ফন্ট সাইজ:
থিম:
নিষিদ্ধ প্রণয়ের দহন

পর্ব 6

লেখক: আইজা নূর পায়েল

#নিষিদ্ধ_প্রণয়ের_দহন {০৬}
#আইজা_নূর_পায়েল

~~~~~~~~~~~~

ড্রয়িংরুমের সেই ভারী থমথমে বায়ুমণ্ডলের মাঝে হঠাৎই একটা ছোটো দুর্ঘটনা ঘটে গেল। বাড়ির কাজের খালা ট্রে হাতে বসার ঘরের টেবিলে চায়ের কাপ রাখতে আসছিলেন।

চারপাশের গম্ভীর ও থমথমে পরিবেশ দেখে তার নিজের হাতটাই কেমন যেন কেঁপে উঠল। আর ঠিক তখনই কাপের গরম চা উপুড় হয়ে সোজা গিয়ে পড়ল টেবিলের ওপর রাখা সেই তালাকনামার কাগজটার ওপর।

গরম চায়ের ভেজা স্পর্শে আইনি কাগজটা নিমেষে ভিজে নরম হয়ে গেল। সাদা রঙের চকচকে কাগজটা চা চুষে দেখতে দেখতে কুঁকড়ে একটা হলদেটে রঙ ধারণ করল।

রূপ একটু চমকে উঠে নরম ও শিউরে ওঠা গলায় বলে উঠল,

“আরে খালা! এ কী করলেন আপনি!”

খালা তো ভয়ে কাঠ হয়ে গেলেন। চারপাশের গম্ভীর মুখগুলো দেখে এবং কাগজটার এমন হাল দেখে তার বুক কেঁপে উঠল। ভয়ে আমতাআমতা করে কাঁদো কাঁদো গলায় তিনি বলতে লাগলেন,

“আ... আম্মা, বিশ্বাস করেন আমি এইডা ইচ্ছা কইরা করি নাই, খালা! আমার হাত থেইকা ভুলে পইড়া গেসে... আমারে মাফ করে দেন, খালা!”

ভয়ে মহিলাটার গলা কাঁপছে, চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। রূপের ঘরের সবাই এমনিতেই একটা মানসিক চাপের ভেতর ছিল, তাদের চোখের সেই রাগ আর বিরক্তি দেখে খালামণি আরও বেশি ভয় পেয়ে গেলেন।

রূপ ঠিকই খেয়াল করল বয়স্ক মানুষটার কাঁপতে থাকা হাত আর চোখে জমে থাকা পানিটা। রাগ দেখানোর বদলে রূপের মনটা কেমন যেন কোমল হয়ে উঠল। সে শান্ত ও মায়াবী গলায় অভয় দিয়ে বলল,

“আচ্ছা খালা, আপনি যান। কোনো সমস্যা হয়নি, কিচ্ছু ভাবতে হবে না। যান আপনি।”

রূপের কাছ থেকে এমন প্রশ্রয় পেয়ে খালা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে রান্নাঘরের দিকে সরে গেলেন।

টেবিলের ওপর নষ্ট হয়ে যাওয়া সেই চায়ের ভেজা কাগজের টুকরোটার দিক থেকে দৃষ্টি সরিয়ে এবার নিহাদ খান সরাসরি তাকালেন রূপের দিকে। তার চোখদুটোয় রাগ স্পষ্ট, কিন্তু সেই রাগের চেয়ে অনেক বেশি ছিল এক বুক জমাট বাঁধা অভিমান আর গভীর কষ্ট।

মেয়ের দিকে রাগী চোখে তাকিয়েও তিনি গলা চড়ালেন না, চিলচিৎকার করে শাসন করলেন না। বরং নিজেকে শক্ত রেখে অত্যন্ত শান্ত অথচ ভারিক্কি গলায় শুধালেন,

“এইসবের মানে কী, রূপ? আমাকে কিচ্ছু বলবে না তুমি? নাকি আমাদের কাউকে জানানোর প্রয়োজনই মনে করোনি? নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত এখন থেকে তুমি একাই নেওয়ার মতো বড় হয়ে গিয়েছো, তাই না?”

ঘরটার থমথমে নিস্তব্ধতার মধ্যে রূপস্মিতার লজ্জাবানত মাথা আর বুকের ভেতর জমতে থাকা আক্ষেপ যেন এক ভারী মেঘের সৃষ্টি করলো। ধীরে ধীরে, কেঁপে ওঠা গলায় সে খুলে বলল সেই কালরাত্রির ঘটনয়া — যে লোকটা তাকে কত না অপমানকর কথা শুনিয়েছে, কীভাবে তার সম্মান আর আবেগকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল।

প্রতিটি বাক্য যেন তপ্ত চাবুকের মতো এসে আঘাত করছিল নিহাদ খানের বুকে। তিনি ধপ করে সোফায় হেলান দিলেন। ঘরের মধ্যকার বাতাস এক লহমায় তাঁর জন্য ভীষণ অস্বস্তিকর আর শ্বাসরুদ্ধকর হয়ে উঠলো। তাঁর চোখের সামনে তাঁর কলিজার টুকরো মেয়েটা অঝোরে কাঁদছে, আর তিনি অসহায় হয়ে শুধু তা দেখে যাচ্ছেন।

চোখের কোণে জমতে থাকা যন্ত্রণায় নিহাদ খানের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। কী এক ভয়ানক ও প্রকাণ্ড ভুল সিদ্ধান্তই না তিনি নিয়েছিলেন!

নিজের হাতে, নিজের বিবেচনার ভুলে মেয়েটার সুন্দর জীবনটাকে যেন এক অনিশ্চিত অন্ধকারের মুখে ঠেলে দিলেন। একটা দিন, মাত্র একটা দিনও তো মেয়েটা সুখে সংসার করতে পারলো না!

খানিকটা সময় সেই নিস্তব্ধতার অতলে তলিয়ে রইলো ঘরের প্রতিটি মানুষ। অবশেষে হাতের কাগজপত্র সরাতে সরাতে আইনজীবী সাহেব গম্ভীর গলায় নীরবতা ভাঙলেন,

“এই নথিতে এখন আর কোনো কাজ হবে না, নিহাদ সাহেব। সবটা নতুন করে তৈরি করতে হবে।”

নিহাদ খানের চিরচেনা দৃঢ় ও গম্ভীর কণ্ঠস্বর আজ যেন এক ভগ্ন পিতার কাতরতায় মিশে গেল,

“যত দ্রুত সম্ভব আরেকটা নতুন কাগজ বানিয়ে ফেলুন, উকিল সাহেব। আমার মেয়েটাকে অন্তত এই জ্যান্ত নরকটা থেকে টেনে বের করি! এতদিন আমার এই বাচ্চা মেয়েটা যে ভেতরে ভেতরে কতটা মানসিক যন্ত্রণা সহ্য করেছে, তা ভেবেই আমার বুক ফেটে যাচ্ছে।”

উকিল সাহেব চশমাটা খুলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন,

“জি, আমি আমার সাধ্যমতো দ্রুত করারই চেষ্টা করব। তবে নতুন আইনি নথি তৈরি হতে অন্তত আরও একটা মাসের মতো সময় লেগে যাবে। আসলে আমার বৃদ্ধ বাবা হাসপাতালে ভর্তি, আমাকে আজই গ্রামের বাড়িতে রওনা হতে হচ্ছে। সেখান থেকে ফিরে এসে তবেই আপনাদের এই কাজটা হাতে নিতে পারব। আর যদি আপনাদের খুব বেশি তাড়া থাকে, তবে অন্য কোনো আইনজীবীর পরামর্শ নিতে পারেন।”

কিন্তু নিহাদ খান তাতে রাজি হলেন না। এই আইনজীবীকে তিনি বহু বছর ধরে চেনেন, তাঁর ওপর আস্থা রাখা যায়। অনাত্মীয় বা অচেনা অন্য কারও কাছে গেলে এই গোপন খবর পাঁচকান হতে এক মুহূর্তও সময় নেবে না। আর খবর রটলে বহু পুরুষের গড়ে তোলা ‘খান বাড়ি’র এত বছরের সুনাম ও সম্মান নিমিষেই ধূলিসাৎ হয়ে যাবে।

হিসেব-নিকাশের এই দোলাচালের মাঝেই রূপস্মিতা ধীর অথচ শঙ্কিত কণ্ঠে বলে উঠলো,

“কিন্তু আব্বু... ঠিক ছয় দিন পরেই তো আমার মেক্সিকোর ফ্লাইট! তখন তো আর আমি দেশে থাকব না।"

নিহাদ খান চুপ করে কি যেন ভাবতে লাগলেন। তার ভারী নীরবতা চারপাশের বাতাসকে এক লহমায় যেন থমথমে করে তুললো।

সেই থমকে যাওয়া নিস্তব্ধতা ভেঙে উকিল সাহেব গম্ভীর গলায় বললেন,

“তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, মামণি। তুমি শুধু তোমার ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যেও, আমি যথা সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সেখানেই পাঠিয়ে দেবো।”

চশমার ফাঁক দিয়ে রূপের দিকে একবার দৃষ্টি রেখে, নথিপত্র গুছিয়ে নিতে নিতে তিনি নিতান্ত স্বাভাবিক সুরেই শুধালেন,

“তা, তোমার গন্তব্য কোথায়? যাচ্ছো কোন জায়গায়?”

রূপ কিছু মুহূর্ত চুপ করে রইলো। চারপাশের এই পরিস্থিতি, বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার ভারী কুয়াশা পেরিয়ে তার কণ্ঠ দিয়ে ধীর, শান্ত অথচ এক অদ্ভুত বিষাদমাখা সুর বের হয়ে এলো,

“মেক্সিকোর ‘ইউনিভার্সিদাদ নাসিওনাল আউতোনোমা দে মেহিকো’ বিশ্ববিদ্যালয়ে।”

আইনজীবী সাহেবের হাত জোড়া ফাইলের ওপর স্থির হলো না, কাজের গতি না থামিয়েই স্মৃতির পাতায় টান মেরে স্বভাবসুলভ ভঙ্গিতে মন্তব্য করলেন,

“ওহ্‌, তা তোমার স্বামীও তো যত দূর মনে পড়ে মেক্সিকোতেই থাকে, তাই না?”

মুহূর্তের জন্য ঘরটার সব আলো যেন নিভে গেল রূপের চোখের সামনে। বুক চিরে নিঃশব্দ এক যন্ত্রণার ঢেউ বয়ে গেল তার। সে ধীরে ধীরে চোখ তুলে তাকালো সামনে বসে থাকা মানুষটার দিকে – তার বাবা, নিহাদ খান।

বাবার সেই ম্লান, অপরাধবোধে নুয়ে পড়া মুখটার দিকে তাকিয়ে রূপের মনের ভেতরের অচিন যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে উঠলো। সেদিন বাবা যে অত শত দেশের ভিড়েও চোখ বন্ধ করে মেক্সিকোতেই রূপের ভর্তির বন্দোবস্ত করেছিলেন, তার পেছনে তো কোনো জটিল হিসেব ছিল না।

ছিল কেবল একজন বাবার নিশ্চিন্ত হওয়ার আকুলতা। ভেবেছিলেন, পৃথিবীর অন্য প্রান্তে হলেও সেখানে নীরভান আছে, মেয়ে তার অন্তত নিঃসঙ্গ হবে না।

অথচ বিধাতা আজ তাদের কোথায় এনে দাঁড় করালেন! সময় কত নির্মমভাবে হিসেব ওলটপালট করে দেয়। আজ রূপের বুকের প্রতিটি কোণ থেকে একটা দীর্ঘশ্বাস হাহাকার করে উঠে বলছে – কী প্রকাণ্ড এক ভুল তারা করে ফেলেছেন! সম্পর্কের এই ভাঙাচোরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেই ভুল সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে আজ তাকে।

তবে ভেঙে পড়া আর তলিয়ে যাওয়ার মাঝে রূপ তার ভেতরের নিঃশব্দ জেদটাকে হারিয়ে যেতে দিলো না। নিজেকে সামলে নিয়ে মনের একদম গহীন কোণে এক অনড় শপথ বুনে নিলো সে।

যে কয়টা ক্রেডিট সম্পন্ন করার পর অন্য কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হওয়ার সর্বনিম্ন সুযোগটুকু মিলবে, ঠিক সে কটা দিনই সে দাঁতে দাঁত চেপে সহ্য করবে। তার একটি মুহূর্তও আর বেশি নয়।

পড়াশোনা আর এই নামকাওয়াস্তে সম্পর্কের সব দায় চুকিয়ে, মেক্সিকোর মাটি ছেড়ে সে এমন এক দূর দেশে পাড়ি জমাবে — যেখানে নীরভান নামের কোনো অতীত কিংবা ছায়া তাকে ছুঁতে পারবে না।
.
~~~~~~~
.
নির্ঝরের বুকের ভেতর জমে থাকা অস্থিরতার পারদ দিনকে দিন কেবল বেড়েই চলেছে। মনের ভেতরের এই উথালপাথাল ঢেউ যেন কিছুতেই শান্ত হতে চায় না।

বাতাসের ডানা ভর করে তার কানে পৌঁছে গেছে সেই বহু কাঙ্ক্ষিত আর অনাকাঙ্ক্ষিত খবরটি, রূপ অবশেষে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে সুদূর বিদেশের মাটিতে। রূপ হয়তো ভেবেছিল, তার এই দেশ ছাড়ার খবরটা এত সহজে নির্ঝরের কাছে পৌঁছাবে না।

কারণটা তাদের মধ্যকার এই দীর্ঘ ভৌগোলিক দূরত্ব। কিন্তু রূপ কি আদৌ বোঝেনি — যেখানে ভালোবাসার শিকড় এতটা গভীর, সেখানে কি দূরত্ব কোনো বাধা হতে পারে? রূপের জীবনের প্রতিটা স্পন্দন যে কত দূর থেকেও নির্ঝরের হৃদয়ে এসে আঘাত করে, তা হয়তো রূপের ধারণাতীত।

নির্ঝর তার নিজের ধর্ম আর আদর্শকে বুকে ধারণ করে শ্রদ্ধার সাথে। পরম ভক্তি ও মায়ায় নিজের জন্মদাতা মা-বাবাকে ভালোবাসে সে, তাদের প্রতি অনুগত এক সন্তান সে।

আর এর পাশাপাশি, তার সমস্ত সত্তা দিয়ে সে ভালোবাসে রূপকে। এক গভীর, অলঙ্ঘনীয় ভালোবাসায়। হয়তো সাধারণের চোখে সে নিখুঁত কোনো ভালো ছেলে নয়, তার মাঝে হাজারটা খামতি থাকতে পারে। কিন্তু নারীজাতির প্রতি তার যে অপার শ্রদ্ধা, সেখানে কখনো বিন্দুমাত্র খাদ ছিল না।

তার কাছে পৃথিবীর যেকোনো নারীই সম্মানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। অথচ এই জীবন প্রবাহে আজ প্রথমবার, নিতান্ত অচেনা এক অনুভূতির মুখোমুখি দাঁড়িয়ে, সে নিজেকে এতটা দুর্বল আর অসহায় অনুভব করছে কেবল একটিমাত্র মেয়ের সামনে।

কিন্তু বাস্তবতার রূঢ় সত্যটা তো অন্যরকম। রূপের আনুষ্ঠানিক বিচ্ছেদ বা ডিভোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে তো নির্ঝরের জন্য নিতান্তই এক পরপুরুষ।

আর একজন বিবাহিতা নারীর জন্য পরপুরুষের সংস্পর্শ এড়িয়ে চলাই তো স্বাভাবিক আর শোভন। রূপের এই দূরত্ব বজায় রাখার পেছনে যে সংস্কার ও আত্মসম্মানবোধ জড়িয়ে আছে, তা নির্ঝর খুব ভালো করেই উপলব্ধি করতে পারে।

হয়তো এই কারণেই রূপ তাকে শুরু থেকেই এড়িয়ে চলার চেষ্টা করতো। মাঝে অবশ্য সম্পর্কের মাঝের বরফ কিছুটা গলেছিল, কিছুটা সাময়িক সখ্যও জমে উঠেছিল তাদের মধ্যে।

কিন্তু যেই না নির্ঝর তার বুকের গহীনে পুষে রাখা ভালোবাসার কথা অকপটে প্রকাশ করে ফেললো, অমনি রূপ আবার আগের চেয়েও কঠিনভাবে তার চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে নিলো। আবার শুরু করলো তাকে উপেক্ষা করা।

অস্থিরতায় পায়চারি করতে করতে নির্ঝর হঠাৎ থেমে দাঁড়ালো। বন্ধ করল নিজের চোখ জোড়া। একটি দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আবেগ দিয়ে নয়, এবার তাকে ঠাণ্ডা মাথায় চিন্তা করতে হবে।

হুট করেই যেন বন্ধ দুয়ারের ওপাশে এক চিলতে আলোর রেখা দেখতে পেলো সে।

‘আরে! আমার তো গ্র্যাজুয়েশন সম্পূর্ণ শেষ। মাস্টার্সের অজুহাতে আমিও তো উচ্চশিক্ষার জন্য বিদেশের মাটিতে পাড়ি জমাতে পারি! আর রূপের পড়াশোনার এই নির্দিষ্ট সময়টুকুর মধ্যেই যদি তার অতীত জীবনের সমীকরণ চুকে যায়, যদি তার ডিভোর্স সম্পন্ন হয়ে যায়, তবে তো আর রূপের কাছে পৌঁছাতে কোনো আইনি বা সামাজিক বাধা থাকবে না। তখন তো সমস্ত অধিকার নিয়ে রূপকে আপন করে নেওয়া সম্ভব হবে!’

চিন্তাটা মাথায় আসতেই নির্ঝরের চোখের সামনে ঝাপসা হয়ে আসা ভবিষ্যৎটা এক মুহূর্তে অলৌকিকভাবে পরিষ্কার হয়ে উঠলো। বুকের ভেতর জমে থাকা শঙ্কা আর ব্যাকুলতা এক নিমেষে হাওয়ায় মিলিয়ে গিয়ে সেখানে জায়গা করে নিলো এক দৃঢ় প্রত্যয়।

এর চেয়ে নিখুঁত আর সুন্দর কোনো পরিকল্পনা আর হতে পারে না!

এক মুহূর্তও আর কালক্ষেপণ করলো না সে। নতুন ভোরের স্বপ্নে বুক বেঁধে, নিজের সমস্ত শিক্ষাগত নথিপত্র আর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার উদ্দেশ্যে সে দ্রুত পা বাড়ালো প্রাত্যহিক বাস্তবতার দিকে।
.
~~~~~~
.
দিনগুলো দেখতে দেখতে কেমন ডানা মেলে উড়ে গেল; আর অবশেষে এসে উপস্থিত হলো রূপস্মিতার বিদেশযাত্রার সেই কাঙ্ক্ষিত অথচ অনাকাঙ্ক্ষিত দিনটি।

আজকের এই বিশেষ দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী খান বাড়িতে কিছুটা উৎসবের রঙ লেগেছে বটে, কিন্তু সেই আড়ম্বরের তলে চারপাশের বাতাসে জমে আছে এক থমথমে বিষাদের ছায়া। প্রতিটি মানুষের মুখেই যেন এক অদৃশ্য মেঘের ভার।

খান পরিবারের একমাত্র আদুরে কন্যা — রূপস্মিতা খান বেলী। এই সুবিশাল বাড়িটা ছেড়ে, চেনা সব ঘর বারান্দা আর মায়ার বাঁধন কাটিয়ে আজ সে পাড়ি জমাচ্ছে সুদূর বিদেশের অচেনা এক জগতে।

আবার কবে ফেরা হবে, আদৌ বছর খানেক পর নাকি আরও দীর্ঘ প্রতীক্ষার পর, তা কারও জানা নেই। এই অনিশ্চিত বিরহগাথাই পরিবারের সবার বুকে এক অচেনা হাহাকার ছড়িয়ে দিয়েছে।

রান্নাঘরের আবহটা আজ বড্ড ভারী। রূপের মা রিনিতা খান আজ নিজ হাতে রাঁধছেন মেয়ের সবচেয়ে পছন্দের পদগুলো। প্রতিটা ব্যঞ্জন তৈরি করতে গিয়ে স্মৃতির কোণ থেকে ভেসে উঠছে রুপের শৈশব, তার খুনসুটি আর পছন্দের গল্পগুলো।

গরম উনুনের আঁচ আর মনের ভেতরের কান্নার বেগ মিলেমিশে এক হয়ে যাচ্ছে। একটু পরপরই তিনি শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে জমে ওঠা অশ্রুবিন্দু আর কপালের ঘাম একসঙ্গে মুছে নিচ্ছেন।

বুকের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস হা-হা করে উঠছে রিনিতা খানের। এতটুকুন একটা বাচ্চা মেয়ে! জীবনের কোনো বাঁকে যে একা একা পথ চলতে শেখেনি, সে আজ এত দূরের এক অজানা দেশে কীভাবে একা সামলাবে নিজেকে? কেনই বা তাকে যেতে হবে এত দূরে? দেশে কি পড়ার মতো উপযুক্ত পরিবেশ ছিল না? এই ব্যস্ত ঢাকা শহরে কি নামজাদা বিশ্ববিদ্যালয়ের বড্ড অভাব ঘটেছিল?

কিন্তু প্রশ্নের পর প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত মাতৃহৃদয়ের সব আকুলতা পরাজিত হয়েছে কেবল একটি জিনিসের কাছে — মেয়ের অদম্য জেদ আর মানসিক জেদের সামনে।

এদিকে বাড়ির ভেতরের এই নিভৃত কান্নার পাশে রূপকে ঘিরে চারপাশের বাতাস তখন নোংরা গুঞ্জন ও গুজবে বিষাক্ত হয়ে উঠছে।

বাতাসের ডানা ভর করে পাড়া-প্রতিবেশীদের কানে কানে পৌঁছে গেছে খান বাড়ির মেয়ের বিচ্ছেদের খবর। প্রতিবেশীদের স্বভাবসিদ্ধ চর্চা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।

খান পরিবার নাকি তাদের তথাকথিত মান সম্মান বাঁচাতেই মেয়েকে সুদূর বিদেশে নির্বাসনে পাঠাচ্ছে! বাস্তবতার সত্যটা যেখানে এক জায়গায়, লোকমুখে তা রূপ নিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক বিকৃত গল্পে।

কানাঘুষো আর চায়ের কাপে ঝড়ের গতিতে রটতে শুরু করেছে রূপস্মিতার চরিত্রের কাল্পনিক গল্প। কুৎসিত রসিয়ে রসিয়ে কেউ কেউ বলাবলি করছে, মেয়ের নিশ্চয়ই কোনো ঘোরতর ত্রুটি বা চরিত্রে দাগ ছিল! তা না হলে কি আর বর বিয়ের দিনই সব ফেলে পালিয়ে যায়, আর কিছুদিন বাদে এক ছটাক চিঠিতে সরাসরি তালাকনামা পাঠিয়ে দেয়?

তবে এ সমাজ তো এমনই। সামনাসামনি এসে দাঁড়ানোর মতো সততা বা সাহস এদের কখনোই থাকে না। অন্যায্য এই বিষাক্ত তীরগুলো তারা ছুঁড়ে মারে কেবল আড়ালে দাঁড়িয়ে, পিঠের পেছনে বিষোদগার করে।

রূপস্মিতার পরনে আজ অফ-হোয়াইট রঙের মার্জিত এক জর্জেট ফ্রক। তার হালকা কাপড়ের ভাঁজে ভাঁজে যেন ছড়িয়ে আছে এক ধরনের বিষণ্ন কমনীয়তা। মেঘের মতো আলতো একগুচ্ছ চুল মাথার ওপর তুলে একটা মিষ্টি বো-ক্লিপ দিয়ে আঁটসাঁট করে বাঁধা, আর বাকি চুলগুলো মুক্ত হয়ে পিঠের ওপর এলিয়ে পড়েছে।

পায়ে অফ-হোয়াইট রঙের ক্যাজুয়াল স্নিকার্স জড়িয়ে, হাতের কাছে নিজের ট্রলি লাগেজটি গুছিয়ে নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।

রান্নাঘরে তখনও মায়ের ব্যাকুল হাতের শেষ ছোঁয়া। রিনিতা খান নিজের হাতে পরম যত্নে মেখে মেখে খাওয়ালেন বুক নিংড়ানো আদরের মেয়েকে। শুধু তা-ই নয়, দীর্ঘ পথচলায় বা অচেনা দেশে গিয়ে যেন খাবারের কষ্ট না হয়, তাই নিজ হাতে শুকনো কিছু হালকা খাবারও নিপুণভাবে প্যাকেট করে দিলেন সাথে।

নিলয় আর নিহাদ খান বাইরে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন। রূপস্মিতাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাঁদের। গাড়ি ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে রূপস্মিতা তার শেষ আশ্রয়, মায়ের শরীর জড়িয়ে ধরলো।

মায়ের গায়ের সেই চিরচেনা, পরম মমতাময় 'মা-মা' ঘ্রাণটুকু সে নিজের সমস্ত সত্তা দিয়ে বুকের গভীরে শুষে নিতে চাইলো। আজ ছেড়ে গেলে আবার কবে এই স্নেহের স্পর্শ মিলবে, আবার কবে মায়ের কোলে মাথা গুঁজে এমন নিশ্চিন্তে থাকা যাবে, তার তো কোনো হিসেব নেই।

রূপের চোখের কার্নিশ বেয়ে বিষাদের নীরব জল জমে উঠছে। রিনিতা খান চিরকাল মেয়েকে শিখিয়ে এসেছিলেন ধৈর্যের পাঠ,

'যে কোনো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করবি, একটু আপস করে চলবি, দেখবি সংসার আর জীবন সহজ ও সুন্দর হয়ে উঠবে।'

কিন্তু আজ, জীবনের এই চরম সত্য ও নির্মম মোড়ে দাঁড়িয়ে সেই মা-ই যেন বদলে গেলেন। রূপের কপালে গভীর, ব্যাকুল এক চুমু এঁকে দিয়ে তিনি দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন,

“কোনো কিছুতে আর আপস করবি না, মা। এবার থেকে নিজেরটা নিজে জোর দিয়ে বুঝে নিবি। প্রয়োজনে নিজের প্রাপ্য আর অধিকারটুকু ছিনিয়ে নিবি । অনেক দূর এগিয়ে যা, মা... তোকে থামানোর সাধ্য যেন কারও না থাকে!”

কথাগুলোর শেষ টেনে আনতে গিয়ে রিনিতা খানের কণ্ঠস্বর কান্নায় বুজে এলো, বুকচাপা দীর্ঘশ্বাসে কেঁপে উঠলো চারপাশ। রূপস্মিতা আর সেখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারলো না। বুকের ভেতর তীব্র এক মোচড় দিয়ে উঠলো তার। ওদিকে নিলয় তাড়া দিচ্ছে বারবার।দেরি হয়ে গেলে যে ফ্লাইটের নির্দিষ্ট সময় পেরিয়ে যাবে!
.
~~~~~~~
.
ইমিগ্রেশনের চেনা-অচেনা সব আনুষ্ঠানিকতা শেষ করে অবশেষে বিমানের সুশীতল নিস্তব্ধতার মাঝে নিজের আসনে এসে বসলো রূপস্মিতা।

ভাগ্যিস, আসনটা একেবারে জানালার পাশেই পড়েছিল। কাঁচের ওপারে ফুটে থাকা চারপাশের ধোঁয়াটে আবছায়ার দিকে তাকিয়ে সে শেষ ববারের মতো চোখ বোলাতে লাগলো নিজের জন্মভূমি, চেনা শহর আর মাটির ওপর।

যে মাটি আর চেনা ছায়াকে পেছনে ফেলে সে পা বাড়াচ্ছে সম্পূর্ণ এক অনিশ্চয়তার দিকে... বুকের ভেতর কেবলই এক অনুচ্চারিত প্রশ্ন তোলপাড় করতে লাগলো,

'কে জানে, নিয়তির এই জটিল খেলায় তার ভবিষ্যৎ এবার কোন অচেনা দিগন্তে গিয়ে মোড় নেয়!'

চলমান..........

গল্প টা রেগুলার পেতে লিংকে দেওয়া পেইজ টি ফলো করে রাখুন –
https://www.facebook.com/share/19gGYte6mY/

[ গাইজ আমি জাস্ট এত্ত পরিমাণ এক্সাইটেড নেক্সট পর্বের জন্য🥹😫। আমিই এত বেশি এক্সাইটেড তাহলে বুঝুন কি হবে নেক্সট পর্বে! এই পর্বে যত দ্রুত ভালো রেস্পন্স আসবে পরবর্তী পর্ব তত দ্রুত আসবে। পরবর্তী আরেকটু বড় হবে। অবশ্য সেইটা আপনাদের রেসপন্স এর ওপর ডিপেন্ড করছে। রাতে হয়ত একটা স্পয়লার দিতে পারি পরবর্তী পর্বের। তাই পরবর্তী পর্বের জন্য বেশি বেশি ভালো করে রেস্পন্স করুন রিয়্যাক্ট কমেন্ট করে। যেন আপনাদের রেসপন্স দেখেই আমার মন টা অস্থির হয়ে ওঠে আপনাদের পরবর্তী পর্ব টা দেওয়ার জন্য।🥳]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন