঐশ্বরিয়া কিছুতেই হাতছাড়া করা যায় না।"
ঐশ্বরিয়া উপাধি পাওয়া মেয়ে জবাব দিলো, "যার তাকানোর, সে-ই তো তাকাচ্ছে না। এই বিউটি দিয়ে আমি কী করবো, দোস্ত? লস্ট বিউটি।"
"সে যাই বলিস, ভাইয়া তোর টিচার। বাসায় জানতে পারলে কী হবে ভাবতে পারছিস?"
ঐশ্বরিয়া মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, "ঘোড়ার লেজ হবে! টিচার হয়েছে তো সমস্যা কোথায়? টিচারটা প্রেম করবে না? তাদের কি বিয়ে করার অধিকার নেই? তাছাড়া, টিচার হওয়ার আগে উনি আমার ভাইয়ের বন্ধু। সেই সূত্রে, আগে থেকেই লাইকিং লাইকিং ব্যাপার ছিলো।
তারপর আর শুনতে পেলাম না। মেয়েগুলো অনেকটা দূর চলে গেলো। আমি না চাইতেও কিছুটা হেসে ফেললাম। হুট করেই মনের দুয়ার ফাঁক করে এক হিজিবিজি দিনের স্মৃতি নাড়া দিয়ে উঠল।
ইরার আর ওর ওই 'লাড্ডু' পরিচিতি পাওয়া বান্ধবী এমনই এক সকালে কাকতালীয়ভাবে আমার সামনে পড়েছিল। দুটোতে মিলে নীলক্ষেতে ঘুরঘুর করছে। কিছু বই কিনতে গিয়েই এদের সাথে দেখা। তবে আমি ওদের না দেখার ভান করে নিজের মতো বই দেখছিলাম। কিছুক্ষণ পর একই দোকানে এরাও এসে হাজির।
"ইরু, আমার মনে হয় এই পর্যায়ে তোর শক্তপোক্ত একটা হিন্টস দেওয়া প্রয়োজন। ক্লিয়ার হিন্টস। এবার আর সরাসরি না বললে হচ্ছে না। পাথর মেরে বেটার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। এ কেমন ধাঁচের লোক রে? আমারই সইছে না, তুই কীভাবে ধৈর্য্য ধরছিস বল তো? এতদিনেও মেয়েমানুষের হৃদয় বুঝল না? তোর প্রিয়ম স্যার একটা আস্ত মাথামোটা!"
ইরা সাথে সাথে চোখ গরম করে ধমকে উঠল ওকে, "উনার মাথা ফাটাবার আগে আমি তোর মাথা ফাটাব। একদম উনাকে নিয়ে আজেবাজে বকবি না।"
"ইশশ! পাত্তা পাও না তবুও কী পিরিতি! আমাকে নিয়ে তো কখনও এমন পীরিত করলা না?"
ইরা ফিক করে হেসে ফেলল। পরমুহূর্তেই কিছুক্ষণ চুপ থেকে বলল, "উনি বোঝেন, সবই বোঝেন। আমি ফিল করি। উনার চোখের দিকে তাকালেই ফিল করি। আমার সমস্ত অনুভব শক্তি বলে, উনি সব জানেন। মাঝেমধ্যে তো ভালোবাসাটাও বুঝে ফেলি। বেচারা শুধু মুখে কিছু বলতে পারছে না। জেন্টালম্যান কি-না!"
ইরার বান্ধবী তাচ্ছিল্য করে বলল, "পাগলের সুখ আশায় আশায়। হাল ছেড়ে দাও, বন্ধু। ও লোকের ভীষণ ভাব!"
বলে আমাকে উদ্দেশ্য করে আবার বললো, "ব্রাদার, আপনার কাজ শেষ হয়ে গেলে একটু ওই সাইডে দাঁড়াবেন? আমরা কিছু বই দেখবো। ইট’স আর্জেন্ট। ক্লাস শুরু হয়ে যাবে।"
আমি চুপচাপ সরে দাঁড়ালাম। তার কিছুক্ষণের মধ্যেই ইরা ডেকে উঠল,
"স্যার!" বিস্মিত কন্ঠে।
আমি ঘাড় ঘুরিয়ে দেখি, ইরার মুখ হা হয়ে আছে।চোখ গোল গোল করে চেয়ে আছে মেয়েটা। এমন ভান ধরলাম, যেনো এদের অস্তিত্ব এখানে আছে, সেটাই জানতাম না। কিছুটা অবাক হওয়া গলায় বললাম, "আরে ইরা যে! টেস্ট পেপার নিতে এসেছো বুঝি? গুড। দেখেশুনে কিনবে। আমার একটা ফোন এসেছে, বুঝলে? কাল সন্ধায় পড়াব। যাই।"
প্রতিদিন সন্ধাতেই পড়াই। তবুও কেন এই বেকুব মার্কা তথ্য দিয়ে বসলাম, কে জানে!
তাড়াহুড়ো করে না দেখেই দু'টো উল্টাপাল্টা বই নিয়ে তাৎক্ষণিক সেখান থেকে প্রস্থান নিলাম। পেছন থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, এত বড় ঘটনার পরও এদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। ইরা ওর বান্ধবীর উপর রাগ ঝাড়ছে। কিন্তু সেই বজ্জাত বান্ধবীর কোনো হেলদোল নেই। বরং সে আমার উদ্দেশ্যে এই ভরা নীলক্ষেতেই নাটকীয় সুরে গেয়ে উঠল:
"তোমার মনটা লোহায় গড়া
তোমার ইস্পাতেরই হিয়া
তোমায় বানাইয়াছেন বিধি
বড় কঠিন পাথর দিয়া......"
মিজান ভাই সিগারেট নামক এই অখাদ্যের ঘোর বিরোধী একজন মানুষ। উনি রোজ আমায় একগাদা উপদেশ দিতে থাকেন এই নিয়ে। ফুটপাতের সিগারেটের একটা ঠোঙা হাতে নিয়ে সেটার গায়ের লেখাটা দেখিয়ে বললেন, "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও তো মূর্খের দল এসব বালছাল গিলে যাচ্ছে। ফায়দা কী? আর এদের ধান্দামিটাও দেখ? ক্ষতির কথা বলেও সাপ্লাই বাড়াচ্ছে। মানে, হত্যা করার আগে ভিক্টিমকে সতর্ক করে দেওয়ার মতো ব্যাপার।"
বলে হু হা করে হেসে উঠলেন। আমি কোনোপ্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে আরেকটা টান বসালাম। পরপরই তাচ্ছিল্য করে হাসলাম। বোকা মানুষ! মরণ যন্ত্রণায় হৃদয়ের ক্ষতি হয়, মস্তিষ্ক জ্বলে ছাই হয়, অথচ এরা পড়ে আছে ফুসফুসের ক্ষতি নিয়ে! মরণ তো কেবল শরীরের অন্ত নয়। মরণ আসে ভেতরের আলো নিভে গেলেও। যার নাম, জীবন্ত মরণ। এই মরণ কেবল চোখ দিয়ে দেখার সাধ্য আছে কারো?
মিজানের ভাইয়ের উদ্যোগে আজকের লাঞ্চটা সবাই অফিসের সামনের রেস্টুরেন্টে করার সিদ্ধান্ত নেয়। আমার দ্বিমত থাকলেও এরা এক প্রকার ধরে বেঁধেই নিয়ে এলো। গরম গরম ভূনা খিচুড়ির সাথে হাসের মাংস। এই রেস্তোরাঁর খাবার এর আগেও অনেক খাওয়া হয়েছে আমার। শহরে হাসের মাংসের জন্য বেশ পরিচিতি এদের।
প্রায় সকলেই বেশ তৃপ্তি নিয়ে খিচুড়িটা শেষ করল। কিন্তু বিল নিয়ে হলো চরম বিড়ম্বনা। বহু টানাহেঁচড়ার পর আমাকেই এরা বলির পাঠা বানাল। এ মাসে বোনাস পাওয়ার ছুতো পেয়ে সমস্ত বিলের চাপ আমার ঘাড়ে ঠেকল। ছুটবার পথ না পেয়ে বাধ্য হয়েই বলিদান দিয়ে দিলাম বাড়তি বেতনটাকে।
বিল পরিশোধের জন্য রিসিপশনে দাঁড়িয়ে আছি বেশ কিছুক্ষণ। দুপুর টাইমে এখানে একটু বেশিই ভির পড়ে।
"আপা, আপনার ব্যাগ থেকে কিছু পড়েছে।"
কথাটা রিসেপশনিস্ট আমার পাশে দাঁড়ানো মেয়েটির উদ্দেশ্যে বলল। কিন্তু মেয়েটির সেদিকে খেয়াল নেই। বিল মিটিয়ে ফোনে কথা বলতে বলতে সে অন্যমনস্ক হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যায়। কয়েকজন স্টাফও ডাকল, কিন্তু তিনি শুনলেন না।
তার ব্যাগ থেকে পড়া সেই বস্তুটি হাতে নিয়ে লম্বা কদম ফেলে পিছু নিলাম তার। ততক্ষণে মেয়েটা লোকাল বাসে চড়ে বসেছে। বহু ডাকাডাকির পরও তার কর্ণগোচর হলো না। আইডিকার্ডটা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর। ওদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোয় খোঁজ নিলে হয়তো ফেরত দেওয়া সম্ভব। মেয়েটা যেহেতু অফিসের সামনে এসেছে, তার মানে এই এলাকা তার পরিচিত। যেকোনো সময় এখানে এসে নিজ উদ্যোগেই নিয়ে যেতে পারবে।
ভাবলাম, কার্ডটা রেস্টুরেন্টেই রেখে যাই৷ মেয়েটার পেতে সুবিধা হবে। তবে তার আগে কৌতুহলবসত আইডিকার্ডটায় চোখ বুলিয়ে মেয়েটার নাম দেখার চেষ্টা করলাম। আমার হাতের বৃদ্ধাঙ্গুলি ইতোমধ্যেই তার ছবিটা ঢেকে রেখেছে। তার চেহারা দেখার ইচ্ছে আমার নেই। তাই প্রথমেই চোখ বুলালাম পরিচয়পত্রে। ইংরেজি ক্যাপিটাল লেটারে ছোট ছোট করে লেখা, "
Name: JUBAYDA PRODHAN ERA
ID NO: ST-*****
CLASS: HONOURS (2023-24)
ROLL:201
Father: Aftab Prodhan
Mother: Meena Ahmed
কিছুটা হতবিহ্বল হয়ে আবারও পড়লাম। তারপর আবার। পরপর আট-নয়বার চোখ বুলিয়েও নিজের দৃষ্টিকে মিথ্যে প্রমাণ করতে সক্ষম হলাম না। আমি খেয়াল করলাম, আমার মস্তিষ্ক এলোমেলো হয়ে আসছে। তার ছবি থেকে নিজের আঙ্গুলটা সরানোর দুঃসাহসটা আমি কিছুতেই করতে পারছি না। যদি ছবির মধ্যে তার বদলে অন্য কেউ থাকে? কিংবা সে-ই.......
সে এখানে কীভাবে? তার তো এখানে থাকার কথা না। আমার কোথাও ভুল হচ্ছে না তো?
নিজের সঙ্গে বহু কালবিলম্ব করে একটা দীর্ঘশ্বাস ফেলে কাঙ্ক্ষিত জায়গাটা থেকে নিজের বৃদ্ধাঙ্গুল সড়ালাম। ছবিটার দিকে চেয়ে পাথরের মতো দাঁড়িয়ে থেকে মনের অবচেতনেই বলে উঠলাম, " অসম্ভব!"
আমার হাত কাঁপছে। পুরোপুরি চেতনাহীন লাগছে নিজেকে। এমন অনাকাঙ্ক্ষিতভাবে তার সঙ্গে দেখা হয়ে যাওয়াটা অবিশ্বাস্য। এটা অকল্পনীয়। আমি এক মুহুর্তেই থমকে গেলাম। ধীরে ধীরে সমস্ত শরীর বরফের মতো হিম হয়ে আসছে। পুরোনো ক্ষতটা জেগে উঠার জন্য ভীষণ ছটফট করছে। থেকে থেকেই কেমন অস্থির হয়ে আসছে মস্তিষ্ক। উত্তেজনার দরুণ নিঃশ্বাসের গতি বাড়ছে। বার কয়েক জোরে জোরে শ্বাস টেনে এদিক-ওদিক না চিন্তা করে বাইক নিয়ে বাসটার পিছু পিছু ছুটলাম। বহদ্দারহাট হয়ে কালুরঘাট এসে বাস থামতেই বাইক থেকে নেমে এক দৌড়ে বাসে চড়ে উঠলাম। কিন্তু, সে নেই কোথাও। সারা বাস হন্যে হয়ে খুঁজলেও কাঙ্ক্ষিত সেই মানুষটার দেখা পেলাম না। কন্ডাক্টর কাছে এসে বললেন," কী মামা, যাইবেন না?
আমি বোকার মতো উনার মুখের দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে রইলাম। উনি আবারও বললেন, "যাইবেন না আপনি?"
আমার ধ্যান ছুটলো। অস্থিরতায় শরীর ঘামছে। এদিক-ওদিক চোখ বুলিয়ে বললাম, "মামা, একটা মেয়ে উঠেছিল আপনাদের বাসে। বহদ্দারহাট থেকে উঠেছে। পরনে সাদা কুর্তি আর নীল রঙের পাজামা-ওড়না। উনি কোথায় নেমেছে?"
উনি বেশ মনোযোগ দিয়ে পুরো বাসে চোখ বুলিয়ে বললেন, "আমাদের বাস তো বহদ্দারহাট থেকে কোনো প্যাসেন্জার নেয়নাই, মামা। সততা নামের তো শুধু একটা বাসই চট্টগ্রাম শহরে চলে না। একই নামের তিরিশটা বাস। একটু আগে তো কবিরার বাস গেসে। হয়তো ওরটায় উঠলে উঠতে পারে।"
"ওইটা কোথায় থামবে, বলতে পারেন?"
উনি আমার দুশ্চিন্তাগ্রস্ত মুখের পানে চেয়ে বেশ বিনয়ের সঙ্গে বললেন, "লোকাল বাসের তো ঠিক না-ই। যেখানে-সেখানে থামতে পারে। তবে আপনি যেই বর্ননা দিলেন, তাতে কইরা মনে হইতাসে মাইয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হইবো। জিরো পয়েন্টে গিয়া দেখতে পারেন। ওইখানেই নামার সম্ভাবনা বেশি।"
সেই দুপুরে আমার আর অফিসে ফেরা হয়নি। তন্নতন্ন করে পুরো শহর খুঁজেছি তাকে। কোথাও পাইনি। কেন এমন দিশেহারা হয়ে সেই মানুষটাকে খুঁজছি, আমার জানা নেই। শুধু মনে হচ্ছিল, একটবার দেখা হওয়ার প্রয়োজন।
অফিস থেকে বাসায় ফিরেই মিজান ভাই ফোন করলেন। উনার ফোন আসাটা অনাকাঙ্ক্ষিত নয়।
সে রিসিভ করতেই অত্যন্ত বিচ্ছিরি কয়টা গালি ছুঁড়ে তার আঞ্চলিক সুরে বলে উঠলেন, "তোয়র তুন কি মনো হর হ চাই? আরে বালা থাইকতে ন দিবে? তোয়ারে ফাই....। শালার বউ ইবেও এতো জ্বালা ন জ্বালায়, তুই যত জ্বালাইতে লাইগ্গো।"
আমি প্রতুত্তর না করে বিরস মুখে বললাম, "আমি আপনাকে পরে ফোন করবো, ভাই। রাখি।"
সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। ঘরে আলো পেয়ে কৌতুহলী হয়ে প্রিয়তা উঁকি মারল। দরজায় দু'টো টোকা মেরে জিজ্ঞেস করলো, "ঘুমাসনি, ভাইয়া?"
কিছুটা ধাতস্থ হয়ে বললাম, " ঘুম আসছে না৷ আয়।"
প্রিয়তা বোধহয় কিছু একটা ধরতে পারলো আমার চেহারা দেখে। মুখোমুখি বসে নরম গলায় জানতে চাইলো, "মন খারাপ?"
আমি কোনোপ্রকার ভনিতা না করে বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে থেকে বললাম, "ইরার সাথে দেখা হয়েছিল আজ।
প্রিয়তা তাৎক্ষণিক কোনো জবাব খুঁজে পেলো না।
"ও কেন আবার আমার সম্মুখীন হলো, প্রিউ? আই কান্ট ফেইস ইট এনিমোর। আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে।"
চোখ বেয়ে এক ফোঁটা পানি শার্টের উপর পড়ার আগেই নিজেকে সামলে নিলাম। এই এক বছরে আমার সমস্ত দূর্বলতার কথা প্রিয়তার জানা হয়ে গিয়েছে।
বিছানার একপাশে পড়ে থাকা ইরার আইডিকার্ডটা তুলে সেটায় চোখ বুলিয়ে প্রিয়তা জবাব দিলো, "কোথায় দেখেছিস?"
"অফিসের নিচে।"
বেশ কিছুক্ষণ পিনপতন নীরবতা। কিছু একটা ভেবে প্রিয়তা বলল, "চবিতে আমার একটা ফ্রেন্ড পড়ছে। ২০২৩-২৪ সেশনেরই। ফেকাল্টি আলাদা হলে-ও হয়তো কিছু একটা তথ্য বের করতে পারবে। ওর কাছ থেকে একবার খোঁজ নিবো?"
কপালে আঙ্গুল ঠেকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। প্রিয়তা বোধহয় উত্তরটা জানে। সে আইডিকার্ডটায় ইরার ছবিতে হাত বুলিয়ে বলল, "তোকে আর এভাবে দেখতে পারবো না আমি। প্লিজ ভাইয়া!
আমি পুরোপুরি বোধবুদ্ধি হারিয়ে ফেলার মতো করে জিজ্ঞেস করলাম, "কী করা উচিত?"
"কখনও কখনও না চাইতেও জীবনকে আরও একটা সুযোগ দিতে হয়। দুঃখ জেনেও সুযোগটা দিতে হয়। ঝুঁকি বুঝেও দিতে হয়। নয়তো আফসোস থেকে যায়। আমার মনে হচ্ছে, সৃষ্টিকর্তা আজকের ঘটনাটা এমনি এমনি ঘটাননি। ইরার এই শহরে থাকার কথা না,ভাইয়া। সৃষ্টিকর্তার প্রত্যেক কাজের পেছনে গভীর গল্প আছে। আই ডোন্ট নৌ হুয়াট উইল বি ইন নেক্সট। কিন্তু মনকে কষ্ট দিস না। এবার অন্তত মনের শোন!"
প্রিয়তা বেশ কিছুক্ষণ আমার সাথে বারান্দায় বসে রইলো। একবছর আগের মতো স্বাভাবিক গল্প করলো। এই এক বছরে আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। পরিবার, সমাজ, সবকিছু। বাবা মারা যাওয়ার পর থেকে বন্ধু বলতে আমি প্রিয়তাকেই বুঝতাম। এই পৃথিবীর আম্মার চেয়েও বেশি যে-ই মেয়েটা আমায় ভালোবাসে। আমার দুঃখ দেখলে যার পৃথিবী ভেঙে পড়ে!
"ঘুমিয়ে পড় ঘরে গিয়ে। কালকে তোর এক্সাম না? শরীর খারাপ করবে। ঘরে যা।"
প্রিয়তা যেতে চাইল না৷ পরিক্ষার কথা চিন্তা করে উঠে দাঁড়ালো।
'ঘরে যা' বলেও ওর যাওয়ার পানে একধ্যানে চেয়ে রইলাম। মনে মনে আমিও চাইছি না ও চলে যাক। প্রিয়তা চলে গেলেই আবারও সে-ই বিষন্নতা'রা ঘিরে ধরবে আমায়।
পরক্ষণেই আবার ডেকে উঠলাম, "প্রিউ!"
প্রিয়তা ফিরে তাকালো। "হু?"
"আমি সাহস পাচ্ছি না। যদি অসহনীয় কিছুর সম্মুখীন হতে হয়? যদি....."
প্রিয়তা হেসে ফেলল।
"মাস্টারমশাই দেখছি ছাত্রীকে নিয়ে মহা আতঙ্ক করছেন? আপনার ছাত্রী জানতে পারলে কিন্তু অজ্ঞান টজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। শোন, অনাকাঙ্ক্ষিত কিছু হলেও তুই কাজটা করবি। অনেক প্রশ্ন আছে, এগুলোর উত্তর জানা দরকার। জীবনটাকে আর এত কঠিন বানিয়ে ফেলিস না, ভাইয়া!"
ঘরে আলো নেই। আজ পূর্ণিমা। জানালাটা খুলে একমনে বাইরে চেয়ে রইলাম। গ্রিলের ফাঁক গলে চাঁদের রশ্মি এসে মেঝে ছুঁয়ে দিচ্ছে। থেকে থেকেই হৃদয় অস্থির হয়ে উঠছে। কোথা হতে একটা বিষন্ন সুর শোনা যাচ্ছে। কেউ কেমন আক্ষেপ করে গাইছে,
"যার কথা মন ভেবে যায়
যার ছবি মন একেঁ যায়
যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা...... "
[আমি একটু অসুস্থ। যার কারণে ডেসক্রিপশন কম হয়েছে]