গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৮
#নাজমুন_নাহার
চোখ মেলে প্রিয়তাকে শিউরে বসে থাকতে দেখে অনেকটা ভরকে গেলাম। ভূত দেখার মতো কেঁপে উঠতেই প্রিয়তা শব্দ করে হেসে ফেলল।
"ভয় পেয়েছিস?"
আমি জবাব না দিয়ে চোখ গরম করে চাইলাম। প্রিয়তা জানালা, বারান্দার দুয়ার খুলে দিতে দিতে বলল, " পাঁচ মিনিটের মধ্যে নাশতা শেষ করে রেডি হতে হবে। তাড়াতাড়ি উঠ।"
কিছুটা বিরক্তি নিয়ে আবার চোখ বুজতে বুজতে বললাম, "মাইর না খেতে চাইলে জানালার পর্দা টান,প্রিউ।"
প্রিয়তা কোনো বিরোধিতা করলো না। সত্যি সত্যিই জালালা,দরজা বন্ধ করে দিলো। যাওয়ার আগে কেবল বলল,
"তাহলে আমি একাই ইরার সাথে দেখা করে আসি,কেমন?"
এক লাফে শোয়া থেকে উঠে বসলাম। প্রিয়তার ঠোঁটে মিটিমিটি হাসি।
"কার সাথে দেখা করবি?"
প্রিয়তা জবাব দিলো না। বাঁদরটা আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে ভাব নিয়ে ঘর থেকে বেড়িয়ে গেলো।
দু ভাই-বোনকে একসাথে নাশতার টেবিলে দেখে আম্মা কিছুটা অবাক হলেন। সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে জানতে চাইলেন, "বের হচ্ছিস কোথাও?"
দু'জন চোখাচোখি করলাম। প্রিয়তার ঠোঁটে শয়তানি হাসি। ভনিতা না করে বলতে গেলো, "ভাইয়ার....
আমি চোখ গরম করে চাইতেই কিছুটা সতর্ক হয়ে পূনরায় বলল, "ভাইয়াকে আমার ভার্সিটিতে আজকে নিয়ে যেতে হবে, আম্মু। একটা সিগনেচার লাগবে।"
আম্মা আর কিছু বললেন না। প্রিয়তা কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, "অফিসে কী বলে ম্যানেজ করবি?"
"মিজান ভাইকে লাগিয়ে দিয়েছি। হাফ টাইমের পরে গেলেও হবে।"
রাস্তার পাশের জারুল গাছের সরু ডালে দু'টো ঘুঘু পাখি-যুগল বসে আছে। মান-অভিমান চলছে এদের মাঝে। প্রেমিকের শরীর তার সাথে ঘেঁষতেই অভিমানী মাদি ঘুঘু এক পা এক পা করে নিজেকে সরিয়ে নিচ্ছে। পুরুষ পাখি যথেষ্ট সহনশীলতার সঙ্গে প্রেমিকার মান ভাঙাবার কাজে লেগে আছে। প্রেমিকা এক ডাল থেকে উড়ে আরেক ডালে বসছে, আর প্রেমিকও তার পিছু পিছু ছুটছে। প্রেমিক মহাশয় ছাড়বার পাত্র নয় একেবারেই। গায়ের সঙ্গে গা লেপ্টে দাড়াচ্ছে খানিক পরপর। প্রেমিকার পাখায় কামড় বসিয়ে তাকে নিজের কাছে আনার চেষ্টা চলছে। কিন্তু সে-ই মাদি পাখির রাগ ভাঙার নামই নেই। এই শহরে চাকরি খোঁজার চেয়েও বোধহয় প্রেমিকার মান ভাঙানো বেশি কঠিন।
গায়ে কোনোপ্রকার শীতের কাপড় না পরেই বেড়িয়ে পড়েছিলাম। এখন অনেকটা ঠান্ডাবোধ হচ্ছে। প্রিয়তা বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইলো আমার পানে। বললাম, "কী?"
ও পা উচিয়ে আমার মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, "তোর কমন সেন্স কবে হবে রে, ভাইয়া? এমন আধমরা রঙের শার্টটা আজকে পরে এসেছিস কোন শোকে?"
ক্যামেরা অন করে চুলে ব্যাকব্রাশ করতে করতে কিছুটা বিরস মুখে বললাম, "বেশি খারাপ দেখাচ্ছে?"
ও ভালোভাবে দেখে মুচকি হাসল। বলল, "খারাপ লাগার প্রশ্নই আসে না। তোকে সবই মানিয়ে যায়। তাও, তুই একেবারেই রোমান্টিক মানুষ না। নিজের প্রতি খুব উদাসীন। তোর জন্য ইরাই ঠিক আছে, বুঝলি? অন্য কেউ এমন রঙচটা কিসিমের মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে না।"
হেসে ফেললাম দু'জনেই।
আজ চবিতে একটা কালচারাল প্রোগ্রাম আছে। প্রিয়তার যে-ই বান্ধবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মেয়েটা ইরাকে চিনে। সবটা শুনে সে-ই এখানে দাঁড়ানোর পরামর্শ দিলো। এই পথ দিয়েই ওরা আসবে। সম্ভবত প্রিয়তার বান্ধবী ইরাদের সাথে একটা এক্টিভিটিতে কোলাবোরেশান করছে। বহিরাগত হয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে অস্বস্তিবোধ করছিলাম বলে অবলার মতো দুই ভাই-বোন এখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছি। অনেকক্ষণ অপেক্ষা করেও কারো কোনো দেখা পেলাম না। কিছুটা বিরক্তি নিয়ে প্রিয়তাকে বললাম,"আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? ফোন কর তোর বান্ধবীকে।"
প্রিয়তা ওর বান্ধবীকে ফোন করল। ফোন রিসিভ করার পর অপর পাশ থেকে কী জবাব এলো, শুনতে পেলাম না। ততক্ষণে দমকা হাওয়া শুরু হয়েছে। কোথা হতে এক টুকরো সবুজ পাতা উড়ে এসে ঘাড়ের উপর পড়ল। কিছুক্ষণের মধ্যেই ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি গায়ে লাগতে শুরু করেছে। মিনিট কয়েকের মধ্যে এলোমেলো ঝড় বইতে লাগল। মাঘের মধ্যভাগে এসে শ্রাবণের মতো অঝোর বৃষ্টি শুরু হলো হুট করেই। বাতাসের তোড়ে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। প্রিয়তাকে নিয়ে রাস্তার পাশের একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম। হতভাগ করার মতো আবহাওয়া। প্রিয়তা আবারও তার বান্ধবীকে ফোন করল। সিরিভ করছে না। বাতাসের শোঁ শোঁ আওয়াজ, বৃষ্টির হিসহিসে সুরের সাথে একজনের নরম গলার আওয়াজ কোথা হতে এসে ঝাপসা হয়ে কানে লাগছে। আশেপাশের সবকিছু ছাপিয়ে কেবল সে-ই সুরই বেহালার মতো আমার কানে পৌঁছালো। একটা মিষ্টি, আদুরে কন্ঠ। বৃষ্টি আর সে-ই কন্ঠ মিলেমিশে যেনো মধুর ঐকতান জুরেছে। অকারণেই হৃদপিণ্ডের উঠানামা হুট করেই ধুকপুক করে শব্দ তোলা শুরু করেছে। মেঘের কল্লোলের সাথে মিশে গিয়েছে আমার সমস্ত ভাবনা। সামনে এসে একটা রিকশা থামল ঠিক তখনই। রিকশা থেকে নেমেই দু'টো মেয়ে এক দৌড়ে এসে উল্টোপিঠ হয়ে আমাদের সামনে দাঁড়াল। তাঁদের শাড়ীর অনেকাংশ ভিজে একাকার। বৃষ্টির ঝাপসাভাবের কারণে তাদের কারো চেহারাই দৃশ্যমান হয়নি। এই দুর্দশার মধ্যেও মেয়ে দু'টো খিলখিল করে হাসছে। আমি খেয়াল করলাম, আমার নিঃশ্বাসের গতি প্রগাঢ় হচ্ছে। এমন লাগার কারণ তাৎক্ষণিক ধরতে পারলাম না। চোখ বুঁজে জোরে জোরে শ্বাস টেনে ধাতস্থ হলাম। দোকানের ছোট্ট স্পিকারে একটা গান বেজে উঠল ঠিক তখনই।
আজ যাও মেঘ যাও
তুমি বলো তারে
এই মন কাঁদে হায়!
সাজনা... বারসে হে কিউ আখিয়া....
"ইশশ! এত বৃষ্টিতে কীভাবে কী হবে, ইরা? না জানি পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে যায়!"
অপর পক্ষ থেকে ছোট্ট করে জবাব এলো,
"একটু অপেক্ষা করি।"
শেষের স্বরটা যেনো ধনুকের মতো আমার বুকে এসে বিঁধল। আমি থমকে গেলাম এক মুহুর্তে। একটা সূচালো ব্যথা জেগে উঠার জন্য কেমন ছটফট করছে সমস্ত হৃদয়জুড়ে।
"সামনেই একটা দোকান আছে। ওখানে ছাতা কিনতে পাই কি-না, দেখে আসব?"
সে-ই কন্ঠটা আবারও বলে উঠল, "ভিজে গিয়ে ছাতা কিনে আনার ফায়দা কী? লাগবে না।"
"দেড়ি হওয়ার চেয়ে একটু ভিজলে কিছু হবে না। এক মিনিটের পথ। যাবো আর আসবো।"
মেয়েটা চলে যাওয়ার কিছুক্ষণ পর চোখে কিছু একটা ইশারা করে প্রিয়তাও চলে গেলো তার পিছুপিছু। এই মুহূর্তে এখানে কেবল আমি আর.....
আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি একটু একটু করে পেছাতে পেছাতে ঠিক আমার কাছাকাছি এসে দাঁড়িয়েছে এই পর্যায়ে। তার নারীসুলভ শরীর থেকে ভেসে আসছে মাতাল করা চন্দনের সুভাস। প্রতি নিঃশ্বাসে যে সুভাস আমার চেতনা কেঁড়ে নিচ্ছে। বিভোর করে তুলছে সমস্ত পৌরুষতাকে। কনকনে শীতের উপর তুমুল বর্ষণের একটা সকাল। বৃষ্টির তীব্রতা বাড়ছে। ফোঁটা ফোঁটা বর্ষণ তার শাড়ী ভিজিয়ে একাকার করে দিলো। বৃষ্টির উস্কানিতে ঠান্ডা বেড়েছে অনেকটা। সে-ই ঠান্ডা আপাতত আমলে নিলাম না। শীতের প্রকোপে থরথর করে শরীর কাঁপতে থাকা রমণীটির দিকে অপলক চেয়ে রইলাম। সে তার বাম পাশের পিঠের উপর ঝুলে থাকা সবুজ আঁচলটা খুব সাবধানে টেনে ডানপাশে রাখল। শীত থেকে বাঁচতে আরেকটু ভেতরে এসে দাঁড়াল। চারিদিকে আষাঢ়ের মতো ছায়াময় অন্ধকার। পুরো রাস্তা ফাঁকা। মনে হচ্ছে, এই শহরে আমি আর সে ছাড়া আর কেউ নেই। কেউ না!
আমার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা রমণীটি তখনও আমার দিকে ফিরে তাকায়নি। আমিও বাকহারার মতো চেয়ে আছি। অজস্র কথা বুকের পরে খুচরো পয়শার মতো জমিয়ে রাখলেও কাঙ্ক্ষিত লগ্নে এসে যেনো সমস্ত কথাই হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম নিজেকেও। নিশ্চুপে, নিভৃতে আমরা দু'জনেই কেবল আকাশের কান্না শুনছি। কী ঘটেছিল এই এক বছরে? সে কোথায় ছিল, কেমন ছিল, কিচ্ছু জানতে চাইলাম না। কেবল উপভোগ করলাম এই নীরবতাটুকু। হায় বিধাতা! এ কেমন ছটফটানিময় পরিস্থিতিতে তুমি ফেললে আমায়!
আমার ভাবনার মাঝেই তার ফোন বেজে উঠল। অপর পাশের আলাপন শুনলাম না। তবে আমার পরিচিত কন্ঠকে বেশ উদ্বিগ্ন শোনালো,
"কী! এতক্ষণ এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকব? মিলা প্লিজ, তুমি তাড়াতাড়ি আসো।"
জবাবের পর সে আবারও বলল,"এখানে কেউ নেই। তুমি কার কথা বলছো?"
ফোনটা কানে রেখেই পেছন ফিরে তাকাল সে। ঠিক তখনই একটা প্রকাণ্ড শব্দ করে বাজ পড়ল কোথাও। পড়ল না কেবল আমাদের দুজনের বিস্ময়ভরা চোখের পলক। এতগুলো দিন পেরিয়ে পুরোনো অস্তিত্বের দেখা পেয়ে হারালাম চেতনা। মুহুর্তেই মস্তিষ্কটা চোখের সম্মুখে টেনে আনতে চাইছে অতীতের সমস্ত স্মৃতি। আমার হৃদয় ভারহীন হয়ে উঠল তাৎক্ষণিক। ওর মুখে চেয়ে ফেললাম এক প্রগাঢ় শ্বাস। হ্যা, ঠিক এই মুখটা দেখার জন্যই তো ব্যাকুল হয়ে উঠেছিলাম এতগুলো দিন! এই মেয়েটাই তো কেঁড়ে নিয়েছিল প্রিয়মের পুরুষ মনের সমস্ত অহমিকা। আমার ইরা! চঞ্চলা হরিণীর মতো সরস ইরা! আদুরে পাখি আমার!
পলক না ফেলে এক কদম বাড়ালাম তার দিকে। তার চোখে তখনও সমান বিস্ময়। যেনো একবছর না, প্রায় কয়েকশো কোটি যুগ পর মুখোমুখি হলো দুই জোড়া দৃষ্টি। যেই দৃষ্টিতে কেবল তৃষ্ণা আর তৃষ্ণা!
জীবনানন্দের একটা কবিতা আছে।
"আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু-
একই আলোপৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি?’"
এসব লাইন তিনি আমার জীবনের এই ক্রান্তিলগ্নের কথা ভেবে লিখেছিলেন কি-না, কে জানে!
ইরা ওভাবেই চেয়ে আছে। বিস্মিত নয়নে, তন্ময় হয়ে। চোখের কোটরে একটু একটু করে অশ্রু জমতে শুরু হচ্ছে কি? বোধহয় হচ্ছে। কিন্তু সেই বাধ্য অশ্রুধারা মালিকের অনুমতি ব্যতিতে ধুলোর পৃথিবীতে আসার দুঃসাহস দেখাল না। গড়িয়ে পড়ল না তার পেবল গাল বেয়ে। সে কিছুই বলছে না। না আমি কোনো কথা খুঁজে পাচ্ছি।
তার দৃষ্টিতে আবিষ্কার করলাম নিজের জন্য কয়েক জনমের ঘৃণা। সেই ঘৃণাভরা দৃষ্টিদের চৈতন্য ফিরতেই সে আর এক মুহূর্তও দাঁড়াল না এখানে। এই বৃষ্টির মধ্যেই বেড়িয়ে পড়তে চাইলো ভেজা রাস্তায়। আমি দুই কদম পা পেলে সঙ্গে সঙ্গে টেনে ধরলাম তার হাত। ততক্ষণে দু'জনেই ভিজে একাকার।
আমার হাতে বিস্ময় নিয়ে চেয়ে থেকে অনেকটা ক্ষোভ নিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো ইরা। কন্ঠে অচেনা সুর টেনে বলে উঠল,"হাত ছাড়ুন! রাস্তাঘাটে এসব কেমন অসভ্যতামি? আমি কিন্তু চিৎকার করবো।"
আমি হাত ছাড়লাম না। নিশ্চুপে চেয়ে রইলাম ওই মুখে। এই মুখটা, হ্যা, এই মুখটা দেখার জন্যই তো এতগুলো দিন উন্মাদ হয়ে উঠেছিলাম। ইরা আগের মতো নেই। সে আমায় সেই কোমলতা দিয়ে দেখছে না কেন? মেয়েটা দূরে যেতে চাইছে। ইরাকে বোঝানোর সাধ্য আমার নেই, তার এমন বিতৃষ্ণা ভরা দৃষ্টি আমার বুকের ভেতরটা তোলপাড় করে তুলছে। ছিন্নভিন্ন করে ফেলছে আমায়। সমস্ত মস্তিষ্ক অদৃশ্য যন্ত্রণায় অসার হয়ে আসছে।
ইরা আমার শক্তপোক্ত হাত থেকে নিজের পেলব হাতের বাঁধন ছাড়ানোর বৃথা চেষ্টা করেও পারল না। আমি অকস্মাৎ তাকে নিজের কাছে টেনে অসহায় স্বরে জানতে চাইলাম,
"তুমি বিয়ে করেছো?"
ইরা তাৎক্ষণিক কোনো জবাব খুঁজে পেলো না। কিছুটা অবাক দৃষ্টিতে চেয়ে রইলো।
"বিয়ে করেছো, কি-না?"
একটা প্রগাঢ় দীর্ঘশ্বাস ফেলে কেমন নিষ্ঠুরের মতো মেয়েটা বলতে শুরু করল, " এক বছরে সাহসের দেখছি ভালোই উন্নতি হয়েছে? আপনি একজন বিবাহিতা মেয়ের হাত টেনে ধরেছেন, মিস্টার প্রিয়ম। পরের নারী, পরের ঘরণী। কত বড় পাপ, বুঝতে পারছেন?"
কথাটা শোনামাত্রই আমার হাত আপনাআপনি শিথিল হয়ে এলো। শরীর ছেড়ে দিলো ভার। আমি ঠিক শুনেছি?
ইরা নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। এ পর্যায়ে তার দৃষ্টি ছলছল, কন্ঠ ক্লান্ত, "আপনার-আমার পথচলার নিয়তি আপনি নিজ হাতে মুছে দিয়েছেন। অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি আমি। এখনের সময়টা শুধুই অসময়। আর ফিরে তাকানোর সুযোগ নেই। ভালো থাকবেন।"
তাকে আটকানোর মতো কোনো ছুতো আমার অভিধানে ছিলো না। ইরা চলে গেলো। আমিও আর ফেরালাম না। নিঃশব্দে তার যাওয়ার পানে চেয়ে রইলাম। একটু একটু করে কিছুক্ষণের মধ্যে তার অবয়বটুকুও কুয়াশার মতো মিলিয়ে গেলো। আমি অসহায়ের মতো চেয়ে আছি সেই ম্লান হয়ে আসা শূন্যে। পাথরের মতো দাঁড়িয়ে রইলাম অনেকটা সময় ধরে। যেনো ভূমিধসের কবলে পড়া সুউচ্চ পাহাড়ের মতো ভেঙে পড়েছি অবতলে। নিঃস্ব, বিধ্বস্ত এক মানব মূর্তি। এই প্রথম উপলব্ধি করলাম, আমি দুঃখ পাচ্ছি না। বিচ্ছেদ আমায় ছুঁতে পারছে না। কেবল মনে হচ্ছে, আমি মরে যাচ্ছি। চাতক পাখির মতো ছটফট করছি বেঁচে থাকার অভিলাষে।
প্রিয়তা কোথা থেকে এসে পাশে দাঁড়াল, খেয়াল করলাম না। ও উদ্বিগ্ন হয়ে আমার বাহু টেনে ধরল। উত্তেজিত হয়ে বলল, "এভাবে ভিজছিস কেন? ভাইয়া! এমন করছিস কেন তুই? ইরা কোথায়? কী হয়েছে? চল, বাসায় চল।"
আমার ভ্রম কাটল ওর আওয়াজে। প্রতুত্তর না করে কিছুক্ষণ চেয়ে থাকলাম। তারপর ওর চুলে আলতো করে হাত বুলিয়ে হাসার চেষ্টা করে বললাম, "কিছু হয়নি। তোকে রিকশায় তুলে দেই, আয়।"
প্রিয়তা হাত ছাড়িয়ে বলল, "আমাকে রিকশায় তুলে দিবি কেন? তুই যাবি না?"
একটা রিকশা ডেকে ওকে তুলে দিয়ে বললাম, "আমি অফিসে যাবো। বাসায় পৌঁছে মনে করে ফোন দিবি,হু?"
প্রিয়তা আমার কথা বিশ্বাস করেনি। ও জানে, আমি হাফ টাইমের ছুটি নিয়েছি। তবুও ভুলিয়েভালিয়ে রিকশায় উঠালাম।। প্রিয়ুর মুখটা এত অসহায় দেখালো! যতদূর আমাকে দেখা গেলো, রিকশা থেকে মাথা বের করে মেয়েটা ততক্ষণ চেয়ে রইলো।
মাঝ রাত।
ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারিপাশ। তারই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে আশপাশটা কেমন ভূতুড়ে দেখাচ্ছে। বড় বড় গাছপালার ঘনত্বের কারণে ডিসি হিলের পেছনের দিকটা দিনের বেলাতেও অনেকটা গা ছমছমে হয়ে থাকে। পাহাড় গা কেটে সিঁড়ির মতো বসার জায়গা করা হয়েছে। নার্সারিও আছে দক্ষিণ দিকে। একটা সিগারেট ধরিয়ে মোহাচ্ছন্ন হয়ে চোখ বুঁজে বসে রইলাম। কয়েকটা নেড়ি কুকুর ঘুরঘুর করছে আশেপাশে। ওরা কি আমারই মতো নিঃস্ব আর একা?
আমার কাঁদতে ইচ্ছে করছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পুরো পৃথিবী তোলপাড় করে ভাঙচুর করতে ইচ্ছে করছে। আমি আবারও শূন্য হলাম! এবার আর পূর্ন হওয়ার কোনো পথ নেই।
দু ফোঁটা অশ্রুকণা এসে শার্টের বুক ভেজাল। বড় ক্লান্ত লাগে। ইয়া আল্লাহ! তুমি মুক্তি দাও!
সারাটাদিন ফোন বন্ধ ছিল। মাঝ রাতে ফোন অন পেয়েই তাই বাসা থেকে অনবরত ফোন আসতে শুরু হয়েছে। পরপর দশ-বারো বার রিং হওয়ার পর রিসিভ করে অনেকটা ধমকের স্বরে বললাম, "আপনার সমস্যা কী, আম্মা? এতবার কেন ফোন করছেন? রাত করে বাসায় ফেরার অভ্যাসটা আমার নতুন নয়। চাবি আছে আমার কাছে। ঘুমিয়ে পড়ুন।"
আম্মা জবাব দিলেন না। নিজের অপরাধ বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে গেলেন। কিছুক্ষণ পর প্রিয়তা ফোনটা কেঁড়ে নিয়ে বলল, "বিরহ করা শেষ হলে বাসায় আয়। আম্মা আর আমি এখনও খাইনি। পেটে চো চো করে ইঁদুর দৌড়াচ্ছে।"
কিছুটা ঝাঁঝ নিয়ে বললাম, "চর না খেতে চাইলে আম্মাকে ভাত খায়িয়ে নিজেও খা। আমার দেরি হবে।"
প্রিয়তা আমোদ করে বলল,"আজ কি রান্না হয়েছে জানিস? ইলিশ-পোলাওওওও! বাসি হওয়ার আগে বাসায় ফির।"
প্রিয়তার কন্ঠ স্বাভাবিক। আমি কিছুটা রাগ ঝেড়ে ফোন কেটে দিলাম। এই খাওয়া-পরার তথ্য জানার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। প্রিয়তা তাৎক্ষণিক আবার ম্যাসেজ পাঠালো, "টেনশন নিস না। আমি গোপন সূত্রে জেনেছি, তোকে সতীন বানাতে ইরার হাসবেন্ডের কোনো আপত্তি নেই। চিল।"
আমি হতভাগ হয়ে ম্যাসেজের পানে চেয়ে রইলাম। রাগও হচ্ছে অনেকটা। ইচ্ছে তো করছে বাদরটাকে বাসা থেকে ধরে এনে আছাড় মারতে। রিপ্লাই না করে ফোনটা আবারও অফ করে দিলাম। অসহ্য!
প্রিয়তা কোনোদিনও আমার দূর্দশা নিয়ে মশকরা করেনি। বরং আমার মনের গভীরে লুকায়িত ক্ষতটুকুও খুব নিবিড়ভাবে সে টের পেয়ে যেতো। আমার দুঃখে দুঃখী হতো। আমার শান্তশিষ্ট বোনের এই অবনতি, বড়োই অবিশ্বাস্য ঠেকছে। কিন্তু কথা হচ্ছে, ইরার যে বিয়ে হয়েছে, এই ঘটনা তো আমি প্রিয়ুকে বলিনি। এমনকি আজ সকালে আমাদের মধ্যে কী কী কথা হয়েছে, সেসবও আমি ওকে জানাইনি। তাহলে ও কীভাবে জানল, ইরার বিয়ে হয়েছে? জেনেও এতটা স্বাভাবিক হতে পারছে কী করে!
[রাইটিং ব্লকে আছি। লিখতে বসলেই শব্দ হারিয়ে ফেলি।]