ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 24

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ২৪

কলমে: মম সাহা

আজ দিনটি ভালো নয়। অন্তরিক্ষে নীরদ মুখ ভার করে বসে আছে ছোট্টো কিশোরের ন্যায়। মনে হচ্ছে মায়ের বকুনি খেয়েছে সে। এক্ষুণি কেঁদে দিবে। মানুষ তখন সেই কান্নার নাম দিবে বৃষ্টি। বিদিশা খাটের এক কোণায় বসে মন ভার থাকা আকাশকে দেখছে। মৃদুমন্দ পবনে ইচ্ছেমতন উড়ছে বাতায়নের কোল ঘেঁষে থাকা জানালার পর্দা গুলো। বিদিশার চোখে নিগড় শূন্যতা। ড্রয়িং রুম থেকে চামচ নাড়ার টুংটাং শব্দ হচ্ছে। হয়তো দুপুরের খাবার তৈরী হয়ে গিয়েছে।
ভাবতে ভাবতেই তাকে ডাকতে এলো কাজের মহিলাটা, 'বউমা, খাইতে আসেন।'
বিদিশা ধ্যান দিল না সে ডাকে। তার ধ্যান যেন কোনো এক অরণ্যে কিংবা নিবিড় সমুদ্রে। এই জনজীবন থেকে বহুদূরে। ধরাছোঁয়ার বাহিরে।
মহিলাটি আবার ডাকল, 'খাইতে আহেন, আম্মা। সকালেও খান নাই।'
এবার বিদিশার শ্রবণেদ্রিয়ের পাশাপাশি মস্তিষ্কও সজাগ হলো তবে নড়চড় দেখা গেল না দেহের ভেতর। আগের মতনই দুই হাঁটুর উপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে আছে আকাশে। কেবল প্রাণহীন কণ্ঠে বলল, 'খাবো না।'
মহিলাটি আর ডাকল না। তার বড়ো মায়া হলো এই মেয়েটির জন্য। বহু বছর যাবত এ বাড়িতে কাজ করার সুবাদে এই পরিবারটির সকল পরিস্থিতি সম্পর্কে সে অবগত। সে দেখেছিল, সদ্য বিবাহিত চঞ্চল মেয়েটি সংসারের দায়িত্ব কেমন কোমল হাতে গুছিয়ে নিয়ে ছিল। স্বামীর প্রত্যাহারের ব্যথা ভুলে সংসারটিকে আগলে নিয়েছিল চড়ুইয়ের বাসার মতন। অপেক্ষা কতটুকু সময়ের জন্য তার নির্দিষ্টতা না জেনেই দিনের পর দিন কেবল অপেক্ষা করে গেছে। অথচ সেই মেয়েটির ভাগ্যেই কি-না শেষবেলা কিছুই মিলল না? অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় না তার উজ্জ্বল প্রমাণ যেন সে!
রাবেয়া খাতুনের বুক থেকে পরপর বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তিনি গিয়ে আক্ষেপের সাথে তাসনীম বেগমকে জানান বিদিশার না সূচক উত্তরটির কথা। বিদিশার না-তে বাড়ির সামান্য গৃহ ভৃত্যের মায়া লাগলেও মায়া হলো না তাসনীম বেগমের। বরং সে ফুঁসে ওঠলেন। গলার স্বর ইচ্ছেকৃত উঁচুতে তুলেই বললেন,
'খাবে না কেন? এখন কী এ বাড়ির খাবারও রুচিতে নিচ্ছে না? এতদিন তো ঠিক নিয়েছিল।'

বিদিশা ঘর থেকে ঠিক শুনতে পেল তবে উত্তর দেওয়ার প্রয়োজনটুকু বোধ করল না। এতে তাসনীম বেগম অসন্তোষ হলেন। এবার হনহন করে তিনিই গেলেন বিদিশার রুমে। বরাবরের মতন রুমে প্রবেশ করার অনুমতিটুকুও আজ আর নিলেন না। রুমে ঢুকেই প্রশ্ন ছুঁড়লেন,
'বৈরাগী ভাব ধরেছ নাকি? তোমার কাহিনি তো কিছুই বুজছি না।'
প্রশ্ন এলো একের পর এক। উত্তর দেওয়ার মানুষটি রইল নির্লিপ্ত। তাসনীম বেগম এগিয়ে গেলেন আরও দু'কদম। বিদিশার ভাব-গতিক কিছুই তার স্বাভাবিক লাগছে না। মেয়েটা এতটা উদ্ভ্রান্ত হলো কেন? এবার একটু নরম হলেন তিনি,
'তোমার ঠিক সমস্যাটা কী বলবে আমাকে?'
বিদিশা এবার জবাব দিল না ফিরেই, 'আমার সমস্যা নেই।'
'তাহলে এমন করছ কেন?'
'কেমন করছি?' প্রশ্ন করেই তাকাল সে শাশুড়ির দিকে। চোখে চোখ রেখে জবাব চাইল। দৃঢ় সেই দৃষ্টির ভাষা।
তাসনীম বেগম চোখ ঘুরিয়ে ফেললেন। বললেন, 'আমার ছেলে আসাতে তুমি খুশি হওনি মনে হচ্ছে। তুমি কী চাওনি ও আসুক?'
'আপনার ছেলের সাথে আমার খুশি কিংবা কষ্টের কোনো যোগসূত্র আদৌ নেই।'
'নেই!' তাসনীম বেগম কিংকর্তব্যবিমুঢ়। যে মেয়ে স্বামীর সান্নিধ্য না পেয়েও দিনের পর দিন অপেক্ষা করে গিয়েছে স্বামীর ফিরে আসার সে মেয়ে কিনা বলছে যোগসূত্র নেই?

'না, নেই।'
তাসনীম বেগমের আর ধৈর্য হলো না বিদিশার খামখেয়ালি মেজাজ মেনে নেওয়ার। তাই তার কণ্ঠ এবার কাঠ কাঠ হলো,
'না থাকলে চলে যাচ্ছ না কেন?'
বিদিশার দৃষ্টি এবার কাঁপল। খুব ক্ষীণ। হৃদপিণ্ড কেঁপেছে কিন্তু সেটা ক্ষীণ নয় অস্বাভাবিক ভাবে দ্রুত। চলে যাওয়ার হলে সে তো বহু আগেই যেত। সে তো যায়নি। বিনা যত্নে, বিনা প্রেমেও তো সে থেকে গেছে কতগুলো দিন। অথচ আজ কী সুন্দর সাবলীল ভাবে তাকে চলে যাওয়ার নিমন্ত্রণ ছুঁড়ল মানুষটা!
'যাব। তবে এভাবে নয়।'
'কীভাবে? কীভাবে যাবে? তোমার এই অশান্তি আর ভালো লাগছে না। আমার ছেলেটা এত বছর পর বিদেশ থেকে এলো, আমি শান্তি চাচ্ছি। তুমি পরের বাড়ির মেয়ে, পরের বাড়িতেই যাও।'
'তাই যাব, মা। যতই হোক, পর কখনো আপন হয় না।' তার শেষ বাক্যে কঠোর শ্লেষের আভাস। তাসনীম বেগম কথা বাড়ানোর সুযোগ পেলেন না আর। তার আগেই বিদিশা আগের মতন আকাশ দেখা আরম্ভ করে দিল। পরোক্ষভাবে যেন তাসনীম বেগমকে ঘর ছাড়ার আহ্বান করল। তাসনীম বেগমও তা বুঝলেন। চালাক মানুষ কি-না! সবই বুঝেন। কেবল এতটুকুই বুঝলেন না, যতটুকু বুঝলে পরের বাড়ির মেয়েরও যে মন থাকে সেটা জানতে পারতেন।

(৩৫)

হসপিটালের এক কোণায় চুপচাপ বসে আছে করবী। আশেপাশে কেউ নেই তার। মাথা ঝিমঝিম করছে। গতকাল থেকে এ অব্দি তিমির তার পাশে থাকলেও এখন জরুরী কাজে বেরিয়েছে। যেতেই হবে বলেই গিয়েছে। নয়তো সে যেত না এতটুকু করবী জানে। তার ভীষণ একা লাগছে। এই বিপদের দিনে বিন্দু, হীরণকে কাছে পেলে ভালো লাগতো। কিন্তু কিছু করার নেই। তার ফোনটা গতকাল হাত থেকে পরে যে টুকরো-টুকরো হয়েছিল সেটা আর ঠিক করা হয়নি। সেটা ঘরের মেঝেতেই তেমন ভাবে পড়ে আছে হয়তো! বিন্দুর নাম্বারটা জানা আছে। একবার কল দিয়েছিল তিমিরের ফোন থেকে সকালে কিন্তু যায়নি কলটা। তাই আর দেয়ওনি। মেয়েটা তো সবে সকল দুঃখ কাটিয়ে ওঠেছে, থাক, আর দুঃখে নাহয় সামিল না করল!
করবীর ভাবনার জাল ছিঁড়ল ডাক্তারের কথায়, 'পেশেন্ট তো আপনার বাবা হন, তাই না?'

করবী প্রথম দফায় চমকে গেলেও নিজেকে সামলে নেয় দ্রুত। মাথা নাড়িয়ে জবাব দেয়, 'হ্যাঁ। এখন কেমন আছে, আব্বু?'
মধ্যবয়সী পুরুষ ডাক্তারটি করবীর প্রশ্নে ভ্রু কুঞ্চিত করলেন কিঞ্চিৎ। বললেন,
'আপনার বাবার কন্ডিশন তো গতকাল রাতেই বলে দিলাম। জানেন না আপনি?'
করবী এবার অবাক হলো। কখন বলল কন্ডিশন! তবে কী সে যখন ঘুমিয়ে ছিল তখন বলেছে? কই, তিমির তো কিছু বলল না! করবীর কণ্ঠে স্বর আসে না। ভয়ঙ্কর কিছুর আভাস পেয়েই কলিজা থমকায়। তবুও সে শুধায়,
'আমাকে তো বলেনি উনি, হয়তো মনে নেই। আপনি একটু বলুন। আব্বুর শরীর কী বেশি খারাপ?'

'আপনার আব্বুর হাতে সময় নেই আর। তার এই শ্বাসকষ্টটি আসলে রোগ নয়, এটি তার শেষ মুহূর্তের অবস্থান।'
করবীর পা কেঁপে ওঠে। ধাক্কা খায় যেন প্রচণ্ড বেগে। মাথা চেপে ধরে দু'হাতে। কী ভীষণ যন্ত্রণায় যেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এত ভারি লাগছে!
ডাক্তারটির চোখে এবার উদ্বিগ্ন দেখা দিল, 'আপনি ঠিক আছেন তো? এনি প্রব্লেম?'
করবীর শরীর ঠিক নেই। প্রচণ্ড রকমের ঘাম দেয় শরীরে। তবুও সে ঠিক থাকার আপ্রাণ চেষ্টা করে। সে বেঠিক হলে জীবন চলবে কীভাবে? তার জীবন চালানোর মতন কেউ যে অবশিষ্ট নেই পৃথিবীর বুকে। আব্বু গেলেই নেইটা একবার পরিপূর্ণ হবে।

কিছুটা সময় নিয়ে স্থির করে নিজেকে। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করে,
'আব্বুর সময় শেষ তাই না?'
'হ্যাঁ। কিন্তু একটা অবাককর ঘটনা হলো কোনো মৃত্যুশয্যার রোগী এরকম শ্বাস ওঠার পর বেশিক্ষণ আর থাকেন না। অথচ আপনার আব্বুর রুহ এখনো আছে। আমার মনে হচ্ছে তার কোনো আকাঙ্খা এখনো সজাগ মস্তিষ্কে। তাই সেই আশাটুকু পূরণের জন্য এখনো শ্বাস ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। রোগীর মস্তিষ্কে হয়তো বহুদিন যাবত এই ইচ্ছেটা পুষে রাখা। তাই তিনি এতটা যন্ত্রণা সহ্য করেও শ্বাস নিচ্ছেন।'

করবীর কাছে এই প্রতিটা কথাই নতুন। সে ভাবতে আরম্ভ করল আব্বুর কোন ইচ্ছেটা বহুবছর যাবত পুষে রাখা? তেমন কোনো ইচ্ছের কথাতো সে জানে না। আব্বু কখনো বলেওনি। এমন কী ইচ্ছে হতে পারে যার জন্য মানুষটা বেঁচে থাকার এমন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে!
ডাক্তার চলে যেতেই করবী ধীর পায়ে কেবিনে যায়। শান্ত, নিবিড় আবছা অন্ধকার কক্ষটি দেখেই করবীর লোমকূপ দাঁড়িয়ে যায়। মনে হয় মৃত্যু দূত এসে দাঁড়িয়ে আছে এই রুমটিতে। যেই কোনো মুহূর্তেই আব্বুর প্রাণপাখিটি ছিনিয়ে নিয়ে চলে যাবে সেই দূতটি। করবীর একমাত্র সম্বলটুকু নিয়ে এই দূত চলে যাবে বহুদূর। পৃথিবীর বুকে এরপর বেঁচে থাকার গল্পে সে হবে নিঃস্ব সৈনিক। কেউ প্রতিনিয়ত আর উৎসাহ দেওয়ার জন্য থাকবে না। বাড়ি ফিরতে দেরি হলে কেউ আর রান্না করে খাবার সাজিয়ে বসে থাকবে না। কেউ আর মেয়ের টাকা বাঁচাতে অমুক তমুক চাচার গল্প বানিয়ে বলবে না!
বুকের বা'পাশে থাকা অদৃশ্য হৃদপিণ্ডটি ডুকরে ওঠল। করবী খুব করে দোয়া চাইল, আব্বুর সাথে সাথে যেন থেমে যায় তার এই হৃদপিণ্ডটি। কী আর হবে বেঁচে থেকে। তার বেঁচে থাকাটুকু জুড়ে যে মানুষটি ছিল, সে মানুষটি না থাকলে বেঁচে থেকে আর কী লাভ? করবী জানে অনেক চাওয়ার মতন তার এই চাওয়াটাও অপূর্ণ থেকে যাবে।

বেডের সাথে থাকা চেয়ারটায় বসল সে। চোখে টলমলে অশ্রু। বাবার হাতটা আলগোছে তুলে নিল নিজের হাতের মুঠোয়। কণ্ঠ চেপে ধরে আছে যেন কোন অশরীরী। কথা আসছে না। তবুও জোর করে কথা বলল। শেষ কথা গুলো বলা হোক। নাহয় তো জীবন খাতায় আরও আফসোস বাড়বে।
'আব্বু, শুনছ...'
ডাকল বাবাকে সে। কণ্ঠ কাঁপছে। বাবা উত্তর দিল না। কিন্তু করবীর মনে হলো বাবা শুনছেন। সেই আশ্বাস থেকে সে আবার কথা বলল,
'এই যে তুমি আমারে রেখে চলে যাচ্ছ তোমার কষ্ট হচ্ছে না, আব্বু?'
দ্বিতীয় প্রশ্নেরও উত্তর এলো না। করবী উত্তরের আশাটুকুও করে না। ঢোক গিলে কথা বলার শক্তি সঞ্চয় করে। ভাঙা কণ্ঠে বলে,
'এই যে আব্বু, তুমি যে এত করে বললে ভালো চাকরি পেতে, ভালো চাকরি পেলে আমাদের ঘর সাজাবে, সে প্রতিশ্রুতি রাখবে না? তোমার মেয়ে চাকরি পাবে অথচ তা দেখার জন্য তুমি থাকবে না, তাই না? আচ্ছা আব্বু, তুমি যে চলে যাচ্ছ, আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোর একমাত্র মানুষটা যে চলে যাচ্ছে, এরপর পৃথিবী আর আমার জন্মদিন মনে রাখবে বলো? আমাকেই বা মনে রাখার মতন পৃথিবীতে কেউ কেন আর থাকবে, আব্বু? এমন বৃথা জনমে তোমার মতন আব্বু পেয়ে ছিলাম কতই না সৌভাগ্য আমার। তাই না বলো? আচ্ছা আব্বু, এখন মন খারাপ হলে আমার মুখ দেখে আমার দুঃখ বুঝবে কে বলো তো? রাতের বেলা অন্ধকার বারান্দায় যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকব তখন কে এসে আমার খোলা বইটা বন্ধ করবে? কে এসে মশার কয়েল জ্বালিয়ে দিয়ে বসে থাকবে আমার পাশে ঘন্টার পর ঘন্টা? খারাপ স্বপ্ন দেখে যখন ঘুমের মাঝে কপাল কুঁচকে আৎকে ওঠব তখন কে মাথায় ভরসা দিয়ে আমার ঘুমন্ত মস্তিষ্ককে ভরসা দিয়ে বলবে, চিন্তা করতে না? আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারা তুমিটা যাওয়ার পর আমার দুঃখ বুঝবে কে, আব্বু? আমার যেই রাতে ঘুম হয় না, সে-ই রাতে তুমি বিহীন আমি কেমন করে থাকব? আব্বু, যে আঙুল ধরে আমি হাঁটতে শিখলাম, জীবনের এই পর্যায়ে এসে সেই আঙুল ছাড়া আমি আদৌ হাঁটতে পারব? আমার না বুকের ভেতর ভীষণ কষ্ট হচ্ছে। তার চেয়েও বেশি নিজেকে নিঃস্ব লাগছে। জানি তোমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোমার আমার এই ছোট্টো দুনিয়ায় মৃত্যু নামক ভয়ঙ্কর শব্দটি না এলে কতই না ভালো হতো তাই না বলো? আব্বু, আমার কষ্ট হচ্ছে গো। ভীষণ কষ্ট হচ্ছে। আমায় রেখে যেও না, আব্বু। যেও না।'

কথা গুলো বলতে বলতে ভীষণ কান্নায় ভেঙে পড়ল করবী। থামানোর মতন কেউ নেই। কেউ না। এভাবেই পৃথিবীতে একা থেকে যেতে হয় সবাইকে। চিরজীবন কেউ যে কারো ভরসা হয়ে থাকে না।

#চলবে....

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন