গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ১০
#নাজমুন_নাহার
"প্রিয়ম ভাই,
আপনি জানেন আপনি কত সুদর্শন একটা পুরুষ? আপনার গায়ের তামাটে রঙটার আকর্ষণ ক্ষমতা কত, জানেন? আপনার শীতল চাহুনি, ম্যানলি হাঁটার ধরন আমায় কতটা বশ করেছে, বুঝতে পারেন? আপনি জলজ্যান্ত একটা আগুন, প্রিয়ম ভাই! রাগ করছেন? রাগ করবেন না। যা সত্যি তা-ই বললাম। আচ্ছা, আপনি বিয়ে কেন করছেন না? বিয়ে করাও উচিত না। আপনার মতো ছেলেদের মিঙ্গেল থাকতে নেই। আমার মতো সুন্দরীরা আফসোস করতে করতেই মরে যাবে তাহলে। আমার স্বামীর সাথে পরিচয় হওয়ার আগে যদি আপনাকে দেখতাম? বিশ্বাস করুন, জোর করে হলেও বিয়ে করে ফেলতাম। মাঝেমধ্যে আমার ভীষণ হিংসে হয়। আপনি যাকে বিয়ে করবেন, তার উপর। কী ভাগ্য তার! এই পৃথিবীতে কেউ কেউ বোধহয় বিনা সাধনাতেই চাঁদ পাওয়ার মতো সৌভাগ্য নিয়ে জন্মায়, তাই না?"
কাগজটা ছিড়েখুঁড়ে ময়লার বক্সে ফেলে দিলাম। মনিটরের চোখ ঝাঝানো আলোর দিকে চেয়ে থাকতে থাকতে মাইগ্রেনের ব্যথাটা আবার শুরু হয়েছে। পরপর চার কাপ কফি খেয়েও শরীরে অস্বস্তি আর ক্লান্তিভাব চুকানো সম্ভব হচ্ছে না। মাথায় আঙুল ঠেকিয়ে চোখটা বন্ধ করলাম চরম বিরক্তিতে। একজনের লোভাতুর দৃষ্টি তখনও আমার পানেই নিবদ্ধ। যেই দৃষ্টি ধীরে ধীরে বিষাক্ত করে তুলছে আমার মনোযোগ।
মোহনা, আমার কলিগ। চিরকুটটা ওরই লেখা। এমন আরও অনেক চিরকুট সে আমাকে এর আগেও লিখেছে। নেহাতই একজন মেয়েমানুষ বলে এসব নিয়ে বাড়াবাড়ি পর্যায়ের কিছু করছি না। তার উপর বিবাহিতা। আমার ক্ষোভের প্রতিফলন ওর সংসারে যেনো না পড়ে, তার জন্যই চুপ থাকা। কিন্তু এই লাজহীন মেয়ে আমার চুপ থাকাকে ঠিক কি মনে করে বসেছে, কে জানে। সে বয়সে আমার চেয়ে তিন বছরের ছোট। মেয়েটার বিয়ে হয়েছে দু'বছর আগে। ওর হাসবেন্ডের সাথে প্রায়শই আমার দেখা হয়। অফিসে মোহনার সাথে দেখা করতে এলেই সবার সাথে কুশল বিনিময় করে যান মানুষটা। এত ভালো একটা মানুষকে কি-না এই মেয়ে এভাবে ঠকাচ্ছে? মেয়েমানুষের চরিত্রের এই অধঃপতন একেবারেই চোখে লাগার মতো। অসম্ভব রাগ হলো। ঠাটিয়ে দু'টো থাপ্পড় না লাগাতে পারলে স্বস্তি হচ্ছে না।
অফিস শেষে একই লিফ্টে চড়লাম ওর সাথে। মোহনা মনে মনে খুশি হলো বোধহয়। লজ্জায় মুড়িয়ে যাচ্ছিল সে। আমি শান্ত কন্ঠে হুট করেই এক অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসলাম তাকে, "তোমার হাজবেন্ডের প্রফেশন কি?"
মেয়েটা কিছুটা হতাশ হলো। নিজেকে বিবাহিতা রুপে আমার সামনে প্রকাশ করতে সে একেবারেই নারাজ। এমনকি পুরো দুনিয়ার সামনে সে কুমারী সেজে থাকতেই পছন্দ করে। মোহনা বিরস কন্ঠে বলল, "ওদের ডেকোরেশনের বিজনেস।"
"বাহ! তাহলে তো সংসারে আয় ভালোই হচ্ছে, তাই না?"
"হুম।"
"তোমার স্বামী কি জব করার জন্য তোমাকে মারধর করে? মানে, ফিজিক্যাল ভায়োলেন্ট? কিংবা শশুর বাড়ির লোকেরা ঠিকঠাক খেতে দেয় না, এমন কিছু?"
কিছুটা বিভ্রান্ত হলো মোহনা।
"মারধর করবে কেন? এত দুঃসাহস আছে ওর? জব আমি নিজের ইচ্ছেতে করি।"
"নিজের ইচ্ছেতে বলতে? একটা উদ্দেশ্য তো আছেই। আর্থিক স্বাধীনতা?"
"মোটেও না। টাকা-পয়সা আমার কম নেই। শুধু টিপিক্যাল বউদের মতো ঘরে পড়ে থাকতে ভালো লাগে না। সংসার ব্যাপারটা আমার চোখের বিষ।"
তাচ্ছিল্য করে হাসলাম।
"মা-বোনদের গৃহিণী হওয়ার প্রফেশনটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রফেশন, মোহনা। এদেরকে উপেক্ষা করার, অসম্মান করার যোগ্যতা এই ধরণীর কারো নেই। আর তোমার স্বামীর তোমাকে আটকানোর দুঃসাহস নেই, ব্যাপারটা ভুল। সে তোমাকে ভালোবাসে। আমরা যাকে ভালোবাসি, তাকে পাখির মতো উড়তে দিতে চাই। সুউচ্চ পাহাড়চূড়ায় পৌঁছে দিতে চাই। তোমার স্বামী তোমাকে বাঁধা দেয় না, কারণ সে তোমার ইচ্ছেকে প্রাধান্য দিচ্ছে। তোমাকে হারাতে ভয় পাচ্ছে। তার মানে এই না, তুমি লোকটার বিশ্বাস ভাঙবে। তাকে ঠকাবে।"
মোহনা কিছুটা অসন্তোষ কন্ঠে বলল, "আপনি কি বলতে চাইছেন, একটু বুঝিয়ে বলবেন প্রিয়ম ভাই?"
একটা অসন্তোষজনক শ্বাস ফেলে বললাম, "দেখো,তোমাকে কোনোকিছুই বোঝানোর ক্ষমতা আমার নেই। বোঝানোর ইচ্ছেও ছিলো না। যে স্বেচ্ছায় বোধশক্তি হারায়, তাকে বোঝানোর ক্ষমতা কারোর নেই। শুধু সাবধান করবো। রিকোয়েস্টও বলতে পারো। এখন থেকে তুমি আমায় শুধু একজন সহকর্মীর দৃষ্টিতেই দেখবে। মাঝ রাতে হুটহাট ফোন করা বন্ধ করবে। অফিসের বাকি ফিমেইল কলিগদের সাথে আমার যেই সম্মানের সম্পর্ক, আমি চাই তোমার সাথেও অতটুকু থাকুক। কিন্তু সেই পরিবেশটা তুমি নষ্ট করছো। জেনে-বুঝেই করছো। আজ-কাল কাজের প্রয়োজনেও তোমার সাথে কথা বলতে অস্বস্তি হয়। ব্যাপারটা খুবই বিব্রতকর।"
মেয়েটা মোটেও লজ্জাশীল না। এতগুলো কথার বিপরীতে তার কন্ঠে এতটুকুও অনুশোচনা নেই। এই ধরনের রেসপন্সও আশা করেনি।
"আপনি নিজেকে খুব হ্যান্ডসাম মনে করছেন? রুপের দেমাগ? আপনি জানেন, আমাদের অফিসের বস পর্যন্ত আমাকে কতটা পছন্দ করে? অফিসের বড় বড় পোস্টে থাকা সব সিনিয়র অফিসারদের সাথেই আমার ভালো সম্পর্ক। চেয়ারম্যান স্যার তো আমাকে রীতিমতো চোখে হারায়। আমি চাইলে এক মাসে আপনার প্রমোশন হয়ে যেতে পারে। আমার দৌরাত্ম কতদূর, বুঝতেই পারছেন?"
ওর কথার ইঙ্গিত বুঝে চোয়াল শক্ত হয়ে এলো। সাথে আন্দাজ করতে পারলাম এর নোংরামির দক্ষতা। আফজাল স্যারের সঙ্গে এর কুকীর্তির ঘটনা অনেক আগেই শুনেছি। স্যারের মিসেসও এই ব্যাপার নিয়ে অফিসে ঝামেলা করে গিয়েছেন ক'দিন আগে। তখন বিশ্বাস করতে পারিনি। নারীদের নিয়ে এত নিচু ভাবনা নিজের মস্তিষ্কে আনবার দুঃসাহস দেখাইনি এ জন্মে। নারী বলতে আমি বুঝি আমার মা, আমার ছোট্ট প্রিয়তা আর ইরাকে। যারা ফুলের মতো স্নিগ্ধ। যাদের দেখে আমি নারীত্বের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করেছি।
কিছু তেতো সত্য বললে পরে এদেশের তথাকথিত নারীবাদীরা তেতে উঠবে। তবুও বলতে হচ্ছে। এসব না বলতে পারার দুঃখ নিয়ে মরে গেলেও বিরাট আফসোস।
বাঙাল সমাজের মা-বোনেরা যুগে যুগে লাঞ্চিত হয়েছে, সেসব অস্বীকার করার সাহস আমার নেই। কখনও বাবা-র ঘরে, কখনও স্বামীর ঘরে, কখনও-বা ঘরের বাইরেও। অসহায়, অত্যাচারিত এসব নারীদের স্বাবলম্বিতাকে আমি পূর্ণ সমর্থন করি। এমনকি প্রত্যেক নারীর অধিকার আছে সমানে সমানে রাষ্ট্রীয় সকল কাজের ভাগিদার হওয়া। আব্বা মারা যাওয়ার পর আম্মাকেও স্বাবলম্বী হতে দেখেছি আমি। তাই বলে অর্থের প্রয়োজনে তিনি কোনোদিনও নিজের চরিত্র বেঁচে দেওয়ার মতো নোংরামি করে বসেননি। তবে মোহনাদের মত আত্মনির্ভরশীলতার নাম করে নিজের নারীত্ব অপাত্রে ঢেলে দিতে চাওয়ার মতো যারা আছে, সেসব স্বাধীনতাকামীদের ঘোর বিরোধি আমি। এদেশের পুরুষেরা অনেক আগেই গোল্লায় গিয়েছে। এরা বিবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। পুরুষের চরিত্র অনেকটা ঘোড়ার মতো। লাগামহীন, বাঁধভাঙা। বিপরীত লিঙ্গ একটু উস্কে দিলেই এরা নিরলস ছুটতে থাকে। এদের লাগাম ধরে টানার ক্ষমতাও কেবল মেয়ে জাতেরই আছে। এই মেয়ে জাতকে নরম, পরিত্র ভেবেই অভ্যস্ত হয়ে এসেছি। তবে মোহনার মতো মেয়েরা তাদের মনের দুয়ার উন্মুক্ত রাখা বন্ধ করতে পারে না। এরা নিজেদের সঙ্গে আরও দশটা ঘর ধ্বংস করায় আনন্দ পায়। এই সমাজে ভালো থাকছে কেবল এদের মতো মন্দ লোকেরা। ভালো থাকার লোভে আরও অনেকে এদের অনুসারী হয়। আর সমস্ত দোষ গিয়ে ঠেকছে সিস্টেমের দোরগোড়ায়। কত কত নীতিকথা, যুক্তিবাদ। ব্লাডি সিস্টেম! এই সিস্টেমটা আসলে বানায় কারা? কারা পরবর্তী প্রজন্মের জন্য তৈরি করছে টিকে থাকার এমন অসুস্থ পরিবেশ? রাষ্ট্র, সরকার, নাকি আপনি নিজে? কেউ সরাসরি এসব করছে, আর কেউ এদের প্রশ্রয় দিয়ে। দায়টা সমানুপাতিকহারে সকলের।
ওর ওসব দাম্ভিক কথার বিপরীতে মৃদু তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বললাম,
"হাসালে। শুনো, আজকের পর থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারলে নিজের বিপদ দেখার জন্য প্রস্তুত থেকো। উপদেশ দেব– চরিত্রের যত্ন করো, মানসিকতার যত্ন করো। একজন ভালো কন্যা হও, ভালো স্ত্রী হও, তারপর ভালো মা। এখনও সময় আছে, সুধরে যাও। নজরে আছো। একই কাজ আর করার দুঃসাহস দেখালে তোমার জীবন আমি নরক বানিয়ে দেবো। শুধু আমি বলতেই না। তোমার ব্যাপারে অনেক কমপ্লেইন আছে। সভ্য হও, সম্মানে থাকবে।"
এই মেয়ের পাল্লায় পড়ে সন্ধা থেকে মেজাজটাই বিগড়ে আছে। রাগে শরীর জ্বলে যাওয়ার উপক্রম। আসার পথে রাস্তায় জ্যাম পড়েছিল কিছুটা। সেই ফাঁকেই একটা অকাজ করে বসলাম। রাস্তার বাম দিকের একটা শপের দিকে নজর যেতেই একটা শাড়ী চোখ আঁটকে নিলো। টকটকে লাল রঙের জামদানী শাড়ী। তবে ফিক্সড প্রাইস। প্রায় আট হাজার টাকা শাড়ীটার দাম। এত দাম দিয়ে আমি নিজের জন্যেও কখনও কিছু নেইনি। বাস্তবতা অভাব ব্যাপারটা আমাকে হাড়ে হাড়ে টের পাইয়েছে বলেই হয়তো মাস শেষে মোটা অঙ্কের সেলারি আসার পরে-ও কখনও অতিরঞ্জিত কিছু করে ফেলার স্বাদ হয়নি। তবে আজ করতে ইচ্ছে হলো। শাড়ীটার দিকে দৃষ্টি যেতেই একটা প্রতিমা মুখ মুহুর্তেই চোখের সামনে ভেসে আসল। উপলব্ধি করলাম, এই শাড়ীতে কেবল তাকেই মানাবে। কোনোকিছু না ভেবে চট করেই নেমে শাড়ীটা কিনে নিলাম। কিন্তু ইরা শাড়ীটা আদতেও নিবে কি-না, কে জানে!
ইরার সাথে বিগত একমাস ধরে একইরকম চলছে সব। ধীরে ধীরে বুঝতে পারছিলাম, মেয়েটা হুট করেই অনেকটা বদলে গিয়েছে। আমি জানি না, এই এক বছরে ঠিক কী কী হয়েছে ওর সাথে। ইরা কেমন ছিলো, কোথায় ছিলো, কিচ্ছু না। এমনকি ঢাকা শহরের মতো এত সুবিধাজনক নগর রেখে কেন এত দূর এসে সে বিশ্ববিদ্যালয় নির্বাচন করে বসল, সে-ও অজানা। জিজ্ঞেস করিনি এসব। তবে আমি স্পষ্ট তার চোখে-মুখে নিখুঁত ভিন্নতা টের পাই। তুমুল আঘাতে বিধ্বস্ত হওয়া গাছের মত আহত সে। সেটা কি শুধুই ম্যাচিউরিটির ছাপ? নাকি এর অনলে আমিও অনেকটা দায়ী? কেবল একটা বছরের ভারে মানুষ কি এতটা বদলে যায়? সম্ভব?
অফিস থেকে ফিরেই আমার প্রথম কাজ, ইরাকে বিরক্ত করা। ঘরে ঢুকেই প্রথমে ফোন করলাম ওকে। জানি, তার পক্ষ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাব না। তা-ও, আরাম যে পাই!
"কী যে বিরক্তিকর একটা দিন পাড় করলাম আজকে। মেজাজ ঠিক নেই, বুঝলে?"
রিসিভ করে সব সময়ের মতো ইরা কোনো শব্দ করল না। আমার মেজাজ কেন ঠিক নেই, তা জানার আগ্রহ তার নেই। মাঝেমাঝে কেবল তার বিষন্ন নিঃশ্বাসের ক্লান্ত আওয়াজ ভেসে আসছে। ইরা কি কাঁদছে?
"কাঁদছো কেন?"
ইরার হিচকি তোলার শব্দ কানে এলো।
"ইরা!"
কথা বলল এবার সে। ভাঙা স্বরে জাহির করে বসল,"আমি কেন মরে যাচ্ছি না, বলতে পারেন? আমার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না। আমি সম্ভবত খুব শীগ্রই মরে যাব!"
আমার উদ্বিগ্নতা বাড়ল। অস্থির হয়ে বললাম, "কী হয়েছে? এভাবে কেন কথা বলছো? ইরা! ঠিক আছো তুমি?"
আমার কথার পরপরই হর্নের আওয়াজ ভেসে এলো অপর প্রান্ত থেকে। সন্দেহ হলো। কিছুটা দুঃশ্চিন্তা নিয়ে জানতে চাইলাম, "কোথায় তুমি?"
ইরা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। বাঁধ মানছে না তার কান্নারা। আমার মস্তিষ্ক এলোমেলো হয়ে উঠল। ওর কান্নার আওয়াজে গভীর ক্ষত উপলব্ধি করলাম। ইরা বাসায় নেই। এত রাতে মেয়েটা কেন ঘরছাড়া! কোনোকিছু চিন্তা না করেই বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়লাম। ও স্বেচ্ছায় আমাকে কিছু বলবে না। তবে ইরা কিছু জায়গায় প্রায়শই যাতায়াত করে। ওইসব পয়েন্টের মধ্যে প্রায় সবখানে খুঁজে শেষে ডিসি হিলে পেলাম তাকে। বিধ্বস্ত অবস্থায় অন্ধকারে ঝাপসা দেখা যাচ্ছে তাকে। আবছা আলোয় তার অবয়ব অস্পষ্ট ভাসমান। সিঁড়িতে বসে হাঁটুতে মাথা ঠেকিয়ে কাঁদছে মেয়েটা। আমার বুকের ভেতরটা কেমন ছটফট করছে ওকে এমন অবস্থায় দেখে। খারাপ কিছুর পূর্বাভাস জানিয়ে মাথায় একরাশ দুঃশ্চিতারা বাসা বেঁধেছে। ভেতরটা ছিড়েখুঁড়ে আসছে আমার। এ কী অবস্থা তার!
বেশ কিছুক্ষণ হাসফাস করতে করতে নানান প্রশ্ন করলাম। ইরা আমার কথার কোনো জবাবই দিলো না। পরিপূর্ণভাবে অবজ্ঞা করে বুঝালো, এমন করুণ দিনেও আমার সমবেদনা সে কিছুতেই নিতে চায় না। আমার উপর মেয়েটার ভীষণ অভিমান। অভিমান জমে জমে পাথর হয়ে যাওয়ার মতো অভিমান। কিছুক্ষণ শান্ত হয়ে চেয়ে থেকে ওর সামনে হাঁটু গেঁড়ে বসলাম। ইরা মুখ তুলে চায় না। আমি নরম করে ডেকে উঠলাম, "ইরা!"
ইরা কান্না থামিয়ে চোখ মুছে। তবুও তাকায় না আমার দিকে। "টেনশন হচ্ছে। কথা বলো।"
ইরা ভাঙা স্বরে নিজের পাশে জায়গা দেখিয়ে মৃদুস্বরে বলল, "বসুন।"
বেশ কিছুক্ষণ নীরব থেকে ধীরকন্ঠে বলতে আরম্ভ করল তার জীবনে ঘটে যাওয়া অভিশপ্ত দিনগুলোর ঘটনা। ইরার কন্ঠে সহস্র বছরের ক্লান্তি। আমি আজ শুনতে যাচ্ছি সেসব কথা, যেসব কথা কেউ কোনোদিন আমাকে জানায়নি, না কখনও আমি জানতে চেয়েছি। অথচ কী ভয়ংকর নির্মম সত্য সেসব!
"অতীতটা শোনার পর সহানুভূতি দেখাবেন না, প্লিজ!"
আমি মাথা নুয়িয়ে রাখলাম। মুখে অসহায়ভাব। ইরা থেমে কথাগুলো গুছিয়ে নিলো।
"মাহবুব ভাইয়ার সাথে বিয়ে ঠিক হওয়ার দু'দিন আগে উনার সঙ্গে কথা হয় আমার। আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম আপনার জন্য। কাকে বলব, কে একটু বুঝবে, এসব সারাক্ষণ মাথায় ঘুরত। খুব সাহস করে সেদিন উনাকে আপনার কথা জানাই, আমাকে বিয়ে না করার অনুরোধ করি। উনি প্রথমে রাজি হয়নি। মাহবুব ভাই আমাকে সেই ছোট থেকেই পছন্দ করতেন। বিয়ে করতে চাইতেন। আমার জীবনে কেউ আছে জেনেও তিনি আমাকেই বিয়ে করতে বিরোধ করলেন না। উপায়ন্তর না পেয়ে বাবাকে বলি। সবটা শুনে বাবা কিছুই বললেন না আমায়। না দিলেন সম্মতি। কেবল মূর্তির মতো স্থির আর চুপ হয়ে গিয়েছিলেন। একদিকে তার বোনের চাওয়া, আরেকদিন মেয়ের এমন অভাবনীয় পছন্দ। ওরা বিশ্বাস করতে পারছিল না। আম্মু আমার ফোন নিয়ে নেয়। আম্মু ভেবেছিল, আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক। শুরু হয়ে আমার জীবনের ঝড়ের সূচনা। ওরা ভাবল, আপনাকে হুমকি-ধমকি দিলে আমি ঠিক হয়ে যাব। আম্মু নানান মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করারও চেষ্টা করে। ততদিনে আপনি এই শহর ছেড়ে,আমাকে ছেড়ে একেবারের জন্য পালিয়েছেন। ওরা কেউ জানল না, আপনি ভালো না বেসেই আমাকে ফাঁসিয়েছেন। প্রেম না করেও দিয়েছেন অসহনীয় বিচ্ছেদের স্বাদ!"
ইরার কন্ঠ ভেজা।
"আপনি তখন পুরোনো সিমকার্ডটাও পরিবর্তন করে ফেলেছেন। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করলাম আপনার একটু খোঁজ পাওয়ার। অথচ আপনি যোগাযোগ করার কোনো মাধ্যম অবশিষ্ট রাখলেন না। বাবাকে আমি অসম্ভব ভালোবাসি। কিন্তু সেই মুহূর্তে আমার কেন জানি না কেবল আপনার কথাই ভাবতে ইচ্ছে করছিলো। যে মানুষটা আমার কাছে কখনও ধরা দিবে না, তার কাছে স্বেচ্ছায় নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য মরছিলাম। দুনিয়ার কোনো বাঁধা আমি মানলাম না। আপনি নেই, এটা জানার পরেও আমি পাগলামি শুরু করলাম। খাওয়াদাওয়া বন্ধ করে দিলাম। সারাদিন দরজা বন্ধ করে কান্নাকাটি করতাম। তারা মনে করছিল, আপনি আমার মাথা নষ্ট করে দিয়েছেন।"
একটু থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল ইরা।
"বিয়ের আগের দিন সারাটা রাত বাবা-র পায়ে ধরে খুব কেঁদেছিলাম। আমার নিঃশ্বাস আঁটকে আসছিল। কিন্তু....কেউ বুঝতে পারছিল না। ভেতরে ভেতরে আমি কী অসহ্য যন্ত্রণা নিয়ে মরে যাচ্ছিলাম, কাউকে বোঝানো গেলো না। রাতটা পাড় হলেই জীবন বদলে যাবে। আমার তখন মাথা কাজ করছিল না। সবকিছু কেমন বিষাক্ত হয়ে উঠছিল। মানসিক দোটানা আর পরিস্থিতির সঙ্গে পেরে না উঠে শেষ রাতে বাবা-র ঘুমের ঔষধগুলো থেকে একসাথে অনেকগুলো ঔষধ খেয়ে ফেলেছিলাম।
জ্ঞান ফিরল আট ঘন্টা পর। হাসপাতালে সবাই বলাবলি করছিল, আমি নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। আত্মীয়স্বজনরা নানান কথা তুলে দিচ্ছিল আমার চরিত্র নিয়ে। বাবা-র মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার প্রাণবন্ত বাবা এই এক ধাক্কাতেই কেমন বদলে গেলেন।
মাহবুব ভাই আমার অবস্থা দেখে বিয়ে থেকে পিছিয়ে আসেন। সবাইকে জানান, উনি আমাকে বিয়ে করবেন না। এটা শুনে আমার খুশি হওয়ার কথা ছিল। হলামও। কিন্তু সেই খুশিটা বেশিদিন স্থায়ী রইলো না। বাবা আমার থেকে ধীরে ধীরে নিজেকে কেমন গুটিয়ে নিচ্ছিলেন। সারাদিন চুপচাপ বসে থাকতেন, কারো সাথে কথা বলতেন না। এমন করেই একটা সপ্তাহ কাটল। আমি পূনরায় পড়াশোনায় মনোযোগ দিলাম। এডমিশনের জন্য নিজেকে তৈরি করার যুদ্ধে নামলাম। পড়াশোনায় মনোযোগ দিতে পারলে বাবা যদি একটু স্বাভাবিক হয়, এই আশায়। ঢাবিতে ভর্তি পরিক্ষা চলছিলো তখন। দিনটা সোমবার। হলে ঢুকার আগেই বাসা থেকে ফোন আসে। ফোন রিসিভ করতেই আম্মু এক প্রকার দিশেহারা করে কাঁদতে লাগলেন। কান্নার দরুন ঠিকঠাক কথাও বলতে পারছিলেন না। আমি বার-বার জিজ্ঞেস করলাম, উদ্বিগ্নতা দেখালাম, আম্মু কিছুই বলতে পারলেন না। আমার ভয় বাড়ল, আতঙ্কিত হলাম। কোনোকিছু না ভেবে এক ছুটে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গেইট তালা পেয়ে প্রতিবেশীদের জিজ্ঞেস করতেই তারা জানালো, বাবা স্ট্রোক করেছেন। বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। পুরো রাস্তায় আমি পাগলের মতো আম্মুকে ফোন করেছি, রিসিভ করেনি কেউ। শেষমেশ মাহবুব ভাইয়ের নাম্বার থেকে একটা ফোন আসল। আমাকে হাসপাতালের ঠিকানা দিয়ে তাড়াতাড়ি যেতে বললেন উনি।"
ইরা পাথরের মূতির মতো স্থির চেয়ে রইলো কোথায় একটা। মৃত গলার স্বর তার। চোখ বেয়ে অনর্গল পানি পড়তে থাকলেও কন্ঠে চিৎকার নেই। অজানা আশঙ্কায় ভেতরটা হাহাকার করে উঠল আমার। বুকের উঠানামা বাড়ছে দ্রুত।
"আমি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। বাবা ততক্ষণে এই পৃথিবী ছেড়ে, আম্মুকে ছেড়ে, আমাকে ছেড়ে চিরতরে বিদায় নিয়েছেন। আমি কেবল একটা ঘুমন্ত লাশ দেখতে পেলাম সম্মুখে। বাবা-র সৌম্য, নিথর দেহ। যার পাশে আম্মু নিষ্প্রাণ হয়ে পড়ে রইলো। আমার সদ্য বিধবা হওয়া মা। আমি ধীরপায়ে বাবা-র হাতের কাছে গিয়ে বসলাম। নিষ্পলক চেয়ে রইলাম তার মুখের পানে। কী নিষ্পাপ একটা মুখ। কী আরাম করে ঘুমিয়ে আছেন উনি! আমি ডাকলাম না। বাবা ঘুমিয়ে পড়লে আমি কখনও তাকে ডাকাডাকি করি না। আমার বাবা-র ঘুম ভীষণ প্রিয়! আর আমার প্রিয়, উনি। আমাকে কখনও বিয়ে দেবেন না, পরের ঘরে যেতে দেবেন না বলে খুব ঝগরা করতেন আম্মুর সাথে। আমায় ছাড়া থাকতে নাকি তার প্রাণ যায়। কিন্তু সেদিন তো ঠিকই নিষ্ঠুরের মতো চলে গেলেন। বাবা একটা মিথ্যেবাদী, তাই না স্যার? অন্ধকার কবরে প্রাণের মেয়েকে ছাড়া কীভাবে থাকবে? বাবা নিশ্চয়ই ভয় পাবে?"
হুট করেই আমার হৃদপিণ্ড কেঁপে উঠল ইরার মুখের দিকে চেয়ে। রক্তশূণ্য হয়ে আসছে মস্তিষ্ক। অবহেলায় পড়ে থাকা ওর হাতটা শক্ত করে ধরলাম আমি। ইরা হাসল কিছুটা। কী ভয়ংকর বিষন্ন সেই হাসি!
"একদিকে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার শোক, আরেক দিকে বাবা-র অকস্মাৎ মৃত্যু...সবকিছুর ভীরে আমি ইরা যেনো নিজেকে একেবারেই হারিয়ে ফেললাম। নতুন করে আমার ভেতর জেঁকে বসল এক অচেনা সত্তা। মরুভূমির মতো অন্তহীন শূন্যতা যার অস্তিত্বে। তাকে আমি চিনি না, সে আমায় আনন্দ দেয় না। এই সত্তা ক্রমেই কেবল আমার থেকে কেঁড়ে নিচ্ছিল আমার প্রকৃত আমিত্বকে। পৃথিবীতে এক টুকরো স্বস্তি আমার জন্য অবশিষ্ট ছিলো না। চারিদিকে শুধু মৃত্যুর মতো গাঢ় অন্ধকার টের পেয়েছি। একাকিত্বের বেড়াজাল হায়নার মতো গিলে খাচ্ছিল একটা জীবন্ত ফুলকে। এমন নারকীয় দিনগুলোতে একটা মানুষ কি চাইলেই আমাকে তার প্রশস্থ বুকে ঠাই দিতে পারতো না? অনায়াসেই পারত! কিন্তু ততদিনে ভালোবাসার বদলে সে বেছে নিয়েছিল পালিয়ে যাওয়ার মতো সহজ, দায়মুক্ত পথ।"
থেমে দীর্ঘশ্বাস ফেলল সে।
"এমন করে একটা মাস কাটে। আম্মুর শরীরের অবস্থা ভালো যাচ্ছিল না। মানসিকভাবে আমিও বিধ্বস্তপ্রায়। কিন্তু সেই মুহূর্তে নিজেকে চেপে রাখলাম। আম্মুর জন্য নিজের আকাশ সমান ব্যথা গুটিয়ে নিলাম। চাচা-ফুপ্পিরা সবকিছুর জন্য আমাকে আর আম্মুকে দোষারোপ করা শুরু করছিল। আমার দুঃশ্চিন্তায় নাকি বাবা স্ট্রোক করেছে। আমি বাবা-র অযোগ্য মেয়ে! আমার সময়গুলো অভিশপ্ত হওয়া শুরু হলো। এই অবস্থায় বড় মামা আমাদের একা ঢাকায় থাকতে দিচ্ছিলেন না। মামা ঢাকার বাড়িটা বিক্রি করে দিতে বলেন। আমরা রাজি হইনি। যেই বাড়িটার প্রতি কোণায় বাবা-র স্মৃতি ঘুরেবেড়ায়, সেই শেষ অস্তিত্বটুকু কিছুতেই টাকার কাছে বিক্রি করতে চাইনি। কিন্তু শেষ রক্ষা হলো না। চাচ্চুরা আমাদেরকে ওখানে থাকতে দিচ্ছিলেন না। সহ্য না করতে পেরে আম্মুকে বাড়িটা বিক্রি করতে হয়েছিল। তার এক সপ্তাহ পর আমরা চট্টগ্রাম চলে আসি। প্রথমে সবাই খুব ভালো ব্যবহার করতো। মামা নিজের মেয়ের মতো স্নেহ করতেন আমাকে। কিন্তু ধীরেধীরে উপলব্ধি করলাম, মামার আমাদের প্রতি আসলে কোনো দরদই নেই। বাড়ি বিক্রির টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যেই এতকিছু করছেন উনি। এটা আমি বুঝতে পারলেও আম্মু বুঝতে পারছিল না। বাবা-র মৃত্যুর পর আমি যেনো এই স্বার্থপর পৃথিবীটাকে চিনলাম।"
ইরার হাত-পা কাঁপছে। শরীর ঠান্ডা হয়ে এসেছে তার।
"বাবার স্মৃতি থেকে বের হয়ে আসতে পারিনি এখনও। আমার কাঁচা ক্ষত আবারও জেগে উঠল। মামার বড় ছেলে গত মাসে দুবাই থেকে দেশে ফিরেছে। আমার কেন যেনো মনে হচ্ছিল, ইশান ভাই আমাকে ভালো নজরে দেখছে না। যখন-তখন একা পেলেই উনি আমার সাথে কথা বলতে চায়, গায়ে হাত দিতে চায়। একই ছাঁদের তলায় থেকে এগুলো এরিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ছিল আমার জন্য। সহ্য না করতে পেরে গতকাল আম্মুকে ব্যাপারটা জানাই। তবে আম্মু কোনো রিয়েক্টই করলো না। যেনো খুব স্বাভাবিক ব্যাপার। আরও বলল, আমি যেনো ইশান ভাইয়ার সাথে ভালো ব্যবহার করি। উনি কথা বলতে চাইলে যেনো কথা বলি। কী অবিশ্বাস্য ব্যাপার! আম্মুর পরিবর্তন আমি নিতে পারছিলাম না। সারাক্ষণ কেমন দমবন্ধকর লাগা শুরু হলো। মনে হচ্ছিল এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আমাকে বোঝার মতো কেউ নেই। আজ সন্ধায় সেটা আরও পরিস্কার হলো। কথায় কথায় মামাতো বোনের কাছ থেকে জানতে পারি, ওই লম্পটটার সাথে আমার আম্মু আমার বিয়ে ঠিক করেছে। মামা আম্মুর ব্রেনওয়াশ করতে ভালো সফল হলো।"
তাচ্ছিল্য করে হাসল ইরা। তাকালো আমার দিকে, "আমার এই মুহূর্তে মনে হচ্ছে, সেদিন বাবা-র কথা শুনে মাহবুব ভাইকে বিয়ে করে ফেললে আমার জীবনটা এমন নরক হয়ে উঠত না। আমি পুরোনো আমি থাকতাম। হয়তো বাবাও থাকতেন। আমার ঝলমলে জীবনটা এমন অমাবস্যা হয়ে উঠত না। এই পৃথিবীতে এই মুহূর্তে আমার চেয়ে নিঃস্ব, রিক্ত মানুষ আর একটাও আছে, বলুন?"
মূর্তির মতো ঠায় বসে রইলাম। ইরা তখনও বিভ্রম হয়ে শূন্যে চেয়ে আছে। যেনো এক জীবন্ত কাঠের পুতুল সে। আমার মস্তিষ্ক ক্রমেই এলোমেলো হয়ে আসছে। সম্পূর্ণ বাকহারা হয়ে মাটিতে চেয়ে রইলাম। অনুশোচনার তপ্ত আগুন আমাকে শকুনের মতো গিলে খাচ্ছে। চোখ দু'টো থেকে থেকেই কেমন অন্ধকার হয়ে আসছে। ইরাকে এই মুহূর্তে জড়িয়ে ধরার বৈধতাটুকু না পেয়ে আরও অতিষ্ট হচ্ছে প্রাণ। ইচ্ছে করছে, ওকে শক্ত করে বুকের মধ্যে ঢুকিয়ে রাখতে। উষ্ণ আলিঙ্গনে সবটুকু দুঃখ শুষে নিতে। পৃথিবীর সমস্ত খারাপ পরিস্থিতি থেকে তাকে বাঁচিয়ে নিতে ইচ্ছে করছে। এই মেয়ে দুঃখ পাওয়ার জন্য পৃথিবীতে আসেনি। দুঃখ তাকে মানায় না। তার জীবন বাবুইপাখির জীবন। সে রঙীন ফুল। ইরা নামক প্রাণবন্ত, ছটফটে পাখিটার জীবন মাত্র একটা বছরের ব্যাবধানে এতটা পাল্টে গিয়েছে, বিশ্বাস করতেই বুক ভার হয়ে আসছে। ইরা এতকিছু সহ্য করছে! আমার নিঃশ্বাস আঁটকে এলো। ইরাকে আমি এতটা বিধ্বস্ত করে ফেলেছি? ফুলের মতো একটা প্রাণ কি-না প্রায় অর্ধমৃত হয়ে বেঁচে আছে? আর এই সবকিছুই ঘটেছে শুধুমাত্র আমার জন্য?
[রিচেক করিনি।]