ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 31

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
পর্ব: ৩২ (একাংশ)

(৪২)

ছয়তলা বিশিষ্ট বাড়িটির চতুর্থ তলাতেই বিদিশাদের ফ্ল্যাট। ছিমছাম একটু ফ্ল্যাট। দুটো রুম আছে, একটি মাঝারি আকারের ড্রয়িংরুম আছে সাথে রান্নাঘর। সাদা ঝকঝকে রুম গুলো। করবী বসে আছে বিপাশার রুমের খাটে। টিয়ে রঙের একটি বিছানার চাদর বিছানো রুমটাতে। খাটের সাথে ছোটো টি-টেবিলে শরবত, কেক আর ফল দিয়ে গিয়েছে বিদিশার মা। করবীকে দেখে যে মেয়েটা ভীষণ খুশি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। হুতুম বিদিশার বাবা জামাল ভূঁইয়ার সাথে ড্রয়িং রুমে বসে খেলছে।

'তুমি এসেছ, আমি ভীষণ খুশি হয়েছি, আপু। আমি ভাবতে পারিনি তুমি আসবে।'
বিদিশা যে সত্যিই খুশি হয়েছে তা তার চকচকে চোখ-মুখ দেখেই বুঝা যাচ্ছে। করবী বিদিশার মাথায় হাত বুলিয়ে দিল। কোমল স্বরে বলল, 'কেন ভাবতে পারনি? আমি কী তোমার কেউ না?'

বিদিশা জিবে কামড় দিল, 'অমন কথা বলো না, আপু। কয়েকদিনে তুমি আমার অনেকটা আপন হয়ে গিয়েছ।'

করবী হাসল। শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক চুমুক শরবত পান করল। দৃষ্টি তার বিদিশার দিকেই। মেয়েটার চোখ-মুখ শুকনো। গালে ব্রণ দেখা যাচ্ছে। চোখের নিজে কালি। এমন লাস্যময়ী, সুন্দরী মেয়েটার মুখে এত অযত্নে ছাপ দেখে তার বড়ো মায়া হলো। নরম স্বরে বলল,
'তোমার শ্বশুর বাড়ি থেকে আর কেউ, কোনো যোগাযোগ করেনি তাই না?'

'করেছে। আমার দেবর করেছে।'
'কেউ আসেনি?'
'ভাইয়া আসতো কিন্তু সে তো এখন শহরের বাহিরে গিয়েছে ব্যবসায়ের কাজে। নাহয় ঠিক দেখা করত।'

করবী ছোটো করে বলে, 'ওহ্।'

'আচ্ছা আপু, তোমার সাথে যিনি এলো তিনি কে ছিল? তোমার তো তেমন ভাই টাই ছিল না শুনেছিলাম।'

এবার একটু হোঁচট খেল করবী। হীরণের আসলে কী পরিচয় তা নিয়ে দ্বিধাদ্বন্দে ভুগল সে। তাই কতক্ষণ সময় কাটল মৌন। অতঃপর ক্ষীণ স্বরে বলল, 'বন্ধু।'

বন্ধু কথাটা শুনে ফিক করে হেসে দিল বিদিশা, 'বন্ধু! বন্ধুই হবে হয়তো! আমি তো কী না কী ভাবলাম!'

করবীর নত মস্তকে বলল, 'কী ভেবে ছিলে?'

'এই তো, ভেবেছিলাম প্রেমিক হবে।'
বিদিশার কথাটা যেন ঝনঝনিয়ে কানে বাজল করবীর। তড়িৎ বেগে চোখ তুলে তাকাল। ব্যস্ত কণ্ঠে বলল, 'না, না, অমন কিছু নয়।'

করবীকে বিচলিত হতে দেখে কিছুটা সন্দিহান চোখে তাকাল বিদিশা। কণ্ঠ খাদে নামিয়ে বলল, 'আচ্ছা, আচ্ছা ঠিক আছে। বুঝেছি। তুমি এত বিচলিত হচ্ছ কেন?'

বিদিশার প্রশ্নের জবাব নেই করবীর কাছে। কেন বিচলিত হচ্ছে বলতেও পারল না। কেবল হতাশার শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এই যে বুকের ভেতর একটা সংশয় নিয়ে ঘুরছে সে, সেই সংশয়ের কথা কেমন করে বুঝাবে মানুষকে! এই যে সে যেখানেই ভালোবাসা পাচ্ছে সেখানেই গলে জল হয়ে যেতে চাচ্ছে, এমন কথা শুনলে মানুষ হাসবে না?
হাসবে। অবশ্যই হাসবে। মানুষ তাকে চরিত্রহীন বলে আখ্যায়িত করবে। বলবে তার বড়ো লোভ পুরুষের প্রতি। অথচ তেমনটা নয়। তার যে লোভটা কোথায় সে ঠিক বুঝে উঠতে পারছে না। কার কাছে যাবে সে এই দ্বিধা কাটানোর জন্য? কে কাটাবে!

'কিছু হয়েছে, আপু? কোনো সমস্যা?' বিদিশা নরম স্বরে জিজ্ঞেস করল।
করবী ছোটো উত্তর দিল, 'না।'
'কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আপু। আমরা দু'জনে মিলে নাহয় সমাধান করব!'

বিদিশা সর্বোচ্চ ভরসা দেয়। করবীও যেন কিছুটা ভরসা পায়। জায়গাটা ভীষণ বিশ্বস্ত মনে হয়। সে কিছুটা অনিশ্চেয়তা বোধ নিয়েই বলে,
'আসলে আমাকে যে দিত এলো সে আমাকে পছন্দ করে। মানে, ভালোবাসে।'

'বুঝতে পেরেছি। তার চোখ মুখই সে কথা বলে গিয়েছে।'
'বুঝতে পেরেছিলে!'
'হ্যাঁ। তা, সে তোমাকে ভালোবাসে মানলাম। আর তুমি?'

ঠিক এই প্রশ্নটা তো তারও মন জুড়েই বিচরিত। সে-ও কী হীরণকে ভালোবাসে? নাকি সবটাই মায়া, মোহ, টান?

মেঘস্বরে সে বলে, 'আমি ঠিক বুঝে উঠতে পারি না আমি কাকে আসলে ভালোবাসি।'

করবীর এমন একটা উত্তর বোধহয় বিদিশা আশা করেনি। তাই কিছুটা অবাক নিয়ে বলল, 'কাকে মানে? আরও কাউকে কী মিন করছ?'

করবী উত্তরে মাথা উপর-নীচ করে। তারপর তিমিরের সাথে প্রথমদিন দেখা হওয়া থেকে বাবার মৃত্যু পর্যন্ত সব ঘটনাই টুকরো টুকরো বলে সে বিদিশাকে। হীরণের কথাও সব বলে। বলতে বাদ রাখে না বিন্দুর স্বচ্ছ প্রেমের কথাটিও। সবটুকুই মনযোগ দিয়ে শোনো বিদিশা। করবীর বাবার মৃত্যুর কথা শুনে তার মন খারাপও হয়।
সকলের গল্প বলেই বিরতি নেয় মেয়ে। মুখেচোখে তার অসহায়ত্ব। ভালোবাসা-বাসি নিয়ে তার বুকের ভেতর যে দ্বিধা তা সেই ক্লান্ত মুখটির দিকে তাকিয়েই বুঝা যায়।

'এবার বলো তুমি, আসলে আমি কাকে ভালোবাসি? কীই-বা আমি চাচ্ছি? দু'জন মানুষকেই এমন ভাবে আশা দেখানো ভীষণ বাজে ব্যাপার। খারাপ কাজ। ধোঁকা দেওয়ার সমান। কিন্তু আমি নিজেই যে নিজের মন বুজছি না! কাকে সত্যিই আমি ভালোবাসি, কে-ইবা আমার মায়া?'

'আমি যদি বলি তুমি কাউকেই সত্যিকার অর্থে ভালোবাসো না। সেটা কী তুমি মানবে?'

বিদিশার টানা টানা চোখ গুলো করবীর পুরো মুখমন্ডল জুড়ে ঘুরে বেড়াচ্ছে। করবী ক্লান্ত স্বরে বলল, 'এমনটা বলার কারণ?'

'আসলে আপু, আমরা যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসি তাহলে দ্বিতীয় কাউকে ভাবতে পারি না আর। তুমি যদি হীরণ ভাইয়াকে ভালোবাসতেই তাহলে হয়তো আরেকজন তোমার জীবনে আসতে পারত না। আসলে আমরা মানুষেরা বরাবরই ভালোবাসার জন্য পাগল। আমরা ভাবি ভালোবাসা পেলে আমরা দুনিয়া ছাড়ার ক্ষমতা রাখি। আসলে তা-ই। ভালোবাসার লোভ বড়ো লোভ। তার উপর তোমার জীবনে কেউ নেই। মা, ভাই, বোন, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন... কেউ না। তাই তুমি যেখান থেকে একটু স্নেহ, একটু ভালোবাসা পাচ্ছ সেখানেই আটকে যাওয়ার চেষ্টা করছ। যার ফলস্বরূপ দু'জন ব্যক্তির প্রতি তোমার অনুভূতি চলে আসছে। একজন ভাইয়া সুখে-দুঃখে তোমাকে ভালোবাসে গেছে নিঃস্বার্থে। তুমি সেটা জানো। তাই তার প্রতি তোমার মায়া কাজ করছে। অনেকবছর যখন আমরা কিছু পেতে পেতে অভ্যস্ত হয়ে যাই তখন সেটা মনে হয় আমাদের অধিকার। কিন্তু আসলেই কিন্তু তা নয়।
আবার তুমি দ্বিতীয় যে মানুষটার প্রতি টান অনুভব করো সেটা আকর্ষণ থেকে। এই যে হুটহাট বিপদে একজন মানুষ তোমাকে সাহায্য করেছে বিনা স্বার্থে, তোমার প্রতি তার অধিকার দেখিয়েছে তুমি এতেই ভেবে ফেলেছ এই নশ্বর জীবনে তোমার বোধহয় নিজের একটা মানুষ হলো! এবং তাই তার প্রতিও তুমি দুর্বল ভাবছ নিজেকে। আসলে দুর্বলতা একটি আপেক্ষিক বিষয়। আমাদের খুব খারাপ সময়ে কেউ আমাদের সাথ দিলে আমরা তার প্রতি দুর্বল হয়ে যাই। সে যে-ই হোক। তোমার ক্ষেত্রেও তাই। এই যে আগে কখনো তুমি ভাবোনি তুমি হীরণ ভাইয়াকে ভালোবাসো, সেটা কেন? কারণ আগে তোমার সুখে-দুঃখে সে ভালোবেসে গেলেও কোনো বিপদে তাাে পাওনি। তাই দুর্বলও হওনি। আর দুর্বল হওনি বলেই হীরণ ভাইয়া আসলে তোমাকে কতটুকু ভালোবাসে তা উপলব্ধি করোনি। এই যে এখন তোমার এমন একা সময়ে সে সাথ দিচ্ছে তাই তোমার মনে হচ্ছে তুমি তাকে ভালোবাসো। মূলত বিপদে তাকে সাথে পাওয়ার পর দুর্বলতা তৈরি হয়েছে তোমার মনে। যদি ঐ ভাইয়াটা এখন তোমার পাশে থাকত তাহলে বোধহয় জীবনে কখনোই তোমার এমনটা অনুভব হতো না। মূলত মানুষ যখন একা হয়ে যায়, তখন যাকে পায় তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। মানুষের স্বভাবই এটা। তুমি তার বাহিরে যে নও।'

বিদিশার এত সুন্দর উপস্থাপনা এবং যুক্তির কাছে করবীর সকল দ্বিধাদ্বন্দ্ব যেন কর্পূরের মতন উবে গেল। মেয়েটা তার চেয়ে বয়সে ছোটো হলেও প্রচন্ড বুঝদার। এতটা বুঝদার বোধহয় সে কখনোই হতে পারবে না।

তাদের কথার মাঝেই বেল বেজে উঠল। বিদিশার মা হাঁক ছেড়ে বলল, 'বিদু, দেখ কে এসেছে।'

বিদিশা করবীকে বসতে বলে চঞ্চল পায়ে ছুটে গেল। পরপরই ড্রয়িং রুম থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। করবীর বুক ছলাৎ করে উঠল। বিদিশা ছুটে এসে বলল,
'আপু, আমার দেবর এসেছে। আজ কী সৌভাগ্য আমার! তোমরা সবাই আসছো দেখতে!'

করবীর বুকের হৃদপিণ্ডটা থেমে-থেমে কাঁপল। বিদিশার দেবরের সাথে তিমিরের কণ্ঠের এত মিলে তার মস্তিষ্ক তাজ্জব বনে গেল।

#চলবে#বুকপকেটের_বিরহিণী
কলমে: মম সাহা
পর্ব: ৩২(বাকিংশ)

আকাশে বড়ো রূপোর থালার মতন চাঁদ উঠেছে। জোছনা হামাগুড়ি দিচ্ছে কংক্রিটের রাস্তায়। মনে হচ্ছে প্রেম বুকে পুষে রাখা শক্ত প্রেমিক দাঁড়িয়ে আছে বৈরাগী ভাবে।
বিন্দু পথের দু'পাশের ফুটপাতটায় বসে আছে। বাড়ি ফেরার তেমন তাড়া নেই শরীরের ভেতরে। আজকাল বড়ো ক্লান্ত লাগে নিজেকে। এই এত জনবহুল শহরটাতে তার ক্লান্তি মোছার মানুষের বড়োই অভাব। আঠারো বর্ষীয়া জীবনটায় আশি বছরের তিক্ততা যেন ভর করে আছে। এই যে শরীরের কোনো অঙ্গে ক্ষত হয়ে যখন সেটা ক্যান্সারে পরিণত হয় ডাক্তার তখন অঙ্গটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। অথচ এইযে দুঃখটা গোগ্রাসে বুকের ভেতর যন্ত্রণা গেঁথে গেঁথে ক্যান্সার তৈরি করে দিচ্ছে তা কেটে ফেলার কোনো গতি নেই। বাজারে কোনো সস্তার মলমও নেই সেই ক্ষত কমানোর।
বিন্দু তপ্ত শ্বাস ফেলল। রূপালী চাঁদ বুকে নিয়ে হাসতে থাকা মস্ত বড়ো আকাশের দিকে তাকিয়ে বলল,
'খোদা, চাইর আনার জীবনে দুঃখই দিলা চৌদ্দ আনার। এবার এই জীবন বইয়া নেওয়ার শক্তিও দিও।'

বিন্দুর সৃষ্টিকর্তা নীরবে বোধহয় এই প্রার্থনা শুনে। মস্ত বড়ো আকাশ তো কথা বলতে জানে না। জানলে নিশ্চয় স্বান্তনা দিতো মেয়েটাকে। হু হু করে শূন্য বাতাস বয়ে যায় গা ছুঁয়ে।

'কিরে, রাস্তার মাঝে এমন করে বসে আছোছ ক্যান? মনে হচ্ছে কুল-কিনারাহীন মানুষ তুই!'

পরিচিত পুরুষটির কথায় মুখ তুলে তাকাতেই ক্লান্ত মনটা শীতলতায় ছেয়ে গেল। যেন খোদা শুনে নিল প্রার্থনা। বাজারে সস্তার মলম হয়ত নেই তাই দুঃখ কমানোর মানুষ পাঠিয়ে দিলেন তিনি।
'আরে হীরণ ভাই, তুমি এইহানে যে!'

হীরণ বাইকটা আরেকটু সামনে নিয়ে রাখল। তারপর এসে বসল বিন্দুর পাশে। মিছিমিছি কপাল কুঁচকে বলল, 'ক্যান? এইহানে কী আমার আসা নিষেধ?'

'আরে না না, কোনো কামে আইছো কি-না জিগাইলাম।'
'তো কামেই তো আইছি। এই যে তোর লগে বইস্যা থাকার কামে আইছি।'

বিন্দু হা হা করে হাসল। লোকটা তার সাথে কেমন যেন তার মতন নাটকীয় ভঙ্গিতে কথা বলে! টেনে টেনে সুর ধরে।

'হাসছিস কেন?'
'তুমি এমন কইরা কথা কইলে আমার হাসি আহে।'
'কেমন কইরা কইলাম?'

বিন্দু দম নেয়। হীরণ ভাই যে কথা প্যাঁচানোতে বাড়াবাড়ি রকমের অসাধারণ তা মেয়েটার জানা। তাই সে কথা আর প্যাঁচাতে না দিয়ে আগের প্রসঙ্গে গেল, 'বললে না কীয়ের লাইগ্যা এইহানে আইছো?'

'তুই কী বধির হয়ে যাচ্ছি, বিন্দু? বললাম না তোর জন্য আসছি। ভাবলাম এপথে যাচ্ছি যেহেতু তোকে নিয়ে যাই।'
'মিছা কথা কইও না তো!'

হীরণ তাজ্জব বনে গেল। কী অদ্ভুত! মেয়েটা তার সত্যি কথাটাকে বিশ্বাসেই করছে না। হীরণ এবার অধৈর্য আর খানিকটা বিরক্ত হলো, 'মিথ্যা কথা আমি বলি?'
'না।'
'তাইলে তুই কেন বিশ্বাস করছিস না আমি তোকে নিতে আসছি।'

সরল চোখের মিচমিচে কালো রঙের মেয়েটা এবার অদ্ভুত হাসল। মায়া মায়া স্বরে বলল, 'ক্যান জানি আমার ভালা কিছু বিশ্বাসই হইতে চায় না, হীরণ ভাই। আমার মনডা ফাল দিয়া উডে। কলিজাডা ধড়ফড় কইরা উডে। আমি অবাক হইয়া যাই আমার এমন ভালা ভাইগ্য দেখলে! আমার এমন ভাইগ্যেও হীরণ ভাইয়ের মতন মানুষের সাথ পামু তা আমি মানতেই পারি না।'

বিন্দুর সহজ-সরল স্বীকারোক্তিতে মুখটা ছোটো হয়ে এলো হীরণের। রূপালী চাঁদ প্রেম ছড়ানোর বদলে যেন ছড়িয়ে দিল এক বুক আফসোস। হীরণ অসহায় কণ্ঠে বলে,
'এমন করে বলছিস কেন, বিন্দু? আমি কী এতটাই খারাপ!'

হীরণের প্রশ্নে ব্যস্ত হয়ে ওঠে বিন্দু। চঞ্চল কণ্ঠে বলে, 'আরে না, তুমি খারাপ হেইডা কহন কইলাম? খারাপ যে আমার ভাইগ্য, হীরণ ভাই। আপার মতন অমন রাজ ভাইগ্য যে আমার হইল না।'

'তোর আপার রাজ ভাগ্য?'
'তা নয় তো কী? যেই ভাইগ্যে হীরণ ভাইয়ের মতন মাইনষের ভালোবাসা আছে হেই ভাইগ্য রাজ ভাইগ্যই তো। অমন কপালের মানুষের দিকে আমার খালি তাকাই থাকতে ইচ্ছা করে জানো? আল্লাহ ক্যান আমারে অমন একটা ভাইগ্য দিল না তা ভাইবা অভিযোগও জমে। কিন্তু এত রাগ, অভিমান, অভিযোগ কইরা কী লাভ তাই না কও হীরণ ভাই? তোমারে তো আর পামু না।'

হীরণ নিরুপায় হয়ে যায় বিন্দুর এমন সরল আফসোসে। চাঁদের আলো পড়া এই অমানিশা গায়ে মেখে হা-হুতাশ করে দুঃখ উড়ানো মেয়েটার দিকে সে তাকিয়ে থাকে পলকহীন। নিজেকে বড়ো পাষাণ লাগে। এমন একটা মানুষের ভালোবাসা স্বীকার করার সাহস তার নেই। কেন যে সৃষ্টিকর্তা যার জন্য মায়া দেওয়ার তার জন্য না দিয়ে অন্য কারো জন্য দিল! এত অদ্ভুত কাজ করল!

-

করবী বসে আছে বিছানার এক কোণে। বিস্ময়ে টইটুম্বুর তার ভেতরটা। তার সামনেই চেয়ারটাতে বসা তিমির। সে আশ্চর্যের সপ্তম আকাশে চলে গিয়েছে। যদিও বিদিশাকে দু'জনই কিছু বলেনি তবে সে আঁচ করে ফেলেছে এতক্ষণে যে দু'জন দু'জনকে দেখে এতটা হতভম্ব হওয়ার কারণ কী।

'তুমি ভাবিদের বাসাতে কোন উপলক্ষ্যে? কোন কারণে আমি কিছুই বুজছি না।'
প্রথম কথাটা তিমির বলল। করবীর ভেতরে তখন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব। সব হিসেব কার কাছে বড়ো এলোমেলো লাগল। ভাবি বলেছিল তার দেবর নাকি একজনকে ভালোবাসতো। ঘুড়ি বলেছিল ভাবির দেবর নাকি দেবদাস হয়েছে কোনো এক মেয়েকে প্রচণ্ড ভালোবেসে।
তবে কী তিমিরই সেই দেবর! কই? তিমির তো কখনো তাকে এসব বলেনি!

করবী চুপ থাকায় উত্তর দিল বিদিশা, 'আপু ঘুড়ির মেডাম। আমাদের পাশের ফ্লাটের মেয়ে ঘুড়ি। চিনোই তো ভাইয়া?'

'বুঝলাম।'

কথা আরও বাড়তো কিন্তু তার আগেই হুতুম কান্না জুড়ে দিল। সে আর থাকবে না এইখানে। সে বাসায় যাবে। বাসায় গিয়ে সে ঘুমাবে। সে আর এ বাসাতে থাকবে না। জামাল ভূঁইয়া কত রকমের বুঝ দিতে চাইলেন কিন্তু বাচ্চাটা বুঝলে তো! টান টান উত্তেজনা টগবগে রেখেই করবীকে বের হয়ে যেতে হলো। যদিও তিমির আসতে চেয়েছিল সাথে কিন্তু করবীর শক্ত-পোক্ত নিষেধে আর যায়নি। তাছাড়া ভাবির সাথে তার জরুরি আলাপও আছে।

করবী বেরিয়ে যেতেই বিদিশা না জানার ভাণ ধরে তিমিরকে শুধাল, 'আপুকে চেনো কীভাবে, ভাইয়া?'

তিমির একটু দোনোমোনো করছিলো। কতক্ষণ ভেবেচিন্তে সে উত্তর দিল, 'চিনি। একভাবে।'

ছোটো ছোটো, ভাঙা ভাঙা উত্তরে বিদিশা মুখ লুকিয়ে হাসল।

'কেবল চেনো নাকি অন্যকিছু?'
তিমির ঠিক এই সন্দেহটাই করেছিল। বিদিশা যে তাকে এমন প্রশ্ন জিজ্ঞেস করবে তা আর বুঝার বাকি ছিল না তার। সে সাথে সাথে উত্তর দিল না। রয়েসয়ে, জিরিয়ে জবাব দিল, 'অন্যকিছু।'

'অন্যকিছুটা কী? পছন্দ করো?'
'ভালোবাসি।'

বিদিশা এতটা আশা করেনি। সে ভেবেছিল বড়োজোর তিমির মেয়েটাকে পছন্দ করে বলবে। কিন্তু সরাসরি ভালোবাসার কথাটা স্বীকার করবে ও ভাবেইনি।
কী জানি হুট করে জানা-অজানা ভাবনায় বিদিশার মনটা ছোটো হয়ে গেল। আনমনে বলল, 'করবী আপুকে কিন্তু ভীষণ পরিচিত একজনের মতন লাগে। তাই না?'

বিদিশার ছোটো প্রশ্নে বুকে কামড় দিলো তিমিরের। যেন একসময় চুরমার হওয়া হৃদপিণ্ডটাতে আবার কেউ আঘাত করল। অতীত, যাকে তিমির বরাবরই অস্বীকার করে এসেছিল নিজের সাথে নিজের যুদ্ধ চালিয়ে সেই অতীতই যেন রাজকীয় বেশে হাজির হলো এখন। যেই অতীতকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই তার। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস।
'আশাবরী....?'

'ধরতে পেরেছিলে?'
'বহু আগেই।'
'তবে ভালোবাসাটা কার জন্য? করবী আপুর জন্য না আশাবরীর অবয়বের জন্য? রক্তকরবী হিসেবে তাকে ভালোবাসো নাকি আশাবরীর মতন বলে ভালোবাসো, ভাইয়া?'

যে এক প্রশ্ন তিমির তার বুকে মাঝে দাফন দিয়ে ফেলেছিল, সেই প্রশ্নের নতুন করে মুখ তুলে তাকানোতে দিশে হারা হয়ে গেল সে। কী বলবে, কীভাবে বলবে বুঝে উঠতে পারল না। বুকের ভেতর ভাষাদের তোলপাড় চললেও কণ্ঠ রইল নিশ্চুপ। যেন বাক্যহীনতায় প্রাণ দিয়েছে বাক্ শক্তি।

মৌনতার মাঝেই যেন চতুর বিদিশা উত্তর খুঁজে পেল। কণ্ঠ কিছুটা খাঁদে নামিয়ে বলল,
'মেয়েটা বড়ো একা। এই পৃথিবীতে নাকি তার কেউ নেই। একজনকে কল্পনা করে আরেকজন মানুষকে ভালোবাসার মতন অন্যায় মেয়েটার সাথে হলে এই পৃথিবীতে নিঃস্ব মেয়েটা বাজেভাবে হেরে যাবে। ও একা তা-ও ও মেনে নিবে। কিন্তু যখন ও ভালোবাসা পাওয়ার পর জানবে ওকে দেওয়া ভালোবাসা গুলো আসলে অন্যকারো, অন্য কাউকে কল্পনা করে ওকে ভালোবেসেছ, মেয়েটা বিশ্বাস করো মরার আগে সেদিন একবার বেঁচে থেকেও মরে যাবে। কাউকে এমন ভাবে ঠকিয়ো না ভাইয়া যেন আল্লাহর দরবারে মানুষ সব দায়ভার ছেড়ে দেয়। একটু ভেবো। তুমি তো বুদ্ধিমান।'

(৪২)

বিন্দু ব্যস্ত হাতে করবীকে বার বার তাড়া দিচ্ছে। করবী রান্নাঘর থেকে ঘাম মুছতে মুছতে এলো। নাক-মুখ কুঁচকে বলল,
'অমন করছিস কেন? কী হয়েছে?'

'তাড়াতাড়ি এই ফরমডা পূরণ কইরা দেও না, আপা। হুতুমডারে স্কুলে ভর্তি করামু।'

করবী তার সামনে থাকা সাদা কাগজটা তুলে নিল। বলল,
'জন্ম নিবন্ধন ফ্রম? আচ্ছা পূরণ করছি।'

কথা শেষ করেই সে হাতে কলম তুলে নিলো। প্রথমেই লিখল হুতুমের নাম। বিন্দু জিবে কামড় দিল, 'আরে আপা, হুতুমের নাম হুতুম দিছো ক্যান?'

করবী ভ্রু কুঁচকালো, 'ওর নাম যেটা, সেটা দিবো না?'
'আরে না, হুতুমের ডাকনাম এইডা। ভালা নাম তো দৃষ্টিনন্দিতা।'
'দৃষ্টিনন্দিতা! এত সুন্দর নাম! আগে কখনো বলিসনি যে?'

খুশিতে বিন্দুর চোখ চকচক করে উঠল, 'শখ কইরা রাখছিল ওর বাবা।'
'আচ্ছা! হুতুমের মায়ের নাম কী দিব?'
ভ্যাবাচেকা খেল যেন বিন্দু। থতমত খেয়ে বলল, 'কেন? আমার আম্মার নাম দিবা। আমেনা।'
'তোর আম্মার নাম কেন দিবো? জন্ম নিবন্ধনে তো হুতুমের মায়ের নাম চেয়েছে। মেয়েটাকে কী খাতা-কলমেও অন্যের বলে স্বীকৃতি দিবি? হুতুমের মা যে বিন্দুবালা, তা দুনিয়া জানবে না?'

'আপা.....!

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 31 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন