ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 22

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত
পর্ব-২২-২৩
হোঁচট খেয়ে পড়েও থামল না। মাটির ওপর নিজেকে টেনে নিয়ে গিয়ে একটা গাছের গুঁড়ির সঙ্গে ঠেস দিয়ে বসল।
"যান... চলে যান। বারবার কেন ফিরে আসেন? খোদার দোহাই, চলে যান।"
সে হাত নাড়িয়ে জানিনা কাকে চলে যাওয়ার জন্য বলছিল।
মোলভী সাহেব ঘুরে তাকালেন, কিন্তু তিনি তো কাউকেই দেখতে পেলেন না।
আর সে একনাগাড়ে বলেই যাচ্ছিল—
“আর কত সহ্য করবেন আমাকে? আর কত কষ্ট দেবেন? এখন আর সহ্য হয় না।”
আকুল কণ্ঠে কথাগুলো বলে সে নিজের মাথা দুই বাহুর মাঝে লুকিয়ে শিশুর মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।
“চলে যান... এখান থেকে চলে যান...”
মোলভী সাহেব গভীর দৃষ্টিতে তাকে কিছুক্ষণ দেখলেন। তারপর তাকে কাঁদতে কাঁদতে রেখে গ্রামের দিকে ফিরে গেলেন।
পরদিন দরস শেষ করে মোলভী আবদুল খালিক বাড়ি ফিরলেন। মুল্লানি জিকে দিয়ে খাবারের ট্রে প্রস্তুত করালেন, তারপর সেই খাবারের ট্রে কাপড় দিয়ে ঢেকে নিয়ে গ্রাম থেকে বাইরে বেরিয়ে এলেন।
ইলমদীন টাঙ্গাওয়ালা প্রতিদিনের মতো যাত্রী নামিয়ে দুপুরের খাবার খেতে বাড়ি ফিরছিল। মোলভী আবদুল খালিককে দেখে সে টাঙ্গা থামাল।
"সালাম সাহেব!"
“ওয়ালাইকুম আসসালাম! বাড়ি যাচ্ছ ইলমদীন?”
তিনি শান্ত ভঙ্গিতে বললেন।
“জি, মোলভী সাহেব। কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপনার? হুকুম করলে পৌঁছে দিতে পারি।”
তার আন্তরিক প্রস্তাবে মোলভী সাহেব মুচকি হেসে বললেন—
“কেন কষ্ট করবে ভাই? আমিতো শুধু গ্রামের বাইরে যে মেহমান এসে বসে আছে, তাকে খাবার দিতে যাচ্ছি।”
“সাঁইজির কথা বলছেন?”
সে বলল, তারপর যোগ করল—
“কিন্তু তিনি তো চলে গেছেন।”
“চলে গেছে?”
মোলভী সাহেব বিস্ময়ে বললেন।
“কোথায় গেছে?”
“সেটা জানি না। তবে গত সন্ধ্যা থেকে কেউ তাকে দেখেনি।”
মোলভী সাহেব তার কথা শুনে নিজের মনে বললেন—
“অদ্ভুত! মুসাফিরের সঙ্গে হিসাব চুকানোর সময় এসে গেছে, আর সে এখনো পালিয়ে বেড়াচ্ছে।”
“কি বলছেন মোলভী সাহেব?”
ইলমদীন কিছুই বুঝতে পারল না।
মোলভী সাহেব তার প্রশ্নের দিকে ভ্রুক্ষেপ না করে নিজের চিন্তায় ডুবে রইলেন। তারপর তার বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে বললেন—
“সে কোথাও যেতে পারবে না, ইলমদীন। তার যাত্রা শেষ হয়ে গেছে। এখন সে যতই পালাক, শেষ পর্যন্ত তাকে এখানেই ফিরে আসতে হবে।”
এ কথা বলে তিনি ফিরে গেলেন।
আর বেচারা ইলমদীন অনেকক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করতে লাগল।
পরদিনও মোলভী সাহেব দরস শেষে বাড়ি এসে খাবারের ট্রে নিয়ে বের হলেন।
কিন্তু সেদিনও ট্রেটি আগের মতোই ফিরিয়ে আনতে হলো।
তৃতীয় দিনও তিনি ট্রে হাতে নিয়ে গ্রামের বাইরে এলেন। দূর থেকেই দেখে ফেলেছিলেন যে গাছের পাশে কেউ নেই।
তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আজ ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেও তার মুখে চিন্তার ভাজ স্পষ্ট ছিল।
এমন সময় ইলমদীন তার টাঙ্গা নিয়ে গ্রামের বাইরে যাচ্ছিল। যাত্রী থাকা সত্ত্বেও মোলভী সাহেবকে দেখে সে টাঙ্গা থামাল।
“আর কতদিন তার অপেক্ষা করবেন, মোলভী সাহেব? এ ধরনের পথহারা লোকেরা আর ফেরার পথ খুঁজে পায় না।”
সে রহস্যময় ভঙ্গিতে বলল।
“তোমার কী মনে হয়, ইলমদীন? সে কি শুধু মুখ দেখাতে এখানে এসেছিল?
তার এখানে আসার পেছনে বড় কারণ আছে। তার পা যদি ফেরার পথ না-ও খুঁজে পায়, যার হাতে তার ভাগ্য লেখা আছে, তিনি নিজেই তার হাত ধরে তাকে এখানে নিয়ে আসবেন।”
এই কথা বলে তিনি চলে গেলেন।
আর ইলমদীন আবারও গভীর ভাবনায় ডুবে গেল।
“সন্ধ্যায় আবার ফিরতেও হবে।”
পেছনে বসা এক যাত্রী তাকে স্মরণ করিয়ে দিল।
সে ‘আচ্ছা’ বলে শব্দ করে টাঙ্গা এগিয়ে নিয়ে গেল।
_______________________________________________________________
মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছিল। তাই মোলভী সাহেব দোকান বন্ধ করে, বাচ্চাদের পড়ানো ছেড়ে মসজিদে চলে এলেন।
ওজু করে আজান দিলেন। তারপর জামাতে নামাজ পড়ালেন। দোয়া ও তাসবিহ শেষ করে বাড়ির দিকে রওনা হলেন।
হঠাৎ চৌদ্দ-পনেরো বছরের এক ছেলে দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বলল, “মোলভী সাহেব! মোলভী সাহেব!”
মোলভী সাহেব আওয়াজ শুনে থেমে গেলেন এবং ফিরে তাকালেন।
ছেলেটি কাছে আসতেই তিনি জিজ্ঞেস করলেন,
— “কী ব্যাপার, মুনাওয়ার আলী?”
হাঁপাতে হাঁপাতে ছেলেটি বলল,
— “দিনু টাঙ্গাওয়ালা আপনার এক মেহমানকে নিয়ে হাকিমজির দোকানে বসে আছে। সে বলেছে আপনাকে খবর দিতে।”
মোলভী আবদুল খালিক বিস্মিত হয়ে বললেন,
— “আমার মেহমান আবার কে হতে পারে? আর ইলমদীন তাকে কোথায় পেল?”
— “সেটা তো জানি না, মোলভী সাহেব!”
— “আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখি।”
প্রথমে তাঁর নজর পড়ল ইলমদীনের মুখে, তারপর কাঠের বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে থাকা সেই সাঁইয়ের ওপর, যার ক্ষতে হাকিমজি মলম লাগাচ্ছিলেন।
মোলভী সাহেব দ্রুত এগিয়ে আসলেন,
— “ইলমদীন, তুমি তাকে কোথায় পেলে?”
— “বাসস্ট্যান্ডে যাত্রীদের অপেক্ষা করছিলাম। তখন দেখি টিকিটঘরের দেয়ালের পাশে এই লোকটা পড়ে আছে।
কাছে গিয়ে দেখি অজ্ঞান ছিলো। শরীর এত জ্বরে পুড়ছিল যে হাত রাখাও যাচ্ছিলো না ।
ব্যস মোলভী সাহেব! তারপর কোনো রকমে তাকে টাঙ্গায় তুলে গ্রামে নিয়ে এসে সরাসরি হাকিমজির কাছে নিয়ে আসি।”
— “তুমি খুব ভালো কাজ করেছ।”
মোলভী সাহেব তার দিকে তাকিয়ে বললেন। এই সামান্য প্রশংসাতেই ইলমদীন আনন্দে আত্মহারা হয়ে গেল।
অনেক অনুরোধ সত্ত্বেও মোলভী আবদুল খালিক তাকে হাকিমজির ফি দিতে দিলেন না।
নিজেই পকেট থেকে টাকা বের করে গল্লার পাশে বসা লোকটির হাতে দিলেন।
— “এই ওষুধ দিনে তিনবার খাওয়াবেন।”
বিদায়ের সময় হাকিমজি ওষুধের পুঁটলি এগিয়ে দিয়ে বললেন।
মোলভী সাহেব সালাম জানিয়ে ওষুধের পুঁটলি নিলেন, তারপর অচেতন অবস্থাতেই সাঁইকে তুলে দিনুর টাঙ্গায় বসিয়ে নিজের বাড়িতে নিয়ে এলেন।
সন্ধ্যার ছায়া ঘন হয়ে আসছিল, চারদিকে অন্ধকার নেমে যাচ্ছিল।
মোলভী সাহেব ঘর থেকে একটি ছোট টেবিল এনে তার মাথার পাশে রাখলেন। তারপর মাটির তেলে জ্বলা একটি বাতি জ্বালিয়ে টেবিলের ওপর রাখলেন।

এমন সময় মোল্লানি জিও পরিস্থিতি দেখতে বাইরে এলেন।
— “এ কাকে নিয়ে এলেন, মোলভী সাহেব?”
এই অসহায় লোকটিকে দেখে তিনি বিস্মিত হয়ে প্রশ্ন করলেন।
— “এ আমাদের মেহমান।”
— “চেহারা দেখে তো পাগল মনে হচ্ছে!” —সে সঙ্গে সঙ্গে বলল।
— “কিন্তু কথাবার্তায় বুদ্ধিমান। জ্ঞান ফিরলে নিজেই বুঝতে পারবে।”
— “কিন্তু এ আসলে কে?” —তিনি একটু বিভ্রান্ত হয়ে বললেন।
মোলভী সাহেব বিরক্ত হলেও ধৈর্য ধরে বললেন,
— “ওহে কর্মবতী! বললাম তো, মেহমান। আর প্রশ্ন কোরো না। যাও, ঠান্ডা পানির পট্টির ব্যবস্থা করো।
বেচারার শরীর জাহান্নাম হয়ে আছে।”
তিনি কপালে হাত রেখে জ্বর পরীক্ষা করতে করতে উদ্বিগ্ন কণ্ঠে বললেন।
মোল্লানি জি আর কিছু জিজ্ঞেস করলেন না। একটি বাটিতে পানি নিয়ে পুরনো কাপড় কেটে পট্টি বানিয়ে মোলভী সাহেবের কাছে নিয়ে এলেন।
মোলভী সাহেব বাটিটি নিয়ে টেবিলে রাখলেন এবং অত্যন্ত মমতার সঙ্গে তার কপালে ভেজা পট্টি দিতে লাগলেন।
সারা রাত তিনি একনিষ্ঠভাবে তার কপালে পট্টি দিতে থাকলেন। মাঝখানে শুধু এশার নামাজের সময়টুকু বিরতি নিয়েছিলেন।
সেদিন রাতের বৈঠকও বাতিল করে দেন।
কখনো কপালে ভেজা কাপড় রাখতেন, কখনো তোয়ালে ভিজিয়ে তার পায়ের কাছে বসে পড়তেন। পায়ের ফোসকাগুলোতে হাত বুলাতে না পারলেও ভেজা তোয়ালে পায়ের চারপাশে জড়িয়ে আলতোভাবে চাপ দিতেন, যেন জ্বলন্ত চুল্লির মতো পুড়ে যাওয়া পায়ে কিছুটা আরাম মেলে।
ফজরের নামাজের পর তাসবিহ পড়তে পড়তে তিনি বাড়ির দিকে ফিরছিলেন।
গলিতে ঢুকতেই দেখলেন কাঠের দরজাটি বাধা রয়েছে। তবে তিনি জানতেন, ভেতর থেকে তালা লাগানো নেই।
দিনের বেলায় এই দরজায় কখনো তালা পড়ত না। এটাও ছিল বড় ইমাম সাহেবের উপদেশ।
“দরজা বন্ধ করে অভাবীদের আত্মসম্মান নিয়ে উপহাস কোরো না, যেন তারা দরজায় কড়া নেড়ে গলিতে দাঁড়িয়ে তোমার কাছে সাহায্য চাইতে বাধ্য হয়।
বরং দরজা খোলা রাখো, যাতে তারা সরাসরি ভেতরে ঢুকে আসতে পারে এবং তাদের অসহায়ত্ব অন্য কারও সামনে প্রকাশ না পায়।”
মোলভী আবদুল খালিক দরজা খুলে কাঁচা উঠোনে পা রাখতেই করুণ গোঙানির শব্দ শুনতে পেলেন।
সারা রাত লোকটি অচেতন ছিল। কিন্তু এখন আধা-বেহুঁশ অবস্থায় ডানে-বামে মাথা নাড়ছিল।
এটি ছিল তার অবস্থার উন্নতির লক্ষণ।
মোলভী সাহেব হাসিমুখে তার কাছে এগিয়ে গেলেন আর ঝুকে তার কপালে হাত রেখে জ্বর পরীক্ষা করলেন।
জ্বরের তীব্রতা অনেকটাই কমে গেছে।
মোল্লানি জিও পাশে এসে দাঁড়ালেন।
— “একটু-আধটু জ্ঞান তো ফিরেছে।
এখন চেষ্টা করে ওষুধটাও খাইয়ে দাও।”
মোলভী সাহেব তার দিকে তাকিয়ে মুল্লানি জিকে বললেন।
— “খালি পেটে তো ওষুধ খাওয়ানো যাবে না। আগে কিছু খাওয়ার ব্যবস্থা করো।
তারপর কিছু ভেবে বললো
কে জানে কতদিন ধরে ওর গলায় কিছু পড়েনি! আদৌ খাবার খেতে পারবে কি না তাও জানি না।”
— “হাজরা, একটু দুধ গরম করে আনো। তাতে কিছু চিনি দিয়ো।”
— “জি, মোলভী সাহেব।”
"তিনি সঙ্গে সঙ্গে রান্নাঘরের এক পাশে তৈরি করা সেই পাকঘরে চলে গেলেন, যার চারদিকে কোনো দেওয়াল ছিল না। সেটি ছিল একটি খোলা রান্নাঘর, যেখানে থাকা মাটির চুলাটি গোবরের শুকনো ঘুঁটে দিয়ে জ্বালানো হতো।"
হালকা গরম দুধ গ্লাসে ঢালার পরিবর্তে তিনি ওড়নার কোণা দিয়ে ডোলের হাতল ধরে সেটি তুলে নিলেন। তারপর একটি স্টিলের গ্লাস হাতে নিয়ে উঠানে চলে এলেন।
পা ফেলে দূরে রাখা পিঁড়ি তিনি চারপায়ার সাথে টেনে আনলেন। বাইরে পিঁড়ির উপর বসে ডোল থেকে দুধ গ্লাসে ঢেলে মোলভী সাহেবের হাতে দিলেন।
যিনি সাঁইয়ের কাঁধ নেড়ে তাকে উঠে বসার জন্য বলছিলেন।
কিন্তু সে আধা-বেহুঁশ অবস্থায় শুধু মাথা নাড়িয়ে গোঙাতে লাগল।
তখন মোলভী সাহেব এক হাতে তার বাহু ধরে আরেক হাত ঘাড়ের নিচে রেখে তাকে ধীরে ধীরে বসিয়ে দিলেন।
মোলভী আবদুল খালিক ছিলেন পাতলা গড়নের মানুষ আর বয়সও অনেক হয়ে গিয়েছিল।
কিন্তু সাঁইকে দেখেই বোঝা যাচ্ছিল, তার বয়স ত্রিশের কাছাকাছি। যদিও ধুলো-ময়লা ও দুর্দশা তার শরীরের সমস্ত শক্তি শুষে নিয়েছিল।
তাকে তুলে বসাতে মোলভী সাহেবের খুব একটা কষ্ট হলো না।
সে বসে পড়তেই তিনি মোল্লানি জির হাত থেকে গ্লাস নিয়ে তার ঠোঁটে ধরলেন।
কিন্তু আধা-বেহুঁশ অবস্থাতেও সে হাত মেরে গ্লাস সরিয়ে দিল। ফলে দুধ ছিটকে পড়ে মোলভী সাহেবের হাত ও কাপড়ে পড়লো।
তখন তিনি ধমক দিয়ে বললেন,
— “তুইও না একেবারে পাগল! রিজিকদাতার সঙ্গে অভিমান বুঝলাম, কিন্তু রিজিকের সঙ্গেও আবার কীসের রাগ? চুপচাপ খেয়ে নে।"
.ওনা হলেন।
চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 22 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন