#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[৬]
#সানজিদা_খানম_স্বর্ণা
অনেকক্ষণ ধরে মাথাটা ভার ভার লাগছে। পড়ায় মন বসছে না। হাতের বইটা বন্ধ করে চোখ মুদে রূপা। কড়া নিয়মের বেড়াজালে আবদ্ধ এই জীবনে বইগুলোই যেন স্বস্তি দেয় রূপাকে। উপন্যাসের বই। একটা বই পড়ে শেষ করলে নতুন আরেকটা বই এনে দেয় মুহিব। প্রথম প্রথম ডাক্তার কিংবা দায়িত্বরত নার্স ভীষণ অবাক হয়ে তাকাতো তার দিকে। রোগীকে এমন উৎফুল্ল মনে বই পড়তে বোধহয় পূর্বে দেখেনি কেউ। তাছাড়া আর কীই বা করবে রূপা?
কিছুদিন যখন ওয়ার্ডে ছিল তখন দিনগুলো অন্যান্য রোগী কিংবা তাদের আত্মীয়স্বজনদের সাথে আলাপ করে দিব্যি কাটিয়ে দেওয়া যেতো। অবশ্য কারো কারো প্রশ্নে বেশ বিব্রতবোধ করতো রূপা। মানুষজন প্রায় সময় একটা প্রশ্ন করতো,
“তোমার সাথে কেউ নেই?”
রূপা মাথা দুপাশে নাড়িয়ে সম্মতি দিলেই শুরু হতো আরও প্রশ্নের অত্যাচার—
“মা-বাবা নেই? শ্বশুর-শাশুড়ি?”
রূপা ম্রিয়মাণ কণ্ঠে আড়ষ্টভাবে জবাব দিতো,
“কেউ বেঁচে নেই…”
অবশ্য একটুখানি মিথ্যে বলা হলো। শ্বশুরমশাই বোধহয় পৃথিবীর কোনোখানে বেঁচে আছে। কানাঘুষায় শুনেছে রূপা, শাশুড়ি মাকে রেখে ভদ্রলোক অন্যত্র সংসার পেতেছিলেন বহুবছর আগে। প্রথম সংসারের স্ত্রী সন্তানের কথা বেমালুম ভুলে গিয়ে দ্বিতীয়াতে নিয়ে সুখে শান্তিতে বাস করেছেন তিনি। তারপর থেকে জগতের কাছে স্বামীকে মৃত হিসেবেই পরিচয় করিয়েছেন রূপার শাশুড়ি। রূপার সাথে মুহিবের বিয়ের সময়ই এই খবরটিই দিয়েছিলেন সবাইকে। বিয়ের অনেকদিন পরে কানাঘুষায় সত্যটা জেনেছে রূপা। তা পৃথিবীতে সেই শ্বশুরমশাই থাকাটা না থাকারই সমতুল্য।
অর্থাৎ আত্মীয়, পরিবার, পরিজন বলতে এক স্বামী। যে সকাল সন্ধ্যা এসে স্ত্রীর সেবায় নিয়োজিত হয়। স্ত্রীর সারাদিনের জমানো গল্পগুলো ভারী মনযোগ দিয়ে শুনে। অল্প যেই কেশগুলো এখনো ত্যাগ করেনি রূপাকে, করুণা করে রয়ে গেছে সঙ্গী হয়ে—সেই কেশগুচ্ছে আলতো বিলি কাটে মুহিব। আর স্বামীর কোলে মাথা রেখে চুপটি করে শুয়ে থাকে রূপা। তখন তাকে পৃথিবীর সবচেয়ে সুখী রমণীর মতো দেখায়।
তবে হাসপাতালে অন্য রোগীদের চোখে রূপাকে বড় অসহায় রোগিণী মনে হয়। রূপার ওই অসহায় মূর্তির দিকে তাকিয়ে কেউ কেউ সহানুভূতির সুরে বলে,
“আহারে, মেয়েটার কেউ নেই!”
রূপার বুক ভার হতো, মানুষের ওই মহানুভবতায় ভীষণ রকম কষ্ট অনুভব করতো রূপা। অসহায় লাগতো খুব। এমন দুঃসময়ে প্রিয়জনকেই তো পাশে পাবার অপেক্ষা রাখে মানুষ। অথচ এই পৃথিবীর কোনোখানে স্বামী ভিন্ন আর কোনো প্রিয়জন নেই রূপার। একমাত্র ভাইয়ের এত সময় নেই যে রূপার রোগ-শোক আগলে বসে থাকবে। নিজের জীবনে ভীষণ রকম ব্যস্ত সে। তাছাড়া ভাইয়ের স্ত্রী রূপাকে বিশেষ পছন্দ করে না। হাসিমুখে কোনোদিন কথাও বলে না। অবশ্য এই অপছন্দের সবটুকু দায় রূপার নয়। রূপার ওই পুত্রধনটিরও। ভারী দুষ্টু ছেলেটা মামীর পছন্দের জিনসগুলো নষ্ট করতো সুযোগ পেলেই। মায়ের চোখের একটু আড়াল হলেই সদ্য রঙ করা ঘরের রঙিন দেয়ালে আঁচল কাটতো লোহা সদৃশ কোনো অস্ত্র দিয়ে। অকাম করার অস্ত্রের অভাব তো নেই তাদের ভান্ডারে। শুধু কি তাই? ফিরে আসার কালে মামাতো ভাইয়ের দামী খেলনাটাকে বগলদাবা করে নিয়ে আসার লক্ষ্যে কান্না জুড়ে দিতো সে। আসবে না, এই খেলনা ছাড়া মামা বাড়ি ছেড়ে সে কিছুতেই আসবে না।
মায়ের মৃত্যুর পর বছরে দুই ঈদে বাপের বাড়িতে আগমন ঘটতো রূপার। সেই আগমনেও খুব প্রীত হতো না কেউ। ভাই-ভাবী শুধু দায়িত্ব পালন করতো যন্ত্রের মতো। একসময় রূপা বছরে যাতায়াতের সেই সংযোগটাও বন্ধ করে দিয়েছে নিজের হাতে। কী প্রয়োজন ভাই-ভাবীর তীব্র দৃষ্টির সম্মুখীন হবার? মুহিব তো মায়ের মৃত্যুর পর আর কখনো যায়নি, এখন থেকে রূপা যাবে না। জীবন থেকে কিছু মানুষ হারিয়ে গেলে খুব বেশি কি লোকসান হয়?
হয় বোধহয়। হাসপাতালের বেডে শুয়ে সেই লোকসানের কথাই স্মরণ করে রূপা। ভাইকে একনজর দেখার জন্য আঁকুপাঁকু করে মন। সেই ভাই, যে ভাই সন্তানসহ রূপার আবির্ভাবকে উপদ্রব মনে করতো, সেই ভাই যে ব্যস্ততার দোহায় দিয়ে হাসপাতালে একদিন দেখতে আসেনি। কেবল ফোনেই সেরেছে দায়িত্ব…
কপালে গভীর একটা স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় মেয়ে। অতল কালো চোখদুটো বড্ড নিষ্প্রাণ, নিষ্প্রভ। চোখের নিচের কালিটা চকচক করে ওঠে। মুহিবের চোখে তাকে দেখায় বিষণ্ণ সুন্দর প্রতীমার মতো। চিন্তিত চোখে স্ত্রীর দিকে তাকিয়ে উদগ্রীব হয়ে প্রশ্ন করে মুহিব,
“শরীরটা কি বেশি খারাপ?”
উঠে বসে রূপা। মাথা নাড়ায়,
“উঁহু, মন খারাপ।”
“কেন, আমার বউয়ের মন খারাপ কেন?”
পাশে বসে কৌতুহলী কণ্ঠে জানতে চায় মুহিব। রূপা আরও ভীষণ মন খারাপের অভিনয় করে ঠোঁট উল্টায়,
“মনের মাঝে লোডশেডিং হয়েছে।”
মলিন হাসে মুহিব। শত অসুস্থতার মাঝেও এই মেয়ের রসিকতা কমে না। কৌতুকের স্বরে সারাক্ষণ মাতিয়ে রাখতে চায় চারিপাশ। একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলে মুহিব,
“তাহলে বলুন মহারাণী, আপনার মন ভালো করতে আমি কী করতে পারি?”
“রাজপুত্রকে নিয়ে আসুন। তাকে দেখার জন্য মনটা উতলা হচ্ছে খুব।”
স্ত্রীর আবদারে মুহিবের কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভীষণ অসহায়ভাবে প্রকাশ করল অপারগতা—
“তুমি তো জানোই রূপা, আদিল আসতে চায় না এখানে। তোমার উপর খুব রাগ করেছে সে। জোর করে নিয়ে আসব?”
রূপা রহস্যময় ভঙ্গিতে হাসল,
“তুমি যাও, আমার ধারণা এবার সে তোমার সঙ্গে আসবে। না, ধারণা নয়—আমি শতভাগ নিশ্চিত।”
“আপনি এত নিশ্চিত কীভাবে হচ্ছেন ম্যাডাম? আপনার পুত্রটি আপনার মতোই জেদী, সুতরাং বেশি আশা রাখবেন না।”
আচমকা গম্ভীর হয়ে যায় রূপা। শীতল গলায় প্রশ্ন করে,
“এখনই জীবনের উপর থেকে সকল আশা হারিয়ে ফেলার কথা বলছো?”
মুহিব একটু থতমত খেয়ে স্ত্রীর শান্ত মুখখানার দিকে তাকাল। ভাবশূন্য সাদাটে একটা মুখ। শুকনো ঠোঁট, মাথায় সামান্য অগোছালো চুল, চোখদুটো ভেজা ভেজা। সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হয় পুরুষ কণ্ঠ,
“এমন আজেবাজে কথা কেন বলো, রূপা? তুমি তো জানো এসব কথা শুনলে আমার ঠিক কেমন লাগে? কোথায় ব্যথা পাই আমি, ঠিক এইখানে…”
তর্জনী আঙুল তুলে বুকের বাঁ পাশে ইঙ্গিত করে মুহিব। রূপার মনে হয়, এ ভারী সিনেমাটিক দৃশ্য। একজন পাগল প্রেমিক প্রেমিকার কথার আঘাত সইতে না পেরে বুকের বাঁ পাশে ইঙ্গিত করে জানান দিচ্ছে—তার ঠিক এইখানে ব্যথা হয়। রূপা হঠাৎ হাসে ঝর্ণার রিমঝিম আওয়াজ তুলে। এত ভালোবাসা! এত ভালোবাসা কোথায় রাখবে সে? এই ভালোবাসা বুকে নিয়ে মরতে বড্ড কষ্ট হবে রূপার। মুহিব আবার বলে,
“এমন বাজে চিন্তা আর কখনো করবে না তুমি। বিশ্বাস করো বউ, তুমি ভালো হয়ে যাবে। তুমি সত্যিই ভালো হয়ে যাবে।”
মুহিবের কণ্ঠ মধুর। মুহিবের কণ্ঠ ভারী আশ্বাসবাহী। অথচ রূপা জানে, কথাগুলো কী ভীষণ মিথ্যে, কী ভীষণ মিথ্যে…
°
“আদিল, জায়গাটা সুন্দর না?”
একদিন কাক ডাকা ভোরে বাচ্চা ছেলেটাকে এই গ্রামে বেড়াতে নিয়ে এসেছিল মুহিব। চারিদিকের অপার সৌন্দর্য, গ্রামের মেঠুপথ, গাছে গাছে পাখির কলরবের দিকে ইঙ্গিত করে পুত্রকে প্রশ্ন করেছিল মুহিব।
আদিল আনন্দিত কন্ঠে জবাব দিল,
“হ্যাঁ, খুব সুন্দর।”
“দেখেছো, এখানে কত পাখি, কত হাঁস-মুরগি আবার ওদিকে একটা নদীও আছে। তুমি নৌকা চড়তে পারবে।”
আরও সৌন্দর্য, নিত্যনতুন অভিজ্ঞতা আহরণের লোভ দেখাল মুহিব। ছেলেটা উচ্ছ্বাস প্রকাশ করল আবার,
“তাই? পাপা, চলো না...আমরা নদী দেখতে যাই।”
“এখন না বাবা, পরে একসময় ফুপু তোমাকে নিয়ে যাবে।”
ফুপি! বাবা নয়? একটু যেন মন খারাপ হলো আদিলের। তখনও ফুপির সাথে এতটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়নি বাচ্চাটার। মন খারাপের সুরে বলল,
“না, পাপা। আমি তোমার সাথে যাব।”
“আমার সাথে যাওয়া যাবে না, বাপ।”
অভিমানী বাচ্চাটা ঠোঁট উল্টায়,
“কেন, যাওয়া যাবে না কেন?”
পরমুহূর্তেই আকাশে উড়তে থাকা বিশাল পাখির দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলে,
“পাপা ওদিকে দেখো, ওটা কী...”
মুহিব তাকায় পুত্রের নির্দেশে। মাথার ওপর ক্রমাগত ঘুরপাক খাচ্ছে একটা চিল। বিশাল আকাশে ডানা ঝাপটে এখান থেকে ওখানে গোল হয়ে ঘুরছে সে। নির্ঘাত কাছাকাছি কোথাও খাবারের সন্ধান পেয়েছে। ছোটবেলা থেকে মফস্বলে বেড়ে ওঠা আদিল এসবের সাথে পূর্বপরিচিত নয়। ছেলেকে উদ্দেশ্য করে মুহিব বলল,
“ওটার নাম চিল পাখি। আরও অনেক পাখি আছে এখানে। তুমি থাকো, তাহলেই দেখতে পাবে।”
ছেলেটা হঠাৎ মন খারাপ করে বলল,
“আচ্ছা পাপা, মামুনিকে নিয়ে এলে না কেন? এত সুন্দর জায়গা, আমরা মামুনিকে ছাড়াই ঘুরে বেড়াব। মামুনির জানতে কষ্ট পাবে তো, মন খারাপ করবে।”
“তোমার মামুনি একটুও মন খারাপ করবে না, বাবা।”
ছেলেটা হাত-পা নাড়িয়ে একঘেঁয়ে সুরে বলে,
“মামুনি আমার সাথে কথাও বলবে না।”
“কে বলেছে কথা বলবে না? আমার আদিল সোনার সাথে কথা না বললে, আমি তাকে বকে দেব।”
আদিল কন্ঠে অতিশয় আত্ম বিশ্বাস নিয়ে বলল,
“তুমি কিছুই জানো না পাপা। মামুনি কি আমাকে রেখে একা একা কোথাও যায়? যায় না তো। তাহলে আমি যে মামুনিকে একা রেখে এখানে ঘুরতে এলাম, তার জন্য মামুনি তো অবশ্যই অবশ্যই মন খারাপ করবে। মন খারাপ করাই উচিত।”
মুহিব সহসা কোনো কথা খুঁজে পেল না। এতটুকু বাচ্চা অথচ মায়ের মন খারাপের চিন্তায় কাতর হচ্ছে। মুহিবের খারাপ লাগে ভীষণ। চুপ করে থাকে সে।
বাচ্চা ছেলেটা আবার বলে,
“আসো পাপা, আমরা বাড়ি গিয়ে মামুনিকে নিয়ে আসি। তিনজন একসাথে ঘুরব, ভীষণ মজা হবে।”
পুত্রের নিষ্পাপ, সরল আবদারে বুকের ভেতর কোথায় যেন ভেঙেচুরে গেল মুহিবের। বড্ড অস্বস্তিবোধ করল সে। বাচ্চাটাকে একা একা এখানে রেখে যেতে মন চাইছে না। কিন্তু উপায়ান্তর যে কিছু নেই। নিজেকে কোনোমতে সামলে নিয়ে কোমল গলায় বলল,
“তুমি আপাতত এখানে কিছুদিন থাকো আদিল। কয়েকদিন পর আমি তোমার মামুনিকে নিয়ে আসব।”
আদিলের গোলগোল আঁখিদুটিতে দেখা দিল কৌতূহল। পিতার কথার অর্থ ধরতে পারেনি সে। থাকো মানে কী?
অবুঝ কন্ঠে বলল,
“কোথায় থাকব?”
“ফুপুর কাছে। এখানে তো আয়াত আছে তুমি তার সাথে খেলা করবে। বোন হয় তোমার।”
আদিলকে খুব প্রসন্ন দেখাল না। নিজের ছোট ভ্রু জোড়া একত্র করে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল বাবার পানে। ঠোঁট গোল গোল করে প্রশ্ন করল,
“আর তুমি?”
ছেলেকে মিথ্যে বোঝ দেয় মুহিব,
“বললাম না, তোমার মামুনিকে আনতে যাব।”
সঙ্গে সঙ্গেই বাবার হাতের আঙুল চেপে ধরল বাচ্চাটা। বলল,
“চলো যাই, মামুনিকে নিয়ে আসি।”
মুহিব একটু অপ্রতিভ হলো। এই নাছোড়বান্দা বাচ্চাটাকে, কলিজার টুকরোকে কেমন করে একা রেখে চলে যাবে সে? মনটা যে কিছুতেই মানছে না। আর ওদিকে রূপাকেও তো হসপিটালে ভর্তি করাতে হবে। আলতো করে ছেলের হাত ছাড়িয়ে নিল মুহিব।
অকারণ হেসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে সে,
“শুধু শুধু তুমি গিয়ে কী করবে?”
“বাহ রে! আমি যাব না?”
“বললাম না, যাব আর ঝট করে তোমার মামুনিকে তুলে নিয়ে আসব। তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই বাবা।”
বোধহয় বাবার মতলব কিছুটা বুঝতে পারে বাচ্চাটা। জেদের স্বরে বলে,
“তবুও আমি যাব। যাবই...”
আরও অনেক ছেলেভোলানো কথায় পুত্রকে শান্ত করার চেষ্টা করে মুহিব। কিন্তু বাচ্চাটা শান্ত হয় না। বরং ক্রমেই যেন জেদের বহিঃপ্রকাশ স্বরূপ কন্ঠে সশব্দ কান্নার আস্ফালন ঘটায়। তবুও ছেলেকে শেষ অবধি রেখেই গেল মুহিব। রাতের অন্ধকারে ঘুমন্ত বাচ্চাকে রেখে ফিরে গেল অসুস্থ স্ত্রীর কাছে। বাবা-মা দুজনে আদিলকে একা রেখে চলে যাওয়ার মর্মান্তিক দুঃখ দীর্ঘদিন বাচ্চাটার কচি মনকে নির্জীব করে রেখেছিল প্রথম কয়েকদিন। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, কান্নাকাটি করত অকারণে। একা একা বসে থাকত নিথর হয়ে। অতপর ক্রমেই পরিবেশের সাথে মানিয়ে নিল নিজেকে।
যদিও প্রথম কিছুদিন “আমার পাপা-মামুনি কবে আসবে?”, খুব ব্যাকুল হয়ে প্রশ্ন করত বাচ্চাটা। এখন আর প্রশ্ন করে না। তার ছোট্ট মনটা ধরে ফেলেছে বাবা-মা সহজে তাকে নিতে আসবে না। এরপর থেকে পিতা-মাতার প্রতি বুকে সুতীব্র অভিমান লালন করত আদিল। এতটুকু বাচ্চা তবুও অভিমানের ভাষা কী ভীষণ তীব্র!
মুহিব এরপর দুবার এসেছে। ছেলেটা উচ্ছ্বসিত আবেগে ভেসে যায়নি। দৌড়ে গিয়ে বাবার কণ্ঠলগ্ন হয়ে ঝুলে পড়েনি। দূর থেকে বাবার আগমনের দৃশ্য দেখেছে। আয়াত যখন মামাকে দেখে দৌড়ে গিয়েছে। তখন সে উঠাণের এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে থেকেছে। তার ছোট চোখ দুটোতে চিকচিক করেছে অভিমানের জল। মুহিবই এগিয়ে এসে কোলে নিয়েছে ছেলেকে। প্রথমে কিছুক্ষণ হাত-পা ছোঁয়াছুঁড়ি করে অতঃপর শান্ত হয়ে বাবার বুকের সাথে মিশে গিয়েছে বাচ্চাটা। ডুকরে কেঁদে উঠেছে হঠাৎ।
মুহিব খুব চেষ্টা করে সেই কান্না থামিয়ে প্রশ্ন করেছে,
“কাঁদছে কেন আমার বাবাটা? কেউ কি মেরেছে আমার আদিলকে? বকেছে কেউ?”
আদিল সেই প্রশ্নের জবাব দেয়নি। বরং গম্ভীর কন্ঠে বলেছে,
“তুমি এত পঁচা কেন পাপা? এত দিন কেন আসোনি? আই হেইট ইউ।”
এতটুকু বাচ্চার মুখে কী ভীষণ তীক্ষ্ণ কথা! মুহিব কথার খৈ হারিয়ে ফেলে হঠাৎ। সন্তানের মুখে বাবার জন্য ঘৃণার বাণী কোনো পিতাই সহ্য করতে পারে না। ভাগ্যিস আদিল বাচ্চা, সেই অজুহাতেই নিজেকে আত্মস্থ করল মুহিব। কোমল গলায় বলল,
“আচ্ছা আচ্ছা, বাবাকে না হয় একটা উত
কঠিন শাস্তি দিয়ে দিও তুমি। তবুও রাগ করে থেকো না।”
রাগ করে থাকেনি বাচ্চাটা। বাবা যতক্ষণ থেকেছে ততক্ষণ আনন্দ উথলে উঠেছে তার চোখেমুখে। হাসি ঝিলমিল করেছে ঠোঁটে। প্রতিবারই আসার আগে মুহিব প্রশ্ন করেছে,
“মাকে দেখতে যাবে আদিল? তোমার জন্য মামুনি ভীষণ মন খারাপ করে আছে।”
“করুক, করুক। আরও বেশি মন খারাপ করুক। আমি যাব না, কোনো দিন যাব না। জীবনেও যাব না। মরে গেলেও যাব না। তোমরা পঁচা, খুব পঁচা...”
পুত্রের ওই তীব্র মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলতে পারেনি মুহিব। কেবল একটা দীর্ঘশ্বাস ফেলেছে। বাচ্চাটার মনের মাঝে বাবা-মাকে নিয়ে যে ভয়াবহ ক্ষোভ জন্মেছে সেটা কমানোর উপায় তালাশ করেছে মনে মনে। পেরে ওঠেনি। জেদি বাচ্চাটা কিছুতেই বাবার সামনে নিজেকে পুরোপুরি মেলে ধরেনি। কেবল সৃষ্টিকর্তা জানে কী ভীষণ আঘাতে নিজেকে গুটিয়ে নিয়েছে একটা শিশু। মুহিব তাই হতাশ একটা নিশ্বাস ফেলে। রূপার আবদার রক্ষার তাগিদে সে আবার ছুটে যাচ্ছে পুত্রের কাছে। রূপার রাজপুত্র, যাকে রূপা প্রাণান্ত ভালোবাসে...
—চলমান—