ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 22

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পূর্ণ মিলন পর্ব: ২২ (অর্ধেকাংশ)
কলমে: #মম_সাহা

(৩২)
বারান্দার শিক গলিয়ে দু'টো অপরিচিত ময়না এসে বসেছে ঘরে। কী সুন্দর তাদের হাবভাব! দেখে মনে হচ্ছে দীর্ঘদিন যাবত একসাথে সংসার করা দম্পতি। বারান্দায় শুকাতে দেওয়া হয়েছিল কতগুলো ভাত। বিদিশার আবার শুকনো ভাত ভাঁজা খেতে ভীষণ ভালো লাগে। ময়না গুলো এসেই মনের সুখে কতগুলো ভাত মুখে পুরে নিল। তাদের পেট ভরতেই আবার কতগুলো মুখে পুরে দুই দম্পতি উড়াল দিল বিশাল আকাশে। বিদিশা তাকিয়ে দেখল এই দৃশ্য। পৃথিবীর সকল মুগ্ধতা যেন এই মুহূর্তে এই বারান্দায় এসে ঠিকরে পড়ছে। ময়না গুলো উড়ে যেতেই সে হাসল। হতাশ শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তুষার চাইলে আজ তাদেরও নিশ্চয় একটা সংসার হতো! এমন করে ভাব করেই কেটে যেত সুখের সংসার! অথচ তা হলো কই?
বিদিশা ভাবল। ভাবতে ভাবতে ক্লান্ত হলো। এই যে সে মনের মতন সংসার করতে পারল না তার পিছনে আদৌ সে কতটুকু দায়ী? এক ফোঁটাও নয়। তার জীবনে এক দুপুরের রোদে ঝলসে যাওয়া প্রেম ছিল তুষার। যাকে এক দেখাতেই মন বলেছিল কবুল। অথচ বিসর্জনের ব্যাথা বুকে দিয়ে সে তুষার বিয়ের পরের দিনই মায়ের প্রতি এক বুক অভিমান নিয়ে ঘর ছাড়া হলো। তারপর মাস পেরুতেই দেশ ছাড়ল। অথচ বিদিশা মা ছেলের অভিমানে সংসার করার স্বপ্ন নিয়ে মূর্তির মতন হয়ে গেল। যার ব্যাথা-বেদনা কেউ একবার খতিয়ে দেখার চেষ্টা করেনি। মা নাকি ছেলে হারাল আর ছেলে হারাল মা'কে। আর বিদিশা যে নিজের পুরো জীবনের সুন্দর সময়টা হারাল.... সে হিসেব আজও কেউ করল না।

'বউ, আসব?'
তাসনীম বেগমের কণ্ঠ পেতেই বিদিশা ভড়কে গেল। চোখের কোণে আসা অশ্রুর বিন্দু লুকিয়ে ফেলতে চাইল গোপনেই। নীল রঙের সুতির শাড়ি পরনে তার। চোখে কাজল, হাতে দু'টো সোনার চিকন চুড়ি। গোছা ভোরা চুলের রাজ খোপা ঝুলছে পিঠে। কান্না লুকিয়ে সে জবাব দিল,
'আসেন, আম্মু।'

তাসনীম বেগম এলেন। এসেই খাটে বসলেন। ঘিয়ে রঙের শাড়ি জড়ানো তার শরীরে। তিনি শাড়ির আঁচলটা টেনে চোখ মুছলেন। হয়তো কাঁদছিলেন! বিদিশা এগিয়ে এলো শাশুড়ির শুকনো মুখ দেখে। বিচলিত কণ্ঠে শুধাল,
'কিছু হয়েছে, আম্মু?'

ভদ্রমহিলা নিজেকে সামলে নিলেন। চোখের জল টুকু মুছে নিয়েই বললেন,
'আমি মনে হয় বড়ো ছেলেটারে না দেখেই মারা যাব।'

বিদিশা চমকাল শাশুড়ির এহেন কথায়। বিয়ের পর এই মানুষটাকেই সে মা ডেকেছে। সবসময় মানুষটার আগেপিছে ছায়ার মতন ঘুরেছে। এই মানুষটার চলে যাওয়ার কথা শুনতেই তার বুক কাঁপল। দ্রুত গিয়ে ধরল শাশুড়ির দু'হাত। বলল, 'অমন কথা বলছেন কেন, আম্মু?'

'আমার যে তুষারকে দেখার জন্য প্রাণ কাঁদে, বউ।'

কথাটা বলেই ফ্যালফ্যাল করে কেঁদে দিলেন তিনি। বিদিশা শাশুড়িকে স্বান্তনা দেওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। অনবরত বাজায় সে শাশুড়িকে বসিয়েই ছুটে গেল দরজার সামনে। মেয়েলি রিনরিনে কণ্ঠে একবার শুধাল, 'কে?'

অপরপাশ শুনশান নীরবতায় নিমজ্জিত। উত্তর এলো না। বিদিশা আবারও একই প্রশ্ন করল। অতঃপর জবাব না পেয়ে কপাল কুুঁচকে দরজা খুলতেই সে থমকে গেলে। বহুদিন আগের সেই ঝলসে যাওয়া প্রেমের দুপুর যে আজ তার দরজায় ফিরে আসবে এমন করে, সে ঘুণাক্ষরেও টের পায়নি। টের পেলে এতটা মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা হয়তো কখনো করত না।
বিদিশার বুকে দ্রিমদ্রিম শব্দ। অস্ফুটস্বর তার। ডাকল তাসনীম বেগমকে,
'আম্মু, আম্মু.....'

পুত্রবধূর এমন কণ্ঠ পেতেই তাসনীম বেগম ছুটে এলেন। কণ্ঠে তার উৎকণ্ঠা, 'কে আসল, বউ!'
বাকি আর কিছু উচ্চারণ করতে পারলেন না ভদ্রমহিলা। তার আগেই হাউমাউ করে কেঁদে উঠলেন,
'তুষার, আব্বা, তুমি আসছো! আব্বা গো আমার। মায়ের উপর তোমার এত অভিমান, আব্বা? তুমি সত্যিই আসছো....'

বিদিশা কেবল এক দু পা করে পিছনে গিয়ে জায়গা করে দিল। শাশুড়ি গিয়ে জাপটে ধরলেন ছেলের বুক। হৈচৈ-এ বেরিয়ে এলো তিমিরও। নিজের সবচেয়ে প্রিয় ভাইকে দরজার সামনে দেখে থমকে দাঁড়াল সে-ও। কিন্তু ব্যাপারটা বোধগম্য হতেই ছুটে গিয়ে ভাইয়ের এক পাশের বুক দখল করে নিল। মা, ছেলে তিনজনেরই যেন আজ পরম আনন্দের দিন। বিদিশা দূর থেকে সবটা দেখল। কেবল দেখেই গেল। যার জন্য তার তীব্র অপেক্ষা, এত বছরের জীবন অনশন, সেই মানুষটার বুকে তাকে রাখার মতন অবশিষ্ট জায়গাটুকু নেই। কেউ একটি বার তাকে বললও না কাছে আসতে, ধরে দেখতে এত তপস্যার মানুষটিকে। সবাই যেন ভুলেই গেল, একটি মেয়ে বহুদিন মুগ্ধ চোখে পৃথিবী দেখেনি স্বামীর বিচ্ছেদে। সে-ই মেয়েটিরও যে ভীষণ অধিকার আছে স্বামীর নৈকট্যের। কেউ একটিবার মনে করল না তার কথা। সংসারে চিরজীবন সবটুকু ত্যাগ করে সে আটপৌরে পুরোনো আসবাব হয়েই রইল তাহলে? সংসারের একজন হতে পারল না। বুকটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। আর সহ্য হলো এই দৃশ্যটুকু। সে নিবিড়েই প্রস্থান নিলো। নিজেকে লুকিয়ে ফেলল তার নিজস্ব রুমটাতে। যেই রুমটা থেকেও হয়তো তাকে কিছুক্ষণ পর বের করে দেওয়া হবে। গোটা একটা জীবনে, বহুদিন অপেক্ষা করে অবশেষে সে কী পেল?
না পেল স্বামীর বুকের একাংশ এমনকি পেল না বহুদিন বাস করা রুমটাকে নিজের বলার অধিকার। হায়রে জীবন! এমন করেই হেলায় হারিয়ে যায়!

#চলবে

[বাকিটুকু কাল দিবো।]#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ২২ [বাকি অংশ]
কলমে: #মম_সাহা

(৩৩)

তৈয়ব হোসেনের শরীরটা গত দু'দিন যাবত খারাপ ছিল। হুট করে কোথা থেকে জ্বরের উপদ্রপ হলো। ততটুকুতেই ক্ষান্ত হয়নি অসুস্থতা। সাথে তুমুল শ্বাসকষ্টও শুরু হলো। প্রথম প্রথম শ্বাসকষ্টের মাত্রা তুলনামূলক কম থাকলেও বর্তমানে তা ধারণ করেছে ভয়াবহ রূপ। বাবার সেবা করেই মেয়েটার দিন যাচ্ছে। টিউশনির পার্ট আপাতত বন্ধ রেখেছে। এই অসুস্থ মানুষটাকে সে কীভাবে ঘরে একা রেখে যাবে? কার ভরসাতেই-বা রেখে যাবে!
বাবার মাথার পাশে বসে কত হিসেব কষছে সে। মাসের শেষের দিকটাই পড়াতে না গেলে গার্ডিয়ানরা বেতন দিতে গাইগুই করেন। অথচ বাবার এ অবস্থায় টাকা-পয়সার ভীষণ দরকার। মেয়েটা পর-পর দু'বার দীর্ঘশ্বাস ফেলতেই অসুস্থ তৈয়ব হোসেনের নিষ্প্রাণ কণ্ঠস্বর পাওয়া গেল,
'মা, কী ভাবিস?'

করবীর ধ্যানে কিঞ্চিৎ টান পড়ল। ভাবনার গহীন সুর ছিঁড়ে গেলে আলগোছে। সে গা-ঝাড়া দিয়ে বসল। বলল, 'কই, তেমন কিছু না, আব্বু।'

তৈয়ব হোসেন অসুস্থ হাতটা রাখলেন মেয়ের মাথায়। কম্পনরত কণ্ঠে বললেন,
'মারে, এই বিরাট দুনিয়ায় তোকে বড়ো একলা করেই হয়তো চলে যাবো। বড্ড স্বার্থপর বাবা কিনা আমি!'

বাবার প্রস্থানের কথা শ্রবণ কেন্দ্রে পৌঁছাতেই গা শিরশির করে উঠল করবীর। নিঃসঙ্গ এক জীবন ভেসে উঠল চোখের পাতায়। যেই জীবনে কতগুলো বিবর্ণ বসন্ত আর দীর্ঘশ্বাস ছাড়া কিছুই নেই। সব শূন্য, ফাঁকা।
বাবা বিহীন পৃথিবী কল্পনা করা করবীর জন্য মৃত্যুর সমান। যা সে স্বপ্নেও ভাবতে পারে না। করবী আঁতকে উঠল, 'কী বলছ, আব্বু? দয়া করে এসব বলো না। আমার কে আছে বলো তুমি ছাড়া?'

তৈয়ব হোসেন গাল ভোরে হাসলেন। মেয়ের মাথায় অবিরত হাত বুলাতে বুলাতে বললেন,
'মারে, যেতে যে আমাকে হবেই। আজ নয়তো কাল। তোকে এত বড়ো পৃথিবীটাই এত একা করে যেতে চাই না। কিন্তু হায়াত যে আমার হাতে নেই।'

'অমন বলো না, আব্বু। তোমাকে ছাড়া আমি বোধহয় বাঁচতে পারব না।'

'কে বলেছে পারবি না? অবশ্যই পারবি। কেবল বিকেল হলে তোর একলা লাগবে, সন্ধ্যায় বাসায় ফিরে ফাঁকা ঘর পাবি, বড়োজোর আমি না থাকায় তোর বারান্দার গোলাপ ফুলের টবটি শুকিয়ে যাবে.... এর বেশি কিছুই হবে না, মা। আমি থাকব না বলে কিছুই থেমে থাকবে না। বরং তোর বোঝা কমবে। পঙ্গু বাবার ভার কমে যাবে কাঁধ থেকে। তখন দেখবি, তুই উপলব্ধি করতে পারবি, আমি নেই বলে কারো কোনো বিরাট ক্ষতি হয়ে যায়নি বরং লাভই হয়েছে। তোর বেঁচে থাকার যুদ্ধে দায়বদ্ধতা কম থাকবে।'

কথা বলতে বলতে তৈয়ব হোসেনের শ্বাস-প্রশ্বাসের গতি বদলে গেল। অস্বাভাবিক ভাবে মানুষটা শ্বাস টানা শুরু করল। যেন পৃথিবীতে কতই না অক্সিজেনের অভাব। বাবার বুকের উঠানামায় এত অস্বাভাবিকতা দেখে করবী ঘাবড়ে গেল। তৈয়ব হোসেনকে বারংবার জিজ্ঞেস করল তার অসুবিধে কোথায় হচ্ছে অথচ মানুষটার অবস্থা হুট করেই এত অবনতিতে গিয়ে ঠেকল যে সে আর প্রকাশ করতে পারছিল না কিছু। চারদিকের বিকেলের ধবধবে রঙও ততক্ষণে ঝিমিয়ে আঁধার হয়ে এসেছে। ঘর জুড়ে কেবল করবীর উৎকণ্ঠার শব্দ আর ফ্যানের শব্দ শোনা যাচ্ছে। আলোও জ্বালানো হয়নি ঘরটায়। করবীর বুক ঠিকরে কান্না আসছে। এতটা অসহায় সে কখনো হয়নি এর আগে। অসহায় হওয়ার আগেই বাবার হাতটি তার মাথায় এসে স্বান্তনা দিয়েছে অথচ আজ সেই হাতই পালিয়ে যাওয়ার ফন্দিফিকির করছে। করবী ছুটে গিয়ে তার ভাঙাচোরা মোবাইলটা বের করল। হীরণের নাম্বারটা বের করে আবার কী মনে করে যেন কল দিল না। কল দিল তিমিরকে। দু'বার রিং হতেই রিসিভ করে তিমির হাস্যোজ্বল কণ্ঠে শুধাল,
'আরে, রক্তকরবী যে...'

লোকটা বাকি কথা সম্পন্ন করার আগেই করবী কেঁদে দিল। অসহায় স্বরে বলল, 'আব্বু যেন কেমন করে। আমি একা। একটু আসুন।'

কথাটুকু বলেই মেয়েটা কান্না জুড়ল। তিমিরের কথাটাও শুনল না। হাত থেকে ফোনটা পড়ে সুইচড অফ হয়ে গেল। করবী কেবল তৈয়ব হোসেনের বুক-পিঠ ঢলছিল আর বাচ্চাদের মতন আবদার করছিল,
'আব্বু, আমারে রেখে যেও না। যেও না, আব্বু। আব্বু, আমি একা থাকতে পারি না যে।'

আরও কতশত আবদার! কিন্তু সকল আবদারের সারাংশ এতটুকুই ছিল যে বাবা নামক বৃক্ষটা যেন শেষ অব্দি শিকড় আঁকড়ে পড়ে থাকেন। তৈয়ব হোসেন কথা বলতে পারছিলেন না অথচ মেয়ের এমন পাগলামো অবস্থা দেখে ঠিকই কাঁদছিলেন। চোখ গুলো দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু।

-

সন্ধ্যা ধরেছে রাজলক্ষ্মী রূপ। কী সুন্দর লাজুক সন্ধ্যা! কমলা রঙ আকাশের এক কোণে বসে নতুন বউয়ের মতন হাসছে। আর পুরো আকাশ জুড়ে সে হাসির রঙ ছড়িয়ে পড়েছে সন্ধ্যার নাম নিয়ে।
বিদিশা দাঁড়িয়ে আছে বারান্দায়। সবুজ শাড়িটা পড়নে। আজ আর চোখে কাঁজল দেয়নি। যত্ন করে হাত খোঁপাও বাঁধেনি। হাসিকেও বাক্সবন্দী করে উড়িয়ে দিয়েছে অজানায়। চারপাশে মাগরিবের আজান দিচ্ছে। সেই শান্তির ধ্বনি ব্যাতিত আর কিছুই তার কর্ণগোচর হচ্ছে না। এখানেই তার একমাত্র সুখ। নাহয় জীবনে যে পরিস্থিতি আছে, বাঁচার কথা ভাবতে পারছে না।

নীরবতা ভেঙে দরজায় টোকা পড়ল। প্রথমবার শুনতে না পেলেও দ্বিতীয়বার শুনতেই ধীর পায়ে গিয়ে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন তাসনীম বেগম। দরজা খুলতেই ভদ্র মহিলার হাসিখুশি মুখে আবছা অন্ধকার দেখা দিল। তিনি কপাল কুঁচকে বললেন,
'দরজাটা আটকে রেখেছ কেন, বউ? আহা! ঘরটাও অন্ধকার করে রেখেছ যে! কী অদ্ভুত! ভূত-প্রেতে পেয়েছে?'

বিদিশার চোখ তখন তাসনীম বেগমকে পেরিয়ে ড্রয়িং রুমে বসে থাকা তুষারের দিকে। টাউজার আর নীল টি-শার্টে সুপুরুষই লাগছে বটে মানুষটাকে।
বিদিশাকে চুপ থাকতে দেখে অধৈর্য্য হলেন তাসনীম বেগম,
'কথা বলছ না কেন? মনে হচ্ছে বোবায় ধরেছে!'

বিদিশার দৃষ্টি চঞ্চল হলো। এধার-ওধার ঘুরে শেষমেশ এসে নিবদ্ধ হলে মধ্য বয়স্কা এই নারীর দিকে। সে উদাস চোখে তাকিয়ে বলল,
'কিছু বলবেন, মা?'

তাসনীম বেগম এবার ফুস করে শ্বাস ফেললেন। চোখ ঘুরিয়ে তাকালেন তুষারের দিকে। ছেলেটার মনযোগ টিভির দিকে। তা দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। বললেন, 'বউ, তুমি যদি ঐ সাইডের রুমটায় গিয়ে থাকতে তাহলে খুব ভালো হতো। তুষারের তো এই ঘরটা অনেক পছন্দের ছিল...'

বিদিশা এবার হু হা করে হেসে উঠল। এত অস্বাভাবিক ভাবে হাসল যে তুষার অব্দি ভ্যাবাচেকা খেয়ে গেল। হন্তদন্ত করে ছুটে এলো দরজার কাছে। তাসনীম বেগম কিংকর্তব্যবিমুঢ়। তাজ্জব কণ্ঠে বললেন, 'হাসছো যে!'

বিদিশার হাসি যেন থামছেই না। পৃথিবীর সকল হাসির কারণ যেন তার দরজায় এসে দাঁড়িয়েছে। বহু কষ্টে অবশেষে সেই হাসি সংযত করল। চোখে জলে টইটুম্বুর। যেন বর্ষার ভরা পুকুর। আপাত দৃষ্টিতে দেখে উনারা ভাবল যে হাসতে হাসতে জল জমেছে চোখে। অথচ গাঢ় চোখে দেখলে বুঝতে পারত, ভেতরটা কতটা ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষ এমন ভাবে হাসির উছিলায় কাঁদে।

'তেমন কিছু না, মা। এমনেই হাসলাম।'
তাসনীম বেগম সন্তুষ্ট হলেন না এমন উত্তরে। বরং বিরক্তি নিয়ে বললেন, 'কী যে করো না আজকাল! তোমার মতিগতি বুঝা দায়।'

'আমার মতিগতি বুঝতে পারছেন না, মা! হাসালেন। যাই হোক, আমি রুমটা আজই খালি করে দিবো। এরপর যে থাকার থাকবে।'

বিদিশার উত্তর পছন্দ হলেও খুশি হতে পারলেন না তাসনীম বেগম। তিনি চাননি ছেলের সামনে বিদিশার কোনো ব্যাপারই আসুক। তাই তো গত দু'দিন যাবত মেয়েটা সর্বক্ষণ দোর দিয়ে রাখলেও মাথা ব্যাথা দেখাননি। না খেয়েও, 'খেয়েছি' বলার পরও খোঁজ নিয়ে দেখেননি। তিনি পারলে যেন বিদিশাকে অদৃশ্য করে দিতেন। পাছে ভয় পান তিনি, ছেলে যদি আবার বিদিশার রেশ ধরে রাগ করে বাড়ি ছাড়ে!
অথচ মায়ের বোকা মন বুঝলই না ছেলের রাগ বিদিশার উপর ছিল না, ছিল- মায়ের উপর। কেন মা তার মতামতটুকুর গুরুত্ব দিলেন না।

এতক্ষণ যাবত তুষার নিশ্চুপ থাকলেও এখন কথা বলল। মা'কে উদ্দেশ্য করে অবাক স্বরেই বলল,
'রুম ছাড়তে বলছ যে? উনি রুম ছাড়বে কেন?'
'রুমের মালিক চলে এসেছে তাই আশ্রিতার বিদায় হবে। এটা না বুঝার কী আছে?'

বিদিশার উত্তরে তাচ্ছিল্য। চোখে-মুখে হতাশা। তাসনীম বেগম চোখ বড়ো বড়ো করে তাকালেন পুত্রবধূর কথায়,
'কী বলছ এসব! অদ্ভুত সব ভাষা!'
'আপনি অদ্ভুত আচরণ করলে ভাষাদেরও যে অদ্ভুত হতে হয়, মা।'
'আমি অদ্ভুত আচরণ করেছি!' তাসনীম বেগমের চোখে-মুখে বিস্ময়। এ বিদিশা অন্যরকম। উদ্ভ্রান্ত, পাগল। নিজের শেষ সম্বলটুকু হারানোর পর মানুষ যেমন আবেগহীন হয়ে যায়, এই বিদিশা ঠিক তেমন।

'আপনার রুম ছাড়তে হবে না। আপনি কত যত্ন করে রুম সাজিয়ে তারপর এখানটায় ছিলেন তা দেখেই আন্দাজ করা যায়। আমি এসেছি বলেই আপনার যত্ন বৃথা হয়ে যাবে তেমনটা না। এখানে একসময় আমি থাকতাম এটা ঠিক। তবে সেটা অতীত। আর রুমটায় এখন আপনি থাকেন এটা বর্তমান। মনে রাখবেন অতীত মানেই ভ্রম, কল্পনা। বর্তমান মানেই সত্য। আর আজকের সত্য রুমটা আপনার এবং আপনারই থাকবে। কেমন?'
তুষার কথাটা বলেই প্রস্থান নিল। চোখে এক রাশ প্রশান্তি নিয়ে তাকিয়ে রইল বিদিশা। অথচ তাসনীম বেগম রুষ্ট হলেন। ত্রাসিত চিত্তে বললেন,
'তোমার এমন আচরণ মোটেও শোভনীয় নয়। এখন তোমার জন্য ছেলেটা আবার আমাকে ভুল বুঝলে! ও তো ভাববে ওর মা খারাপ। তোমাকে সংসারে আনার পর থেকেই আমি ছেলের চক্ষুশূল হলাম। কোন কুক্ষণে যে এসেছিলে!'
শাশুড়ির তিরস্কারে হাসল বিদিশা,
'জানেন মা? আমার আব্বু ছোটোবেলায় একটা কথা বলতেন, রঙ বদলানোর ধর্ম নাকি গিরগিটিদের। অথচ বড়ো হয়ে দেখলাম আব্বু ভুল জানতেন। মানুষের চেয়ে বেশি রঙ কেউ বদলাতে পারে না। এমনকি গিরগিটিও না।'

কথাটা বলেই ধীর হাতে দরজায় খিল দিল বিদিশা। তাসনীম বেগম দাঁড়িয়ে রইলেন ঠাঁই। তার অন্যায় কোথায় সে যেন দেখতেই পেলেন না।
যেতে-যেতে সবটুকুই শুনল তুষার। মায়ের প্রতি বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মা নামক মানুষটা অতিরিক্ত ভালো চাইতে গিয়ে এতটা কঠিন হচ্ছেন যে তার প্রতি আর কারো আবেগই বেঁচে থাকার না।

#চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন