ফন্ট সাইজ:
থিম:
আগুন রাঙা ফাগুন

পর্ব 6

লেখক: ইসরাত ইতি

#আগুন_রঙা_ফাগুন [ ৬ ]

[ পর্বটিতে প্রচুর গালি আছে। মানসিক প্রস্তুতি নিয়ে পড়বেন।‌]

মৃন্ময়ের চোয়াল ঝুলে গেছে। সুদর্শন মুখটা এখন বোকা বোকা দেখা যাচ্ছে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে সামনে তাকিয়ে। ওর ঠিক সামনেই দুই তরুণীর সাদা মুখের ফ্যাকাসে আভা ছোঁয়াচে রোগের মতো সংক্রমিত করে ফেলেছে ওর মুখটাও।
আশপাশের হুঁশ খুইয়ে চুপচাপ সে। এই মেয়ে তবে তাওরাতের বৌ হবে? ওর ছোট ভাইয়ের বৌ? সেদিন ঐ মেয়েটা পাগলের মতো এক লোকের বিয়ের গাড়ি থামিয়ে তাকে ধরে লাফাচ্ছিল যে? ছেলের নাম মাহিন।‌ সেই প্রেম দিওয়ানি দেবদাস মেয়েটা তার ছোট ভাইয়ের বৌ হবে?

হুট করেই একটা সুক্ষ্ম অনীহা তৈরি হলো মৃন্ময়ের মনে, দিবার প্রতি। ও চোখ ঘুরিয়ে এক পলক তাওরাতের হাসিমুখ দেখলো,দেখলো আবার তার পাত্রীকে। আর এই মেয়ের ঐ ছোট বোনটা,ওটা তো চরম বেয়াদব! এ কোথায় এসে পড়ল তার খালামনির আদরের ছেলেটা! মৃন্ময় ভেবে শুকনো ঢোক গেলে।

তাওরাতের মামা কামাল হেসে বাকিদের কাছে মৃন্ময়ের পরিচয় দিল,“ও আমার বড় আপার ছেলে। আপা বহু আগে গত হয়েছেন। ও তাওরাতের দেড় বছরের বড়। বাসার ছোট বড় সবাই-ই ওকে বাবু ডাকে। তবে ওর নাম মৃন্ময়। চেনেন হয়তো! পরিচিত মুখ তো সে এখানকার!”

শাহজাহান আর সুফিয়া চিনতে পেরেছে মৃন্ময়কে। পেরেছে তো দিবাও,চিনতে পেরেছে বলেই মুখ থেকে রক্ত সরেছে তার। দিলশাদের থেকে সবটাই তো শুনলো সেদিন! এই বিষয়ে অবশ্য খালু আর খালা এখনো অবগত নন। তবে এখন কি করবে দিবা? কি করার আছে?

চোখ নামিয়ে শাড়ির আঁচল আঙুলে পেঁচায় সে। পরিস্থিতি সামনে ভীষণ ঘোলাটে হবে তা ওর অবচেতন মনে বার্তা পেয়েছে। সুন্দর মায়াবী মুখটা ঘেমে তেলতেলে হয়েছে ইতিমধ্যেই। এক পলক বোনের মুখে চেয়ে খালাকে বলল,“খালা আমি ঘরে যাবো?”

তাওরাতের বাবা তোফায়েল বললেন,“আরে মা। নিশ্চয়ই। যাও যাও যাও। তুমি ঘরে যাও। আর এই যে এই তোমার ভাসুর,সালাম দিয়ে যাও।”

এবার দিবার শরীরে কাঁপুনিই ধরেছে। ও কোনোমতে চোখ তুলে অস্ফুটে মৃন্ময়কে সালাম দিয়ে একদম চোর পালানোর মতো করে পালিয়ে গেল।

এরপর পরিস্থিতি একটু হালকা হয়। এইবার দিলশাদের চোখে তাকায় মৃন্ময়। দিলশাদও একদফা ঢোক গিলে উঠে দাঁড়াল। মৃন্ময় অবশ্য আর দৃষ্টি নামায় না। ওর কানে বাজছে “গু খান,গু খান, গু খান।”

কি জানি কি হয়েছে ওর,এই আওয়াজটা সম্ভবত সবসময় মৃন্ময় শুনতে পাবে। ওর মুখটা কিঞ্চিত কালো হয়ে আসে সময় গড়াতেই। এরপর হুট করে ঠোঁট বাঁকিয়ে হেসে মনে মনে আওড়ালো,“এইবার পেয়েছি তোমাকে বাছা! পালাইয়া যাবে কোথা!”

________

উপকূল ঘেঁষা মফস্বল হলেও বরগুনার পরিচিতি দক্ষিণাঞ্চলে কম নয়। সে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেই হোক বা মারদাঙ্গা রাজনীতি। এর অবশ্য একটা কারণ আছে। জেলার সরকারদলীয় পার্টির সভাপতি মোশাররফ হোসেন চৌধুরী কোনো সাধারণ ব্যক্তিটি নন। প্রধানমন্ত্রীর বিশেষ স্নেহভাজন। সারাদিন মুখে কেবল “আপা,আপা,আপা।”
জনগনের সামনে ভাবটা এমন ধরেন যেন প্রধানমন্ত্রীর সাথে তার আত্মীয়ের সম্পর্ক।
এই বিশেষ বিশেষ কিছু বিষয়ের সুবিধা নিয়ে এই দলের রাহাজানি দিন কে দিন বাড়ছে। জনগণ অতিষ্ঠ হলেও মুখ ফুটে বলার উপায় নেই। তবেই পড়তে হয় আরফান সাহিরের তোপের মুখে। সুন্দরবনে বাঘ থাকলে বরগুনায়ও আরফান,তালহার মতো মানুষ আছে এই কথা আট থেকে আশি সবার ঠোঁটের আগায়।
এই আরফান সাহিরের ছত্রছায়ায় বেড়ে ওঠা অন্যতম ত্রাশের নাম নয়ন বন্ড। তার পছন্দের কাল্পনিক চরিত্র জেমস বন্ডের অনুকরণে এই নাম দিয়েছে নিজের।
রীতিমত একটা ভয়ংকর গোছের মানুষ। আরফানের যাবতীয় ভেজাল কাজের হাত সে। দিনে দুপুরে মানুষের বুকে ছুরি চালিয়ে দিতে পারে এমন সাহস বুকে নিয়ে চলে, এবং নিশ্চিন্তে থাকে,আরফান তাকে ছাড়িয়ে নেবে। হয়ও তাই। তিনদিনের বেশি নয়নকে কখনো জেল খাটতে হয়নি।

কলটা তিনবারের বার বাজতেই ওপাশ থেকে ভীত নারীটি রিসিভ করে ফোনটা কানে চাপল। প্রকট ভাবে কাঁপছে তার গলা, ফিসফিসিয়ে বলে,“প্লিজ নয়ন বোঝার চেষ্টা করো আমার বিয়ে হয়ে গেছে। সিফাত আমার স্বামী…”

_ঐ চুপ চুত****, শালী আমার সাথে চিটিং করিস। অসভ্য। সিফাত স্বামী তো কি হইছে? তুই আমার সাথে কথা বলবি। বলবি মানে বলবি। আর কিছু তো চাইতেছি না। আমি তোর লগে কথা বললে মানসিক রিলিফ পাই। শালি এইটুকু অন্তত দে।
এই শোন, আমি একটা কাজে বেরুবো এখন। ফিরে এসে রাতে কল করতেছি। পাঁচ মিনিটের জন্য ধরবি! নয়তো তোর খবর আছে। তোর ছবি আছে আমার কাছে জানিস তো? না ভুলে গেছিস সেসব কথা?”

মিন্নি নাম মেয়েটার। গ্রামের একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল একদা। পড়ালেখার জন্য একদিন শহরমুখী হয়েছিল, সেই যে জীবনে নয়ন নামের অভিশাপ লেগেছিল,আজ অবধি পিছু ছোটেনি। ওপাশে মিন্নি হাউমাউ করে কাঁদছে।
নয়ন মেজাজ হারিয়ে কল কেটে গালি দেয়।

“অসভ্য মেয়ে একটা। ভালো বাসতে চাইছিলাম তাতেও দোষ। এখন কষ্ট দিই তাতেও দোষ। শালি একটা।”

ফোনটা বাজে আবার। নয়ন দুই হাতে মুখ চেপে সামলে নেয় নিজের মেজাজ। কলটা এসেছে স্বয়ং আরফান সাহিরের নাম্বার থেকে। এর সাথে হাংকিপাংকি করার দুঃসাহস নয়নের নেই। কলটা রিসিভ করে বলল,“নামছি ভাই নামছি।”

কল কেটে মাথায় টুপি চাপায় নয়ন। হাতে নেয় বগী দা। মিন্নিকে এসে দেখা যাবে, সারাজীবন ভরে দেখা যাবে। আপাতত তার রিজিক সামলাতে হবে তাকে।

_________

যুথির বাবা গোলাম সারোয়ার শিক্ষক মানুষ। বদরখালী হাইস্কুলের শিক্ষক। নিঃসন্দেহে সৎ এবং নিষ্ঠায় মোড়ানো এক বান্দা। ছেলে-মেয়েদেরও সেভাবে গড়ছেন। ন্যায় কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার সাহস টুকু যে তার বাচ্চাদের আছে,এটা তারই কৃতিত্ব। যুথি সেদিন খেই হারিয়ে আবার ফেসবুকে একটা পোস্ট দেয়ার পরে পোস্টটা মোটামুটি ভাইরাল হয়। একশোর বেশি লোক শেয়ার করেছে।
ব্যক্তি হিসেবে অতি সাহসী হলেও বিষয়টা গোলাম সারোয়ারকে চিন্তিত করছে। যুথি মেয়ে না হয়ে ছেলে হলে অবশ্য এত দুশ্চিন্তা হতো না। এই দেশটা তো যতটুকু যা নিরাপদ আছে তা কেবল পুরুষের জন্য। নারীর জন্য নয়। মুখে সবাই সবসময় নারী আর নারীর উন্নয়নের গীত গাইলেও আড়ালের চিত্রটা বড্ড নির্মম।
নারীকে নিগ্রহ করার একটা সুযোগ পেলেও কেউ ছাড়তে চায়না। গতবছর কুমিল্লা ক্যান্টনমেন্টের ভেতরে তনু ধর্ষণ ও হত্যা ঘটনার কথা মনে পড়লেই বুক কাঁপে গোলামের, তারপর সেদিন ময়লা খোলার পাশে রেইপের ঘটনা তো আছেই তার বুকে বাড়তি চাপ রাখার জন্য। মাঝে মাঝে চিকিৎসার জন্য বরিশাল যেতে হলে মা মরা বাড়ন্ত ছেলে মেয়ে গুলোকে তাদের খালার বাসায় রেখে যায়।
তবে এইবার একটা সমস্যা হয়েছে, যুথির খালারা গিয়েছে ঢাকা।

গোলামকে যুথি একপ্রকার জোর করেই বরিশাল পাঠিয়েছে আশ্বস্ত করে,“কিচ্ছু হবে না। তুমি নির্বিঘ্নে যাও তো বাবা। দেশটা কি রসাতলে গিয়েছে? অদ্ভুত!”

যুথি বিবেচক, শক্ত মানুষ। এই ভরসাতেই গোলাম ঘর ছেড়েছে। তবে যাওয়ার পর থেকে কম সে কম একশোর বেশি কল দিয়ে ফেলেছেন মেয়েকে।
যুথি মেইন গেট লক করে ছাদের দরজায় মেরেছে তালা। জানালাও সব বন্ধ। ছোট ভাইটাকে সন্ধ্যার আগে বাড়িতে ঢুকিয়েছে। এরপর বাবাকে ভিডিও কল করে সবটা দেখিয়েছে।

নয়নদের দল যখন যুথির বাড়ির গেটে লাগাতার ধাক্কা দিতে শুরু করেছিল তখন রাত নয়টা। পিটিআই এরিয়ার বিস্তির্ণ ধানক্ষেতের মাঝখানে বাসাটা,বিধায় জানা কথা, যুথি চেঁচামেচি করে ঠিক সুবিধা করতে পারবে না।

নয়ন অবশ্য ভীষণ শান্ত। কেচিগেইটের ভেতরের তালাটা ধরে অল্প অল্প নাড়ছিল। ওপর থেকে কড়া নির্দেশ আছে বাড়াবাড়ি কিছু করা যাবে না। তাই নয়নের নার্ভ ঠান্ডা। নয়তো মিন্নি ছাড়া সব ব্যাপারে তার হাত চলে ধুন্ধুমার।
শালিটাকে এত ভালোবাসতো নয়ন বন্ড। শালিটা বুঝলো না। ভাবতে ভাবতে আবার মেজাজ ধরে যায় ওর,ও ফের চেঁচায়,“এই মা*গী এই! এই! দরজা খুল। দরজা খুল!”

এশার নামাজ আদায় করে উঠেছিল যুথি। এর মাঝে এই অঘটন টের পেয়ে মেয়েটা কেঁপে উঠলো, পায়ের নিচ থেকে এক লহমায় মাটি সরে গেল। ওর ছোট ভাইটা আর বোনটা এসে জড়িয়ে ধরলো আপাকে। যুথি দুই ভাই বোনকে আগলে ধরে নিজেকে সামলে নিয়ে বলল,“কে? কে কথা বলে?”

নয়ন জবাব দিলো,
_তোর আজরাইল মা*গী! নাস্তিক কোথাকার। তুই ইসলাম বিরোধী কথা বলিস মাগি। তুই দরজা খোল। আজকেই তোর আল্লাহ আকবর করে দিবো। ইনশাআল্লাহ।

যুথি বুক চেপে কেঁদে ফেললেও নিমিষেই সামলে নিলো নিজেকে। এরপর ঠান্ডা মাথায় ভাবতে লাগলো মেয়েটা। ছাদের গেট লোহার। বাড়ির সব দরজা জানালা ভাঙা সময় সাপেক্ষ এবং অসম্ভব ওদের কাছে। এই অবস্থায় কি করা যায়?

যুথি ভাইবোনদের মাথায় হাত বুলাল। চোখের পানি মুছে এগিয়ে এসে ফোনটা হাতে নিয়ে তৎক্ষণাৎ লাইভ অন করে দিলো।

ওপাশে নয়নের দল তখনো চেঁচিয়ে চলেছে,“এই নাস্তিক আগে দরজা খোল। তোর ভোট নিবো, তোর আঙ্গুল টা কেটে নিবো আমরা। ইনশাআল্লাহ।”

________

দিবা ঘরে ঢুকে সেই যে বসেছিল,এর পরে ও সামনে আসেনি আর। ওর দুই হবু ফুপু শাশুড়ি ঘরে ঢুকে ওর শ্বাশুড়ির সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছে। তাওরাতের মায়ের নাম মাসুমা আক্তার। বেশ হাসিখুশি আর সরল গোছের মহিলা। প্রথম আলাপেই দিবার মনে ধরেছে ব্যক্তিটাকে।

এই ব্যাপারটার পরে ওর মনটা আরো খারাপ হয়। কত ভালো একটি পরিবার মনে হচ্ছে। সবটা মনে হয় এলোমেলো হবে। ওর কি করার আছে এখন? কি করার আছে? দিলশাদটাও ঘরে আসছে না,নয়তো ওর সাথে দু'টো কথা বলা যেত। এখন কি করবে দিবা? বসে বসে হাত কামড়াচ্ছে সে। কখনো কখনো নিজের গলার চেইনটাও ছুঁয়ে দেখছে। এটা ওর জন্য সম্মান ছিল‌। ওর ভালো লেগে গিয়েছে লোকটাকে। ও আশ্চর্য হলেও এ কথা সত্যি।

মেহমানদের খাবার পরিবেশনের দায়িত্বটা সুফিয়া আর শাহজাহান নিয়েছেন। ঘুরে ঘুরে সবার তদবির করছেন। মৃন্ময় সবার আগে ডিনার সেরে উঠেছে। রোস্ট,পোলাও, গোরুর মাংস,চিংড়ির দোপেঁয়াজা সবকিছু কেমন যেন পানসে লাগছে তার মুখে। তাওরাত ওর দেড়বছরের ছোটো হলেও ভাইকে আদরে আদরে গার্ড দিয়ে এসেছে সবসময়। তাওরাতের ভার্সিটি লাইফের অভিভাবক মৃন্ময়। ঢাকার রাজনৈতিক ঘোলাটে পরিবেশে তাওরাত সবসময় সুরক্ষিত ছিল কেবলমাত্র তার ভাইয়ের জন্য। এবং বাবুর সামনে কখনো একটা সিগারেট তাওরাত খায়নি। তাওরাত আপন বড় ভাইয়ের মতো মানে বাবুকে। দুজনকার মধ্যকার সম্পর্ক এতটাই শ্রদ্ধাজনক।

তাওরাতের হাইস্কুলে একজন প্রেমিকা ছিল এ কথা সত্যি। কিন্তু সেসব তো বহু পুরনো কাসুন্দি। আর এই মেয়ে, যাকে সেদিন মৃন্ময় দেখলো রাস্তায় খেই হারিয়ে সিনক্রিয়েট করছে। সে কিভাবে তার ভাইকে ভালোবাসবে বুঝতে পারছে না।
তাছাড়া ঐ বেয়াদব মেয়ের বড় বোন তো ঐ মেয়ের মতোই চিড়চিড়ে হবে যেখানে তার ছোট ভাই তাওরাত একদম ভদ্র সভ্য!

আসার পর থেকেই মৃন্ময়ের ভেতরটা গোমড়া এটা অবশ্য ওর মুখ দেখে বোঝার উপায় নেই। বড়দের সাথে হাসিখুশি মেজাজে কথা বলছে। বিয়ের আলাপে যোগ গিয়েছে।

ও খেয়ে উঠে দাড়াতেই লাইনের পানি শেষ হয়ে গেছে হঠাৎ। বাকিরা তখনো খাচ্ছে। মৃন্ময় এঁটো হাতে ওভাবে দাড়িয়ে আছে দেখে সুফিয়া দিলশাদকে তাড়া দিয়ে বললেন,“আহ ছেলেটা এঁটো হাত নিয়ে দাঁড়িয়ে আছে। তুই কলপাড়ে গিয়ে একটু পানি তুলে দে না মা। যা মুগ্ধকে নিয়ে যা।”

দিলশাদ পাথুরে মুর্তির অনুরূপ বেরিয়ে গেল মাথা নেড়ে। সাথে মুগ্ধকে নিলো না।
মৃন্ময় ওর পিছু পিছু যাওয়ার আগে ভাইয়ের দিকে একবার তাকায়। তাওরাতকে ভীষণ হাসিখুশি লাগছে। ওসব দেখেই মৃন্ময়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে বারবার। তার ভাইকে ভালো রাখবে ঐ মেয়ে? সেদিন না মাহিন মাহিন করে নাচলো মেয়েটা? কিন্তু তার কি করা উচিত? একটা অসভ্য লোকের মতো একটা মেয়ের নামে ভাংচি দেবে ভাইয়ের কাছে? না না,এ নীতি মৃন্ময়ের নয়। এটা কি কখনো ও পারবে?

বাড়ির কলটা বড্ড ঝামেলা দেয় ইদানিং। পানি তুলে আরাম পাওয়া যায়না। দিলশাদ ঘাম ছুটিয়ে এক বালতি পানি তুলে থপাথপ শব্দ তুলে এগিয়ে আসছিল শরীরে প্রচন্ড রকম অস্থিরতা নিয়ে।
মৃন্ময় ঠিক সেসময় এগিয়ে গিয়ে বাইরে নামতেই আবার যখন মুখোমুখি হলো দিলশাদের। দিলশাদ থতমত খেয়ে একপাশে সরে গেল। বাইরের উঠানের সোডিয়াম আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে মেয়েটার মুখ। তাওরাতের কাছে শুনেছিল মৃন্ময়,পাত্রীর ছোটবোনই নাকি তার অভিভাবক। পাত্রী নাকি একটু নরম ধাচের।

নিশ্চয়ই এই মেয়েটা বোনের একটা ভালো বিয়ে দেবে বলে সকাল থেকে খাটছে? এতো রান্না বান্না করেছে নিশ্চয়ই বোনকে এই পাত্র পছন্দ করবে সে আশা নিয়ে?
মৃন্ময় চেয়ে আছে। তবে ঐ “গু খান গু খান” কথাটা ও তখনো শুনতে পাচ্ছে। হুট করে আবার মৃন্ময়ের মুখটা শক্ত হলো। ও এক পাশে সরে যেতে গিয়ে দেখলো দিলশাদও কোনোভাবে ঐ পাশে সরেছে। এটা ওর সাথে বারবার হয়। আজও ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম ছিল কেবল মেয়েটার হাবভাব। আগের সেই ধারালো মুখটা আর নেই। বিপরীতে রীতিমতো গোবেচারা এ। করছিলোও আইঢাঁই।

একপলক চোখ তুলে তুতলে বলল,“আ…আ…সা..!’

মৃন্ময়ের হঠাৎ খুব হাসি পেল,তবে ওর মুখটা কঠিন,বলল,“কি আ আ সা! স্বরবর্ণ জানি আমি!”

_আপনার সাবান আনছি।

দিলশাদ ছটফটিয়ে বলল মৃন্ময়ের ধমকের বিপরীতে। মৃন্ময়ের চোখ দু'টো ডিমের আঁকার হলো নিমিষেই। মিনিট খানেক চেয়ে থেকে বলল,“বাহ! দ্যাটস গ্রেট! দ্যাটস গ্রেট!

দিলশাদ চোখ তুলল,মৃন্ময় এবার ঝুঁকলো বাঁকা হেসে। মেয়েটির চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল,“দ্যাটস গ্রেট! দ্যাটস রিয়ালি গ্রেট! এভাবেই মিউমিউ করবা বুঝছো? আমি তোমার বড় বোনের ভাসুর হই! তোমার গুরুজন! সো এখন থেকে চোখ আর গলা নামিয়ে! ওকে? যাও সাবান আনো।”

দিলশাদ জমে গিয়ে লোকটার কথাগুলো শুনলো। তবে প্রতিবারের ন্যায় প্রতিক্রিয়া দিতে পারলো না। ওর সেই উপায়ও নেই কেবল এক হাতে ওড়নার কোণটা খামচে ধরা ব্যতীত।

_______

বরগুনা পিটিআই এলাকায় এক বাড়িতে কয়েকজন আততায়ী ঢুকে পড়তে চাইছে। দরজা ভাঙার প্রক্রিয়া চলছে এটা পুরো বরগুনার লোক জানতে পেরেছে ঘটনা ঘটার পঁচিশ মিনিটের মাথায়। ভুক্তভোগী যুথি ডুকরে কাঁদছিল লাইভে এসে। রীতিমত তার হেঁচকি উঠেছে,কোনোমতে বলতে পেরেছিল,“ওরা শাপলা মার্কার লোক। ওরা আমাকে অপবাদ দিচ্ছে আমি নাকি নাস্তিক। আমি বেশ্যা,পর্দাকে অপমান করি। আমার রগ কাটা উচিত। আমাকে বাঁচান। পুলিশকে কল করার পরে তারা কোনো রেসপন্স করেনি।”

থানার ওসি বদরুল রেসপন্স করেনি তা ঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে এই মফস্বলের পুলিশ বাহিনীকে ভাত খাওয়ায় এই সরকার দলীয় পার্টি। যেকোনো ঘটনা ঘটলে এই অঞ্চলের দলের হর্তাকর্তার থেকে পারমিশন না নিয়ে কাজ করতে চায়না এর পোষ্য দল। এটা যুথি জন্ম থেকেই দেখছে,শুধু এই দল নয়। প্রতিটা রাজনৈতিক দলের পলিসিই এটা।

ফোন গিয়েছিল রীতিমতো আরফান সাহির চৌধুরীর কাছে। বদরুলের ফোন পেয়ে কিছুক্ষণ হাসল আরফান, এরপর বেশ নাটকীয় ভঙ্গিতে বলল,“যাবেন না মানে? এটা কেমন কথা? যান গিয়ে মেয়েটাকে বাঁচান। আর ঐ শাপলা মার্কার সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল মাওলানা মতিউর রহমানের কাছ থেকে জবাবদিহিতা নিন। মেয়েটির ইন্টারভিউ নিন। সাংবাদিক ডাকুন। ঐ মৃন্ময়কে ডাকুন। তার আবার ইন্টারভিউ নেওয়ার নেশা। গিয়ে ইন্টারভিউ নিক বেচারির।”

ঘটনাটা ফেসবুকের কল্যাণে গোটা বরগুনায় চাঞ্চল্য ফেলেছে। ইতিমধ্যে জাতীয় পর্যায়ের নিউজ পোর্টালে হেডলাইন হিসেবে জায়গা নিয়েছে। ওদিকে পারিবারিক ব্যস্ততায় মৃন্ময় ছিল পু্রোপুরি বিচ্ছিন্ন।

মৃন্ময় কল পেয়েছিল সজলের থেকে। আর তার পরে,বিগত বিশ মিনিটে মৃন্ময় ছোটাছুটি করেছে পাগলের মতো। ও বাড়ির মুরব্বিদের থেকে কোনো মতে বিদায় নিয়ে দিকবিদিক হয়ে ছুটেছে। গায়ের শার্টটা ঘেমে নেয়ে চিজেল কাটা শরীরের সাথে লেপ্টে আছে। ঠিকানাটা মস্তিষ্কে ঝালাই করে নিচ্ছিল ও। যুথি মেয়েটির ওপর তার প্রচন্ড রাগ হচ্ছে। মেয়েটাকে সেদিন এতবার করে বুঝিয়ে এলো,“আপনি আরফানের নজরে পড়েছেন হয়তো,এত কিছু লিখবেন না ফেসবুকে। বরগুনাতে গুপ্ত রাজনীতি চলে খুব।”

মেয়েদের বুদ্ধি শুদ্ধি আসলেই হাঁটুর নিচে।‌ এটা মৃন্ময় টের পেল।
পিটিআই হোমিও কলেজের পেছনে বাড়িটা। মৃন্ময়ের পৌঁছাতে সময় লেগেছে বারো মিনিট। গিয়ে অবশ্য ও অবাক। ইতিমধ্যে পুলিশ এসে জড়ো হয়েছে ওখানে। একপাশে জড়ো হয়েছে আমজনতা। একপাশে আরফান সাহিরের লোকজন। মাঝখানে নেমে দাঁড়িয়ে গা কাঁপিয়ে কাঁদছিল যুথি। মেয়েটা দারুণ ভয় পেয়েছে। ওর এক মুহুর্তের জন্য মনে হয়েছিল লোকগুলো হয়তো ঘরে ঢুকে যাবে আর ও কিছুই করতে পারবে না।

আরফান সাহিরের দল থেকে এসেছিল তার আরেক হাত জুনায়েদ। পুলিশের কাছে নাকি স্টেটমেন্ট দিয়েছে,লাইভ দেখেই সে ছুটে এসেছে। শুয়োর গুলোকে ধরতে পারেনি। সবকটা নাকি টুপি পড়ুয়া ছিল।

এ’কথা শুনে ওসি বদরুল আবার তৎপর হয়ে কনস্টেবলকে বলল মেইন রোডের সিসিটিভির ফুটেজটা চেক করতে।

আরফান বাহিনীর নটাঙ্কি দেখে মৃন্ময় যতটা না অবাক হলো সবচেয়ে বেশি অবাক হলো ভিড়ের একপাশে তালহাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে। লম্বা,চওড়া, সুস্বাস্থ্যবান। বলতে গেলে বরগুনাতে ছোট বড় সব কিশোরী মেয়েদের ক্রাশ ছিল এই পলিটিশিয়ান। আজ যেন চিনতেই পারলো না মৃন্ময়। ঐ ঘটনার পরে মৃন্ময় বহু খোজ নিয়েছে অন্যদের মাধ্যমে, তবে নিজে সামনে আসেনি।

মৃন্ময়ের কাছে তালহার এই স্থানে থাকার ব্যাখ্যাটা পরিষ্কার হলো পাশের এক বৃদ্ধা মারফত। তালহাই নাকি এখানে এসেছিল সবার আগে। ওকে দেখেই টুপি পড়া ছেলেগুলো বড় বড় বগী হাতে ধানক্ষেত ধরে পালিয়েছে।

মৃন্ময়ের চোখে চোখ পড়াতেও নির্বিকার তালহা। মৃন্ময় কিছুটা বিভ্রান্ত হয়েই এগিয়ে যায়। থেমে গিয়ে বলে,“আপনি?”

তালহা যেন একটু বিরক্ত হলো। এখন এই সাংবাদিক ওর সহ্য হয়না। ও প্রকাণ্ড শরীরটা ঘুরিয়ে নিয়ে হন্তদন্ত হয়ে উল্টোপথে হাঁটা ধরলো।

________

এ বাড়ির বৌ গুলো সব নরম কোমল। যদিও আগে থেকেই জানতো তবে আসার পর থেকে খুব কাছ থেকে দেখছে সাগরিকা। ওর বড় জা রুবা আর মেজো জা মিথি। দু'জন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড রাজনীতিবিদ। আরফানদের মতো না হলেও উচ্চবিত্ত। কেউ সাগরিকার মতো গরীব নয়।

তবে বৌ দু'টো ভীষণ বাধ্য। এখানে আসার পর থেকে ভাসুরদের সাথে সাগরিকার দেখা হয়নি এখন অবধি। তারা থাইল্যান্ড আছে। ভোগ ফুর্তি করতেই সেখানে যায়, এই কথা সাগরিকা আন্দাজ করে। ও চেনে তো এদের ধাত। নেহাত আলিজা ছিল ওর জানের বান্ধবী তাই এখানে একবার এসেছিল। নয়তো এই পরিবারের ত্রিসীমানায় আসতো না কখনো ও। আর ঐ একবার এসেই নিজের কপাল পুড়িয়েছিল সাগরিকা। নয়তো ওর জীবনটা কতটা সাদামাটা আর সরল ছিল।

আলিজা মলিন চোখে তার বান্ধবী অর্থাৎ ছোট ভাবীকে দেখছিল। মেয়েটার জন্য তার ভীষণ দুঃখ হয়,অন্তত সে এই জীবনের অভিশাপ তার কোনো শত্রুকেও দেবে না।

“ভাবী!”
আলিজার ডাকে সাগরিকা থামলো। দোতলার করিডোরে পায়চারি করছিল সে। ঘুম আসছিল না তার। আর ঘুমিয়ে গেলেও তো লাভ নেই, আবার জাগতে হয়‌। স্বামী নামের মানুষটার প্রয়োজন মেটাতে হয়। তাই অহেতুক ঐ চেষ্টা ও করে না। আরফানের জন্য অপেক্ষা করা ছাড়া ওর কোন গতিও নেই।

“কিছু বলবি?”

সাগরিকার গলা নির্বিকার। আলিজা বলল,“তোমাকে অসুস্থ লাগছে! মাথাব্যথা হচ্ছে? ওষুধ দেবো?”

সাগরিকা মাথা নেড়ে সিঁড়ির কাছে যায়। নিচে নেমেই দেখতে পেল নিচে কেবলমাত্র তার শাশুড়ি জেগে আছে। সাগরিকার মেজো জায়ের আবার বাচ্চা হবে তাই শখের বশে কাঁথা সেলাই করছে। সেই সাথে করছিলেন ছোট ছেলের জন্য অপেক্ষা।

আরফানের বাড়িতে ফেরার সময় হয়েছে। সাগরিকা হেল্পিং হ্যান্ড বিন্তির মুখের দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলল,“আপনার ছোট স্যারের জন্য দুধটা গরম করে দিন।”

আরফান বিগত দু'দিন এই কাজটা সাগরিকাকে দিয়ে জোর করে করিয়েছে। স্পষ্ট বলে দিয়েছে আর যেন কখনো গাফিলতি না হয় স্বামীর যত্নে। আরফানের প্রয়োজনীয় সবকিছু যেন ঠিকঠাক টাইমে হাতে পায় সে।

সাগরিকার ছাড়া ছাড়া আচরণ দেখে মল্লিকা বললেন,“তুমি গরম করে নিয়ে যাও। সামান্য কাজ তো! বিন্তি ঘুমাক গিয়ে।”

সাগরিকা শাশুড়ির আদেশ শুনে চুপচাপ এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে দুধের বোতল নামিয়ে পাতিলে ঢালল। এর মধ্যে আরফান এসে গেছে। বাড়িতে ঢুকেই সরাসরি সাগরিকাকে রান্নাঘরে দেখেই থেমে রইলো কিছুক্ষণ। দুধ নামিয়ে গ্লাসে ঢালছিল যে। মুডটা আজ ভীষণ ফুরফুরে ছিল আরফানের, সাগরিকাকে এভাবে রান্নাঘরে দেখে একটু বেশিই খুশি হলো আরফান। সাগরিকাকে তার বৌ বৌ লাগছে তাই।

ও লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে উঠলো দোতলায়। সাগরিকাও গেল পিছু পিছু। আরফান ওর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে খেয়ে শার্ট খুলতে লাগল নিজের। যেন ওরা কত প্রেমময় দম্পতি,ঠিক অমন একটা ভাব নিয়ে বলতে লাগলো,“আব্বা আম্মা। মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কাল শপিং করবো কিছু। হেল্প করো তো আমাকে। আচ্ছা নাও, ঘড়িটা রাখো।”

আরফান হাতের ঘড়ি খুলে সাগরিকার হাতে দিল। সাগরিকা সেটিকে কাবার্ডে তুলে রাখলো।

তখন ফোনটা বাজলো আরফানের। দলের ক্রিড়া সম্পাদক কল করেছে। শার্ট খুলছিল বিধায় হাত দু'টো আটকা ওর, লাউড স্পিকারে দিতেই মোহাইমিন বলল,“ভাই আরেকটা ব্লান্ডার হয়েছে। রিজওয়ান শালা এক বিচের সাথে চুক্তি করে হোটেলে গেছিল,সেই মেয়ে এখন যৌন হয়রানির মামলা দিতে চাচ্ছে….”

সাগরিকা কান চেপে ধরলো তৎক্ষণাৎ। এসব বিশ্রী কথা শুনে গা টা গুলিয়ে উঠলো ওর। আরফান থতমত খেল নিজেও। এরপর একটা প্রকান্ড ধমক দিলো মোহাইমিনকে,“এখন আমার রেস্ট করার সময়,রাখো। পরে শুনবো।”

দ্রুত কল কেটে ফোনটা ছুঁড়ে দিয়ে সাগরিকাকে টেনে ধরলো আরফান। নরম সুরে বলল,“আচ্ছা খারাপ লাগছে? ঠিক আছে আমি ঘরে বসে আর বাইরের কল রিসিভ করবো না। খুশি?”

সাগরিকা হাঁসফাঁস করছে। এতো নোংরা একটা লোক আর তার সান্নিধ্যে থাকা লোকগুলোও কত নোংরা। ওর বমি পাচ্ছে। ও তীব্র ঘৃণায় নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল ওপাশ ফিরে। খানিক বাদে আরফান ফ্রেশ হয়ে এসে ওর পাশে শুয়ে জরিয়ে ধরলো ওকে। সাগরিকা চোখ বুজিয়ে নিয়ে অস্ফুটে বলল,“ভালো লাগছে না প্লিজ!”

হাসলো আরফান। অনেক্ষণ ধরে হাসলো। তারপর মেয়েটাকে ঘুরিয়ে নিয়ে বলল,“তার মানে অন্যসময় ভালো লাগে?”

এবার সাগরিকার চোখে পানি এলো। কিন্তু ও কাঁদতে চাইছে না। অন্তত এই লোকটির সামনে। আরফান ওর গলায় মুখ ডুবিয়ে দিলো তখন, আস্তে বলল,“ভালোবাসি!”

তাকাল সাগরিকা। ওর বিমূঢ় দৃষ্টিতে চোখ রেখে ফিচেল হাসে আরফান। এরপর বলতে শুরু করে,“ওই যে একদিন,মানজিয়ার বিয়ের সময়, আমি দেখছিলাম, আলিজার বান্ধবীদের মধ্যে থেকে কোন মেয়ে জানি ভুল করে আমার ঘরে ঢুকে শাড়ি ঠিক করছিল নিজের। আমার সামনে পড়াতে লুকায়ে দিছিলো দৌড়। ঐদিন থেকে ভালোবাসি!”

সাগরিকা চোখ ফেরায় না। তবে আরফানের পাথুরে চোখ দু'টো নরম হয়ে আসে ক্রমশ। সাগরিকার দুই গালে পাগলের মতো চুমু খেয়ে বলে,“ভালোভাবে থাকো। ভালো রাখবো! কসম। তুমি রাজি না হলে সেদিন আমি অন্তত তোমাকে ভোগ করতাম না। তালহার জন্য হোক,বা যে কারণেই হোক। রাজি যখন হয়েছো,কবুল যখন পড়েছো তবে সেভাবেই থাকো! অনেক ভালোবাসবো! কসম।”

সাগরিকা স্থির হয়ে আছে। শক্ত হয়ে আছে। আরফান বলে যায়,“কি? বিশ্বাস হয়না?”

একটু থেমে আবার বলল,“বরগুনার মডেল শ্রাবণীকে চেনো? থার্টি সিক্স, টুয়েন্টিফোর,থার্টি সিক্স ফিগার।‌ ওর কাছে আমি নিয়মিত যেতাম একটা টাইমে। এখন যাইনা, আর যাবোও না পাক্কা। মন টানেনা আর ওদিকে। তোমার কাছে আসতে ভাল্লাগে।
বাচ্চাকাচ্চা নিয়ে তোমার সাথে সেটেল হয়ে যাবো। বুঝলা? এবার বলো, সন্দেহ আছে তোমাকে ভালোবাসি কিনা?”

সাগরিকা হাউমাউ করে কেঁদে উঠলো এবার। পরপর আরফান বিরক্ত হয়ে মুখ দিয়ে চ কারন্ত শব্দ করলো। সাগরিকা চেপে ধরলো নিজের মুখ। রাতের নিস্তব্ধতায় সেই চাপা কান্না বড্ড ভয়ংকর শোনা যায়।

চলমান…..

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন