গল্প #নাম_রেখেছি_বনলতা
#পর্বঃ১১
#নাজমুন_নাহার
এখন প্রায় মধ্যরাত। বুনো প্রাণীদের মতো সন্ধারাত ঘনাতেই নিশাচরদের আনাগোনা বাড়ছে। পাহাড় থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাকের আওয়াজ। টানা পনেরো মিনিট ধরে দু'জনে ওখানেই বসে রইলাম। কারো মুখে কথা নেই। অথচ কত অভিযোগ, অভিমান, অনুশোচনা আমরা নীরবে প্রকাশ করে চলেছি।
হুট করেই বাসা থেকে কোনোকিছু না বলে বেরিয়ে আসার কারণে আম্মা অনর্গল ফোন করছেন। আমি ফোন ধরলাম না। বসা থেকে উঠে ধরা গলায় ইরাকে বললাম,
"চলো।"
ইরা জবাব না দিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে রইলো।
"নো কোয়শ্চন। তুমি আমার সাথে যাচ্ছ, এক্ষুণি।"
"আমি কোথাও যাচ্ছি না। আপনি প্লিজ একা ছাড়ুন আমাকে।"
দীর্ঘশ্বাস ফেলে তার সামনে হাঁটু গেঁড়ে বসলাম আবারও। আমার কন্ঠে ব্যাকুলতা।
"আমাকে কি কোনোভাবেই ক্ষমা করা যায় না, ইরা?"
ইরা আঁড়চোখে তাকিয়ে হাসল মৃদু।
"ক্ষমা করার জন্য অপরাধ থাকতে হয়। আমার জীবনে আপনার কোনো অপরাধ নেই। আমার নিয়তির জন্য আমি নিজে দায়ী। ক্ষমা চেয়ে তামাশা তৈরি করবেন না।"
আমি করুণ চোখে চাইলাম, "প্লিজ!"
"দয়া দেখাচ্ছেন? আমি কারো দয়া নিয়ে বেঁচে থাকতে চাই না। নাটকীয়তা ইদানীং আর হজম হচ্ছে না। সবকিছুর উপর বিরক্ত আমি।"
"নাটক করছি না। আমি তোমাকে ভালোবাসি। এই মুহূর্তে দাঁড়িয়ে এর চেয়ে সহজ, সত্য দাবী আর নেই। বিশ্বাস করাতে চাই না। তবে আমি আমার ভালোবাসা নিয়ে শতভাগ কনফিডেন্ট।"
ইরা হাসল। তাকালো তীক্ষ্ণ চোখে।
"ছলচাতুরী ভালোই শিখেছেন।"
আমি অবাধ্য স্বরে জবাব দিলাম।
"যা ইচ্ছে মনে করতে পারো। তবে তুমি না চাইলেও আমার সাথে তোমাকে যেতে হবে। নিজ থেকে না উঠলে জোর করতে বাধ্য হবো।"
ইরা আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়িয়ে পাশ কাটিয়ে অন্য পথ ধরে যেতে নিতেই বেশ কিছুক্ষণ নীরবে ওর একরোখা মুখের দিকে চেয়ে থেকে করে বসলাম এক অনাকাঙ্ক্ষিত কাজ। লম্বা পা ফেলে ওর পথ আঁটকে দাঁড়ালাম। একটা ভারী শ্বাস ফেলে অকস্মাৎ পাঁজা কোলে তুলে নিলাম তাকে। একজন পুলিশ অনেকক্ষণ ধরেই আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। ইরাকে কোলে তোলা মাত্রই উনি কোথা থেকে উড়ে এসে পথ আঁটকে দাঁড়ালেন।
"সমস্যা কী? তখন থেকে খেয়াল করছি তোমাদের। মেয়েটাকে বিরক্ত কেন করছো? পাব্লিক প্লেইসে এসব কী ধরনের ফাজলামো? হাজতে যাওয়ার ইচ্ছে হয়েছে নাকি ছেলে তোমার?"
বিরক্তি আর লজ্জায় ইরার চোখ খিঁচে এলো। আমি ভীত হলাম না। বরং স্বাভাবিক ভঙ্গিতে বললাম, "হাজতে কেন নিবেন? আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে এখানে চলে এয়েছে। সন্ধা থেকে কিচ্ছু খায়নি। এখনও বাসায় যাবে না বলে জেদ ধরে বসে আছে। কখন থেকে স্যরি বলেও মানাতে পারছি না৷ পাবলিক প্লেইস বলে কি ঘরের বউকে সারারাত বাইরে রেখে চলে যাব, স্যার?"
ইরা সঙ্গে সঙ্গে বলে উঠল, "আমি উনার স্ত্রী নই। আমাকে বাঁচান।"
আমি মুখে কৃত্রিম দুঃখীভাব টেনে বললাম, "মেয়ের জেদ দেখেছেন? ঝগড়া করে দু'টো ধমক দিয়েছি বলে স্বামীকে স্বামী মানতেই নারাজ। স্বার্থপর মেয়েলোক।"
উনি কিছুক্ষণ আমাদের দু'জনের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর কী ভেবে গম্ভীর মুখেই মুচকি হাসলেন। মাথা ঝাঁকিয়ে বললেন, "আজকালকের ছেলেমেয়েদের ঘটনা বুঝি না। কথায় কথায় তোমরা এত ঝগড়া কেন করো বলো তো? যাও যাও। জায়গাটা সন্ধার পর সুবিধাজনক না। বাসায় নিয়ে বউকে নিজ হাতে খায়িয়ে রাগ ভাঙাবে।"
তারপর ইরার উদ্দেশ্যে বলল, "রাগ করে রাত-বিরেতে বাসা থেকে বেরিয়ে পড়াটা ঠিক না। ঘরের ঝগড়া ঘরেই মিটমাট করে ফেলাটা উত্তম। স্বামী বকবে আবার সে-ই তো ভালোবাসবে। স্বামীকে এত পেরেশানি করতে নেই, বুঝলে?"
ইরার মুখের পানে চেয়ে চোখ মেরে মাথা ঝাঁকালাম। আমার এহেম আকস্মিক আক্রমনে ইরা হতবিহ্বল। ওকে কোলে করে নিয়েই বাইকের সামনের সিটে বসিয়ে আমি পেছনে বসলাম। সামনে বসালাম কারণ, পেছনে বসালে চলতি বাইক থেকেই সে ঝাপ দিয়ে নেমে যেতে পারে। ওকে বসিয়ে আমি পেছনে বসলাম। তারপর পেছন থেকে দুই হাতে আবদ্ধ করে বাইক স্টার্ট করলাম। চলতি বাইকের হাওয়ায় ইরার চুল আমার চোখে-মুখে, শার্টের বুকে ঢুকে পড়ছে। এক হাতে হ্যান্ডেলবারে ধরে রেখেই অন্য হাতে ওর চুলগুলো সামনে থেকে সরালাম। আমার হাতের স্পর্শ ওর পিঠ ছুঁতেই মৃদু নড়েচড়ে উঠল সে। ইরার মনে এই মুহূর্তে ঠিক কী চলছে, আমি জানি না। পুরো রাস্তা একটা কথাও সে বলল না।
বাসার চাবি আমার কাছে সবসময়ই থাকে। তাই ঘরে ঢোকা নিয়ে বেগ পোহাতে হলো না। তবে বিপত্তি হলো অন্য জায়গায়। দরজা মেলতেই কিছুটা ভীত হলাম। আমার ঘরের দুই রমনীকে চিন্তিত ও তপ্ত রুপে ড্রইংরুমে বসে থাকতে দেখলাম। আমাকে দেখামাত্রই নিক্ষেপ করলেন হাই বোল্ডেজের শকিং দৃষ্টি। নিঃশব্দে হেলমেটটা টেবিলের উপর রেখে গলা খাঁকারি দিলাম। ইরা তখনও দরজায় দাঁড়িয়ে। পুরোপুরি নিস্তব্ধ পরিবেশ। আম্মা আর প্রিয়তা একপলক আমার দিকে চেয়ে আবার ইরার পানে চাইল। ইরা বেশ বিব্রতবোধ করছে। একটা শুষ্ক ঢোক গিলে মুখ খুলতে যাব তার আগেই প্রিয়তা লাফিয়ে উঠে বলল, "তোরা বিয়ে করে ফেলেছিস?"
আম্মা আকাশ থেকে পড়ার ন্যায় চেঁচিয়ে উঠলেন একপ্রকার।
"বিয়ে করে ফেলেছে মানে? কাকে বিয়ে করবে? কিরে? কে এই মেয়ে?"
ওদের এহেম আচরণে ইরা ভীত চোখে আমার দিকে তাকাল। প্রিয়তা এক ছুটে ইরার হাত টেনে ওকে ঘরে ঢুকিয়ে নিতে নিতে প্রায় উত্তেজিত হয়ে বলল, "আম্মু, আগে দরজাটা বন্ধ করো।"
বাসায় ঢুকে সব ঘটনা আম্মাকে ইরা নিজে থেকেই বলল। তার অতীত, বর্তমান, সব। সবকিছু শুনে আম্মা ঘরে এসে আমার চব্বিশ পুরুষ শাসিয়ে একেবারে গোষ্ঠী উদ্ধার করে আমাকে কথা শুনিয়ে গিয়েছেন। আমি বেকুবের মতো কেবল চেয়ে রইলাম। হয়েছে কী এই মহিলার? পাশের ঘর থেকে নিশ্চয়ই ইরা সব শুনছে? তার দামড়া স্যার এই বয়সে এসেও মায়ের কাছে বকা খাচ্ছে ভেবে সে কি খুব হাসছে? হাসবেই তো! কী বিব্রতকর ব্যাপার!
আম্মা আমার সাথে এমন আচরণ করে বসলেন, যে লজ্জায় আমার মাথা কাটা যায় যায় হাল। শুধু যে আম্মাই ঝেড়েছেন, তা-ও না। প্রিয়তা বিচ্ছুটা পর্যন্ত আমাকেই দোষানো সুযোগ লুফেছে। এদের গলার স্বর আজ ফাটা বাঁশকেও হার মানাতে সক্ষম। রীতিমতো কাঠগড়ায় তুলে জেড়া করার মতো ঘটনা। এই মুহূর্তে নিজেকে আসামী ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না। ধরতে পারলেই ফাঁসিতে চড়িয়ে দেওয়ার মতো পাপিষ্ঠ। শেষ একঘন্টায় আম্মা আর প্রিয়তার সাথে ভালোই সক্ষতা গড়ে উঠেছে ইরার। আমার সাথে যুদ্ধবিগ্রহের সম্পর্ক থাকলেও আমার ঘরের লোকদের সাথে সে ভালোই মানিয়ে নিয়েছে। কয়েক ঘন্টায় ইরাও ওদের চোখের মনি হয়ে উঠেছে। আমার মা-বোন এই মেয়েকে পেয়ে চাঁদ পাওয়ার মতো খুশি। তার হেতুতে আমাকেও ভুলে বসলেন। এই বাড়িতে এখন আমার চেয়ে অধিকতর অবহেলিত আর কোনো প্রাণী নেই। শুধু যে অবহেলিত, তা-ও না। আমার মা-বোন ইরাকে পেয়ে রীতিমতো আমার অস্তিত্বই ভুলে বসেছে। আসতে না আসতেই প্রিয়ু যত্ন করে ইরার জন্য ভাত বেড়ে এনেছে আর আম্মা গল্প করতে করতে আহ্লাদ করে ওকে খায়িয়ে দিচ্ছেন। আমি বেচারা যে কাজ থেকে ফিরে পুরোপুরি উপোষ বসে আছি, সেদিকে এই ঘরের লোকেদের খেয়াল আছে? একরত্তিও নেই। হতাশ হয়ে নিজের ভাত নিজেই বেড়ে খাচ্ছি।
রাতে ইরা আম্মা আর প্রিয়তার সাথেই শুয়েছে। না, ঘুমায়নি। সারারাত এই তিন রমণী মিলে আড্ডা জমিয়েছে। এই মুহূর্তে আম্মার গল্পের প্রধান চরিত্র আমি। আমার শৈশবের সেই বিখ্যাত গল্পটা ইরাকেও শোনাচ্ছেন, যেটা আম্মা প্রায় হাজার বার অনেককেই শুনিয়ে ফেলেছেন। আমি ঝাপসা শুনতে পাচ্ছি সেসব কথা। গল্পের কথক প্রিয়তা আর আম্মা, ইরা কেবলই একজন মনোযোগী শ্রোতা সেখানে।
অবলার মতো বারান্দায় হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। পাত্তাহীনতায় প্রায় জান যায় যায় দশা আমার। একটা মানুষও আমার কথা স্মরণ করল না, ডাকল না? অপমানে, অপবাদে হৃদয়টা ভেঙে এলো। সেই অপমানিত মুখ নিয়েই নির্লজ্জের মতো দরজায় কড়া নাড়লাম। প্রিয়তা একপ্রকার বিরক্তি নিয়ে ধমকে বলল, "ভাইয়া তোর সমস্যা কি? বিরক্ত কেন করছিস? ঘুমা তো গিয়ে।"
এসব কী ধরনের ব্যবহার? রাগে শরীর গিজগিজ করছে শরীর। এটাকে এক থাপ্পড়ে উগান্ডা না পাঠানো অব্ধি শান্তি পাচ্ছি না। আপাতত সেসব ক্ষোভ মাটিচাপা দিয়ে রয়েসয়ে বললাম, "আমার সাদা টি-শার্টটা দেখেছিস, প্রিয়ু?"
প্রিয়তা দরজা মেলে রীতিমতো ত্যক্ত হয়ে চাইল আমার মুখে। তারপর ধুপধাপ পা ফেলে আমার রুমের দিকে ছুটল। আমিও গেলাম ওর পিছুপিছু। দশ সেকেন্ডের মধ্যে টি-শার্ট বের করে দিয়ে ও দাঁতে দাঁত পিষে বলল, "রাত করে টি-শার্ট দিয়ে কী কাজ তোর?"
রাগ মাটি দিয়ে নরম হয়ে বললাম, "ইরা আমার ব্যাপারে কিছু বলেছে?"
প্রিয়তা মুখভঙ্গি মুহূর্তেই বদলে গেলো। ঠোঁট টিপে হাসল। মাথা নাড়িয়ে বলল, "উঁহু।"
"কিছুই বলেনি?"
দুই হাত কোমরে রেখে চোখ ছোট করে জানতে চাইল,"কী বলবে?"
আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, "কিছু না। যা ভাগ! বের হ।"
প্রিয়তা যেতে যেতে কেমন রসিয়ে রসিয়ে বলল, "এই শোন, ঘুমিয়ে পড়। ঘুমানো দরকার তোর। আগামীকাল তো আর কম ধকল যাবে না! ঘুমা ঘুমা।"
ওর কথায় মনোযোগ নেই আমার। ইরার মনে এখন ঠিক কী চলছে, সেসবই ভাবছিলাম।
শেষরাতে কেবল তিনঘন্টা ঘুমাতে পেরেছি। আম্মা একপ্রকার হন্তদন্ত হয়ে ঘুম থেকে জাগালেন সকালে। আমি ধড়ফড়িয়ে উঠলাম। বিভ্রান্ত হয়ে চেয়ে আছি। আম্মা হাতে হাজার টাকায় কিছু নোট গুঁজে দিয়ে গুরুতর গোপন কথা বলার ভঙ্গিতে কানের কাছে মুখ এনে বললেন, "এখানে বিশ হাজার টাকা আছে। বউয়ের জন্য একটা স্বর্নের নাকফুল আর ভালো দেখে একটা শাড়ী কিনে নিয়ে আয়। তাড়াতাড়ি উঠ।"
আমি ভ্যাবলার মতো চেয়ে রইলাম।
"বউ কে?"
আম্মা আমার প্রশ্নের উত্তর দিলেন না। আলমারি থেকে খয়েরী পাঞ্জাবীটা বের করে আহাজারি করতে করতে আরও পাঁচ হাজার টাকা হাতে দিয়ে বললেন, "নিজের জন্য টাকা খরচ করতে কি কষ্ট হয় তোর? বাপের মতো হাড়কিপটে হয়ে বসে আছে। পরিবার, সংসার করে করেই জীবনটা গিয়েছে মানুষটার। নিজের জন্য কিচ্ছু করে যেতে পারল না। ছেলেও পেয়েছে একই রক্ত।"
চোখের পানি মুছে আবারও আমাকে ধমকে উঠলেন আম্মা।
"তিন বছর আগের কেনা পাঞ্জাবী এখনও আলমারিতে ঝুলিয়ে রেখেছিস! ভালো দেখে একটা পাঞ্জাবীও কিনবি। তাকিয়ে আছিস কেন? দেখো ছেলের কান্ড! তাড়াতাড়ি বের হ। কাজী সাহেব এগারোটার মধ্যে চলে আসবে।"
কথার অর্থ এতক্ষণ বোধগম্য হলো। তবে ইরার এসবে সম্মতি আছে কি-না চিন্তা করার আগেই আম্মা রীতিমতো ঠেলেঠুলেই আমাকে বাসা থেকে বের করলেন। শাড়ী কিনতে গিয়ে মনে পড়ল, গতকাল সন্ধ্যার ঘটনা। এই শপ থেকেই তো গতকাল লাল জামদানীটা কিনেছিলাম ইরার জন্য। এত দুঃশ্চিন্তার মধ্যে শাড়ীটার কথা বেমালুম ভুলেই বসেছিলাম। নিজের জন্য একটা পাঞ্জাবী আর ইরার নাক ফুল কিনেও প্রায় বিশ হাজার টাকার মতো থেকে গিয়েছে পকেটে। একাউন্ট চেক করে দেখলাম, সেখানেও ভালো এমাউন্টের টাকা সঞ্চিত আছে৷ ব্যাংক থেকে আরও বিশ হাজার তুলে ইরার জন্য ছোট্ট দেখে এক জোড়া স্বর্নের কানের দুল নিলাম।
বাসায় ফিরতেই কানের দুলগুলো আম্মাকে দেখিয়ে বললাম, "দেখো তো আম্মা, ইরাকে মানাবে কি-না?"
দুল জোড়া হাতে নিয়ে আম্মার চোখ ছলছল করে উঠল। আনন্দিত কন্ঠে বললেন, "তোর আব্বা বেঁচে থাকলে আজ কত কী করে বসতো! বাজার করে ঘর ভরে ফেলতেন! বউমা'কে আমি আমার ঝুমকো জোড়াও দিয়ে দিবো, বুঝলি? এগুলোও ওর থাকুক। সবসময় তো আর ভারী জিনিস কানে দিয়ে রাখা যায় না। ভালো করেছিস কিনে। এমনিতেও স্বর্নের দাম যা বেড়েছে, দু'দিন পর এসবই মানুষের আসল সম্বল। যাই, তোর ফুপুকে দেখিয়ে আসি।"
বাসায় বড় মামা আর আমার ফুপ্পি এসেছে। আম্মা এদেরকে রাতেই বলে রেখেছে যেনো খুব ভোরেই রওনা দিয়ে দেয়। ইরা সদ্য গোসল সেরে বেরিছে। টেবিলের সামনে গ্লাসে পানি ঢালার বাহানায় উঁকিঝুঁকি মেরে তাকে একটু দেখার ব্যাকুলতা নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমার মা-ফুপ্পিদের যন্ত্রনায় তা আর হলো কই। রাত থেকে মেয়েটাকে নিজেদের কাছে একপ্রকার দখল করে রেখেছে। ইরাকে এখন খুব সম্ভবত শাড়ী পরানো হচ্ছে। শাড়ীটা ফুপ্পি পরাবে। প্রিয়তা সাজিয়ে দেবে ওকে।
আজ দোসরা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ। অর্থাৎ ইংরেজি ২০২৫ সালের ফ্রেব্রুয়ারি মাসের পনেরো তারিখ। সময়, সকাল এগারোটা। আমার জীবনের সত্যিকারের বসন্তের এক অনিন্দ্য সুন্দর সকাল। ইরা আর আমার এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হওয়ার শুভলগন। বহুল আকাঙ্ক্ষিত দিন!
ইরা আমায় ক্ষমা করেনি। এমন মুখ থুবড়ে পাহাড় থেকে সমতলে পড়া মানুষেরা খুব সহজে তাদের ক্ষত ভুলতে পারে না। না পারে স্বল্প সময়ে কাউকে ক্ষমা করতে। কেউ কেউ তো আস্ত একটা জনম পাড় করে দেয় সুপ্ত অভিমানে। তাদের অভিমানের শক্ত দেয়াল ভেদ করে সেখানে নতুনভাবে বেঁচে থাকার সুর বাজিয়ে তোলা প্রায় অসম্ভব ব্যাপার। ইরার চোখে আমার জন্য আমি তার চেয়েও বেশি অভিমান দেখি। এই মুহূর্তে সে কেবল ওই নরক থেকে নিজেকে কিছুটা নিরাপত্তা দেওয়ার জন্য আমার সাথে আমার বাড়ি পর্যন্ত এসেছে। আমাকে সে আদতেও কখনও মেনে নিবে কি-না, কে জানে!
বড় মামা কোথা হতে কাজী ডেকে আনলেন সকাল সকাল। কবুল বলানোর আগে ইরাকে আমি কেবল একটা টেক্সটই পাঠালাম।
"আমাকে মেনে নিতে হবে না, ভালোবাসতেও হবে না। তুমি শুধু আমার হয়ে থাকো। ঘৃণা করে হলেও থেকে যাও। তবুও থাকো। আমি আমার ইরাকে ভালোবেসে নিজের করা সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে নেবো।"
ইরা আমার টেক্সট সিন করলেও কোনো রিপ্লাই করেনি। কিছুটা ভীত হলাম। যদি ইরা কাবিননামায় সাইন না করতে চায়? আমাকে যদি সে কবুল না করে? কিন্তু তেমন কিছুই হলো না। ইরা লক্ষী মেয়ের মতো তার নিষ্ঠুর প্রিয়ম স্যারকে কবুল করে নিলো। শিক্ষক থেকে আমার প্রমোশন করালো তার স্বামী রুপে। আজ, এই মুহূর্ত থেকে ইরা আমার স্ত্রী!
রাতে ইরা নিজে থেকেই তার বাসায় ফোন করে জানিয়ে দিলো, সে বিয়ে করে ফেলেছে। বাড়ির কেউ যেনো তাকে নিয়ে দুঃশ্চিন্তা না করে। জরুরী তথ্য দিয়েই ফোন বন্ধ করে দিলো। অপর পাশ থেকে আর কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। সে কোথায় আছে, কাকে বিয়ে করেছে এসব কিছুই বলল না।
ঘরে ঢুকতেই বেলীফুলের মিষ্টি সুভাস নাকে এলো। এটা প্রিয়তার কাজ। ওর বারান্দার বেলী গাছটার সবগুলো ফুল ছিঁড়েছে ভাইয়ের জন্য। কাঁচের টবে পানিতে চুবিয়ে রেখেছে ফুলগুলো। যার দরুন পুরো ঘরময় বেলীর খুশবুতে মাতোয়ারা হয়ে আছে। একেবারেই সারল্য বাসরের সাজ।
ঘরে ঢুকে ইরাকে স্বাভাবিকভাবেই খাটে বসে থাকতে দেখতে পেলাম। চেহারায় দুঃশ্চিন্তা নেই, না আছে পূর্ণতার তীব্র আনন্দ। ধীরপায়ে ওর কাছে গিয়ে বসলাম। ওর মূর্তিমুখে চেয়ে কিছু বলতে যাব তার আগেই ইরা বলে উঠল, "আপনার কাছে আমাকে ছুঁয়ে ফেলার লিখিত, ধর্মীয় বৈধতা আছে। তবুও কি আমি অনুরোধ করতে পারি, আমাকে আজ আপনি প্লিজ ছোঁবেন না?"
আমি বেশ কিছুক্ষণ ওর পেলব মুখের পানে চেয়ে হতাশ শ্বাস ফেললাম। উঠে হাতের ঘড়িটা খুলে ড্রয়ারে রাখলাম। ইরার নারীদেহে আজ ভিন্ন ছন্দ চলছে। ঋতুকাল চলমান তার পেলব শরীরে, সেটা আমি জানি। বাজারে যাওয়ার পর প্রিয়ু টেক্সট করে ইরার জন্য স্যানিটারি প্যাড নিয়ে আসতে বলেছিল। এসব ছাড়াও, ইরার মনের সম্মতি ব্যতিত আমি কি এমনিতেও তাকে ছোঁয়ার দুঃসাহস দেখাতাম? মানুষ কিংবা স্বামী হিসেবে আমি কি এতটাই খারাপ? কাগজের দু'টো সিগনেচার কি কারো মনের বিরুদ্ধাচারণের মালিক বানিয়ে দিতে পারে?
খাট থেকে একটা বালিশ নিয়ে মেঝেতে রাখলাম। ইরা বুঝল, আমি মেঝেতে ঘুমাব। তবুও শব্দ করল না। অপরিচিত পরিস্থিতি আর অনাকাঙ্ক্ষিত কথায় আমার মনটা বিষন্ন হয়ে উঠেছে। মেয়েটা এমনভাবে কথাগুলো বলল, যেনো সে বাজার থেকে কেনা কোনো নিত্যপ্রয়োজনীয় পন্য। তাকে আমি কিনে এনেছি। কেবল পুরুষ খায়েশ মেটাবার জন্যই বিয়ে করেছি। ইরা তখনও উত্তরের আশায় আমার পানে চেয়ে আছে। আমি মেঝেতে লম্বা হয়ে শুয়ে দু-হাত মাথার নিচে রেখে বললাম,
"এত অল্প সময়ে কোনোকিছুই কেনার সময় পাইনি। তুমি কষ্ট করে আজকের মতো শাড়ী পরেই শুয়ে পড়ো। সকালে আম্মাকে পাঠিয়ে কিছু থ্রি-পিস আনিয়ে দেব।"
এক হাত দিয়ে কপাল আর চোখ ঢেকে শুয়ে আছি। চোখ দু'টোয় একরত্তিও ঘুম নেই। হঠাৎ কারো ফোঁপানির আওয়াজে মাঝরাতে চোখ মেলে চাইলাম। ইরা কাঁদছে। খাটের একপাশে বসে কাঁদছে। আমি তাকাতেই ড্রিমলাইটের ম্লান আলোয় চোখাচোখি হলো দু'জনের। ইরা হিচকি তুলে বলল, "আপনি একটু উপরে আসবেন? আমার মনটা ভীষণ খারাপ। একটু কথা বলবেন আমার সাথে?"
খাটের মাঝখানটাতে কোলবালিশ রেখে দু'জনে দুই প্রান্তে পাশাপাশি বসে আছি। আমি কোনো কথা খুঁজে পেলাম না। হুট করেই নিজেকে সহজ করে ফেলতে পারছি না তার সামনে। তবুও মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, "গান শুনবে?"
ইরা আঁড়চোখে চাইল। দীঘির জলের মতো তার চোখ দু'টো তখনও অথৈ জলে টইটুম্বুর। বাঁধ ভেঙে কেবল অশ্রুবিসর্জন করা বাকি। সেভাবে চেয়ে থেকেই সম্মতিসূচক মাথা দোলালো মেয়েটা। ডিভানের উপর থেকে গিটারটা এনে ইরার মুখোমুখি হয়ে বসলাম। সে মন দিয়ে গিটারে আমার আঙুল বোলানে দেখছে, আর আমি দেখছি তাকে! আমার দৃষ্টি ইরার চোখের তারায় স্থির। চাতক পাখির ন্যায় তৃষ্ণার্ত নয়নে চেয়ে থেকে গান ধরলাম,
"তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি?
বুকের খাঁচায় বন্দী থেকো ওগো অবুঝ পাখি...
তোমার প্রেমে আমি অন্ধ
ফিরে যাওয়ার পথ বন্ধ
ইচ্ছে করে জনম ভরে করি গো আদর..."
একসময় ইরা ক্লান্ত পাখির মতো ঘুমের দেশে পাড়ি জমালো। তার নিঃশ্বাসের হিসহিসে শব্দ শুনে পাচ্ছি। কেমন বেঘোরে শুয়ে আছে দেখো! যেনো কত জনম ঘুমায়নি। ওর নিষ্পাপ, আদুরে মুখে চেয়ে আমার বুকে তোলপাড় শুরু হলো। হৃদয়ে চলছে তুমুল বিদ্রোহ। এই ফুলের মতো মিষ্টি মেয়েটাকে দুঃখ দেওয়ার অনুশোচনা আবারও জেঁকে বসল বুকের ভেতর। এক ফোঁটা অশ্রুকণা শার্টের উপর এসে পড়ল। ইরার কপালে একটা চুমু খেতে খুব ইচ্ছে করছে। একটু জড়িয়ে ধরতে পারলেও মন্দ হতো না। নিজেকে দমালাম কিছুক্ষণ আগের কথাগুলো স্মরণ করে। ভারী শ্বাস ফেলে সাবধানতার সাথে তাকে বালিশে শুয়িয়ে দিয়ে চেয়ে রইলাম আরও কিছুক্ষণ। ওকে শক্ত করে জড়িয়ে ধরতে না পারার আক্ষেপ ক্রমেই ব্যথিত করছে মন। এই মিষ্টি দেখতে মেয়েটা আজ থেকে আমার ঘরণী, ভাবতেই হাওয়াই মিঠাইয়ের মতো কোথাও মিলিয়ে যাচ্ছে আমার সমস্ত অহেতুক দুঃখ। সকল বিষাদগ্রস্ত দিনগুলোকে ভুলে আমি এই মুহূর্তে মনোযোগ দিলাম কেবল এই প্রতিমারুপী রমণীটির পানে। ছুঁয়ে দিতে বারণ আছে, চেয়ে থাকায় তো নেই। ঘুমপরী আমার! হাসলাম ইশৎ। এই মেয়ের কোলে পৃথিবীর সমস্ত সুখ উৎসর্গ করে দেওয়ার প্রতিজ্ঞাটুকু করে আবারও সুর তুললাম–
"তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর
তুমি আমায় কইরো না গো কোনোদিনও পর..."