#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত
পর্ব-২৪
সে আধবোজা, ঘুমঘুম চোখে তাঁকে দেখলো, যার চোখে লাল রক্তরেখা ভাসছিল।
সেই চোখের উন্মত্ততা দেখে মুল্লানি জি প্রায় ভয় পেয়ে গেলেন। কিন্তু মোলভী আবদুল খালিক বিন্দুমাত্র বিচলিত হলেন না আর বললেন,
"এভাবে কী দেখছ?"
সে চুপচাপ তাঁর দিকেই তাকিয়ে রইল চোখ খোলা রাখতে তাকে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছিল। তবু কিছুক্ষণ পরপর তার চোখের পাতা নেমে আসছিল।
"এই নে, দুধ খা। তারপর ওষুধও খেতে হবে।"
তিনি আরও একবার দুধের গ্লাসটি তার ঠোঁটে ধরলেন।
এবার সে আর বাধা দিল না। তবে এতটাই দুর্বল ছিল যে প্রতিটি চুমুক গলার নিচে নামার পর পরের চুমুক নিতে তাকে একটু থামতে হচ্ছিল।
পুরো গ্লাস শেষ হলে মোলভী আবদুল খালিক গ্লাসটি মুল্লানি জির হাতে দিয়ে আরও দুধ ঢালার ইশারা করলেন।
আবার গ্লাসটি তার মুখে ধরতেই সে নিজের হাতে গ্লাসটি নিয়ে নিল। দ্বিতীয় গ্লাসটি প্রথমটির তুলনায় কম সময়েই শেষ করল।
তৃতীয় গ্লাস ভরে তাঁর হাতে দিয়ে তিনি একটি কাগজের পুঁটলি খুলে তার হাতে দিলেন এবং বললেন,
"এটা ওষুধ। খেয়ে নে।"
সে কোনো আপত্তি না করে পুঁটলির ওষুধ মুখে ঢেলে কয়েক চুমুক দুধ খেল। তারপর গ্লাসটি ফিরিয়ে দিয়ে খাটিয়ার ওপর ধপ করে শুয়ে পড়ল।
সারাটা দিন সে আধা অচেতন অবস্থাতেই কাটাল।
রাত হলে মোলভী আবদুল খালিক নিজের খাটিয়াটি টেনে তার খাটিয়ার পাশে এনে রাখলেন।
ইচ্ছে ছিল আগের রাতের মতো সারারাত জেগে তার দেখাশোনা করবেন।
মধ্যরাত পর্যন্ত তিনি জেগে ছিলেন। কিন্তু এই বয়সে এত পরিশ্রম শরীর আর সইছিল না। তাছাড়া আগের দিনের ক্লান্তিও তখনো কাটেনি।
তিনি তো কোমরটা সোজা করার জন্য কিছু সময়ের জন্য শুয়েছিলো কিন্তু চোখ লেগে গেলো।
অভ্যাসমতো তাহাজ্জুদের সময় ঘুম ভাঙতেই তিনি চমকে উঠে বসলেন।
ঘাড় ঘুরিয়ে সাঁইয়ের খাটিয়ার দিকে তাকাতেই দেখলেন সেখানে কেউ নেই।
তিনি সঙ্গে সঙ্গে বাইরের দরজার দিকে তাকালেন। দরজাটি পুরো খোলা।
বড্ড একগুঁয়েমি লাগিয়ে রেখেছে—নিজের মনে বিড়বিড় করে বললেন।
তারপর উঠে দরজা বন্ধ করে উঠোনের সেই পাশে গেলেন, যেখানে হাতচালিত টিউবওয়েল ছিল। এক হাতে পাম্প চালিয়ে ওজুর জন্য বালতিতে পানি ভরতে লাগলেন।
দুপুরে জোহরের নামাজ ও দরস শেষ করে বাড়ি ফিরতেই গরমে তাঁর অবস্থা খারাপ হয়ে গেল।
মাথায় টুপি, তার ওপর পাগড়ির কাপড় জড়ানো ছিল। তবু মনে হচ্ছিল যেন মাথা আগুনে পুড়ে যাচ্ছে।
বাড়িতে ঢুকেই তিনি ডাক দিলেন,
"হাজরা! এক গ্লাস পানি দাও তো।"
এ কথা বলেই তিনি থামলেন না। উঠোনের শেষ প্রান্তে থাকা দুইটি ঘরের একটিতে ঢুকে খাটিয়ায় বসে পড়লেন।
সেখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। তিনি বালিশের ওপর রাখা হাতপাখাটি তুলে টুপি ও পাগড়ি পাশে রেখে নিজেই বাতাস করতে লাগলেন।
কিছুক্ষণ পর মুল্লানি জি এক গ্লাস পানি নিয়ে ঘরে এলেন।
তিনি তাঁর হাত থেকে গ্লাসটি নিয়ে মুখের কাছে তুললেন, কিন্তু ঠোঁটে লাগাতে পারলেন না।
ঘরের শীতল আধো অন্ধকার পরিবেশে বসে হঠাৎ তাঁর মনে সেই সাঁইয়ের খেয়াল আসলো, যে এই দগ্ধ করা রোদে খোলা আকাশের নিচে বসে নিজেকে পুড়িয়ে দিচ্ছে।
"কী হয়েছে মোলভী সাহেব? আপনি পানি খাচ্ছেন না কেন?"— তাঁকে ভাবনায় ডুবে থাকতে দেখে মুল্লানি জি জিগ্যেস করলো তো আবদুল খালিক বিড়বিড় করে বললেন,
"ওরও তো পিপাসা পেয়েছে। ওরও তো গলা শুকিয়ে যাচ্ছে।"
"কে মোলভী সাহেব?" "কার কথা বলছেন?"
তিনি কিছু না বুঝে জিগ্যেস করতে লাগলেন।
কিন্তু মোলভী আবদুল খালিক কোনো উত্তর না দিয়ে বাইরে বেরিয়ে এলেন।
মাটির কলসি থেকে জগে পানি ভরে গ্লাস হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন।
দূর থেকেই তিনি তাকে দেখতে পেলেন, একটি ঘন ছায়াওয়ালা গাছের নিচে বসে আছে।
স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি দ্রুত হাঁটতে লাগলেন।
সে মাথা নিচু করে আঙুল দিয়ে মাটিতে দাগ কাটছিল।
জগ আর গ্লাস তার সামনে রেখে তিনি মাটিতে বসতেই মাটির তীব্র উত্তাপ অনুভব করলেন।
সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তার দিকে তাকালেন।
এত জ্বলন্ত মাটিতে সে এমন নিশ্চিন্তে বসে ছিল, যেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের নরম আসনে বসে আছে।
সে মাথা তুলল না। শুধু চোখের পাতা তুলে একবার তাঁর দিকে তাকিয়ে আবার নিজের কাজে মগ্ন হয়ে গেল।
"সকাল থেকে দুপুর হয়ে গেল। সূর্য মাথার ওপর উঠে গেছে। এই গরমে তো মাটিই শুকিয়ে যায়। তোরও নিশ্চয়ই গলা শুকিয়ে গেছে। আয়, দু'ঢোক পানি খেয়ে নে।"— মোলভী সাহেব তাকে খুব স্নেহভরে ডাকলেন কিন্তু সে কোনো গুরুত্বই দিল না।
"ওরে পাগল! জুলুম সব অবস্থাতেই খারাপ। কিন্তু নিজের ওপর করা জুলুম সবচেয়ে বেশি খারাপ। কারণ নিজের ওপর জুলুম মানুষকে অনুভূতিহীন করে দেয়। আর যে অনুভূতিহীন হয়ে যায়, সে আর প্রকৃত মানুষ থাকে না, শুধু মানুষরূপী দেহ হয়ে যায়।
শুধু মানুষরূপী হওয়ার চেয়ে পশু হওয়াও ভালো। নিজের মর্যাদা চিনে নাও। শুধু মানুষরূপী হয়ে থেকো না।"
ব্যথিত ভঙ্গিতে তাকে বোঝাতে বোঝাতে তিনি গ্লাসে পানি ঢাললেন। তারপর গ্লাসটি হাতে নিয়ে তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন,
"এই নে, ধর। আর নিজের ওপর এত অত্যাচার করিস না।"
সে একবার তাঁর দাড়িভরা মুখের দিকে তাকাল, তারপর গ্লাসটির দিকে। এরপর গ্লাসটি তাঁর হাত থেকে নিয়ে নিল।
কিন্তু পানি পান করার বদলে গ্লাসটি উঁচু করে এমনভাবে দেখতে লাগল, যেন এটি স্টিলের নয়, কাঁচের তৈরি, আর সে ফাটলের ভেতর দিয়ে দেখছে পানি আদৌ পরিষ্কার কি না।
এরপর সে এক অদ্ভুত কাজ করল।
ধীরে ধীরে গ্লাসটি উল্টে পুরো পানি মাটিতে ঢেলে দিল।
তারপর গ্লাসটি নিচে রেখে জগ তুলে আবার গ্লাসে পানি ভরল।
আবার আগের মতো গ্লাস উঁচু করে সব পানি মাটিতে ফেলে দিল।
এভাবে সে একই কাজ বারবার করতে লাগল।
তৃতীয়বার যখন সে আবার জগের দিকে হাত বাড়াল, তখন মোলভী সাহেব আর চুপ থাকতে পারলেন না।
"তুমি এটা কী করছ?"
"আকাঙ্ক্ষাকে মাটিতে মিশিয়ে দিচ্ছি।" — সে তাঁর দিকে তাকিয়ে বলল।
তারপর গ্লাসটি তুলে ধরে বলল,
"এটা অনুসন্ধানের পাত্র। মানুষ এই পাত্রটিকে আকাঙ্ক্ষায় ভরে দেয়।"
কথা বলতে বলতে সে আবার গ্লাসটি কানায় কানায় পানি দিয়ে ভরে ফেলল।
"কিন্তু আকাঙ্ক্ষার ভাগ্যে কখনো প্রাপ্তি লেখা থাকে না।
তার নিয়তি হলো ধুলোয় মিশে যাওয়া। আর অনুসন্ধানের পাত্রটা খালিই থেকে যায়।"
সে জগটি রেখে ধীরে ধীরে গ্লাসের সব পানি মাটিতে ঢেলে দিল।
খালি গ্লাসটির দিকে তাকিয়ে বলল,
"তুমি যতবার এই পাত্র ভরবে, ততবারই এটি খালি হয়ে যাবে। যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। অনুসন্ধান বেঁচে থাকে, আর আকাঙ্ক্ষা ধুলোয় মিশে যায়।"
তার ঠোঁটে মৃদু হাসি ছিল। কিন্তু পরক্ষণেই মুখ বিষণ্ন হয়ে গেল।
সে খালি গ্লাসটির দিকে তাকিয়ে আক্ষেপভরা স্বরে বলল,
"অনুসন্ধানের খালি পাত্রই সবচেয়ে ভারী।"
তারপর যেন এই খেলায় তার আর আগ্রহ রইল না। গ্লাসটি মাটিতে গড়িয়ে দিয়ে বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল,
"কেন আসোস তুই এখানে? আর আসিস না!"
মোলভী সাহেব তবু বিচলিত হলেন না। গভীর দৃষ্টিতে তার বিকৃত মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন,
"বাইরের আগুন তাকে পোড়াতে পারে না, যার ভেতরেই আগুন জ্বলছে। তোর ভেতরে কোন আগুন জ্বলছে?"
তার চোখের ক্রোধ মিলিয়ে গিয়ে সেখানে গভীর বেদনা নেমে এল।
সে নিজের বুকে হাত বুলিয়ে ধীরে বলল,
"এখানে ইশকের চুল্লি জ্বলছে।"
চলবে...