#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
|৫|
#সানজিদা_খানম_স্বর্ণা
বিয়ের পর প্রেম হয়? দুজন মানুষ একান্ত অভিসারে নিজেদের সমস্ত সংকোচ পেরিয়ে আসার পরেও কি অচেনা থাকে প্রেমের নতুন কোনো পথ? দাম্পত্যের ঘনিষ্ঠতার পরে দুজন মানুষ নতুন করে একে অপরের চোখে আদৌ প্রেম খুঁজে পেতে পারে?
অন্য কেউ পারে কিনা জানা নেই। তবে রূপা-মুহিব দম্পতি পেরেছিল। গভীর রাতে ওরা দুজন পাশাপাশি থেকে অনুভব করেছিল, মুহূর্তটা আলিঙ্গনের চেয়েও অন্তরঙ্গ। চোখে চোখ রেখেও বলা যায় না বলা অনেক কথা। স্ত্রীর সুন্দর চোখের ভাষা বুঝে নেবার ক্ষমতা মুহিবের ছিল। ছিল অভিমান অনুধাবনের ক্ষমতা। ভীষণ বর্ষার দুপুরগুলোতে যখন নববধূর স্ত্রী অঙ্গে ফিনফিনে শাড়ি জড়িয়ে সামনে এসে দাঁড়াত, মুহিব আলগোছে আলিঙ্গন করত মেয়েটাকে। মুহিব বুঝত পরনের শাড়িটি খুলে ফেলার জন্য নয়, ওই অতল কালো চোখের কাজল মুছে দেবার জন্য নয়। হাতের রেশমি চুড়িগুলো ভালোবাসার দাপটে ভেঙে দেবার জন্য নয়। মেয়েটা নিজেকে সাজিয়েছে বৃষ্টিবিলাস করার জন্য। মুহিব প্রবোধ দিত স্ত্রীকে। হাত ধরে নেমে যেত ঘোর বর্ষায়। আর মেয়েটা যখন নিজের দুহাতের ক্ষুদ্র পরিধিতে সমস্ত আকাশটাকে আলিঙ্গন করার প্রয়াস চালাত, তখন মুহিবের চোখে ভিড় করত অপরিসীম মুগ্ধতা। মুহিব মুগ্ধ হতো, ভীষণ রকম মুগ্ধ হতো। ওই সাদামাটা মেয়েটাকে দেখতে দেখতে আত্মবিস্মৃতি ঘটত মুহিব নামের ছেলেটার।
মুহিব দেখত কাজলটানা আয়ত চোখ, ঝড়ো হাওয়ায় এলোমেলো দীঘল কেশরাশি, ভেজা ঠোঁটের তিরতির কাঁপন। আর দেখত ভেজা শাড়ি-ব্লাউজের আবরণ ভেদ করে জেগে ওঠা রহস্যময়ীর দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। মেয়েটা তখন তুমুল বৃষ্টিতে লাফিয়ে, জমে থাকা জল ছিটিয়ে দেয় মুহিবের দিকে—উচ্ছল হাসির তরঙ্গে তখন মেয়েটির দেহ কেঁপে কেঁপে ওঠে। রূপবতীর নাক, কান, গলা এমনকি চিবুকে লেপ্টে থাকে বিন্দু বিন্দু জলের ফোঁটা। মুহিবের তখন ইচ্ছে করে ওই সিক্ত সৌন্দর্যকে পরম আলিঙ্গনে জড়িয়ে নিতে নিজের বাহুডোরে। উচ্ছ্বসিত মেয়েটা এমন মোহিত দৃষ্টি দেখে থমকে যেত হঠাৎ। কৌতুকের স্বরে প্রশ্ন করত,
“কী ব্যাপার মশাই? কী দেখছেন?”
মুহিবের ঘোর কাটত না। মেয়েটার চঞ্চলতা ক্রমশ উন্মাদ করে তুলত মুহিবকে। নিজের মাঝে ভীষণ রকম তৃষ্ণা অনুভব করত মুহিব। মেয়েটাকে গভীরভাবে ছুঁয়ে দেবার তৃষ্ণা। তিরতির করে কাঁপতে থাকা ভেজা অধরে গাঢ় চুম্বনের তৃষ্ণা। দু'কদম এগিয়ে মোহাচ্ছন্ন কণ্ঠে আওড়াত মুহিব,
“তুমি খুব সুন্দর, রূপাঞ্জনা। ভীষণ রকম সুন্দর …”
স্বামীর প্রশংসায় ঝরনার রিমঝিম আওয়াজ তুলে হাসে মেয়েটা। বৃষ্টির শব্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় সেই কুহকিনী হাসি। একসময় হাসির কল্লোল থামে, থামে ঘোর বর্ষণ। বৃষ্টির জলে ধুয়ে লেপ্টে যাওয়া আলতা-পা নিয়ে এগিয়ে আসে মেয়েটা। এগিয়ে এসে মুহিবের খুব কাছে সরে দাঁড়ায়। চোখের দিকে তাকিয়ে হাসে মোহিনী হাসি। যেই হাসির অর্থ বোঝে মুহিব। সিক্ত প্রেয়সীকে কোলে তুলে নেয় মুহিব। ছোট্ট চুমু খায় কপালের ঠিক মধ্যিখানে। তবুও একটা লজ্জার অনুভূতি ঘিরে রাখে পুরুষকে। পূর্বে কখনো, কোনো নারীকে এমনভাবে দেখা হয়নি। বুকের ভেতর ধুরুধুরু অনুভূতি নিয়ে এগিয়ে চলে মুহিব। স্বামী-স্ত্রীর ভেজা বসনে ভিজে যায় ঘরের মেঝে। তবুও প্রেমপিপাসু দম্পতি আলিঙ্গনে আবদ্ধ করে রাখে একে অপরকে। বাথরুমে গিয়ে স্ত্রীকে নামিয়ে দেয় মুহিব।
মৃদুস্বরে বলে,
“তুমি জামাকাপড় পাল্টে নাও, আমি এখানে অপেক্ষা করছি।”
মেয়েটা অসন্তোষের দৃষ্টিতে তাকায়। চোখে যেন খেলে যায় কামনার ইঙ্গিত। অতল চোখদুটো স্বামীকে যেন আহ্বান করে নতুন কোনো সর্বনাশের। বোকা মুহিব সেই অর্থ বোঝে না। লাজুক হেসে চোখ নামিয়ে নেয়। অথচ মনে তীব্র অভিলাষ জন্মেছে এই মুহূর্তে এই রূপবতী মেয়েটার শরীরের প্রতিটি ইঞ্চিতে ছুঁয়ে দেবার। অধৈর্য মেয়েটা তাড়া দেয় তখন,
“এই যে মদনমার্কা ভদ্রলোক, বউয়ের ইশারা পেয়ে এমন লজ্জায় মরে যাচ্ছেন কেন শুনি? আপনি কি বাসরঘরে বসে আছেন? নববধূর ঘোমটা তুলতে গিয়ে ভীষণ রকম হাত কাঁপছে, বুক ধুকপুক করছে?”
অদ্ভুত মেয়েটার এলোমেলো কথাগুলো মাথায় ঢোকে না মুহিবের। স্ত্রীর পানে অসহায় চোখে চেয়ে ক্রমাগত মাথা দুপাশে নাড়ায় মুহিব। বোঝাতে চায়, সে বাসরঘরে বসে নেই। রমণীর আশ্চর্য সুন্দর চোখদুটোতে চকচক করে কৌতুক,
“তাহলে এমন লজ্জা পাচ্ছেন কেন? সবসময় এমন লজ্জা পেলে জীবনে আর বাচ্চা-কাচ্চার বাপ হতে হবে না। আর আমারও ফুটবল টিম বানানোর স্বপ্ন পূরণ হবে না।”
শেষের কথাগুলো উদাসভাবে বলে রমণী। মুহিব হতভম্ব হয়, মুহিব অবোধের ন্যায় চেয়ে থাকে। স্বামীর হতবিহ্বল সেই দৃষ্টির দিকে তাকিয়ে পরপরই হাহাকার উচ্চারিত হলো তরুণীর কোকিলকণ্ঠে,
“হায় আল্লাহ! এমন পোড়া কপাল আমার, আমার মতো বুদ্ধিমতী নারীর কপালে ছাগল কেন দিলা মাবুদ?”
মুখটাকে যথাসম্ভব করুণ করে বাথরুমের দরজা দিয়ে মুখ বের করে দাঁড়িয়ে থাকে সে। অথচ স্ত্রীকে সমবেদনা জানানোর ভাষা তার নেই। বরং সাহস সঞ্চয় করে তৃষ্ণার্থ দেহমন নিয়ে এগিয়ে যায় মুহিব। প্রশ্রয় দেয় স্ত্রীর আহ্বানকে, নির্লজ্জ অনুভূতিগুলোকে। স্ত্রীকে আলগোছে সরিয়ে ঢুকে যায় বাথরুমে। এক হাত পেছনে এনে লাগিয়ে দেয় দরজা। এরপর? এরপর তো একটা প্রহর রহস্যময়ীর মায়াজালে নিজেকে হারিয়ে ফেলে মুহিব। হারিয়ে ফেলে চিন্তা, চেতনার সবটুকু বোধ।
তারাভরা আকাশের নিচে দাঁড়িয়ে একমনে ভেবে চলে মুহিব। ভাবতে ভাবতে ঠোঁটের কোণে দেখা যায় এক চিলতে হাসির আভাস। ঘটনাটি কবেকার? বিয়ের কয়েক সপ্তাহ পরের বোধহয়। বর্ষণের সেই দুপুরে কাঁথা গায়ে দিয়ে পাশের কক্ষে ঘুমিয়ে থাকতো মুহিবের মা। আর দুজনে সৃষ্টি করতো নিত্য নতুন প্রেমের গল্প। সেই গল্পগুলো কী ভীষণ দারুণ! সেই ভালোবাসায় মাখানো দুপুরগুলো কী ভীষণ উত্তেজনার!
রূপা হয়তো ভাবে, মুহিব ঘুমানোর জন্য ফিরে আসে দুই কামরার এই ছোট্ট ফ্ল্যাটে। অথচ মুহিব আজ কতগুলো রাত ঠিক করে ঘুমাতে পারে না। ঘুমাতে পারে না সেদিন থেকে যেদিন প্রথম শুনেছিল প্রেয়সীর ভয়াবহ অসুখের কথা। মুহিব ফিরে আসে একাকিত্বকে নিজের সঙ্গী করে নেবার জন্য। মুহিব ফিরে আসে সুখের মুহূর্তগুলোকে স্মৃতির মানসপটে ভাসিয়ে তোলার জন্য। এই স্মৃতিগুলোই তো মুহিবের সম্বল, বেঁচে থাকার প্রেরণা। তাছাড়া আর কী করবে? একটা সময় যেই মেয়েটিকে জীবনের সমস্ত কিছুর প্রেরণা ভাবত মুহিব, সেই মেয়েটা যে নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অতলে তলিয়ে যাচ্ছে ক্রমশ…
°
রাত্রিতে রূপার ভালো ঘুম হয় না। ছাড়া ছাড়া ঘুম, এলোমেলো অর্থহীন স্বপ্ন দেখেই কেটে যায় গোটা একটা রাত। অথচ এই মেয়েটাই কী ভীষণ ঘুমকাতুরে ছিল! বিয়ের প্রথম বছরে তো শাশুড়ি মায়ের কাছে ঘুমকাতুরে স্বভাবের জন্য অনেক তিরস্কারের শিকার হতে হয়েছে। অনেক দিন সকালে শুধুমাত্র চা-বিস্কুট খেয়ে অফিসে গেছে মুহিব। ভদ্রমহিলা এই নিয়ে পুত্রকেও কম কথা বলেননি। বলেছেন,
“না খেয়ে থাকার জন্য কি ছেলে বিয়ে করিয়েছি? তোর বউ সারারাত কি এমন রাজকার্য করে যে সকালে উঠে রান্নাবান্না করতে পারে না?”
মুহিব কখনো চুপ করে থেকেছে, কখনো বা স্ত্রীর পক্ষ নিয়ে মাকে বুঝিয়েছে—
“মা, আজকে হয়তো ওর শরীরটা ভালো লাগছে না। মানুষের শরীর তো আর যন্ত্র নয়। আর সংসারে তো কম কাজ নেই, সারাদিন এতোসব করার পরে ক্লান্তি আসাটা কি খুব অস্বাভাবিক? রাগ করছো কেন, মা?”
মুবিবের মা তখন বিরক্ত হয়ে নিরুত্তর থেকেছে। একটা আক্রোশের দৃষ্টি ফেলেছে ছেলের বউয়ের উপর। কখনো বা ধারালো ঝংকার উঠেছে উনার কন্ঠে,
“তুই তোর বউকে কিছুই বলবি না?”
মায়ের ওই রাগান্বিত চোখে পুত্রবধূর জন্য এক টুকরো সহানুভূতি তালাশ করেছে মুহিব। একবিন্দু করুণা না পেয়ে শান্ত স্বরে বলেছে,
“সরি মা, বউয়ের সমস্যা দেখা আমার দায়িত্ব। দায়িত্ববান স্বামী হিসাবে বছরের তিনশো পয়ষট্টি দিনের ষাট দিন এজন্য আমি কষ্ট করতে রাজি আছে। কোনো অফিসে কাজ করলেও তো মানুষ ছুটিছাটা পায়, আমিও না হয় আমার বউকে মাঝে মাঝে সংসার থেকে ছুটি দিব।”
সত্যিই রূপাকে ছুটি দিয়েছে মুহিব। যথাসম্ভব স্ত্রীর কাছে সাহায্য করেছে। জামাকাপড় ধুয়ে দেওয়া, ঘর মোছা, থালাবাসন পরিষ্কার থেকে শুরু করে সবটা করেছে নিজের হাতে। শুধু স্ত্রীর কাজে নয়, হঠাৎ স্টোক করে মা যখন শয্যাশায়ী হয়ে গেল, তখনও মায়ের যত্ন নিজে করেছে মুহিব। রূপার প্রতি কোনো অভিযোগ রাখেনি। একদিনও বলেনি—তুমি আমার মায়ের সেবা কেন করছ না?
বরং নাজমা বেগম যখন অসুস্থ মায়ের শিয়রে বসে মুখ কালো করে অভিযোগ করেছে,
“ভাইয়া, তোমার বউ তো একদিনও মায়ের জামাকাপড় ধুয়ে দেয় না, খাইয়ে দিতেও তো দেখিনা ঠিকমতো।”
তখন মুহিব রূপার পক্ষ নিয়েছে। দৃঢ়ভাবে জবাব দিয়েছে,
“আমার বউ না করলেও আমি তো করছি। আমার মা আমাকে বড় করেছে, আমার মায়ের সেবা করার দায়িত্ব আমার।”
নাজমা অসন্তোষের সুরে বলেছিল,
“তা বলে তুমি পুরুষ মানুষ হয়ে এসব কাজ করবে? তোমার বউ একটু শাশুড়ির সেবা করতে পারবে না?”
“জোর করতে তো পারিনি। আমার স্ত্রী যতটুকু ইচ্ছা করবে, বাকিটা আমি করব।”
ভাইয়ের উত্তর শুনে নাজমা বেগম বেজার মুখ করে চলে গিয়েছিলেন। এরপর সে বছরই রূপার শাশুড়ি মারা গেল। রূপা জানপ্রাণ দিয়ে শাশুড়ির সেবা করেনি এজন্যই ভাইয়ের বউকে খুব একটা পছন্দ করে না নাজমা বেগম। তবুও ননদকে দোষী ভাবতে পারে না রূপা। এই দুঃসময়ে নাজমা তো রূপার ছেলেটাকে দেখে রাখছে। তার নিজের ভাই তো একবার খোঁজ নিতেও আসেনি…
ভাবতে ভাবতে রূপা একটা দীর্ঘশ্বাস ফেলল। মুহিব সন্তান হিসেবেও খুব ভালো, স্বামী হিসেবে অতুলনীয়। এই মানুষটাকে বড়ো ভাগ্য করে পেয়েছে রূপা। এই চমৎকার মানুষটাকে নিয়ে ভাবতে গেলে মনটা দুর্বল হয়ে যায়। বড়ো বেশি মনে পড়ে, দিন ফুরিয়ে গেল, দিন ফুরিয়ে গেল…
অথচ রূপা? সে তো মুহিবের সাথে অনেকগুলো বছর বেঁচে থাকার স্বপ্ন লালন করত মনে। ইসস, বেঁচে থাকাটা কী দারুণ সুখের ব্যাপার! প্রতিদিন নতুন সূর্যের ভোর দেখা কী ভীষণ সৌভাগ্য!
ভোর হতে আর বেশি দেরি নেই। কিছুক্ষণ পরে পূর্ব আকাশে সোনালী সূর্যের আগমন ঘটবে। ধীরে ধীরে ফিকে হয়ে যাবে অন্ধকার। রূপার জীবনের অন্ধকারও কি আজকে কেটে যাবে একই ভাবে? রূপা জানে না। অন্ধকারে হাঁটুতে মুখ গুঁজে বসে থাকে মেয়েটা। আর হঠাৎ খেয়াল করে সে কাঁদছে। অকারণে তার দুচোখ দিয়ে গড়াচ্ছে নোনাপানির ধারা। আচ্ছা, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে বলেই কি সুখ-দুঃখের অনুভূতিগুলো এত তীব্র হয়ে বুকের ভেতর বাজছে? নয়তো যে সুখগুলো এতদিন অবহেলায় পেরিয়ে গেছে, যে দুঃখগুলো বুকের গহিনে চাপা পড়ে থেকেছে, তারা সবাই একসঙ্গে মনের দরজায় কড়া নাড়ছে কেন?
—চলমান—