#আগুন_রঙা_ফাগুন [ ৭ ]
তালহার পিছু নিয়েছে মৃন্ময়। ওর নাগাল পেতে অবশ্য বেশি বেগ পেতে হয়নি। পিটিআই ভবনের কোণা থেকে পথ আগলে দাঁড়িয়ে বলল,“কি সমস্যা? চুরি করেছো তুমি? পালাচ্ছো কেন আমাকে দেখে?”
_যাস্ট ফাক অফ! আই ডোন্ট ওয়ানা টক উইদ ইউ!
তালহা দাঁতে দাঁত কেটে কথাটা বলতেই মৃন্ময় মুখ হাঁ করে বলল,“লও ঠ্যালা! আমি আবার কি করলাম? এনি পার্সোনাল শত্রুতা? কবে কোন পাকা ধানে মই দিয়েছি ভাই? তবে আমি কিন্তু তোমাদের ভাই মানি। তুমি,সাহির এমনকি মোশাররফ হোসেন চৌধুরীও আমার ভাই।”
বলেই মৃন্ময় শব্দ করে হাসল। তালহা কিছুক্ষণ স্থির নয়নে মৃন্ময়ের হাসি হাসি মুখটা দেখল। ও বুঝতে পেরেছে এই লোক এখন এসেছে ওর কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে। তালহা চট করে নিজের ওয়ালেট বের করে,ওখান থেকে হাজার দুয়েক টাকা বের করে মৃন্ময়ের বুক পকেটে পুরে দিয়ে বলল,“আমাকে ভাই মানলে টাকাটা রাখো। বিনিময়ে,সময়ে অসময়ে আমাকে বিরক্ত করবে না, আমার পেছনে তোমার লোক লাগাবে না, প্রতি দুই তিন দিন পরপর এটা পাঠাবো।
এরপরও আমার পেছনে পড়ে থাকলে মার খাবে। শান্ত আছি,থাকতে দাও সবাই। নিরিবিলি থাকতে দাও আমাকে!”
মৃন্ময় একটু অবাক হবার ভান ধরল, গম্ভীর গলায় বলল,“কিন্তু তোমার সাথে আমার কাজ ছিল যে! আমি প্ল্যান করেছি আমি আর তুমি মিলে আরফান সাহিরকে বাশ দিবো। একদম আছোলা বাঁশ!”
তালহা ওসব কথায় ভ্রুক্ষেপ করলো না। পিটিআই ভবনের সোডিয়াম আলোটা আশপাশের জায়গাটা আলোময় করে রেখেছে। সে আরো কিছুক্ষণ মৃন্ময়ের হেঁয়ালি মাখা মুখটা দেখল সেই আলোতে, এরপর একটা চলমান ফাঁকা রিকশা দেখে লাফিয়ে উঠে গেল। মৃন্ময় তখনো হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। হাতটা তার বুক পকেটে। তালহার রিকশাটা দৃষ্টি সীমার আড়াল হতেই ঐ হাজার দুয়েক টাকাটা বের করে চোখের সামনে ধরে মৃন্ময় মুখের হাসিটা চওড়া করলো। বিড়বিড় করল,
“সাংবাদিক মৃন্ময় শিকদারকে ঘুষ দেয়া হচ্ছে! সাংবাদিক মৃন্ময় শিকদারের টাকার বড্ড অভাব! বাড়িতে বৌ বাচ্চা যে না খেয়ে আছে তার।”
টাকাটা খুব যত্নেই আবার বুক পকেটে ঢুকিয়ে সামনের দিকে হাঁটা ধরলো মৃন্ময়। রাত বেশ গড়িয়েছে,তাওরাত আর মামারা পটুয়াখালীর পথে রওনা হয়েছে কিনা জানে না সে। নাকি পাত্রীর বাড়িতে এখনো? তবে এই রাতে আর ওমুখো হবার শখ নেই মৃন্ময়ের। গেলেই ঐ মেয়েটার বোকা বোকা মুখটা দেখতে পাবে।
এই মেয়েটাকে বোকা বোকা মুখে ঠিক মানায় না। মৃন্ময় খেয়াল করেছে, সাধারণের মাঝে অদ্ভুত রকমের আলাদা মেয়েটি। মেজাজ উঠলেও মৃন্ময় প্রতিবারই আগ্রহবোধ করেছে মুখের দিকে তাকাতে। আর দু'টো দিন যাক,বিয়েতে তো দেখা হবেই। দু'দিন বিশ্রাম নিয়ে ঐ মেয়ের মুখে যখন পুরনো ধার ফিরে আসবে,তখনই মৃন্ময় তার খেলাটা শুরু করবে।
যদিও এসব মৃন্ময়ের বাচ্চামি হয়ে যাবে,কিংবা অপরাধই হবে। তবে ঐ মেয়েকে দারুণ ভোগাবে মৃন্ময়। এটা মৃন্ময় মনে মনে স্থির করে রেখেছে।
চরগলির মোড়ে আজ তিনটা কুকুর দাঁড়িয়ে আছে। দু'টো সম্ভবত জোড়া,আরেকটা আলাদা। মৃন্ময় রুবেল মামার দোকান থেকে রুটি কিনে রাস্তায় ছড়িয়ে দিয়ে জোড়ার মধ্যে থেকে একটাকে বলল,“ঐ সুন্দরীর তোমার স্বামীর সাথে পরকীয়া আছে। সামলে রাখো!”
রুবেল দোকান বন্ধ করতে করতে হাসছে,“এই ভাই। সারাদিন এইসব পরকীয়ার নিউজ করে করে আপনার মাথাটা গেছে!”
মৃন্ময় গম্ভীর হয়ে জবাব দিলো,
_মাথা যায়নি। পুরুষ মাত্রই পরকীয়া প্রবণ। নিজের জাত হলেও স্বীকার করি! পুরুষ কুকুর তো আরো বেশি পরকীয়া প্রবণ। কারণ এদের মোহরানা দিতে হয়না। যেখানে সেখানে সঙ্গী পেলেই মেলামেশা শুরু করে। পুরাই বাদশাহী লাইফ।
রুবেল মামা মৃন্ময়ের কথায় আপত্তি টানলেন,
_ভুল বললেন। সব পুরুষ মানুষ এক না। আমি আমার বৌকে ছাড়া কিছু বুঝি না।
মৃন্ময় একগাল হাসল,
_তুমি তো মহাপুরুষ। আমিও আসলে মহাপুরুষ। আমিও বিয়ে করলে বৌকে ছাড়া কিছুই বুঝবো না। সে আমার ভালোবাসায় অসহ্য হয়ে আমার নামে কেস করবে।
মৃন্ময়ের হাসি থামছে না কথাটা বলার পরে। গা দুলিয়ে কিছুক্ষণ হেসে, সিটি বাজাতে বাজাতে বিল্ডিংয়ের কলাপসিবল গেটের ভেতর পা রাখতেই মিসেস খোন্দকার ডাক ছাড়লেন,“বলি এটা ব্যাচেলর বিল্ডিং ঠিক আছে। তাই বলে গুরুজন জ্ঞান মোটেও রাখবি না? সিটি বাজাচ্ছিস কেন? আমি মহিলা মানুষ আছি এখানে।”
মৃন্ময় দাঁড়িয়ে পড়ল। ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে বলল,“ওও আমি এতদিন জানতাম তুমি বুড়ি মানুষ।”
মিসেস খন্দকার হাসতে হাসতে জবাব দিলো,“বাইরে থেকে কচি কাচাদের দেখে এলে আমাকে বুড়িই লাগবে!”
এ কথার প্রতিবাদে মাথা নাড়ল মৃন্ময়,“ওসব ছেঁড়ে দিয়েছি দাদী। আমি এখন ভালো মানুষ। লক্ষি ছেলে! লাজুক ছেলে।”
_তা এরকম লাজুক ছেলে হয়েই থাকবি? বিয়ে করবি না? তুই বড্ড বাউন্ডুলে। বৌ ছাড়া কিন্তু জীবনে উন্নতি হয়না জেনে রাখিস।
মিসেস খোন্দকারের কথা শুনে মৃন্ময় খ্যাকখ্যাক করে কতক্ষণ হেসে বলে,“ঐ উন্নতি আমার চাইনা দাদি। স্কিন কেয়ারের প্রোডাক্টের দাম জানো? কখনো ইউজ করেছো ওসব? ওসবে খরচা না করে ওই টাকা দিয়ে পাঁচটা ফকির মিসকিন খাওয়াবো মাসে মাসে।”
_অমন বিলাসী মেয়েকে বিয়ে করবিই বা কেন? গরীব ঘর থেকে কাউকে কর।
_কেন? খুঁজে খুঁজে গরীব মেয়ে বিয়ে করতে যাবো কেন? আমি কি গরীবের রাজা রবিন হুড নাকি?
_আহ ফাজলামি করিস না। মেয়ে দেখবো তোর জন্য? খোন্দকার সাহেবের কূলে মেয়ের ছড়াছড়ি আছে। দেখবো?
মৃন্ময় মাথা চুলকে বলে,“তা দেখতে পারো। বিয়ে শাদি তো খারাপ কিছু নয়। আমার জামা প্যান্ট আন্ডারওয়্যার ধুতে এমনিতেও একজন লোক খুব প্রয়োজন ছিল। তা যে পাত্রী খুঁজবে,তাকে বলে দিয়ো দাদী, এ জীবনের সাথে জুড়তে এলে একটু ঝুঁকির মাঝেই থাকতে হবে কেমন? আমি আবার অত সারাদিন নিরাপত্তা দিতে পারবো না তাকে। তার আঁচল ধরে বাড়িতে বসে থাকতে পারবো না,তাকে কোলে নিয়েও বাইরে কাজে যেতে পারবো না। অত প্যারা নিতে পারবো না মাথায়। আসবে,বাজার করে দেবো,রান্না করে দেবে,খাবে,ঘুমাবে,বাবু জন্মাবে,বুড়ি হবে,মরবে। চুপচাপ। বেশি কথা বলতে পারবে না।”
_তাহলে থাক! তোর আর বিয়ে করতে হবে না ভাই।
_আচ্ছা।
কথা শেষ করে লাফিয়ে লাফিয়ে সিঁড়ির পথ ধরেছে মৃন্ময়। ওর ফ্ল্যাটে ও একাই থাকে। খরচাটা একটু বেশি যায়, তাতে অবশ্য ওর কিছু আসে যায়না। এই শান্তি আর নিরিবিলি পরিবেশ তার ভালো লাগে।
ঘরে ঢুকে মৃন্ময় তালহার দেয়া দুই হাজার টাকা ড্রয়ার খুলে পঞ্চাশ হাজারের তিনটা বান্ডিলের পাশে রেখে দিল। এগুলো মাসে মাসে তার বড়লোক ড্যাড পাঠায়। যদিও মৃন্ময়ের খরচা হয় সীমিত। এত টাকার ওর প্রয়োজন পড়েনা কখনো। মৃন্ময় নেশা করে না, চেষ্টা করেছিল এটা করতে,তবে ওর দ্বারা হয়নি। হুইস্কির বোতল দু'টো এখনো আলমারির একপাশে পড়ে আছে।
তবুও টাকা চেয়ে অহেতুক ড্যাড নামক লোকটাকে জ্বালা দিয়ে মৃন্ময় পৈশাচিক আনন্দ পায়। মনে মনে বলে,
“বাপ না তুমি আমার? ওকে! তবে বাপের দায়িত্ব পালন করো!”
দরজা জানালা আটকে দিলে ঘরটা কবর সমান নিস্তব্ধ হয়। মৃন্ময় টেবিল ল্যাম্পটা জ্বেলে দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ল। এখন এভাবেই ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। জীবন নিয়ে বেহুদা চিন্তা ভাবনা করে উঠে গিয়ে ওয়ার্কাউট করবে, তারপর ঘুমিয়ে যাবে। এটাই ওর বাঁধা রূটিন।
তবে আজ সিগারেট ধরিয়েও ফেলে দিল মৃন্ময়, কেমন জানি পানসে লাগছে সব। ওর জীবনে কি একটু রং দরকার? ঐ দাদীর কথা মতো একটা বিয়ে করলে ভালো হবে?
কিন্তু কেউ যে ওর লাইফে এসে মজা পায়না। “ইউ যাস্ট ফাক অফ।” গালি দিয়ে চলে যায়।
একমাত্র গ্রামের সাত চড়ে রা না কাটা কোনো মেয়েই মৃন্ময়কে সহ্য করার ধৈর্য্য রাখে। ঐ দিলশাদ টাইপের মেয়ে হলে মৃন্ময়ের জীবন তামা তামা!
একটু থামলো মৃন্ময়। কি জ্বালা! সে সময়ে অসময়ে ঐ মেয়েকে টানে কেন তার ভাবনায়? এসব মেয়েলি দোষ তো মৃন্ময় পরিহার করেছে বহু আগে। এবার নিজেকে নিজে শাসায় ও,“উহু মৃন্ময়! খুব ছোট মেয়ে! নজর ঠিক করো! ঠিক করো! তোমার চেয়ে বেশ ছোট।”
মৃন্ময়ের পাশ থেকে কেউ হাসলো মনে হলো। মৃন্ময় সিগারেটের ধোঁয়া সরিয়ে দেখলো মাকে। মাঝে মাঝেই হ্যালুসিনেট করে সে। সুষমা হাসে, ছেলেকে বলে,“বিয়ের কথা ভাবছো?”
মৃন্ময় নরম হয়ে এলো কেমন বাচ্চাদের মতো,“আসলে দিনশেষে একা লাগে!”
সুষমার মুখটা আরো বেশি জ্বলজ্বল করে,ছেলেকে বলে,
_বৌ পালার মুরোদ থাকলে বিয়ে করা উচিত।
মৃন্ময় বলল,“আমার মুরোদ হয়েছে কিনা বুঝতে পারছি না।”
সুষমা বলে,
_আচ্ছা একটা বিয়ে করেই দেখো। তাহলে বুঝতে পারবে।
_________
দিলশাদ রেগেমেগে ঘরের দরজাটা লাগালো,বেশ শব্দ করেই। বিছানার একপাশে সিটিয়ে বসে থাকা দিবা চমকাল কিছুটা। গায়ের লাল শাড়িটা তখনো খোলেনি। চোখ মুখ ফ্যাকাশে,কুন্ঠাজর্জর শরীর।
দিলশাদ এগিয়ে গিয়ে দাঁতে দাঁত কেটে বলল,“আবার কি হয়েছে? তাওরাত ভাই তোকে কল করছে ধরছিস না ক্যান?”
দিবা চোখ নামিয়ে মিনমিন করে জানতে চাইলো,
_ধরে কি বলবো?
দিলশাদ ভ্রু কুঁচকে নেয়,
_ধরে কথা বলবি। হবু স্বামী তোর। প্রেম করতে চাইলে প্রেম করবি। ব্যাকুল কন্ঠে জানতে চাইবি “পটুয়াখালী পৌঁছাতে পথে কোনো অসুবিধা হলো না তো?”
তারপর বোঝাবি তুই এতক্ষণ ধরে ভীষণ দুশ্চিন্তা করছিলি। এরপর আবার একটু ঢং করে বোঝাবি তুই তার সাথে কথা বলতে গিয়ে লজ্জায় মরে যাচ্ছিস। অকপটে কোনো কথা বলবি না,তাহলে ভাববে এই মেয়ে চালু চিজ। একটু তুতলে কথা বলবি। আর কথায় কথায় আপনি আজ্ঞে করবি।
আর কিছু শিখিয়ে দিতে হবে মনে হয়না!
দিবা হাঁ করে বোনের পরামর্শ শুনলো। ওর ভাবতেও অবাক লাগছে এই ত্যাদোর মেয়েটি ওর ছোট বোন। কি বুদ্ধিটাই না রাখে এই মেয়ে। ও চোখ নামিয়ে সহসা ঢোক গিলে নেয়,“ঐ ব্যাপারটা বলে দেবো?”
_কোন ব্যাপারটা?
_মৃন্ময় শিকদার! ভিডিও।
দিলশাদ এতক্ষণে একটু স্থির হয়ে বিছানার একপাশে বসলো, বলল,“সে কি তোকে বলেছে?”
_কি?
_তাওরাত ভাই তার হাইস্কুলের প্রেমিকার কথা জানিয়েছে তোকে?
_না।
_তবে তোরও বলার দরকার নেই।
_আর মৃন্ময় যদি বলে দেয়?
_সেটা মৃন্ময়ের অভিরুচি। কিন্তু খবরদার যতক্ষণ অবধি না তাওরাত ভাই বলবে, তুইও বলবি না। দরকার নেই।
দিবা টের পাচ্ছে ওর বোনটা হাতে পায়ে বড় হলেও কিছু ব্যাপারে সেই ছোট্ট,জেদী আর অবুঝ রয়ে গিয়েছে।
দিলশাদ দিবার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল,“কথা বল। বেশি গ্যাজাবি না। পুরুষের অতীত ম্যাটার করেনা, তবে নারীর করে। এরা কতটা ছোটলোক হতে পারে তোর আইডিয়াও নেই। যদি শোনে তোর প্রেম ছিল,তবেই বর্বরদের মতো জানতে চাইবে,“তুমি ভার্জিন তো।”
আপা শোন, সবসময় বলবো, নিজের দোষ লুকিয়ে রাখতে হয়। মৃন্ময় বলে দিলে যদি বিয়ে ভেঙে যায় তবে তখন সেটা মেনে নিবো। কিন্তু খবরদার, যতক্ষণ অবধি না তাওরাত ভাই কিছু স্বীকার যাবে,তুইও যাবি না।”
দিবা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে কানে চাপল,
ওপাশ থেকে তাওরাত ফুরফুরে গলায় বলে ওঠে,“হাই!”
দিবা গুটিয়ে গিয়ে কন্ঠ নামায়,
_হাই! কখন পৌঁছালেন? কোনো অসুবিধা হলো না তো?
_নাহ। তোমার কি অবস্থা? স্যরি আমি আসলে আপনি বলতে আর স্বস্তি বোধ করছিলাম না। তুমি এমনিতেই অনেকটা ছোট আমার..
_জি অবশ্যই তুমি করে বলবেন।
একটু হাসলো তাওরাত। জানতে চাইলো,
_আমার বয়স জানো?
_জি। ত্রিশ।
_তা! কি অবস্থা? কেমন লাগছে এখন? আমরা আজকে অনেকক্ষণ কথা বলবো তুমি যদি কিছু মনে না করো।
_না না আপনি বলুন।
_বলব? আমাকে কেমন লেগেছে তোমার? স্বামী হিসেবে কেমন হতে পারি? তোমার কি মনে হয়?
দিবা ছোট করে বলল,
_ভালো।
_কেমন ভালো ব্যাখ্যা করো।
_যতটা মিনিমাম ভালো একজন মেয়ে সাধারণ ভাবে আশা করে।
তাওরাত অবাক গলায় বলল,
_মিনিমাম ? ম্যাক্সিমাম নয়?
দিবা হেসে ফেললো,
_আপনি কি সবসময় নিজের প্রশংসা নিজে করেন আর খুঁচিয়ে খুঁচিয়ে অন্যকে দিয়ে করান?
তাওরাতও হেসে বলল,“প্রেমালাপের অভিজ্ঞতা নেই। বুঝতে পারছি না আসলে কি বলবো। কিন্তু কলটা রাখতে ইচ্ছে হচ্ছে না। তোমার গলাটা আমাকে টানছে। তাই তোমাকে ফোনকলে ধরে রাখতে এসব আজগুবি কথা বলছি। তুমি কিছু বলো। আমি শুনি।”
_আমি কি বলবো?
_যা মন চায়। এমনিতেও বিয়ের পরে বৌরাই বলে যায়। স্বামীদের কাজ কেবল শোনা। আমি সুযোগটা এখন থেকে দিলাম। দেখি তোমার গলার জোর কতটা। আমারও ধৈর্য্যের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
দিবা কথাগুলো শুনে লজ্জায় কুন্ঠিত হলো খানিকটা। শাড়ির আঁচল হাতে চেপে উশখুশ করতে লাগলো। লোকটাকে তার ভালো লাগছে। এই সহজ আচরণ,দিবার প্রতি আগ্রহ,কন্ঠের নমনীয়তা কিন্তু কোথাও ঠিকই একটু কঠিন স্বভাবের লোকটা,যে স্বভাব টুকু পুরুষকে আরো বেশি আকর্ষণীয় করে। সবটাই দিবার ভালো লাগছে। ও মুচকি হেসে দিলশাদের মুখে তাকায়।
দিলশাদ বোনের চোখের দিকে তাকিয়ে নিশ্চুপ হেসে সরে গেল ওখান থেকে, বোনকে তার হবুর সাথে একা ছেড়ে দিয়ে।
আজ দিলশাদ ঠিক করলো আলাদা রুমে শোবে। সারাদিন কাজ করে শরীরটা এমনিতেই ভীষণ ক্লান্ত। এখন এইসব হবু দম্পতির ফোনালাপের মাঝে থাকলে তার ঘুমের অসুবিধা হবে।
ও শোবার আগে ফেসবুকটা একটু চেক করে নিলো। তখনকার যুথি ম্যাডামের ঘটনাটা মাথা থেকে যায়নি। ভীষণ অস্বস্তির একটা সংবাদ। আপা শ্বশুর বাড়িতে গেলে ও আর মুগ্ধ তো আরো একা,আরো অনিরাপদ হয়ে পড়বে।
এ কেমন জীবনরে বাবা? দিলশাদের একটা স্বামী নেই কেন? এতো দুশ্চিন্তা দিলশাদ একা করতে পারছে না।
দিলশাদ ঠিক করেছে সেও দ্রুত বিয়ে করে একদম স্বামীর ঘাড়ে উঠে যাবে।
________
রাত্তিরের সময়টা আন্দাজ করতে পারছে না সাগরিকা। হাতের কাছে ফোন নেই। মাথার কাছে টেবিল ল্যাম্পটা জ্বলছে কেবল। কাঁদতে কাঁদতে শরীরটা বড্ড বেশীই খারাপ করেছিল ওর, একটু ঘুমিয়ে নেয়ায় এখন মাথাটা খানিকটা হালকা লাগছে। ও জেগে উঠেছে এটা ঐ লোক টের পেয়েছে। একটু নড়তেই আবার ঐ নরকের আগুন সমান নির্মম হাতে ওকে পেঁচিয়ে ধরে নিভু গলাতে বলল,“কি? কান্নাকাটি শেষ? এবার আমি কিছু বলি? হুম?”
সাগরিকা দাঁতে দাঁত চেপে রেখেছে। আরফানের নগ্ন বাহুর মাঝে শ্বাস বন্ধ লাগছে ওর। আরফান ওর গোল মুখটার কাছে ঝুঁকে বলল,“আরে বাবা! সত্যিটা তো লুকাতেও পারতাম তাইনা? সেটা কি খুব ভালো হতো? বাকি পুরুষদের মতো অত সাধু সাজার শখ নেই আমার। বৌকে পাস্ট সম্পর্কে জানিয়ে দিয়েছি এটা কি খুব অন্যায়? এমন তো না ,ঐ মেয়ের কাছে আমি এখন যাই! দেখবে ওর কাছে ভিজিট করার লাস্ট ডেট কবে ছিলো? আমাদের বিয়ের চার মাস আগে। দেখবে?”
আরফান সত্যি সত্যি ওর ফোন বের করে শ্রাবণীর সাথে তার মেসেঞ্জারে কথোপকথনের রেকর্ড দেখিয়েছে। শেষ সাক্ষাতের পরে ওই মেয়েকে আরফান পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে, এটাও লেখা। ওসব কদাকার কেচ্ছা সাগরিকা শুনবে না তাই কান চেপে ধরে,দেখবে না তাই চোখ বুজিয়ে নেয়। আরফান বলে যায়,“See...ওভার রিয়্যাক্ট করো না প্লিজ। আমি সত্যিটা স্বীকার না গেলে কারোর বাপেরও সাধ্যি ছিল না এসব ঘেটে বের করা। শোনো, সাগরিকা, মাই সুইটহার্ট! আমি অনুতপ্ত। ভাই বয়সের দোষে সবাই তো টুকটাক ভুল করে। করে না? আমি এখন থেকে কেবল তোমার। হুম? কাঁদে না! আচ্ছা তুমি এরপর থেকে দেখো আমি কোথাও যাই কিনা, তারপর কাঁদো! এই মেয়ে! কথা শোনো!”
সাগরিকা ঘুরে গিয়ে উঠতে চাইলো তবে আরফানের শক্ত হাতের প্রতিরোধ তা হতে দিলো না। হ্যাঁচকা টান খেয়ে ফের এসে আরফানের বুকেই পড়ল। এরপর টের পেলো নারকীয় হাতটা তার পিঠ বুলিয়ে দিচ্ছে। বলে যায়,“আমি সত্যি ভালো হাসবেন্ড হবো। মন খারাপ করো না। ইশশ আমার খারাপ লাগছে। তুমি এতো বোকা তা ভাবিনি। তুমি একটা ইনোসেন্ট ফুল,তবে দুনিয়া বোঝো না। আজকালকার সব ছেলে-মেয়ে এমন। এসব বড় কথা না,যদি বিয়ের পরেও সে এসব চালিয়ে যায় সেটা বড় কথা। আমি তেমন নই। আমি খুবই লয়্যাল মানুষ,অন্তত তোমার বেলাতে? জানো? প্রমাণ চাই?”
সাগরিকা ছটফটিয়ে ওঠে,
_আমাকে ছাড়েন। দোহাই লাগে। ছাড়েন আপাতত। আমার বুকে ব্যথা হচ্ছে, অনুরোধ প্লিজ ছাড়েন। আপনার এসব কাহিনী নিয়ে আমার মাথাব্যথা নেই,আমাকে ছাড়েন।
আরফান ছেড়েছিল ঐ আকুতি শুনে। সাগরিকা উঠে বসলো। ঠিক নেই মেয়েটা। খোঁপা খুলে দীঘল চুলগুলো পিঠে ছড়িয়েছে। শাড়ি এলোমেলো। আরফান মাথার নিচে হাত রেখে বলল,“আচ্ছা ছাড়লাম। মন খারাপ করে দিয়েছি,আজ আর বিরক্ত করবো না। যাও গিয়ে একটু কফি বানিয়ে নিয়ে এসো। গো গো গো!”
সাগরিকা চোখ মুছে দম ফেলে। ভাবলো এটাই ঠিক হবে, অন্তত কিছু সময়ের জন্য হলেও লোকটার থেকে দূরে সরা যাবে নয়তো ও মরে যাবে এভাবে,এসব কথা শুনতে থাকলে।
পায়ে সুতীব্র চঞ্চলতা নিয়ে সাগরিকা বাইরে ছুটে যাওয়ার পরে আরফান হাসলো। কি অদ্ভুত! সে একটা মেয়ের কাছে তার কাজের কৈফিয়ত দিচ্ছে।
ভবিষ্যতে এই কাজ করবে না বলে অঙ্গীকার করছে। আসলেই কি অদ্ভুত! নিজেকে স্বামী হিসেবে ও একশোতে এক হাজার নাম্বার দিলো। এই যুগে ওর মতো স্বামী পাওয়া যাবে না।
এই মেয়ে মানলেও,না মানলেও ওর কিছুই ছেড়া যায়না। বিয়ে করেছে সংসার করার জন্যই। আরফান পাপে মুড়ে থাকা ব্যক্তি হলেও ওর একটা সুন্দর সংসারের খুব আশা। বাইরে থেকে কাটাকাটি,চামারপনা যা-ই করে আসুক, সেটা থাকবে বাইরে। ঘরের ভেতরটা যেন স্বর্গ হয়।
বাইরে থেকে আসার পরে চারপাশ থেকে তিনচারজন বাচ্চা এসে ওর কোল দখল করবে। আর ঐ মেয়েটা ওর সেবা করবে। বাচ্চারা মায়ের নামে নালিশ দেবে পাপার কাছে। আরফান আবার মিছিমিছি বকে দেবে বৌকে। উফফফ! এমন আশ্চর্য সুন্দর দৃশ্যটা চোখের সামনে কল্পনা করলেই আরফান লোভী হয়ে পড়ে। ভীষণ লোভী!
লাইফের মিনিং-ই তো এটা! নয়তো 'রাজার আবশ্যক ভাবে একজন রানী থাকতে হয়' এই রীতিটা কেন করা হয়েছে?
নগ্ন গা টি শার্টে ঢেকে নিয়ে ও বিছানার বাইরে পা রাখলো। এ সময়ে হুট করেই মেঘ ডাকতে শুরু করেছে। জানালা গুলো লাগিয়ে দিয়ে ঘরে এসে ফোনটা তুলে হাতে নিল আরফান,হুট করে বিশেষ একটা বিষয়ে মনে পড়েছে । তালহা আবার পুরোদমে জাগছে। একে খুব সহজে থামানো যাবে না খুন খারাবি ব্যতীত। এই খুন খারাবিটা আরফান করতে চাইছে না। আরফান এটা করতে চাইছে না কেবল সাগরিকার জন্য। এসব মেয়ে মানুষ আবার অনেক ঢংগী হয়। প্রেমিক মরেছে খবরটা শুনলে আবার কি নাটক দাঁড় করায় কে জানে। শরীরের ওপর নিয়ন্ত্রণ নেয়া গেছে, মন-সেটাও জোর করে আটকে ধরা গেছে। তবে উল্টোপাল্টা কিছু হয়ে যাক ও সেটা চাইছে না। এই তালহাকে থামাতে হলে ওকে শুরুতে বাড়তে দিতে হবে। তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
দুই বার রিং হতেই ঐপাশ থেকে কলটা রিসিভ হলো। এবং তালহা খুব সহজ গলাতেই বললো,“বল! কি? তোর মনে হেগেছে?”
হাসলো আরফান,“কি নাটক করতে চলেছিস সেটা আসলে ধরতে পারছি না! তুই সত্যিই যুথি মেয়েটার লাইভ দেখে ওখানে গেছিলি নাকি ঐ শাপলা মার্কার হয়ে নিজেই যুথিকে কোপাতে গেছিলি!”
আরফান হাসছে শব্দ করে। তালহা বলল,“এসব কার্ড আমার সাথে খেলিস না সাহির! তুই যেখান থেকে রাজনীতির দীক্ষা নিয়েছিস আমিও কিন্তু ওখান থেকেই নিয়েছি। খুব বেশি ভুল না হলে এসব নয়নকে দিয়ে করিয়েছিস তাইনা? এই তোর লজ্জা লাগে না? তুই নরম সরম মেয়েগুলোর সাথে এসব করে নিজেকে পুরুষ দাবি করিস? কাপুরুষ একটা। তোর তো মেয়ে লাগে চালে জিততে।
আর আমার নীতি কি জানিস? মেয়ে মানুষকে ভুগিয়ে বা তাদেরকে ইউজ করে কোনো খেলায় জেতার চেয়ে পুরুষাঙ্গ কেটে ফেলা ভালো। তুইও কাট শা'লা মাদারবোর্ড!”
আরফান হুট করেই একটু অপমানিত বোধ করলো। একটু থেমে শান্ত স্বরে আওড়ালো,“ভাই তুই গালি কবে শিখলি? আচ্ছা যাই হোক, অন্তত কাপুরুষ বলিস না ভাই। যুদ্ধক্ষেত্রে তলোয়ার আসলে আমার হাতেই। বিয়ে তো করেছি শুধু মানসিক শান্তি পেতে। পুরুষের শান্তি তো নারীর কাছেই বল। আমার বৌটাকে এভাবে ছোট করে দেখিস না। আমি তাকে ব্যবহার করার জন্য বিয়ে করিনি। আমার রাজ্য বড় করতে হবে না? সেজন্য বিয়ে করেছি।”
তালহার হাতের মুঠি শক্ত হয়ে আসছে। তপ্ত শ্বাস ফেলে বলল,“কেন কল করেছিস?”
_দিনকাল কেমন যায়? আসবি আমাদের দলে? আব্বা তোর কথা খুব মনে করে!
আরফান হাসে আবার। তালহা বলে,“হাস,হাস,একটা জীবন পেয়েছিস হাসার। মন ভরে হাস। তবে এই নয়নকে দিয়ে যা যা করতে শুরু করেছিস। তুই অচিরেই ডুববি মিলিয়ে নিস। শাপলাদের কম কিছু মনে করিস না। তোর এসব পোষা কুত্তাই যথেষ্ট তোকে ডোবানোর জন্য। আমার বিশেষ কিছু করতে হবে না।”
আরফান এইবার নাটকীয় ভঙ্গিতে বলল,
_বাপরে খুব ভয় পাচ্ছি ভাই,এসব কথা বলিস না। আমার হাঁটু কাপছে....
“আপনার কফি!”
নারী কন্ঠটা কানে যেতেই আরফান হুট করে কান থেকে ফোনটা নামিয়ে হাতে চাপল। কলটা তখনো কাটেনি,ও আসলে ইচ্ছে করেই কাটেনি। ওপাশে তালহা আছে আর আরফান এই মজাটা নিতেই চাচ্ছিল।
ওপাশে তালহা চুপ করে আছে। সমগ্র বুকটা হঠাৎ করেই জ্বলতে লাগলো অমন স্বরটা শুনে।
সাগরিকা আরফানের দিকে এগিয়ে এসে কফির কাপটা দিলো। আরফান বলল,“ওহ জান। এত জলদি আনলে। আচ্ছা এখানে রাখো।”
কফির মগটা নিয়ে পাশে রেখে আবার বলল,“ওমা! এই দাগটা কিসের? আগে তো ছিল না হাতে!”
_ছ্যাকা খেয়েছি এইমাত্র।
_ইশশ। দেখি কাছে এসো। আমাকে দেখতে দাও।
হাতটা টেনে আরফান চুমু খেতে শুরু করলো লাগাতার। সাগরিকা গুটিয়ে গেল ঘেন্নায়। এই লোকের স্পর্শ খুবই নরম,খুবই কোমল।
কোনো নারী,তার যদি ঘৃণাবোধ নামের অনুভূতিটা না থাকতো তবে এতদিনে নিশ্চিত ভেবে নিতো,‘আহা আমার স্বামী কত প্রেমময়।’
কিন্তু সাগরিকা? তার তো ওটা আছে,তার কাছে এই লোকটা তো স্রেফ জাহান্নাম।
“ছাড়ুন।”
ধিমি আওয়াজে বলে সাগরিকা টানলো নিজের হাত। আরফান ছাড়লো না,তালহাকে শুনিয়ে বলতে লাগলো,“স্থির হও। আমার চুমু খেলেই তুমি সেরে যাবে!”
একটা বিকট শব্দ হয়েছে এই ঘরে, তালহা কলটা কেটে ফোনটাকে ছুঁড়ে মারলো দেয়ালে। গ্লাসপেপারটা ফাটার চিড়চিড়ে আওয়াজটা হলো। খানিকটা সময় নিরবতা বিরাজ করে কক্ষময়, এরপর ওর চিৎকার শুনে সালমা এসে ঘরের বাইরে দাঁড়িয়ে রইল।
চলমান......