ফন্ট সাইজ:
থিম:
বুকপকেটের বিরহিনী

পর্ব 34

লেখক: মম সাহা

#বুকপকেটের_বিরহিণী
পর্ব: ৩৫
কলমে: মম সাহা

❝কৃষ্ণচূড়ার লালে যেই মুগ্ধতা ঝরে, সেই মুগ্ধতার চেয়েও শতসহস্র কোটি বেশি মুগ্ধতা অঙ্গে ধারণ করার ক্ষমতা যে নারীটির আছে সে হলো- বিদিশার নেশা। তার চোখে সভ্যতার সাতসমুদ্র যেন টলমল করে। উষ্ণ গরমে তার ঠোঁটে থাকা উষ্ণ চা-কে আমার বড়ো হিংসে হয়। কখনো আমাদের নিবিড় কাছাকাছি আসার গল্প হলে আমি আপনাকে একটি বড়ো গোপন কথা বলব। কেমন করে গুনে গুনে এতগুলো বছর তাকিয়ে ছিলাম তৃষ্ণার্ত হয়ে তা-ও জানাবো।'

ইতি
ও পথে থাকা পুরোনো❞

আরও একটি কনফেশনে উথাল-পাতাল হলো নিউজফিড। এবারের ছবিটি পার্কের। অন্যমনস্ক হয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার দৃশ্য। তাকে মনে হচ্ছে উনিশ শতকের কোনো চিত্রনায়িকা। টানা টানা চোখ মুখ। উদাস, উন্মনা ভাব! প্রথম অবস্থায় নিজের ছবিটি দেখে দারুণ রকমের মুগ্ধ হলো সে। এই কনফেশন দেওয়া লোকটির যে অসাধারণ ছবি তোলার প্রতিভা রয়েছো তা তার একেকটি নিখুঁত ছবিই প্রমাণ দিচ্ছে।
কত-শত কমেন্টের ভিড়ে তার চোখ নিতান্তই অমনোযোগী হয়ে বার কয়েক ঘুরে বেড়ালো ফোনের স্ক্রিনে। কনফেশনের পাতায়। একটা মানুষের মুগ্ধতা কতদিনের হতে পারে? পাঁচ মাস? দশ মাস? বড়োজোর একবছর। তাই বলে আড়াই-তিনবছর ধরে একটা মানুষ কেবল কনফেশনই দিয়ে যাবে? এত গুরুতর ভালো লাগা? নাকি নেহাৎ ফাজলামো?
ভাবনার মাঝেই ফোনে কল বেজে উঠল বিদিশার। স্ক্রিনে অপরিচিত নাম্বার দেখে রয়েসয়ে কল রিসিভ করতেই অপর পাশ থেকে ভাসা ভাসা পুরুষ কণ্ঠ শোনা গেল,
'বিদিশা বলছিস?'
কণ্ঠটি স্বল্প পরিচিত হওয়ায় বিদিশা সম্মতি দিয়ে বলল, 'হ্যাঁ, কে?'
'আমি, শাহেদ। চিনতে পেরেছিস? নাকি আত্মীয় স্বজনদের ভুলে টুলে বসে আছিস?'

বিদিশা চিনতে পেরেছে নাম শুনেই। শাহেদ তার ফুপাতো ভাই। বড়ো ফুপির ছেলে।
'হ্যাঁ, চিনেছি।'
'কী বলিস! চিনে গেলি এত দ্রুত? যেভাবে শ্বশুর বাড়িতে খুঁটি গেড়ে বসে ছিলিস, ভেবেছিলাম তো আমাদের মনে রাখার কোনো প্রয়োজনীয়তা তুই বোধ করিস না।'

শাহেদ এমনই। সবসময় ঠাস ঠাস কথা বলে। বিদিশা কোনোরূপ তর্ক না করেই বলল, 'মেয়েদের তো জীবনটা কাটাতেই হয় শ্বশুর বাড়িতে। খুঁটি গেড়ে না বসলে হবে?'

'লাভ কী হলো? সেই তো খুঁটি ছেড়ে চলে আসতেই হলো!' পরম হেলাতেই যেন কথাটা বলল শাহেদ। যেই তাচ্ছিল্য পছন্দ হলো না বিদিশার।
'কোনো দরকার ছিল আপনার?'
'কেন? দরকার ছাড়া কল দিতে পারি না? নাকি শিডিউল করে এখন থেকে কল দিতে হবে তোকে?'
"না, তার জন্য নয়। গত কয়েক বছরের কখনোই তো কল দেননি, তাই বললাম।'
'দিবো কীভাবে? আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে যেমন করে সংসার করছিলিস! আমাদের সাথে কথা বলার সময়ই বা কই ছিলো তোর!'
কথাটির বিপরীতে আর কী বলবে বুঝে আসল না বিদিশার। তাই চুপচাপ রইল।

অপরপাশ তাকে চুপ থাকতে দেখে ব্যস্ত ভঙ্গিমায় বলল, 'তব্দা খেয়ে গেলি মনে হয়? আচ্ছা যাই হোক, মামিকে দে। কথা আছে। মামি কল ধরছে না।'

'দিচ্ছি..' বলেই যেই না কান থেকে ফোন নামাতে নিবে সেই মুহূর্তে শাহেদ নরম কণ্ঠে বলল,
'আমার কথায় রাগ করেছিস?'

বিদিশা কোমল স্বরে বলল, 'আরে না।'
'করিসনি কেন? কর রাগ। তুই রাগ করলেই কী আর না করলেই কী! যা মামিকে ফোনটা দে।'

শাহেদের এমন কথায় না চাইতেও হেসে দিল বিদিশা। হাসতে-হাসতে বলল, 'একটুও বদলাননি।'
'বদলানোর কথা ছিল বুঝি? তুই বদলে গিয়েছিস বলে আমাকেও বদলাতে হবে?'
'আমি বদলে গিয়েছি? কই?'
'এই যে কাছের তুমি সম্বোধন করা আত্মীয়দের দূরের বানিয়ে আপনি ডাকছিস, এটা কী বদলানো নয়?'

শাহেদের কথায় জিবে কামড় দিল বিদিশা। সে যে শাহেদকে তুমি করে বলত তা তার ঘুণাক্ষরেও মনে ছিল না। থাকবেও বা কীভাবে? যোগাযোগ না হতে হতে, সম্পর্ক গুলো এতটা দূরের হয়েছে কবে টেরই পেল না। অথচ যে-ই সংসারের জন্য এতকিছু শেষমেশ সেই সংসারটা রইল না।

_

বিছানায় সুবাস হীন বাতাস এসে গা ছুঁয়ে যাচ্ছে। বেনামি জোছনাটা এসে করবীর অঙ্গ চুইয়ে পড়ছে। চোখে-মুখে মেয়েটার ঘুম নেই। ঘুম থাকারও না। দুপুরে যেমন ঘটনা ঘটলো তার সাথে, তারপর ঘুম আসার কথাও না। রাস্তার মানুষ যেমন চোখ করে করে তাকিয়ে ছিল তার দিকে! বাড়িওয়ালী চাচী ফোন দিয়ে সেই সম্পর্কে কয়েকটা কথাও বলেছেন।
সে তিমিরকে তখনের মতন বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু এখন কী করবে? কী করার? তিমিরকে বিয়ে করাটা সঠিক সিদ্ধান্ত হবে? জীবনের কোনো মোড়ে গিয়ে কী মনে হবে তার সিদ্ধান্ত ভুল ছিল?
নিজেকে বড়ো অসহায় লাগল তার। চারপাশের এই খা খা শূন্যতায় বুক কাঁপল ভীষণ। বাবাটার বেঁচে থাকা উচিত ছিল। বাবা থাকলে আজ নিশ্চয় করবীকে বুঝাতে পারত কোনটা সঠিক হবে কিংবা কোনটা ভুল!

করবী বিছানা ছেড়ে উঠে বসল। ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে আলো জ্বালালো। পড়ার টেবিল থেকে বাবার ডায়েরিটা নিয়ে বসল বারান্দার ফ্লোরে। এর আগে কখনো পড়া হয়নি এই অনুভূতি ধরে রাখা ডায়েরিটার ভেতর কী লিখা আছে সেটা। বাবা ডায়েরি লিখতে ভালোবাসত। শৌখিন মানুষ ছিল ভীষণ! ভালোবাসা তার কাছে এক অনন্য শৌখিনতা ছিল বোধহয়।

ডায়েরির পৃষ্ঠা উল্টাতেই ভেসে উঠলো তারিখ,

০৩-০৬-১৯৮৭
পড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম। একটি মেয়ে, টিয়া রঙের ফতুয়া পরনে। চুল গুলো ছোটো ছোটো করে কেটে ঘাড় অব্দি করে রেখেছে। মেয়েটি এসে আবুল চাচার দোকানে বসে চা খেলো। আড্ডার সকলে তো তার দিকেই তাকিয়ে রইলাম। বন্ধু আজিজ টিটকারি মেরে বলল- টিয়াপাখি। বন্ধু রিয়াজ শিস বাজালো। মেয়েটি বোধহয় ওদের আচরণে বিরক্ত হলো। কেমন করে যেন তখন তাকিয়ে ছিল আমাদের দিকে!

করবী অবাক হলো। এত পুরোনো দিনের ডায়েরি! আজ ২০২৪ অথচ আব্বু যখন ডায়েরিটা লিখেছিল তখস ১৯৮৭ সবে!

উৎসাহ নিয়ে পরের পৃষ্ঠা গুলো উলটাতে শুরু করল করবী—

১০-০৬-১৯৮৭
সাত দিন পর আবার দেখা আজিজের দেওয়া 'টিয়াপাখি' নামের মেয়েটার সাথে। মেয়েটা থাকে রায়বাহাদুর রোডে। শৌখিন আর বিলাসবহুল পরিবারের মেয়ে। আজ সব খোঁজ বের করলাম। মেয়েটার নাম রঙ্গিণী জাহ্নবী। বাবা-মায়ের তৃতীয় সন্তান। তার বড়ো দু'টো ভাই আছে।

১৯-০৬-১৯৮৭
আজ জাহ্নবীর সাথে প্রথম কথা হলো। মেয়েটা বেশ প্রাচুর্যে খামখেয়ালিতে অভ্যস্ত। ব্যবহার সহজ-সরল। এবং ভালো। মিশুকও। সুন্দর করে কথা বলে। কে দেখলো, কী করল তা ভাবে না এতকিছু। আমাকে দেখেই কত সোজা ভাবে বলল আমি নাকি দেখতে সুপুরুষ।

করবী ডায়েরির পৃষ্ঠা উলটাতে উলটাতে আরও কত কী পড়ল! তার মায়ের পুরো নামটাও বোধহয় আজ জানলো।

ডায়েরির পাতা পড়তে পড়তে গিয়ে থামল ১৯৯২ তে। লেখা-

০৮-০৯-১৯৯২
সাহেবারর সাথে এত বছরের প্রেম অথচ আজ সব বোধহয় শেষ। কী বেধড়ক মারটাই না মারল ওর ভাইরা আমাকে। আমার মা তো কেঁদেকেটে বুক ভাসিয়েছে। আমার ভাইরা আমাকে বুঝিয়েছে যেন আর সাহেবার কাছে না যাই। আর ছোটো জন তো কতক্ষণ হম্বিতম্বি করল। সাহেবার ভাইদের দেখে নিবে জানাল। আমাকে মারছে দেখে সাহেবার সে কী রাগ! চিৎকার! কেঁদেছেও বোধহয়। মায়া হলো ওর জন্য।

০১-০১-১৯৯৩
আমি আর সাহেবা আজ পালিয়ে বিয়ে করেছি। এখন মধ্যরাত। আমার ছেলেমানুষ সাহেবা ঘুমিয়ে আছে। বড়ো ক্লান্ত কি-না! মেয়েটার মাথায় কী যে চাপলো? হুট করে বলছে, সাহেব বিয়ে করব। হুট করে বিয়ে করা যায়? মেয়েটা তো বুঝবেই না। তাই বিয়ে করে ফেলেছি। আমার জীবনে সাহেবা ছাড়া আর কীই-বা আছে? তাই ওর আবদারটুকু রাখলাম।

এরপর ডায়েরির পাতায় কথা যেতেই থাকে। সংসারের গল্প, বিবাহিত খুনসুটির গল্প, আর গল্প সাহেবার প্রতি মুগ্ধতার। করবী যেন হারিয়ে গেল বাবা-মায়ের অদেখা সংসারে। কী সুখেরই না সংসার!
কিন্তু এই সুখ হুট করে এক পাতাতে গিয়ে বড়ো ফ্যাকাশে লাগল। করবীর কপাল কুঁচকে এল,

তারিখ: ০৮-০৩-১৯৯৪
আজকাল রূপকথার সংসারে যেন কীসের ছায়া পড়েছে! আমার অনেক ভালোবাসা সাহেবা কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। আমার পরিবারের কারো সাথে একটুও বনিবনা হচ্ছে না তার। কথায় কথায় ঝগড়া করছে। ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সাহেবার কী মন খারাপ? এই সাহেবাকে বড়ো অপরিচিত লাগে আমার। কাউকে বলতেও পারি না। সাহেবা কেন বুঝে না তাকে আমি ভীষণ ভালোবাসি?

১৫-০৫-১৯৯৪

আজ বেশি কিছু বলব না। কেবল বলব, আমার পরিবারে অতিথি আসবে। আমার ছেলেমানুষি করার সাহেবা মা হবে।

২৬-১২-১৯৯৪
সাহেবাকে এত বুঝিয়েও সংসারে ফেরাতে পারছি না। যেই মন তার বাহিরে গিয়েছে সেই মন কী আদৌ ফিরবে সংসারে? আমি তো সাহেবার এমন বড়ো অন্যায় ক্ষমা করেও আমার আসন্ন সন্তানদের সাথে নিয়ে সুখে থাকতে চাচ্ছি তবে সাহেবা নিষ্ঠুর হচ্ছে কেন?

করবী বুঝল, বাবার সুখী সুখী সংসার বোধহয় সেখানেই থেমে গিয়েছিল। কেমন লেখা গুলোতে এক রাশ অভিমান, অভিযোগ জড়ানো!

পৃষ্ঠা উল্টে গেলে সেই কাঙ্খিত দিনে,
০৮-০৩-১৯৯৫
আজ আমার ঘরে দুই রাজকুমারী এসেছে। আমার দু'টি আত্মা। ওদের নাম......

করবী বাকিটা পড়তে পারল না তার আগেই তার অনবরত বাজতে থাকা ফোনের রিং এ সে বিরক্ত হলো। এবং মনে মনে এক অপ্রত্যাশিত কথা জানতে পেরে বিস্মিতও হলো।
করবী ডায়েরিটা রেখে ফোনটা তুলল। কিছুদিন আগেই নতুন ফোনটা কিনেছিল। অপরিচিত নাম্বার দেখে কিছুটা ভেবেচিন্তে ফোন রিসিভ করতেই অপরপাশ থেকে একটা মেয়েলি কান্না ভেসে এলো। করবী বুঝতে না পেরে বলল, 'কে?'

হাউমাউ করে কেঁদে উঠল সেই কণ্ঠ, 'আপা, আমি। আমি বিন্দু। আপা আমার সব শেষ আপা। হুতুমরে তুমি দেইখ্যা রাইখো। আমার সব শেষ।'

আঁতকে উঠল করবী, 'কাঁদছিস কেন, বিন্দু? কোথায় তুই?'
'আপা, আমি নষ্ট হইয়া গেছি। তোমরা ভালা থাইকো, আপা। হুতুমরে দেইখো।'

#চলবে

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন