#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {০৫}
#আইজা_নূর_পায়েল
~~~~~~~~~~
হুট করে এমন একটা অভাবনীয় প্রশ্নের মুখোমুখি হয়ে রূপ একেবারে থতমত খেয়ে গেল। মগজের ভেতর যেন ক্ষণিকের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল তার।
এই ছেলেটা এত রাতে ডেকে এনে এসব কী আবোলতাবোল কথা বলছে! শুধু এই একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার জন্যই কি তাকে ডেকে নামানো হলো?
রূপ নিজেকে সামলে নিয়ে সামান্য সময় নিলো। তারপর বুকের ভেতরের দোলাচল লুকিয়ে, একদম নরম আর ধীরস্থির কণ্ঠে বলল,
“আমি জানি আপনি আমায় পছন্দ করেন। কিন্তু আবেগ দিয়ে তো আর বাস্তব বদলানো যায় না। আপনি ভিন্ন ধর্মের, আর আমি ভিন্ন ধর্মের। আপনার পরিবার এই সম্পর্ক কোনো দিন মেনে নেবে না, আবার আমার মা-বাবাও না। আর তা ছাড়া, অন্য যা-ই হয়ে যাক, আমি আমার মা-বাবার অসম্মতিতে বা তাঁদের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারব না।”
নির্ঝর অবশ্য আগে থেকেই জানত রূপ ঠিক এই উত্তরটাই দেবে। সে খুব ভালো করেই চেনে মেয়েটাকে। রূপ তার পরিবারের অত্যন্ত সংবেদনশীল আর বাধ্য এক সন্তান। নির্ঝর একটা দীর্ঘশ্বাস ছেড়ে আস্তে করে বাইক থেকে নেমে এলো।
তারপর বাইকের বডির ওপর হেলান দিয়ে পকেটে হাত গুঁজে দাঁড়াল। মাথার ওপর ল্যাম্পপোস্টের ম্লান হলুদ আলোটা এসে পড়েছে তার চেহারায়, যেখানে পরিষ্কার ফুটে উঠছে দীর্ঘদিনের জমে থাকা ক্লান্তি, বিষাদ আর এক তীব্র আকুলতা।
রূপ চুপচাপ অপলক চোখে ছেলেটার মুখাবয়বের দিকে তাকিয়ে রইল। ধারালো নাক, সুগঠিত চোয়াল আর গভীর চোখ—সুদর্শন পুরুষ বলতে যা বোঝায়, নির্ঝর ঠিক তেমনই।
কলেজের নব্বই শতাংশ মেয়ে যে ছেলের একটা হাসির জন্য পাগল, সেই ছেলে আজ তার সামনে এভাবে দাঁড়িয়ে। রূপ যে তাকে একেবারেই অপছন্দ করে বা তার প্রতি বিন্দুমাত্র টান নেই—বিষয়টা মোটেও তা নয়। কিন্তু তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল দুটি বাধার পাহাড়।
প্রথমত, রূপ এখনো আইনিভাবে অন্য এক পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ–যে তিল পরিমাণ সত্যটা তাদের কলেজের কেউ জানে না, এমনকি এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকা নির্ঝরও না। আর দ্বিতীয়ত, তাদের দুজনের সামাজিক ও ধর্মীয় পরিচয় সম্পূর্ণ আলাদা।
রূপের সব ভাবনা চুরমার করে দিয়ে ঠিক তখনই নির্ঝর আচমকা রূপের চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলে বসল,
“আমি ইসলাম ধর্ম গ্রহণ করব রূপ! আমি মুসলমান হয়ে যাব। এবার বলো, তখন কি আমায় বিয়ে করবে? একটু হলেও ভালোবাসবে আমায়?”
কথাটা শুনে রূপ পুরো স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে সে চেয়ে রইল নির্ঝরের দিকে। এই ছেলেটা নিজের আবেগের মাথায় এসব কী বলে ফেলছে! শুধু একটা মেয়ের ভালোবাসার জন্য নিজের জন্মসূত্রে পাওয়া পরিচয় আর ধর্ম ত্যাগ করে ফেলবে?
রূপ তার মনের ভেতরের তোলপাড় চেপে রেখে, নির্ঝরকে বাস্তবতার কঠিন জমিনে ফিরিয়ে আনার জন্য নরম কিন্তু সুদৃঢ় গলায় বলতে শুরু করল,
“দেখুন নির্ঝর, কোনো ধর্ম ত্যাগ করা কিংবা নতুন একটা বিশ্বাসকে আপন করে নেওয়া মোটেও কোনো খেলার বিষয় নয়। কেবল কোনো মানুষকে পাওয়ার লোভে বা আবেগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। এর পরিণতি যে কতটা ভয়াবহ তা কি আপনি ভেবে দেখেছেন? আপনাকে আপনার মা-বাবাকে ছাড়তে হবে, আজন্ম বেড়ে ওঠা ঘরবাড়ি আর আপনজনদের বিসর্জন দিতে হবে। আর সবচেয়ে বড় কথা—কাউকে পাওয়ার জন্য নয়, বরং মনেপ্রাণে এক আল্লাহকে একমাত্র সত্য বলে বিশ্বাস করতে হবে, তাঁকে ভালোবেসে সেই পথ বেছে নিতে হবে।”
নির্ঝর নিঃশব্দে চুপ করে রইল। কথাটা শুনতে যত সহজ, বাস্তবতা যেন তার চেয়েও হাজার গুণ কঠিন। সত্যি তো, এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়।
পুরো জীবনটাকে এক লহমায় নতুন করে লিখে ফেলার মতো এক বিশাল আর অনিশ্চিত মোড়। তার অসহায়ত্ব আর বুকচাপা হতাশায় চোখজোড়া জলে টলমল করে উঠল। আঁধারের মধ্যেও সেই জ্বলজ্বলে চোখের কোণের জল রূপের নজর এড়াতে পারল না।
রূপের বুকের ভেতরটা এক মুহূর্তে কেঁপে উঠল। সে নিজেকে সামলে নিয়ে কিছু একটা মুখ ফুটে বলতে যাবে, তার আগেই নির্ঝর ভেজা, অথচ অসম্ভব অনড় কণ্ঠে বলে উঠল,
“তোমায় যে আমার খুব করে চাই, রূপ! তোমায় পাওয়ার জন্য আমি সব ছাড়তে রাজি। পরিবার, পরিচয়, রাজপ্রাসাদ, সব শূন্য করে নতুন করে পথ চলতে রাজি আমি। শূন্য থেকেই তো পূর্ণতা আসে, তাই না? আমি তাও তোমাকেই চাই।”
কথাটা শেষ করেই সে কয়েক সেকেন্ড থামল। রাতের নির্জনতায় তার বুকের দীর্ঘশ্বাসটা ভারী হয়ে বাজল। তারপর রূপের একদম কাছাকাছি এসে, আকুল চোখে তাকিয়ে আবার বলল,
“আমার শুধু তোমার একটুখানি ভালোবাসা চাই রূপ। এই সামান্য ভালোবাসার বদলে আমি গোটা দুনিয়া এক পলকে ছেড়ে দিতে প্রস্তুত। আমার চোখ কোনো দিন সহ্য করতে পারবে না যে তোমার হাতটা অন্য কারও হাতের খাঁজে বন্দি হয়ে আছে। তুমি কি আমার হবে, রূপাঞ্জেল?”
রূপ এবার মহা বিপাকে পড়ল। তার মাথার ভেতর সব যেন এক মুহূর্তে এলোমেলো হয়ে গেল। কোনো পুরুষ যে তার জন্য এভাবে নিঃশেষ হতে তৈরি, এমন আকুলতা নিয়ে কেউ যে জীবনের সবকিছু বাজি ধরতে পারে,তা রূপের কল্পনারও বাইরে ছিল।
কিন্তু এমন আবেগে বাঁধানো আবদার মানুষ কীভাবে ফিরিয়ে দেয়? কীভাবে এমন একটা মানুষকে এক নিমেষে দূরে ঠেলে দেয়? সেই কৌশল তো তার জানা নেই!
রূপের গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপালে সামান্য ঘামের বিন্দু ফুটে উঠল। সে কষ্ট করে একটা শুকনো ঢোক গিলে থতমত খেয়ে বলল,
“আ...আসলে... নির্ঝর, আমি... আমি বিবাহিত। আজ থেকে প্রায় দুবছর আগেই আমার কাবিন হয়ে গেছে।”
কথাটা শুনে নির্ঝর থমকে গেলেও পরক্ষণেই এক চিলতে তেতো হাসির রেখা ফুটে উঠল তার ঠোঁটের কোণে। তার মনে হলো, তাকে মানা করতে পারছে না বলেই হয়তো রূপ হুট করে এমন একটা উদ্ভট মিথ্যার আশ্রয় নিচ্ছে। সে বাইকের ওপর সামান্য ঝুঁকে মৃদু হেসে বলল,
“তাই? তা তোমার সেই পরমাদরণীয় হাসবেন্ড মহাশয় এখন কোথায় থাকেন?”
রূপ হালকা একটা নিঃশ্বাস ছাড়ল। তার গলায় কোনো লুকোচুরি বা অপরাধবোধ নেই, আছে কেবল এক গভীর বিষাদ। সে শান্ত গলায় বলল,
“জানি না। সত্যি বলতে আমি জানি না সে কোথায় থাকে। শুধু এটুকু জানি যে সে দেশের বাইরে থাকে। বিয়ের দিনই সে আমাকে ফেলে চলে গিয়েছিল। কারণ... কারণ এই বিয়েতে তার বিন্দুমাত্র সম্মতি ছিল না, আর আমি বয়সে খুবই ছোট ছিলাম তার তুলনায়।”
এরপর রূপ আর কোনো কিছু গোপন রাখল না। রাতের নির্জন রাস্তায় দাঁড়িয়ে, ল্যাম্পপোস্টের ম্লান আলোর নিচে একে একে নিজের জীবনের সেই অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের পুরো গল্পটা বলে ফেলল। কাবিননামার সিলমোহর থেকে শুরু করে আজ অবধি এক অচেনা নামকে বহন করে চলার সবকিছু।
নির্ঝর একজন অত্যন্ত মনোযোগী শ্রোতার মতো একদম নিশ্চুপ হয়ে পুরোটা শুনল। তার সুগঠিত মুখাবয়ব দিন দিন যেমন গম্ভীর হয়, ঠিক তেমনই থমথমে আর গম্ভীর হয়ে রইল কিছুক্ষণ। রাতের হাওয়া তাদের মাঝখান দিয়ে বয়ে গেল নিঃশব্দে।
খানিক বাদে নির্ঝর রূপের একদম মুখোমুখি দাঁড়াল। তার চোখ দুটো এখন আর ভেজা নয়, সেখানে ফুটে উঠেছে এক অদ্ভুত, পরম নির্ভরতার আলো। সে রূপের কাজলকালো চোখের দিকে সোজা তাকিয়ে, ধীর অথচ এক মধুময় ও গম্ভীর কণ্ঠে ডাকল,
“ভালোবাসি রূপ! আমি আমার এই রূপাঞ্জেলকে ভালোবাসি। অতীত, বর্তমান কিংবা ভবিষ্যৎ—তার সব অবস্থাতেই তাকে আমি ঠিক এভাবেই ভালোবেসে যাব।”
রূপ সম্পূর্ণ শূন্য আর বিস্ময়ভরা চোখে তাকিয়ে রইল নির্ঝরের দিকে।
বুকের ভেতরটা কেমন যেন এক লহমায় ফাঁকা হয়ে গেল তার। এত দিন নির্ঝরের প্রতি তার যে এক ধরনের দুর্বলতা ছিল, সেটার আসল নাম যে 'ভালোবাসা' নয়, তা এই এক মহূর্তেই সে খুব স্পষ্ট করে বুঝতে পারল।
পছন্দ করা বা ভালো লাগা আর পরম আকুলতায় কাউকে ভালোবাসার মধ্যকার সূক্ষ্ম কিন্তু বিশাল ফারাকটা আজ যেন তার সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে ফুটে উঠল।
নির্ঝরের এই আবেগঘন ভালোবাসা নিবেদন, তার এই উন্মাদের মতো ব্যাকুলতা—সবকিছু রূপের মনকে শান্ত করার বদলে অদ্ভুত এক অস্থিরতায় ভরিয়ে দিল। আর আশ্চর্যজনকভাবে, এই অস্থিরতা তাকে ফিরিয়ে নিয়ে গেল তার সেই অদেখা স্বামীর কাছে!
মনে মনে সে অনুধাবন করল, এমন কোনো গভীর, মায়াবী ও ভালোবাসাময় স্বীকারোক্তি শোনার জন্য তার মন বহু আগে থেকেই কেবল ওই একটা অচেনা মানুষের জন্যই ব্যাকুল হয়ে ছিলো।
নির্ঝরের সামনে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে বা কথা বাড়াতে ইচ্ছা করল না তার। গলার ভেতরটা কেমন ভারী হয়ে এলো।
নির্ঝর রূপের নীরবতা দেখে আবার অনড় কণ্ঠে বলে উঠল,
“আমি সত্যি আমার ধর্ম ত্যাগ করব তোমার জন্য রূপ। আমার শুধু তোমাকেই চাই। আর তো মাত্র কয়টা মাস, তাই না? তোমার সেই বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত নাহয় এই ভালোবাসার পথেই অপেক্ষা করব আমি।”
রূপ আর কোনো কথার উত্তর দিল না। নির্ঝরের আকুল চোখের দিকে আর না তাকিয়ে, নীরবে মাথা নিচু করে সেখান থেকে ধীরপায়ে ফিরে এলো ঘরের দিকে।
-----------
ঘরে ফিরেই রূপ তড়িঘড়ি করে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর বালিশে মুখ গুঁজে বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল।
হঠাৎ করেই খুব কান্না পাচ্ছে তার। কিন্তু কেন অঝোরে এই কান্না আসছে, তার সুনির্দিষ্ট কোনো উত্তর তার নিজের কাছেও জানা নেই। তবু বুকের ভেতর থেকে দলা পাকিয়ে কান্নাটা উপচে আসছে যেন।
এক অদ্ভুত, অনাহূত অপরাধবোধ ভেতরটাকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছে। কিন্তু কিসের এই অপরাধবোধ? কী এমন অপরাধ করে ফেলেছে সে?
একটু একটু করে রাত গভীর থেকে গভীরতর হলো। চারপাশ নিখুঁত নিস্তব্ধতায় ডুবে গেলেও রূপের চোখের পাতা দুটো এক হতে চাইল না।
দেওয়াল ঘড়ির কাঁটায় তখন রাত ২টা বাজছে। সে বিছানায় উঠে বসল। পেটের ভেতর ক্ষিধেটা চাড়া দিয়ে উঠছে ঠিকই, কিন্তু এক লোকমা খাবার গলা দিয়ে নামানোর মতো ইচ্ছে বা রুচি একদমই নেই। বুকের ভেতরটা ভারী পাথরের মতো মনে হচ্ছে।
নিজের ভেতরের এই অস্থিরতা সামলাতে না পেরে রূপ উঠে গিয়ে আস্তে করে ওজু করে এলো। তারপর জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে বসল।
নিয়ম করে খুব একটা তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার নেই, তবে মন যখন অসম্ভব ভারী আর অস্থির হয়ে ওঠে, তখন এই সিজদাতেই সে নিজের সবটুকু যন্ত্রণা সঁপে দেয়।
দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি রুকু আর সিজদায় মনপ্রাণ ঢেলে নামাজ আদায় করল সে। শেষমেশ দুহাত তুলে যখন মোনাজাতে বসল, অশ্রুসজল চোখে বারংবার কেবল একটাই মিনতি করতে লাগল—তার জীবনে যেটা সঠিক, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তার জন্য সেটাই নির্ধারণ করেন।
কিন্তু কেন যেন মোনাজাতে চোখ দুটো বন্ধ করতেই এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠছে তার মনের ক্যানভাসে। একটা হুডি পরিহিত রহস্যময় পুরুষ অবয়ব বারবার তাড়া করে বেড়াচ্ছে তার মন আর মস্তিষ্ককে। মোনাজাতে বসেই অস্ফুটে ফুঁপিয়ে কেঁদে উঠল সে।
বিয়ের প্রায় দেড় বছর কেটে গেছে, অথচ লোকটা একবারের জন্যও তার কোনো খোঁজ নেয়নি! শুধু প্রতি মাসের নির্দিষ্ট দিনে তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ম করে দশ লাখ টাকা পৌঁছে গেছে—একজন স্বামীর আর্থিক দায়িত্বটুকু কেবল সে পালন করে গেছে যান্ত্রিকভাবে।
অথচ সেই টাকার একটা ফুটো পয়সাও রূপ কোনো দিন ছুঁয়ে দেখেনি। সাধারণ একটা মেয়ের কি এত টাকার সত্যি কোনো প্রয়োজন আছে? তার যা লাগে, তার বাবা নিজেই সাধ্যমতো মিটিয়ে দেন।
সে তো কখনো তার স্বামীর মুখটাও চোখের সামনে দেখেনি, অথচ না দেখেও কেন জানি একটা অদৃশ্য টান, এক পরম মায়া অনুভব করেছে সব সময়। হয়তো এটাই ছিল সেই পবিত্র 'কবুল' শব্দের অলৌকিক জোর। যা কোনো মানুষকে না দেখেও তার প্রতি হৃদয়ের গভীর থেকে এক গভীর অনুরাগের জন্ম দেয়।
বিছানায় আর ফেরা হলো না। কাঁদতে কাঁদতেই জায়নামাজের ওপর মাথা রেখে একসময় অতল ঘুমে তলিয়ে গেল রূপ।
.
~~~~~~~
.
সময় কখনো পেছনে ফিরে তাকায় না। নিঃশব্দ পায়ে সে শুধু সামনের দিকেই এগিয়ে চলে। আর পেছনে ফেলে যায় ঝাপসা হয়ে আসা কিছু স্মৃতি, কিছু ভুলতে না পারা মানুষ, আর বুকচাপা অজস্র না-বলা কথা। কেউ সেই সময়ের উত্তাল স্রোতে হারিয়ে যায় নিঃশ্বাসের মতো, আবার কেউ বা সেই একই স্রোত পেরিয়ে খুঁজে নেয় নিজের জীবন গল্পের একেবারে নতুন কোনো অধ্যায়।
সেই রাতের ঘটনার পর পর কেটে গেছে আরও কয়েক-কয়েকটি মাস।
রূপস্মিতা এখন ঢাকার নিজের বাড়িতে। নির্ঝরের সাথে সে নিজের থেকেই যোগাযোগটা আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে, বজায় রেখেছে একটা সতর্ক দূরত্ব।
তবে নির্ঝর নিয়ম করে প্রতিদিন তার খোঁজ নিতে ভুল করে না। হয়তো সে ভেতর থেকেই অনুভব করতে পেরেছে যে রূপস্মিতা তার কাছ থেকে দূরত্ব চাইছে। আর ঠিক সে কারণেই সে সেধে গিয়ে তাকে খুব একটা বিরক্ত বা ডিস্টার্ব করে না।
হাজার হলেও নির্ঝর কোনো ছ্যাঁচড়া বা গায়ে-পড়া সস্তা টাইপের ছেলে নয়। তার একটা শক্ত আত্মসম্মানবোধ আছে। নির্ঝরের ধারণা—রূপস্মিতা হয়তো ভাবছে, সে একজন বিবাহিত নারী হয়েও নির্ঝর তার সাথে স্রেফ ক্ষণিকের হালকা মজা করছে, কিংবা তাদের ভিন্ন ধর্মীয় পরিচয়টাই হয়তো বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে রূপের ভাবনায়।
অথচ নির্ঝর নিজের মনের গভীর থেকে খুব ভালো করেই জানে, সে তার রূপাঞ্জেলকে কতখানি ব্যাকুলভাবে ভালোবাসে।
এদিকে গত সপ্তাহেই প্রকাশ পেয়েছে রূপের এইচএসসি পরীক্ষার ফলাফল। বরাবরের মতো এবারও চমক দেখিয়ে জিপিএ-৫ পেয়েছে সে। মেয়ের এই উজ্জ্বল সাফল্যে তার বাবা আর ভাই নীলয়ের আনন্দের যেন কোনো সীমা নেই! আনন্দে আত্মহারা হয়ে তারা পুরো এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করে উদ্যাপন করেছে রূপের এই জয়।
তবে এতগুলো মাস আর আনন্দময় সময় পার হয়ে গেলেও রূপের সেই তথাকথিত অদেখা স্বামীর কোনো নাম-গন্ধ বা খোঁজখবর নেই। পরিবারের সবাই এই অস্বাভাবিক নীরবতা নিয়ে ভেতরে ভেতরে বেশ চিন্তিত হয়ে পড়লেও, ভাই নীলয় কিন্তু এ নিয়ে একদম নিশ্চিন্ত ও ভাবলেশহীন।
সত্যি বলতে, প্রথম থেকেই এই বিয়েতে নীলয়ের বিন্দুমাত্র মত ছিল না। ছেলের বয়স রূপের চেয়ে অনেক বেশি—যা তার ছোট বোনের পাশে মানায় না বললেই চলে।
নীলয় আর তার বাবা নিহাদ খান বেশ কয়েকবার ছেলেটির বাবা রাহাত চৌধুরীর সাথে যোগাযোগ করেছেন। ওপাশ থেকে রাহাত চৌধুরী শুধু একটাই আশ্বাস দিয়ে যাচ্ছেন—ছেলে নাকি খুব দ্রুতই দেশে ফিরবে। কিন্তু এই 'দ্রুত' শব্দটার সঠিক সময়কাল যে ঠিক কবে, তার কোনো স্পষ্ট জবাব তিনি দিতে পারছেন না।
রূপ অবশ্য মন থেকে ভালো করেই জানে, তার সেই স্বামী কখনোই আসবে না। কারণ বিয়ের সেই বিষাদময় রাতেই লোকটা নিজ মুখে এই কথাটা তাকে বলে গিয়েছিল। কিন্তু এভাবে আর কত দিন?
কেটে তো গেল দেখতে দেখতে প্রায় দুটো বছর, অথচ কোনো কিছুরই যেন কোনো সুরাহা হচ্ছে না।
এদিকে রূপস্মিতা থেমে থাকেনি। সে বিদেশের বেশ কয়েকটি নামজাদা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করে রেখেছিল। সব চেয়ে আনন্দের পাশাপাশি বিষয়টায় দারুণ এক বিস্ময়ের ছোঁয়া লেগেছে।
মেক্সিকোর অত্যন্ত সুপরিচিত ও সেরা র্যাংকিংয়ে থাকা ‘উনিভেরসিদাদ নাসিওনাল আউতোনোমা দে মেক্সিকো’ (UNAM) থেকে তার অফার লেটার চলে এসেছে! কেবল তাই নয়, তাকে দেওয়া হয়েছে ১০০% ফুল-ফ্রি স্কলারশিপ, যেখানে তার থাকা, খাওয়া, পড়াশোনা থেকে শুরু করে যাতায়াত খরচের সবটুকুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে।
সাধারণত এত অল্প সময়ে ফুল স্কলারশিপসহ অফার লেটার হাতে আসা একপ্রকার অসম্ভব। অথচ রূপস্মিতার ক্ষেত্রে সেটাই ঘটেছে। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যেই নাকি ক্লাস শুরু হতে যাচ্ছে, তাই হাতে থাকা ১০ দিনের মধ্যেই তাকে পাড়ি জমাতে হবে বিদেশের উদ্দেশ্যে।
সবকিছু এত দ্রুত কীভাবে সামলে উঠল, রূপের মাথায় ঢোকে না। হয় তার অ্যাকাডেমিক রেজাল্ট অসাধারণ হওয়ার কারণেই তারা এত দ্রুত প্রক্রিয়া শেষ করেছে, আর না হয় এর পেছনে অদৃশ্য অন্য কোনো কারণ লুকিয়ে আছে।
ঠিক সে দিনই দুপুর বারোটা নাগাদ খান বাড়িতে আগমন ঘটে এক মাঝবয়সী উকিল সাহেবের। হাতে তার মোটা বেশ কিছু কাগজপত্র আর নীলফোল্ডারের ফাইল। কিন্তু এই সাতদুপুরে হঠাৎ উকিল কেন এলেন?
তখন নিহাদ খান কিংবা নীলয় বাড়ির পুরুষমানুষদের কেউই ঘরে ছিলেন না। বাড়িতে কেবল রূপস্মিতা, তার মা রিনিতা খান আর কাজের মহিলা। উকিলকে দেখেই রিনিতা খান কিছুটা ঘাবড়ে গিয়ে দ্রুত ছেলে নীলয়কে ফোন দিয়ে বিষয়টা জানান।
রূপস্মিতা মনে মনে কিছু একটা হিসাব কষে নিজেই এসে ড্রয়িংরুমে সোফায় উকিল সাহেবের মুখোমুখি বসল।
“আসসালামু আলাইকুম, আঙ্কেল।”
উকিল সাহেব মুখে এক চিলতে আন্তরিক হাসি ফুটিয়ে জবাব দিলেন,
“ওয়ালাইকুম আসসালাম, মামণি। তোমার বাসার বাকি সদস্যরা কোথায়?”
রূপস্মিতা তার মিষ্টি ও রিনরিনে কণ্ঠে শান্তভাবে বলল,
“আব্বু আর ভাইয়া দুজনেই অফিসে আছেন। কী দরকার ছিল আমাকে বলতে পারেন, আঙ্কেল?”
উকিল সাহেব হাতের ফাইল থেকে একটা নির্দিষ্ট কাগজ বের করে রূপস্মিতার দিকে বাড়িয়ে দিলেন। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে শুধালেন,
“‘রূপস্মিতা খান বেলী’ কে হয় তোমার?”
রূপস্মিতা হালকা মাথা নেড়ে ধীরকণ্ঠে বলল,
“জ্বী আঙ্কেল, আমিই রূপস্মিতা।”
উকিল সাহেব এক মুহূর্তের জন্য বেশ খানিকটা ভ্রু কুঁচকে অবাক চোখে চেয়ে রইলেন রূপের দিকে। এইটুকু একটা বাচ্চা মেয়ে! এই বয়সেই মেয়েটার বিয়ে হয়ে গেল, আর তার ওপর আজ আবার তালাকনামাও হাতে এসে পৌঁছাল!
এত মিষ্টি, এমন স্বর্গীয় রূপবতী একটা মেয়েকে দেখার পর কোনো পুরুষ তাকে কীভাবে তালাক দেওয়ার মতো এত বড় ও কঠোর সিদ্ধান্ত নিতে পারে—তা ভেবেই তিনি খেই হারিয়ে ফেলছেন।
রূপস্মিতা উকিল সাহেবের চেহারার দ্বিধাদ্বন্দ্ব আর অবিশ্বাসের অভিব্যক্তি বুঝতে পেরে ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে শান্ত গলায় বলল,
“আমার ডিভোর্স লেটার এসেছে, তাই না আঙ্কেল?”
একটা এত বড় সত্যি এভাবে কোনো মেয়ের মুখ থেকে এত সাধারণ ও স্বাভাবিক ভঙ্গিতে বের হতে দেখে উকিল সাহেব নিজেই বেশ ভড়কে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে ইতিবাচক সায় দিলেন।
ঠিক তখনই দরজার দোরগোড়ায় এসে হাজির হলেন রূপের বাবা নিহাদ খান। দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেই রূপস্মিতা নিজের স্বাভাবিক হাসিমুখটা গুটিয়ে মাথা নিচু করে দাঁড়াল। নিহাদ খান বেশ গম্ভীর চেহারায় ড্রয়িংরুমের সোফায় এসে বসলেন।
এলাকার বেশ মান্যগণ্য ও সম্মানিত ব্যক্তি নিহাদ খান। নাম ডাকের কারণে একনামে সবাই একনামে চেনে তাকে। উকিল সাহেব আর কোনো ভণিতা না করে নিহাদ খানকে সবকিছু খুলে বললেন এবং হাতের তালাকনামাটা খুব সাবধানে তার দিকে বাড়িয়ে দিলেন।
কাগজের সিলমোহর আর শিরোনামটা চোখে পড়তেই নিহাদ খানের শক্ত চোয়াল আরও কঠোর হয়ে উঠল। তিনি রাগে-ক্ষোভে ডান হাতটা শক্ত মুষ্টিবদ্ধ করে ম্লান কাগজটা ড্রয়িংরুমের কাচের টেবিলটার ওপর রাখলেন।
ক্ষোভে ফুঁসতে ফুঁসতে তিনি পকেট থেকে ফোনটা বের করে তৎক্ষণাৎ রাহাত চৌধুরীকে কল দিতে গেলেন। কিন্তু ডায়াল প্যাডে আঙুল ছোঁয়ানোর আগেই রূপস্মিতা এগিয়ে এসে বাবার হাতটা চেপে ধরল।
ধীরকণ্ঠে বলল,
“আব্বু, আমি এই সবটাই আগে থেকে জানতাম।”
নিহাদ খান চরম বিস্ময়ে ভ্রু কুঁচকে কড়া গলায় বললেন,
"মানে! কী বলছো তুমি এইসব?”
রূপস্মিতা এক ফোঁটা শুকনো ঢোক গিলে বাবার দিকে তাকিয়ে বলল,
“উনি যে আমাকে বিয়ের ঠিক দুই বছর পর আনুষ্ঠানিকভাবে তালাক দিয়ে দেবেন... সেই কথাটা আমি বিয়ের রাতেই জানতাম, আব্বু।”
চলমান.........
গল্প টা রেগুলার পেতে লিংকে দেওয়া পেইজ টি ফলো করে রাখুন –
https://www.facebook.com/share/19gGYte6mY/
[বেবিগার্ল'স তোমাদের সকলের কেমক্ন লাগছে গল্প টা? কমেন্ট বক্সে একটু জানিও🥹। বি:দ্র: আমার গল্পে কোনো ধর্ম কে ছোট করে দেখা হয়নি। আমি জাস্ট বুঝিয়েছি ভালোবাসা কখনো জাত, অয়াত, গোত্র এইসব মেনে হয় না। এইটা আসলে একাই হয়ে যায়। কাল্পনিক জিনিস এর সাথে বাস্তবতা মেলাতে আসবেন না জগাখিচুরি পেকে যাবে তাহলে। ভালো না লাগলে গল্প স্কিপ করুন।]