ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 33

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৪
কলমে: মম সাহা

(৪৩)

উত্তপ্ত রোদ উঠেছে অন্তরীক্ষে। রোদের বোধহয় আজ ভীষণ রাগ মনে। তাই তো সেই অসীম তেজে জনজীবন এমন করে পুড়ছে।
বিদিশার হাতে এক কাপ চা। মাটির ছোটো কাপটি। বসে আছে একটি পার্কের কাঠের বেঞ্চিতে। মাথার উপর কৃষ্ণচূড়ার গাছে থরে থরে ফুটেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া। প্রথম সাক্ষাতে ফুলগুলোকে মনে হচ্ছে নতুন বউ। যে বেনারসি পরে বসে আছে লাজুক মাথা নিচু করে। সেই ফুল গুলোর দিকে তাকিয়ে থেকে উষ্ণ চুমুক দিল কাপটিতে। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মধ্য বিকেলেও এমন ভ্যাপসা গরম যে কোথা থেকে আসছে কে জানে! চা-টাকে উপভোগ্য করার জন্য কাঁধের ব্যাগটা থেকে ফোন বের করল মেয়েটা। উদ্দেশ্য— একটি গল্প পড়তে পড়তে চা-টা উপভোগ করবে। তার আগেই নেট অন করতেই নোটিফিকেশনে ভোরে গেল ফোনের স্ক্রিন। এত এত মেনশনের নোটিফিকেশনে যেন আহাম্মক বনে গেল সে। নোটিফিকেশনে ক্লিক করে ফেসবুকে ঢুকতেই চোখের সামনে একটা ছোটো কনফেশন এলো। তার ছবিসহ কনফেশন। ছবিটা গত বুধবারের। যেদিন ভার্সিটিতে গাছের নিচে বসে সে কপাল কুঁচকে একটি বই পড়ছিল। কেমন সহজ, সুন্দর উঠেছে ছবিটি! নিজের ছবি দেখে নিজেই এক প্রকার মুগ্ধ হলো মেয়েটা। সেই মুগ্ধতার রেশ ধরেই কয়েক লাইনের কনফেশনটার দিকে তাকালো। গোটা গোটা অক্ষরে লেখা ছিল—
❝পৃথিবীতে কত সুন্দর, কত আকর্ষণীয় কিংবা কত মূল্যবান জিনিসই আছে! যার হিসেব নেই। আছে সাতটা আশ্চর্যের নাম খোদাই করা। অথচ গুণী মানুষ যদি কখনো আপনাকে দেখতো তাহলে নির্দ্বিধায় ঘোষণা দিতো- পৃথিবীতে সুন্দর, আকর্ষণীয়, মূল্যবান এবং আশ্চর্যজনক জিনিস কেবল একটাই আছে। তা হলো- বিদিশার নেশা।
এই যে বিদিশার নেশা শুনছেন, কপাল কুঁচকানো আপনাকে আমার ভীষণ মায়া মায়া লাগে।

ইতি
ও পথে থাকা পুরানো❞

ব্যস্! এতটুকু একটা কনফেশনে হুলুস্থুল পড়ে গিয়েছে। এটা নতুন নয়। গত দুই-আড়াই বছর যাবত এমন ছোটোখাটো কনফেশন তার নামে আসছে। ভার্সিটির কনফেশন পেইজ থেকেই আসে। তবে বেশি নয়। মাঝে মাঝে দু একটা। এবং কনফেশনের ভাষায় এমন প্রেম মেশানো থাকে যে মাত্রাতিরিক্ত এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। ক'দিন চর্চায় থাকে কনফেশনটা। ভাগ্যিস তার কোনো বন্ধু নেই! নয়তো উঠতে বসতে লজ্জা দিত। তবে ক্লাসমেট গুলো টুকটাক বলে। টুকটাক লজ্জাও দেয়। প্রথম প্রথম বিদিশা কড়াকড়ি জবাব দিত। জানাতো, সে বিবাহিত। তবুও কোনো হেলদোল দেখা যায়নি বিপরীত পাশের ব্যক্তির দিকে। বরং একদিন বিদিশার এমন কড়াকড়ি জবাবের বিরুদ্ধে কনফেশন দিয়ে বলল
"আমি তো প্রেমের প্রস্তাব দিইনি। কিংবা আলটিমেটাম জারি করিনি যে, বিদিশার নেশাকে আমারই হতে হবে! তবে কেন এত কাঠিন্যতা? কেন এত রাগ? মুগ্ধতা প্রকাশে যে ক্ষতি নেই। চাওয়া পাওয়া না রেখে মুগ্ধতা জানাচ্ছি তবুও কেন আসামীর মতন অনাদর করছেন?".... এরপর থেকে আর বাড়াবাড়ি করে না বিদিশা। কনফেশনে কোনো রকমের রেসপন্স করে না। দেখে, পড়ে তারপর শেষ। ক্লাসমেটরা কয়েকবার ঠাট্টা করেও বলেছিল, এমন কনফেশন পেলে তারা নাকি জীবনও দিয়ে দিত। অথচ বিদিশা সামান্য রিয়েক্টও দেয় না। সেসব কথা মেয়েটা ধরেনি কোনো কালেই। তার কাছে মনে হয়েছে কনফেশন দেওয়া ব্যক্তির বাড়াবাড়ি রকমের ফাজলামো করার বাতিক আছে। তাই কখনো সে কোনো রকমের আগ্রহ দেখায়নি সেদিকে।

কনফেশনে বার কয়েক চোখ বুলালো সে। তিন-চারবার পড়লো। ক্যাম্পাসের কোনো জুনিয়র এই ফাজলামোটা করছে বলে তার মনে হলো। উত্তর না দিয়ে সে ফেসবুক থেকে বেরিয়ে গেলো। ফোনের স্ক্রিন বন্ধ করে ব্যাগের ভেতর রেখে দিল। চা উপভোগ করতে গিয়ে চা হয়ে গেল ঠাণ্ডা। মনে মনে তার ভীষণ রাগও হলো সেজন্য।

-

করবী তার বাসাটা ছেড়ে দিয়েছে। কাউকে না বলেই ছেড়েছে। বাসা ছাড়ার দু’মাস আগ থেকে জানাতে হয় বিধায় সে আজ জানিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে। এবং ভীষণ আকুতি মিনতি করে বলেছে এ খবর যেন গোপন থাকে। এই শহরের প্রতি করবীর আর কোনো চাওয়া পাওয়া নেই। শহর পুরোনো হয়ে গিয়েছে। এই পরিচিত হাওয়া-বাতাসে আজকাল তার শ্বাস নিতে ইচ্ছে করে না। তার বড়ো নতুনের লোভ জেগেছে মনে। নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার লোভ। এই পুরোনো শহরে তার আর মন টিকছে না। সব ছেড়ে ছুঁড়ে কোনো এক পাহাড় কিংবা সমুদ্রের শহরে সে চলে যাবে। তার একা পৃথিবীতে নতুন যে কাছের মানুষদের ঘ্রাণ ছড়িয়েছে, সেই ঘ্রাণ ধামাচাপা দিয়ে সে আবার একা হতে চায়। একা থাকার এই নেশা তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে।
বাড়িওয়ালার বাসা থেকে বেরিয়েই সে নিচে নামল। বাজারে যেতে হবে একটু। ঘরে কিছু নেই। টুকটাক কেনাকাটা করবে। রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরুতেই তার দেখা হলো পরিচিত মানুষটার সাথে। বেশ অনেকটা দিন পরই এই দেখা। গরমে লাল হয়ে আছে মানুষটার মুখ। করবী আজ কোনো সংকোচ করেনি, কোনো সংশয় করেনি মানুষটার দিকে এগিয়ে যেতে। মানুষটার কাছে গিয়ে বিনা বাঁধায় বলল,
'এখানে যে! কোনো দরকারে নাকি?'

তিমিরের মুখ-চোখ শুকনো। মনমরা মেজাজ লাগছে। শান্ত, নিবিড় কণ্ঠে জবাব দিল, 'তোমার কাছেই এসে ছিলাম।'
'বাসায় যাবেন? চলুন তাহলে।'
'কোথাও যাচ্ছিলে?'
'হ্যাঁ, বাজারে।'
'তাহলে চলো, হাঁটতে হাঁটতেই বলি।'— তিমিরকে বেশ গম্ভীরই দেখাল। হয়তো মন খারাপ প্রচন্ড।
করবী সম্মতি দিয়েই হাঁটা শুরু করল।

'তোমায় একটা কথা বলব?'— কথাটি জিজ্ঞেস করেই উত্তরের আশায় থামল তিমির। করবীও থামলো সাথে সাথে। শুধাল,
'কী কথা?'

'এই যে আমি আরেক জনকে ভালোবাসতাম, এটা তুমি জানো?'

করবী জানে তবুও ভনিতা করে বলল, 'না তো! কখনো বলেননি তো! নাকি বলেছিলেন? আমার ঠিক মনে নেই।'

করবীর ভনিতা বুঝতে পারল তিমির। বুঝতে পারারও কথা। করবী বুঝিয়েই ভনিতাটা করেছে।
'না আমি বলিনি কখনো।'
'তাহলে? না বললে জানব কীভাবে?'
'কেন আমার ভাবি বলেনি? কিংবা আমাদের বাসার আশেপাশের কেউ বলেনি?'

করবী ভ্রু নাচালো এহেন কথায়, 'কেন? কেন? আশেপাশের কেউ বলবে কেন? তারাও কী জানে নাকি? এত ফেমাস প্রেম কাহিনি?'

তিমির ফুস করে শ্বাস ফেলল। করবী জেনেই যে ইচ্ছেকৃত এসব বলছে তা আর বুঝতে বাকি রইল না তার। সে ক্লান্ত স্বরে বলল, 'ফেমাস নয়, বলো ভয়ঙ্কর। ভালোবাসা না পেয়ে যেই পাগলামি করেছি তার কথা সবাই জানে। আমি সত্যিই ওরে ভালোবাসতাম। এখন হয়তো আর বাসি না। বাসলে তোমাকে মনের ভেতর আনতে পারতাম না।'

করবী তিমিরের এমন স্বীকারোক্তিতে ভ্যাবাচেকা খেলো। চুপ করে গেল তাই। তিমির করবীকে চুপ করতে দেখেই ওর হাতটা টেনে ধরল। মিনতি করে বলল,
'রক্তকরবী, আমি তোমাকে বলতে কেবল তোমাকেই ভালোবাসি। অন্য কেউ হিসেবে নয়। তুমি হিসেবেই। ও চলে যাওয়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। প্লিজ তুমি আমার একটা কথা রাখো।'

তিমিরের আকুতি মিনতিতে হতভম্ব হয়ে গেল করবী। রাস্তায় তখন বেজায় মানুষ। করবী অস্বস্তি নিয়ে বলল, 'কী করছেন? আশেপাশে কত মানুষ। সবাই দেখছে।'

'করবী, আমায় তুমি বিয়ে করবে, প্লিজ! আমাকে বাঁচিয়ে নেও।'

এ যেন তীব্র বজ্রপাত ঘটালো রৌদ্র তপ্ত দিনে। করবী টেনে সরিয়ে নিলে হাতটা, 'কী বলছেন! আপনি ভালোবাসেন সেজন্য আমাকে বিয়ে করতে হবে? আমি তো ভালো না-ও বাসতে পারি!'

তিমির হাঁটু মুড়ে বসে পড়ল। কেমন উন্মাদ, উদ্ভ্রান্ত দেখাল তাকে। সে হাত জোর করে বলল,
'জানি তুমি ভালো না-ও বাসতে পারো তবুও আমার হয়ে যাও না। এমন কতই তো হয়, একজন আরেকজনকে ভালো না বেসেও যুগের পর যুগ সংসার করে যাচ্ছে! যেমন ধরো অ্যারেঞ্জ ম্যারেজে তো ভালোবাসা-বাসির সুযোগ থাকে না, তবুও তো তাদের সংসার কেটে যায় যুগের পর যুগ। তুমি নাহয় তেমনটা ধরে নাও। কখনো না কখনো তো কারো সাথে তোমার জীবন জড়াবে তবে আমার সাথে নয় কেন? আমাকে বাঁচিয়ে নেও না করবী!'

এই আকুতি করবীকে দিশেহারা করে দিল। পালিয়ে যেতে চাইল সে পরিস্থিতি থেকে। তিমির চিৎকার করে ডাকল, 'করবী, আমি সত্যিই মরে যাব এবার। একটা মানুষ তোমাকে পেলে বেঁচে যেত এই আফসোস সবসময় বয়ে বেড়াতে হবে তোমাকে। মিলিয়ে নিও। আমার বাঁচার সাধ ছিল অনেক। বাঁচতে দিলে না! এত নিষ্ঠুর হলে!'

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 33 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন