#ইশক_এ_আতিশ
লেখিকা : সাদিয়া রাজপুত
পর্ব-৩১
তোরা দুজনই ভালোবেসেছিস। কিন্তু তার ভালোবাসা তার নাম লিখে দিল ধৈর্যশীলদের তালিকায়, আর তোর ভালোবাসা তোকে পথভ্রষ্ট ও অপমানিত করে দিল।”
অনুশোচনায় আবদুল্লাহর চোখ নত হয়ে গেল। চোখ থেকে অশ্রু গড়িয়ে গড়িয়ে তার মুখ ভিজিয়ে দিতে লাগল।
মোলভি সাহেব গভীর মমতা নিয়ে বললেন,
“শুধু তুই-ই না, আবদুল্লাহ!
এই ভালোবাসায় অসংখ্য মানুষ ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপে সবাই ক্লান্ত, সবাই বিরক্ত। মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অথচ ভালোবাসার এই হট্টগোল কখনো থামে না।
কে আছে যে ভালোবাসে না? কেউ বাহ্যিক সৌন্দর্যের প্রেমে পাগল, কেউ অন্তরের। কেউ সত্যের জন্য জীবন দেয়, আবার কেউ মিথ্যার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবন হারিয়ে ফেলে। কারও তৃষ্ণা শরীরের জন্য, কারও মনের জন্য। কেউ পৃথিবীর জন্য কাঁদে, কেউ আকাশের জন্য। কেউ সম্পদ চায়, কেউ ছায়া খোঁজে। প্রত্যেকেই নিজের ভাগের নরক জ্বালিয়ে বসে আছে।
সবাই পুড়ে ছাই হয়ে যাক, তবুও এই আগুন নিভবে না। আর নিভবেও না। মানুষ যতক্ষণ না তার আসল সত্তার দিকে ফিরে আসে, ততক্ষণ নরক থেকে মুক্তি সম্ভব নয়।”
এরপর তিনি উঠে দাঁড়ালেন এবং ওয়ারিস শাহের একটি কবিতা গুনগুন করতে করতে চলে গেলেন।
“রাত জাগা বড় কঠিন ,
এক জাগে প্রহরী রাতে,
এক জাগে প্রেমের রোগী রাতে,
এক জাগে প্রিয়জনের প্রেমে রাতে,
এক জাগে চোর রাতে,
এক জাগে পাহারাদার রাতে,
ওয়ারিস শাহ, স্রষ্টা নিজেও তো জাগে রাতে।”
আজ কী অদ্ভুত সত্যই না প্রকাশিত হলো!
মোলভি সাহেবের দূরে সরে যাওয়া কণ্ঠস্বর আবদুল্লাহর অস্তিত্বকে যেন ঝাঁকিয়ে দিচ্ছিল। তার মনে হলো, তার শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক ছন্দ থেমে গেছে এবং তার আত্মা শরীরের ভেতর ছটফট করছে।
কে জানে কীভাবে সে নিজের জায়গা থেকে উঠল। তারপর হেঁটে দরজার পাল্লা খুলে বাইরে বেরিয়ে গেল।
তার পা যেন মন মন ভারী হয়ে গিয়েছিল। তবুও সে থামল না। নিজের সমস্ত শক্তি দিয়ে নিজেকে টেনে নিয়ে খালি পায়ে গলির পথে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে এসে পৌঁছাল।
প্রতিটি সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় তার মনে হচ্ছিল, সে যেন নিজের অস্তিত্ব নিয়েই পাতালের দিকে নেমে যাচ্ছে।
শেষ সিঁড়িতে পৌঁছে সে দুই হাত দিয়ে গেটের লোহার জাল আঁকড়ে ধরল। যেন নিজের পায়ের ওপর দাঁড়িয়ে থাকাটাই তার জন্য অসম্ভব হয়ে উঠেছে।
সে হাত দিয়ে সেই জালটি এমনভাবে স্পর্শ করছিল, যেন একজন অন্ধ মানুষ আঙুল দিয়ে কোনো কিছুর অস্তিত্ব অনুভব করার চেষ্টা করছে।
তারপর গেট আঁকড়ে ধরেই সিঁড়ির ওপর পড়ে গেল।
তার চোখের অশ্রুধারা আরও তীব্র হয়ে উঠল। এরপর তার কাঁপা কণ্ঠস্বর শোনা গেল,
“যে সত্যকে অস্বীকার করে, তার কাছেই সত্য সবচেয়ে বেশি প্রকাশিত হয়। কারণ তার অবিশ্বাসই একসময় তাকে সত্যকে চিনিয়ে দেয়।
আমি তোর ক্ষমতার সীমার বাইরে চলে যেতে চেয়েছিলাম। পৃথিবীর গভীরতা থেকে মহাবিশ্বের বিস্তৃতি পর্যন্ত এমন একটি পথ খুঁজেছি, যে পথ আমাকে তোর কর্তৃত্বের বাইরে নিয়ে যাবে।
কোথায় কোথায় ঘুরিনি আমি? জনবসতিতে, নির্জন প্রান্তরে, জঙ্গলে, মরুভূমিতে। এমনকি নিজের অস্তিত্বের গভীরতাও খুঁজে দেখেছি।
কিন্তু এমন একটি কণাও পাইনি, যে তোর সর্বশক্তিমান হওয়ার সাক্ষ্য দেয় না। এমন কোনো পথও পাইনি, যা তোমার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।
আর এখন আমার পা ক্লান্ত হয়ে গেছে। আমার শরীরে আর কোনো শক্তি নেই।
আমি মেনে নিয়েছি, তোর ক্ষমতাই সর্বশ্রেষ্ঠ। আমার সমস্ত অনুসন্ধান ছিল ব্যর্থ। তোর কাছ থেকে পালানোর কোনো পথ নেই।
আর যে তোর রাজত্বের বাইরে যেতে পারে না, তার তোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার কোনো অধিকারও নেই।
আমি আমার অসহায়ত্বকে স্বীকার করে তোর মহত্ত্বের সাক্ষ্য দিচ্ছি।
আমার এই স্বীকারোক্তি কবুল করে নে।”
গেটের সঙ্গে কপাল ঠেকিয়ে সে অনুশোচনার গভীরে ডুবে যেতে লাগল।
“আল্লাহ…”
সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে যন্ত্রণায় কাতর হয়ে ফরিয়াদ করল,
“অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ। আমাকে ওষুধ দে।
আমার প্রতিটি শ্বাস যেন বর্শার মতো আমার ভেতরটা বিদ্ধ করছে। আমার বুক যেন জ্বলন্ত আগুনের চুল্লি হয়ে আছে।
আমার ওপর দয়া কর। আমার অস্তিত্বের এই কিয়ামত থামিয়ে দে।
আমার সহ্যশক্তি আমার দুঃখের কাছে হেরে গেছে। আমার ক্ষত থেকে রক্তক্ষরণ থামছে না। আমার শরীরের প্রতিটি অঙ্গ যন্ত্রণায় জর্জরিত।”
সে যন্ত্রণায় চিৎকার করে উঠল,
“আল্লাহ! আমার গুনাহ অনেক বড়। কিন্তু আমার অবাধ্যতার শাস্তি আমাকে দিস না। আমার নিজের অস্তিত্বের এই শাস্তি আমি আর সহ্য করতে পারছি না।
তোর ক্রোধ ও শাস্তির মুখোমুখি আমি কীভাবে দাঁড়াব?
আমার দুর্বলতার দিকে তাকিয়ে আমাকে শাস্তি দিস না। আমার প্রতি দয়া কর। আমার আত্মা পর্যন্ত পুড়ে গেছে।
আমাকে আর কোনো জাহান্নামের হাতে তুলে দিস না।
এই কণ্টকাকীর্ণ পথের যাত্রা আমার আত্মার ভেতর পর্যন্ত ফোসকা ফেলে দিয়েছে। আমি ভেঙে চুরমার হয়ে গেছি।
দুঃখের ঝড়কে বল, এবার যেন থেমে যায়।
আল্লাহ! আমার অস্তিত্বের প্রতিটি ছড়িয়ে থাকা টুকরোকে আবার একত্র করে দে।”
কাঁদতে কাঁদতে সে সিজদায় পড়ে গেল এবং হাউমাউ করে কাঁদতে লাগল।
“কখনো মেঘের মতো বৃষ্টি হয়ে ঝর, সাঁই,
আমার বুক তোর করুণার জন্য তৃষ্ণার্ত, সাঁই।
আমি তো তোর প্রেমে পাগল,
এই বিরান হৃদয়কে আর কীভাবে বাসযোগ্য করব, সাঁই?
এই হৃদয় শুধু তোরই, সাঁই।
কখনো মেঘের মতো বৃষ্টি হয়ে ঝর, সাঁই। এই প্রেম আমাকে কী অদ্ভুত বন্দি করেছে, নিজ হৃদয়ের ভেতরেই কত তীর বিদ্ধ করেছে, কত আঘাত এসে পড়েছে চারপাশ থেকে, সাঁই।
কখনো মেঘের মতো বৃষ্টি হয়ে ঝর, সাঁই।
আমরাও যেন একটু মুক্তভাবে শ্বাস নিতে পারি, অশ্রু দিয়ে ধুয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি। কখনো এই বাতাসেও তোর স্নিগ্ধতা মিশিয়ে দে, সাঁই। কখনো মেঘের মতো বৃষ্টি হয়ে ঝর, সাঁই।”
মসজিদের সিঁড়িতে তাকে এভাবে সিজদারত অবস্থায় কুঁকড়ে পড়ে থাকতে দেখে মোলভি আবদুল খালিক থেমে গেলেন।
সে এতটাই নিস্তেজ ও নিশ্চল হয়ে ছিল যে, মোলভি
সাহেবের সন্দেহ হলো, সে হয়তো অজ্ঞান হয়ে গেছে।
দ্রুত তার কাছে গিয়ে বসে তাকে সোজা করার জন্য কাঁধে হাত রাখতেই জামার ওপর দিয়েই তিনি অনুভব করলেন, তার শরীর যেন আগুনে জ্বলছে ।
কিন্তু তার স্পর্শে আবদুল্লাহ ধীরে ধীরে উঠে বসতে লাগল। এতে মোলভি সাহেব অনিচ্ছাকৃতভাবে আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে, সে অজ্ঞান হয়নি।
তারপর তার মুখের দিকে তাকিয়ে বললেন,
“যখন এখান পর্যন্ত এসেছিস, তখন ভেতরেও চলে যেতে পারতি।”
সে আল্লাহভীতিতে কাঁপা কণ্ঠে বলল,
“কীভাবে যেতাম, মোলভি সাহেব? তাঁর ভয় থেকে কেউ কাউকে ধাক্কা দিয়ে বের করে দিলেও সে বের হতে পারে না। আর আমি কত অহংকারের সঙ্গে তাঁর সঙ্গে সম্পর্কহীন থাকার ঘোষণা দিয়েছিলাম। আপনি তখন উঠে চলে এসেছিলেন।”
“নিজের আমলনামার দিকে তাকানো বন্ধ করে তাঁর দিকে তাকা। তাঁর রহমত অনেক বিস্তৃত।”
“কিন্তু আমি তাঁর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াব?”
সে অসহায় কণ্ঠে বলল।
মোলভি সাহেব বললেন,
“তোর মুখ তো নতুন কোনো চেহারা পাবে না, আবদুল্লাহ! এই একই মুখ নিয়ে আয়। শুধু তওবার চাদর দিয়ে নিজের মুখ ঢেকে তাঁর কাছে চলে আয়।”
“কিন্তু যদি তিনি আমাকে কবুল না করেন?”
সে ভীত হয়ে পড়ল।
তখন মোলভি সাহেব তাঁর স্বভাবসুলভ দৃঢ় কণ্ঠে বললেন,
“ও পাগল! ফিরে আসার তাওফিক ভাগ্যবানদেরই হয়। নিজের ভাগ্য নষ্ট করিস না।
যারা এই ভয়েই তাঁর দরজায় পা থামিয়ে দিয়েছে, তারা আর কখনো ভেতরে যেতে পারেনি।
এটা সেই মহান সত্তার দরবার, যিনি কারও মুখাপেক্ষী নন। এখানে কারও নাম ধরে ডাক দেওয়া হয় না।
সাবধান! ডাক আসার অপেক্ষা করিস না।”
এই কথা বলে তিনি উঠে দাঁড়ালেন। তারপর আবদুল্লাহর আসার অপেক্ষা না করেই দরজার কাঁটা গেট খুলে মসজিদের ভেতরে চলে গেলেন।
কোণায় থাকা স্টোররুম থেকে ঝাড়ু নিয়ে তিনি প্রতিদিনের নিয়ম অনুযায়ী মসজিদের দারিগুলো গুছিয়ে নিতে এবং ঝাড়ু দিতে শুরু করলেন।
আবদুল্লাহ তখনো সেখানেই বসে ছিল।
অবশেষে সাহস সঞ্চয় করে সে উঠে দাঁড়াল। কিন্তু মসজিদের ভেতরে প্রথম পা রাখতেই তার শরীর দুলে উঠল।
কিন্তু সঙ্গে সঙ্গেই দেয়ালের সাহায্য নিয়ে নিজেকে সামলে নিল। তারপর ধীরে ধীরে হেঁটে অজুখানার দিকে এগিয়ে গেল।
অজু করার সময় যখন এক অঞ্জলি ঠান্ডা পানি নিয়ে মুখে ছিটিয়ে দিল, তখন তার এমন স্বস্তি অনুভূত হলো, যেন উত্তপ্ত লোহাকে কেউ ঠান্ডা পানির পাত্রে ডুবিয়ে দিয়েছে।
অজুর পানি যেন তার সমস্ত অস্থিরতা ধুয়ে নিয়ে গেল।
নামাজ পড়ার জন্য যখন সে বারান্দার দিকে এলো, তখন তার চোখের সঙ্গে মাথাটাও নত হয়ে ছিল।
দুই রাকাত নফলের নিয়ত করে সে কান পর্যন্ত হাত তুলে “আল্লাহু আকবার” বলল। তখন তার হৃদয় সত্যিকারের ঈমানের সঙ্গে সাক্ষ্য দিল।
সে যতই নামাজ পড়তে লাগল, ততই অনুভব করল যেন তার শিরা-উপশিরায় প্রশান্তি নেমে আসছে। দীর্ঘদিনের অশান্তির পর সে আবার এই প্রশান্তির স্বাদ পেয়েছিল।
সালাম ফিরিয়ে দোয়ার জন্য হাত তুলতেই আল্লাহর রহমত অনুভব করে তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল।
“মনে নেই কতদিন ধরে, কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমি যেন অস্থিরতার মধ্যে পথ চলছিলাম। আজ কোথাও এসে তোর নাম নিলাম, তখন নিজের অপরাধ স্বীকার করার অনুভূতি জাগল।
আল্লাহ! তোর রহমতের ছায়া আমার ওপর চিরস্থায়ী করে দে। আমার ধৈর্যের চাদরটা এতটা প্রশস্ত করে দে, যেন তা আমার দুঃখকে ঢেকে দিতে পারে।
আমাকে এতটা শক্তি দে, যেন তাকে ছাড়া বেঁচে থাকতে পারি। আমার ক্ষতগুলো তো আর শুকায় না, পরওয়ারদিগার! আমি তোর মহিমার কাছে প্রার্থনা করছি। আমার গুনাহ অনেক বড়, কিন্তু তোর রহমতের ওপর আমার আশা আছে যে তুই আমার তওবা কবুল করে নিয়েছিস।
আল্লাহ! অন্তত এতটুকু অধিকার আমাকে দে, যেন আমি তোর ক্ষমা প্রার্থনা করতে পারি।”
সে ভাঙা হৃদয় নিয়ে চোখ বন্ধ করে দোয়া করছিল। এমন সময় কাছেই কোথাও চুড়ির রিনিঝিনি শব্দ বেজে উঠল। অনিচ্ছাসত্ত্বেও সে চোখ খুলে ফেলল।
কিছুটা দূরে বসে সে নিজের চুড়ি নিয়ে খেলছিল। আবদুল্লাহর দৃষ্টি নিজের ওপর অনুভব করে সে চোখ তুলে তার দিকে তাকাল। তারপর যেন কোনো দুষ্টুমি করার কথা মনে পড়তেই তার চোখ দুটো ঝলমল করে উঠল।
নিচের ঠোঁটের কোণ দাঁতের মাঝে চেপে ধরে মুচকি হেসে সে নিজের কবজিতে থাকা সব চুড়ি হাতের ওপর তুলে নিল। তারপর হঠাৎ ছেড়ে দিল। একসঙ্গে অনেকগুলো চুড়ি বিভিন্ন সুরে ঝনঝন করে বেজে উঠল।
আবদুল্লাহর দৃষ্টি সেই হৃদয়কাড়া শব্দে যেন ঝনঝন করে উঠল। সে ব্যাকুল হয়ে আবার চোখ বন্ধ করে ফেলল।
“এটা মরীচিকা, নাকি আজাব, হে রব! আমার সব ক্ষত আবার খুলে যেতে শুরু করেছে।
এই স্বপ্নটা যতই সুন্দর হোক, যখন এটা ভেঙে যায় তখন আমার আত্মা যেন ধ্বংস হয়ে যায়।
আমাকে এর থেকে মুক্তি দে।”
মৌলভি সাহেব ঝাড়ু দিয়ে মাদুর বিছিয়ে ফেলেছিলেন। ফজরের আজান হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। তাই কাজ শেষ করে তিনি এসে আবদুল্লাহর পাশে বসলেন।
আবদুল্লাহ দোয়া শেষ করে মুখে হাত বুলিয়ে চোখ খুলল এবং সেদিকে তাকাল, যেখানে কিছুক্ষণ আগেও সুগন্ধিতে মিশে থাকা এক সুন্দর অস্তিত্ব জ্বলজ্বল করছিল।
কিন্তু এখন সেই সৌন্দর্য সেখানে আর নেই।
সে মাথা ঘুরিয়ে এদিক-ওদিক তাকে খুঁজল, কিন্তু কোনো লাভ হলো না।
মৌলভি সাহেব গভীর মনোযোগে তার প্রতিটি আচরণ লক্ষ্য করছিলেন। কিছুক্ষণ পর বললেন,
“তুই যদি ওর চলে যাওয়ায় এতটা কষ্ট পাস, তাহলে বল তো, সে আসা কেন ছেড়ে দিবে?”
সে মৌলভি সাহেবের দিকে তাকিয়ে ধীরে বলল,
“আমার নিজের হৃদয়ের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই।”
“এই ব্যাপারটাই তো নিয়ন্ত্রণের বাইরে, আবদুল্লাহ!”
দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন। আবদুল্লাহ বলল,
“কিন্তু এই নিয়ন্ত্রণহীনতাই তো কষ্ট দেয়।”
“তাহলে এই কষ্ট সহ্য করার অভ্যাস করে নে, আবদুল্লাহ! কারণ ভালোবাসা শুধু তোরই অসহায়ত্ব নয়, ওরও একটা বাধ্যবাধকতা।”
তিনি কথাটা বলেই বললেন, “আজানের সময় হয়ে গেছে।”
তারপর উঠে চলে গেলেন।
___________________________________________
পিপাসায় মরিয়ামের ঘুম ভেঙে গেল। একটু ওপরে উঠে সে টেবিল ল্যাম্প জ্বালাল। তারপর তার দৃষ্টি গিয়ে থামল বিছানার অন্য কোণে। জায়গাটা খালি।
হয়তো সে ওয়াশরুমে আছে।
নূর-উল-হুদার অনুপস্থিতির কথা ভেবে সে সাইড টেবিল থেকে জগ তুলে গ্লাসে পানি ঢেলে পান করতে লাগল।
কিছুক্ষণ কেটে গেল, কিন্তু নূর-উল-হুদা ফিরে এল না। এবার কিছুটা চিন্তিত হয়ে মরিয়াম বিছানা থেকে উঠে অ্যাটাচড বাথরুমের দরজায় টোকা দিল।
কোনো উত্তর না পেয়ে সে দরজা খুলে ভেতরে উঁকি দিল। সেখানে কেউ নেই।
“নূর-উল-হুদা এত রাতে কোথায় গেল?”
চিন্তিত হয়ে সে তাকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে এসে দেখল লাউঞ্জও খালি।
সে স্টাডি রুমে দেখল। তারপর সিটিং রুম, ডাইনিং রুম এবং রান্নাঘরও খুঁজে দেখল।
কিন্তু নূর-উল-হুদা কোথাও নেই।
কিছুক্ষণ ভেবে সে লনে চলে এলো।
লনে জ্বলতে থাকা বাতিগুলো রাতের এই সময়টাতেও বেশ আলো ছড়াচ্ছিল। মরিয়াম এক নজরেই বুঝতে পারল, সেখানে কেউ নেই।
সে ইশারা করে ওয়াচম্যানকে কাছে ডাকল। সে দেখে নিয়েছিল যে তিনটি গাড়িই পোর্চে দাঁড়িয়ে আছে। তাহলে এত রাতে নূর-উল-হুদা কোথায় যেতে পারে?
ওয়াচম্যান কাছে এলে সে জিজ্ঞেস করল,
“নূর-উল-হুদা কি কোথাও গেছে?”
“না ম্যাডাম।”
সে উত্তর দিল। তারপর মরিয়ামের চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করল,
“স্যার কি ভেতরে নেই?”
সে নিজেকে সামলে নিয়ে বলল,
“অবশ্যই ভেতরেই আছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম, সে ঘরে নেই। হয়তো বাবা জানের কাছে আছে। আমি দেখে আসছি।”
“জি ম্যাডাম, ভেতরেই দেখুন। স্যার বাইরে যাননি। আর রাত তিনটার সময় তিনি যাবেনই বা কোথায়?”
তাকে আশ্বস্ত করে ওয়াচম্যান আবার নিজের দায়িত্বে ফিরে গেল।
মরিয়াম মুখে বলেছিল যে হয়তো সে বাবা জানের ঘরে আছে, কিন্তু সে নিজেও জানত, এত রাতে নূর-উল-হুদা কেনই বা বাবাজানের কাছে যাবে?
ভেতরে ফিরে যাওয়ার পরিবর্তে সে হাঁটতে হাঁটতে পেছনের দিকের লনে চলে এলো।
সেখানেও নূর-উল-হুদা ছিল না।
এই প্রথমবার তার মনে ভয় জাগল যে এত বড় বাড়িতে মানুষও হারিয়ে যেতে পারে।
বাবাজানকে ঘুম থেকে জাগানোর কথা ভেবে সে হলের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকল।
হঠাৎ তার দৃষ্টি গিয়ে পড়ল মালিহার ঘরের দিকে।
এর আগে কখনো তাকে এই দিকে আসার প্রয়োজন হয়নি। আর যখন থেকে সে জেনেছিল যে সিঁড়ির ওপরে থাকা ঘরটি মালিহার, তখন থেকে সে ওইদিকে ঘুরেও যেত না। তার ধারণা ছিল, বাড়ির অন্যরাও খুব কমই এই দিকে আসে।
আজ প্রথমবার সে দেখল মালিহার ঘরের দরজায় লাগানো তালাটি খোলা।
হয়তো তার চোখ সেদিকে পড়তই না, কিন্তু দরজার দুটো পাল্লার মাঝখানে সামান্য ফাঁক ছিল, যা মরিয়ামের দৃষ্টি আকর্ষণ করল।
সে রেলিং ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সিঁড়ির শেষ থেকে দরজা পর্যন্ত দূরত্ব সে মাত্র দুই পা এগিয়েই পার হয়ে গেল। তারপর দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিল।
ঘরের দেয়াল পেরিয়ে তার দৃষ্টি গিয়ে থামল মালিহার বিছানায়।
ঘরের ভেতর অন্ধকার ছিল। তবে হলের আলো এসে ঘরের মধ্যে এক ধরনের আধো অন্ধকার তৈরি করেছিল।
সেই আধো অন্ধকারেই মরিয়াম নূর-উল-হুদাকে বিছানায় শুয়ে থাকতে দেখল। তার এক হাত চোখের ওপর রাখা ছিল।
তার ভেতরে যেন ঝড় শুরু হয়ে গেল।
আজ সত্যিকার অর্থেই মালিহাকে তার নিজের জীবনের অংশীদার বলে মনে হলো।
কিন্তু তাকে নিজেকেই সামলে নিতে হবে।
এই বিষয়ে সে নূর-উল-হুদাকে কোনো প্রশ্ন করতে পারে না।
কারণ সে আগেই মরিয়ামের কাছে তাকে ভালোবেসে যাওয়ার অনুমতি নিয়েছিলেন।
নিজেকে শক্ত করে সে সেখান থেকে ফিরে এলো।
কিন্তু অন্ধকার ঘরে বিছানায় শুয়েও সে চোখের পাতা এক করতে পারল না। নূর-উল-হুদার অপেক্ষায় সারা রাত জেগে রইল।
দরজা খোলার শব্দ হতেই মরিয়াম সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল।
নূর-উল-হুদা কোনো শব্দ না করে বিছানার অন্য পাশে গিয়ে মরিয়ামের দিক থেকে মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন।
মরিয়াম চোখ খুলে অন্ধকারে তার পিঠের দিকে তাকাল। তারপর দেয়ালে থাকা ঘড়ির জ্বলজ্বলে কাঁটার দিকে তাকাল।
পাঁচটা বেজে গেছে।
মরিয়াম ঘড়ি থেকে চোখ সরিয়ে নূর-উল-হুদার বিপরীত দিকে ফিরে শুয়ে পড়ল।
“রাতে প্রায় তিনটার দিকে আমার ঘুম ভেঙেছিল। তখন তুমি ঘরে ছিলে না।”
বালিশ কোলে রেখে বিছানায় বসে মরিয়াম গভীর দৃষ্টিতে অফিসের জন্য প্রস্তুত হতে থাকা নূর-উল-হুদাকে দেখছিল।
তার প্রতিটি আচরণ এতটাই স্বাভাবিক ছিল যে, যদি মরিয়াম নিজ চোখে রাতে তাকে মালিহার ঘরে না দেখত, তাহলে এখন তাকে দেখে কোনোভাবেই অনুমান করতে পারত না যে তার গত রাতটা অন্য কোনোভাবে কেটেছে।
তার এই স্বাভাবিক আচরণই মরিয়ামকে আরও অস্থির করে তুলছিল।
যদিও সে নিজেও মালিহার প্রসঙ্গ এড়িয়ে চলতে চাইত। বরং সবসময় তার চেষ্টা থাকত, এমন কোনো পরিস্থিতি যেন না তৈরি হয় যাতে নূর-উল-হুদার মুখে মালিহার নাম পর্যন্ত আসে।
আর নূর-উল-হুদাও একবারের পর আর কখনো মরিয়ামের সঙ্গে মালিহার কথা বলেননি।
এর কারণ শুধু একটাই ছিল। তিনি মরিয়ামকে কষ্ট দিতে চাননি।
কিন্তু তিনি জানতেন না, এই ব্যাপারে তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে।
মরিয়াম মালিহাকে নিজের স্নায়ুর ওপর এমনভাবে চেপে বসিয়েছিল যে, নূর-উল-হুদার যেকোনো আচরণই তার মনে সন্দেহ তৈরি করত।
কখনো যদি সে দেখত নূর-উল-হুদা চুপচাপ বসে আছে, তখনই তার মনে হতে শুরু করত, নিশ্চয়ই সে মালিহাকে মনে করছে।
সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে যেত।
হতে পারে নূর-উল-হুদা কোনো ব্যবসায়িক সমস্যার সমাধান নিয়ে ভাবছেন।
অথবা এমনও হতো যে মাথাব্যথার কারণে একটু শান্তির জন্য চোখ বন্ধ করে আধশোয়া হয়ে আছেন।
তখনও মরিয়াম জোর করে তার মনোযোগ নিজের দিকে টেনে নিত।
কখনো শুধু একের পর এক কথা বলত।
আবার কখনো সময়ের কথা না ভেবেই বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলত।
ফলে গত দেড় মাসে নূর-উল-হুদার ওয়ার্ডরোবে আগে থেকে থাকা অনেক পোশাকই ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে গিয়েছিল।
কোনো দিন নূর-উল-হুদা অফিস থেকে ফিরে নীল শার্ট খুলে নীল টি-শার্ট পরে নিলেই মরিয়ামের মনে সন্দেহ জাগত, নিশ্চয়ই মালিহার তার ওপর এই রংটা ভালো লাগত।
সে ওয়ার্ডরোব থেকে নীল রঙের সব শার্ট, টি-শার্ট, ট্রাউজার, এমনকি টাই পর্যন্ত বের করে চাকরদের মধ্যে বিলিয়ে দিয়েছিল।
নূর-উল-হুদা যদি কোনো স্যুট একটু বেশি পরতেন, তাহলেই মরিয়ামের মনে হতো, নিশ্চয়ই সেটি মালিহার প্রিয় ছিল।
তাহলে তার ওয়ার্ডরোবে আর কীভাবে জায়গা থাকবে?
বেচারা বাহাদুরও শেষ পর্যন্ত এর রাগের শিকার হলো। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পোলাও রান্না করায় মরিয়মের মনে হলো, মালিহার নির্দেশেই হয়তো পোলাও এত বেশি রান্না করা হতো।
শেষ পর্যন্ত বাড়ির মালিক তো মালিহাই ছিল, তাই মেনুও নিশ্চয়ই সে-ই ঠিক করত।
রাগের মাথায় মরিয়ম বাহাদুরকে বেশ ভালোভাবেই ধমকে দিল। বলল, সে দিন দিন মাথায় উঠে যাচ্ছে, যা ইচ্ছা তাই রান্না করে নিয়ে আসে। এরপর মরিয়ম তাকে খাবারের একটি তালিকা বানিয়ে দিল, যেটা কঠোরভাবে মেনে চলা বাহাদুরের জন্য বাধ্যতামূলক হয়ে গেল।
কিন্তু নূরুল হুদা সত্যিই মরিয়মকে ভালোবাসতেন। তিনি কখনো তার কোনো কথায় আপত্তি করেননি। তবে সমস্যা ছিল একটাই, তিনি বাবাজানকে চুপ করাতে পারতেন না। বাবাজান প্রকাশ্যেই মালিহার কথা বলতেন। যদিও নূরুল হুদার সামনে এই আলোচনা করা হতো না।
অনুশোচনার কারণে বাবাজান তার সামনে মালিহার নাম নিতে পারতেন না। প্রথমে তিনি শুধু মালিক নাসিরের সঙ্গেই মালিহার কথা বলতেন। কিন্তু তিনি মারা যাওয়ার পর বাহাদুরই তার কথার সঙ্গী হয়ে উঠেছিল।
এরপর মরিয়ম বিয়ের পর এ বাড়িতে এলে তাকেও মাঝেমধ্যে মালিহার কথা শুনতে হতো।
যদিও বেশিরভাগ সময় সে উঠে চলে যেত। কিন্তু বাবাজান তার এই বিরক্তি বুঝতে পারতেন না। তিনি জানতেন না যে নূরুল হুদা ইতোমধ্যেই মরিয়মকে মালিহার ব্যাপারে নিজের অনুভূতির কথা জানিয়ে দিয়েছেন।
নিজের দিক থেকে অবশ্য বাবাজান যথেষ্ট সতর্ক ছিলেন। তিনি কখনো মালিহার প্রসঙ্গে এমনভাবে নূরুল হুদার নাম নিতেন না, যাতে মরিয়মের মনে কষ্ট লাগে।
এমনকি বাহাদুর ও অন্যান্য চাকরদেরও তিনি নিষেধ করে দিয়েছিলেন, যেন তারা মরিয়মের সামনে মালিহা ও নূরুল হুদার বিয়ে বা বাগদানের কথা না বলে।
তারপর এমনও তো নয় যে মালিহার সঙ্গে নূরুল হুদার বিয়ে হয়ে গিয়েছিল, যে বিষয়টি জানানো এত জরুরি ছিল।
কিন্তু মরিয়ম বাবাজানকে কীভাবে বলত যে, নিজের মেয়ের নামই যেন তিনি আর না নেন?
‘মালিহার কথা শুনলেই আমার ঘৃণা হয়। আর মাত্র এক রাতেই সেই ঘৃণা কয়েক গুণ বেড়ে গেছে।’
তবুও ভেতরের অস্থিরতা তাকে নূরুল হুদার সঙ্গে কথা বলতে বাধ্য করেছিল।
“হ্যাঁ, একটু অস্বস্তি লাগছিল। তাই বাইরে চলে গিয়েছিলাম।”
তার কণ্ঠ ছিল একেবারেই স্বাভাবিক। মরিয়ম ড্রেসিং টেবিলের আয়নায় তার প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। নূরুল হুদা তখন টাই পরছিলেন। সে সরল স্বরে জিজ্ঞেস করল,
“বাইরে কোথায়? লনে?”
টাইয়ের গিঁট বাঁধতে থাকা নূরুল হুদার হাত থেমে গেল। মরিয়ম আয়নায় তার প্রতিক্রিয়া দেখছিল। তার ধারণা ছিল, এবার হয়তো একটু ঘাবড়ে গিয়ে নূরুল হুদাও তাকে মিথ্যা বলবেন।
কিন্তু কিছুক্ষণ থেমে কোনো বিশেষ অভিব্যক্তি ছাড়াই তিনি বললেন,
“না, মালিহার ঘরে।”
মরিয়মের শরীরের ভেতর যেন আগুন জ্বলে উঠল। কত সহজভাবেই না তিনি স্বীকার করে নিলেন যে, গতকাল সারা রাত সে মালিহাকে মনে করেছে!
সে শক্ত করে ঠোঁট চেপে রাখল। অথচ নূরুল হুদাকে দেখে মনে হচ্ছিল, যেন কিছুই হয়নি।
টাইয়ের গিঁট বাঁধার পর তিনি কোট পরলেন। তারপর ব্রিফকেস তুলে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন,
“কী ব্যাপার? আজ Mrs. সাহেবা তো গাড়ি পর্যন্ত আমাকে বিদায় দিতে যাওয়ার মুডে মনে হচ্ছে না। তাহলে কি একাই যেতে হবে?”
“আমার শরীর ভালো নেই।”
তার কথার জবাবে মরিয়ম অনিচ্ছাভরে বলল। নূরুল হুদা চিন্তিত হয়ে তার পাশে এসে বসলেন।
“কেন? কী হয়েছে? জ্বর নেই তো?”
উদ্বিগ্ন হয়ে তিনি তার কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করতে চাইলেন। মরিয়ম বাহ্যিকভাবে নরমভাবে, কিন্তু ভেতরের বিরক্তি নিয়ে তার হাত সরিয়ে দিল।
“এমনিই মাথাটা একটু ব্যথা করছে।”
“শরীর বেশি খারাপ হলে আমি অফিসে যাব না।”
“তাহলে কী? বাড়িতে থেকে আমার মাথা টিপে দেবে?”
বিরক্ত হয়ে কথাটি বলতেই নূরুল হুদার কাছে মরিয়মকে অচেনা মনে হলো। তবুও তিনি কিছু মনে না করে ভালোবাসার সঙ্গে বললেন,
“সেটাতেও তো কোনো সমস্যা নেই।”
“নূরুল হুদা! You are disturbing me.”
তার কণ্ঠস্বর এবার অসহ্য রকমের কঠিন হয়ে গেল। নূরুল হুদার জায়গায় অন্য কেউ হলে এই বেয়াদবিতে প্রচণ্ড রেগে যেত। কিন্তু তিনি কোনো রাগ না দেখিয়ে হাত তুলে শান্ত করার ভঙ্গিতে বললেন,
“Okay yaar! I’m going. তুমি বিশ্রাম নাও, আর ওষুধটা অবশ্যই খেয়ে নিও।”
উঠতে উঠতেও তিনি কথাটি না বলে থাকতে পারলেন না। তার কথা শুনে মরিয়ম ঝটকা দিয়ে বালিশটা বিছানায় ছুড়ে ফেলল এবং কম্বল মাথা পর্যন্ত টেনে শুয়ে পড়ল।
নূরুল হুদার কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল।
‘কোথাও কি মরিয়মের খারাপ লেগেছে যে আমি মালিহার ঘরে গিয়েছিলাম?’
দরজা খোলার সময়ই হঠাৎ তার মাথায় বিষয়টি এলো।
তিনি আবেগভরা দৃষ্টিতে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা মরিয়মের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে নিজের পেছনে দরজা বন্ধ করে বাইরে চলে গেলেন।
দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই মরিয়ম কম্বল ছুড়ে ফেলে উঠে বসল। তারপর ঘৃণাভরে ফিসফিস করে বলল,
“মালিহা ফারুকি! আমি কখনোই সহ্য করব না যে আমার স্বামী রাতের শেষ প্রহরে আমার পাশ থেকে অস্থির হয়ে উঠে তোমার আশ্রয়ে চলে যাবে।”
সেদিনের পর থেকেই সে নূরুল হুদার ওপর নজরদারি শুরু করে দিল।
রাতে নূরুল হুদা ঘুমিয়ে না পড়া পর্যন্ত সে জেগে থাকত। এমনকি ঘুমের মধ্যেও বারবার উঠে দেখে নিত, সে নিজের জায়গায় আছে কি না।
তবে নূরুল হুদাও সতর্ক হয়ে গিয়েছিলেন।
নিজেদের দাম্পত্য জীবনকে তিক্ততা থেকে বাঁচানোর জন্য তিনি রাতে উঠে মালিহার ঘরে যাওয়া বন্ধ করে দিলেন।
এখন তিনি দিনের এমন সময়ে মালিহার ঘরে যেতেন, যখন মরিয়ম বাড়িতে থাকত না।
★★★
চলবে....