ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 23

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ২৩
#মম_সাহা

হুতুম খেলছে ঘর জুড়ে। বিন্দু রান্না করছে। আজ হীরণের দাওয়াত এ বাসায়। তাই ভালো-মন্দ রান্না হচ্ছে। যদিও করবী আপাকে কল করা হয়েছে কয়েকবারই কিন্তু মানুষটা ফোন তুলছে না। তাই বিন্দু ঠিক করল রান্নাবান্না শেষ করে যাবে আপাদের বাসায় খাবার নিয়ে। পিকনিকের মতন খাওয়া দাওয়া হবে।
খেলতে খেলতে হুট করে হুতুমের নীল ফ্রকটা দরজায় পুরোনো তারকাঁটায় লেগে কিছুটা ছিঁড়ে গেল। ব্যথাও পেল মেয়েটা। বিন্দু তখন মাত্র ভাতের মাড় গালতে নিয়েছিল। হুতুমের চিৎকারে ভ্যাবাচেকা খেয়ে গেল সে। কিঞ্চিৎ মাড় পড়ে গেলে নিচে। গরম আঁচ লাগল হাতে। সেখানে ভ্রুক্ষেপ না করেই ছুটে গেল হুতুমের কাছে। দু' হাতের আঁজলে আগলে নিল মেয়েটাকে। চিন্তিত কণ্ঠে বারংবার শুধাল,
'কই লাগছে, হুতুম? কই লাগছে?'

হাঁটু কেটে গেছে ভালোই। র ক্তও বের হচ্ছে। ঠোঁট উল্টে কাঁদছে মেয়েটা। বিন্দু বার বার বলেছিল এভাবে ছুটোছুটি করে না খেলতে। পড়ে গিয়ে ব্যথা পাবে। মেয়েটা শুনলে তো! রাগে দুম করে একটা কিল বসিয়ে দিতেই হীরণের আগমন ঘটল। এসেই হুতুমকে মারার দৃশ্য দেখে ছেলেটা ছুটে আসল। এক টানে বাচ্চাটাকে ঘুরিয়ে নিল নিজের কাছে। বিচলিত চিত্তে ধমকে ওঠল বিন্দুকে,
'মারছিস কেন? কী আজব!'
বিন্দুর চোখে জল টলমল। যতই মারুক তবে এই পৃথিবীতে তার চেয়ে বেশি হুতুমকে কেউ ভালোবাসে না।
হীরণ হুতুমকে থামানোর চেষ্টা করল আদুরে হাতে। চোখ রাঙাল কয়েকবার বিন্দুর দিকে। হুতুম কিছুটা ধাতস্থ হতেই হীরণ আবার ধমকাল বিন্দুকে,
'বেশি বড়ো সাজার চেষ্টা করিস না? চাচী তোর উপর ওর দায়িত্ব দিয়ে গিয়েছে বলে সবসময় শাসন করবি তা কিন্তু হবে, বিন্দু।'
বিন্দু হীরণের শাসনে মুখ ভেংচাল, 'শাসন করতেই হইবো। এত দুষ্টামি কেডা সহ্য করব?'
'তুই সহ্য না করতে পারলে বলে দে, আমি নিয়ে যাই ওকে। তোর এত মাতব্বরি আমার পছন্দ না।'
'হ, হ, তুমি নিয়া গেলে যাও। কিন্তু অর যত্ন করব কে?'

বিন্দুর প্রশ্নে ভ্রু কুঁচকালো হীরণ। জবাব দিল, 'কেন? তোর কী আমারে চোখে লাগে না? আমি নিবো যেহেতু, সেহেতু আমিই যত্ন করব।'
'তুমি যত্ন করবা?' প্রশ্নটা করেই খিলখিলিয়ে হেসে ওঠল বিন্দু। হীরণকে যে বিদ্রুপ করেই এই হাসিটা তা আর বুঝার বাকি নেই হীরণের। তাই সে আরও চটে গেল। চোখ রাঙিয়ে বলল,
'বে ক্ক লের মতন হাসবি না। তোর কী মনেহয় আমি যত্ন নিতে পারব না?'
'তোমার যত্ন নেওয়ারই কেউ নাই আর তুমি নিবা আরেকজনের যত্ন!'

হীরণ আঁড়চোখে কতক্ষণ তাকিয়ে রইল বিন্দুর দিকে। তারপর ছোটো করে বলল,
'কে বলল কেউ নাই? এই যে তুই আছিস। যে ঝড়ের দিনে মাথার উপর ছাতা ধরে রেখেছিল আমার জ্বর আসবে বলে, সে থাকতে আমি কেন বলব কেউ নেই?'

হীরণের কথায় চমকে গেল বিন্দু। খুশিতে চকচক করে উঠল চোখদুটো। প্রায় আত্মহারা হয়ে বলল,
'তার মানে তুমি আমারে কেউ কেউ ভাবো?'

হীরণ চোখ ঘুরিয়ে ফেলল। বিন্দু যেটা ভেবে খুশি হয়েছে হীরণ সে প্রসঙ্গে বলেনি। সে কেবল বুঝাতে চেয়েছিল বিন্দুর মতন নিখুঁত শুভাকাঙ্খী ক'জনেরই বা ভাগ্যে জুটে? অথচ মেয়েটার চঞ্চল মন বুঝে নিল অন্যকিছু! বিন্দুর খুশিতে হস্তক্ষেপ করার ইচ্ছে হলো না আর। তাই ভুলও ভাঙালো না।
অন্যদিকে বিন্দু প্রায় খুশিতে দিশেহারা। বিড়বিড় করে করবীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল,
'আপা, তোমারে ম্যালা ভালোবাসি। তুমি জানো? আমি যারে ভালোবাসি, হেয়ও আমারে কেউ কেউ ভাবে। ইশ্ তুমি থাকলে এই খুশিডা ভাগ কইরা লওয়া যাইতো। তোমারে না কইতে পারলে শান্তি লাগতাছে না। বিন্দুবালা কালা বইল্যা হীরণ ভাই মুখ ফিরায় নাই, আপা। হীরণ ভাই অন্যরকম। এক্কেবারে অন্যরকম।'

(৩৪)

হসপিটালের কড়া ফিনাইলের ঘ্রাণে যেন মানুষ হারানোর একটা বিজ্ঞাপন থাকে। করবীর কেবলই মনেহয় মৃত্যুর যমদূত আশেপাশে থাকে বিধায় হসপিটালের ভেতরে ঢুকলে তার শরীরটা কেমন ভার হয়ে আসে। ফিনাইলের গন্ধে তার মাথা ঘুরে। কবে, কাকে, কীভাবে হারিয়ে ছিল তা মনে পড়ে যায়।
সারাটা বিকেল কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝে উঠতে পারেনি। রাত তখন শেষের দিকে। মৃদু বাতাসে তার শরীর শিরশির করছে। হুট করেই দেখল হসপিটালে খোলা বারান্দাটায় আমেনা খালা দাঁড়িয়ে আছেন। আকাশের আবছা আলোয় অস্পষ্ট আমেনা খালার মুখটি। ঘোমটা দেওয়া চল্লিশোর্ধ্ব নারীটিকে সে চেনে। অনেক কাছ থেকে চেনে। তাই আবছা ছায়ামূর্তি দেখেও সে ধরতে পারল এটা আমেনা খালা। করবী বার কয়েক ডাকল 'খালা, খালা' বলে অথচ মানুষটা উত্তর দিল না। কেবল রোবটের মতন বারান্দা থেকে ভেতরে এলেন করবীর সামনে দিয়ে হেঁটেই তৈয়ব হোসেনের কেবিনটাতে প্রবেশ করলেন। আমেনা খালাকে বাবার রুমে যেতে দেখে করবীও ওঠে দাঁড়াল। পিছে পিছে ছুটল কেবিনটায়। অথচ করবী ঢোকার আগেই কেবিনটার দরজা বন্ধ হয়ে গেল। করবী কতবার দরজা ধাক্কালো, কতটা শক্তি দিয়ে অথচ দরজাটা খুলছেই না। কেবিনের দরজার গ্লাস দিয়ে দেখা গেল আমেনা খালা বাবার কাছে গিয়ে বসেছেন। বাবার তখনো শ্বাস চলছে। কিন্তু যেই মুহূর্তে আমেনা খালা বাবার হাত ধরে বললেন, 'ভাই সাব, চলেন' ঠিক সেই মুহূর্তে বাবার শ্বাসটা থেমে গেল। বাবা আর বুক ভোরে শ্বাস নিলেন না। ইসিজি মেশিনটার লম্বা দাগ বুঝিয়ে দিল বাবার হয়েছে চিরবিদায়।
করবী পাগলের মতন কেবল দরজা ধাক্কাচ্ছে। চিৎকার করে বলছে,
'আব্বু, আব্বু যেও না। আব্বু....'

দীর্ঘ একটা স্বপ্ন ভেঙে গেল। করবীর শরীর কাঁপছে মৃদু। ঘেমে চুপসে গেছে তার শরীর। ঘুম ভাঙতেই তিমিরের চিন্তিত মুখটা দৃশ্যমান হলো করবীর চোখে। লোকটা করবীর অগোছালো চুল গুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে জিজ্ঞেস করছে,
'কী হলো? কী হলো? দুঃস্বপ্ন দেখেছ? কী হলো!'

মস্তিষ্ক সজাগ হতেই করবী ঠাহর করল সে তিমিরের বাহুতে ঘুমিয়ে ছিল। এখনও সে অবস্থাতেই আছে। নিজেকে ধাতস্থ করেই সে দ্রুত মাথা উঠিয়ে ফেলল। হম্বিতম্বি করে ওড়না ঠিক করল। জোরে জোরে শ্বাস ফেলল। এত ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে যে এখনো বুক কাঁপছে।
তিমির হয়তো বুঝতে পারল স্বপ্নের ব্যাপারটা। তাই করবীর মাথায় ভরসার হাত রাখল। নিবিড় স্বরে বলল,
'শান্ত হও। আঙ্কেল ঠিক আছেন। একটু আগেই আমি গিয়ে দেখে এলাম। ঘুমাচ্ছেন।'
'শ্বাসকষ্টটা কমেছে?'
'তখনের মতন অতটা নেই তবে এখনো আছে। অক্সিজেন দেওয়া হচ্ছে। চিন্তা করো না।'

তিমির ভরসা দিলেও করবী ভরসা পেল না। তার চোখে কেবল ভেসে ওঠছে বিকেলের সেই দৃশ্য। বাবা কেমন শ্বাস টেনে যাচ্ছিলেন। কোনো সাড়াশব্দ নেই, কথা বলতে পারছিলেন না! করবী হাউমাউ করে কেঁদে তিমিরকে ডাকল। এরপর বিশ মিনিটের মাথায়ই তিমির পৌঁছালো তার কিছু মিনিট পর অ্যাম্বুলেন্সও এলো। তিমিরই আনিয়েছিল। এরপর তিমিরের প্রচেষ্টায় বাবাকে হসপিটালে আনা হলো দ্রুত চিকিৎসা শুরু করা হলো। ভাগ্যিস তিমির ছিল। নাহয় সে একা হাতে কীভাবে সবটা সামলাতো! তার যে তখন বড়োই অসহায় লাগছিল!
সেই বিকেল থেকে লোকটা তার সাথে। এখন মধ্যরাত। কিচ্ছু খায়ওনি। করবীর ভাবনার মাঝেই তিমিরের কোমল স্বর পাওয়া গেল,
'চলো, নিচে যাই। নিশ্চয় সারাদিন কিছু খাওনি? আসো।'

করবী অনীহা প্রকাশ করল, 'খিদে নেই। আপনি গিয়ে কিছু খান। সেই কখন আসছেন এখনো বাড়িতে যাননি। নাহয় এখন চলে যান। দরকার হলে আবার ডাকব।'
'চুপ করো। তোমার মনেহয় তোমাকে একা রেখে এখন আমি চলে যাব? অযৌক্তিক কথা বলো না। আসো নিচে যাই। অন্তত আমার জন্য আসো। আমার খিদে পেয়েছে।'

করবীর অনিচ্ছা থাকা সত্ত্বেও ওঠল। একবার বাবার কেবিনে উঁকি দিয়ে হতাশ শ্বাস ফেলল। তারপর ক্লান্ত পায়ে হাঁটা আরম্ভ করল। এতটা নিঃস্ব লাগছে আজ! মনে হচ্ছে এ দুনিয়ায় তার কেউ নেই। কেউ না। ভেতরে এই একটা অনুভূতি তাকে পুড়িয়ে দিচ্ছে। জ্বলে পুড়ে যাচ্ছে অন্তর। কেবল মনে হচ্ছে আব্বু ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কী মানে? কী জন্য বেঁচে থাকবে সে? তার কে আছে নিজের বলতে?

ঠিক সেই মুহূর্তে একটি হাত তার ছোটো, কোমল তালু জড়িয়ে ধরল। ভরসা দিল শক্ত মুঠো,
'চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে।'
করবী ঠোঁট কামড়ে কান্না আটকায়। মনকে শীতল করতে চায়। তিমিরও ভেতর-ভেতর অপরাধ বোধে ভোগে। যতই সে বলুক সব ঠিক হয়ে যাবে কিন্তু সে তো জানে, কিচ্ছু ঠিক হওয়ার নয়। ডাক্তার জানিয়ে দিয়েছেন হাতে সময় কম। কিন্তু মেয়েটাকে এটা বলা যাবে না। এত শক্ত, কঠিন মেয়েটি এখনই ভেঙে পড়েছে। বাকিটা শুনলে হয়তো আর সামলাতে পারবে না।
রাতের শহরে ভেসে গেল দীর্ঘশ্বাস। কেউ ঘুমুতে ব্যস্ত আর কেউবা চির নিদ্রার খুব কাছাকাছি।

_

তিমির ফিরছিল না। রাত বাড়তে বাড়তে প্রায় শেষের দিকে। সজাগ বিদিশা। আগেও সে তিমিরের বাড়ি ফেরার অপেক্ষা করত। তিমির যতক্ষণ না আসতো সে সজাগ থাকতো। যতই তিমির সম্পর্কে তার দেবর হোক সবসময় সম্মান করেছে বড়ো ভাইয়ের মতন। তিমিরও শ্রদ্ধা করেছে আবার স্নেহও দিয়েছে। এই বাড়িতে এই একটা মানুষ হয়তো বিদিশাকে একটু মানুষ ভেবেছিল।

ড্রয়িং রুমে ড্রিম লাইটের নীল আলো জ্বলছে। যে আলোয় রুমটাকে মায়া পুরী মনে হচ্ছে। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে বিদিশা।
'আপনার রুম কী হয়েছে? এখানে শুয়ে আছেন যে!'
গম্ভীর পুরুষালী কণ্ঠে হালকা তন্দ্রাভাব কেটে গেল বিদিশার। চোখ খুলতেই তুষারকে দেখতে পেল। তুষারকে দেখতেই তার চোখ-মুখ কঠিন হয়ে গেল, 'এ বাড়িতে আমার রুম বলতে কিছু নেই।'

বিদিশার শক্ত-পোক্ত জবাবে কপালে তিন ভাঁজ পড়ল তুষারের। অবাক স্বরে শুধাল,
'আপনি এভাবে কথা বলেন কেন?'
বিদিশা ভ্রু বাঁকাল, 'কী ভাবে কথা বলি?'
'কেমন হিংস্র স্বরে। মনে হয় যেন কাউকে সহ্যই করতে পারছেন না।'
'পারছি না-ই তো।'
বিদিশার এহেন উত্তরে এবার কিঞ্চিৎ রাগ হলো তুষারের। সে-তো মেয়েটার সাথে যথেষ্ট ভালো ব্যবহারই করছে। তবে মেয়েটার এত দেমাগ কেন হবে?
'সহ্য করতে না পারলে থাকছেন কেন?'
তুষারের এমন একটা প্রশ্নের আশাই করেছিল বোধহয় বিদিশা। মোক্ষম প্রশ্নটা পেতেই সে উঠে দাঁড়াল। দু'হাত আড়াআড়ি ভাবে বুকে গুঁজে বলল,
'থেকে ছিলাম একটা জিনিস দেখতে।'
'জিনিস?'
'হ্যাঁ।'
'কী জিনিস?' তুষারের প্রশ্নের সাথে সাথে জবাব দিল না বিদিশা বরং কিছুটা সময় নিল। তারপর বেশ তাচ্ছিল্য করে বলল, 'কাপুরুষ দেখতে কেমন হয়।'

বিদিশার উত্তর বোধগম্য হলো না তুষারের, 'কাপুরুষ? বুঝলাম না। কাপুরুষ কে? কাকে মিন করছেন?'
'কেন? এটা না বুঝার কী আছে? কাপুরুষ বলতে আমি আপনাকেই মিন করেছি। যে বিয়ে করার ক্ষমতা রাখে অথচ বউকে রেখে বিদেশ চলে যায় সকল দায় দায়িত্ব বিসর্জন দিয়ে।'

বিদিশার এহেন উত্তরে রেগে অগ্নিশর্মা তুষার। ধমকে বলে উঠল,
'খবরদার। কাকে কী বলছেন ভেবে বলবেন। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার অমতে হয়েছে এই বিয়ে।'

এবার বিদিশা সশব্দে হেসে ওঠল,
'পুরুষের অমতে কখনো পুরুষকে বিয়ে দেওয়া যায় না। এটা সম্ভব না। পুরুষের এতটুকু ক্ষমতা আছে যতটুকু ক্ষমতা থাকলে তার অমতে কিছু করা সম্ভব না। অবশ্যই মত ছিল বিয়ে করার। এরপর বিয়ে করে মান-অভিমানের ঢঙ করে দেশ ছাড়লেন। আপনাদের মা ছেলের এই রাগ-অভিমানে সবচেয়ে বড়ো ক্ষতি হলো কার? আমার। অথচ আমার কোনো দোষ ছিল না। দোষ না করেও আপনার জন্য আমি শাস্তি ভোগ করেছি। যে আমার জীবন নরক বানিয়েছে তাকে আমি নিশ্চয় পুরুষ বলব না? কাপুরুষই বলব।'

তুষার যেন আর কথা খুঁজে পেল না। আসার পর থেকে যে মেয়েটাকে নির্লিপ্ত পেয়েছে সে মেয়েটা হুট করে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যেন সে বুঝে ওঠতে পারল না।
বিদিশা কথা শেষ করে রুমে যেতেই তাসনীম বেগমের গলা পাওয়া গেল। তিনি সবটা শুনেছেন। তাই কিছুটা উগ্র কণ্ঠেই বলছেন,
'বউ, তোমারে এই বাড়িতে আনা আমার জীবনের বড়ো ভুল ছিল। অযোগ্যদের যোগ্য স্থানে আনলে যা হয়। আমি শীগ্রই তোমার বাবাকে আসতে বলব...'

ভদ্রমহিলা আরও কিছু বলছিলেন অথচ বিদিশা শোনার প্রয়োজন বোধ করল না। ঘরে ঢুকেই মুখের উপর দরজা দিল। তার শান্তি দরকার। এতদিন সংসার সংসার করে শান্তির খোঁজ করতে পারেনি। এখন করবে। এই সংসার থেকে তার পাওয়ার কিছু নেই তাই সংসারের মায়া সে টেনে ছিঁড়ে ফেলছে। এখন একটু নিজের জন্য বাঁচতে ইচ্ছে করে।

#চলবে

[রিচেক দিইনি৷ বানান ভুল হলে নির্দ্বিধায় ধরাবেন।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 23 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন