#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৩
কলমে: মম সাহা
ভার্সিটির চত্বরের ঠিক বামপাশে একটি ঘোলাটে জলের পুকুর রয়েছে। সেই পুকুরের পাড় ঘেঁষে রয়েছে দুই-তিনটি গাছ। যেগুলোকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। ভার্সিটির ছেলেমেয়েরা সেই গাছের ছায়ায় বসে আড্ডা দেয়। হাসি-তামাশা করে। সুখ-দুঃখ থেকে শুরু করে ভাগ করে নেয় দুপুরের খাবারটাও।
বিদিশা বসে আছে তেমনই একট গাছের নিচে। হাতের মাঝে একটি ইংরেজি বই। তার দৃষ্টি, মনযোগ সবটাই সেখানে নিবদ্ধ। সেই সময়েই ব্যাগের ভেতরটা থাকা ফোনটা বেজে উঠল। বিদিশার তুমুল ধ্যানে বিঘ্ন ঘটালো সেই শব্দ।
বইটা হাতের মাঝেই ভাঁজ করে রেখে ফোনটা বের করে রিসিভ করল বিদিশা। অপরিচিত নাম্বার দেখে প্রথমেই শুধাল, 'কে?'
অপরপাশ থেকে তৎক্ষনাৎ উত্তর এলো না। উত্তর এলো জিরিয়ে, 'আমি।'
পরিচিত কণ্ঠ পেতেই কিছুটা চমকাল বিদিশা। তবে সেই চমকে যাওয়ার অনুভূতি বুঝতে দিল না অপরপক্ষের মানুষটাকে। বরং নিতান্তই স্বাভাবিক স্বরে বলল, 'কোন আমি?'
অপর পাশ আবারও নীরব। রয়েসয়ে বলল, 'নাম বললে না-ও চিনতে পারেন। যেখানে কণ্ঠই চিনছেন না।'
বিদিশা বুঝেও না বোঝার ভান করে বলল, 'এত কথা না বলে নামটা বললেই পারেন।'
'আমি তুষার।'
কথাটা যেন চিবিয়ে চিবিয়েই বলল লোকটা। বিদিশা বুঝল সেই ভোঁতা রাগের আবাহন।
'হ্যাঁ বলুন। কী দরকার?'
বিদিশার এত স্বাভাবিক স্বর যেন আশা করেনি তুষার। এত গুলো বছরে সে এতটুকু বুঝেছে মেয়েটা বড়োই ভালোবাসে তাকে। তার সাথে এই মুখ দেখাদেখি বিচ্ছেদে হয়তো মেয়েটা উদাস কাটায় দিন। অথচ কই? কণ্ঠস্বরে তো তার কোনোই আভাস নেই!
তুষার আবারও কতক্ষণ চুপ থেকে অতঃপর বলল, 'আমি দেশ ছেড়ে যাব। তার আগে তো জানতে হবে আপনার মতিগতি। তাই কল দেওয়া।'
প্রথম বারের মতন এবার আর তুষারের দেশ ছেড়ে যাওয়ার কথায় বিদিশার মন ভেঙে চূর্ণবিচূর্ণ হলো না। ভাঙা জিনিস আর কীই-বা ভাঙবে? তবে মনের কোণায় জ্বলতে থাকা নিভু নিভু আশার প্রদীপটা এই একটা বাক্যে এক লহমায় নিভে গেল। তবুও সে রইল শক্ত। বুকের ভেতর যেন শ'মণের পাথর বেঁধে উত্তর দিল, 'আমার মতিগতি বলতে? আমি কী আপনাকে দেশে আটকে রেখেছি?'
'রেখেছেনই তো! বিয়ে বিয়ে নাটকটা করে।'
তুষারের এমন কথায় ব্যথিত হলো বিদিশা, 'বিয়ে বিয়ে নাটক!'
'হ্যাঁ, নাটকই তো।'
'আপনাকে আমি যদি নাটকেই আটকাতাম তবে দেশে আপনাকে চার বছর আগেই আনাতে পারতাম। যখন চলে গিয়ে ছিলেন তখনই দেশে আসতে বাধ্য করতাম। তারপর আপনার জীবনযাপন হতো জেলে। নাটক করিনি বলেই আজ জিহ্বাটা লাগামহীন কথা বলতে পারল।'
এমন কড়া জবাবে তাজ্জব বনে গেল তুষার। প্রায় ধমকে বলল, 'মুখ সামলে কথা বলুন।'
বিদিশা হাসল। তাচ্ছিল্য করে বলল, 'সেম টু ইউ। আমার সাথে চার বছরে যত অবিচার হয়েছে সবকিছুর দায়ভার আমি সৃষ্টিকর্তার উপর তুলে দিছি। আর আপনার উপর আমার কোনো ধরণের আকর্ষণ, আশা কিছুই নেই।'
তুষারের কণ্ঠ নরম হয়ে এলো, 'নেই...?'
'থাকলে তো সংসারই করতাম। যেমন চার বছর করেছি। একা একা স্মৃতির সাথে সংসার!'
তুষার আর কিছু বলল না। কল কাটার আগে বলার ভদ্রতাটুকুও দেখাল না। খট করে কেটে দিল কলটা।
বিদিশা জোরে জোরে ক'টা শ্বাস টেনে নেয় বুকের ভেতর। মনের ভেতর মরে যাওয়া ক্ষীণ আশাটার জন্য কিছু সময় উন্মনা রয়। ভুল মানুষের উপর আশা রাখলে এমন ভাবে আশা ভাঙবে তা যে স্বাভাবিক। সে এটা জানেও। তবুও মায়া যে বড়ো ভয়ঙ্কর জিনিস। কাটানো জটিল। ক'বছর লাগবে কে জানে? নাকি এক জীবনও যথেষ্ট হবে না!
বিদিশার ভাবনার মাঝে আবারও ফোন বেজে উঠে। মায়ের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। ওপাশ থেকে মা ক্রন্দনরত স্বরে বলে উঠে, 'বিদুরে, তোর মুক্তি হয়ে গেল। তুই মুক্ত। খুশি তো?'
মায়ের কান্নার কারণ জানে না বিদিশা। তবুও মনটা কু ডাকে। সে হতবিহ্বল স্বরে বলে, 'কী হয়েছে, মা? কী হয়েছে?'
'তুষার ডিভোর্স পেপার সাইন করে দিয়ে গেল মাত্র। বলেছে তোকে সাইন করে দিতে।'
দিনে দুপুরে যেন অসময়ের বজ্রপাত হলো বিদিশার মাথার উপরে। তার মানে লোকটা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে, সব সিদ্ধান্ত নিয়েই তাকে কল দিয়েছিল?
বাহ্! মা ভুল বলেছে। মুক্তি বিদিশার নয়, হয়েছে যে সেই মানুষটার। বিদিশা যে সংসার থেকে কখনো মুক্তি চায়নি। অভিমান করে কেবল সাময়িক প্রস্থান নিয়ে ছিল। অথচ তার অভিমানের ভাষা কেউ বুঝল না। বরং অভিমানের শাস্তিস্বরূপ চির বিচ্ছেদ ধরিয়ে দিল।
অজান্তেই মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটাই হয়তো শেষ কান্না! কান্নার জন্য তার জীবনে হয়তো আর কোনো দুঃখই অবশিষ্ট থাকবে না। এইতো আজ তো তার মুক্তি। মা বলল মুক্তি হয়েছে তার।
আচ্ছা মুক্তি পেলে কী কারো যন্ত্রনা হয়? কেউ কাঁদে?
_
'বিন্দু, হুতুমের মতন নিষ্পাপ বাচ্চাটার সাথে এমন অবিচার কেন করতে চাচ্ছিস? কোন কারণে আমাকে বলবি?'
পাথর মূর্তি বিন্দু চুপচাপ বসে থাকে খাটের কোণায়। কথা বলার ভাষা যেন হারিয়েছে সে। করবী বিন্দুর বাহুতে মৃদু ধাক্কা দেয়, 'কী হয়েছে বল। এমন থম মেরে গিয়েছিস কেন? আমি জেনে ফেলেছি বলে?'
'কী জানছো আপা তুমি? কী জানছো? তুমি যা জানছো তা ভুল। সবটাই ভুল। তুমিও না কীসব যে কও! পাগল হইলা নাকি?'
বিন্দুর কথা বলার ভঙ্গি বড়োই চঞ্চল। কথা লুকানোর প্রচেষ্টা দুর্বল। তা-ই তা দেখে হাসল করবী। বলল,
'আমার কাছ থেকে কথা লুকাতে চাচ্ছিস? আমি কী এতই অবুঝ? এমন করছিস কেন সোনা? আপাকে বলবি না?'
করবী আহ্লাদে গলে জল হয়ে যায় মেয়েটা। চোখ টলমল করে নোনা জলে, 'আপা, আপা গো, আমি যে দূরে সরাইতে চাই নাই অরে। কিন্তু আম্মা কইলো এই সমাজ নাকি বড়ো খারাপ। আমার বিন্দু নাকি কেবল আমার পরিচয়ে বড়ো হইতে পারবো না। বাপের পরিচয়ও লাগবো। কিন্তু কেমনে অর বাপের পরিচয় দিমু আমি! অর যে বাপই নাই।'
করবী হতবিহ্বল হলো। মনে ভেসে উঠল খারাপ চিন্তা। ভারী বিস্ময় নিয়ে বলল, 'কী বলছিস তুই? আমি কিচ্ছু বুজছি না।'
মাথা নুয়ালো বিন্দু। ঠোঁট কাঁপলো তিরতির বেদনায়। কম্পনরত স্বরে বলল,
'আমার বিয়া হইছিল, আপা। আমার যহন বয়স তেরোর ঘরে পড়েও নাই তহন আমার বিয়া হইছিল। জীবন চিননের আগেই চিনছি সংসার। নরম দুই হাতে নামাইছি বিরাট ভাতের পাতিল। একটা রাক্ষসের মতন শ্বশুর বাড়ি। ভয়, আতঙ্ক চাইরপাশে। সংসার না করার কত বায়না করছি। কিন্তু ছাড়তে পারি নাই স্বামীর লাইগ্যা। অতটুকু বয়মে আমারে অমন ভালোবাসা দেওয়া মানুষটারে কেমন কইরা ছড়তাম কও? কিন্তু..... '
করবীর ধৈর্যের বাঁধ ভাঙল, 'কিন্তু কী'
'তিন মাসের বেশি আমার সংসার যে টিকলো না, আপা। বিধবা হইয়া গেলাম। স্বামীর সোহাগ মাখা সংসার করার আগেই স্বামী মুইছ্যা গেলো জীবন থেইকা। আমার ভাইগ্য আমারে যে কহনো সাথ দেয় নাই, আপা।'
বাহির থেকে হুড়মুড় করে গরম হাওয়া ঢুকছে। জানালায় লাগানো সস্তার পর্দা গুলো উড়ছে। করবীর চোখ-মুখে আকাশ সমান বিস্ময়। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বুকের ভেতর থাকা অদেখা হৃদপিণ্ডটা অবিরতি লাফাচ্ছে।
'বিন্দু, কী বলছিস তুই এসব? তোর বিয়ে হয়েছিল এবং স্বামী মারা গিয়েছে?'
'হ আপা, হ। আমরা তহন গেরামে থাকতাম। দিন কাল ভালোই কাটতো আমাগো। গরু পালতাম, হাঁস পালতাম। আব্বায় মাডি কাটতো। সুন্দর কইরা চলতো সংসারডা। পদ্মার লগে আছিলো আমাগো বাড়ি। একবার পদ্মায় উডলো উথাল-পাতাল ঢেউ। আমাগো বাড়ির জমিন ভাইঙা তলায় গেলো হেই ঢেউয়ের লগে। তহন সর্বস্ব হারাইয়া আমরা কাঙাল। আব্বায় হেউ শোক মানতে না পাইরা স্ট্রোক করলো। এরপর অসার হইয়া গেল আব্বার দেহ। আমি তহন এগারো বছরের মাত্র। আম্মার হেই কী যুদ্ধ! ছুডু কয়েকটা জায়গা আছিল হেডি বেইচ্চা, হাঁস-মুরগী বেইচ্চা আব্বারে ডাক্তার দেহাইলো। একটা কোনো মতে বাঁশের ঘড় উডাইলো। ভাত খাইতে ভাত পাইতাম না। এর অর বাড়ি গিয়া তাগো ভাতের ফেন আইন্যা খাইতাম। খিদায় পেট বুক লাইগ্যা যায় অবস্থা। আম্মা এই বাড়ি, ঐ বাড়ি গিয়া ধান সিদ্ধ কইরা, বাটাবাটি, কাটাকুটি কইরা আমাগো লাইগ্যা কিছু টেহা আনতো। কহনো বা চাল আনতো।
আমাগো গেরামে আছিলো একটা জমিদার বাড়ি। বিশাল বাড়ি আছিলো হেগো। একদিন হেই বাড়ি থেইক্যা আমার বিয়ার প্রস্তাব আইলো। হেই বাড়ির বড়ো পোলার লাইগ্যা। পোলা না, বেডা কওয়া যায়। বেডার এর আগে বিয়া হইছিল। সতেরো বছরের সংসার করছে এরপর বউ মইরা যায়। হেই বেডার লাইগ্যাই বিয়ার সম্বন্ধ আহে আমার লাইগ্যা। সাদা ধবধবে আছিল তিনি। চোখটি হুতুমের চোখের মতন। চুল গুলাও অমন হালকা বাদামি কোঁকড়াইন্যা। বেডার বয়স তহন হইবো পয়তাল্লিশের বেশি-কম। আম্মারে হেই বাড়ি থেইক্যা সাহাইয্য করবো জানাইছিল। পরে আম্মা গতি নাই পাইয়া আমাগো এক দেড় বছরের কষ্টের জীবনের ইতি টানোনের লাইগ্যা তার কলিজার টুকরাডারে ঐ বয়সে বিয়া দেয়। বাঁচতে যে হইতো আমাগো। আম্মা এমনে কইরা আর কতদিনই বা খাওয়াইতো?
হেই জমিদার বাড়ির সব আছিল রাজাগো আমলের মতো। হুনছিলাম দাদী শাউড়ী আছিলেন এক বিদেশির বউ। এই জন্য আমার শ্বশুর, আমার জামাইয়ের চেহারায় ঐ ছাপটা আছিল। বিয়া হইয়া যহন শ্বশুর বাড়িতে গেলাম তহন কিছুই বুঝি না সংসারের জটিলতা। স্বামীর সোহাগ কারে কয় হেইডাও জানিনা। শ্বশুর বাড়ির মানুষ দেখতাম কেমন কইরা যেন আমার লগে ব্যবহার করে। তবে স্বামী আমারে আদর করতো ম্যালা। জা, দেওর, ভাসুররা দেখতে পারতো না। কারণ আমার যদি পোলাপাইন হয় তাইলে তো সম্পত্তির ভাগ দেওন লাগবো!
শ্বশুর বাড়িতে আমার একমাত্র ভরসা আছিল স্বামী
একদিন হেই মানুষ আমারে ছাইড়া যায়। আমার অইটুকুন বয়সের প্রথম নির্মমতা। স্বামী মইরা যাওনের পর আমার জীবনে নামে দুর্ভোগ। কেউ আমার দুই আনার দাম দিতো না। এর মইধ্যে একদিন পেডে আইলো হুতুম। হগলের যেন মাথাতে আকাশ ভাইঙা পড়লো। সম্পত্তির ভাগ পাওনের মানুষ আইয়া পড়ছে! তারা আমার উপর অত্যাচার এত বাড়াবাড়ি রকমের করল যে আমার গায়ে পইয্যন্ত হাতে তুলছে। কোনোমতেই আমারে বাড়ি থেইক্যা তাড়াতে না পাইরা সবশেষে আমার গায়ে কালি লাগাইলো। কইলো আমার চরিত্রের দোষ। গ্রামে ছি ছি পইড়া গেলো। আমার বাইচ্চা থাকাটা নরক কইরা দিল। তারপর.....'
বিন্দু থামে এবার। হাঁপিয়ে গিয়েছে মেয়েটা। চোখ-মুখে আতঙ্ক। পুরোনো ভয়টার স্মৃতি মনে পড়াতে বোধহয় এই আতঙ্ক। করবী পানি দিল বিন্দুকে। মেয়েটা খেলো। মুখ মুছল ওড়নার কোণ দিয়ে। করবী নরম কণ্ঠে জিজ্ঞেস করল, 'তারপর?'
'তারপর আর কী? আম্মা আমারে বাঁচানোর লাইগ্যা গ্রাম ছাড়লো। হুতুমরে পেডে লইয়া আইলাম ঢাকায়। চৌদ্দ বছরে জন্ম দিলাম হুতুমরে। আমাগো কষ্টের জীবনে আরেক ইতিহাস হইলো। হুতুম হওয়ার পরেই তো তোমাগো বিল্ডিং এ উডলাম। সবাইরে পরিচয় দিলাম অন্যকিছু। দূর কইরা দিলাম অরে আমার নামের আশপাশ থেইক্যা। অর লাইগ্যাই তো এত যুদ্ধ। ঐ ভালো না থাকলে হইবো কও?'
'তোর জীবনে এতটা ঝড় অথচ বলিসইনি কখনো! কেন? আমি পর ছিলাম তোর?'
বিন্দু করবীর হাত চেপে ধরল, 'না আপা, এডি কইও না। আসলে আমি কহনো চাই নাই এডা কেউ জানুক। যা ফালাই দিছি জীবন থেইকা তা জানামু কেমন কইরা কও?'
'তা-ও তো আমি বুঝেই গেলাম। সত্য যে চাপা থাকে না। '
'তুমি কেমন কইরা জানলা, আপা?'
'হুতুমের চেহারার সাথে খালার মানে তোর আম্মার চেহারার কোনো মিল ছিল না তাছাড়া ওর চেহারা অবয়ব ছিল অন্যরকম। তোর কিছুটা মিল ছিল। তার উপর তোরা বলতিস তোর আব্বু প্যারালাইজড হয়েছে আট-নয় বছর অথচ হুতুমের বয়স চার! কী অদ্ভুত ভাবে খচখচ করতো ব্যাপারটা। এরপর হুতুম কখনো খালাকে মা ডাকতো না। তোকেও আপু ডাকত না। খালুকে আব্বু ডাকতো না। এমন অদ্ভুত ডাকে খচখচানি বাসা বাঁধে বুকে। এরপর একদিন ব্রীজে হুতুম যখন মা'কে নিয়ে গান গাইল সেদিন তোর চোখে, তোর আচরণে ছিলো ভিন্নতা। মা, মা একটা স্নেহ খুঁজে পেয়েছিলাম আমি। আমার খটকা যে পরিষ্কার হয়ে গেলো সেদিন। একদিন খালা বলল, তোর জীবনে নাকি অনেক কষ্ট, অনেক ঝড় গিয়েছে, সত্য অস্বীকার করে বাঁচতে হচ্ছে তাই তোর যেন খেয়াল রাখি। আমি যেন একে একে দুই করতে পারলাম। যদিও এতটা জানিনি, বুঝিনি, আঁচ করিনি, তবে হুতুমের সাথে তোর যেন টান তা আমি বুঝে গিয়ে ছিলাম।'
বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। অতীত সামনে আসা আদৌ কতটুকু ভালো হবে বর্তমানের জন্য? সবটা কী স্বাভাবিক থাকবে?
#চলবে