গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ৯
#নাজমুন_নাহার
বছরের প্রথম দিন।
ইশান কোণে সোনালী আভার রোদ উঠেছে। ফুরফুরে হাওয়ার মত তার কোমলতা। বিছানায় লেপ্টে আছে আরাম আরাম ধরনের উষ্ণ মমতা। চোখ মেলতেই মুক্তর মত জ্বলজ্বল করা নরম রোদ্দুর কেমন মধুর করে সুপ্রভাত জানালো। পৃথিবী স্বাগতম করলো আর-ও একটা নতুন বছরের সূচনায়।
বারান্দার চন্দ্রমল্লিকা ফুলের গাছের সরু ডালে দু'টো চড়ুই বসেছে। তাদের কিচিরমিচির ডাক আর আম্মার পিঠাপুলির ঘ্রাণে সারা বাসা শীত শীত উৎসবে মেতে উঠেছে। জানুয়ারির প্রথম দিকের শীতটা অনেকটা প্রগাঢ় হয়ে থাকে। আজ অফিস ছুটি। তবুও কেন যেনো কোনোপ্রকার ডাকাডাকি ছাড়া সকাল আটটা বাজেই শোয়া থেকে উঠে পড়লাম। আজকের সকালটা অন্যরকম সুন্দর। অন্যরকম মানে সত্যিই অন্যরকম। মনটা ইদানীং সলিড যাচ্ছে বলেই হয়তো এমন মনে হচ্ছে। বিশেষ হেতুতে মন ভালো থাকলে জগতের সকল বিষয়ই আশ্চর্য সুন্দর মনে হয়। আমারও হয়েছে সেরকম কিছু।
গলায় তোয়ালে ঝুলিয়ে ব্রাশ করতে করতে রান্নাঘরে একঝলক উঁকি মারতেই দেখি, বাপরে! এ তো এলাহি কান্ড। হরেক রকমের পিঠাতে রান্নাঘর ফুলেফেঁপে একাকার। সারা বাসা পিঠার গুড়-চালের গুঁড়ার মিষ্টি সুভাস ভেসে বেড়াচ্ছে। এ পর্যায়ে চলছে নকশী পিঠার আয়োজন। আম্মা একটা একটা করে পিঠার ডিজাইন করছেন, আর প্রিয়ু সেগুলো গরম তেলে ভাজছে। আয়োজন দেখে মনে হচ্ছে, এরা এসব অঘটন নিশ্চয়ই ভোর রাত থেকে শুরু করেছে। নয়তো এতকিছু কেবল সকালের মধ্যেই করে ফেলা সম্ভব না।
প্রিয়তা অবেলায় আমাকে দেখে কিছুটা অবাক হলো। আম্মা খুশি হলেন। চেয়ার টেনে দিয়ে বললেন, "বোস।"
আমি বসলাম না। দাঁড়িয়ে থেকেই দেখতে লাগলাম। শৈশবের স্মৃতি নাড়া দিলো মনের কোণে। আব্বা থাকতে আমাদের শীতকালগুলো কতোই না মধুর ছিলো! দাদাবাড়ির বিরাট রান্নাঘরে মাটির চুলায় মা-চাচিদের কত রকমের পিঠা বানাতে দেখেছি ছেলেবেলায়। সেসময়ের পিঠার স্বাদও ছিলো ভিন্নরকম। ডিসেম্বরের দিকে প্রতিবার শহর থেকে ফুপ্পিরা চলে আসতো। বাপ-চাচা'রা আয়োজন করে বাজার করতো। ডিসেম্বর মানে সেসময় আমাদের কাছে বিরাট উৎসব উৎসব ব্যাপার। প্রিয়তা তখন ভাই-বোনদের মধ্যে সবার ছোট। ওর ওসব মনে থাকার কথা না। আমার এখনও মনে পড়ে! আব্বাদের ছয় ভাই-বোন আর তাদের ছেলেমেয়েদের নিয়ে হৈ-হুল্লোড় পড়ে যেতো আমাদের বাড়িতে। চারিদিকে শুধু আনন্দ আনন্দ ঢেউ। আমার কাছে জীবনের শ্রেষ্ঠ সময় ছিলো ওগুলোই। আমার তালপাতার বাঁশি, ভ্যানের চাকার গাড়ি আর অবুঝ শৈশব! আহা!
ব্রাশ করতে করতেই আম্মাকে জিজ্ঞেস করলাম, "এত আয়োজন কার জন্য? কেউ আসবে নাকি, আম্মা?"
আম্মা হাসলেন।
"কেউ আসতে হবে কেন? তোরা খাবি।"
প্রিয়তা বলল, "আম্মা, আমি আমার বান্ধবী মিলার জন্য কিছু পিঠা আলাদা রেখে দেই? ও হলে থেকে পড়ছে তো, মা'য়ের হাতের রান্নার স্বাদ খুব একটা পায় না। গত সপ্তাহে ফোনে কথা বলার সময় পিঠা খাওয়ার জন্য খুব হাহাকার করছিলো। তুমি বানিয়ে দিয়েছো শুনলে খুশি হবে।"
আম্মা শেষের নকশি পিঠাটা তেলে ছাড়তে ছাড়তে বললেন, "জিজ্ঞেস করার কী হলো? নিবি৷ সময় করে একদিন বাসায় নিয়ে আসতে পারিস না মেয়েটাকে? এত দূরে এসে পড়াশোনা করছে। কী খায়, না খায় তার ঠিক আছে? গিয়ে বলবি, আমি বাসায় আসতে বলেছি।"
প্রিয়তা মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আমি পাশে দাঁড়িয়ে ওর মাথায় চাট্টি মেরে বললাম, "হলে নিয়ে যাচ্ছিস? নে নে, বেশি করে নিবি। বান্ধবীর বান্ধবী থাকলে তো আবার আকাল পড়বে।"
প্রিয়ু টিপ্পনী কেটে বলল, "বান্ধবীর বান্ধবী তো আর হলে থাকে না। মামার বাসায় থাকছে। কিন্তু তোর এত চিন্তা কেন বান্ধবীর বান্ধবীকে নিয়ে?"
শেষের কথাটা ফাজিলটা আম্মাকে শুনিয়ে শুনিয়ে ইচ্ছে করে কেমন রসিয়ে রসিয়ে বলল। আমার সহজ-সরল আম্মা আমাদের কথোপকথনের আগামাথা কিছুই বুঝলেন না। প্রিয়তা কানের কাছে এসে ফিসফিস করে বলল, "ছাত্রী কিন্তু আজকে বাইরে ঘুরাঘুরি করবে। বিকেলের দিকে ওরা সি-বিচের দিকে যাচ্ছে। নজর রাখিস।"
মাথায় আরেকটা চাট্টি মেরে ঘরে ফিরে এলাম। আমাকে জ্ঞান দিচ্ছে এসেছে! তুই তো আর জানিস না রে, প্রেমে পড়ে তোর ভাই ইতোমধ্যেই মজনুদের চেয়ে চল্লিশ ধাপ এগিয়ে।
ইরা আগের নাম্বারটা পরিবর্তন করেনি বিদায় ভালোই সুবিধা হয়েছে। হুটহাট বিরক্ত করতে ইচ্ছে হলে চট করে ফোন করে ফেলা যায়। এন্টিবায়োটিক কোর্সের মত তিনবেলা তাকে বিরক্ত করা এক প্রকার রুটিনের মতো হয়ে গিয়েছে। রুটিন অব্যাহত রেখে ব্রাশ করতে করতেই ফোন করলাম আমার প্রাণপ্রিয় ছাত্রীকে। গত এক সপ্তাহ ধরে তাকে এভাবেই জ্বালাচ্ছি। মেয়েটা একেবারেই পাত্তা দিচ্ছে না। না ঠিকঠাক ঝাড়ি মারছে। মানে মারছে, তবে সেই ঝাড়ির মধ্যে আগের মতো তেজ নেই। একপ্রকার এড়িয়ে চলার মত ব্যবহার তার। এত অবহেলা, অবজ্ঞা সহ্য করেও বেহায়ার মতো লেগে আছি। অন্তত এই অবহেলার ছুতোয় তার কন্ঠটা শুনতে পাই। এটাই বা কম কী!
ফোন ধরেই বেয়াদব রমণী কেমন নিষ্ঠুরভাবে বলে উঠল,
"আপনি নিজ উদ্যোগে বিরক্ত করা বন্ধ করবেন, নাকি আমি ব্লক করবো?"
ওর মেজাজের অবস্থা বুঝে হাসি চাপিয়ে কৃত্রিম গম্ভীর স্বরে বললাম, "একটা ছাত্রী এতটা আনসিভিলাইজড আর বেয়াদব কী করে হতে পারে, বলো তো? আমি তোমাকে শিক্ষা দিক্ষা দিতে পারিনি। আই এম ইউর টিচার, আমাকে থ্রেট করতে ভয় করল না? বুকে হাত দাও, আত্না কাঁপছে?"
মেয়েটা বিরক্ত হয়ে উঠল প্রায়।
"কী চাই?"
মিষ্টি করে জবাব দিলাম, "অনলি তোমাকে!"
ইরা হতাশ একটা শ্বাস ফেলে বিনা বাক্যে ফোন কেটে দিলো। কী দুঃসাহস! আমাকে ইগরোর করা! আমাকে? আবার করলাম ফোন। ইরা রিসিভ করলেও কোনো কথা বলছে না।
"বের হচ্ছো আজ? হলে শাড়ী পরবে, বুঝলে? অবশ্যই নীল রঙের। আমি সাদা শার্ট পড়ব। কনট্রাস্ট কাপল লাগবে দেখতে।"
সে আমার কোনো কথারই যথাযথ উত্তর করতে নারাজ। অনেকক্ষণ চুপ থেকে বলল, "আমি মরে গেলে শান্তি পাবেন?"
"আমার সঙ্গে মরে যেতে চাইলে একেবারে যে অশান্তি পাবো, তা-ও না। মনের মানুষের সাথে মরার মধ্যে আলাদা শান্তি আছে। হ্যাপি হ্যাপি ডেথ। চলো মরি?"
ইরা আবারও ফোন কেটে দিলো। আমি জানি, এবার সে সোজা ফোন সুইচ স্টপ করবে। আগামী এক ঘন্টায়ও ফোনে তাকে আর পাওয়া যাবে না।
সেদিন রাতে বাসায় ফিরে প্রিয়ুটা কী মজাটাই না নিলো আমার সাথে। ইরার যে বিয়ে হয়নি, সেই খবর নিজের বান্ধবীর কাছ থেকে আগেই আদায় করে নিয়েছে বজ্জাতটা। অথচ আমাকে একটাবারও বলবার প্রয়োজনবোধটুকু করল না। তবে ইরা যাওয়ার পর আমার অবস্থা দেখে প্রিয়তা ধারণা করে ফেলেছিল, ইরা হয়তো নিজেকে বিবাহিতা ধরনের কিছু একটা দাবী করেছে জেদ থেকে। রাতে সঠিক তথ্যটা পেয়ে মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করছিলো ফাজিলটাকে। কী হম্বিতম্বিটাই না করাল!
তবে সেদিনের পর নিজের মধ্যে অদ্ভুত ধরনের পরিবর্তন লক্ষ্য করছি। আজব আজব কাজকারবার করে বসছি। ধীরে ধীরে, "আম্মায়ায়য়ায়ায়া! আমাকে বিয়ে করিয়ে দাও" ধরনের দশা হয়ে যাচ্ছে।
আমি সম্ভবত ভয়াবহ রকমের প্রেমে পড়েছি। এত প্রেম আমার জীবনে ইহজীবনে কখনো আসেনি। চিত্রা নামক সেই রমণীর সাথে কোনোকালেই যে প্রেম-ভালোবাসা ছিলো না, তাও হারে হারে টের পাচ্ছি এখন। প্রেমিকার ছবি চোখের তারায় ভাসলে যদি বুকে ঝড়ই না বয়, তবে সে আবার কেমন প্রেম? আপনারা জেনে আশ্চর্য হবেন যে, আমি ধীরে ধীরে আমার মানসিক ভারসাম্য হারিয়ে বসছি। না না, ঠিক পাগল না। তবে তার চেয়ে তিন ধাপ বেশি কিছু। অতি শীগ্রই যে পাবনা থেকে ডাক পড়বে, তা-ও নিশ্চিত হয়ে বলতে পারছি। এই যেমন, বেহুদাই সারাদিন মুচকি হাসছি। মগে ভিজিয়ে রাখা আম্মার চিরতার পানিও মধু ভেবে খেয়ে ফেলছি। একধ্যানে বসে অফিসের সাদা প্রিন্ট কাগজের পৃষ্ঠাগুলোতে লিখে ফেলছি কেবল একটি মেয়ের নাম। ইরা! ইরা! ইরা! কতবার যে মিজান ভাই নামক মানুষটার কাছে এই কাগজ জনিত ব্যাপার নিয়ে ধরা খেলাম! সাংঘাতিক ব্যাপার! এই মেয়েকে আমার কী যে করতে ইচ্ছে হয়! তাকে ছাড়া মৃত্যু অবধারিত মনে হওয়ার মত ঘটনা। তার গাল চুমোয় চুমোয় ভরিয়ে দেওয়ার মত পরিকল্পনা। খেয়াল করে দেখলাম, এত অসভ্য আর বেহায়া আমি কোনোকালেই ছিলাম না। কী নোংরা নোংরা চিন্তা ওকে নিয়ে মাথায় খেলছে, আপনারা ধারণাও করতে পারবেন না। তার কথা মাথায় আসলেই ধুপধাপ বিয়ে করে ফেলতে ইচ্ছে হচ্ছে। আরও অনেক আশ্চর্য ঘটনাও ঘটছে আমার সাথে। খেতে বসলে মাছের বদলে প্লেটে তাকে শুয়ে থাকতে দেখছি। আমার বিছানায়, বারান্দায় এমনকি সিলিংফ্যানের উপরেও মেয়েটা কেমন আরাম করে বসে থাকছে। আমি নিশ্চিত, আজকের এসব গুপ্তকথা জানবার পর পাঠকসমাজ মাত্রই আমায় ভদ্রতার খাতা থেকে কাটাকুটি করে ফেলবেন অতি শীগ্রই।
লালন ফকির একটা গান লিখে গিয়েছিলেন।
যখন ওই মুখ স্বরণ হয়...
থাকে না লোকলজ্জার ভয়
ওই প্রেম যে করে করে সে জানে
আমার মনের মানুষেরও সনে
মানবজীবনের কত বড় সর্বনাশের কথা তিনি অনায়াসেই লিখে দিয়ে গিয়েছেন, আন্দাজ করতে পারছেন? হায়রে প্রেম! হায়রে আমার দশা!
দুপুর গড়িয়ে বিকেল ছুঁই ছুঁই ভাব। রোদ পড়েছে অনেকক্ষণ হয়। আজ সি-বিচে তুলনামূলকভাবে লোকসমাগম একটু বেশি-ই। এই টাইপ ভীর মার্কা পরিস্থিতি আমার একেবারেই অপছন্দ। তবুও এলাম। তাকে একনজর দেখার অভিলাষে!
ইরা আমার থেকে কয়েক হাত দূরে দাড়িয়ে। হাতে ফুচকার প্লেইট। টকে চুবিয়ে গাল ভরে তার ফুচকা চাবানোর দৃশ্যটা কী দুর্দান্ত লাগছে।
"ইরাকে দেখছেন?"
প্রশ্নটা করে ঠিক আমার পাশে এসে দাঁড়াল এক আগন্তুক। জবাব না দিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইলাম তার দিকে। লম্বা, সুপুরুষ চেহারা। চোখে-মুখে স্পষ্ট অহংবোধ।
"আমি ইরার বন্ধু। দূর থেকে খেয়াল করলাম, আপনি ওর দিকে অনেকক্ষণ ধরে চেয়ে আছেন। মনে হলো, হাল-চাল জিজ্ঞেস করে আসি একটু। তা, ভালো আছেন?"
কথাটা শুনে অকারণেই মেজাজটা বিগড়ে গেলো। কন্ঠ শীতল করে বললাম, "তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তাই তাকাচ্ছি। আপনার ইচ্ছে হলে আপনিও তাকাতে পারেন। তবে তার দিকে না। অন্য অপশন দেখেন।"
হাসলেন তিনি। "নো মিস্টার। যার-তার দিকে তো তাকিয়ে থাকা ঠিক না। দ্যিস ইজ ব্যাড ম্যানার্স।"
"যার-তার দিকে তাকিয়ে ছিলাম কে বলেছে আপনাকে? শি ইজ মাই গার্লফ্রেন্ড।"
কথাটা শোনামাত্রই ছেলেটার চেহারায় এক মুহুর্তে অমাবস্যা নেমে এলো। আর কোনো কথা খুঁজে পেলো না। না বলেই হয়েছে ভালো। আর দু'টো বাঁকা কথা কানে আসলে ওকে ঠিক কী করে বসতাম, কে জানে!
ড্রিংকস এর বোতলে চুমুক দিয়ে পয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে ঘুরে তাকাতেই দেখি, ভূতের মত সামনে ইরা এসে দাঁড়িয়েছে। রাগে তার চোখ লাল হয়ে আছে। ঘন ঘন শ্বাস নিতে নিতে আমার হাত থেকে বোতলটা নিয়ে সজোড়ে একটা আড়ার মারল। ঝনঝন আওয়াজ তুলে রাস্তায় নৃত্য করছে ওটা। আশেপাশে ঘেউঘেউ করতে থাকা মাস্তান কুকুরের দল সেই শব্দ শুনে দৌড়ে পালালো।
"সমস্যা কী?"
এইরে! ভালোই খেপেছে। আমি দুই কদম পা বাড়িয়ে বুকে হাত ভাজ করে ওর চোখে চোখ রাখলাম। খানিকটা ঝুঁকে বললাম, "অনেক সমস্যা। সমস্যার কথা আপনাকে বলে ফায়দা? আপনি কি যে-কোনো সমস্যা সমাধান বিষয়ক ডাক্তার?"
ইরা দাঁতে দাঁত পিষে আঙুল তুলে চোখ রাঙাল। ইশশ, গেলাম! কী লাগছে এই মেয়েকে!
ইরা দুধে আলতা ধরনের ফর্সা না। আবার শ্যামরঙাও বলা যায় না। কিছু কিছু চেহারা থাকে না? যাদেরকে পার্ফেক্ট ডেফিনেশন অফ বিউটি বলা যায়? সেইরকম। যেসব ধরনের চেহারা দেখলেই আপনাআপনি হৃদপিণ্ডের গতি বেড়ে যায়, সেরকম। ইরাকে আমার কখনও ছুঁয়ে দেখা হয়নি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, ওর গাল দু'টো রেশম তুলোর কোমলতাকেও হার মানাবে। সাক্ষাৎ সফ্টি কেক। দেখলেই নাক টিপে দিতে ইচ্ছে করে। খানিক মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলাম কিছুক্ষণ। ভেতরে ভেতরে কী তোলপাড় হচ্ছে, সে কেবল আমি-ই টের পাচ্ছি। কপালে লেপ্টে থাকা ওর খুচরো চুলে ফু দিতে দিতে শান্ত স্বরে বললাম, "আমাকে শাস্তি দাও তুমি। তোমার প্রতিমা মুখে এতদিন তৃষ্ণার্ত নজর না বোলানোর শাস্তি। সুযোগ লুফে নেওয়ার বদলে ভীরুতা দেখানোর শাস্তি৷ এই মরণ দূরত্ব ভেঙে না ফেলার শাস্তি। এই মুখ আমি বার-বার দেখার দুঃসাহস কেন করলাম না, ইরা!"
ইরা ওভাবেই আঙুল ধরে রাখল আমার চোখের তারায়। চোখে-মুখে মুগ্ধতা উপচে পড়ছে আমার। আহা! কী জিনিস সে! এই মেয়ে তার রুপে ডুবিয়ে অতি শীগ্রই আমায় মেরে ফেলার পায়তারা করছে আমি নিশ্চিত।
"আমি আপনার উপর চরম বিরক্ত। আপনি কি বুঝতে পারছেন না, আমার আপনাকে সহ্য হচ্ছে না? ক্যান ইউ জাস্ট স্টে এওয়ে ফ্রম মি?"
ওর হাতটা টেনে নিজের বুকের উপর রেখে বললাম, "ক্যান ইউ ফিল সামথিং? আমার হৃদপিণ্ডের গতি তোমার সামনে এলে অদ্ভুত এক জাদুবলে এমন করেই বেড়ে যাচ্ছে। এটা কি ভয়াবহ কোনো সমস্যা না, বলো? প্রাণনাশক ব্যাধি? চিকিৎসা না হলে যখন-তখন বিদায় টাইপ? আচ্ছা, এই রোগের নাম কি, বলো তো? প্রেম রোগ!"
ইরা অনড় চেয়ে রইলো আমার দিকে। বিরক্ত গলায় বলল,
"বাহ! আপনি তো দেখছি জটিল রোগ বাঁধিয়ে বসে আছেন। যত্রতত্র থেরাপি দরকার।"
আমি আগ্রহ নিয়ে তাকালাম।
"কেমন থেরাপি?"
ইরা ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে হাতে ধরিয়ে দিলো। যাতে ইংরেজি গুটিগুটি অক্ষরে লেখা:
Dr. Rahman Ahmed
Consultant Psychiatrist & Mental Health Specialist
MBBS, FCPS (Psychiatry)
Chamber: Medilife Diagnostic & Hospital, 2nd Floor, Dhaka
Phone: +8801XXXXXXXXX
Email: drrahmanpsy@gmail.com
Visiting Hours: 5:00 PM – 9:00 PM (Sat–Thu)
চোখ বড় বড় করে চেয়ে রইলাম ওর দিকে। হেসে ফেললাম পরক্ষণেই। টিপ্পনী কেটে বললাম, "হাউ কেয়ারিং ইউ আর! তা কবে নিয়ে যাচ্ছো মেন্টাল হসপিটালে?"
ইরা শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, "আপনি ইফতি ভাইকে কি বলেছেন, হু? আমি আপনার গার্লফ্রেন্ড!"
কিছুটা বিভ্রান্ত হলাম।
"এই ইফতি ভাইটা আবার কে?"
ইরা আঙুল দিয়ে কিছুক্ষণ আগের সেই ছেলেটাকে ইশারা করে দেখলো। আমি নির্লিপ্ত গলায় বললাম, "ভুল বলেছি?"
ইরা কপালে হাত রেখে হতাশ শ্বাস ফেলল।
"দেখুন, আমি আমার জীবন নিয়ে অনেক ভালো আছি। আমার গোছানো সময়গুলো নষ্ট করার অধিকার আপনার নেই। প্লিজ, লিভ মি।"
ওর কথাগুলো গুরুত্ব দিলাম না এক পয়সারও।
"এই ছেলের সাথে বন্ধুত্ব তোমার জন্য একেবারেই বয়কট। ছেলেদের সাথে কীসের ফ্রেন্ডশিপ, হে? আমি খোঁজ নিয়েছি, এর ক্যারেক্টার ঢিলা। একদম কাছে ঘেষতে দিবে না। ও ছাড়াও আর কোনো ছেলের আশেপাশেই থাকতে পারবে না তুমি। পারমিশন নেই। বন্ধু বানাতে হলে মেয়েদেরকে বানাবে। তারপরেও একা ফিল হলে, আমি তো আছিই।"
ইরার দৃষ্টি বিভ্রান্তিকর। আমার এহেম আচরণে সে কী বিস্মিত হয়েছে? ইরা প্রায় ত্যক্ত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, "শুনুন, ও আমার মামাতো ভাই। বানিয়ে বানিয়ে একজনের ব্যাপারে মিথ্যে বলতে লজ্জা করল না আপনার?"
নিজের ভুল জেনেও চেহারায় এতটুকুও অনুশোচনার ছাপ পড়ল না আমার। সজোরে মাথা দুলিয়ে বললাম। "উঁহু, করলো না লজ্জা। মিথ্যে থেকে যদি ভালো কিন্তু হয়, তাহলে মিথ্যেই সত্য।"
"আপনি এই শহরে আছেন জানলে আমি কোনোদিনও এখানে পা মারাতাম না। অসহ্য করে তুলেছেন সবকিছু। এখন তো এখানেও থাকতে ইচ্ছে করছে না। উফ! আমি চলে গেলে খুশি হবেন?"
আমি আরও একটু ঝুকে কানের কাছে এসে বললাম, "এবার আর যেতে দিলে তো। সাহস করে দেখাও না শুধু!"
ইরা সজোরে দু'টো নিশ্বাস ছেড়ে বলল, "কী করলে আপনার এই মুখটা আর দেখতে হবে না? কী করলে আমার জীবন থেকে যাচ্ছেন, বলুন?"
আমি এক মিনিটও সময় নিলাম না বলতে, "বিয়ে করে ফেলো আমায়। বিয়ে করলে আর এই মুখ দেখতে হবে না। তখন স্বামীর মুখ দেখবে। বিয়েতে আল্লাহ বরকত দিয়েছেন ভালো। বিয়ের পর পরম শত্রুকেও মিষ্টি দই লাগে। ট্রাই করতে চাও?"
ইরা কাঁদো কাঁদো ভঙ্গিতে তাকালো। আর তারপর সে যা করলো....!
"আপনার ফোনটা দিন।"
আমি বিনাবাক্যে পকেট থেকে ফোন বের করে তার হাতে দিলাম।
"ছবি তুলবে? তোলো। ক্যামেরা ভালো।"
ইরা কোনো জবাব দিলো না। বেশ ভদ্রতার সহিতই আমার সর্বনাশটা করে বসল। ফোনটার এপিঠ-ওপিঠ চেয়ে সুন্দর করে আমার দু’মাস আগের কেনা অতি আদরের ফোনটা ফট করে ফেলে দিলো গভীর সমুদ্রে। তারপর হাত ঝাড়তে ঝাড়তে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেলো সামনে দিয়ে। যেনো কিছুই হয়নি, কিছুই হচ্ছে না। অসহায়ের মতো কেবল চেয়ে দেখলাম। বাহ, দারুণ!
"শিটটট!"
চেতনা ফিরতেই ঘটনার আকস্মিকতায় বিস্ময়ে আমার চোখ প্রায় কোটর থেকে বেড়িয়ে আসার উপক্রম। আমাকে বাকহারা, দিশেহারা, সর্বহারা করে দিয়ে কত সহজ পায়ে প্রস্থান নিলো সে। ইয়া মাবুদ! করেছে কী এই মেয়ে!
অবলা ছেলের মত শেষ আধাঘন্টা ধরে গভীর সমুদ্রের পানে চেয়ে রইলাম। বড় বড় ঢেউ তুলে আমাকে ব্যাঙ্গ করছে নিষ্ঠুর সমুদ্র। মেজাজটা বিগড়ে আছে অত্যাধিক। আমার প্রাণপ্রিয় ফোনটা গিলে ফেলতে তোর আত্মায় বাঁধল না রে, ব্যাটা? সমুদ্র না হয়ে মানুষ হলে খবর ছিলো! মাস শেষ হয়ে বেতন হাতে আসতে আসতে আরও বহুদিন বাকি। এই লম্বা সময় ফোন ছাড়া কীভাবে টিকে থাকব!
শুনুন! মন দিয়ে শুনবেন। পৃথিবীর সমস্ত অবলা, নিষ্পাপ, নির্যাতিত, অত্যাচারিত পুরুষদের পক্ষ থেকে আমি প্রিয়ম আজকে সমস্ত প্রাণীকুলের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছি–প্রেম ও ভালোবাসা হইতে চিরতরে বিরত থাকুন। যেটা বলেছি, একেবারে আদর্শ লিপির ছড়ার মতো করে মুখস্থ করে ফেলুন। অর্ধভাঙা ইঁটের উপর উষ্টা খেয়ে পড়বেন, তবুও প্রেমে নয়! হ্যা, ঠিক এই লাইনটাই পরপর পাঁচবার পড়বেন। রেডি? স্টার্ট।
[আমার ভাল্লাগে না!]