#আগুন_রঙা_ফাগুন🍂 [ ৪ ]
[ গালাগালি আছে পর্বটিতে। মানসিক প্রস্তুতি নিয়ে পড়বেন ]
দিবা আর দিলশাদ দু'বোন সাইন্সের ছাত্রী। কাছের দূরের পরিচিত সব মানুষ এই দুই বোনের প্রশংসা সবসময় ঠোঁটের আগায় রাখেন। অন্তত এই মফস্বলে এস.এস.সির পরে নিজেদের মেরুদন্ড সোজা রেখে চলা মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। কেউ বলতেও পারবে না মেয়ে দুটো কখনো কোনো আত্মীয়ের থেকে দু’টাকা ধার করেছে। বরং হাতে হাত মিলিয়ে নিজেদের পেট চালিয়ে প্রতিবন্ধী ভাইটাকেও পালছে। দিলশাদ একটা কিন্ডারগার্টেনে বাচ্চাদের পড়ায় আর দিবা টিউশনি করিয়ে বেরায়। সৌভাগ্যক্রমে বারোমাসই ওর হাতে টিউশন থাকে চার-পাঁচটা। ও দিয়ে দিলশাদের সাথে সাথে সংসারে জোড়াতালি দিয়ে চলে যায় আল্লাহর রহমতে।
বরগুনা তুলাতলা সংলগ্ন প্রফেসর শাহাবুদ্দিনের বাসা। তার ক্লাস এইটে পড়ুয়া মেয়েটাকে পড়িয়ে শেষ বিকেলে বেরুলো দিবা। ওষুধ খেয়ে জম্পেশ একটা ঘুম হয়েছে আজ। শরীরটা অন্তত চাঙ্গা। নিজেকে আজ একটু সময় দিতে হবে তার।
এ’কদিনে বাড়িতে শুয়ে-বসে ঝিমিয়ে জীবনের একটা স্থির সিদ্ধান্তে সে উপনীত হয়েছে। শেষ বিকেলের এই খোলা হাওয়াটা তার প্রয়োজন ছিল সেই সিদ্ধান্ত মানিয়ে নিতে মনে আর মাথায়।
দিবা ঠিক করেছে সে বিয়ে করে নেবে। এতে যদি জীবনে কিছুটা স্থিরতা আসে,তবে মন্দ কি? একজন অভিভাবক এখন খুব করে দরকার জীবনে।
বড় বোন হয়েও কখনো দিলশাদের মতো করে ত্যাগী সে হতে পারেনি। এবার থেকে হবে। দিলশাদ আর মুগ্ধ যদি এতে অনেকটা খুশি হয় তবে তাই সই। খারাপ তো নয়,জীবনটাকে তো চালিয়ে নিতে হবে!
আর রইলো সংসার। দিবা জানে সে চমৎকার একজন স্ত্রী হবে। দিবার মতো নরম মনের আবেগী মেয়েগুলো আসলে চমৎকার স্ত্রী হবার জন্যই জন্মায়। যারা তাদের হারায় তারা হচ্ছে আহাম্মক,বেকুব!
তুলা তলা থেকে বাড়ি হেঁটে যেতে সময় লাগে পঁচিশ মিনিট। মাঝপথে আসে ডিসি কোর্ট আর থানা পাড়া। দিবা এখানে এসে পায়ের গতি বাড়ায়। হয়তো লোকসমাগম তার বড্ড অসহ্য লাগবে। লোকের মুখোমুখি হলেই ওর মনে হবে ও একটা দুশ্চরিত্র ছেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে হাত পা ছুড়ে কেঁদেছে আর সবাই মজা নিয়ে দেখেছে ওকে। এখনো হয়তো তারা মজা নিচ্ছে।
এই ছোট্ট জীবনে দিবা মোট দু'টো ভুল করেছে। এক-ঐ হারামজাদার সাথে সম্পর্কে জড়িয়ে। দুই-ওর জন্য পাগলামি করে।
এই ভুল আর বাড়তে দেয়া চলবে না। এখন সময় ভুলগুলো শুধরে নেয়ার।
জায়গাটা আজ তুলনামূলক নিড়িবিলিই। নির্বাচনের আগাম সময় তাই এই ভাই-সেই ভাইয়ের প্রচারণায় শব্দদূষণের হিড়িক পড়েছে। দিবা কান চেপে শ্বাস বন্ধ করে হাঁটতে থাকে। ঠিক বরগুনা পুলিশ অফিসার্স মেসের সামনে এসে ওর পা থামে।
একদম ওর থেকে কয়েক ক্রোশ দূরেই সম্পূর্ণ নগ্ন এক বদ্ধ উন্মাদ পাগল দাঁড়িয়ে। এই জায়গাটা আবার এসবের জন্য বিখ্যাত। পাগলটার লিঙ্গ নারী। বয়সও খুব বেশি হবে না বোধহয়। নোংরা শরীরে এখনো টানটান জৌলুস। দিবা দৃশ্যটা গোচর করেই চোখ মুখ খিচিয়ে নিলো লজ্জায়।
পাগলটা একা একা হাসছে। যেতে আসতে অটোর মধ্যে থাকা পথচারীদের কি যেনো বলছেও বিড়বিড় করে। আহারে! রাতের আঁধারে এই মেয়েটা কোনো ট্রাক ড্রাইভার অথবা কোনো বিকৃত নেশা খোরের লালসার শিকার হবে নাতো!
দিবা শ্বাস ফেলল এক চোট। আশেপাশে ঘুরঘুর করছে কত পুরুষ লোক,অথচ কারোর কোনো হেলদোল নেই,নেই চক্ষুলজ্জাও। হয়তো সাহায্য করতে গিয়েছিলো তারপর চড় খেয়ে ফিরে এসেছে।
দিবা মেয়ে হয়ে এভাবে এরিয়ে যাবে বিষয়টা? দিলশাদ হলে কখনোই এটা করতো না। দিলশাদ সম্পূর্ণ আলাদা একটি মেয়ে। একদম তলোয়ারের মতো শান দেয়া রোয়াব তার,সাহস তার। দিবাও চায় এখন থেকে একদম দিলশাদের মতো হতে।
দিলশাদ এখানে থাকলে কি করতো মিনিট খানেক ভাবলো দিবা। পরপর নিজের গায়ের দিকে তাকিয়ে ওড়নাটা টেনে খুলে চুলের খোঁপাও খুলল, লম্বা চুল গুলো দুই ভাগ করে সামনে নিয়ে ছড়িয়ে দিলো বুকের ওপর। এমনিতেই লং ফ্রকের ওপর সবসময় কোটি পরার অভ্যাস দিবার। ওড়না না হলেও অসুবিধা ছিল না। তাছাড়া এখন চুলগুলো ওর ওড়না হয়েছে।
অল্প হেসে দিবা ওর ওড়নাটা নিয়ে পাগলটার গায়ে চাপিয়ে ঢেকে দিলো। পাগলটা সিটিয়ে যাচ্ছে ভয়ে।
দিবা তাকে আশ্বস্ত করে বলল,“ভয় নেই। আমি মেয়ে মানুষ। আমার চুল বড় দেখো! ঐ যে মাথায় চুল কম মানুষ গুলো হাঁটাহাঁটি করছে? ওগুলো পুরুষ মানুষ। তাদের থেকে সেইফ থেকো কেমন? ওরা রাতে ছুঁতে এলে,যদি তোমার বুক ছোঁয়ার চেষ্টা করে। তোমাকে শোয়ানোর চেষ্টা করে তবে একদম ইট মারবে মাথায়। কি মারবে বলো?”
পাগলটা জবাব দিচ্ছে না। তার মস্তিষ্ক হয়তো বুঝে গিয়েছে দিবা ভালো মানুষ। তাই সে দিবার সাথে হাসছে। দিবার ব্যাগে একটা বাটার বান ছিল,ওটা বের করে পাগলটার হাতে দিয়ে বলে,“এটা খাও। আমার একটা বোন আছে। তোমাকে ওকে দেখাতে পারলে ভালো হতো। ও সুন্দর করে ইট নিয়ে পুরুষ মানুষ খেদাতে পারে। একবার কি হয়েছিল জানো! আমাদের ঘরে টিনের চালে একটা দুষ্টু ছেলে ঢিল ছুড়েছিল তারপর…..!”
_ও আপনার কথা বোঝে?
চমকাল দিবা পেছনে একটা ভারিক্কি গোছের পুরুষ কন্ঠ গোচর হতেই। একপ্রকার লাফিয়ে উঠে ঘুরলো কারণ পুরুষ কন্ঠটা ভীষণ অচেনা।
সামনে দাঁড়িয়ে আছে একটা ছিমছাম গড়নের লোক। বয়স ত্রিশ-পঁয়ত্রিশের ভেতরে। দেখতে কৃষ্ণবর্ণ,কিন্তু বেশ পরিপাটি। গায়ে একটা চেক শার্ট ছিল, হাতাটা আবার ফোল্ড করা।
দিলশাদের চোখ জোড়া প্রশ্নাত্মক। চিনতে পারছে না সে। লোকটাও কিছু বলছে না। পরপর দিবা ভ্রু জোড়াও গুটিয়ে নিলো যখন দেখলো লোকটা তার শার্ট খুলছে!
“এ কেমন অসভ্যতা!”
অস্ফুট স্বরে বলে ঢোক গিলে পিছিয়ে যায় দিবা। লোকটার শার্টের নিচে আরেকটা সাদা টিশার্ট রয়েছে। শার্টটা খুলে হাতে নিয়ে শান্ত গলায় বলে,“এই শার্টটা তাকে পরিয়ে আপনি আপনার ওড়নাটা নিয়ে নিয়েন, ধরুন।”
বিস্মিত দিবা। সহজ হতে পারে না। মাথা নেড়ে বলে,“না না। দরকার নেই। আমি ঠিক আছি।”
_না ঠিক নেই। আপনি শার্টটা রাখুন।
দিবা নিজের শরীরের দিকে চোরা চোখে চায়। সে ঠিক নেই মানে! তাকে কি নগ্ন নারী মনে হচ্ছে? এ কেমন নজর লোকটারে!
ও একটু অপমানিত হলো,এখান থেকে এখন ওর পালানো দরকার। লোকটা ভীষণ গায়ে পরা মনে হচ্ছে। কপালটা খানিকটা গুটিয়ে নিয়ে দিবা ফের তুতলে বলল,
“আরে বাবা, বললাম তো আ’ম ফাইন। আপনি যান তো!”
লোকটা যায়না। চেয়ে চেয়ে দিবার পা মাথা দেখছে। দিবা এবার মেজাজ হারিয়ে সোজাপথে হাঁটা ধরলো। লোকটা তখন তার শার্ট ধরে রাখা হাতটা ফিরিয়ে নিয়ে সহজ গলায় বলল,“আমি তাওরাত!”
থামলো দিবা। মুখটা ঘুরিয়ে মিনমিনে স্বরে বলল,“তাতে আমার কি ভাই? যান রাস্তা মাপেন!”
_হতে পারে আপনারই কিছু!
বলেই লোকটা এবার হেসে ফেললো। ভীষণ প্রাণোচ্ছ্বল সেই হাসি। দিবা থমকাল। লোকটার কালো মুখে ধবধবে সাদা দাঁত। লোকটার হাসিও সুন্দর। আচ্ছা এটা পাগল নয়তো? হাবভাব তো তাই মনে হচ্ছে! আর এই মেসের সামনের জায়গাটাও পাগলের আস্তানা।
দিবা আতঙ্কিত হয়ে জোরে জোরে হাঁটে। না না। পাগলের খপ্পরে পড়া যাবেনা। মহিলা পাগলকে তো নিজের ওড়না দিয়ে দিলো। এখন এই পুরুষ পাগলটা যদি ওকে ধরে চুমু খায়? এরকম একটা কাণ্ড ঘটেছিল মেহরিমার সাথে। না না ভাই,পাগলের চুমু খেয়ে কাজ নেই। দিবা ছুটছে, যেতে যেতে পেছনে তাকিয়ে বার কয়েক দেখলো লোকটাকে। লোকটা তখনো হাসছে। হাসছে তো হাসছে। অদ্ভুত তো। এখন দিবা শতভাগ নিশ্চিত এটা কোনো পাগলই।
দিলশাদ বাজারগুলো এনে সবেমাত্র ঘরের দাওয়ার ওপর রাখলো। মেজাজটা তার এমনিতেই খিচে আছে। ঐ মোবাইল সাম্বাদিককে দেখলে প্রতিবার এমন হয়। বিরক্তিতে মুখ তেতো হয়ে যায়।
এখন এক গ্লাস লেবুর শরবত না খেলেই নয়। শরীর জুড়ে প্রচন্ড ক্লান্তি দিলশাদের। রিকশা ভাড়া বাঁচাবে তাই বাজারের ব্যাগ দু'টো নিয়ে হেঁটে এসেছে।
ও ওড়নার কোণে ঘাম মুছে মুগ্ধকে বলল,“খালামনি বাড়িতে যায়নি এখনো? আচ্ছা খালামনি, তুমি একটু প্রি ক্যাডেটের হেড স্যারের সাথে যোগাযোগ করবে খালুকে দিয়ে? তোমার দূরসম্পর্কের ভাসুর হয় নাকি? সরাসরি তাকে ধরেই তো নাইট শিফটের বায়োলজি পড়ানোর জবটা পেতে পারি। ইন্টারভিউ দিলাম পনেরো দিন আগে,এখনো ম্যানেজমেন্ট কিছু জানালো না আমাকে।”
সুফিয়া রান্নাঘরে রুটি বেলছিল। বাচ্চাদের জন্য রুটি বানিয়ে রেখে যাবে,সে হেসে বলল,“ওমা আবার চাকরির কথা কেন? তুই না বললি বিয়ে করবি?”
_বিয়ে হওয়ার আগ পর্যন্ত করবো চাকরি। আচ্ছা লেবু আছে না? শরবত বানিয়ে দিও।
সুফিয়াকে লেবুর শরবত বানাতে বলে দিলশাদ বাজার সামলে ঘুরে আবার দাওয়ায় এসে দাঁড়াতেই দেখলো দিবা ছুটতে ছুটতে গেটের ভেতর ঢুকছে। দিলশাদ হা করে বললো,“তোর ওড়না কই আপা? রিকশার চাকা নিয়ে নিছে?”
দিবা জবাব দিচ্ছে না। হাঁপাচ্ছে কেবল। এই মাত্র গলির মাথায় কুকুরের তাড়াও খেয়েছিল মেয়েটা। দিলশাদ বুঝতে পেরে ভ্রু কুঁচকে বলে,“ভাই,ব্যাডা লোক আর কুত্তা কেবল তোকেই পায় তাড়া করার জন্য? কই! আমার সামনে পড়ে না ক্যান?”
সুফিয়া দিবার আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে ছুটতে ছুটতে এসে দাঁড়াল। অস্থির তার ভঙ্গিমা। বলল,“দিবা আসছিস। ভালো কথা শোন, শাহাবুদ্দিন স্যারের বাসা থেকে বেরুনোর সময় তোর মাথায় ওড়না ছিল?”
এক চোট হাই তুললো দিবা,মলিন কন্ঠে বলল,“মাথায় কি ওড়না রাখবো! এখন গায়েই ওড়না নেই!”
সুফিয়া সামনে এগিয়ে দিবাকে লক্ষ্য করতেই চোখ জোড়া কপালের চূড়ায় তুলে হেরে গলায় ধমকালো,“একি সর্বনাশ। আয় হায়। বেহায়া মেয়ে একটা। ওড়না কই তোর?”
_রেগো না। একটা উলঙ্গ পাগলকে দিয়ে এসেছি!
কপাল চাপড়াচ্ছে সুফিয়া,“এই মেয়ে সবসময় নিজের সর্বনাশ নিজে করে। হায় হায়। তোদের খালু আমাকে এখন কথা শোনাবে।”
দিবা আর দিলশাদ দু'জন ভারি অবাক সুফিয়ার আচরণে। জানতে চাইলো,“হয়েছেটা কি?”
সুফিয়া মন খারাপের সুর টেনে বলল,“তোদের খালু দিবার জন্য পাত্র দেখছে একটা বললাম না? তোর খালু একটু আগে কল করে জানিয়েছে শাহাবুদ্দিন স্যারের বাসার সামনে সেই পাত্র যাবে দিবাকে দেখতে। দিবার ছবি দেখে নাকি তার পছন্দ হয়েছে। এখন সামনাসামনি একটু দেখতে চায় আড়াল থেকে। পাত্রের নাম তাওরাত।”
দিবা হকচকাল। কিছুক্ষণ থেমে থেকে বলল,“কি বললে? পাত্রের নামটা কি বললে?”
_তাওরাত।
ঢোক গিলল দিবা,বলল,“ছবি আছে?”
সুফিয়া বলল,“হুম। তোর খালু এই মাত্র পাঠিয়েছে ইমোতে। দাঁড়া দেখাচ্ছি।”
ফোনটা বের করে সুফিয়া দিবার সামনে ধরতেই দিবার মুখটা একটুখানি হয়ে এলো চুপসে গিয়ে। এই লোক! সে পাগল বলে এসেছে যাকে! খালু এসব শুনলে একটা বকাও নিচে পড়বে না!”
দিলশাদ থাবা মেরে দিবার হাত থেকে সুফিয়ার ফোনটা কেড়ে নিয়ে পাত্রের ছবিটা দেখে বলল,“বাহ! একদম ভদ্রলোক তো দেখতে। আপার পাশে মানিয়ে যেত।”
সুফিয়া হা-হুতাশ করছে। কপালে হাত চেপে বলল,“গেলো। এত বড় সম্বন্ধটা গেলো বোধ হয় হাতছাড়া হয়ে। তোকে ওড়না ছাড়া দেখে নিয়েছে ছেলেটা। ছিঃ ছিঃ। কি লজ্জা।”
বলতে না বলতেই সুফিয়ার কলটা বেজে উঠলো। ওপাশ থেকে দিবার খালু কিছু একটা বলতেই সুফিয়া কল কেটে আবার হৈহৈ করে উঠলেন। বললেন,“ভীষণ ভালো খবররে দিলশাদ। দিবাকে পছন্দ করেছে সে পাত্র। এখন তোরাও দেখ। তোর খালু এই ছেলের ফেসবুক আইডি দেবে সন্ধ্যার পরে। তোরা ঘাঁটাঘাঁটি কর। তোরা মত দিলে সে দেখতে পরিবার নিয়ে আসবে আনুষ্ঠানিক ভাবে দেখতে।”
দিলশাদ আর মুগ্ধর মুখের উজ্জ্বলতা বেড়েছে দ্বিগুণ খুশির খবরটা শুনে। দিবা তখনো একটা ঘোরের মধ্যে ছিল, ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল হাতের ফোনের ছবিটায়। ওর কানে তখনো বাজছে,
“আমার নাম তাওরাত!
_তাতে আমার কি ভাই? রাস্তা মাপেন!
_হতে পারে আপনারই কিছু!”
________
একদম সদর রোডের ফুটপাত ধরে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছিল যুথি। আজ প্রয়োজনের তুলনায় একটু বেশিই সোরগোল হচ্ছে শহরে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আজ সমাবেশ ডেকেছে অপজিশন। শাপলা ফুল মার্কা। এরাও বেশ কম নয় দাপটে এই অঞ্চলে। স্বঘোষিত ইসলামপন্থী,তাই অধিকাংশ মুসলমানের সাপোর্ট এমনিতেই পাচ্ছে এই দল।
পাড়ার দোকানের পান্না কাকাদের মতো লোকদের কাছে এই দল স্বয়ং পীর। কিন্তু যুথি জানে এই দলের মোটিভ কতটা ম্যাটেরিয়ালিস্টিক এবং সামাজিক ভাবে শান্তিময় জীবনের জন্য কতটা হানিকর। তলে তলে এই দলের একাংশ জমি দখল করছে মাদ্রাসা তৈরির নাম করে। তবে যুথি তার এসিল্যান্ড চাচার থেকে শুনেছে ঐ জমি গুলো ইতিমধ্যেই ভাগ ভাগ হয়ে চলে যাচ্ছে ব্যক্তি মালিকানায়।
নব্য গঠিত এই প্রভাবশালী দলের উচ্চ নেতাদের কথা যুথির জানা নেই,তবে পাতি নেতা গুলো চরম মাত্রায় কট্টর।
বরগুনার রাজনৈতিক পরিবেশ কোনো কালেই যুথির জন্য স্বস্তির ছিল না। মারামারি,দাঙ্গা, প্রতিহিংসা,খুন। এসবে অভ্যস্ত এই অঞ্চলের মানুষ।
সরকার দলীয় পার্টির আরফান সাহিরেরা যেমন বদ,তেমন তাদের অপজিশন তিনটাও বদ। সমানে সমান।
একদল এসে একাত্তরের চেতনা বেচে খাচ্ছে তো অন্যদল ধর্ম ব্যবসা করবে বলে প্রস্তুত হচ্ছে।
এতো বড় একটা স্বঘোষিত ইসলামপন্থী দল গঠিত হওয়ার পরেও এতিমখানার বাচ্চাগুলো কিভাবে টাইফয়েডে বিনা চিকিৎসায় মারা যায় তবে?
শুরু শুরুতে যুথি অনেক কথা বলতো এসব নিয়ে । এখন আর বলে না। ওর মামার স্কুলে ওর চাকরিটা খুব বেশিদিনের নয়। যুথি স্কলারশিপ পেয়েছে, কানাডা ছুটবে ক'দিন বাদেই। এর মাঝে কোনো ঝামেলায় জড়িয়ে লাভ কি? এমনিতেই যুথির শিক্ষক বাবা বড্ড শান্তিপ্রিয় মানুষ।
রাস্তার মধ্যে বিষন্ন মুখে হাঁটছিল মেয়েটা, কিছুক্ষণ আগে সাংবাদিক মৃন্ময়ের সাথে আলাপচারিতার রেশ থেকে গিয়েছে এখনো মাথায়। লোকটা কোন মতলবে এসেছিল যুথি বুঝতে পারছে না। বরগুনার সাংবাদিক গুলো সব অমেরুদন্ডী এ কথা যুথির অজানা নয়।
শিল্পকলা একাডেমী থেকে উঠে আসা জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক হয়েও যুথি কথাবার্তা সমঝে বলে।
গতকাল তো ফেসবুকে অনেক কিছু লিখেও ডিলিট করে দিলো। আর তারপর? বরগুনার মানুষ এভাবেই বাক স্বাধীনতা হীনতায় ভুগবে যতদিন এই একাত্তরের চেতনা বেচে খাওয়া দল আর মানবিকতা এবং ধর্ম ব্যবসা করা দলগুলো আছে।
স্বপ্ন সুপার শপের সামনে এসে পা থামে ওর। রাস্তার দুই ধারে ছোট ছোট ছেলেপেলে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই একটা বাজে সাউন্ড করেছে একজন।
“এই বোরখা পরার চেয়ে না পরা ভালো।”
যুথি বোরখা পরলেও ওর মাইগ্রেনের জন্য হিজাব বাঁধে না। ওড়নাটা মাথায় আলগা করে রাখে এবং মুখ খোলা রাখে। ছেলেগুলোর সাউন্ড পেয়ে পা থামলেও ওর মুখ চোখ শান্ত,বলল,“কোন দল? মাইকে বকরবকর করছে সেই দল? তুমি কিভাবে দেখলে আমার বোরখা ঠিক নাই? তোমার নজরের হেফাজত কে করবে ভ্রাতা? হিজাবের সুই দিয়ে গেলে দেবো নাকি ঐ চোখ?”
ছেলেগুলো অল্পবয়সী। মুখ দেখেই বোঝা যাচ্ছে এরা এসেছে স্রেফ দলের বিরিয়ানি খেতে। এছাড়া কোনো কাজ নেই।
যুথি জানে ও অযথাই তর্ক করছে । এরা স্বভাবত চন্ডাল। বেশি কথা না বাড়িয়ে কেবল বলল,“এতিম খানায় গত মাসে চারজন বাচ্চা মরে গেছে। তোমরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বোরখা চেক করার আগে সেটিও খেয়াল রাখো ফাজিল। নোমিনেশন পেয়ে একদম সদর রোডে উঠে লাফাচ্ছো তাইনা? যেদিন দুদকের রেড বসবে না জমি গুলোতে? যেগুলো তোমরা মাদ্রাসা তুলবে বলে বাগিয়ে নিয়ে নিজেদের স্বার্থে কাজে লাগাচ্ছো। যেদিন তোমাদের অন্ধ সমর্থকদের চোখ খুলবে। সেদিন বুঝবে মজা!”
কথাগুলো ছেলেটার মুখের ওপর বলে যুথি হন্তদন্ত হয়ে এগিয়ে যায় সামনে। সমাবেশ ঠেলে ওপাশে চলে যায় । এরা দলের বড় কেউ নয়। দলের প্রধান বক্তার ভাষণ অত্যন্ত সাবলীল এবং যুথি শুনেছে সে মানী লোক। কিন্তু দলের নাম খোয়ানোর জন্য এসব ছিচকে লোক গুলোই যথেষ্ট।
যুথির আসলে রাগ ধরে গেলেই ও প্রতিবার খেই হারিয়ে ফেসবুকে পোস্ট করে দেয়। এবারো তাই। রাস্তার মাঝখানে দাঁড়িয়েই ইয়া বড় একটা পোস্ট লিখে ফেলল।
_________
বিকেল শেষ শেষ তখন। ফোনটা বাজল আরফানের। মধ্যদুপুরের পরে একটু ঘুমের মতো পরেছিল ও। সাগরিকাকে দুই’হাতে পেঁচিয়ে শুয়ে ছিল। কল বাজতেই চট করে গাঢ় ঘুমটা ছেড়ে গেল তার। সাগরিকাও ঘুমিয়ে আছে। চোখ ডলে মেয়েটার মুখের দিকে চেয়ে থাকল আরফান। সাগরিকাকে ঘুমালে বেশি সুন্দর লাগে। ঐ যে কি যেন বলে, মায়াবতী। তবে সাগরিকার সাথে মায়াবতী শব্দটা সম্ভবত যাবে না। এই মেয়ে অসহায়বতী।
হাসলো আরফান ভেবে। গা থেকে সাগরিকার শাড়ির আঁচলটা সরিয়ে ধীরে ধীরে উঠলো, এরপর পা টিপে টিপে এপাশে সরে কলটা রিসিভ করে রেগে বলল,“হোয়্যাট? তোমাকে বলেছি না আমি বাড়িতে থাকলে কল করবে আমার ম্যানেজারকে?”
_ভাই আরেকটা বিষয়। বড় একটা বিষয়।
ওপাশে ভীষণ উত্তেজিত জুনায়েদের গলা।
আরফান বলল,
_বলো । কোন বাল?
_যুথি নামের ঐ চেংরি,যাকে আপনি শান্টিং দিতে বলছিলেন। আমরা তাকে নজরে নজরে রেখেছিলাম। সেই ভাইরাল আপা তো ফেসবুকে আরেকটা স্ট্যাটাস দিয়েছে। ঐ শাপলা মার্কার বিরুদ্ধে।
আরফান হাসলো,অতি উৎসাহ নিয়ে বলল,“কি?”
_বরগুনায় একটা সো কলড ইসলামিক দল বের হয়েছে, যারা মেয়েদের পর্দা নিয়ে খুব জ্ঞান ছাড়ে কিন্তু নিজেদের দলের লোকের হাতেই সিগারেট। ভণ্ড এরা। এইসব লোকদের যতক্ষণ না পর্যন্ত দল থেকে বহিস্কার করা হবে ততদিনে দলের কিছু হবে না। এরা ভণ্ড,কট্টর।
ফুরফুরে মেজাজে পোস্টের লেখাটা পড়ে শুনিয়ে জুনায়েদ বলল,“ভাই,এরে আর শান্টিং দিবো না। দারুণ একটা কাজ করেছে মেয়েটা। পোস্ট ইতিমধ্যে ভাইরাল এটা।”
আরফান হাসলো শুনে। হাসির আওয়াজ ক্রমশ জোরাল হয় ওর। কিছুক্ষণ পরে বা হাতে মুখ মুছে শান্ত গলায় বলল,“এই মেয়েটাকেই বেশি করে শান্টিং দিবে জুনায়েদ!”
_ভাই কেন কেন?
জুনায়েদ ভারি বিস্মিত। আরফান হাসি থামিয়ে বলল,“এই মেয়ে পোস্টের মাধ্যমে পর্দাকে টানছে বুঝলা? এখন গিয়ে রাতের বেলা এর বাড়িতে ঢুকে বলবে,“তুই নাস্তিক মাগি। ফেসবুকে পোস্ট মারাস ! তোর রগ কাটবো।”
জুনায়েদ আরফান সাহিরকে বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল,
_কিন্তু ভাই কেন? আমরা কেন রাগ ঝাড়বো? আমাদের তো কিছু বলেনি।
আরফান আবার তার চিরায়ত একপেশে হাসিটা দিয়ে বলল,
_আমরা তো অপজিশনের হয়ে রাগ ঝাড়বো জুনায়েদ। তোমরা গিয়ে নিজেদের পরিচয় বলবে তোমরা ঐ দলের। ব্যস,বাকি আর কিছুই করতে হবে না।
আচ্ছা এতো কিছু হাতে কলমে কেন শেখাতে হয় বারবার? রাজনীতি করতে না এসে তোমাদের স্বমিলে কাজ করা উচিত ছিল। এই,মেয়েটার রগ দুটো আবার কেটে দিয়ো না সত্যি সত্যি। মেধাবী আছে,পালিয়ে বিদেশ যাক। গিয়ে শুধু একটু ভয় দেখাবে। বলবে,“হালুম।”
মেয়েটা যেন পুরোপুরি বিশ্বাস করে তোমরা শাপলা মার্কার। গট ইট?
আর শোনো আমি বাড়িতে থাকলে এতো কল দিয়ো না। তোমাদের সাথে কথা বলতে গেলেই আমার মুখ থেকে গালি বের হয়। আমার বৌ আবার গালি পছন্দ করে না!
হাসতে হাসতে একটু থামলো আরফান,বলল,“তালহার কি খবর?”
_ঘর থেকে বেরোয়নি এ কদিনেও। ওর মা বেরিয়ে দু'দিন স্বপ্নতে গেছিল। মরলো নাকি বুঝতে পারছি না।
আরফানের গলা সহজ,
_ওকে থামাতে পেরেছি। এখন এইসব চিংকুপুটু চাংকুপুটু অপজিশনকেও থামিয়ে দেবো। রাজনীতি করতে হলে মাগীদের মতো ছলনা জানতে হয়। যা শেখাচ্ছি শিখে রাখো। এখন রাখো।”
কল কেটে আরফান কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জানালার বাইরে আকাশটা দেখলো। এরপর বিছানায় ঘুমিয়ে থাকা মুখটার দিকে তাকাল আরো একবার। এগিয়ে এসে ধপ করে শুয়ে পড়লো পাশে। তৎক্ষণাৎ লাফিয়ে উঠলো সাগরিকা। ঘুমটা ওর ছাড়াছাড়া। ভীত গলায় বলল,“কি হয়েছে!”
আরফান হেসে ওর গলায় মুখ গুজে শুয়ে থাকে। সাগরিকা নিজেকে ছাড়ানোর সামান্য চেষ্টা করতেই বলে,“একটা কথা বলো,আমি আদর করলে তোমার ভালো লাগেনা? ভালো না লেগে তো পারে না। আমি এতো দারুণ ভাবে আদর করি!”
সাগরিকা ঢোক গিলে চোখ বুজিয়ে নেয়। আরফান হাসতে হাসতে ওর গালে একটা চুমু খায় বেশ শব্দ করে। এরপর উঠে যায়।
সন্ধ্যা নামবে,তখন আরফান ঘর থেকে বেরুলো। ভেজা চুল তোয়ালেতে মুছতে মুছতে। তাড়া আছে তার। গিয়ে দুই তিনটা সালিশ সামলাতে হবে কমপ্লেক্সে। যদিও সামলানোর কিছুই নেই, আরফান যে দলের টাকা খেয়েছে তাদের তরফ থেকে বিপক্ষের লোককে একটু চেপে দিতে হবে! রাজনীতির মজাটাই আসলে এখানে। একবার তুমি ক্ষমতায় দাঁড়িয়ে যাও! ব্যাস টাকা আর টাকা। সবদিক দিয়ে আসবে। আব্বা সেবার রেগে ব্যাংক একাউন্ট জব্দ করার পরেও আরফানের চলতে কষ্ট হয়না! বরং ওর জীবনটা যথেষ্ট বিলাসী।
মল্লিকা ছেলের কান্ড দেখে হতবাক। লজ্জায় চোখ নামিয়ে সামনে থেকে সরে যায়। নতুন বিবাহিত ছেলে,অসময়ে গোসল করলে সেটা বড়দের সামনে বুঝতে দেয়াটা যে কতটা অশোভন এই বিবেচনা বোধ টুকুও নেই এই ছেলের। ভেজা চুল নিয়ে দাঁত কেলাতে কেলাতে নিচে নেমেছে। অবশ্য এর বাপ,চাচা,ভাই সবারই স্বভাব এমন। দীর্ঘশ্বাস ফেলে মল্লিকা।
সাগরিকার বাবা আর মা জড়োসড়ো হয়ে লিভিং রুমের একপাশে বসে আছে। আরফান গিয়ে শ্বশুর শাশুড়িকে সালাম দিলো। হানিফ আর রেবেকা জামাইকে দেখে ভূত দেখার মতো মুখ করেও হাসতে চাইলো। তারপর চোখ নামিয়ে গুটিয়ে বসে রইল। মেয়ের এতো বড় বাড়িতে বিয়ে হয়েছে এটা তাঁরাও ঠিক মানতে পারছে না এখনো।
আরফানের পিছুপিছু নেমেছে সাগরিকা। নিজের বাবা মাকে দেখেও সে নির্লিপ্ত। ঘোমটা সামলে দুর্বল কদমে কেবল এগিয়ে গিয়েছে বুদ্ধি প্রতিবন্ধী ছোট ভাইটার দিকে। তানিম ডাইনিংয়ে বসে খাচ্ছিল ভাত আর গোরুর মাংস। আপাকে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল,“আপা গোলুল মাংস। আপা গোলুল মাংস।”
ওসব দেখে আবার সাগরিকার জা’দের বাচ্চাগুলো হাসলো। সাগরিকা গিয়ে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলল,“আচ্ছা খাও। কথা বলো না এতো!”
আরফান সাগরিকার মুখের দিকে এক পলক তাকিয়ে এগিয়ে এসে লাই দিলো তানিমকে। ছেলেটার সামনে চেয়ার টেনে বসে হালকা গলায় বলল,“তুমি গোরুর মাংস পছন্দ করো?”
তানিম খেতে খেতে মাথা নাড়ে।
_হু । কিন্তু বালিতে আব্বু আনে না।
_আচ্ছা খেতে মন চাইলে এখন থেকে এখানে এসে খাবে। এটা তোমার আপার বাড়ি।
_কেন আপাল বালি কেন?
_কারণ তোমার আপার আমার সাথে বিয়ে হয়েছে।
বলে আরফান হাসলো। সাগরিকা মুখ ঘুরিয়ে ওপাশে চলে যায়, গিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকে শাশুড়ির পাশে। মল্লিকা শুরুতে বেজার থাকলেও ছোট ছেলের বৌ নিয়ে এখন বেশ খুশি সে । তার বাড়ির বৌ গুলো নম্র ভদ্র এটা তার কাছে বিরাট গর্বের বিষয়।
সাগরিকার নত মুখটা দেখে মল্লিকা বলল,“দুপুরে ভাত খাওনি। এখন বসো, কিছু খাবে। আজ তোমার আব্বা আম্মাকে নিয়ে তোমার শ্বশুর আলোচনায় বসবে বিয়ের অনুষ্ঠান নিয়ে।”
আরফান উঠে দক্ষিণ পাশের লিভিং স্পেসে গিয়ে মোশাররফ হোসেনের সামনে গিয়ে বসলো। মোশাররফ হোসেন এই ক’দিন ধরেই ছেলেকে দেখছেন। কাহিনী কোথা থেকে কোথায় গড়িয়েছে তা তিনি এমনিতেই জানেন। ওসব না ঘেটে বললেন,“তালহা! ভাবছিলাম ওর সাথে একটা বৈঠক করবো।”
আরফান বাধ সেধে বলল,
_আহ আব্বা! আবার ওর নাম কেন? যে গ্যাছে তো গ্যাছেই!”
_আমি তোমাকে ভরসা করতে পারছি না। দু'দিন পর আবার কোন মেয়েলি ইস্যুতে…..এ ক্ষেত্রে তালহা ভালো ছিল। তুমি আমার ভরসার পাত্র নও। কোনো একটা গন্ডগোল করে ফেলবে, তারপর আমার ইমেজ নষ্ট, আমার ইমেজ নষ্ট হলে দলের ইমেজ নষ্ট। ওপর থেকে আবার আপার চাপ আসে।
বাবার অপমান টুকু হজম করে আরফান হাসে। কন্ঠ নামিয়ে বলে,“আমি সত্যিই ভালো হয়ে গিয়েছি। একবার ভরসা করে দেখেন।”
চলমান….