ফন্ট সাইজ:
থিম:
আগুন রাঙা ফাগুন

পর্ব 5

লেখক: ইসরাত ইতি

#আগুন_রঙা_ফাগুন [ ৫ ]

ওয়ালেট খুলতেই সাগরিকার ছবিটা নজরে পড়ল তালহার। এবং ও স্থির দৃষ্টে ছবিটার দিকে চেয়ে রইল। একটা মায়াময় মুখ,যে মুখ দেখলেই ও নিবিষ্ট হয়ে থাকত সবসময়। মেয়েটার বয়স কম। তার পাশে অন্তত বেমানান। এসব তো হবার কথা ছিলো না ঘুনাক্ষরেও। মেয়েটা তো পালিয়ে পালিয়ে থাকতো ওর থেকে।
এসবের শুরু কবে হয়েছিল সেসব কথা সব এক এক করে মনে পড়ল তালহার। খেলাঘরের লাইব্রেরিয়ান মেয়েটাকে মন দিয়ে অসম্ভব কিছু করে ফেলেছিল সে সেদিন, সেদিন চৈত্রের কাঠফাঁটা রোদে মেয়েটি যখন এক গ্লাস ঠান্ডা পানি এনে দাঁড়িয়ে ছিল তার সামনে। ম্যারমেরে সুতি সালোয়ার পরনে একটু আলাদাই দেখতে ছিল মেয়েটা। গোলগাল শরীরের ছোটখাটো রমণী। মাথার ওড়না টেনে কানটা অবধি ঢেকে রাখা যার। তালহার সামনে দাঁড়িয়ে কথা বলতে যার ভয়ে চোখের পাপড়ি কাঁপছিল।

তবুও বৈরী বাতাসে কিভাবে যেন প্রেমের সুর বেজেছিল একদিন।
আর এরপর,সবটা কিন্তু সুন্দর হতে পারতো। যদি তালহা স্বার্থপরতা না দেখাতো। যদি নির্বাচনের ধার না ধেরেই ঘটা করে বৌ করে আনতো মেয়েটাকে। তবুও তো স্বীকৃতি দিতো তালহা।

ওদের প্রেমের সম্পর্ক থেকে শুরু করে সবকিছু ভীষণ গোপন রেখেছিল তালহা। পাছে সাগরিকার নিরাপত্তায় ব্যাঘাত না ঘটে। এ নিয়ে মেয়েটির অভিমান কম ছিল না, সবসময় বলত,“আপনি আমাকে বিয়ে করবেন না তাইনা? এমনি আমার সাথে কথা বলেন? আমার কেয়ার করেন? আপনাদের মতো রাজনীতিবিদরা নাকি ধোঁকাবাজ হয়। আপনি ধোঁকা দিবেন আমাকে তাইনা? আমার বাবা কাঁচা বাজারে সবজি বেচে তাই?”

ধোকা তালহা দিয়েছে মেয়েটিকে। আরো ছয়মাসের সময় নিয়ে ওকে বৌ করে ঘরে উঠিয়ে আনার বদলে ঝুঁকিতে ঠেলেছে মেয়েটার জীবন। মেয়েটার একটা গোটা জীবন এখন আরফান সাহিরের কব্জায়। যে মেয়েটা একটা ধমক সইতে পারতো না, কেঁদে ফেলতো ঝরঝর করে। সে মেয়েটির রাত গুলো কেমন কাটে?

ভাবতে পারছে না তালহা! ওসব ভাবতে পারছে না। ওর বুকে ব্যাথাটা পুনরায় ফিরে এলো। শ্বাস নিলো গভীর করে।
কাপুরুষ তালহা। তালহা একটা কাপুরুষ বৈ আর কিছুই না। ওর পদ,ওর ইলেকশন,ওর ভাগের অভিশাপ জ্বালিয়ে দিল একটা অবলাকে।

সিগারেটের পরে সিগারেট শেষ করে অ্যাশট্রে ভর্তি। ছাই কিছুটা বাইরে ছিটকে নোংরা হয়েছে ঘরটাও। ওর মা উঁকি দিলো দরজা ঠেলে। এতো বড় ছেলেটা তার। এখন হাল দেখে বেচারি ডুকরে ওঠে। একদফা দরজায় কপাল ঠেকিয়ে বলে,“তোর মামাকে না কেন করে দিলি? চল কানাডার টিকিট কাটি!”

লাল চোখ দু'টো তুললো তালহা। বিগত তিন রাত ধরে নিদ্রাহীন সে। চুলগুলো বেজায় রুক্ষ। মুখের চামড়া ফাটবে ফাটবে করছে। মাকে দেখে শান্ত গলায় বলল,“থেকে যাবো এখানে!”

সালমার হাতে কিছু কাগজ। মুখের কাছে তুলে ছেলেকে নির্বিকার গলায় বলল,“তুই ভোটার লিস্ট নিয়ে কি করবি এখন? তোর প্ল্যান কি? তুই কি চাইছিস?”

_খেলতে।
তালহা সহজ গলায় জবাব দিয়ে উঠলো। জিন্স আর চেকশার্ট পরনে তার। উঠে হাতে মুখটা চেপে শ্বাস নিলো। এরপর হাতের ওয়ালেটে সাগরিকার ছবিটা খুব যত্নে আড়াল করে ওয়াশরুমে ঢুকলো।

___________

মেজাজটা সকাল থেকে খিচে আছে। জুনায়েদের কল পেয়ে পরপর বেশ কয়েকটা গালি আপনাআপনি বেরুলো আরফানের মুখ থেকে। ওপাশে জুনায়েদ বলল,“ভাই শোনেন। একটু শান্ত হন। নয়ন ঠিক নাই। নয়তো ও আপনার কাজটা করে দিতো!”

এবার সজ্ঞানে গালি দিতে চেয়ে থামলো আরফান। শ্বাস টেনে নিজেকে সামলে নিলো বহু কষ্টে। ঘরে সাগরিকা আছে।

হাতের ডাম্বেলটা আস্তে করে মেঝেতে রেখে চিবিয়ে চিবিয়ে বলে,“কেন? তোমার নয়নের কি ঝোলাটা হয়েছে যে সে সামান্য কয়টা হাইস্কুল পড়ুয়া ছেলেপেলে ম্যানজে করতে পারে না। আমি মব চাই, তাড়াতাড়ি কাজটা গুছিয়ে দাও আমার।”

ওপাশে জুনায়েদ জবাব দিলো,“ভাই নয়ন বন্ডের মুড ঠিক নাই। ওর গার্লফ্রেন্ড ছিলো না মিন্নি? সেই শালি সিফাত শরীফকে বিয়ে করে নিয়েছে। নয়ন দুইদিনে ঘর থেকে বেরোয়নি। ও তাই আপনার কল ধরে না। আপনি রাগ নিয়েন না।”

ঘটনাটা শুনে এক চোট হাসলো আরফান। বিরক্তিতে মুখে থুথু জমেছে। বলল,“বলদ কোথাকার। মেয়ে মানুষ সামাল দিতে জানেনা‌। হাত পা বেঁধে বিয়ে না করে ছেড়ে দিলে তো এমনই হবে। এখন আঙুল চুষুক। আমি ওসব কিছু শুনতে চাইনা। ওকে বুঝিয়ে কাজটা করে দাও আমার। বহু কষ্টে আব্বার ভরসা আদায় করেছি। অপজিশনের জনসভার আগে সবকিছু রেডি চাই।”

_জি ভাই।

_আর কোনো আপডেট? আমার শ্বশুর বাড়ির?

_না সব ঠিকঠাক, তবে দিলশাদ বলে একটা মেয়ে আপনার শ্বশুরের সাথে প্রায়শই কথা বলতে আসে। হয়তো ভাবীর খোঁজ খবর নেয়।

_ওয়েট! দিলশাদ কে? আমার বৌয়ের নামও তো দিলশাদ জামান সাগরিকা। এরা মিতা নাকি?

_হু ভাই। আরো একটা মিল আছে। দুইজনের ভাই-ই প্রতিবন্ধী। একজন শারীরিক,একজন মানসিক।

_আচ্ছা ও মেয়েকে জ্বালিয়ো না। আমার বৌয়ের বান্ধবী। বাকি কথা বলো, যুথির কি অবস্থা?

_বাড়ি ফাঁকা ভাই। যা হবে আজ রাতে।

_গুড, বাড়াবাড়ি কিছু না কিন্তু। আচ্ছা শোনো,তালহা খবর?

এই বার জুনায়েদের গলা শুকিয়ে কাঠ হবার যোগাড়। এক চোট ঢোক গিলে বলে,“একটা ঘাপলা আছে।”

_কোন বাল?

_তালহার চামচা জিহাদকে ভোটার সমর্থকের কাগজ নিতে দেখেছি। কিছু একটা পাকাচ্ছে হয়তো!

আরফান কিছুক্ষণ চুপ থাকলো কথাটা শুনে। এরপর বলল,“ও হেরে বসে আছে অলরেডি। যা করার করুক। করতে দাও। সময়মতো বাকি হিসাব নেবো।”

“খট” করে শব্দ হতেই আরফান ফোনটা কান থেকে সরিয়ে ঘুরে তাকাল। সাগরিকা বেরিয়েছে ওয়াশ রুম থেকে। সদ্য গোসল সেরেছে। শরীরে একটা হলুদ রঙা তাঁতের শাড়ি। মাথায় গামছা পেঁচানো। আরফানের দৃষ্টি দেখে হাতের ভেজা নিংড়ানো কাপড় গুলো চুপচাপ বিনের ওপর রেখে আড়ষ্ট হয়ে দাঁড়াল চোখ নামিয়ে।
আরফান তাকিয়েই আছে। কয়েকগাছা ভেজা চুল মুখের ওপর পড়ে আছে যা মেয়েটির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চট করেই আরফানের মেজাজটা নেমে যায়। নিঃশ্বাস প্রশ্বাস ভারী শান্ত তার। আরফান চুপচাপ এগিয়ে যায়, গিয়ে এক হাতে মেয়েটাকে পেঁচিয়ে ধরে নরম সুরে বলে,“মাথা ধরেছিল নাকি? বাড়িতে ঢুকে আলিজার কাছে তোমার গা গুলাচ্ছে শুনলাম ! পিলটা স্যুট করেনি বোধ হয়! ভাত খেয়েছো?”

লোহার মতো শক্ত হাতের মাঝে নিষ্পেষিত হচ্ছে সাগরিকার নরম হাত। ও কিছুক্ষণ হাঁসফাঁস করে থেমে থেমে বলল,“ওদের কারো সাথে যোগাযোগ করতে পারছি না, আমার কাছে সূর্যের হাসি ফাউন্ডেশনের আটত্রিশ হাজার টাকা ছিল। পাছে কেউ আমাকে বাটপার না মনে করে তাই ঐ টাকাটা আমি খেলাঘরের ভারপ্রাপ্ত কাউকে বুঝিয়ে দিতে চাচ্ছি!”

ঘেন্না একপাশে সরিয়ে রেখে বহুকষ্টে অনুরোধটা করলো সাগরিকা। আরফান তার শান্ত দৃষ্টি সাদা মুখটাতে স্থির রেখে বলল,“আমি দিয়ে দেবো। চিন্তা করো না।”

_আর পড়াশোনা….

পুরোটা বলে শেষ করার আগেই আরফান হাসলো আবার তার চিরায়ত ঠান্ডা হাসিটা। কন্ঠে লাই নিয়ে বলল,“কেন পড়বে না বোকা মেয়ে? একমাস রেস্ট নিয়ে অবশ্যই তুমি ক্লাস করতে যাবে। এই একমাস বিয়ের অনুষ্ঠান হানিমুনে কেটে যাবে।
আরফান সাহিরের বৌ গ্রাজুয়েশনটা কম্প্লিট করে রাখবে না এটা কোনো কথা হলো? তবে সাগরিকা তোমাকে চাকরি বাকরি কিন্তু করতে দেবো না, স্যরি হ্যা? আমার যথেষ্ট টাকা আছে,আমি মরলে বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারবা আরামে। সো নো টেনশন!”

সাগরিকা দম ফেলল চোখ বুঁজে। হাতটা সরিয়ে নিয়ে এবার শক্ত গলায় বলে,“চাইনা এসব ফ্যাসিলিটিজ আপনার থেকে। আমি বলতে চেয়েছিলাম আমার মার্কশিটটা তুলে এনে রেখে দেবো। আর পড়াশোনা করতে চাচ্ছি না আমি।”

বলতে বলতে অবলা মুখটা শক্ত হয়ে উঠলো। আরফানের মাথায় কি চলছে সেটা তার মুখ দেখে অবশ্য বোঝা দুরূহ ব্যাপার ছিল। ও সাগরিকাকে একদম হ্যাঁচকা টানে বুকে মিশিয়ে মেয়েটার চুলের খোঁপা ধরলো নরম করে। এরপর রাগটা ঝাড়ল,“সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে এসব নাটক বানাতে থাকো তাইনা? তো লিসেন, ফাক ইয়র ইচ্ছা অনিচ্ছা। আরফান সাহির বুঝবে তার বৌকে সে কিভাবে পালবে,চালাবে! গট ইট?
ভালো পাচ্ছি গায়ে লাগে না তাইনা? নিয়ম করে দুই এক ঘা দিতে শুরু করলে এমনিতেই রাস্তায় এসে যাবে।
কামাই করে এনে দেবো, চুপচাপ রান্না করবা,কথা শুনবা,রাতে ডাকলে কাছে আসবা, আমার প্রয়োজন মেটাবা,বাচ্চা পয়দা করবা। কত্ত নিরিবিলি একটা জীবন সামনে,এর চেয়ে শান্তির জীবন হয়?…চুপচাপ মানিয়ে নাও। এরপর,আমি যখন বলবো তখন বাড়ির গাড়িতে ক্লাস করতে যাবা ওকে? আমার জন্য সাজবা, প্রতি সপ্তাহে নিয়ম করে পার্লার যাবা, ভাবীদের সাথে রেস্তোরাঁয় যাবা! যা যা এই বাড়ির বৌয়ের সাথে যায় ওসব করবা। সাগরিকা,আরামে রাখতে চাই,থাকো! আরফান সাহির চেতলে কিন্তু খবর আছে!
আমি আমাকে ভালোবাসতে বলছি, আমাকে ভালোবাসবা। পুতুলের মত থাকবা। বলো বলো কিসের মতো থাকবা?”

সাগরিকা কথা বলছে না। ও চুলে ব্যাথা পাচ্ছে বুঝতে পেরে আরফান ছাড়লো। এরপর সাগরিকার ভেজা শাড়ি নিয়ে বারান্দার দড়িতে মেলে দিয়ে হন্তদন্ত হয়ে আবার বাইরে বেরিয়ে গেল।

___________

সকাল থেকে দুই হাত ব্যস্ত দিলশাদের। এমনকি মুগ্ধটাও আজ বসে নেই। ডাইনিং রুমের একটা চেয়ারে বসে বসে মটরশুটি বেছে দিচ্ছে মেজো আপাকে। রান্নাঘরে কড়াইয়ের তেলে মুরগির লেগপিস গুলো বাদামী করে ভাজা হচ্ছে। রোস্ট হবে সেগুলো। পাত্রপক্ষ আজ রাতের খাবার খেয়ে যাবে।

আজ দিবাকে আনুষ্ঠানিকভাবে দেখতে আসবে ও পক্ষের মানুষ। জানাশোনা বিগত পাঁচদিন ধরে যা হবার হয়েছে। এখন সামনাসামনি বসে আলোচনা করাটাই শ্রেয়।
এই খরচাটা সামলেছে দিলশাদের খালু শাহজাহান। যদিও পাত্র পক্ষের রাতের খাবারটা খাওয়ার সম্মতি ছিল না। দিলশাদের খালুই জোর করেছিলেন।
তিনি বাইরের ঘরে পায়চারি করছেন। পাত্রপক্ষ বরগুনা পৌঁছে গেছে,আর কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পড়বে।

“সুফিয়া রাতের রান্না পরে দেইখো! আগে নাস্তাপানির যোগাড়টা করো ভালো করে। আমি গেটের কাছে যাইতেছি। তাদের এগিয়ে আনতে।”

_হুম। তুমি যাও। দিলশাদ দেখছে।

শাহজাহান চলে যাওয়ার পরে সুফিয়া গলার জোর বাড়িয়ে তিন ভাই বোনকে শুনিয়ে বলল,“আজ সম্ভবত চেইন টেইন পরিয়ে যাবে। ঠিক জানি না। তোদের কোনো কিছুতে কোনো আপত্তি থাকলে তোর খালুকে জানাস। সিনক্রিয়েট করবি না খবরদার। তোদের খালু রেগে যাবে। তিনি গ্যারান্টি দিয়েছে, ছেলের পরিবার ভালো।”

দিলশাদ নরম সুরে জবাব দিলো,“আচ্ছা আগে আসুক। সামনাসামনি দেখে বুঝি। এই পাঁচদিনে লোক লাগিয়ে যা খোঁজ নিলাম তাতে তো ভালোই মনে হয়েছে। এখন সামনে থেকে দেখলেই বুঝতে পারবো।”

পদে পদে দশ পদের আইটেম টেবিলে গুছিয়ে রেখেই দিলশাদ হাঁফ ছাড়ল। দৌড়ঝাঁপে কামিজের ভেতরের শরীরটা ঘামে ভিজে একাকার। এক্ষুনি গোসল করে নিতে হবে।
পায়ের গতি বাড়িয়ে ঘরে ঢুকে ও আশেপাশে চোখ বুলাল একবার। ঘরের এক কোণে মায়ের একটা লাল রঙের টাঙ্গাইল শাড়ি পরে গুটিসুটি মেরে বসে আছে দিবা। মাথায় ঘোমটা টানা মেয়েটার। দুই হাতে লাল কাঁচের চুড়ি।
দিলশাদকে আবার দেখেই চোখ তুলে মলিন কন্ঠে বলল,“দিলশাদ আমি মনে হয় ভুল করছি। আমার লোকটাকে বলা উচিত।”

এ নিয়ে পঞ্চম বারের মতো দিলশাদের মেজাজটা ফুটে উঠল টগবগ করে। সারাদিন কম ঘ্যানঘ্যানানি শোনেনি সে। এবার পুরোটা নিয়ন্ত্রণ হারিয়ে এগিয়ে গিয়ে বলল,“কি বলবি শুনি তো আপা?”

ঢোক গিলল দিবা,বলল,“আমি লোকটাকে জানিয়ে দেবো আমার একটা সম্পর্ক ছিল। এটা তার কাছে লুকিয়ে যাওয়া তো তাকে ঠকানো হবে তাইনা তুই বল? তুই জেদ করিস না বোন, প্লিজ উনি এলে আমাকে বলতে দিস কথাটা? হয়তো উনি বুঝবেন। ভদ্রলোক মানুষ মনে হয়েছে।”

দিলশাদ শ্বাস টানলো। এরপর তাচ্ছিল্য নিয়ে বলল,“বিগত পাঁচ দিনে লোকটার হিস্ট্রি ঘাঁটাঘাঁটি করে জেনেছি লোকটা হাইস্কুলে থাকতে তারও একটা কঠিন প্রেম ছিল। বাচ্চাকালের প্রেম। সে মেয়ের নাকি ক্লাস নাইনে বিয়ে হয়ে গেছে। লোকটা তোকে বিগত দিনে নক দিয়েছে। তুই কথা বলেছিস। তিনদিন তোদের কথা হয়েছে। এই তিনদিনে তোকে সে তার এক্সের ব্যাপারে কিছু বলেছে?”

দিবা আস্তে মাথা নাড়ল।
তরিকুল ইসলাম তাওরাত নামক লোকটা বিগত তিনদিন ধরে দিবাকে ফেসবুকে নক করে কেবল পরিচয় আদান প্রদান এবং ‘দিবা কেমন আছে,সে দেখতে আসলে দিবার কোনো আপত্তি থাকবে কিনা’ এটুকুই জানতে চেয়েছে। এর বাড়তি কোনো কথাই হয়নি।

ও বিড়বিড় করল,
_সে বলেনি সেটা তার ব্যাপার। আমার দিকটা আমি ক্লিয়ার করতে চাইছি দিলশাদ।

দিবার কথাগুলো দিলশাদ খুবই মন দিয়ে শুনলো,পরপর ঠান্ডা গলায় বলল,“এটা কি সিনেমা পেয়েছিস তুই? যে তোর নায়ক হাসবেন্ড তোর এই কথা শুনে বলবে ‘অতীত ইজ অতীত,আই হ্যাভ নো প্রবলেম!’

গাধী, এই বাঙ্গালী ব্যাটা গুলোর এখন প্রবলেম না থাকলেও বিয়ের পর কথায় কথায় তোর অতীত টেনে ধরে তোকে কথা শোনাবে। এইসব বাঙালি ব্যাটা গুলো নিজে একটা প্লে বয় হলেও তাদের বৌ চাই যেই মেয়ে আন্ডা ফুটে কেবলমাত্র বেরিয়েছে সেই মেয়ে। যে মেয়ের চোখ ফোটেনি,সেই মেয়ে।
লাইফে একটা ভুল করেছিস, আল্লাহর কাছে তওবা পড়েছিস। দ্যাটস এনাফ। তাকে জানিয়ে লাভ নেই। নিজের দোষ লুকিয়ে নিতে হয়।”

কথাগুলো শক্ত গলায় বলে শেষের দিকে গলাটা নেমে আসে দিলশাদের,বলে,“মেয়েদের অতীত থাকতে হয়না আপা। অতীত ওয়ালা ছেলে গুলো মেয়েদের সহানুভূতি পেলেও অতীত ওয়ালা মেয়েরা ছেলেদের কাছে স্রেফ একটা খুঁত ওয়ালা মানুষ। যাকে তারা অনুগ্রহ করে জীবনে রাখে।
দেখবি ঝগড়া লাগলেই তোর এই অতীত টেনে ধরেই তোকে মানসিক অত্যাচার করবে। সো চুপ যা। আজ বা কখনো যদি ঐ লোকের কাছে নিজের অতীত বলতে গেছিস বোকামি করে, তবে তোর একদিন কি আমার একদিন। বুঝলি?”

আপাকে কথাগুলো শুনিয়ে দারাজের ওপরে রাখা জামাকাপড় গুলো নিয়ে হন্তদন্ত হয়ে কলঘরে ছুটে যায় দিলশাদ। দিবা মুখ কালো করে তার জায়গাতেই বসে থাকে চুপচাপ।

________

পাত্রপক্ষ যখন বাড়িতে ঢুকেছে তখন আছর হয়েছে। বারান্দার ঘরের টিনের ফুটো দিয়ে উঁকি মেরে দেখলো দিলশাদ। পাত্রের সাথে তার বাবা,মামা,ফুফুরা এবং বেশ কয়েকজন কাজিন রয়েছে। মহিলারা এসেছে দুজন। পাত্রের দুই ফুপুই। পাত্রের মামা কামাল আবার দিলশাদের খালুর এককালের কলিগ ছিলেন। দেখামাত্রই হোহো করে উঠে এসে গলা পেঁচিয়ে ধরলেন।

তাওরাত উঠানে পা রেখেই শান্ত চোখ দু'টো আশেপাশে বুলাল। দিবার খালু নিঃসংকোচে বলল,“এটা ভাড়া বাসা ওদের বাবা। ওদের নিজ বাড়ি গাঁয়ে।”

তাওরাত ভদ্র হেসে ভেতরে এলো। বসার ঘরে সোফাসেটের পাশে বেশ কিছু চেয়ার টেনে সবাইকে একসাথে বসানোর ব্যবস্থা করা হয়েছে। মাঝের রুমের পর্দা টানা।

দিলশাদ ভীষণ ছটফটে এক মেয়ে, আর সেই সাথে এ বাড়ির কর্ত্রী এ কথা ইতিমধ্যেই অবগত করা হয়েছে তাদের। পাত্রের ফুফুরা আবার উঁকি মেরে দিলশাদকেই দেখছে। চিরায়ত বাদামী মানুষের মতো পাত্রী দেখতে এসে পাত্রীর বাড়ির সব মেয়েদের খুঁটিয়ে দেখার মানসিকতা থেকে তারা বেরুতে পারেনি হয়তো। এটা দিলশাদ খুব ভালো করেই জানতো, সেজন্য নিজের মুখে পাউডার অবধি লাগায়নি মেয়েটা, চুলগুলো এলোমেলো। গায়ের জামার রংটাও সবুজ। এই রংয়ে দিলশাদকে সবচেয়ে বেশি বিশ্রী লাগে,তাই ও বেছে বেছে আজ এটাই পরেছে।

ক্র্যাচ নিয়েও মুগ্ধ হাতে হাতে মেজো আপার সাথে শরবত এগিয়ে দিচ্ছে মেহমানদের। এর মাঝে পাত্রের মামার আদেশেই দিবাকে আসতে হলো বসার ঘরে।

তাওরাত শরবতের গ্লাস হাতে ধরে রেখে চোখ তুলে তাকালো। পা মাথা দেখলো সামনে এসে জবুথবু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। তাওরাতের এক ফুপু আবার ওকে ধরে বসিয়ে দিলেন নিজের পাশে। দিবা বসেছে। এমন অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। বুকটা সুতীব্র বেগে ঢিপঢিপ করছে। নিভু স্বরে সবাইকে সালাম দিয়ে অবশ্য একপলক তাকিয়েছিল তাওরাতের মুখে। লোকটা আজ ফরমাল স্যুটে এসেছে। মুখটা ক্লিন শেভ করা আবার। দিবা ভাবল,খারাপ না মোটেই। বরং বড্ড উপযুক্ত পাত্র যাকে তার ছোট বোন আর ভাই পছন্দ করেছে।

তাওরাতের হুশ ফিরেছে তার বাবার গলায়। ভদ্রলোক হেসে হেসে দিবার কাছে তার একাডেমিক রেজাল্ট শুনতে চাইছে। দিবা সরকারিভাবে ডিপ্লোমা নার্সিংয়ে চান্স পেয়েও কেন করলো না এসবও খুঁটিয়ে জানছে।

আর তাওরাত কেবল চেয়ে আছে সামনে। বয়স পঁচিশ ছাব্বিশ হলেও মানুষটা একটু ছোট খাটোই। সেদিনের সেই ওড়না ছাড়া কুর্তি পরনের মানুষকে লাল শাড়িতে অন্যভাবে আবিষ্কার করলো তাওরাত। মেয়েটার খোঁজখবর নিয়েছে যতদূর, কোনো কটু রেকর্ড সে পায়নি বরং প্রশংসা শুনেছে সবখানে।

আলোচনা বড়রাই করলেন। তাওরাতের কাজ ছিল ঘুরেফিরে নিজের হাত ঘড়িতে সময় দেখা আর আড়চোখে নতমুখটা দেখা। একসময় নিজেই অস্থির হয়ে বলে উঠলো,“তার সাথে একটু কথা বলা প্রয়োজন আমার।”

বড়রা থামল সবাই। তাওরাতের মামা বললেন,“হুম। যাও গিয়ে আলোচনা করো। তারপর তোমাদের মত শুনে হবে বাকিটা।”

তাওরাতের কথায় দিলশাদ প্রথমে হকচকালেও পরমুহূর্তেই মেয়েটার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। বড়রা অনুমতি দিতেই তাওরাত যখন উঠলো। দিলশাদ এগিয়ে এসে দিবাকে একপাশে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল,“খুব ভালো পাত্র এ আপা,খুব ভালো পাত্র। খবরদার তুই উল্টাপাল্টা কিছু বলবি না। চোখ নামিয়ে থাক। একদম চোখে চোখ রেখে কথা বলবি না।”

দিবা ভীষণ অবাক গলায় বলল,“তুই কিভাবে বুঝলি খুব ভালো পাত্র?”

_সবার সামনে কিভাবে গলা বাড়িয়ে কথা বলল দেখলি? এই ছেলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। মাম্মাস বয় নয়। এটাই হচ্ছে মর্দের মতো কাজ। সংসারে এইসব ছেলে নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিতে জানে। মা আর বৌয়ের মাঝখানে পিষে পিস পিস হয়না। এখন যা, কথা বল। গলা নামিয়ে কথা বলবি ঠিক আছে?”

দিলশাদের চোখ দু'টো চকচক করছে। দিবা বোনের উৎফুল্লতা দেখে হেসে ফেলল সহসা। বোনকে পাগল অপবাদ দিয়ে এগিয়ে গেল সামনে।

বাড়ির উঠানের উত্তর পাশের জবা গাছের আড়ালে দু'জনকে দাঁড় করিয়ে দিয়ে দিলশাদ ভেতরে চলে গেল। ভেতরের পরিস্থিতি খুবই সিরিয়াস,বড়রা বিয়ে নিয়ে কিছু বলছে হয়তো। ওগুলো শুনতে হবে। যত যাই হোক,দিলশাদই ওর বড় বোনের অভিভাবক,এটা দিলশাদ মানে।

মুখোমুখি হবার পরে মিনিট দুয়েক দুজনের মধ্যে নীরবতা সুতা টানে। এরপর হঠাৎ দু'জন দু'জনের মুখের দিকে তাকিয়ে অল্প হাসলো। তাওরাত নিচু গলায় বলল,“হাই! আশা করছি অস্বস্তি দিচ্ছি না।”

দিবা চোখ নামিয়ে হেসে বলল,“জি না দিচ্ছেন না‌। বলুন।”

_আপনি ভীষণ সুন্দর। শাড়িতে আপনাকে সুন্দর লাগছে।

হুট করে বলা কথাটিতে দিবা একটু অপ্রস্তুত হয়। তাওরাত বলে,“অপ্রস্তুত হবার কিছুই হয়নি। আপনাকে এত সুন্দর করে সাজানো হয়েছে আমার সামনে প্রেজেন্ট করার জন্য। আমার ভালো লেগেছে এটা আপনার জানাটা অধিকার। আপনি অ্যাপ্রেসিয়েশন ডিজার্ভ করেন! আমি ব্যবসায়ী মানুষ তো। বই নিয়ে বিজনেস। আমি আবার লোক ঠকাই কম। যে যা ডিজার্ভ করে তাকে তা পাই টু পাই দিয়ে দিই। যদি আমাদের যাত্রাটা লম্বা হয় তবে আপনি দেখতে পাবেন।”

সরাসরি সাক্ষাতে দিবার মানুষটাকে বেশ সোজাসাপ্টা মনে হচ্ছে। ওর মাথায় কেবল ঘুরপাক খাচ্ছে ঐ কথাটা। মাহিনের কথাটা দেবে এই লোককে জানিয়ে? সবটা শুরু হবার আগে? কিন্তু দিলশাদ কি করবে?

কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল দিবা। ও পারলো না মুখ ফুটে বলতে। কুন্ঠায় গলা রোধ হয়ে আসছে। নিজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলল,“একটা কথা বলার ছিল।”

_বলুন।

_আমার আব্বা আম্মা নেই। সেক্ষেত্রে পাত্রী হিসেবে আমি খুব সম্ভবত অতটা উপযুক্ত নই অর্থনৈতিক দিক দিয়ে। যদিও বিয়ের পরে আমার ভাই বোনকে আমার ওভাবে সাপোর্ট দিতে হবে না। তবুও এই ব্যাপারে আগেই খোলামেলা হয়ে কথা বলে নিলে ভালো হয়। পরবর্তীতে সম্পর্ক নষ্ট…সামনে যদি আংটি পরান তবে এখানে দাঁড়িয়ে ডিসিশন নিয়েই ঘরে ঢুকেন আজ।

তাওরাত মনে হলো অল্প হাসলো। এরপর বলল,“এখানে এখনো রোদ ভীষণ। চলুন ঘরে গিয়ে বসি।”

ঘরে এসে বসার পরে দিবার বুঝতে পারলো না ওর সাথে কি হয়ে যাচ্ছে। ও বাড়ির ফুপু ভ্যানিটি ব্যাগ থেকে চেইন বের করে ওর গলায় পরাতেই ও তাওরাতের মুখের দিকে তাকাল। তাওরাত ওর পাশেই বসেছিল চুপচাপ। বড়রা চেইন পরানোর পরে যখন নিজেদের আলোচনায় মত্ত হলো তখন পাশ থেকে তাওরাত ধিমি আওয়াজে বলল,“ডিসিশন নেয়া আগেই শেষ আসলে। চেইন সাথে নিয়েই এসেছিলাম। আমার আম্মা আপনাকে দেখে ভীষণ পছন্দ করেছে। আপনার মুখটা নাকি ওনার দাদীর মতো।”

বলেই তাওরাত হাসলো। দিবা অবাক হয়ে বলল,“তবে বাইরে গেলেন কেন আমাকে নিয়ে? কি আলোচনা করতে?”

চোখ নামায় লোকটা,জবাব দেয়,“প্রসংসা করার জন্য।”

দিবা ভারি লজ্জা পেয়ে গেল। সময়টা খুবই অল্প ছিল যদিও, তবে এক লহমায় দিবার তরফ থেকে অনেকটাই ভালোলাগা তৈরি হয়ে গেল। ও চোখ বড় বড় করে নিজের গলার চেইন দেখছে।

শাহজাহান তাওরাতের বাবা তোফায়েল ইসলামের সাথে সরাসরি আলাপে এলেন। জানতে চাইলেন বিয়ে নিয়ে পরিকল্পনা কি হতে পারে।
এ পর্যায়ে তাওরাতের ফোনটা বেজে উঠলে ও ঘরভর্তি লোকের সামনেই ওটা রিসিভ করে বলল,“হু তুই কই? মেইন রোডে? হ্যাঁ ঐ মোড়েই দাঁড়া। দাঁড়া আমি পিক করতে আসছি। দুই মিনিট দাঁড়া।”

কল কেটে তাওরাত ওর মামার মুখের দিকে চেয়ে বলল,“মামা, বাবু এসেছে। আনতে যাচ্ছি ওকে!”

একটু থেমে তাওরাত দিলশাদের খালুর মুখে তাকিয়ে বলল,“আঙ্কেল বলেছিলাম না আমাদের সাথে আরেকজন আছে? আমার খালাতো ভাই। ওকে নিয়ে আসছি।”

দিলশাদ বলল,“আরে আপনাকে উঠতে হবে না ভাইয়া। মুগ্ধ যাচ্ছে। ও গিয়ে রিসিভ করে নিয়ে আসবে।”

_না আমিই যাচ্ছি। সে একটু লাজুক প্রকৃতির ছেলে তো।

তাওরাত বেরিয়ে গেলে দিলশাদ ঘোমটা টানলো ওড়না দিয়ে। খানিক বাদে তাওরাত ফিরে এলো, পেছনের মানুষটা সামনে এসে ঘরভর্তি মুরব্বিদের সালাম দিতেই দিলশাদ আর দিবা চোখ তুলে তাকাল। পরপর মুখ জোড়া সাদা হলো দু’বোনের।

চলমান……

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন