ফন্ট সাইজ:
থিম:
ইশক এ আতিশ

পর্ব 27

লেখক: সাদিয়া রাজপুত

#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত

পর্ব-২৮

মোলভি আবদুল খালিক তাঁর ওপর থেকে দৃষ্টি সরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা মোল্লানি জিকে বললেন,
"দোকান খোলার সময় হয়ে গেছে। আমি দোকান খুলছি। তুমি নাশতা তৈরি করো। তবে আজ নাশতা তিনজনের জন্য বানাতে হবে।"

তিনি এমন স্বাভাবিকভাবে কথাগুলো বললেন, যেন এ একেবারেই প্রতিদিনের নিয়মিত ব্যাপার। তারপর গিয়ে দোকানের দরজা খুলতে লাগলেন।

মোল্লানি জি দুটো পরোটা বানিয়ে তৃতীয়টি বেলছিলেন, এমন সময় তিনি দেখলেন সাঁই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে যাচ্ছে। তিনি বিরক্ত হয়ে পরোটাটা উল্টে দিতে লাগলেন।

জঙ্গলে আগুন লাগার মতোই মুহূর্তে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সাঁই নাকি কারও বাচ্চা তুলে এনেছে।

যাকে মোলভি সাহেবের বাড়িতে রেখে দিয়েছে, আর এখন সেই শিশুই সেখানে বড় হচ্ছে। এর সঙ্গে সঙ্গে নানা রকম কানাঘুষাও শুরু হয়ে গেল।

মোলভি সাহেবকে সবাই খুব সম্মান করত, কিন্তু বিষয়টাই এমন ছিল যে সেদিন সন্ধ্যার আড্ডায় কথাটা উঠেই গেল।

"মোলভি সাহেব, একটা কথা শুনেছি। জানি না সত্যি না মিথ্যা। তবে সারা গ্রামে তো রীতিমতো হইচই পড়ে গেছে যে সাঁই নাকি কারও বাচ্চা তুলে এনেছে।"

"মিথ্যা শুনেছ। জব্বার ওরফে ঝিরের কথায় মোলভী আবদুল খালিক বললেন,

সে কারও সন্তান চুরি করে আনেনি। বরং শিশুটির আসল অভিভাবকেরাই ওর কাছে রেখে গিয়েছিল।"

আরেকজন জিজ্ঞেস করল, "কিন্তু বাচ্চাটা কার?"

"দেখ নিয়াজ মোহাম্মদ, আমাদের শুধু ওর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সেটাই পালন করছি। বাকিটা আল্লাহই ভালো জানেন।"

তিনি খুব স্থিরভাবে উত্তর দিলেন। কিন্তু মোল্লানি জি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করছিলেন।

একটু বুদ্ধির কথা বল জয়নব। যে রাতের অন্ধকারে বাচ্চাকে নির্জন জায়গায় ফেলে রেখে যায়, তার খোঁজ আবার কোথা থেকে পাওয়া যাবে?"

তার কথার উপর জয়নব বলল, "সেটাও ঠিক। তবে কয়েক দিন অপেক্ষা করে দেখা যাক। হয়তো কেউ ওকে নিতে চলে আসবে।"

"জয়নব, তুই সত্যিই খুব কম বুদ্ধির মানুষ।" আরেকজন মহিলা বললো।

"যদি নিয়ে যাওয়ারই ইচ্ছে থাকত, তাহলে কেউ ওকে ফেলে রেখে যেত কেন?"

"কিন্তু মোল্লানি জি, ব্যাপারটা তো খুব সন্দেহজনক। কেউ নিজের সন্তানকে কেনো ফেলে যাবে? তাও আবার এত সুন্দর একটা ছেলে!"

"আমার স্বামী একটা ছেলের আশায় তিনটা বিয়ে করেছে, এখন আবার চতুর্থ বিয়ের কথা বলে। সেখানে কেউ নিজের উত্তরাধিকারীকেই ফেলে দেয়?"

"কী বলব সাঈদা! আমারও মাথায় আসে না। তবে মোলভি সাহেব বলেন, খারাপ ধারণা পোষণ করা উচিত নয়।" এই বলে তিনি কথার ইতি টানলেন।

উঠোনে চারপাই পেতে রোদ পোহাতে বসা মহিলারা তখনও নিজেদের মতো করে নানা অনুমান করে চলল।

অথচ যাকে নিয়ে এত আলোচনা হচ্ছিল, সেই শিশুটি তখন সাঁইয়ের কোলে নিশ্চিন্তে শুয়ে বুড়ো আঙুল চুষছিল।

বিকেলের রোদ ঢলে পড়েছিল। মোলভি সাহেবের বাড়ির উঠোন তখন বাচ্চাদের কোলাহলে ভরে গেছে।

পাশাপাশি দুটি দরি বিছানো ছিল।
একটিতে বসে থাকা বাচ্চারা হাতে সিপারা নিয়ে সুর করে কোরআন পড়ছিল।

আর অন্যটিতে যারা কোরআনের পাঠ শেষ করেছে, তারা স্কুলের বই আর খাতা খুলে বসে বাড়ির কাজ করছিল।

সাঁই জীবনে এই প্রথম মোলভি সাহেবের বাড়ির ভেতরে ঢুকল।

যদিও গত কয়েক দিন ধরে সে প্রায়ই সেখানে আসছিল।
কিছুক্ষণ শিশুটির সঙ্গে সময় কাটিয়ে আবার চুপচাপ চলে যেত।

কিন্তু যতক্ষণ থাকত, শিশুটির সব কাজ নিজেই করত।
এত দিনে শিশুটিও ওর সঙ্গে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল।

সে সাঁইকে চিনতে শিখে গেছে।
তাকে দেখামাত্রই হাসিমুখে দুই হাত বাড়িয়ে দিত, যেন তাকে নিজের কাছে ডাকছে।

তারপর সাঁই যতক্ষণ থাকত, ওর সঙ্গে খেলত। একদমই কান্নাকাটি করত না।

সাঁই দরজায় এসে দাঁড়াতেই বাচ্চারা কৌতূহলী চোখে তার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল।

মোলভি আবদুল খালিক তখন বাচ্চাদের অঙ্ক বোঝাচ্ছিলেন। বাচ্চাদের মনোযোগ দরজার দিকে চলে যেতে দেখে তিনিও তাকালেন। সাঁইকে দেখেই হাসিমুখে বললেন,

"ওরে পাগল! বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ির দোরগোড়ায় তো এখন তোর নামের তাবিজই গাঁথা আছে। সোজা ভেতরে চলে আয়।"

সাঁই ভেতরে এসে তাঁর পাশে দরির ওপর বসে পড়ল।

ওকে চুপচাপ দেখে তিনি জিজ্ঞেস করলেন,

"কার সঙ্গে দেখা করতে এসেছ?"

সাঁই ধীরে মাথা নেড়ে 'না' বোঝাল। তারপর বলল,

"আমার খুব ক্ষুধা লেগেছে।"

"সুবহানাল্লাহ!" মোলভি সাহেব অবাক হয়ে বলে উঠলেন।
তারপর ডাক দিলেন,

"হাজরা! ও হাজরা! খাবার নিয়ে এসো... তবে এক মিনিট।"

হঠাৎ তাঁর যেন একটা কথা মনে পড়ল।
তিনি অর্থপূর্ণ দৃষ্টিতে সাঁইয়ের দিকে দেখতে লাগলেন।

"খাবার তো অবশ্যই পাবে। কিন্তু তার আগে একটা কাজ করতে হবে।"

সাঁই প্রশ্নভরা চোখে তাঁর দিকে তাকাল।
মোলভি সাহেব কিছু না বলে ইশারায় এক ছেলেকে কাছে ডাকলেন। এখানে আয়,

ছেলেটি কাছে এলে বললেন,
"যাও, জব্বারকে বলো, তার সব সরঞ্জাম নিয়ে যেন এখানে চলে আসে।"

ছেলেটি বলল,
"জব্বার কে? জিরা নাপিত?"

"বাচ্চাটি সরলভাবে কথাটির সত্যতা জানতে চাইলে, মোলভি সাহেব কপালে হাত ঠুকে বললেন,
"তোমরা না, কারও নাম ঠিক করে ডাকতেই পারো না! হ্যাঁ, সেই জিরে নাপিতকেই বলো আমি ডেকেছি।"

ছেলেটি দৌড়ে চলে গেল।

তারপর মোলভি সাহেব আবার সাঁইকে যেন ভুলেই গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করলেন।

"সালাম, মোলভি সাহেব!" জব্বার দরজার ওপাশ থেকেই সালাম ঝাড়লো।

মোলভি সাহেব সালামের জবাব দিয়ে উঠে দাঁড়ালেন।
"নিজের সরঞ্জাম এনেছ?"

"জ্বী মোলভী সাব, সব এনেছি।"

সে কাঁধে ঝোলানো কাঠের বাক্সে হাত রেখে বলল।

"কিন্তু আপনার তো গত শুক্রবারই চুল কেটেছিলাম, দাড়িও ছেঁটেছিলাম। তারপর আবার ডাকলেন কেনো?"

মোলভি সাহেব হেসে সাঁইয়ের দিকে ইশারা করে বললেন,
"আমার জন্য নয়, ওর জন্য তোমাকে ডেকেছি।"

তারপর সাঁইয়ের কাছে গিয়ে বললেন,
"চল, ওঠ। অনেক হয়েছে এভাবে ঘুরে বেড়ানো। এবার তোকে মানুষের মতো মানুষ বানানো যাক।"

ঘরের ভেতর থেকে একটি টেবিল আর চেয়ার এনে সাঁইকে বসানো হলো।
জব্বার তাড়াতাড়ি তার সব যন্ত্রপাতি বের করে টেবিলের ওপর সাজিয়ে রাখল।

হঠাৎ কী মনে হতে সাঁই আয়নাটা তুলে নিজের মুখের দিকে তাকাল।
কত যুগ ধরে মুখ ধোয়া হয়নি। লম্বা এলোমেলো চুল আর অগোছালো দাড়ির আড়ালে মুখটা প্রায় ঢেকেই ছিল।

নিজের সেই অবস্থা দেখে যেন সেও বিস্মিত হয়ে গেল।
দাড়ির খসখসে লোমে হাত বুলিয়ে নিজের আগের চেহারাটা মনে করার চেষ্টা করল।
কিন্তু আশ্চর্যের বিষয়, তার নিজের মুখটাই আর মনে পড়ল না।
পড়বেই বা কী করে?

আয়নায় যে মুখটা দেখা যাচ্ছিল, সেটাই যেন তার কাছে সম্পূর্ণ অচেনা। পুরোনো চেহারার কোনো ছাপই যেন সেখানে খুঁজে পাওয়া কঠিন।

জব্বার তার কাঁধে তোয়ালে জড়িয়ে মাথার চুল কাটা শুরু করল।

অনেক দিন চুল ধোয়া হয়নি, তেলও লাগানো হয়নি।
ফলে চুলগুলো এমন জট পাকিয়ে গিয়েছিল যে কাটাই কঠিন হয়ে পড়েছিল।
তবু জব্বার ছিল দক্ষ নাপিত।

কষ্ট হলেও সে চুলগুলো সুন্দরভাবে ছেঁটে গোছানো রূপ দিল।

এরপর দাড়িও পরিমিতভাবে ছোট করে ছেঁটে দিল।

কাজ শেষ হলে সাঁই আবার আয়নাটা হাতে তুলে নিল।
তবুও মুখটা তার নিজের কাছেই অচেনা লাগছিল।

এক মুহূর্ত না ভেবেই সে শেভিংয়ের ফেনা বানিয়ে হাতে করে মুখে মাখল।
তারপর ক্ষুর হাতে নিয়ে দাড়ি কামাতে শুরু করল।
অনেক দিন ব্লেড ব্যবহার না করায় মুখের চামড়া আর অভ্যস্ত ছিল না।
একবারই ক্ষুর চালাতেই মুখে কেটে রক্ত বেরিয়ে এল।
কিন্তু সে থামল না।

রক্ত মুছতেও চেষ্টা করল না।
তার প্রতিটি নড়াচড়া ছিল ধীর, সতর্ক এবং যেন বহুদিন আগের ভুলে যাওয়া অভ্যাসগুলো আবার মনে করার এক নীরব চেষ্টা।

সে আরাম করে দাড়ি কামাতে লাগল, তবে এবার তার ভঙ্গিতে সতর্কতা ছিল।
দাড়ি কেটে তোয়ালে দিয়ে মুখের ফেনা মুছতে মুছতে সে আয়নায় তাকাল। তারপর যেন অতীতের দিকে ফিরে গেল।

এখনও নিজের মুখে তার কিছুটা অপরিচিত ভাব লাগছিল। গোঁফও পরিষ্কার করে আবার আয়নায় তাকাল।

এবার মুখটা তার নিজের কাছেই কিছুটা চেনা মনে হলো।
মুখের থুতনি হাত দিয়ে ঘষতে ঘষতে সে মনে মনে বলল, "এবার কিছুটা ঠিকঠাক লাগছে।"

"এই কাপড়গুলো নাও, গিয়ে গোসল করে আয়। যদিও আমার মাপ তোর জন্য একটু ছোট হবে। তবু তুই যে ছেঁড়াফাটা কাপড় পরে আছো, তার চেয়ে তো অনেক ভালো।

আপাতত এগুলোই পর। কাল তোর জন্য দুই জোড়া কাপড় কিনে দর্জির কাছে সেলাই করতে দেব।"

মোলভী সাব তার জন্য নিজের হাতে শেলোয়ার কামিজ নিয়ে বললেন।

সে তাঁর হাত থেকে কাপড়গুলো নিল। তারপর দড়ি থেকে তোয়ালেটা নামিয়ে গোসলখানায় চলে গেল।
সে এতক্ষণ ধরে গোসল করল যে, এরই মধ্যে মোলভী সাহেব মাগরিবের নামাজ পড়ে ফিরে এলেন।

কিন্তু যখন সে ভেজা চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে গোসলখানা থেকে বেরিয়ে এল, তখন স্বামী স্ত্রী দুজনই বিস্ময় আর আনন্দে তার দিকে তাকিয়ে রইলেন।

আগে তার চুলের রং যেন তামাটে মনে হতো। কিন্তু বারবার সাবান দিয়ে ধোয়ার ফলে আসল গাঢ় কালো রং ফুটে উঠেছিল।

তার গভীর কালো চোখের সেই চুম্বকীয় আকর্ষণ আগের মতোই ছিল। তবে এবার সেখানে আর ভয়ের ছাপ ছিল না।

হ্যাঁ, চোখের গভীর বিষণ্নতা এখনও রয়ে গিয়েছিল। চোখের নিচের কালি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার গায়ের রং হয়তো এমনিতেই একটু শ্যামলা ছিল, কিন্তু রোদে পুড়ে আরও গাঢ় হয়ে গিয়েছিল।

গালের ঝুলে যাওয়া মাংস দেখে বোঝা যাচ্ছিল, একসময় মুখটা বেশ ভরাট ছিল। হালকা ডালিমি আভাযুক্ত ঠোঁট, যা সাধারণত শক্ত করে চেপে থাকত, এবার নরমভাবে বন্ধ ছিল।

এতেই তার মুখের পুরো অভিব্যক্তিই বদলে গিয়েছিল। উন্মাদনা আর হিংস্রতার জায়গায় এখন দেখা যাচ্ছিল গাম্ভীর্য আর স্থিরতা।

তার লম্বা দেহ আগেও ছিল, তবে এবার চওড়া কাঁধ আরও স্পষ্ট বোঝা যাচ্ছিল। সহজেই অনুমান করা যায়, একসময় সে খুবই সুস্থ ও শক্তসমর্থ শরীরের অধিকারী ছিল। কিন্তু এখন তার ওজন অনেকটাই কমে গেছে।

মোলভী সাহেবের কাপড় তার লম্বা শরীরে বেশ ছোট লাগছিল। শালওয়ার গোড়ালির অনেক ওপরে উঠে গিয়েছিল, আর কামিজও হাঁটুর ওপরে।

তার ওপর মজার ব্যাপার হলো, এতটা রোগা হয়ে যাওয়ার পরও চওড়া বুকের কারণে কামিজটা বুকের কাছে টানটান হয়ে ছিল।

তবে যারা তাকে আগে উন্মাদের মতো অবস্থায় দেখেছিল, তাদের কাছে এই পরিবর্তন সত্যিই খুবই আনন্দের ছিল।

"সাঁইয়ের তো পুরো চেহারাটাই বদলে গেছে, মোলভী সাহেব! দেখুন তো, কী সুন্দর রূপ বেরিয়ে এসেছে!"

মুল্লানি জি তাকে দেখতে দেখতে হাসি দিয়ে বললো।

"এ সাঁই নয়, হাজরা। আল্লাহর একজন বান্দা। এর নাম আবদুল্লাহ। তাই তো, আবদুল্লাহ? আমি ঠিক বলেছি, তাই না?"

সে তাঁদের দিকেই তাকিয়ে ছিল। কিন্তু প্রশ্ন শুনে চোখ ফিরিয়ে নিয়ে ভেজা তোয়ালেটা দড়িতে মেলে দিতে লাগল। মোলভী সাহেবের অর্থপূর্ণ হাসি আরও গভীর হয়ে উঠল।

"না মানলে না মান। তোর না মানায় তার মর্যাদা বা তোর বান্দেগির কোনো পার্থক্য হবে না।"

সে যেন কিছুই শোনেনি, এমন ভাব করে আঙুল দিয়ে নিজের চুল ঠিক করতে লাগল।

এটা দেখে মুল্লানি জি বললেন, "এদিকে আয়, আমার কাছে। আমি তোর চুল আঁচড়ে দিই।"

তিনি উঠে দেয়ালঘেঁষা আলমারি থেকে চিরুনি এনে আবার নিজের জায়গায় বসলেন।

সে উঠোনে রাখা ছোট পিঁড়িটা এনে তাঁর চারপায়ার পাশে রাখল। তারপর সেখানে বসে মাথাটা তাঁর সামনে ঝুঁকিয়ে দিল।

মোলভী সাহেব হাসিমুখে তার দিকে তাকিয়ে ছিলেন। আর সে চোখ নিচু করে রেখেছিল, কারও দিকে তাকাতেই যেন সংকোচ বোধ করছিল।

এদিকে মুল্লানি জি চুল আঁচড়াতে আঁচড়াতে বলছিলেন,
"আল্লাহ তোকে কত সুন্দর চেহারা দিয়েছেন। আর তুই কিনা অকারণেই নিজের এই অবস্থা করেছিলি।

এমন অবস্থা আর কখনও করিস না। তোর জীবনে কী ঘটেছে আমি জানি না। তোর পুরোনো ক্ষত যেন আবার না জেগে ওঠে, তাই কিছু জিজ্ঞেসও করব না।

তবে একটা কথা বলব। যদি মানুষ গতকালের শোক নিয়েই সারাজীবন কাটায়, তাহলে সেই অশুভ ছায়া আগামীকালকেও ঢেকে ফেলে।

যা হয়েছে, যদি ভুলতে না-ই পারিস, অন্তত বারবার মনে করাও ছেড়ে দে।
এই নে, তোর চুলও আঁচড়ানো হয়ে গেল।"

ঠিক তখনই ঘরের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ ভেসে এল।
সে ভেতরের চারপায়ায় ঘুমাচ্ছিল। ঘুম ভেঙে নিজেকে একা দেখে কাঁদতে শুরু করেছিল।

"কাকা জেগে গেছে। আমি একটু দেখি।"

তিনি উঠতে যাচ্ছিলেন। তখন সে তাঁর হাঁটুর ওপর হাত রেখে বিনয়ের সঙ্গে বলল,
"আপনি থাকুন, আমি দেখছি।"
(চেহারার সঙ্গে সঙ্গে তার কথা বলার ভদ্রতাও যেন বদলে গিয়েছিল।)

সে ঘরে গিয়ে শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে শান্ত করতে লাগল।

কিন্তু আশ্চর্যের বিষয়, শিশুটি তার কোলে উঠেই এমন চুপ হয়ে গেল, যেন নিজের মায়ের কোলেই এসেছে।

কান্না থেমে গেলে আবদুল্লাহ নিজের মুখটা শিশুটির চোখের সামনে আনল, যেন তার প্রতিক্রিয়া দেখতে চায়।

শিশুটি একটু বিভ্রান্ত হয়ে গেল।
স্পর্শটা যেন পরিচিত, কিন্তু মুখটা একেবারেই অচেনা।
সে বড় বড় কালো চোখ মেলে নরম হাত দিয়ে আবদুল্লাহর মুখে হাত বুলিয়ে দেখতে লাগল।
অনেক দিন পর আবদুল্লাহর মুখে হালকা একটুকরো হাসি ফুটে উঠল।

স্নেহ প্রকাশের জন্য সে শিশুটির নরম হাত দুটিতে চুমু খেল।

"আবদুল্লাহ, এসো, খেয়ে নাও।"
তারপর শিশুটিকে তার কোলে দেখে বললেন,
কিছুক্ষণ পরে দরজায় এসে মুল্লানি জি বললেন, "ওকেও সঙ্গে নিয়ে এসো। ওর ফিডারের সময় হয়ে গেছে। তবে ভালো করে কম্বলে জড়িয়ে আনবে, যেন ঠান্ডা না লাগে।"

তিনি চলে গেলে আবদুল্লাহও শিশুটিকে কম্বলে মুড়ে রান্নাঘরে চলে গেল।

মোলভী সাহেব খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন।

"আচ্ছা হাজরা, আমি মসজিদে যাচ্ছি। ইশার নামাজের সময় হয়ে গেছে।

আর শোন, আবদুল্লাহ! খাওয়া শেষ করে আবার এদিক ওদিক ঘুরতে বেরোস না। অনেক ভবঘুরে জীবন কাটিয়েছস। এবার শান্ত হয়ে ঘরেই থাক।
আর এর জন্যও একটা বিছানা পেতে দিও।"

শেষ কথাটা তিনি মুল্লানি জিকে বললেন।

মোলভী সাহেব মসজিদ থেকে ফিরে এসে দেখলেন, আবদুল্লাহ শিশুটিকে পাশে নিয়ে ঘুমিয়ে আছে।
আর শিশুটি জেগে থেকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের চারদিকে তাকাচ্ছে। সে আবদুল্লাহর পাশের বালিশে শুয়ে আছে।

দুজনকে দেখে মোলভী সাহেব মুল্লানি জির দিকে তাকিয়ে বললেন,

"রবের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো, বান্দা যা চায় তিনি তার দ্বিগুণ দান করেন।
দেখো, তুমি তো একটি সন্তান চেয়ে আসছিলে। তিনি তোমাকে দুটি দিয়ে দিয়েছেন।

এখন তাদের যত্ন করো, নিজের সব শখ পূরণ করো। তবে মনে রেখো, যিনি দিয়েছেন, তিনিই আবার নিয়ে নেওয়ার ক্ষমতাও রাখেন।"

"নিশ্চয়ই, মোলভী সাহেব। কিন্তু আপাতত তো আমার উঠোন ভরে গেছে। আমাকে এই আনন্দটুকু উপভোগ করতে দিন।"

"তবে আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবে না।"
এটা ছিল তাঁর সতর্কবাণী।

মুল্লানি জি আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
"ভুলব না।"

___________________________________________

বাহাদুর উঁকি দিয়ে স্টাডি রুমের ভেতর তাকাল। নূরুল হুদা মাথা নিচু করে ফাইলপত্র নিয়ে ব্যস্ত ছিলেন।

"সাহেব!"

ডাক শুনে তিনি ব্যস্ত ভঙ্গিতেই বললেন,
"হ্যাঁ, বলো।"

"আপনার সঙ্গে দেখা করতে একজন বিবি এসেছেন।"

তিনি বিস্মিত হয়ে বাহাদুরের দিকে তাকালেন।
"রাত এগারোটায় আবার কোন বিবি আমার সঙ্গে দেখা করতে এলেন?"

বাহাদুর লজ্জা পেয়ে বললো,
"আমি কী করে জানব?"

নূরুল হুদা বিরক্ত হয়ে বললেন,
"তুমি নাম জিজ্ঞেস করেছিলে?"

"বলছিলেন, তাঁর নাম মরিয়ম।

এক মুহূর্তের জন্যও তাঁর মনে পড়ল না যে এই নামটি তিনি কোথায় শুনেছেন। তারপর হঠাৎ মনে পড়তেই প্রায় লাফিয়ে উঠলেন।

"ওহ মাই গড! মরিয়ম ইয়াজদানি! এই মেয়েটা এখানে কী করছে?" তিনি নিজের সঙ্গেই কথা বলছিলেন।

"গিয়ে ওকে বলে দাও, আমি ওর সঙ্গে দেখা করতে চাই না।"

রুক্ষ স্বরে কথাটা বলে তিনি আবার ফাইলপত্রে ডুবে গেলেন।

বাহাদুর "জি, স্যার" বলে ড্রয়িংরুমে এসে নূরুল হুদার বার্তাটি হুবহু মরিয়মের কানে পৌঁছে দিল।

মরিয়মের যেন মাথায় আগুন জ্বলে উঠল।
"আমাকে তোমার সাহেবের কাছে নিয়ে চলো।"

রাগে ফুঁসতে ফুঁসতে বলতেই বাহাদুর মিনমিন করে বলল,
"স্যার আপনার সঙ্গে দেখা করতে চান না।"

"Shut up!" মরিয়ম গর্জে উঠল।

"এখনই, এই মুহূর্তে আমাকে নূরুল হুদার কাছে নিয়ে চলো। না হলে তোমার এমন অবস্থা করব যে মনে থাকবে।"

বেচারা বাহাদুর তো তার উঁচু গলার আওয়াজেই ভয় পেয়ে গেল, আর কি অবস্থা করবে।

"জি, ম্যাডাম।"
বলে তাকে সঙ্গে নিয়ে লাউঞ্জে এল। তারপর দূর থেকে বেসমেন্টের স্টাডি রুমের দিকে ইশারা করে বলল,
"স্যার ওখানে আছেন।"

নূরুল হুদার বকুনি খাওয়ার ভয়ে কথাটা বলেই দ্রুত সরে পড়ল।

মরিয়ম ঝড়ের বেগে স্টাডি রুমে ঢুকে পড়ল।
নূরুল হুদা তাকে দেখে অবাক হলেও মুখে তা প্রকাশ করলেন না। তিনি চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে রইলেন। মরিয়ম তার টেবিলের সামনে এসে দাঁড়াল এবং একটানা বলতে শুরু করল।

"তোমার এত অহংকার কিসের, নূরুল হুদা? কয়েক বিঘা জমির, যেগুলো আমি চাইলে একশোবার কিনে আবার ফেলে দিতে পারি? নাকি তোমার ব্যবসার, যেটা দাঁড় করিয়েছ মাত্র কদিন হলো? নাকি তোমার ব্যক্তিত্বের, যেটাকে বিশেষ করে তোলার পেছনেও আমারই অবদান আছে?

তুমি আসলে কী? আর কীভাবে ভাবলে যে তুমি আমাকে অপমান করতে পারো? সেদিন ভেবেছিলাম হয়তো তুমি মন খারাপ ছিলে, তাই বিষয়টা এড়িয়ে গিয়েছিলাম।

কিন্তু আজ তুমি যা করলে, তার কোনো ব্যাখ্যা তোমার কাছে আছে? কী ভেবেছিলে? মরিয়ম ইয়াজদানি তোমার প্রেমে পাগল হয়ে গেছে?

আমার তো তোমার জন্য করুণা হয়েছিল। এত অল্প বয়সে কাজের চাপে তুমি একা আর বিষণ্ন হয়ে পড়েছ।

আমি ভেবেছিলাম তোমাকে আমার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তাদের সঙ্গে কিছু সময় কাটালে তুমি একটু স্বস্তি পাবে। তোমার একঘেয়ে জীবনে আবার প্রাণ ফিরে আসবে, আর তুমি..."

দ্রুত বলতে বলতে হঠাৎই তার চোখে পানি এসে গেল।
সেটা নিজের অপমানের জন্য যতটা না, তার চেয়ে অনেক বেশি ছিল নূরুল হুদার অবহেলার কষ্টে।

"থাক, আর কিছু বলার নেই।"
এক মুহূর্তের জন্য তার কণ্ঠ ভারী হয়ে উঠল। তারপর ঘৃণাভরে কথাটা বলে যেভাবে ঝড়ের মতো এসেছিল, ঠিক সেভাবেই দ্রুত বেরিয়ে গেল।

"আমার ওকে কাঁদানো উচিত হয়নি।"

তার চোখের পানি দেখে নূরুল হুদা হঠাৎ সোজা হয়ে বসলেন। কিন্তু ততক্ষণে মরিয়ম এত দ্রুত বেরিয়ে গেছে যে তাকে থামানোর সুযোগও তিনি পেলেন না।

এখন তিনি বসে বসে আফসোস করছিলেন।
স্বভাবগতভাবে তিনি খুবই যত্নশীল মানুষ ছিলেন। কিন্তু মালিহার ঘটনার পর তার সেই স্বভাব অনেকটাই বদলে গিয়েছিল।

তবু তিনি মরিয়মের কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন।

কিন্তু সংকোচের কারণে এভাবেই দুদিন কেটে গেল।

*****

মরিয়ম বলে এসেছিল যে সে নূরুল হুদার কাছে গিয়েছিল শুধুই তার খোঁজখবর নিতে। কিন্তু সে নিজেও জানত, এটা সত্যি নয়। আর প্রকৃত সত্যটা ভেবেই সে ভয় পাচ্ছিল।
তাই সেদিন থেকে সে মুখ ঢেকে বিছানায় পড়ে ছিল।

বাড়ির কাজের মহিলা কয়েকবার তার দরজায় কড়া নেড়েছিল।
কিন্তু মরিয়মের কোনো সাড়াই পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত তার মা অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এলেন। বিছানার পাশে বসে তার কাঁধ নাড়লেন।

"মরিয়ম, ওঠো। তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে।"

"কে এসেছে?"
বিরক্ত গলায় জিজ্ঞেস করল সে।

"নাম তো বলেছিল... একটু অদ্ভুত নাম। কী যেন ছিল..."
মায়ের বিড়বিড় শুনে মরিয়মের বিরক্তি আরও বেড়ে গেল।

হঠাৎ তার মায়ের মনে পড়ল।
"হ্যাঁ, নূরুল হুদা।"

"What...!"
মরিয়ম প্রায় লাফিয়ে উঠল।

"Mamma! I'm so happy!"

বলে মাকে জড়িয়ে ধরল, গালে চুমু খেয়ে দৌড়ে বাইরে চলে গেল।

ড্রয়িংরুমের দরজার সামনে এসে হঠাৎ থেমে গেল।
নূরুল হুদার সেই রুক্ষ ব্যবহার মনে পড়তেই তার সব আনন্দ মুহূর্তেই মিলিয়ে গেল।

তবুও সে তার সঙ্গে দেখা করতে চেয়েছিল।
গম্ভীর মুখে ড্রয়িংরুমে ঢুকতেই নূরুল হুদা তাকে দেখে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন।

"Thank God! আমার তো মনে হচ্ছিল তুমি হয়তো দেখা করতেই রাজি হবে না।"

"আমি তোমার মতো অভদ্র নই।"

তার কথায় নূরুল হুদা অনিচ্ছাসত্ত্বেও হেসে ফেললেন।
"হ্যাঁ, সত্যিই আমি খুব অভদ্র আচরণ করেছি। তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি।"

মুহূর্তেই মরিয়মের মুখ কোমল হয়ে এল। কিন্তু সে রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল।

নূরুল হুদা তাকে দেখে বললেন,

"I'm sorry।"

মরিয়ম কোনো উত্তর দিল না।

"আচ্ছা বাবা, এই দেখো, হাতজোড় করে ক্ষমা চাইছি।"

তবুও যখন মরিয়ম কিছু বলল না, তিনি সত্যিই দুই হাত জোড় করলেন।
ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ে গেল সেই দিনের কথা, যখন অভিমানী মালিহা তার সব অনুরোধেও রাজি হয়নি। শেষে তিনি হার মেনে তার সামনেও এভাবেই হাত জোড় করেছিলেন।

"তুমি যদি রাগ করে চলে যাও, তাহলে আমার কাছে আর কী থাকবে?"
নিজের বলা সেই কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরের শূন্যতা যেন আরও গভীর হয়ে উঠল।

তার দুই হাত ধীরে ধীরে নিচে নেমে এল।
মরিয়ম তার দিকে তাকিয়ে দেখল, মুখজুড়ে এক অদ্ভুত শূন্যতা আর বিষণ্নতা।

সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল,
"তোমার কী হয়েছে?"

নূরুল হুদা শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন।
মরিয়ম মৃদু হেসে বলল,
"Come on Nurul Huda, আমি তো মজা করছিলাম।"

নূরুল হুদা ধীরে ধীরে উঠে দরজার দিকে এগিয়ে গেলেন।
কিন্তু বাইরে চলে যাওয়ার বদলে দরজার কাছেই থেমে দাঁড়ালেন।
কারণ তিনি জানতেন, এখন সামনে যা আসছে, তা তাকে আবারও অতীতের কঠিন স্মৃতির মুখোমুখি দাঁড় করাবে।

তার ভেতরে অনুতাপের ঝড় উঠবে, আর সে গলি-ঘুপচিতে মাথা ঠুকতে ঠুকতে ঘুরে বেড়াবে।

তারপর যখন মালিহার স্মৃতির শিকলে বাঁধা অবস্থায় সে কাসর ফারুকিতে ফিরে আসবে, তখন তার সাহস ভেঙে পড়বে। তবুও নিজের ইচ্ছার বিরুদ্ধে তার পা মালিহার ঘরের দিকেই এগিয়ে যাবে।

সেই ঘর, যা ছিল নূরুল হুদার জীবন্ত অস্তিত্বের এক স্মৃতিসৌধ।

এরপর আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে না। প্রতিটি মুহূর্তে স্মৃতির অন্ধ কুয়োয় ডুবে যাওয়া, আবার উঠে আসা, তারপর আবার ডুবে যাওয়া মোটেও সহজ নয়।

এই যন্ত্রণা, যা আত্মাকেও নিঃশেষ করে দেয়, নূরুল হুদার সহ্যের সীমার বাইরে ছিল।

মরিয়ম বিভ্রান্ত দৃষ্টিতে তার পিঠের দিকে তাকিয়ে ছিল। হঠাৎ তিনি গোড়ালির ওপর ভর করে ঘুরে দাঁড়ালেন এবং খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন,

"আইসক্রিম খেতে যাবে?"

"কেন যাব না?" মরিয়ম সঙ্গে সঙ্গে বলল। তারপর যোগ করল,

"তবে আমি একটু কাপড় বদলে আসি।"

নূরুল হুদা মালিহার স্মৃতিকে এক মুহূর্তেরও সুযোগ দিতে চাইছিলেন না। তাই সঙ্গে সঙ্গে বললেন,

"দরকার নেই। তোমাকে তো ঠিকই লাগছে।"

"আমি সকাল থেকে একই কাপড় পরে আছি, আর তোমার কাছে ঠিকই লাগছে? তুমি গাড়িতে গিয়ে বসো।

আমি পাঁচ মিনিটেই আসছি।"

আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট বের করতে করতে মরিয়ম তার প্রতি মুহূর্তে বদলে যাওয়া মেজাজ দেখে বিস্মিত হলো।

"বললাম তো, দরকার নেই। আর এই মুহূর্তে তোমাকে আমার কাছে খুব সুন্দর লাগছে।"

"আচ্ছা।" ঝগড়া শেষ করার জন্য বলল মরিয়ম।

"তবে মোজা পরার অনুমতি তো পাব, তাই না?

আসলে তুমি এসেছ শুনে আমি খালি পায়েই শোবার ঘর থেকে দৌড়ে চলে এসেছি।"

নিজের তাড়াহুড়োর কথা সে এমন নিষ্পাপভাবে বলল যে নূরুল হুদা হাসি চেপে রাখতে পারলেন না।

মরিয়ম খুব কথাবার্তা বলতে ভালোবাসত। তবে তার কথাগুলোও ছিল ভীষণ মজার।

নূরুল হুদা তার সঙ্গ দারুণ উপভোগ করছিলেন। আইসক্রিম খাওয়ার পর তারা সমুদ্রসৈকতে চলে গেলেন এবং ভেজা বালির ওপর পায়ের ছাপ রেখে অনেক দূর পর্যন্ত হেঁটে গেলেন।

সন্ধ্যা নেমে এলে তখন তাদের সময় কেটে যাওয়ার কথা মনে পড়ল, আর তারা ফিরে এলেন।

নূরুল হুদা তাকে বাড়ি পৌঁছে দিতে এলে গাড়িটি তার বাড়ির সামনে থামালেন। কিন্তু মরিয়ম তখনও গাড়ি থেকে নামল না।

"কী ভাবছ?"

তাকে বসে থাকতে দেখে নূরুল হুদা জিজ্ঞেস করলেন।

সে ধীরে ধীরে বলল,
"ভাবছি, আজ তুমি পরেরবার দেখা করার কথা দেবে কি না।"

"না।"
একটি মাত্র শব্দ শুনেই তার মুখ মলিন হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে দরজা খুলে নেমে যেতে চাইল।

কিন্তু নূরুল হুদা দরজার লকের ওপর হাত রেখে তাকে থামিয়ে দিলেন।
"পুরো কথাটা তো শোনো।" তিনি হালকা ধমকের সুরে বললেন।

তারপর তার রাগী মুখের দিকে তাকিয়ে হেসে বললেন,

"আজ আমি বরং তোমার কাছ থেকেই পরেরবার দেখা করার প্রতিশ্রুতি নিতে চাই।"

এ কথা শুনে মরিয়ম হঠাৎ হেসে উঠল, আর হাসতেই থাকল।

******

রান্নাঘরে বসে নাশতা করতে করতে মোলভী সাহেব মুল্লানি জিকে বলছিলেন,

"আজ আমি পেশ ইমামকে বলে দিয়েছি, কাল ভোরেই লাহোরের উদ্দেশ্যে রওনা হব।"

"কিন্তু দোকানে তো এখনো দুই সপ্তাহের মালপত্র রয়েছে। তাহলে লাহোরে কী করতে যাবেন?"

তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তো মোলভী আবদুল খালিক হেসে বললেন,

" ভালো মহিলা ! আমি কি দোকানের মালপত্রের কথা বলেছি? আমি তো আমাদের ছোট মিয়ার জন্য লাহোরে যাচ্ছি।

তুমিই তো বলছিলে, ওর জন্য বিছানা, গরম কাপড় আর কত কী কিনতে হবে। যা যা লাগবে আমাকে বলে দিও, আমি লিখে নিয়ে যাব।"

আবদুল

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 27 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন