ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 7

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[৭]
#সানজিদা_খানম_স্বর্ণা

বিকেলের মরা রোদে ভাবুক ভঙ্গিমায় বসে আছে বাচ্চাটা। ডুবন্ত সূর্যের সোনালি আলোয় তাকে দেবশিশুর মতো দেখায়। ভীষণ বিষণ্ণতা চোখেমুখে এঁকে নিয়ে ছেলেটা বসে থাকে চুপচাপ। ঝাকড়া মাথার চুলগুলো বড় অবহেলিত হয়ে কপালের উপর পরে থাকে। যেন একখণ্ড বিষণ্ণ প্রস্তরমূর্তি। যে মূর্তির চোখের গভীর জমে আছে না বলা কতশত অভিমান, অজানা কষ্টের স্তুপ। বাবা-মায়ের জন্য আদিল কখনোই কাঁদে না, অতি বিরহে কাতর হতেও দেখা যায়নি তাকে। তবুও মাঝে মাঝে মনে হয় এই কোলাহলের পৃথিবীতে সে বড্ড একা।

গরুর সামনে কাঁচা ঘাস দিতে দিতে একমনে ভাবেন নাজমা বেগম। বারান্দার পিলারে ঠেস দিয়ে আদিল বসে আছে। এই দেড় মাসেই শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে শরীর। রূপা নিজের ছেলেকে ছোটবেলা থেকেই ভীষণ যত্নে বড় করেছে। গেরস্তের বউ নাজমা, সংসারের সবকিছু সামলে দুটো বাচ্চার যত্ন ঠিক তেমনভাবে করে ওঠতে পারে না। গ্রামের আলো-বাতাসে এসে বাচ্চাটার গায়ের রঙও ময়লা হয়েছে। দু’টো বাচ্চা সারাদিন পুরো গ্রাম চড়ে বেড়ায়। কখনো পুকুরঘাটে বসে পানিতে ঢিল ছুড়ে ঢেউ গোনে, কখনো কাঁচা রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে দূরের বাঁশঝাড়ে গিয়ে হাজির হয়। ভীষণ বৃষ্টিতে নাজমা বেগমের রক্তচক্ষু অবজ্ঞা করে ভিজতে থাকে দুজনে। কাদামাটিতে পা ডুবিয়ে রাখে দীর্ঘক্ষণ, খালি পায়ে ছুটে বেড়ায় এদিক-ওদিক। কখনো পুকুরে বড়শি ফেলতে বসা ছেলেদের পাশে গিয়ে উঁকি দেয়, কখনো গরু-ছাগলের পেছনে পেছনে ঘুরে বেড়ায়।

বিকেল হলেই দলবেঁধে মাঠে ঘুড়ি উড়ায়। কার ঘুড়ি কত ওপরে উঠল, কার সুতোয় কার ঘুড়ি কাটল—তা নিয়ে চলে তুমুল হইচই। মাঠের এক কোণে সমবয়সী বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলে, কখনো কানামাছি, কখনো গোল্লাছুট। তবুও নাজমা বেগমের মনে হয় ভীষণ কোলাহলের এই গাঁয়ে বোধহয় ভালো নেই একমাত্র ভাতিজা। মফস্বলের চারদেয়ালে সে বোধহয় ভীষণ ভালো ছিল। বাচ্চাটা নিজের জীবনের এই ছন্দপতন মেনে নিতে পারছে না। সে শুধু বেঁচে আছে এখানে। প্রাণহীন একটা শিশু শ্বাস নিচ্ছে কেবল…

নাজমা বেগম গরুকে ঘাস দিয়ে রাতের রান্নার আয়োজন করেন ব্যস্ত ভঙ্গিতে। ফ্রিজ থেকে গরুর মাংস বের করে ভিজিয়ে রাখেন বোল ভর্তি পানিতে। কিছুক্ষণ আগে জবাই করে রাখা দেশী মুরগীটা কলাপাতায় রেখে পশম তোলেন টেনে টেনে। চুলায় বসিয়ে দেওয়া নদীর মাছ দিয়ে রান্না করা ধুন্দল আর আলুর তরকারি নেড়ে দেন আরও একবার। আর স্নেহভরা চোখে তাকিয়ে থাকেন মায়াবী বাচ্চাটার দিকে। ছেলেটা পোলাও খেতে বড্ড ভালোবাসে বলে বাসমতী চাল দিয়ে সুন্দর করে পোলাও রান্না করেন নাজমা। হাঁসের ডিমের ভোনা নামিয়ে রেখে ডাল তুলে দেন পাতিলে। এতোগুলা দিন বড় অযত্নে দেখাশোনা করা বাচ্চাটাকে আজ যত্ন নিয়ে খাওয়াবেন তিনি। কারণ, আজ বাচ্চাটা চলে যাবে। ভাইজান জানিয়েছে আজ আদিলকে নিয়ে যাবেন তিনি। ভাবতে গিয়ে অকারণেই চোখ ছলছল করে উঠে নাজমার। বাচ্চাটা জানে না, আরেকটু পরেই মুহিব এসে নিয়ে যাবে তাকে। স্নেহের বন্ধন আলগা করে নাজমা বেগমকে যেতে দিতে হবে আদিলকে, অথচ বুকটা ভেঙেচুড়ে যায় নাজমার। ভাতিজাকে বড্ড ভালোবাসে কিনা…

আয়াত এসে গুছিয়ে বসল আদিলের পাশে। একবার সঙ্গীর দিকে চোখ তুলে তাকিয়ে আবার আনমনা হয়ে গেল আদিল। চোখটা আকাশের পানে নিবদ্ধ থাকলেও দৃষ্টিতে শূন্যতা। আয়াত মিষ্টি হেসে প্রশ্ন করল,
“কী দেখছো?”
“কিছু না।”

গম্ভীর গলায় জবাব দেয় আদিল। গতকাল থেকেই তার মনটা ভীষণ রকম খারাপ। মামুনিকে সামনে থেকে দেখার জন্য অস্থির লাগছে অন্তর। এই পৃথিবীর সব কিছুর উপর রাগ লাগছে বাচ্চাটার। আয়াত আবার বলল,
“ভাইয়া, তোমার কি মন খারাপ?”
“হুঁ!”
“তুমি চকলেট খাবে? এই যে আমার কাছে আছে। দাদু এনে দিয়েছে…”

হাতের মুঠো উন্মুক্ত করে আদিলের সামনে মেলে ধরে মিষ্টি মেয়ে। চকলেট দেখে অন্যদিনের মতো আদিলের চোখ চকচক করে উঠল না। ঠোঁট ফুলিয়ে সে থমথমে মুখে জবাব দিল,
“আমি খাব না।”
“তুমি কি আমার উপর রাগ করেছো?”

মলিন মুখে প্রশ্ন করল মেয়ে। ভীষণ মায়ামাখা প্রশ্ন শুনে একটু থিতিয়ে গেল আদিল। কোমল গলায় বলল,
“আদিল কারো উপর রাগ করে নেই। মামুনি বলেছে, গুড বয়'রা কারো উপর রাগ করে না। আদিল বেরি গুড বয়।”

“তাহলে তুমি আমার সাথে কথা বলছো কেন কেন?”

মুঠোবন্দি চকলেটগুলো শক্ত করে চেপে ধরল আয়াত। তার ভীষণ কান্না পাচ্ছে। অভিমানে নিচের ঠোঁট বেরিয়ে এসেছে। আদিল গম্ভীরমুখে প্রতিউত্তর করল,
“কথা তো বলছিই…”
“কোথায় কথা বলছো?”

ঠোঁট উল্টে প্রশ্ন করে মেয়ে। আদিল হতাশ হয়ে আওড়াল,
“তুমি এতো গাধা কেন আয়াত?”
“কে বলেছে আমি গাধা? আমি গাধা নই, আমি হচ্ছি গরু।”

অভিমানী মেয়েটা ভেজা কণ্ঠে পরিচয় নিশ্চিত করে নিজের। আদিল হেসে ফেলল ফিক করে। আয়াতের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
“তুমি গরু?”
“হ্যাঁ, দাদাজান বলেছে আমি নাকি গরু। এমনকি তুমিও গরু।”

আদিলকে ভাবুক দেখাল। উঠে দাঁড়িয়ে আয়াতের পেছন থেকে ঘুরে এল সে। একবার মাথা দুপাশে ঘুরিয়ে পরীক্ষা করল নিজের পেছনের দিক। সন্দেহভাজন কণ্ঠে বলল,
“আমরা গরু, তাহলে আমাদের লেজ নেই কেন?”

চিন্তিত হলো আয়াত নিজেও। গরু অথচ লেজবিহীন! এটা তো ভীষণ ভয়াবহ ব্যাপার। চিন্তায় অস্থির হয়ে গেল দুটো বাচ্চা। চিন্তাটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে আদিল ফের বলল,
“আচ্ছা, আমরা ঘাস খাই না কেন?”
“জানি না।”—দু'পাশে মাথা নাড়ায় মেয়ে।
“আসো ফুপুকে জিজ্ঞেস করি।”

প্রস্তাব পছন্দ হলো আয়াতের। চিন্তিত দুটো বাচ্চা রান্নাঘরে ব্যস্ত থাকা নাজমা বেগমের দিকে এগিয়ে গেল। একবার বাচ্চা দুটোকে দেখে নিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন নাজমা। আয়াত কাঁদোকাঁদো মুখে প্রশ্ন করল,
“আম্মু, আমরা গরু কিন্তু আমাদের লেজ নেই কেন? আর আমরা ঘাসও খাই না।”

নিত্যনতুন বাচ্চাদের প্রশ্নে অতিষ্ঠ নাজমা কিছুসময়ের জন্য ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। এরপর হেসে ফেলে বললেন,
“তোমরা গরু?”
“জী, লেজবিহীন গরু।”

মাথা ঝাঁকিয়ে ফুপির প্রশ্নের উত্তর দিল আদিল। আয়াতও সঙ্গে তাল মেলায়। নাজমা বেগম হাসলেন,
“তোরা গরু কেন হবি বোকার দল? তোমরা মানুষ।”

“নাহ, আমরা দুজনেই গরু। দাদাজান আমাকে বলেছে, গরুর সাথে মিশে মিশে আমিও নাকি গরু হচ্ছি।”

সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হয় আয়াতের কণ্ঠ। শ্বশুরের বক্তব্যের ওই ‘গরু’ যে আদিলকে কেন্দ্র করে সেটা বেশ বুঝতে পারেন নাজমা। সুন্দর করে বুঝিয়ে বলেন তিনি—
“মানুষের পেট থেকে কখনো গরুর জন্ম হয় না। গরু হলে তোমাদেরকেও গোয়াল ঘরে রাখতাম। ঘাস খেতে দিতাম, তা কি করেছি?”

দুজনে মাথা ঝাঁকাল। অর্থাৎ বুঝেছে। বাচ্চা দুটোকে সরিয়ে নাজমা বেগম নিজের কাজে মনোযোগী হলেন। আদিল আর আয়াতের সন্দেহ দূর হয়নি তখনো। তারা দুজনে একপাশে সরে এসে ফিসফিস করল অনেকক্ষণ। এক পর্যায়ে আদিল বলল,
“আয়াত শোনো, আমাদের উচিত দু'বেলা ঘাস খাওয়া। ফুপু আমাদের ঘাস খেতে দেয়নি বলেই আমাদের লেজ নেই। চলো আমরা ঘাস খাই, তাহলে হয়তো আমাদের লেজ গজাবে।”

আয়াতও সম্মতি দিল। কিন্তু গরু তো এভাবে ছাড়া থাকে না। সুতরাং একটা ছোট্ট দড়ি যোগাড় করে আনল তারা। দড়ির দুই প্রান্ত একে অপরের হাতে গিঁট দিয়ে বাঁধল। যদিও খুব বেশি শক্ত হলো না বাঁধন, তবে চলনসই। ঘাস খাবার আগে নিজেদের সত্যিকারের গরু প্রমাণের লক্ষ্য বাক্য বিনিময় বিসর্জন দিল তারা। দুজনে ডাকতে লাগল,
“হাম্বা…হাম্বা…”

অতঃপর বাড়ির পেছনের মাঠে দুটো বাচ্চা উবু হয়ে সত্যিকার অর্থেই ঘাস চিবোতে লাগল একটু একটু করে। সন্ধ্যা নামার পূর্বে গ্রামে এসে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল মুহিব। আঁতকে উঠে এগিয়ে এসে দুটোকেই টেনে ধরে দাঁড় করিয়ে ধমকের স্বরে প্রশ্ন করল,
“এই তোমরা এসব কী করছো?”

আদিল আর আয়াত একে অপরের দিকে তাকাল, দৃষ্টি বিনিময় হলো দুজনের। এরপর একযোগে জোরে শব্দ করে উঠল,
“হাম্বা, হাম্বা… আমরা গরু তাই হাম্বা ডাকছি, হা-ম্বা… গরুর পাপা এসে গেছে! হাম্বা…”

°

আকাশে শুক্লাদশীর চাঁদ। তীব্র জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে চরাচর। রূপালী আলো অঙ্গে মেখে ধীরে ধীরে হাঁটে মেয়ে। ভীষণ একাকিত্বে সে হেঁটে বেড়ায় হাসপাতালের এমাথা থেকে ওমাথা। চাঁদের আলোয় তাকে কেমন যেন অপার্থিব দেখায়। এমন পূর্ণচন্দ্রের রাতগুলো ভীষণ প্রিয় মুহিবের। এমন চাঁদনী রাতে কতশতবার চারদেয়ালের ভেতর দুটি মানব-মানবী ভেসে গিয়েছে প্রেমের জোয়ারে।

কতশত বার রূপার মেঘবরণ চুলের ঢেউয়ে মুখ গুঁজে তীব্রভাবে শ্বাস টেনে নিয়েছে স্বামী পুরুষ। কী ভীষণ সুন্দর ছিল মুহূর্তগুলো, কী ভীষণ সুখকর ছিল! অথচ অনেকগুলো দিন হয়ে গেল মুহিব রূপাকে ঠিক তেমন ভাবে ভালোবাসে না। যত্নশীল পুরুষটি আদর করে কাছে টেনে সুখের সমুদ্রে ভাসায় না স্ত্রীকে। সেই সেদিন থেকেই মুহিব রূপার থেকে বড্ড দূরে সরে গিয়েছে, যেদিন প্রথম শুনেছিল রূপার ভয়াবহ অসুখের কথা। সেদিন থেকেই স্বামী-স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য বাধাগ্রস্ত হয়েছিল ভীষণ ভাবে। মুহিব আর তেমন ভাবে আদর করেনি রূপাকে। তীব্র সুখের আবেশে বন্ধ হয়নি আঁখি, একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়নি দুজনের শ্বাস!

হঠাৎ একটা প্রশ্ন মাথায় জেঁকে বসতেই বুকের ভেতর ভীষণ পুড়ে রূপার। একজন বিবাহিত পুরুষ এতদিন স্ত্রী সঙ্গ ছাড়া থাকতে পারে? প্রশ্নটি সরীসৃপের মতো পেঁচিয়ে ধরে রূপাকে, বুকের ভেতর তীব্র বেদনা অবশ করে দেয় অস্তিত্ব। যদি কোনো দিন ঋজু দেহের, মাথাভর্তি ঝাঁকড়া চুল ওয়ালা যত্নশীল স্বামী পুরুষ অন্য কারো মাঝে খুঁজে নেয় একাকিত্ব ঘোচানোর সরঞ্জাম! তবে? ভাবতে গিয়েই বড্ড দমবন্ধ লাগে রূপার। না, রূপা সইতে পারবে না। অন্যকারো আলিঙ্গনে, অন্যকারো বাহু বন্ধনে প্রিয় পুরুষকে সহ্য করতে পারবে না রূপা। অথচ তৃষ্ণার্ত পুরুষ মানুষ নাকি ভীষণ রকম ভয়ংকর। পৌরুষ নামক দানব মুহূর্তে ভেঙে দিতে পারে বহু বছরের লালিত প্রেম ভালোবাসা, সংযম এমনকি আত্মমর্যাদাবোধ।

ফকফকা চাঁদের আলোর নিচে একা একা বসে ভাবে রূপা— নাহ, মুহিবের সাথে বড্ড অন্যায় হয়ে গেল। অনেকদিন স্ত্রী সুখ থেকে বঞ্চিত মানুষটাকে এবার একটু ভালোবাসাময় দিন উপহার দেওয়া দরকার। হোক রূপার শরীর খারাপ, হোক একবিন্দু শক্তি নেই দেহের কোনো অংশে। তবুও স্বামীকে আরও একবার সন্তুষ্ট করতে চায় রূপা। আরও একবার নিজেকে আবিষ্কার করতে চায় স্বামীর বুকের খুব কাছে। যতটা কাছে থেকে হৃদস্পন্দনের শব্দ শুনতে পাওয়া যায় স্পষ্ট। রূপা আরও একবার নিজের ঠোঁটে অনুভব করতে চায় প্রিয় পুরুষের গাঢ় চুম্বন। কোমরের মসৃণ ভূমিতে পেতে চায় স্বামী পুরুষের নিবিড় স্পর্শ। ভাবতে ভাবতে উত্তাল হয় নারীমন। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছেঁয়ে যায় অস্বাভাবিক তৃষ্ণা। বহুবার রাত্রিযাপন করে জীবনসঙ্গীর সাথে আরও একবার, শুধু একবার তেমন সুখের মুহূর্ত কাটাতে চায় রূপা। বাঁধাহীন আলিঙ্গনে আরও একবার জড়িয়ে ধরতে চায় স্বামী পুরুষকে। কে জানে হয়তো শেষবারের মতো…

আচ্ছা, রূপার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তবে কি মুহিব আবার বিয়ে করবে?—অর্থহীন এক হাস্যকর প্রশ্ন আরও একবার অজগরের মতো পেঁচিয়ে ধরে রোগিণীকে। মৃত্যু পথযাত্রী কারো কি পার্থিব চিন্তায় এতোটা কাতর হওয়া উচিত? একদম উচিত নয়। বরং মৃত্যুভয় আর শঙ্কায় অস্থির হয়ে উঠা স্বাভাবিক। তবুও কেন অবলীলায় অনুচিত কাজটাই করে চলে রূপা? কল্পনা করার চেষ্টা করে মুহিবের বুকে সে ছাড়া অন্য কারো অস্তিত্বের কথা। অন্য কোনো রমণী, যাকে মুহিব কোনো একদিন হয়তো আপন করে নেবে ভীষণ ভাবে। আচ্ছা, রূপার স্বামী কি সেই মেয়েটাকে ভালোবাসবে খুব? ভীষণ ভালোবাসা-বাসির পর গাঢ়স্বরে আওড়াবে,
“আমি তোমাকে ভালোবাসি বউ, নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসি।”

ছুটির দিনে রান্নাঘরে গিয়ে ঘুরঘুর করবে, পেঁয়াজ কেটে দেবে অদক্ষ হাতে? কিংবা ক্লান্ত হয়ে যাওয়া স্ত্রীর কপালের ঘামটুকু মুছে দেবে পরম যত্নে? সকলের অলক্ষ্যে এসে স্ত্রীর চোখ রাঙানো উপেক্ষা করে চুমু খাবে বেহায়ার মতো? হয়তো ঝড়ো হাওয়ায় খুলে যাবে মেয়েটার এলো খোঁপা তখন সুগন্ধি চুলের ভাঁজে প্রশান্তি খুঁজে নেবে মুহিব। ঠিক যেমন রূপার চুলের গন্ধে মাতোয়ারা হতো, তেমনই মাতোয়ারা হবে হয়তো! মেয়েটার লম্বা চুলগুলো যখন রান্নার কাজে বিরক্ত করবে ভীষণ, তখন কি খুব যত্ন করে বিনুনি গাঁথার চেষ্টা চালাবে মুহিব?

চুল! নারীর লম্বা চুল তো ভীষণ পছন্দ করে রূপার প্রিয় পুরুষ। ভাবতে ভাবতে একটা হাত অজান্তেই চলে যায় নিজের চুলের ভাজে, আর সাথে সাথেই হাতের মুঠোয় উঠে আসে একগোছা চুল। ঝরা চুলগুলোর উন্মাদিনীর মতো হাসে রূপা। বিবশ হয়ে আসে শরীর-মন। এই পৃথিবীকে অসহ্য লাগে, নিজেকে অসহ্য লাগে। অসহ্য লাগে হাতের মুঠোয় চেপে ধরা চুলগুলোকেও। উফ, এই জগৎ এতো জঘন্য, অসহনীয় কেন?

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 7 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন