ফন্ট সাইজ:
থিম:
ধানশালিক ২

7

লেখক: তৃষান্বিতা পাখি

কার্তিকের রাতের নিস্তব্ধতা ভেঙে মতির ভিটার পুকুরপাড়ে তখন হ্যারিকেনের হলদে আলো থরথর করে কাঁপছিল। চারপাশের নিঝুম বাতাস যেন থমকে গেছে। পুকুরপাড়ের কাদামাটি সরাতে সরাতে নওশাদ ও সোলেমানের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছিল। কোদাল আর সাবলের বেশ কয়েকটি শক্ত ব্যবহারের পর অবশেষে তারা মাটির বুক চিরে বাইরে তুলে আনল এক বিশাল, জং ধরা প্রাচীন লোহার সিন্দুক।

মাটির নিচ থেকে সিন্দুক তোলার খবর আর সাবলের ধাতব শব্দে পুরো মতির ভিটা ও আশেপাশের দু-চারজন উৎসুক গ্রামবাসী কৌতূহলী হয়ে দৌড়ে এল। হ্যারিকেনের আলোয় সিন্দুকটার ওপর জমাট বাঁধা পুরোনো শেওলা আর কাদা চুইয়ে পড়ছিল।
গ্রামের উৎসুক মানুষদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল—

— "ওরে বাবারে! এ তো রফিকউদ্দিন চৌধুরী জমিদার আমলের সিন্দুক! এর ভেতরে নিশ্চিত কেজি কেজি সোনা-দানা, মোহর আর গুপ্তধন ভরা আছে!"

— "চেয়ারম্যানের কপাল তো আজ রাতে খুইলা গেল রে!"

নওশাদ সেদিকে কোনো কান দিল না। তার চোখ দুটো স্থির হয়ে রইল শেওলায় ঢাকা সেই ভারী লোহার বাক্সের ওপর।

সোলেমান উঠান থেকে মস্ত বড় একখান ভারী হাতুড়ি আর লোহার শাবল নিয়ে এল। সিন্দুকের জং ধরা বিশাল তালাটা এতই শক্ত ছিল যে কয়েকজন পুরুষ মিলেও তা সহজে ভাঙতে পারছিল না। সোলেমান নিজের গায়ের পুরো শক্তি উজাড় করে হাতুড়ি দিয়ে পরপর কয়েকটা বিকট কোপ বসাল—

ঠং... ঠং... ঠাস!

অবশেষে এক বিকট শব্দে শত বছরের প্রাচীন সেই জং ধরা তালাটা ভেঙে নিচে পড়ে গেল। উপস্থিত সবাই নিঃশ্বাস বন্ধ করে সিন্দুকের ঢাকনা খোলার অপেক্ষা করতে লাগল। গ্রামবাসীর চোখগুলোতে লোভ আর কৌতুহলের ঝিলিক।
নওশাদ ধীর পায়ে এগিয়ে এসে সিন্দুকের জীর্ণ ঢাকনাটা টান দিয়ে তুলে ধরল।
কিন্তু ভেতরে আলো ফেলতেই সবার মুখের আশার আলো নিভে গেল! সেখানে কোনো হীরা, সোনা কিংবা রূপার মোহরের স্তূপ নেই। সিন্দুকের ভেতরে মোমের প্রলেপ দেওয়া চামড়ার থলিতে সাবধানে মুড়িয়ে রাখা ছিল—

চাটমোহর ও মতির ভিটার প্রাচীন জমির আসল নামজারি ও মালিকানার সরকারি দলিল।
রফিকউদ্দিন চৌধুরীর নিজের হাতে লেখা একটি পুরোনো নীল ডায়েরি।
একটা জীর্ণ সুতি কাপড়ে সযত্নে মোড়ানো—একই রকম আর একটি সাপের ফণাওয়ালা লকেট।
আর একটা বিবর্ণ হলুদ হয়ে যাওয়া চিঠি।
সোলেমান অবাক হয়ে বলল—

— "ভাই! এইডাই গুপ্তধন? সোনাদানা তো কিছুই নাই!"

নওশাদ গভীর এক শ্বাস নিয়ে ডায়েরি আর চিঠিটা হাতের তালুতে তুলে নিল।
হ্যারিকেনের আলোয় নওশাদ ডায়েরির পাতা উল্টাতে লাগল। জীর্ণ ডায়েরির অক্ষরে অক্ষরে ফুট উঠেছে চাটমোহরের বহু বছরের পুরোনো সেই ঢাকা রহস্যের আসল সত্য...
ডায়েরি ও চিঠি পড়ে জানা গেল—জমিদার রফিকউদ্দিন চৌধুরীর কোনো অভিশাপ ছিল না! জমিদারবাড়ির "অভিশাপ" আর "ভূতের উপদ্রব"-এর গল্পগুলো আসলে চাটমোহরের কিছু অসৎ, লোভী আর প্রভাবশালী মানুষের ছড়ানো ভয়ংকর গুজব!

রফিকউদ্দিন চৌধুরী মৃত্যুর আগে বুঝতে পেরেছিলেন, তার মৃত্যুর পর ওই লোভী মানুষগুলো মতির ভিটা আর প্রজা মতি মিয়ার জমিও দখল করে নেবে। তাই তিনি মতি মিয়াকে সুরক্ষিত রাখতে এবং সেই কুচক্রী লোকদের চোখ থেকে রক্ষা করতে এই মূল্যবান দলিলপত্র ও সাপের লকেটের জোড়া পুকুরপাড়ের পাড়ে পুঁতে রেখে গিয়েছিলেন। আর কুচক্রী লোকগুলো যাতে ভয়ে সেখানে না আসে, তাই জমিদারবাড়ি নিয়ে ভয়ংকর ভৌতিক রটনা ছড়িয়ে দিয়েছিল।
অর্থাৎ—মতির ভিটার মাটির আসল মালিক নওশাদদেরই পরিবার! কোনো জমিদার বা লোভী মানুষের সেখানে দাবি করার অধিকার নেই।
সত্যের এই পরম আলোয় মুহূর্তের মধ্যে সব কুয়াশা কেটে গেল। নওশাদের বুকের ভেতরের বহুদিনের চেপে রাখা ভারী পাথরটা এক নিমেষে হালকা হয়ে গেল। সে ডায়েরিটা বুকে চেপে ধরে আকাশের দিকে চেয়ে এক দীর্ঘ প্রশান্তির শ্বাস ফেলল।

রহস্য সমাধানের পর উৎসুক গ্রামবাসী একে একে নিজেদের ভিটায় ফিরে গেল। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে মতির ভিটায় আবার সেই চেনা নিরবতা নেমে এল।
নওশাদ ঘরের কোণে সিন্দুক থেকে পাওয়া দলিল আর ডায়েরিটা সযত্নে রেখে কেবল বিছানায় হেলান দিয়েছিল। টুনি ততক্ষণে হ্যারিকেন নিভিয়ে ঘুমোনোর প্রস্তুতি নিচ্ছিল।
হঠাৎ... মধ্যরাতের নিস্তব্ধতা চিরে টুনি দু হাতে নিজের পেট চেপে ধরে ডুকরে কেঁদে উঠল—

—"আহহ... নওশাদ! পেটডা মোচড় দিয়া উঠতাছে... বুকডা যেন ফাইট্যা যাইতাছে!"

নওশাদ এক ঝটকায় বিছানা থেকে উঠে টুনির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। টুনি ব্যথায় ছটফট করছে, তার কপালে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম। নওশাদের বুকটা ভয়ে বরফ হয়ে গেল! সে চিৎকার করে দরজার দিকে ডাক ছাড়ল—

— "সোলেমান! সোলেমান রে! রূপারে ডাক! জলদি বুড়িরে নিয়া আয়!"

রূপা আর সোলেমান রাতের অন্ধকারে হ্যারিকেন হাতে দৌড়ে গিয়ে গ্রামের প্রবীণ বুড়িকে ডেকে আনল।
বুড়ি ঘরে ঢুকে টুনির পেট পরীক্ষা করলেন, কপালে আর নাড়িতে হাত দিলেন। বেশ কিছুক্ষণ নিবিড় পরীক্ষা-নিরীক্ষার পর বুড়ি দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। ঘরের বাইরে এসে নওশাদ আর টুনির শাশুড়ির দিকে চেয়ে মৃদু কণ্ঠে বললেন—

— "ভয়ের কিছু নাই, তবে আর বেশি দিন নাই। বাচ্চার সময় একবারে কাছাকাছি আইসা পড়ছে। মাইয়াডারে কাল সকালেই বাপের বাড়ি পাঠাইয়া দেস। এই সময় মায়ের যত্ন আর বাপের বাড়ির ছায়া মেলা দরকার।"

বুড়ি ওষুধ বাতলে দিয়ে চলে গেলেন। টুনি ব্যথার ওষুধ খেয়ে ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল।
সোলেমান আর রূপা বাইরে দাওয়ায় চুপচাপ বসে রইল। চারপাশ এক্কেবারে স্তব্ধ। নওশাদ ঘর থেকে বেরিয়ে এসে খোলা উঠানের এককোণে কাঠের গুঁড়ির ওপর একা গিয়ে বসল। কার্তিকের হিমশীতল হাওয়া তার গায়ে লাগছিল, কিন্তু তার মনে কোনো অনুভূতি ছিল না। চাটমোহরের বিশাল চেয়ারম্যান আজ এক পরম শূন্যতায় একা হয়ে দাঁড়িয়ে আছে। টুনিকে ছাড়া এই মতির ভিটা কীভাবে থাকবে, সেই চিন্তা তার বুকে কাঁটার মতো বিধছিল।

হঠাৎ পেছনে কারোর পায়ের নুপুরের হালকা শব্দ আর চুড়ির রুনঝুন আওয়াজ পাওয়া গেল।
নওশাদ পেছনে ফিরে দেখল—টুনি শাড়ির আঁচল গায়ে জড়িয়ে খুব ধীর পায়ে এসে তার ঠিক পাশে কাঠের পিঁড়িতে বসল।
নওশাদ কোনো কথা বলল না, শুধু টুনির দিকে এক বুক মায়া নিয়ে চাইল। টুনি নওশাদের সেই গম্ভীর অথচ ব্যাকুল চোখের দিকে চেয়ে তার একটা হাত নিজের দু হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল।
টুনি ম্লান হেসে, মেলা কাতর ও বিষণ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল—

—"আমি গেলে আমারে ভুইলা যাইবেন না তো?"

নওশাদ এক মুহূর্ত টুনির চেনা মুখের দিকে চেয়ে রইল। তারপর টুনির চোখের কোণে জমা এক চিলতে জল নিজের বুড়ো আঙুল দিয়ে পরম যত্নে মুছে দিয়ে, এক গাল মিষ্টি ও মায়াবী হাসি ফুটিয়ে মৃদু কণ্ঠে বলল—

– "তুই যেইহানে থাকস, আমার মনও সেইহানেই থাকে।"

কথাটা শোনামাত্রই টুনি তার মাথাটা নওশাদের চওড়া কাঁধের ওপর তুলে দিল। কার্তিকের শেষ রাতের কুয়াশায় দুজনে চুপচাপ বসে রইল, যেন সময়টাও সেখানে থমকে দাঁড়িয়েছে।

পরদিন রোদ ওঠার সাথে সাথেই মতির ভিটায় টুনিকে বাপের বাড়ি পাঠানোর তোড়জোড় শুরু হলো।
টুনি খুব ধীর পায়ে ঘরে গিয়ে নিজের জামাকাপড়, আয়না, আর চিরুনি কাঠের বাক্স ও পুঁটলিতে গুছাতে শুরু করল। প্রতিটি জিনিস তোলার সময় তার হাত কাঁপাছিল, মন পড়ে রইল এই ঘরের কোণে, যেখানে সে নওশাদের সাথে কত হাসি-কান্নার দিন কাটিয়েছে।
নওশাদ ঘরের দরজায় হেলান দিয়ে একবারে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো শব্দ নেই, কোনো শাসন নেই। সে কেবল অপলক চোখে টুনির প্রতিটা নড়াচড়া আর গুছানো দেখছিল।
সোলেমান গরুর গাড়ি দাওয়ায় এনে দাঁড় করাল। টুনি গাড়িতে ওঠার আগে শেষবারের মতো ঘুরে মতির ভিটার দিকে তাকাল। সেই পুকুরপাড়, বারোটা রাজহাঁসের খোপ, আর দরজায় দাঁড়িয়ে থাকা নওশাদ...
যে বাড়িটা টুনির হাসিতে প্রতিদিন মুখর থাকত, সেই বাড়িতেই যেন প্রথমবারের মতো এক অদ্ভুত শূন্যতা নেমে এলো…

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন