ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 26

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-২৭

চঞ্চল এক হাসি মুখ নিয়ে সে নিজের বাহু ছাড়িয়ে নিল। তারপর সেই হাত দিয়েই তার গালে আলতো করে চাপড় দিল। হাই হিলের খট খট শব্দ তুলে সে এসে নূরুল হুদার টেবিলের পাশে দাঁড়াল।

এরপর আন্তরিক ভঙ্গিতে নূরুল হুদাকে সম্বোধন করে বলল,
"Good evening mister Farooqi."

নূরুল হুদা তখন নিজের সঙ্গে বসা লোকদের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত ছিলেন। হঠাৎ চমকে তাকালেন।

দেখলেন, দুষ্টুমিভরা কালো চোখে ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে মেয়েটি ডান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।

নূরুল হুদা বসা অবস্থাতেই বললেন, "গুড ইভনিং।" তারপর মুহূর্তের জন্য তার কোমল হাতটি ধরে আবার ছেড়ে দিলেন।

"I'm Maryam Yazdani. Daughter of Iqbal Yazdani."

সে নিজেই পরিচয় দিতে শুরু করল। নূরুল হুদা মৃদু হেসে বললেন,

"আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগল।"

"আমারও ভালো লাগল, নূরুল হুদা!"
এক লহমায় সে "মিস্টার ফারুকী" থেকে সরাসরি "নূরুল হুদা" বলে সম্বোধন করতে শুরু করল।

তারপর নির্ভীক ভঙ্গিতে বলল,
"আমরা কি একটু কথা বলতে পারি?"

"আমার তো মনে হচ্ছে, আমরা এখনও কথাই বলছি।"

তার এই উত্তরে মরিয়ম অপ্রস্তুত হেসে উঠল।

"বুদ্ধিদীপ্ত জবাব দিতে পারে এমন মানুষ আমার খুব পছন্দ।"

নূরুল হুদা তার কর্তৃত্বপূর্ণ স্বভাবটা বুঝতে পারলেন। তবে সে যেহেতু তার আতিথেয়তার আয়োজকের মেয়ে, অর্থাৎ সেও এক অর্থে আয়োজক, আর তিনি ছিলেন অতিথি।

তাকে না করা ঠিক হবেনা তাই তিনি তার সঙ্গে বাইরে খোলা পরিবেশে চলে এলেন।

হ্যাঁ তো আপনার ব্যাপারে কিছু বলেন, হাঁটতে হাঁটতে মরিয়ম তার সামনে এসে দাঁড়াল, যেন নিজের উপস্থিতি জোরালোভাবে অনুভব করাতে চাইছে। অথচ নূরুল হুদাকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন এসবের প্রতি সম্পূর্ণ উদাসীন।

নূরুল হুদা তাকে দেখে হাসলেন।
" নাম তো আপনি জানেনই। আর কী বলব?"

"নাম ছাড়া তো আর কিছুই জানি না। তাই যা ইচ্ছে হয় বলুন।"

"নাম ছাড়া আরও জেনে আপনি কী করবেন?" নূরুল হুদা এড়িয়ে যেতে চাইলেন।

"পরিচয়টা আরও গভীর করব।"

তার এই কথায় নূরুল হুদা একবার তার দিকে তাকালেন। তিনি বোঝার চেষ্টা করলেন, মেয়েটি কি নিছক অকপটভাবে বলছে, নাকি সত্যিই এতটা স্পষ্টভাষী।

কিন্তু সে তার ভাবনার ধার না ধেরে বলে চলল,

"যাই হোক, আপনি যদি নিজের কথা বলতে না চান, সমস্যা নেই। অন্তত আমার সম্পর্কে কিছু তো জিজ্ঞেস করতে পারেন।"

"বলুন।"
তার অনুরোধে নূরুল হুদা বললেন।
মরিয়ম বলতে শুরু করল,

"আমি একটু জেদি, একটু মুডি। আর ব্যবসায় আমার একদমই আগ্রহ নেই। কিন্তু বাবার জোরাজুরিতে আমিও হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছি।"

সে একটানা বলেই যাচ্ছিল।
নূরুল হুদার কাছে তার সাহসী স্বভাবটা খারাপ লাগেনি। কিন্তু তার উদ্দেশ্যটা বুঝে তিনি ভেতরে ভেতরে সতর্ক হয়ে গেলেন।

লন্ডনের মুক্ত পরিবেশে থাকতে গিয়ে এরকম তেজি ও সাহসী মেয়ের সঙ্গে তার বহুবার দেখা হয়েছে। আর এ ধরনের মেয়েদের এড়িয়ে চলার কৌশলও তিনি ভালোভাবেই শিখে ফেলেছিলেন।

তিনি ফেরেশতাসুলভ মানুষ ছিলেন না। তবে একটা বিষয় নিশ্চিত ছিল, এ ধরনের অপ্রয়োজনীয় সম্পর্কে তিনি সবসময় নিজেকে দূরে রেখেছেন।

কারণ, এমন কোনো মেয়ে কখনোই তার হৃদয় ছুঁতে পারেনি। আর যে একজন ছুঁয়েছিল, সে ভালোবাসাকে তার কাছে এমন এক ইবাদতে পরিণত করেছিল যে, তাকে পাওয়ার ইচ্ছাও নূরুল হুদা আর করতে পারেননি।

"আপনার সঙ্গে কথা বলে ভালো লাগল। কিন্তু এখন আমাকে অনুমতি দিন। আমাকে যেতে হবে।"
নুরুল হুদা তার থেকে জান ছোটাতে চাইলো।

আর এইদিকে মরিয়ম বুঝেও অবাক হয়ে বলল,
"এক্সকিউজ মি! আপনাকে এখানে ডিনারের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, আর আপনি ডিনার না করেই চলে যেতে চান?"

"মজবুরি আছে। আমাকে খুব জরুরি একটা কাজে যেতে হবে।"

অনায়াসে মিথ্যা বলতে বলতে তার মনে পড়ে গেল সেই মেয়েটির কথা, যার জন্য তিনি মিথ্যা বলা শিখেছিলেন।

তার মুখে হঠাৎ বিষণ্নতার ছাপ ফুটে উঠল। সেটা টের
পেয়ে মরিয়ম আর তাকে থামার জন্য জোর করল না। তবে পরের দেখা ঠিক না করে নিজেকে আটকাতেও পারল না।

"আর দশ দিন পর নিউ ইয়ার নাইট। তাহলে নিউ ইয়ার নাইটে আমাদের দেখা হচ্ছে। ডান?"

এই বলে প্রতিশ্রুতি নেওয়ার জন্য সে আবার ডান হাত বাড়িয়ে দিল।

নূরুল হুদা তার দিকে তাকালেন। তারপর হাত মিলিয়ে শুধু বললেন,
"বাই।"
সঙ্গে সঙ্গেই হাত ছেড়ে ঘুরে দাঁড়ালেন। ভেতরে গিয়ে কাউকে নিজের চলে যাওয়ার কথাও জানালেন না। সোজা পার্কিংয়ের দিকে হাঁটতে লাগলেন।

মরিয়ম বিস্ময়ে বড় বড় চোখ করে তার চলে যাওয়া দেখছিল।
সে যেন বিশ্বাসই করতে পারছিল না, নূরুল হুদা এত সহজেই তাকে উপেক্ষা করে চলে গেলেন।

পরক্ষণেই তার ভীষণ রাগ হলো। জোরে পা ঠুকে সে আবার ভেতরে চলে গেল।

___________________________________________

শীতল, অন্ধকার রাত নেমে এসেছে সেই জনমানবহীন প্রান্তরে।
কালো আকাশে না চাঁদের আলো ছিল, না তারার ঝিকিমিকি।

তবে সেখানে চাঁদ-তারা দেখার মতো মানুষই বা ছিল কে?

চারদিকের মানুষ ঘুমিয়ে পড়েছে। আর যে একজন জেগে ছিল, সে চোখ বন্ধ করে নিজের ধ্যানে নিমগ্ন, যেন পৃথিবীর সবকিছু থেকেই বিচ্ছিন্ন।
হঠাৎ সেই নিস্তব্ধতার মধ্যে একটি জিপের ইঞ্জিনের শব্দ বজ্রপাতের মতো ভেসে এল।

শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগল, আরও জোরালো হতে লাগল।

এক মুহূর্তের জন্য মনে হলো, জিপটি থেমেছে।
তবে ইঞ্জিন তখনও চলছিল।
দরজা খুলে কেউ একজন নামল। কয়েক সেকেন্ড পর দৌড়ে আবার জিপে উঠে বসল।

দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই জিপটি ঝড়ের বেগে অন্ধকারে মিলিয়ে গেল।

কিন্তু ধ্যানে মগ্ন সেই সাঁইয়ের মনোযোগে কোনো পরিবর্তন এল না।

এরপর খুব ক্ষীণ একটা শব্দ শোনা গেল।
এতটাই ক্ষীণ যে, চারপাশে এত গভীর নীরবতা না থাকলে হয়তো শোনাই যেত না।

এক মুহূর্তের জন্য শব্দটা থেমে গেল।
তারপর আবার শোনা গেল।
আবার থামল।

এরপর ধীরে ধীরে সেই শব্দ অবিরাম হতে লাগল।

সাঁই হঠাৎ চোখ খুললেন।
চারদিকে তাকালেন।

কিন্তু এমন অন্ধকারে আর কীই-বা নজরে আসতো!

শেষ পর্যন্ত শব্দের দিকটা আন্দাজ করে তিনি উঠে হাঁটতে শুরু করলেন।

এবার শব্দটা অনেক পরিষ্কার শোনা যাচ্ছিল।

হাঁটতে হাঁটতে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন, যেখানে ঝোপঝাড়ের ঘন একটা ঝাড় ছিল।

অন্ধকারে চোখ কুঁচকে তিনি ঝোপের চারপাশে ঘুরলেন।

কিন্তু শব্দের উৎস খুঁজে পেলেন না।
তাই আরও একটু সামনে এগোলেন।

কয়েক কদম যেতেই মনে হলো, শব্দটা আবার পেছন থেকেই আসছে।
তিনি ফিরে এসে ঝোপের পাশে হাঁটু গেড়ে বসলেন।
হাত দিয়ে স্পর্শ করে শব্দের উৎস খুঁজতে লাগলেন।

মাটির ওপর হাত বুলাতে বুলাতে হঠাৎ ঝোপের ভেতর হাত ঢুকতেই কাপড়ের মতো কিছু অনুভব করলেন।

অবাক হয়ে সেটি স্পর্শ করতেই তার হাত নরম, কোমল কিছুর সঙ্গে লাগল।

তিনি থমকে গেলেন।
তারপর আরেক হাতও ঝোপের ভেতরে ঢুকিয়ে সতর্কভাবে কাপড়ে মোড়ানো জিনিসটি তুলে আনলেন।

বাইরে এনে দেখতেই তিনি ভীষণ চমকে উঠলেন।
তাড়াহুড়ো করে ভালোভাবে স্পর্শ করে বুঝলেন, তার ধারণাই ঠিক।

ওটা একটা শিশু।
কোনো কুকুর বা বিড়ালের বাচ্চা নয়।
একজন মানুষের সন্তান।
সেই মানুষ, যাকে সৃষ্টির সেরা জীব বলা হয়।
আর সেই মানুষই নিজের বুকের ধনকে এক টুকরো মাংসের মতো শেয়াল, কুকুর আর কাকের খাদ্য হওয়ার জন্য এমন নির্জন প্রান্তরে ফেলে রেখে যায়।

তিনি হতভম্ব হয়ে শিশুটিকে কোলে নিয়ে বসে রইলেন।

যে মা নয় মাস গর্ভে ধারণ করে তাকে পৃথিবীতে এনেছিল, সেই-ই তাকে মৃত্যুর মুখে ঠেলে কাঁটাঝোপের এই কবরস্থানে ফেলে গেছে।

কিন্তু এই পাগলের এতটুকুও সাহস হলো না যে, এই নিষ্পাপ, কোমল শিশুটিকে আবার সেই রুক্ষ মাটিতে শুইয়ে রেখে আসে।

তাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে সে আবার নিজের ঠিকানায় ফিরে এল।

তার মস্তিষ্ক যেন বহু আগেই কাজ করা বন্ধ করে দিয়েছিল, আর তার অস্তিত্ব ভেঙে পড়া এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। কিন্তু তার বুকে ছোট্ট শিশুটির নরম হাত-পায়ের নড়াচড়া সেই ধ্বংসস্তূপেও যেন আবার প্রাণের সঞ্চার করল।

সে মাথা নিচু করে অন্ধকারে মোড়া নিষ্পাপ মুখটির দিকে তাকাল। শিশুটির কান্না এখন তাকে অস্থির করে তুলছিল।

"এটা এত কাঁদছে কেন?"

অনেক দিন ধরে বন্ধ হয়ে থাকা তার মস্তিষ্কের যন্ত্র যেন আবার ধীরে ধীরে সচল হয়ে উঠল।

"হয়তো ওর ঠান্ডা লাগছে। আজ তো প্রচণ্ড শীত।"

দীর্ঘদিন অনুভূতিহীন হয়ে থাকার পর হঠাৎ তার অনুভূতিগুলো জেগে উঠল। চারপাশের ঠান্ডা বাতাস সে স্পষ্ট অনুভব করতে লাগল।

যেটা কিছুক্ষণ আগেও তার টেরই ছিল না।
শিশুটিকে জড়িয়ে থাকা পাতলা তোয়ালেটা সে আরও ভালো করে মুড়িয়ে দিল।

কিন্তু তাতেও তার মনে হলো যথেষ্ট হচ্ছে না। তাই নিজের শার্ট খুলে শিশুটির চারপাশে ভালোভাবে জড়িয়ে দিল। শার্টটির অবস্থা এতটাই জীর্ণ ছিল যে খুলতে বোতাম পর্যন্ত খোলার দরকার পড়ল না।

তারপর শিশুটিকে দুই বাহুর মধ্যে আগলে নিয়ে কাপড়ের ভেতরে লুকিয়ে রাখল। নিজের হাঁটু ভাঁজ করে এমনভাবে গুটিয়ে বসল যে দূর থেকে বোঝারই উপায় ছিল না, তার কোলে একটি শিশু আছে।

এই অবস্থায় কেউ তাকে দেখলে মনে করত, প্রচণ্ড শীত থেকে বাঁচতে সে নিজেকে গুটিয়ে বসে আছে।

শীত সত্যিই খুব বেশি ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল নিজের শরীরের উষ্ণতা শিশুটিকে কিছুটা আরাম দেবে যাতে সে কান্না বন্ধ করে।

কিন্তু শিশুটি কেঁদেই চলল।
"হয়তো ওর খুব ক্ষুধা লেগেছে।"

সে দেখতে পাচ্ছিল না, কিন্তু কয়েক মিনিট বা হয়তো এক ঘণ্টা আগে জন্ম নেওয়া শিশুটির শরীরে লেগে থাকা আঠালো ভাব অনুভব করে সে বুঝে গিয়েছিল, জন্মের পর তাকে গোসল করানো হয়নি।

"যে মা এক লোটাও পানি ঢেলে শিশুটাকে পরিষ্কার করার কষ্ট করেনি, সে নিশ্চয়ই ওর মুখে এক ফোঁটা দুধও দেয়নি।" মনে মনে সে এমনটাই ভাবল।

"হ্যাঁ, ওর ক্ষুধাই লেগেছে।"

সে চিন্তিত হয়ে পড়ল।
"কিন্তু ওর জন্য দুধ কোথায় পাব?"

এখন তার মাথা পুরোপুরি কাজ করতে শুরু করেছে। কিছুক্ষণ ভাবতেই তার একটা উপায় মাথায় এল।
___________________________________________

মোলভী আবদুল খালিক মোটা রজাই গায়ে দিয়ে আরামে ঘুমাচ্ছিলেন। হঠাৎ কেউ জোরে জোরে তার বাড়ির দরজায় ধাক্কা দিতে শুরু করল।

মিষ্টি ঘুম ভাঙতে তার একটু সময় লাগল।

"এত রাতে কে এলো?" মোল্লানি জিও জেগে
উঠলেন।

বিছানায় উঠে বসতে বসতে তিনি বললেন,

"গিয়ে দেখে আসতেছি।"

চারপায়ীতে বসে তিনি স্যান্ডেল পায়ে পড়তে পড়তে বললেন।

তারপর লণ্ঠন হাতে ঘরের দরজা খুলে উঠোনে বেরিয়ে এলেন।

"হ্যাঁ ভাই, আসতেছি।"

উঁচু গলায় তিনি জানিয়ে দিলেন যে তিনি আসছেন। কিন্তু বাইরে থেকে দরজায় ধাক্কা দেওয়া থামল না। দরজা খোলা পর্যন্ত ধাক্কা চলতেই থাকল, যতক্ষণ না তিনি দরজা খুলছিলেন।

"ওহ! তুই এসেছিস?"

লণ্ঠনের আলোয় আগন্তুকের মুখ দেখে তিনি অবাক হয়ে বললেন। তারপর তার বাহু ধরে তাকে ভেতরে টেনে আনতে আনতে বললেন,

"চল, ভেতরে আয়।" দরজার কুন্ডে শিকল তুলে বন্ধ করে তিনি ফিরে দেখলেন, সে তার পাশেই দাঁড়িয়ে।

"এই পাগল! এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে আয়। বাইরে খুব ঠান্ডা।"

তারপর তাকে সঙ্গে নিয়ে তিনি ঘরে ঢুকলেন।

যার উপরের অংশে থাকার কথা ছিলো আর সে নিজের বাহুর ভাঁজে একটি ছোট্ট পুঁটলির মতো কিছু লুকিয়ে রেখেছিল।

ঘরে ঢুকে সে বাহু ঢিলে করতেই শিশুটির এক ঝলক দেখা গেল। খাটের মাথায় রাখা ওড়না তুলে মাথায় দিতে গিয়ে মোল্লানি জির হাত থেমে গেল।

"এটা কার বাচ্চা তুলে এনেছ?"

"মানুষের।"
সে শান্ত গলায় উত্তর দিল।

"আর তুই কোথায় পেলি?"

মোলভী সাহেবের অবস্থাও মোল্লানি জির মতোই বিস্মিত।

"ঝোপের মধ্যে।"

"সুবহানাল্লাহ!"

মোলভী সাহেব এমন স্বরে বললেন, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না।

"ওর খুব ক্ষুধা লেগেছে।"

সে তাদের বিস্ময়ের তোয়াক্কা না করে শিশুটির দিকে ইশারা করে বলল, যে ক্ষুধার কারণে এতটাই দুর্বল হয়ে গিয়েছিলো এখন আর কাঁদতেও পারছিল না।

মোলভী সাহেব তখনও চিন্তিত ছিলেন। কিন্তু শিশুটির ক্ষুধার কথা ভেবে বললেন,

"হাজরা, ওঠো। দুধ নিয়ে এসো।"

"কিন্তু মোলভী সাহেব! আগে তো তাকে জিজ্ঞেস করুন, এ কার বাচ্চা তুলে এনেছে?"

"সেটাও জানা যাবে। আগে দুধ নিয়ে এসো।"

কিন্তু তিনি উঠলেন না।

তার চোখ তখনও শিশুটির ওপর স্থির ছিল। শিশুটিকে কোলে নিয়ে সাঁই চারপায়ীতে বসে ছিল।

"এখনও তো ওকে গোসলও করানো হয়নি।"

মুল্লানি জির শুনে মোলভী আবদুল খালিকের নজর শিশুটির অবস্থার দিকে গেল, আর তিনি পুরো বিষয়টি বুঝে ফেললেন।

এবার তার কণ্ঠে আগের মতো উত্তেজনা ছিল না।

"তাহলে আগে ওকে গোসল করানোর ব্যবস্থা করো। তারপর ওর জন্য দুধের ব্যবস্থা করা হবে।"

এ কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে রান্নাঘর থেকে একটি বড় হাঁড়ি নিয়ে উঠোনে থাকা হ্যান্ডপাম্পের নিচে রাখলেন। হ্যান্ডপাম্প চালিয়ে হাঁড়ি ভর্তি পানি করলেন, তারপর সেটি রান্নাঘরে এনে রাখলেন।
এদিকে মোল্লানি জি মাটির চুলায় আগুন জ্বালিয়ে ফেলেছিলেন।

হাঁড়িটি চুলায় বসিয়ে তিনি আবার উঠোনে এসে একটি বালতিতে হ্যান্ডপাম্প থেকে পানি ভরতে লাগলেন।

বালতি ভর্তি হলে তিনি পাম্প চালানো বন্ধ করলেন এবং আবার রান্নাঘরে এসে বসলেন।

কিছুক্ষণ পর হাঁড়ির পানি গরম হয়ে গেলে কাপড় দিয়ে ধরে সেটি নামালেন।

তারপর উঠোনে এসে গরম পানির সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে শিশুটির গোসলের জন্য কুসুম গরম পানি প্রস্তুত করতে লাগলেন।

এদিকে মুল্লানি জি চুলা নিভিয়ে ঘরে ফিরে এলেন।

“দেও বাচ্চাকে গোসল করিয়ে দিই।”

তিনি বাচ্চার দিকে হাত বাড়িয়ে বললেন।

সাঈ তাঁর দিকে তাকাল, কিন্তু বাচ্চাকে তাঁর হাতে না দিয়ে কোলে নিয়েই বাইরে চলে এল।

হ্যান্ডপাম্পের পাশে কাপড় ও বাসন ধোয়ার জন্য যে জায়গা নির্দিষ্ট ছিল, সেখানে রাখা চৌকিতে বসে পড়ল।

তারপর বাচ্চাটাকে উরুর ওপর শুইয়ে ঠান্ডা পানি দিয়ে জোরে জোরে নিজের হাত ধুতে লাগল।

মুল্লানি জি বুঝে গেলেন যে সে বাচ্চাটাকে তাঁকে দেবে না, তাই আর দ্বিতীয়বার বাচ্চাকে চাইলেন না।

তিনি একটি চৌকি টেনে এনে তার পাশে বসলেন, যে বাচ্চার গায়ে জড়ানো কাপড়গুলো খুলছিল।

এরপর সে দুই পা জোড়া করে বাচ্চাটাকে পায়ের ওপর বসিয়ে দিল।

মুল্লানি জি বালতি থেকে মগে করে পানি তুলে বাচ্চার গায়ে ঢালতে লাগলেন, আর সে এক হাতে বাচ্চাকে ধরে অন্য হাতে খুব কোমলভাবে তার শরীর পরিষ্কার করতে লাগল।

ঠান্ডা পানি আর গোসলের কারণে বাচ্চাটি বিরক্ত হয়ে কাঁদতে শুরু করল, কিন্তু তারা দুজনই ধৈর্য নিয়ে তাকে গোসল করাতে থাকলেন।

যখন সে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন মোলভি সাহেব একটি তোয়ালে সাঈয়ের হাতে দিলেন। বাচ্চাটিকে তোয়ালে জড়িয়ে সে ঘরে ফিরে এল।

মুল্লানি জি ও মোলভি সাহেবও ঘরে এলেন। তখন সে বাচ্চাটিকে তোয়ালেসহ খাটিয়ায় শুইয়ে তার শরীর মুছে শুকাচ্ছিল।

“এখন এর জন্য কাপড় কোথা থেকে আনব?”

মুল্লানি জি বললেন তো মোলভি আবদুল খালিক বললেন,

“সূর্য তো উঠতে দাও, এর ব্যবস্থাও হয়ে যাবে।”

“তাহলে আমি একটা গরম চাদর বের করি। আপাতত এতে জড়িয়ে রাখি।”

বলতে বলতে তিনি সিন্দুক থেকে গরম চাদর বের করলেন।

বাচ্চাটিকে গরম চাদরে জড়িয়ে দেওয়ার পর মোলভি সাহেব সাঈকে বললেন,
“দে, বাচ্চাটাকে আমাকে দে।”

সে কিছু বলল না, বরং বাচ্চাটিকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল।

মোলভি আবদুল খালিক মৃদু স্বরে বললেন,
“ওর কানে আজান দিতে হবে। না হয় তুইই আজান দিয়ে দে।”

সে তার কথা শুনে অবশেষে বাচ্চাটিকে তাঁর হাতে দিল।

মুল্লানি জি দুধ গরম করতে চলে গেলেন, আর মোলভি সাহেব বাচ্চার কানে আজান দিতে লাগলেন। আজানের শব্দগুলো ধীরে ধীরে তার শ্রবণে পৌঁছাতে লাগল।

আজান শেষ করে তিনি বাচ্চাটিকে আবার তার কোলে দিলেন। তার অস্থিরতা অনুভব করে তিনি মুচকি হাসলেন।

মুল্লানি জি গরম দুধ নিয়ে এলেন। তিনি নিজে বাচ্চাকে দুধ খাওয়ানোর প্রস্তাব দিলেন না; বরং ছোট টেবিলের ওপর দুধের বাটি তার সামনে রেখে দিলেন।

চামচ দিয়ে বাচ্চাকে দুধ খাওয়ানো তার কাছে খুব কঠিন মনে হচ্ছিল। বাচ্চাটিও আরও জোরে কাঁদতে লাগল।

অবশেষে বহুবার ব্যর্থ চেষ্টা করার পর কয়েক ফোঁটা দুধ বাচ্চার গলায় নামল।

তার পেট ভরেছিল কি না জানি না, তবে অনেকটা দুধ ফেলে দিয়ে সামান্য কিছু খেয়ে সে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল।

সে ঘুমন্ত বাচ্চাটিকে কোলে নিয়ে বসে রইল।

যখন মনে হলো বাচ্চাটি গভীর ঘুমে তলিয়ে গেছে, তখন খুব আস্তে করে তাকে বিছানায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়াল।

শার্ট সে আগেই পরে নিয়েছিল। তারপর কোনো দিকে না তাকিয়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল।

মোলভি সাহেব দরজা বন্ধ করে ভেতরে এলেন। মুল্লানি জি তখন বিছানায় বাচ্চার পাশে বসে ধীরে ধীরে তাকে থাপড়ে দিচ্ছিলেন।

মোলভি সাহেব অন্য পাশে চারপায়িতে বসে বাচ্চাটির দিকে তাকিয়ে রইলেন, যে নিষ্পাপ ভঙ্গিতে ঘুমাচ্ছিল।

“আমি তো খুব চিন্তায় পড়ে গেছি, মোলভি সাহেব! কে জানে কার সন্তান আর কোথা থেকে ওকে পেয়েছে!”

“সে তো বলছিল ঝোপের মধ্যে পেয়েছে।”

তিনি জুতা খুলে পা তুলে আরাম করে বসতে বসতে
বললেন।

মুল্লানি জির তাঁর এই উদাসীন ভঙ্গি একদম ভালো লাগল না।

“ঝোপের মধ্যে পেয়েছে?” তিনি মুখ বাঁকিয়ে বললেন।

“আরে, বাচ্চা কি ঝোপে জন্মায় নাকি? যদি এমন হতো, তাহলে পৃথিবীতে কোনো নিঃসন্তান মানুষ থাকত না।

আমি আপনি ঝোপ থেকে দু-চারটা বাচ্চা তুলে আনতাম। এই পাগল একটা কথা বলেছে আর আপনি তা-ই বিশ্বাস করে ফেলেছেন!”

“তুমি এখনো তাকে পাগল বলছ?”

"তিনি একটু আগে তার যে আচরণ ছিল, সেটার দিকেই ইঙ্গিত করছিলেন।"

মুল্লানি জি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বিনয়ের সঙ্গে বললেন,

“আমি তো সেটাই বলছি যা চোখে দেখছি। আর সত্যি বলতে তার কথাও বিশ্বাস হয় না। কেউ কেন নিজের সন্তানকে ঝোপে ফেলে যাবে? মেয়ে সন্তান হলে না হয় ভাবতাম পুরনো কুসংস্কার এখনো শেষ হয়নি। কিন্তু এ তো ছেলে সন্তান!”

“তুমি খুব সরল, হাজরা। আমি খারাপ কিছু ধারণা করতে চাই না। তবে এতটুকু বুঝে নাও, যে নারী নিজের সন্তানকে কোলে থেকে নামিয়ে ফেলে দিয়েছে, সে আর এই সন্তানের দাবি করবে না। আর যে মা দাবি করতে পারে, সে কখনো নিজের সন্তানকে নিজে থেকে দূরে সরিয়ে দেবে না।

আর কিছু বলব না। শুধু এই চিন্তা মাথা থেকে বের করে দাও যে এর মা কষ্টে আছে।

সে হয়তো কোনো সুখ বা স্বার্থের জন্যই নিজের সন্তানকে নিজের কাছ থেকে দূরে করেছে।

এ বিষয়ে আর কথা বলো না। সত্য হলে সেটা শোকের বিষয়, আর মিথ্যা হলে অপবাদ ও গুনাহ।
দুই অবস্থাতেই ক্ষতি।

নিজেকে বোঝাও যে এই শিশুর রিজিক এই ঘরেই লেখা ছিল, তাই সে নিজের অংশ নিতে এখানে এসেছে।

আল্লাহর কোনো কাজই প্রজ্ঞাহীন নয়। তিনি যখন তাকে এখানে পাঠিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো গোপন কল্যাণ আছে। তাঁর পরিকল্পনা তিনিই ভালো জানেন।”

তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছিল। কথা শেষ করে মোলভি আবদুল খালিক ওজু করার জন্য উঠে দাঁড়ালেন।
___________________________________________

মসজিদ থেকে বের হয়ে মোলভি আবদুল খালিক তাসবিহ পড়তে পড়তে বাড়ির দিকে ফিরছিলেন। দরজায় দাঁড়িয়ে থাকা মুল্লানি জিকে দেখে তিনি থমকে গেলেন।

পঁচিশ বছরের দাম্পত্য জীবনে তিনি কখনো মনে করতে পারলেন না যে মুল্লানি জি এভাবে দরজায় দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করেছেন।

অবাক হয়ে তিনি তাঁর কাছে আসলেন আর তার চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন,

“কী হয়েছে?”

“সে এসেছে।”

মুল্লানি জি চিন্তিত স্বরে বললেন।

“কে?” বলতে বলতে মোলভি সাহেব তাঁর পাশ দিয়ে ঘরের ভেতরে তাকালেন, তারপর তাঁকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে গেলেন।

ফাঁকা উঠান দেখতে দেখতে তিনি বৈঠকখানায় এলেন।

বাচ্চাটি জেগে উঠেছিল, আর সাঈ তাকে কোলে নিয়ে চারপায়ীতে বসে ছিল।

সে একদৃষ্টিতে বাচ্চার দিকে তাকিয়ে ছিল, কিন্তু তার চোখে কোনো বিশেষ আগ্রহ ছিল না, আর সে বাচ্চার সঙ্গে খেলছেও না।

তবু বাচ্চাটির কাছে তার উপস্থিতি খুবই ভালো লাগছিল।
সে কখনো নিজের ছোট্ট নরম হাত দিয়ে তার বুকে আঘাত করছিল, আবার কখনো তার দাড়িতে হাত জড়িয়ে টানছিল। তাকে বেশ মগ্ন ও আনন্দিতই নে হচ্ছিল।

মোলভি আবদুল খালিকের উপস্থিতি সে টের পেয়েছিল কি না বোঝা গেল না, কারণ তিনি আসার পরও সে একইভাবে ডুবে থেকে বাচ্চাটির দিকেই তাকিয়ে ছিল।

চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 26 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন