ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 25

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-২৬

বাবা জানের ক্লান্ত, ভেঙে পড়া শরীরের দিকে একবার তাকিয়ে তিনি ভাবলেন।

"এটা কী ছিলো? ছোট বাচ্চাদের মতো আচরণ?"

যখন সে বললো তখন তার কন্ঠে কোমলতা গায়েব ছিলো যা একসময় তার কন্ঠে ছিলো।

তুমি জানো নূরুল হুদা, কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার আগে কেন তার মুখে কালো কালি মেখে লোকসমাজে ঘোরানো হয়?"

নুরুল হুদার কথা শুনে বাবা জান অদ্ভুত ভঙ্গিতে বললো।

কিছুক্ষণ তিনি নুরুল হুদার পক্ষ থেকে উত্তরের অপেক্ষা করলেন। তারপর নিজেই বললেন,
"কারণ নিজের অপরাধের কালিমা মাথায় নিয়ে নিয়ে মানুষের সামনে দাঁড়ানো, শাস্তি পাওয়ার চেয়েও কঠিন।"

"আপনার অনুশোচনা কোনো কিছুর ক্ষতিপূরণ করতে পারবে না।"

তার কথায় নূরুল হুদা শীতল কণ্ঠে বললেন।

"আমি জানি। আর এই উপলব্ধিই আমার অনুশোচনাকে আরও গভীর করে। আমি প্রাণ দিলেও আমার মেয়েকে আর ফিরিয়ে আনতে পারব না।"

তিনি ক্লান্ত ভঙ্গিতে বললেন।

তারপর অসহায় কণ্ঠে বললেন,

"তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না?"

নূরুল হুদা শান্ত ভঙ্গিতে বললেন,

"আমার ক্ষমা মালিহার ক্ষমার সঙ্গে জড়িয়ে আছে। যান, আপনার মেয়ের কাছে ক্ষমা চান। যদি সে আপনাকে ক্ষমা করে, তাহলে আমিও করব।"

বাবা জান মাথা নিচু করে অসহায়তার শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন ।

"আর একটা কথা..
আঙুল তুলে নুরুল হুদা বলতে লাগলো

দয়া করে ভবিষ্যতে এমন কিছু করে আমাকে আর পেরেশানি করবেন না।"

এরপর তিনি তার প্রতিক্রিয়া দেখার জন্য আর এক মুহূর্তও দাঁড়ালেন না।

বাবা জানের ভেঙে পড়া অস্তিত্ব আর সহ্য করার শক্তি তাঁর ছিল না।

নিজের ঘরে ফিরে জুতোও না খুলে বিছানায় লুটিয়ে পড়লেন আর চোখ বন্ধ করলেন। অশ্রু গড়িয়ে কানের পাশ বেয়ে চাদরের মধ্যে মিশে গেল।

ভালোবাসার সৌন্দর্য তখনই টিকে থাকে, যখন দুটি হৃদয় হাত ধরে একই পথে হাঁটে।
কিন্তু সেই ভালোবাসাগুলোই যদি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে তা ভয়াবহ ধ্বংস ডেকে আনে।
সেই সংঘর্ষই মালিহার জীবন ধ্বংস করেছিল। আর এখন তা নূরুল হুদার জীবনকে গ্রাস করতে উদ্যত।
ভালোবাসা মোহ হোক কিংবা যন্ত্রণা , তার হাত থেকে রক্ষা পাওয়া সহজ নয়।

_________________

মোলভী আবদুল খালিক সেই সর্বস্বহারা যুবকের কাছ থেকে উঠে এসেছিলেন বটে, কিন্তু আবারও তার কাছে ফিরে যাওয়া থেকে নিজেকে আটকাতে পারলেন না।

ছেলেটির মধ্যে তিনি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করতেন। তাকে দেখলেই তাঁর বুকের ভেতর বাবার মতো গভীর মমতা জেগে উঠত। অথচ ছেলেটির আচরণ এখনো আগের মতোই ছিল।

কখনো কখনো সে মোলভী আবদুল খালিককে এমনভাবে উপেক্ষা করত, যেন তাঁর উপস্থিতি সম্পর্কেই সে সম্পূর্ণ অজ্ঞ।

কখনো সে উন্মাদের মতো চিৎকার করে উঠত, আবার কখনো গভীর বিষণ্নতায় ডুবে নিজের মনে কী যেন বিড়বিড় করত। মোলভী সাহেব তার এই কোনো অবস্থাতেই কখনো হস্তক্ষেপ করতেন না।

তিনি একজন শ্রোতার মতো তার কাছে এসে বসতেন এবং তার প্রতিটি কথা এমন মনোযোগ দিয়ে শুনতেন, যেন সে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য দিচ্ছে। যদি একটা পয়েন্টও বাদ পড়ে যায়, তাহলে যেন গড়বড় হয়ে যাবে।

এরপর একান্তে বসে তিনি তার কথাগুলো নিয়ে গভীরভাবে ভাবতেন। তার মনের জট খুলে দেওয়ার মতো কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না।
তবুও তিনি ধৈর্য ধরে, একেবারে অপ্রকাশ্যভাবে নিজের অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলেন।

"তুই আবার চলে এলি?"
মোলভী আবদুল খালিককে দেখেই সে কটমট করে তাকাল। তার কণ্ঠে এমন ভাব ছিল যেন বলছে, "বড্ড নির্লজ্জ লোক!"

তার সেই ভঙ্গি বুঝে মোলভী আবদুল খালিক মৃদু হাসলেন।

"কী করব! তোর সঙ্গে তো মন লেগে গেছে। দু'দণ্ড তোর পাশে না বসলে যেন শান্তিই পাই না।"

স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার বিরক্ত মুখটা দেখে তিনি ভেতরে ভেতরে আনন্দই পাচ্ছেন।

সে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিতেই মোলভী সাহেব আগের মতোই হেসে বললেন,
"বরং আমার তো মনে হয়, তোরও এখানেই মন বসে গেছে। কোথায় না তুই মরুভূমি পাড়ি দিতে বেরিয়েছিলি, আর এখন চার মাস হয়ে গেল, এখান থেকে নড়ার নামই নিচ্ছিস না।"

"মন বসানোর জন্য নয়, আমি তো ক্লান্ত হয়ে এখানে বসেছি।"
তার কণ্ঠে গভীর যন্ত্রণা ফুটে উঠল।

“শান্তির খোঁজে আমি প্রতিটি কণা, প্রতিটি জায়গা তন্নতন্ন করে খুঁজেছি, কিন্তু মনে হয় শান্তি যেন এই মহাবিশ্ব থেকেই হারিয়ে গেছে। তাহলে খুঁজে কী লাভ, যখন খুঁজেও শান্তি পাওয়া যায় না।”

"যে জিনিস খুঁজে পাওয়া যায় না, সেটা চেয়ে নিতে হয়।"

“তাঁর হাতে একটি গুটি আসতেই মোলভী আবদুল খালিক দাবার বোর্ড সাজাতে এক মুহূর্তও দেরি করলেন না।”

"কার কাছে চাইব?"

সে জিগ্যেস করলো। সঙ্গে সঙ্গেই যেন তিনি কী উত্তর দেবেন, তা ভেবে তার কপালও কুঁচকে গেল।

"আল্লাহর কাছে।"
তাঁর কন্ঠের প্রশান্তি ছিলো।

তার চোখে আগুন জ্বলে উঠল।
"যা চেয়েছিলাম, তা তো দেয়নি। এখন আর কী চাইব?"

সে ভেঙে পড়া কণ্ঠে বলল। তারপর যন্ত্রণায় চোখ বন্ধ করে গাছের কাণ্ডে মাথা ঠেকিয়ে দিল।
"তবু আমি তার ওপর সন্তুষ্টই ছিলাম। কোনো অভিযোগ করিনি। শুধু দুই হাত তুলে শান্তি চেয়েছিলাম। সেটাও নিজের জন্য নয়, তার জন্য। কিন্তু তিনি কী করলেন?"

সে যন্ত্রণায় চোখ খুলে মাথা নিচু করল, তারপর ডানে-বাঁয়ে ঝাঁকাতে লাগল।

এমন সময় তার এলোমেলো চুলগুলো অদ্ভুতভাবে তার মুখ ঢেকে কাঁধের ওপর ঝুলতে লাগল।

"আর কখনো কিছু চাইব না।"

সে বিড়বিড়ালো তারপর হঠাৎ মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে গর্জে উঠল,

"শুনছিস? আর কখনো তোর দরজায় আসব না। তোর কাছে কিছুই চাইব না।

তোর কাছে আমার আর কিছু চাওয়ার নেই। তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।"

মোলভী আবদুল খালিকের তার জন্য খুব মায়া হলো।

"ওরে পাগল! তুই যদি চিকিৎসকের সঙ্গেই শত্রুতা করিস, তাহলে তোর ক্ষতগুলো সারবে কীভাবে?"

কিন্তু সে তখন আর তার কোনো কথাই শুনছিল না।

মোলভী সাহেব দীর্ঘশ্বাস ফেললেন।

"আচ্ছা, আমি চললাম। আর দেখ, এখানে খাবার রাখা আছে। ইচ্ছে হলে খেয়ে নিস। কিন্তু সাবধান, এটা যেন ছুড়ে না ফেলিস। রিজিকের প্রতি অসম্মান করা হয়।"

পাশে রাখা ট্রের দিকে ইশারা করে তিনি এমনভাবে বললেন, যেন সাঁই আগেও বহুবার এমন কাজ করেছে।

শেষবারের মতো তার নিচু হওয়া মাথার দিকে একবার দেখে মোলভী সাহেব উঠে গেলেন। কিন্তু দু'পা এগোতেই ট্রেটা আছড়ে ফেলার শব্দ শুনলেন।

তিনি ফিরে তাকিয়ে দেখলেন, ছেলেটি কঠিন মুখে শূন্যে কোনো অদৃশ্য বিন্দুর দিকে তাকিয়ে আছে। তার সামনে খাবারসহ ট্রেটা উল্টে পড়ে আছে।

অসহায় চোখে তার দিকে তাকিয়ে তিনি ট্রেটা সোজা করলেন। যতটা সম্ভব খাবার তুলে আবার ট্রেতে রাখলেন।

এরপর চারদিকে ছিটকে পড়া বাসনপত্রও কুড়িয়ে ট্রেতে রেখে বিরক্ত হয়ে বললেন,
"যদি এটাই করার থাকে, তাহলে কাল থেকে আর খাবার আনব না। না খেয়ে থাকিস।"

রাগ করেই তিনি চলে গেলেন। কিন্তু পরদিনও তার জন্য খাবার আনতে তিনি ভুললেন না।

________________________________________________________________

দেশের একজন খ্যাতনামা ও প্রভাবশালী ব্যবসায়ী ইকবাল ইয়াজদানীর উদ্যোগে পি.সি.-এর লাউঞ্জে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

সেখানে আমন্ত্রিত হওয়াটাকেই শহরের শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদরা নিজেদের জন্য সম্মানের বিষয় বলে মনে করতেন। আর কে না জানে, অভিজাত সমাজের এসব ডিনার ও পার্টি উপলক্ষ অনুযায়ী নয়, বরং নতুন উপলক্ষ তৈরি করার উদ্দেশ্যেই আয়োজন করা হয়।

নূরুল হুদা সুযোগের নয়, বরং ব্যস্ততার খোঁজই আজকাল বেশি করতেন। আর আজ তার একটি বিশেষ কারণও ছিল।

সব সময়ের মতোই তিনি যত্ন নিয়ে প্রস্তুত হলেন এবং সময়মতো পৌঁছে গেলেন।

তবে ভিআইপিদের আগমন তো সবসময়ই একটু দেরিতেই হয়।

ইকবাল ইয়াজদানি নূরুল হুদার টেবিলে বসে স্বভাবমতো হাস্যরসের ফুলঝুরি ছুটিয়ে যাচ্ছিলেন।

নূরুল হুদা সত্যিই তার কথা উপভোগ করছিলেন। এমন সময় চেম্বার অব কমার্সের সভাপতির আগমনের ঘোষণা শোনা গেল, আর ইকবাল ইয়াজদানি তাকে স্বাগত জানাতে উঠে গেলেন।

"আরে, ও তো নূরুল হুদা ফারুকী, তাই না? ও এখানে কী করছে?"
নবীদ আখতার ক্রিম রঙের স্যুট পরা নূরুল হুদাকে দেখে পাশে বসা ইকবাল ইয়াজদানীকে বললেন।

তো ইকবাল ইয়াজদানি বললেন,
"এ কেমন কথা বলছেন, নবীদ সাহেব! আমরা আমন্ত্রণ জানিয়েছি বলেই তো ও এখানে এসেছে।"

"অদ্ভুত কাজ তো আপনিই করেছেন, ইয়াজদানি সাহেব! যে ছেলেটা ব্যবসার জগতে এসেছে এখনো জুম্মা জুম্মা আট দিনও হয়নি, তাকে আপনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন!"

তার কথায় যেমন নূরুল হুদার প্রতি অবজ্ঞা ছিল, তেমনি ইকবাল ইয়াজদানীর প্রতিও সূক্ষ্ম ব্যঙ্গ ছিল। কিন্তু তিনি কিছুই মনে করলেন না। বরং হেসে বললেন,
"তাহলে ভাবুন, নবীদ সাহেব। আমরা যখন ডেকেছি, নিশ্চয়ই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে।"

"এই কালকের বাচ্চার মধ্যে আবার কী বিশেষত্ব থাকতে পারে?"
তিনি আগের মতোই ব্যঙ্গ করছিলেন।

"বিশেষত্বের কথা যখন উঠল, তাহলে এটুকুই কি কম যে চেম্বার অব কমার্সের সভাপতি তাকে তার নামে চেনে?"

তিনি তাঁর প্রফুল্ল ভঙ্গিতে তার কটাক্ষের জবাব দিয়ে বললেন।

তার এই রসিক জবাবে চারপাশে হাসির রোল পড়ে গেল।
পাশের টেবিলে বসা কয়েকজন মেয়েও পুরো কথোপকথন শুনছিল। তারাও মুচকি হেসে উঠল।

"ইকবাল আঙ্কেল তো দেখছি নূরুল হুদার প্রতি বেশ ইম্প্রেসড মনে হচ্ছে।" একজন হাসি থামিয়ে মন্তব্য করলো তো আরেকজন বলল,

"শুধু ইকবাল আঙ্কেল কেন? ইকবাল আনঙ্কেলের মেয়েও কিন্তু নূরুল হুদা ফারুকীর প্রতি বেশ মুগ্ধ। তাই না, মরিয়ম?"

কথাটা বলে সে পাশের মেয়েটিকে খোঁচা দিল। যার দৃষ্টি তখনও স্থির হয়ে ছিল নূরুল হুদার দিকে।

বন্ধুদের কথা শুনে সে মৃদু হেসে কফিতে এক চুমুক দিল। কাপটা নামিয়ে আবারও নূরুল হুদাকে দেখতে লাগলো।

নীল ইভনিং গাউন পরা আরেক মেয়ে কৃত্রিম চিন্তার ভান করে বলল,

"নিজেকে সামলাও, মরিয়ম! তুমি আবার এই রকম রুক্ষ ধার্মিক লোকের প্রেমে পড়তে যাচ্ছ, যে কাউকেই পাত্তা দেয় না।"

"শুনেছি ভদ্রলোক নাকি বড় জমিদার। আর এই জমিদার ধরনের লোকেরা একটু কঠিন স্বভাবের হয়।”

"আমিও ভাবছি, লোকটা আমাকে এভাবে নিজের দিকে টানছে কেন। হয়তো কাছে গেলে কিছুটা জানা যাবে।"

গভীর চিন্তার আন্দাজে এ কথা বলেই সে উঠে দাঁড়াল।
সঙ্গে সঙ্গে পাশের মেয়েটি তার হাত ধরে বলল,
"কোথায় যাচ্ছ?"

সে কাঁধ ছাড়িয়ে নিচে নেমে আসা ঘন কালো চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল,
"নূরুল হুদার কাছে।"

চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 25 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন