#আগুন_রঙা_ফাগুন 🍂 [ ৩ ]
#পর্ব_৩
#ইসরাত_আরা_ইতি
জায়গাটা কালীবাড়ি মন্দির রোড থেকে ভেতরে, স্যাঁতস্যাঁতে চাপা একটা গলি। মৃন্ময় এই গলির নাড়ি নক্ষত্র চেনে। একবার শম্ভুনাথ নামের এক লোকের মার্ডার কেস ঘাঁটাঘাঁটি করতে আসতে হয়েছিল এখানে। তাই বড় রাস্তা ছেড়ে যখন সরু পথে ঢুকলো,তখন হাঁটতে বিশেষ অসুবিধা হলো না ওর।
ব্যক্তিটির নাম সুরঞ্জিত। তার স্ত্রী শর্মীষ্ঠা। আপাতত এই দু'জনের চাঁদ মুখটা সে দেখতে চাইছে।
এ বাড়ির ঠিকানা মাইকেল দিয়েছে। কাঠের ভাঙাচোরা বাড়িটার দরজার কড়া নাড়ার আগে মৃন্ময় হাতের টোকেনটা চেক করে নেয় আবার। নিশ্চিত হয় এই বাড়িটাই কিনা।
দরজা খুলেছিল সুরঞ্জিত। বয়সের তুলনায় লিকলিকে ভীষণ। হাতের কাছে যা পায় তাই দিয়ে নেশা করে, এর হিস্ট্রি চেক করতে গিয়ে তথ্যটা পেয়েছিল মৃন্ময়। লোকটা মৃন্ময়ের মুখের দিকে চেয়ে আছে হা করে। মৃন্ময় জগিং স্যুট পরা, গেঞ্জিটা হাতাকাটা। বিকেল বেলা মাঝে মাঝে বেরোয় এভাবে। স্টাফ কোয়ার্টার থেকে বৈকালিক চায়ের দাওয়াত পায়।
সাংবাদিক মৃন্ময় শিকদারকে চিনতে না পারার কোনো কারণ নেই। অতি পরিচিত একটা মুখ বরগুনার, স্বভাবত অসহ্য পর্যায়ের ধূর্ত। সব থেকে বাজে যে স্বভাবটা এর, সবখানে নাক ঢুকিয়ে দিতে পছন্দ করে। লোকটা একটু অদ্ভুত। সুরঞ্জিত বোকা চোখে চেয়ে আছে।
মৃন্ময় লোকটার মুখ দেখে এক চোট হাসলো,হালকা গলায় বলল,“হাই! আমি মৃন্ময় শিকদার। নাম তো সুনা হোগা!”
সুরঞ্জিত নির্বিকার। মৃন্ময় হাসি চওড়া করে বলে,
_কি পালাবে নাকি? লাভ নেই। এজন্যই আমি জুনিয়রদের না পাঠিয়ে নিজে এসেছি যাতে তুমি পালাতে গেলে তোমার চিবি চেপে ধরতে পারি। তা বাড়িতে বৌ আছে এখন? বৌ থাকলে আর ভেতরে ঢুকবো না। নয়তো আবার রেইপ কেস খেয়ে যেতে পারি! তোমাদের তো অভ্যাস আছে যাকে তাকে ফাঁসানোর।”
বাড়িতে কেউ নেই। সুরঞ্জিত পাশে সরে মৃন্ময়কে ঢুকতে জায়গা করে দিল। মৃন্ময় ঢুকে একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে আশেপাশে চোখ বুলাল। অতি বাজে অর্থনৈতিক অবস্থা,তার মাঝে সদ্য কেনা ফ্রিজটা চোখে লাগার মতো। রেঞ্জ চৌত্রিশ হাজার।
সুরঞ্জিত ঘামছিল। তাকে বলা হয়েছিল আটটা নাগাদ বরগুনা ছেড়ে পটুয়াখালী যেতে, অন্তত পনের দিনের মতো গা ঢাকা দিতে। এর মাঝে মৃন্ময় তার নাগাল পাবে ভাবেনি।
কথাটা অবশ্য মৃন্ময়ই বলেছে,“সারা রাত না ঘুমিয়ে ভাবলাম। ভিক্টিম সেদিন তালহার সাথে প্রেস ক্লাবে বাক বিতণ্ডা করেছে এটা জানতো তিনটা দলই। ভিক্টিমকে রেইপ করানোর ক্ষেত্রেও হাত তিন দলেরই থাকতে পারে। সেটা ভিক্টিমের জ্ঞান ফিরলে জানা যাবে। তবে তালহার ঘড়ি,ইউজড টিস্যু ভিক্টিমের শরীর পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে ভূমিকাটা তোমাদের। তোমার বৌ সদর হাসপাতালের ক্লিনার,আর তুমি তালহার অফিস ক্লিনার। খুব চমৎকার একটা কানেকশন কিন্তু। এটা কে করিয়েছে তা আমি জানি। আসলে জগিং করতে বেরিয়েছিলাম। তোমার মুখটা দেখে শিয়র হতে এলাম। নয়তো বিকালের নাস্তাটা হজম হবে না।”
সুরঞ্জজিতের চোয়াল ঝুলে আছে। কথা ওর গলা থেকে বেরুচ্ছে না। মৃন্ময় উঠে হুট করে বলল,“আরফান সাহির টাকা দিয়েছে না? সো লাকি। আমি যতদূর জানি ওর লেনদেন বাজে খুব। আস্ত বজ্জাত। যাই হোক,যেখানে যাচ্ছো যাও।”
ঘর থেকে বেরিয়ে আসার পরে সুরঞ্জিতের লটকানো মুখটা কল্পনা করে অনেক্ষণ হাসলো মৃন্ময়। তার খোঁচাখুঁচির খবর আরফান অবধি যাক এটা সে নিজেও চেয়েছে। তাই রিস্ক নিয়ে আসা। যদিও মৃন্ময় এটা নিয়ে বাড়াবাড়ি করবে না তবে মাঝেমাঝে হারামজাদাটাকে ঘাবড়ে দিতে ভালো লাগে।
মনে মনে একটা গালি দিয়েই ভ্রুর কাঁটা দাগটা ছোঁয় মৃন্ময়। একদম খাড়া একটা কোপ দিয়েছিল হারামজাদা সেবার। আরফানের বোন মানজিয়ার বয়ফ্রেন্ডকে আরফান আধমরা করে মেরে রাস্তায় ফেলেছিল যখন, মৃন্ময় সেটা ছেপেছিল তার কাগজে। তারপর গিয়ে সেরাতে পিটিয়ে এসেছিল কতেক আততায়ী।
পরন্ত বিকেলে সূর্য নিভু নিভু করলেও গরমের প্রখরতা দগদগে। মাথা ধরে যাওয়ার মতো। সেই গরম মাথায় নিয়ে মৃন্ময় হাঁটছে। এখন কি করা যায় সে ভাবছে। একটা কাজ তার আছে। তবে সেটা করতে যেতে হবে সন্ধ্যা নাগাদ। এর আগে কি করা যায়?
করার মতো কাজ বেঁচেই আছে ওর জীবনে দুইটা, এক এই শখের সাংবাদিকতা। দুই, বড়লোক দুশ্চরিত্র বাপের টাকা উড়িয়ে মানুষ খাওয়ানো।
এছাড়া আর কি আছে জীবনে? নারী জিনিসটা সম্ভবত মৃন্ময়ের জন্য না এ কথা মৃন্ময় এই একত্রিশে এসে ধীরে ধীরে বুঝলো। কেউ এসে ওর জীবনে তিন মাসের বেশি টিকতে পারে না। গালি দিয়ে চলে যায়।
নারী জিনিসটা যে খুবই প্রয়োজনীয় এ কথাও অস্বীকার করার মতো না। তবে এই ‘উল্ফট’ জীবনে কাউকে স্থায়ী ভাবে এনে ঠিকঠাক ভাবে সম্মাননা না দিতে পারলে ওপরে গিয়ে সেটার জবাব তো দিতে হবে।
তার ওপর রয়েছে আরো ঝামেলা। নারীটাকে আবার নিরাপত্তা দিতে হবে। এমনেই নিজের জীবনে একটু স্থির হয়ে এক কাজ বেশিক্ষণ করতে মন চায়না। এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনা মিনিট পাঁচেক। তারপর এই প্যারা কে নেয়? যার জীবনে পরবর্তী আধাঘন্টার খবর রাখা ভারী হয়ে যায় সে রোজ রাতের একটা নির্দিষ্ট সময়ছ সবজি কিনে বাড়িতে ঢুকবে? তারপর ঢুকে শুনবে মেয়েলি কিচকিচ? না বাবা! দরকার নেই।
মৃন্ময় হাঁটছে। কপালে ঘাম জমেছে। পকেট থেকে টিস্যু বের করে মুছে নিলো তা। এর মাঝে পকেটের ফোনটা বাজে ওর। স্ক্রিনে বড়লোক বাবার নাম্বার দেখতে পেয়েই খুব আলস্যতা নিয়ে রিসিভ করলো সে। ওপাশের ব্যক্তিটি শান্ত গলায় বলল,“আশি দিলাম। চেক করো।”
_২০ পুরিয়ে এক লাখ করে দিতে!
মৃন্ময় সাথে সাথে জবাব দিতেই ব্যক্তিটি চুপ হলো। দুপাশেই পিনপতন নীরবতা বিরাজমান। এরপর মৃন্ময়ই কল কেটে ফোনটা ফের পকেটে ঢুকিয়ে হাঁটা ধরে।
গার্লস স্কুলের দিবা শিফটের এক ঝাঁক কিশোরী বিপরীতে আসছে। স্কুল হয়তো ছুটি হয়েছে কিছুক্ষণ আগে।
ওকে দেখে কিশোরীদের গোলগাল মুখগুলো বেশ ঝলমলে হয়ে ওঠে। ডাগর ডাগর চোখে চেয়ে থাকে হাত কাটা গেঞ্জির বাইরে দৃশ্যমান বাইসেপসে। ঢোক গেলে কতেক।
হাঁটতে হাঁটতে আবার কিসব বলাবলি করে একে অপরের কানে।
মৃন্ময় হাসলো। পাকনা মেয়ে গুলোকে ভড়কে দিতে মাথা চুলকে বিড়বিড় করলো,“তোমাদের আব্বার বয়সী আমি। যাও ভাগো!”
মেয়েগুলো হয়তো শুনতে পেয়েছে। ওরা দাঁড়িয়ে পরে মুখ চেপে হাসছে। এদের বয়সটাই হাসির। এই বয়সে শুধু হাসতেই মনে চায়। কোনো মরা বাড়িতে নিয়ে ছেঁড়ে দিলেও এরা এক কোণে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসবে।
মৃন্ময় তো চেনে এদের ধাত। এখন চলছে এদের জীবনে “হিহিহিহি” ফেজ! এরপর বছর পাঁচেক পরে,যখন একটু ভারিক্কি হবে,তখন নাকের আগা কুঁচকে রাখবে অকারণেই! বোঝাতে চাইবে তাদের মতো জ্ঞানী আর কেউ নেই।
কথায় কথায় আবার ফোঁস ফোঁস করবে,ঠিক ঐ সেদিনের ফালতু মেজাজী মেয়েটার মতো।
হঠাৎ করেই থতমত খেলো মৃন্ময়। সব থাকতে হঠাৎ ঐ মেয়েটার কথাই কেন ভাবছে বুঝতে পারছে না। ভীষণ অদ্ভুত তো!
__________
সম্ভবত সাতদিন। সাগরিকা হিসেব রাখেনি যদিও,তবে সম্ভবত সাতদিনই হবে হয়তো। সূর্যটাকে এই জানালা থেকে উঠতে এবং এই জানালা থেকেই অস্তমিত হতে দেখেছে ও।
এই নরম বিছানার এক পাশেই ঠেশে বসে থাকা সারাদিন। এর বাইরে আর কোনো কিছুর খবর তার কাছে নেই। এই তো সূর্যটা আবার জানালার বাইরে জামরুল গাছটার মাথায় গড়াবে। আসরের আজান হবে, আবার এখান থেকেই সন্ধ্যা। তারপর রাত্রিটা হবে ঠিক বিগত সাত দিনের মতো,শ্বাসরুদ্ধকর। সময়সূচী মুখস্থ হয়ে গেছে সাগরিকার।
ঘরের দরজায় এসে উকি দেয় আলিজা। নত স্বরে ডাকে,“ভাবী আসবো?’
শুরু শুরুতে আলিজার নিজের বান্ধবীকে ভাবী ডাকটা ঠিক আসেনি। ছোট ভাইয়ার এক ধমকে এখন মুখে জপছে। সাগরিকা হাঁটুর ওপর থেকে মাথা তুলে অসুস্থ চোখে তাকালো। আলিজা বলল,“তোমার বাবা মা এসেছে নিচে। দেখা করবে না? বাবা কথা বলছে!”
সাগরিকার ইচ্ছে নেই আপাতত। সেদিন আরফান গিয়ে শ্বশুর শাশুড়িকে সৌজন্য করে ডেকে এনে পথ ভাঙিয়েছে, এরপর থেকে এভাবেই নিয়মিত আসবে তারা,যাবে তারা। আব্বা তো আড়ালে নিয়ে সাগরিকাকে শাসালোও,“যা করেছো নিজের রিস্ক নিয়া করেছো। এখন গাইগুই করে আমাদের বিপদে ফেলো না। যা হয়েছে মানিয়ে নাও। ভালো থাকবা।”
সাগরিকা কাউকেই বিপদে ফেলবে না। শুধু ঐ মানুষটা ভালো থাকলেই ভালো। তার স্বপ্নের মতো মানুষটা! এর বাইরে কিছু সাগরিকার চাওয়ার নেই আর।
আলিজা এসে মেয়েটার থুতনি ছু’লো। তার খুবই দুঃখ লাগছে। সে ঘুনাক্ষরেও চায়নি এমনটা হোক। যেদিন আরফান ওকে বুঝিয়ে দিয়েছিল আরফান সাগরিকাকে পছন্দ করে,আলিজা নিজে সাগরিকার থেকে দূরত্ব বাড়িয়েছে। চায়নি সাগরিকা এ বাড়িতে আসুক বা কখনো আরফানের মুখোমুখি হোক।
কিন্তু ছোটোভাইয়া মানুষটা বড্ড হিংস্র। একটা জিনিস মাথায় ঢুকে গেলে সেটা থেকে সরতে পারে না। তার তালহা ভাইয়ার সাথে এই কাজটা করা উচিত হয়নি।কিন্তু তাদের বাড়ির ছেলেরা কি উচিত অনুচিতের ধার ধারে?
সবাই বলাবলি করছে সাগরিকার কোনো প্রয়োজন ছিল না আরফানের কাছে যাওয়ার। এটা অত্যন্ত হাস্যকর কথা আলিজার কাছে। কারণ সে তার ভাইকে চেনে। যেভাবেই হোক সাগরিকাকে নিয়ে ছাড়তো সে নিজের কাছে। এমনও হতে পারতো জোর করে বিয়ে করতো। তালহাকে ফাঁসিয়ে সাগরিকাকে দুর্বল বানানোটা আসলে এক ঢিলে দুই পাখি মারার মিশন ছিল।
“খারাপ লাগছে? মাথা ধরেছে?”
সাগরিকার একটা অসুখ আছে। মাথা ধরে ঘনঘন। আলিজা সে কথা জানে। সাগরিকা মাথা নেড়ে বলে,“যাবো না নিচে। আমি একটু শুয়ে থাকবো। আর কি কিছু করতে হবে?”
বাড়িতে কাজের শেষ নেই,সবটাই বিয়ের কাজ। খুব পরিশ্রমের কাজ নয় যদিও। শাড়ি গয়না পছন্দ করতে হয়েছে সাগরিকার। মেহমান আসছে-যাচ্ছে নতুন বৌ দেখতে। তাদের গিয়ে সালাম দিতে হচ্ছে।
আরফান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। ছাদে গিয়েছিল সে। ভাইকে দেখে আলিজা উঠে চলে গেল। দরজা লাগিয়ে আরফান বারান্দা ঘুরে এসে সাগরিকাকে বলল,“আব্বা আম্মা আসলো যে নিচে? যাবেনা?”
জবাব দেয়না সাগরিকা। চেয়ে আছে নিচের দিকে।
বাকা হাসে আরফান,তাচ্ছিল্য করে বলে,“নাটক!”
ও কথা শুনে বিছানার চাদর খামচে ধরে মুখ ঘুরিয়ে বসে থাকে সাগরিকা। ওপাশে ফোন বাজছে আরফানের। সাগরিকার অপর পাশে বসে আয়েশ করে। পিঠটা এলিয়ে দেয় বিছানায়। বলে,“হু ইয়েস!”
জুনায়েদ ছিল লাইনে,“ভাই আসলে একটা গরম খবর!”
_ঠান্ডা হয়ে বলো।
হাঁপানি থামিয়ে জুনায়েদ বলে,“মৃন্ময় শুয়োরটা ঐ চেংরি মিসের সাথে দেখা করতে গিয়েছে। মাত্র গেট থেকে ঢুকলো প্রি ক্যাডেটের। কিছু একটা ঘাপলা আছে!”
ফিচেল হাসলো আরফান,
_মৃন্ময়? আরে চাপ নেই। ওকে ছেঁচে দেবো। শুয়োরের ছানা একটা। হুদাই হালুম। ভয় পেয়ো না। ঘুমাও। আর শোনো,আমি বাড়িতে থাকলে এখন আর হুটহাট কল করবে না। আসিফকে জানাবে সব।
একটু থেমে আরফান আবার বলল,
_উফফ আমাকে এখনো এসব ছিঁচকে ব্যাপার গুলো দেখতে হচ্ছে এটাই বড্ড শেমের। এমন করলে আব্বা ভরসা করবে কিভাবে আমার ওপর? আমি আসলে কুত্তামিতেই এগিয়ে, আমার দ্বারা কিচ্ছু হবে না। তালহা বেস্ট। মেয়ে পটানো আর রাজনীতিতেও।
কল কেটে একা একা কিছুক্ষণ হাসলো আরফান। এরপর তালহাকে উদ্দেশ্য করে একটা বিশ্রী গালি দিয়ে ঘাড় ফেরাতেই দেখলো সাগরিকা কানে হাত চেপে আছে। আরফান ওর হাতটা সরিয়ে জানতে চাইলো,“কি সমস্যা?”
_আপনি গালিটা আমার সামনে দিয়েন না প্লিজ!
সাগরিকা আকুতির মতো করে বলল। শুনেই ভ্রু উচালো আরফান,
_ওমা কেন? ভালো বানাতে চাইছো নাকি স্বামীকে?
দাঁত বের করে হাসছে আরফান। সাগরিকা ভীত চোখে চেয়ে আছে দেখে একটু ঝুঁকে গিয়ে ফিসফিসিয়ে বলল,“তুমি আমার প্রেমে পড়েছো তাইনা? সেজন্য ভালো বানাতে চাইছো আই গেস!”
সাগরিকা চোখ নামিয়ে জবাব দিলো,“না। গালি না দেয়ার অনুরোধ করেছি কারণ এসব আপনার বলতে দ্বিধা না লাগলেও আমি শুনতে অভ্যস্ত নই। গরীব ফ্যামিলিতে জন্মালেও পরিবেশটা সভ্য পেয়েছি আমি।”
হাতের ফোনটা নিচে নামিয়ে রাখলো আরফান। মিনিট খানেক সাগরিকার মুখের দিকে চেয়ে থেকে ওকে হঠাৎ কাছে টেনে বললো,“সো হোয়্যাট সাগরিকা? সবকিছুতে অভ্যস্ত হতে হবে এমন তো কোনো কথা নেই! তুমি তো আরো অনেক কিছুতে অভ্যস্ত নও। তবুও তো সেসব করতে হয়।”
এ পর্যায়ে গলাটা ভীষণ নেমে এলো আরফানের। সাগরিকা টের পেলো দু'টো শক্ত হাত ওকে লতাগাছের মতো পেঁচিয়ে ধরেছে ইতিমধ্যে। সেই মানুষটা ওর শাড়ি খোলার পর আবার ওর কানে বলল,“তুমি খুব সুন্দর।”
সময় গড়ায়। সাগরিকা পুরোটাই নিশ্চল হয়। সাগরিকার কাছে বিছানাটা সাহারার উত্তপ্ত মরুভূমি মনে হয়েছে কিছুসময়। লোকটা আবার তার দুই গালে খুব নরম করে চুমুও খায়। এমন ভণ্ডামি দেখলে সাগরিকার কান্নাই চাপে কেবল। তবে ও কাঁদে না। ভাবতে বসে যায় ওর বাকি জীবনের কথা। সময় বাড়বে,এই বিছানায় সদস্য বাড়বে। তারপর?
লোকটার কথা সত্যি হয়ে যাবে না তো? সাগরিকা সময়, পরিস্থিতি আর জীবনের চাপে এই লোকটার প্রতি দুর্বল হয়ে যাবে নাতো?
এই অভিশাপে সাগরিকা কখনো না পড়ুক, সাগরিকা প্রার্থনা করছে।
_________
প্রি-ক্যাডেট হাইস্কুলের নাইট-শিফট কোচিংয়ের বায়োলজি মিস যুথি আক্তার। বাচ্চাদের পড়া বুঝিয়ে দিয়ে চেয়ার টেনে বসলো কেবল। এর মাঝেই পিয়ন এসে খবর দিল বাইরে কেউ এসেছে। দেখা করতে চাচ্ছে। যুথি হাঁফ ছাড়ল। বিগত এক সপ্তাহ ধরে এই দল,সেই দল থেকে কম লোক জ্বালাতে আসেনি। বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাপাটা তাকে পোহাতে হয় কারণ তখন সে থাকে অফিসের দায়িত্বে। স্কুলের হেডস্যার আপাতত ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে গিয়েছে। হেড স্যার সম্পর্কে হয় যুথির মামা। বলতে গেলে এখন ভারপ্রাপ্ত প্রধান সে-ই।
যুথি মাথায় ওড়না টেনে উঠলো। এদের সামনে না গিয়ে তো উপায় নেই। বলল,“নাম কি তার? কোন দল?”
_কোনো দল থেকে নয় আপা। সাংবাদিক এসেছে। মৃন্ময় শিকদার। চেনেন তাকে। খবরের ছাপাখানা আছে।
ঢোকটা খানিকটা বড় সড় করেই গিললো যুথি। এ আবার আরেক জ্বালা সে কাঁধে টেনে নিয়েছে সে। সেদিন সরকার দলীয় পার্টি এবং তাদের একটা ক্ষমতাধর অপজিশন, দু পক্ষ থেকেই আসলে লোক এসেছিল স্কুলে একটা দলীয় ফান্ড খুলতে। মামার বাড়ির আবদার দেখলে যুথির গা জ্বলে যায়। একটা বোর্ডিং হাইস্কুল স্কুল,কোনো ভাবেই অন্তত কোনো রাজনৈতিক দলের সাথে যোগসাজোশ রাখাটা হবে ছাত্র-ছাত্রীদের নিয়ে অধঃপতনে যাওয়ার প্রথম ধাপ। না কোনোভাবে কোনো দলের থেকে ফান্ড নেয়া হবে, না বিনিময়ে কিছু দেয়া হবে।
সেদিন দুই দলকেই কড়জোড়ে অনুরোধ করে ফিরিয়ে দেয়া হয়েছিল তার তরফ থেকে। বোকামি করেছিল ফেসবুকে একটা পোস্ট দিয়ে,এ নিয়েই। পরে অবশ্য পোস্টটা সরিয়ে নিয়েছে সে। মনের মধ্যে আসলে ভয় ঢুকেছে রিনি রেইপ কেসের ঘটনার পর থেকে। রিনির রেইপটা তালহা না করালেও এর পেছনে তাদের জাতের কেউ না কেউ আছে এ নিয়ে সন্দেহের অবকাশ নেই যুথির। তাই খেই হারিয়ে পোস্টটা করলেও সরিয়ে দিয়েছে পাঁচ মিনিট পরে। ইদানিং ফেসবুক হয়েছে একটা আতঙ্কের নাম। সেদিন খবরে দেখেছে ‘ফেসবুক পোস্টে হাহা প্রতিক্রিয়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বন্ধু নিজের বন্ধুকে কুপিয়েছে।’
কিশোরদের নৈতিকতাবোধ আজ এ পর্যন্ত এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে রাজনীতির র-টাকেও এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেয়া যাবে না। যতক্ষণ পারে যুথি রিকোয়েস্ট করে যাবে।
আচ্ছা ওই পোস্টটা চোখে পড়েছে নাকি এই সাংবাদিকের?
মৃন্ময় বাইরের কমন রুমে বসেছিল। তার হাতে কেবল একটা ফোন। যুথি ঘরে ঢুকবার সময় লক্ষ্য করে লোকটাকে,গলায় আইডি নেই,হাতে নেই তার সেই পরিচিত ক্যামেরা। ঠিক কি করতে এসেছে লোকটা?
খুব সুন্দর করে হাসলো মৃন্ময় যুথিকে দেখে,বলল,“আমি মৃন্ময়…!”
_চিনি আপনাকে। কি বলবেন বলুন।
মৃন্ময় মহিলার কন্ঠের ধার দেখে হকচকাল। পর পর সহজ হয়ে বলল,“আপনার ফেসবুক পোস্ট টা আমি দেখেছি। ওটা নিয়েই কথা বলতে এসেছি।”
___________
প্লাস্টিকের ড্রামে ক্ষেত থেকে তোলা পোলাওয়ের চাল মজুদ করে রাখা ছিল। প্রতিবছর ভাতের চাল,পিঠা আর পোলাওয়ের চালটা দিলশাদের মরহুম পিতার গ্রাম থেকেই আসে। তিন ভাই বোনের বছরের বেশ কয়েকমাস ওতে দিব্যি চলে যায়। বাকি মাস গুলো অবশ্য খাটনি দিতে হয় সংসারের হিসেবে।
চালে পোকা ধরে যাচ্ছিল। আজ দিলশাদের ক্লাস বা অফিস নেই দেখে কুলো বের করে ঝাড়তে বসেছিল সেসব।
সুফিয়া এসেছে সকালে। বাপ মা মরা এই এতিম তিন ভাইবোনের অভিভাবক বলতে আপাতত সে-ই জীবিত। যতটা যা পারছে,দেখাশোনা করে যাচ্ছে।
বাটি ভরে দুধ পাকোয়ান ঘরের ডাইনিংয়ে রেখে সুফিয়া বলল,“বাসা পেলি?”
_খোজ চলছে। ভালো করে খুঁজতে হবে। যেখানে সেখানে ঢুকে গেলে তো চলবে না। আমরা দুইটা যুবতী মেয়ে মানুষ। তার ওপর বাড়িতে শক্ত পুরুষ মানুষ নেই। আমাদের ভেবে চিন্তে যেতে হবে।
_তবে এই বাসাটায় থাক। অসুবিধা কি?
দিলশাদ কুলা ঝাড়া থামিয়ে শ্বাস ফেলল,বলল,“মাথা খারাপ? এই গলির সব মানুষ জানে তোমার বড় মেয়ের কীর্তি। আপাকে বিয়ে দেবো। আপার অতীত এই বাসাতেই রেখে যাবো! ভালো ভদ্রলোক খুঁজতে থাকো। এখান থেকে আপার অতীত নিয়ে যাবো না। এই চাল ঝাড়ছি পাত্রপক্ষ এলে সিন্নি রেধে খাওয়াবো তাই। আমি কিন্তু পুরো প্রস্তুত।
সুফিয়া হাসলো,
_সে কই?
_ট্রিপটিন দিয়েছি,ঘুমাচ্ছে। ঘুমাক। ঘুমিয়ে ঘুমিয়ে ভেঙে যাওয়া শরীরটা ঠিক করুক। এ ক’দিনে চেহারার ছিড়ি ফুরিয়েছে।
সুফিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল,“তোর খালু একটা সম্বন্ধ এনেছে। ছেলের লাইব্রেরী আছে। পটুয়াখালীতে।”
_ভালো কথা। আপাও বই পড়তে পছন্দ করে।
বলেই দিলশাদ হাসছে। সুফিয়া মেয়েটাকে চেয়ে চেয়ে দেখে। এই মেয়েটা এত দিক সামলেও কত সুন্দর করে হাসে। বলল,“সম্বন্ধ তোর জন্যও দেখবো ? আমি সিরিয়াস কিন্তু।”
দিলশাদ হাসির জোর বাড়িয়ে পেট চেপে বলে,
_হু অবশ্যই দেখবে। আমিও সিরিয়াস। এবার বিয়েটা করতে হবে। অফিসে রোজ পাঁচ ঘণ্টা কামলা খাটতে মন চায়না। আমি তো স্বামীর ঘরে গিয়ে কামলা খাটবো। বিনিময়ে সোনা নেবো,দানা নেবো।
কিন্তু খালামনি, পাত্র যেন সচ্চরিত্রবান হয় সেটা খেয়াল রেখো। খবরদার। নয়তো আই উইল কিল ইউ। আমি জীবনে একটা প্রেম করিনি। প্রেমের গানও শুনিনা। টিভিতে ইমরান হাশমির চুমুর সিন দেখে মুচকি মুচকি হাসিনি। রাস্তায় কোনো ছেলের দিকে তাকাইও নি,সে ছেলে যতই সুন্দর হোক। আমার হাসবেন্ড যদি প্লে বয় টাইপ হয়,যার অনেক গুলো গার্লফ্রেন্ড ছিল একদা। এটা আমি মানবো না। ক্লিয়ার?
সুফিয়া হাসছে মেয়ের কথা শুনে। তার সাথে যোগ দিল মুগ্ধ। দিলশাদ উঠলো হাত ঝেরে। বলল,
_উঠি বাজারে যেতে হবে। সবজি শেষ বাসার। তুমি আধাঘণ্টা পরে আপাকেও উঠিয়ে তার স্টুডেন্টের বাসায় পাঠিয়ে দিও তো। মেয়েটা সহজ হতে চাইছে। আমাদেরও উচিত তাকে হেল্প করা। আর বেশি কিচকিচ করবো না বাপু।
___________
এই বাজারে মৃন্ময়ের খুব একটা আসা হয়না অতি প্রয়োজন ছাড়া। কাকু মাঝে মাঝে ক্যাপসিকাম,বিট এগুলো নিতে ভুলে যায়। এগুলো ছাড়া আবার মৃন্ময়ের ডায়েট অসম্পূর্ণ। মোটামুটি স্বাস্থ্যসচেতন সে। খায় সীমিত,তবে যতটুকু খায়,সবটা উত্তম।
বিকেল গড়িয়েছে আছরে। সূর্য পশ্চিমে গিয়ে ছায়া লম্বা করেছে। সরকারি ও কর্পোরেট চাকুরেরা অফিস শেষে খিটখিটে মেজাজ নিয়ে বাজারে ঢুকেছে।
আহারে! বেচারাদের জন্য মৃন্ময়ের মায়া হয়। স্যুটেড ,ব্যুটেড এক একজন লোক। কার মন চায় এখন এই অবস্থায় ঝিঙা ষাট টাকা না পঞ্চাশ টাকা কিলো এসব নিয়ে তর্কাতর্কি করতে?
ইলিশের পেটে ডিম আছে কিনা সেটা চেপে চুপে দেখতে? কার মন চায়?
তারপর বাবু-টাবু থাকলে আবার গিয়ে তাকে নিয়ে খেলতে হবে। ফোনটা হাতে নেওয়া যাবে না, তাহলেই গিন্নী বলবে “সারাদিন বাইরে থেকে এসেও ফোন নিয়ে পড়ে থাকতে হবে? নাও বাবু পটি করেছে ওকে পরিষ্কার করো!”
না বাবা! মৃন্ময় ওসব পারবে না। ওর এই ভদ্রলোক গুলোকে দেখেই মায়া লাগছে ভীষণ। নিজের জীবনে ওসব মানতে পারবে না মৃন্ময়।
দিলশাদ সবেমাত্র কাচা বাজার ঢুকছিলো। যাওয়ার পথে আজ সাগরিকার আব্বা হানিফ চাচার সাথে দেখা করে যাবে। ঠিক কাঁচা বাজারের মোড়ে এসেই দিলশাদ আর মৃন্ময় মুখোমুখি। দু'জন ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো কেবল দুজনের মুখের দিকে। মৃন্ময়ের ইদানিং কি যেন একটা সমস্যা হয়েছে।
সেদিনের ঝামেলা সেদিন গিয়েছে। পরে ভেবেছে একটা পুঁচকে মেয়ে,থাক ছেড়ে দিই। কিন্তু এই মেয়ে তো পিছুই ছাড়ছে না। তার ওপর মুখটা দেখলেই “গু খান,গু খান” কথাটা কানে বাজে।
চট করে মেজাজ টা ধরে যায় মৃন্ময়ের। ভ্রু গুটিয়ে মাঝে নেয়।
সামনের মানুষটাকে দেখে হাফ ছাড়লো দিলশাদও। তবে এ বেলা পাত্তা না দিয়ে বলল,“আপনি কোনদিকে যাবেন?”
প্রশ্নটা করা,যাতে তাদের আবার ঠোকাঠুকি না লাগে। মৃন্ময় মুখ বেজার রেখেই বলল,
_ডানে।
দিলশাদ সাথে সাথে বলল,
_আমি তবে বায়ে।
_জি ধন্যবাদ।
চলমান….