#মেঘ_ও_মরীচিকা—৩
#সানজিদা_আক্তার_মুন্নি
রাত ঠিক আটটা। শহরের বুকে দাঁড়িয়ে থাকা নামিদামি রয়াল বারের বিশাল কাচের দরজার সামনে স্থির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে নূজা। রাতের শহর এখন নিয়নের আলোয় ভিজে গেছে। আজ আতিশের বাবার জন্মদিন। বাড়িতে ঝাড়বাতির নিচে সাজানো লম্বা ডাইনিং টেবিল, রুপোর প্লেটে গরম গরম খাবার, আত্মীয়স্বজনের চাপা গুঞ্জন, শুধুমাত্র একটা চেয়ার ফাঁক চেয়ারটা আতিশের। সেই ফাঁকা চেয়ারটাই নূজাকে টেনে এনেছে এই আলো-ঝলমলে অথচ কালো এক জগতের দোরগোড়ায়। ফোনে বারবার রিং হয়ে হয়ে থেমে গেছে, ওপাশ থেকে সাড়া মেলেনি একটিবারও। বাধ্য হয়েই তাকে নিজে ছুটে আসতে হয়েছে এই পর্যন্ত।
কালো স্যুট পরা বিশালদেহী বডিগার্ডের হাত থেকে ভিআইপি হলের রুপোলি চাবিটা নিয়ে সে এগিয়ে যায় ভেতরের দিকে। করিডোরের ভারী কার্পেটে তার পায়ের শব্দ চাপা পড়ে যায়। ভারী কাঠের দরজাটার সামনে এসে সে এক মুহূর্তের জন্য থামে। ভেতর থেকে চাপা মিউজিকের কম্পন দরজার কাঠ ভেদ করে তার বুকে এসে ধাক্কা মারছে। ভেতরে কী চলছে, সে আঁচ করতে পারে। তবু ঠোঁটে ঠোঁট চেপে চাবিটা তালায় ঘোরায়। ক্লিক করে একটা মৃদু শব্দ, আর তারপরই বিস্ফোরণের মতো বেরিয়ে আসে ভেতরের সব উন্মাদনা। কানের পর্দা কাঁপানো মিউজিক, উচ্চকিত হাসি, কাচের গ্লাসে গ্লাসের ঠোকাঠুকি আর নেশাগ্রস্ত কণ্ঠের চিৎকার, সব একসাথে ঝাপটে পড়ে তার মুখের ওপর।
ভেতরের পরিবেশটা দমবন্ধ করা। ছাদ থেকে ঝুলছে লাল-নীল ঘূর্ণায়মান আলো, বাতাসে ভাসছে দামি পারফিউম, সিগারেটের ধোঁয়া আর মদের কড়া গন্ধ মিশে তৈরি হওয়া এক বিষাক্ত সুবাস। ফ্লোরের মাঝখানে উগ্র সাজে সজ্জিত কয়েকটি মেয়ে উদ্দাম ভঙ্গিতে নাচছে, তাদের গয়নার ঝলকানি আলোর সঙ্গে পাল্লা দিচ্ছে। সোফায় গা এলিয়ে বসে আছে আতিশের বন্ধুরা, কারও হাতে জ্বলন্ত সিগারেট, কারও হাতে অর্ধেক খালি হুইস্কির বোতল, মুখে বিকৃত মাতাল হাসি। আর এই পুরো বিশৃঙ্খলার ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে আছে স্বয়ং আতিশ। গায়ে ঘন কালো টি-শার্ট, পরনে ধবধবে সাদা শর্টস, মাথায় কাফি স্টাইলে কায়দা করে প্যাঁচানো লাল-সাদা শেমাঘ, চোখে বেপরোয়া নেশার ঘোর। তার সমস্ত ভঙ্গিতে ফুটে উঠছে এক ঔদ্ধত্যপূর্ণ দাম্ভিকতা, ভেতরের রাজপুত্রসুলভ অহংকার যেটা নেশার ছোঁয়ায় আরও ধারালো হয়ে উঠেছে। তার হাতে ধরা কাঁচা ডলারের মোটা বান্ডিল, আর সেই বান্ডিল থেকে সে অবলীলায় নোট ছিঁড়ে ছিঁড়ে হাওয়ায় উড়াচ্ছে। সবুজ কাগজের টুকরোগুলো প্রজাপতির মতো উড়ে উড়ে পড়ছে নর্তকীদের গায়ে, কার্পেটে, খালি গ্লাসে।
দরজার মুখে দাঁড়িয়ে থাকা নূজাকে দেখামাত্রই আতিশের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক তির্যক তাচ্ছিল্যের হাসি। হাতে থাকা বাকি ডলারগুলো সে অবহেলায় নূজার পায়ের কাছে ছুড়ে ফেলে দেয়, মেঝেতে সবুজ নোটগুলো পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে, ঠিক নূজার বাদামি স্যান্ডেলের সামনে। টলতে টলতে সে এগিয়ে আসে, নেশা জড়ানো গলায় পুরোদস্তুর সাহেবিয়ানা আর ধারালো ব্যঙ্গের সুরে বলে ওঠে, "হোয়াট আ সারপ্রাইজ, মিস! হোয়াট আর ইউ ডুইং হিয়ার?"
নূজা এতটুকুও বিচলিত হয় না। মেঝেতে ছড়িয়ে থাকা ডলারের দিকে একবার তাকিয়েও দেখে না। বরং শান্ত পায়ে এগিয়ে গিয়ে আতিশের ঠিক মুখোমুখি দাঁড়ায়। তার চোখের দৃষ্টি অটল, স্থির, কণ্ঠস্বরে সেই একই ঠান্ডা দৃঢ়তা। স্পষ্ট উচ্চারণে সে নির্দেশ দেয়, "লেটস গো হোম, রাইট নাও।"
কথাটা বলেই সে হাত বাড়িয়ে আতিশের কব্জিটা ধরে ফেলে। কিন্তু আতিশ ঝটকা মেরে হাত ছাড়িয়ে নেয়, তার মুখে ফুটে ওঠে বিতৃষ্ণা মেশানো বিরক্তি। চিৎকার করে সে বলে, "ডোন্ট টাচ মি! আমি বাড়ি যাচ্ছি না। আই উইল গো হোম হোয়েন আই ওয়ান্ট টু।"
আতিশের এই ছেলেমানুষি জেদ, এই অহেতুক দাম্ভিকতা দেখে নূজা এবার সত্যিই ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে ওঠে। কিন্তু বাইরে তার মুখে সেই ক্লান্তির ছায়াটুকুও পড়ে না। চারপাশের হট্টগোল, উদ্দাম নাচ, বন্ধুদের কৌতূহলী দৃষ্টি, সবকিছু একবার চোখ বুলিয়ে দেখে নেয় সে। তারপর আবার তার দৃষ্টি স্থির হয় আতিশের নেশাগ্রস্ত চোখ দুটোর ওপর। গলার স্বর নিচু কিন্তু তীক্ষ্ণ রেখে সে বলে, "লিসেন, আই হ্যাভ আ ডিল টু মেক উইথ ইউ। একা কথা বলতে চাই।"
নূজার গলার সেই চাপা অথচ ইস্পাত-দৃঢ়তা শুনে আতিশ কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। নেশার ঘোরের মধ্যেও অজানা কোনো এক কারণে তার ভ্রু কুঁচকে যায়। তারপর নির্লিপ্তভাবে হাত নেড়ে বন্ধুদের আর নর্তকীদের ইশারায় বেরিয়ে যেতে বলে সে। কয়েক মুহূর্তের মধ্যেই মিউজিক থেমে যায়, ফাঁকা হতে থাকে ঘর, একে একে সবাই বেরিয়ে যায় ভারী দরজাটা পেরিয়ে। শেষ ব্যক্তিটি বেরোনোর পর দরজাটা মৃদু শব্দে বন্ধ হয়, আর সেই বন্ধ হওয়ার সাথে সাথেই ঘরটা অচেনা এক থমথমে শূন্যতায় ডুবে যায়। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ভাঙা কাচের টুকরো, অর্ধেক ভরা গ্লাস, স্যাঁতস্যাঁতে কার্পেট আর নূজার পায়ের কাছে ডলারের স্তূপ। বাতাসে স্রেফ দুজন মানুষের নিঃশ্বাস আর তাদের মাঝখানে জমে ওঠা এক চাপা উত্তেজনা।
সবাই বেরিয়ে যাওয়ার পর নূজা ধীরে ধীরে কাঁধে ঝোলানো ব্যাগটার চেন খুলে ভেতর থেকে বের করে আনে সুন্দর করে ভাঁজ করা একটি সাদা কাগজ। কাগজটা আতিশের সামনে মেলে ধরে সে সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, কণ্ঠে তার কোনো কম্পন নেই, কোনো আবেগের আঁচ নেই,
"ইউ ডোন্ট ওয়ান্ট মি, রাইট? অ্যাটলিস্ট ওয়াইফ হিসেবে তো একেবারেই না?"
আতিশ প্রায় ছুড়ে দেয় জবাবটা, "হোয়াটস দেয়ার টু আস্ক? অফকোর্স নট!"
আতিশের এই একবাক্যের উত্তরে নূজার বুকের ভেতরটা এক পলকের জন্য কেঁপে উঠলেও, বাইরে তার মুখে সেই কম্পনের কোনো ছাপ পড়ে না। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঠোঁটের ফাঁক দিয়ে। তারপর নরম অথচ পরিষ্কার গলায় সে বলতে শুরু করে, "দেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আপনার ফ্যামিলির সাথে আমার একটা ডিল হয়েছে, আর সে জন্যই আমি এই বিয়েতে আছি। তাদের উদ্দেশ্য হলো আপনাকে ঠিক করা। বাট আই এম নট ইওর মাদার, যে নিজের বাচ্চাকে বকাঝকা করে ঠিক করব! আই ওয়ান্ট টু অ্যাভয়েড অল দিস ড্রামা।সো জাস্ট ফর আ মান্থ, জাস্ট ওয়ান মান্থ আপনি একটু ঠিকঠাক বিহেভ করুন। এই এক মাসের ডেমো দেখিয়ে আই উইল টেক মাই লিভ। আদারওয়াইজ, আপনার ফ্যামিলি আমাকে কোনোভাবেই ডিভোর্স নিতে দেবে না।"
আতিশ ভ্রু কুঁচকে কাগজটা হাতে নেয়। নেশার ঘোর সামলে চোখ বোলায় সেখানে লেখা প্রতিটি লাইনে। শর্তগুলো পরিষ্কার, নির্লিপ্ত আর নিখুঁত হাতের অক্ষরে সাজানো। আতিশকে প্রতিদিন নিয়ম করে অফিসে যেতে হবে এবং বাড়ির সবার সাথে স্বাভাবিক ও সৌজন্যপূর্ণ আচরণ করতে হবে। নিজের ভেতরের অন্ধকারটাকে সে লালন করতে চাইলে করবে চার দেয়ালের আড়ালে। ফ্যামিলির চোখের সামনে তাকে হয়ে উঠতে হবে এক নিখুঁত ভদ্র সন্তান। বিনিময়ে, এই এক মাস পেরোলেই নূজা নিজে থেকে ডিভোর্স পেপারে সই করে চলে যাবে। আতিশদের বাড়ির কোনো সম্পত্তি, কোনো টাকা-পয়সা কিংবা সামান্য কোনো সুবিধাও সে গ্রহণ করবে না। এই এক মাস তাদের দুজনের জীবন থাকবে সম্পূর্ণ আলাদা, দুটি সমান্তরাল রেখার মতো, যারা একই ছাদের নিচে থেকেও কোথাও মিলবে না। আতিশ চাইলে বাইরে অন্য মেয়েদের সাথে সময় কাটাতে পারবে, নূজা তাকে বাধা দেবে না, প্রশ্ন করবে না। নূজার কাছে সে থাকবে সম্পূর্ণ একজন পরপুরুষ, ঠিক যতটা দূরত্ব একজন অচেনা মানুষের সাথে থাকে।
শর্তগুলো পড়া শেষ করে আতিশ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। ঘরের নিস্তব্ধতায় দূর থেকে ভেসে আসে বারের মূল ফ্লোরের চাপা মিউজিকের গুঞ্জন। সে একবার হাতের কাগজটার দিকে তাকায়, পরক্ষণেই তাকায় নূজার মুখের দিকে। নূজার মুখে কোনো আকুতি নেই, কোনো অনুরোধ নেই, আছে এক নির্লিপ্ত ব্যবসায়িক প্রস্তাবের ঠান্ডা দৃঢ়তা। মেয়েটির এই সাহস, এই ঠান্ডা মাথার হিসাব, আতিশকে ভেতরে ভেতরে অবাক করে দেয়। নেশার ঘোরের মধ্যেও তার মাথার কোথাও একটা হিসাব চলতে থাকে দ্রুত। পরিবারের চাপ থেকে মুক্তি, নিজের স্বাধীনতা অটুট রেখে বিয়ের নাটকীয়তা থেকে বেরিয়ে যাওয়ার এমন সহজ পথ, এর চেয়ে ভালো প্রস্তাব আর কী হতে পারে! শেষে সবকিছু হিসাব-নিকাশ করে সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় নূজার দিকে। ঠোঁটে ঝুলে থাকে তার দাম্ভিক হাসিটা, চোখে জ্বলে ওঠে বিদ্রূপের ঝিলিক, "ওকে, ডিল ডান! আই নিড ফ্রীডম ফ্রম আ বোরিং বাঙালি গার্ল লাইক ইউ, অ্যাট এনি কস্ট।"
নূজার বুকের ভেতরটা তীক্ষ্ণ ব্যথায় মোচড় দিয়ে ওঠে। আতিশের ছুঁড়ে দেওয়া প্রতিটি শব্দ সূচালো তীরের ফলার মতো বিঁধে যাচ্ছে তার হৃৎপিণ্ডের গভীরে, একের পর এক, নিঃশব্দে অথচ নির্মমভাবে। তবুও ঠোঁটের কোণে সে অতি সযত্নে ফুটিয়ে তোলে এক টুকরো কৃত্রিম হাসি। ভেতরের ঝড়টাকে বহু কষ্টে চাপা দিয়ে, কণ্ঠস্বরে ইচ্ছাকৃত নির্লিপ্তির প্রলেপ চড়িয়ে সে বলে ওঠে, "অ্যাজ অ্যান অর্ডিনারি, বোরিং বেঙ্গলি গার্ল, আমিও আপনার মতো রেকলেস মানুষের কাছ থেকে মুক্তি চাই। কন্ট্রাক্টে তো আমি সাইন করেই দিয়েছি, আপনিও আপনার পার্টটুকু শেষ করুন। লেটস গেট টু ওয়ার্ক।"
কথাগুলো একনিঃশ্বাসে ছুঁড়ে দিয়েই নূজা ঘুরে দাঁড়ায়। দ্রুত পায়ে হাঁটতে শুরু করে সামনের দিকে। পেছনে দাঁড়িয়ে থাকা আতিশের বাড়ানো হাতটা শূন্যেই ঝুলে থাকে, নিরুত্তর, নিরুপায় হয়ে। দূরে ক্রমশ মিলিয়ে যাওয়া নূজার ছায়ামূর্তির দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে আতিশ অস্ফুটে বিড়বিড় করে ওঠে,
"হোয়াট আ ডেঞ্জারাস উইমেন!"
।।
দেয়ালঘড়ির কাঁটা এখন রাত দশটার ঘরে। নিচে চলছে আতিশের বাবার জন্মদিনের গ্র্যান্ড পার্টি, যেখানে ঝাড়বাতির আলোয় প্রতিটি মুখ ঝলমল করছে। দীর্ঘ কয়েক বছর পর আতিশ আজ পরিবারের কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, আর তাতেই বাড়ির প্রতিটি সদস্যের চোখেমুখে আনন্দের ঝিলিক খেলে যাচ্ছে অবিরত। অথচ এই আনন্দ আয়োজনের বড় ক্যানভাসে নূজার জন্য একচিলতে জায়গাও বরাদ্দ নেই। সে কোন পরিচয়ে সেখানে যাবে? বাইরের পৃথিবীর কাছে তো এখনো তার অফিশিয়াল আইডেন্টিটি প্রকাশ পায়নি।
দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে ভারী মখমলের পর্দার আড়ালে নিজেকে সম্পূর্ণ আড়াল করে নিচের কোলাহল দেখছে নূজা। আতিশ নিখুঁত অভিনেতার মতোই গুড বয়ের চরিত্রে অভিনয় করে চলেছে সেখানে। একটা দীর্ঘ, ভারী নিশ্বাস বেরিয়ে আসে নূজার বুক চিরে। এই বড় প্রাসাদের কেউই তাকে অন্তর থেকে গ্রহণ করেনি সবার চোখে সে কেবলমাত্র একটি ডিল, একটি লিখিত চুক্তির অংশ। স্ত্রীর মর্যাদা তো সুদূর পরাহত, আতিশের মায়ের আজকের বলা কথাগুলো এখনো তার কানের কাছে অনুরণিত হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আতিশ নিজের পুরোনো ফর্মে ফিরে গেলেই নূজাকে হয়তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সে কোনোভাবেই আতিশের সঙ্গে ম্যাচ করে না। আর নূজা যদি যেতে না চায়, তবে বড়জোর মিস্ট্রেসের তকমা গায়ে সেঁটে পড়ে থাকতে পারবে। বিজনেসের স্বার্থে কোনো রয়্যাল ফ্যামিলির মেয়ের সঙ্গেই তারা আতিশের আনুষ্ঠানিক বিয়ে দেবেন।
এই পরিবারের আসল মোটিভ নূজার কাছে এখন দিনের আলোর মতো পরিষ্কার। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করছে মাত্র।
ভারাক্রান্ত মন আর অবসন্ন পা নিয়ে ব্যালকনি ছেড়ে ডাইনিং রুমে এসে বসে পড়ে নূজা। নির্দেশ পাওয়া মাত্রই মেইডরা নিঃশব্দ পদক্ষেপে খাবার সার্ভ করে যায় একে একে। নীরবে খাবার মুখে তুলছে সে, অথচ গলা দিয়ে কিছুই যেন নামতে চাইছে না। সে তো মাছে-ভাতে বড় হওয়া নিখাদ বাঙালি মেয়ে, এই বিদেশি কুইজিন তাকে বিন্দুমাত্র তৃপ্তি দেয় না। গরম ধোঁয়া ওঠা ভাত আর মায়ের হাতের দেশি রান্নার জন্য তার মনটা হু হু করে ওঠে, কিন্তু নিরুপায় হয়ে এই অচেনা স্বাদগুলোই তাকে গিলে ফেলতে হচ্ছে।
খাওয়া প্রায় শেষের পথে, ঠিক এমন সময় হাতে এক টুকরো কেক নিয়ে ডাইনিং রুমে প্রবেশ করে আতিশ। কেকটা মূলত তার মা মেইডের হাতে পাঠাচ্ছিলেন, কিন্তু পার্টি থেকে এস্কেপ করার একটা মোক্ষম উছিলা হিসেবে আতিশ নিজেই সেটা হাতে তুলে নিয়ে উপরে উঠে এসেছে। ডাইনিং টেবিলের এক কোণে নূজাকে একা বসে থাকতে দেখে ধীর পায়ে সে এগিয়ে যায়। নূজার ঠিক পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে কেকের প্লেটটা তার সামনে ঠেলে দিয়ে ক্যাজুয়াল টোনে বলে,
"টেক ইট, তোমার মাদার-ইন-ল পাঠিয়েছেন।"
নূজা একবার কেকটার দিকে, পরক্ষণেই আতিশের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
"আপনি এত আর্লি চলে এলেন যে?"
আতিশ বেশ বিরক্ত হয়েই জবাব দেয়,
"এত আর্লি মানে? এক ঘণ্টা ধরে ছিলাম ওখানে, আর কতক্ষণ থাকব? তুমি অতিরিক্ত স্মার্টনেস দেখিও না তো!"
নূজা দৃষ্টি সরিয়ে নিয়ে শান্ত গলায় বলে,
"আমি তো জাস্ট জানতে চেয়েছিলাম।"
ঠিক তখনই ইয়াজান বাড়ির ভেতর থেকে ডাইনিংয়ের দিকে আসতে আসতে বলে ওঠে,
"আরে, তোমরা এখানে? নূজা, তুমি পার্টিতে জয়েন করলে না যে?"
নূজা নিজেকে দ্রুত সামলে নিয়ে ইজি টোনে উত্তর দেয়,
"ক্রাউড আমার একটু অপছন্দ। তা ছাড়া এখনো তো অফিশিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই আর যাইনি।"
ইয়াজান মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে,
"ওহ, আই সি! ঠিক আছে, তোমরা কথা বলো।"
ইয়াজান চলে যেতেই আতিশ একদৃষ্টে তীক্ষ্ণ এবং রুক্ষ চোখে নূজার দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তবে মুখে কুলুপ আঁটা। উঠে সোজা নিজের রুমের দিকে পা বাড়ায় সে। নূজাও আর এসব নিয়ে বিশেষ মাথা না ঘামিয়ে খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে ফিরে আসে।
ঘরে পা রাখতেই নূজা দেখে আতিশ সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। পরনে একটা গ্রে রঙের টিশার্ট আর রেড শর্টস, মাথায় নিত্যদিন জড়িয়ে রাখা সেই শেমাঘটা আজ অনুপস্থিত। সোফায় গা এলিয়ে বসে আছে সে, ভেজা চুল থেকে টুপটাপ জল ঝরে পড়ছে কাঁধের কাপড়ে। আতিশের দিকে এক পলক তাকিয়েই নূজা অন্য দিকে পা বাড়াতে উদ্যত হয়, ঠিক তখনই আতিশের বরফশীতল কণ্ঠস্বর তাকে থামিয়ে দেয়,
"নূজা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি।"
নূজা ঘুরে দাঁড়িয়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
"কী?"
আতিশ সোফা ছেড়ে ধীরে উঠে দাঁড়ায়। মেপে মেপে পা ফেলে এগিয়ে এসে একদম নূজার মুখোমুখি দাঁড়ায়। দৃঢ় কণ্ঠে বলে,
"তুমি এই বাড়িতে যতদিন আমার নামের পরিচয়ে আছো, ততদিন ইয়াজানের সাথে কথা কম বলবে। কেন বলব, কী জন্য বলব, এসব কোনো কোয়েশ্চেন করবে না। দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং।"
কথাটা শুনে নূজা দুহাত বুকে গুঁজে তেজি গলায় পালটা প্রশ্ন ছুঁড়ে দেয়,
"আর যদি আপনার এই ওয়ার্নিং কেয়ার না করি?"
নূজার এমন রাফ অ্যানসার শুনে আতিশের চোয়াল শক্ত হয়ে ওঠে মুহূর্তে। সে বলে,
"তাহলে ব্যালকনি দেখেছ তো? ওখান থেকে সোজা ধাক্কা মেরে নিচে ফেলে দেব। একেবারে ওপারে চলে যাবে। আমিও বাঁচব, আর তুমিও এই হেল থেকে মুক্তি পাবে।"
আতিশের এমন বিপজ্জনক থ্রেটে ভয় পাওয়া তো দূরের কথা, উলটে ঠোঁট বেঁকিয়ে মুখ ভেঙচিয়ে নূজা বলে ওঠে,
"হাহ! মক করছেন উনি আমার সাথে! ফেলে দেবেন বললেই হলো?"
কথাটা বলেই আতিশকে সম্পূর্ণ উপেক্ষা করে নূজা বিছানায় উঠে যায় ঘুমানোর প্রস্তুতি নিতে। বালিশটা টেনে নিয়ে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়ে সে, মনে হয় পৃথিবীর কোনো হুমকি ধমকিতেই তার কিছু যায় আসে না।
নূজার এই মুখ ভেঙচানো আর ছেলেমানুষি রিপ্লাই দেখে আতিশের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে আলগোছে ঘুরে দাঁড়িয়ে আবারও মৃদু হেসে ওঠে নিঃশব্দে। কেন হাসছে সে, তার উত্তর সে নিজেই জানে না। তবে এটুকু সে স্পষ্ট বুঝতে পারছে, এই এক টুকরো জেদি মেয়েটার সঙ্গে আর্গুমেন্ট করতে তার একটুও খারাপ লাগছে না। বরং, বুকের কোথাও একটা অচেনা ভালো লাগার স্রোত মৃদু ঢেউ তুলে বয়ে যাচ্ছে।
চলবে....