#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[৮]
#সানজিদা_খানম_স্বর্ণা
“মামুনি…”
হাসপাতালের ছোট্ট কবিনে তুমুল বর্ষণের মতো ঝনঝন করে বাজে বাচ্চাটার সুরেলা কন্ঠস্বর। বড্ড চেনা স্বরটা রূপার বুকের ভেতর তোলপাড় তুলে মুহুর্তে। এতো ভোরে এসে গেছে বুকের ধন? দুর্বল শরীর নিয়ে দ্রুত বেড থেকে নেমে আসে রূপা। অশ্রুসজল চোখে তাকিয়ে থাকে বাবার হাতের আঙুল আঁকড়ে ধরা বাচ্চাটার দিকে। ঠোঁট কামড়ে কান্না আটকায় জননী। বাচ্চাটার ঠোঁটে হাসি, চোখের কোণে জল। আবার গাল ভরে ডাকে আদিল,
“মামুনি…”
উচ্চারিত হবার সঙ্গে সঙ্গেই বাবার হাত ছেড়ে দৌড়ে আসে মায়ের কাছে। ঝুঁকে সন্তানকে আগলে নেবার চেষ্টা করে রোগিণী মাতা। রূপার দুর্বল দেহ মায়ের কোলে লাফিয়ে পড়া বাচ্চাটার সাথেও যেন এঁটে উঠে না ঠিকঠাক। পেছনে থাকা লোহার বেডে এক হাত ঠেকিয়ে ভারসাম্য রক্ষা করতে হয়। মুহিব আঁতকে ওঠে সতর্ক করে সঙ্গে সঙ্গে,
“আদিল, আস্তে বাবা। তোমার মামুনি অসুস্থ…”
দীর্ঘদিন একঘেঁয়ে জীবন- যাপনের ক্লান্তিতে রূপার হৃদয়টা বরফের ন্যায় শীতল হয়ে উঠেছিল। হঠাৎ পুত্রের আগমনে উষ্ণ হয়ে উঠে বুক। অত:পর জননী নিজের সন্তানকে উষ্ণ আলিঙ্গনে বুকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দেয় ছোট্ট গালগুলো। প্রথমেই বেরিয়ে আসে মাতৃহৃদয়ের আকুল প্রশ্ন,
“কেমন আছো বাবা?”
মায়ের বুকে দীর্ঘক্ষণ মুখ লুকিয়ে রাখে বাচ্চাটা। লম্বা লম্বা শ্বাস টেনে যেন শুষে নেয় মায়ের শরীরের ঘ্রাণ। শক্ত করে আঁকড়ে ধরে মায়ের বাহু। বাচ্চাটার এহেন আচারণে রূপা একটু থমকায়, উদ্বিগ্নতার ভাঁজ স্পষ্ট হয় কপালের রেখায়। ধীর স্বরে ডাকে—
“আদিল?”
ধীরে ধীরে মুখ তুলে তাকায় বাচ্চাটা। নোনা জলে ভিজে গেছে ছোট্ট গাল দুটো। ভেজা চোখ দুটোতে খেলা করে তীব্র অভিমান। থমথমে কন্ঠে বলে,
“তুমি এতো হার্টলেস কেন মামুনি? তুমি জানো, আমি তোমাকে কত বেশী মিস করেছি?”
ছেলের মাথায় স্নেহের পরশ দেওয়া জননীর হাতটা কাঁপে থরথর করে। জলচাপা টলটলে চোখদুটোতে ভীষণ অসহায়ত্ব। মুহিব ইত্যবসরে এসে বসেছে বেডের এক কোণায়। স্ত্রী সন্তানকে টেনে উপরে তুলে দায়িত্বশীল পুরুষ। উঠতে উঠতে রূপা মায়া মায়া কন্ঠে প্রশ্ন করে,
“ওরে সোনা, খুব বেশী বুঝি?”
“অনেক বেশী। অ-নে-নে-ক…”
দু'হাত সম্পূর্ণ প্রসারিত করে নিজের ব্যথিত হবার পরিমাণ বোঝাতে চায় বাচ্চাটা। স্বামী-স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে হঠাৎ। কঠিন চোখে বাবা-মায়ের দিকে তাকিয়ে আদিল আবার গম্ভীর কন্ঠে বলল,
“তোমরা দুজনেই ভীষণ হার্টলেস। আমাকে তোমরা কেউ ভালোবাসো না…”
“বাসি তো সোনা, মা তোমাকে অনেক বেশী ভালোবাসি।”
অভিমানী ছেলেকে কাছে টেনে নিতে নিতে মান ভাঙানোর চেষ্টা করে রূপা। বাচ্চাটা ম্লানমুখে বলে,
“তবে আমাকে এতোদিন একা একা ওখানে রেখে এলে কেন? মামুনি তুমি জানো না, আদিলের তোমাকে ছাড়া ঘুমাতে অনেক কষ্ট হয়।”
অভিমানের সমুদ্র উথলে উঠে বাচ্চাটার প্রতিটি কথায়। বহু কষ্টে কান্না আটকে রূপা প্রবোধ দেয় ছেলেকে,
“জানি তো বাবা…”
“আদিলকে জেনে বুঝে তুমি কেন কষ্ট দিয়েছো, মামুনি? আদিল কি খুব ব্যাড বয়? আদিল তো তোমার সব কথা শুনে মামুনি— পড়তেও বসে, দুষ্টুমিও করে না। তবুও কেন?”
এই প্রশ্নের কী জবাব দেবে স্নেহময়ী মাতা? এই ‘কেন’র ব্যখ্যা দেবার মতো কোনো শব্দ রূপার অভিধানে নেই। তাইতো উত্তরে কেবল এক পৃথিবী স্নেহ ঢেলে দিতে হয় পুত্রের মাথায়। চুমুতে ভরিয়ে দিতে হয় ছোট্ট অভিমানী মুখ। অপরাধীর মতো মিনতিপূর্ণ কন্ঠে বলতে হয়,
“সরি বাবা, আম্মু খুব সরি। মামুনি আর কখনো আদিলকে কষ্ট দেবে না। কেঁদো না বাবা, তুমি না আমার সোনা বাচ্চা…”
আরও কতশত ছেলে বুলানো বাক্যে শান্ত করার চেষ্টা করা হয় শিশুমন। আশ্বাসের বাণী শোনানো হয় দীর্ঘসময় ধরে। এবং একপর্যায়ে মায়ের অপার স্নেহের কাছে থিতিয়ে যায় ছোট্ট প্রাণের অভিমান। নিজের দুঃখবোধ ভুলে রুগ্ন মায়ের দিকে তাকায় পুত্র। নাক টেনে প্রশ্ন করে,
“তুমি ভালো আছো তো, মামুনি?”
“আমি ভালো আছি বাবা।”
“মামুনি, তুমি কি খুব বেশি অসুস্থ?”
মায়ের চিন্তায় অস্থির হয় ছোট্ট মস্তিষ্ক। পুত্রের চিন্তিত মুখের দিকে তাকিয়ে খুব সুন্দর করে হাসল রূপা। আরও একবার ঠোঁট ছোঁয়াল পুত্রের কপালে। তর্জনী আঙুলের ডগা বৃদ্ধাঙ্গুল দিয়ে চেয়ে ধরে ক্ষুদ্রতার পরিমাপ বুঝাল জননী,
“খুব বেশী নয়, এই একটুখানি।”
“ওরা তোমাকে খুব ব্যথা দেয়, তাই না?”
ভীষণ মায়া মায়া কন্ঠে জানতে চায় আদিল। পুত্রের মুখে উচ্চারিত ‘ওরা’ সর্বনামটি যে হাসপাতালের চিকিৎসকদের ইঙ্গিত করে, তা বেশ বুঝতে পারে রূপা। গতবছর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি থাকতে হয়েছিল আদিলকে। ক্যানুলা পরিহিত ছোট্ট হাতে নিয়মিত ইনজেকশন নেবার ঘটনা স্মৃতি থেকে মুছে যায়নি এখনো। সেই থেকে হাসপাতাল জায়গাটি বাচ্চাটার কাছে ভীতিকর হয়ে আছে। মায়ের শীর্ণ হাতের উপর আলতো করে ছুঁয়ে দেয় আদিল। রূপা ডুঁকরে উঠে হঠাৎ। নিজের হাতের উপর থাকা পুত্রের হাত খামচে ধরে চুমু খায় অগণিত। মাথা দু'পাশে নাড়িয়ে বোঝায়— না, আদিলের মাকে কেউ ব্যথা দেয় না। তবুও যেন বাচ্চাটা অনুভব করে অনেক কিছুই। মায়ের বুকে মিশে থাকে অনেকক্ষণ সময় ধরে। যখন শরীর ভেঙে আসে রূপার, তখন বালিশে মাথা হেলিয়ে দেয় আলগোছে। আর আদিল তখন মায়ের শিয়রে বসে বসে গল্প করে খুব। গ্রামের গল্প, আয়াতের গল্প, নদীর গল্প, পাখির গল্প আরও অনেক অনেক গল্প…মায়ের কাছে বলবে বলে এতোদিন যেই গল্পগুলো সাজিয়ে রেখেছিল শিশুমন, সেগুলোই ক্রমাগত উগড়ে দেয় ছেলেটা। রূপা মুগ্ধ হয়ে পুত্রের কথা শুনে। পুত্রের কলকন্ঠ শোনা যেন বিরাট কোনো সুখের ব্যপার। রূপা সেই সুখের অস্বাদ ভোগ করে নেয় তৃপ্তি ভরে। এবং বহুদিন পর রূপার ভালো লাগে, ভীষণ রকম ভালো লাগে। জীবনকে মনে হয় একইসাথে সুন্দর, এবং নিষ্ঠুর!
°
দায়িত্বরত অনকোলজিস্ট ডা. উপমা সিদ্দিক একজন রূপবতী তরুণী। প্রায় প্রতিদিনই তাঁর পরনে থাকে হালকা রঙের থ্রি-পিসের উপর সাদা অ্যাপ্রন। গলায় ঝোলানো স্টেথোস্কোপ, বাঁ হাতে চিকন ফিতের হাতঘড়ি, কানে ছোট্ট দুল আর পরিপাটি করে বাঁধা চুলের সঙ্গে ঠোঁটে মৃদু রঙের লিপস্টিকে মেয়েটাকে দারুণ রূপবতী দেখায়। প্রতিদিন সকালে রাউন্ডে এসে উপমা রূপার সঙ্গে দু-একটি প্রয়োজনীয় কথা বলে। স্বচ্ছন্দ পেশাদারিত্বের সুরে জানতে চায় তাঁর শারীরিক অবস্থার কথা। কখনো আবার রূপার শারীরিক অবস্থার প্রয়োজনীয় বিষয়গুলো মুহিবকে অবহিত করে মিষ্টি হেসে। রূপা মাঝে মাঝেই রসিকতার সুরে বলে,
“জানো মুহিব, এই ডাক্তারের সাথে তোমাকে খুব মানাবে। উনি খুব সুন্দরী, তাই না?”
খুব বিশ্রী স্বভাব রূপা মেয়েটার। প্রায়ই সুন্দরী নারীর পাশে স্বামীকে দাঁড় করে চরিত্র পরীক্ষার এক সুক্ষ্ণ চেষ্টা চালায় সে। মুহিব তাই বিরক্ত হয়। রূঢ়ভাবে বলে,
“তুমি সবসময় এতো বাজে কথা বলো কেন রূপা? আর কখনো এসব আজেবাজে কথা বলবে না, খবরদার।”
“কেন, আমার কথা শুনতে বিরক্ত লাগে?”
স্ত্রীর অভিমানী প্রশ্ন শুনে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে মুহিব। সাদা চাদরের উপর শুকিয়ে যাওয়া পদ্মফুলের মতো ফুটে আছে একটা অভিমানী মুখ। স্ত্রীর হাতটা তখন বরাবরের মতোই যত্নে আগলে নেয় মুহিব,
“তুমি এমন ছেলেমানুষী করো কেন, বউ? আমাকে অন্য কারো পাশে ভাবতে তোমার কষ্ট হয় না?”
হয়না বুঝি? হয়, ভীষণ রকম কষ্ট হয় রূপার। আর কিছুদিন পরে হয়তো রূপার অস্তিত্ব চিরকালের মতো মুছে যাবে পৃথিবীর বুক থেকে, এটা ভাবতে কষ্ট হয়। স্বামীর বুকে অন্য কারো মাথা রাখার দৃশ্য ভাবতে কষ্ট হয়। এমনকি তরুণী চিকিৎসকটি যখন রূপার যত্নশীল স্বামীর দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থাকে, কিংবা কথার ফাঁকে তাঁর চোখে-মুখে মুগ্ধতা খেলা করে, তখনও রূপার বুকের ভেতরটা কেমন ভেঙেচুরে যায়। এই যেমন এখন যাচ্ছে। ভেতরের দৃশ্য দেখে দরজার বাইরে একটুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকা সুন্দরী ডাক্তারের উপস্থিতি চোখে বন্ধ করেও টের পায় রূপা। মেয়েটা খুব দামী পারফিউম ইউজ করে বোধহয়, মাতাল করা একটা গন্ধে টের পাওয়া যায় তাঁর উপস্থিতি।
অসুস্থ স্ত্রীর পা দুটো নিজের উরুর উপর নিয়ে ধীরে ধীরে টিপে দেয় মুহিব। চোখ জোড়া বন্ধ করে নিথর হয়ে বেডে পড়ে থাকে মেয়ে। আর রোগিণী এবং সেবায় নিমগ্ন পুরুষের দিকে তাকিয়ে কেন যেন বিম্মৃতির আড়ালে ডুবতে থাকে উপমার মন। তখন ক্লান্তি ভুলে যায় শরীর, ব্যস্ততা ভুলে যায় সময়ের হিসাব। সামনের ভীষণ রকম স্নিগ্ধ, প্রশান্তি দায়ক দৃশ্যটির দিকে আকুল চোখে তাকিয়ে থাকে উপমা। রূপার স্বামী পুরুষের দিকে তাকিয়ে অবচেতন মন হয়তো প্রার্থনা করে, তেমন জীবন সঙ্গী পাবার। নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ করে একটা সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে লাস্যময়ী রমণী,
“আপনার স্ত্রী এখন কেমন আছে, মিস্টার মুহিব?”
প্রশ্নকারিণীর দিকে চকিত নজর ফেলে স্ত্রীর পা বড্ড আস্তে-ধীরে বেডে নামিয়ে রাখে মুহিব। বড় সাবধানে, বড় যত্নে। যাতে একটুখানিও ব্যথা না পায় প্রেয়সী। এরপর উঠে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে,
“বুঝতে পারছি না। ও তো খারাপ লাগলেও কখনো মুখ ফুটে কিছু বলে না।”
বলতে বলতে রোগিনীর দিকে ইঙ্গিত করে মুহিব। উপমা সিদ্দিক রূপার ফাইল হাতে নিয়ে রিপোর্টগুলো বেশ মনযোগ দিয়ে দেখে। শরীরে ভীষণ ব্যথা আর ক্লান্তি নিয়ে বিছানায় শুয়ে থাকা মেয়েটা এতোক্ষণে চোখ মেলে তাকায়। জোরপূর্বক হাসি ফোটানোর চেষ্টা করে ঠোঁটের কোণে,
“আমি ঠিক আছি ম্যাডাম। উনি শুধু শুধু চিন্তা করছে…”
“ঠিক আছেন! অথচ চিকিৎসায় তেমন কোনো অগ্রগতি তো দেখতে পাচ্ছি না। বরং দিন দিন আপনার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, রূপা।”
মৃত্যুর দিকে কয়েক কদম অগ্রসর হবার তথ্য শুনেও বিশেষ ভাবান্তর হয়না রূপার। অথচ চিন্তার গভীর ভাঁজ পড়ে মুহিবের কপালে। করুণ দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে স্বামী পুরুষ। উপমা সিদ্দিক আবার রিপোর্টে নজর রেখেই প্রশ্ন করল,
“গত রাতে ঘুম ঠিক মতো হয়েছে?”
ঘুম নামক অধরা বস্তুটি তো বহু আগেই বিদায় নিয়েছে রূপার চোখের পাতা থেকে। তবুও মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝায় রমণী।
“খাওয়া-দাওয়া করতে কোনো সমস্যা হচ্ছে?”
“হ্যাঁ ম্যাডাম, কিছুই খেতে চায় না। খাবারের গন্ধেই নাকি ওর বমি পায়।”
রূপার পরিবর্তে প্রশ্নের জবাব দেয় মুহিব। উপমার নির্দেশে হা’ করে জিহবা দেখাল রূপা। শুকনো ঠোঁট আর জিহ্বার দিকে তাকিয়ে গত কয়েক ঘণ্টায় প্রস্রাব হয়েছে কি না জানতে চাইল ডাক্তার। অত:পর রক্তচাপ মেপে প্রয়োজনীয় নির্দেশনাগুলো লিখে দিয়ে ফাইলটা নার্সের দিকে বাড়িয়ে দিয়ে বলল,
“নার্স, একটা স্যালাইন দিয়ে দিবেন। উনার শরীরে পানি শূণ্যতা দেখা দিয়েছে…”
এরপর মুহিবের দিকে এক ঝলক প্রাঞ্জল দৃষ্টি হেনে বেরিয়ে যাবার কালে দৌড়ে কেবিনে এসে ঢুকল আদিল। এতোক্ষণ প্লে গ্রাউন্ডে সমবয়সী বাচ্চাদের সাথে খেলা করছিল সে। কেবিনে ঢুকে নার্স এবং ডাক্তারের দিকে তাকিয়ে রইল কয়েকপল। দৃষ্টিতে রাগের ছঁটা, ক্রমেই মুখে ভীড় জমাল গাম্ভীর্যের ঘনঘটা। ভীষণ রকম ক্ষুব্ধ কন্ঠে উচ্চারিত হলো,
“আপনি ডাক্তার?”
গোল গোল চোখের বাচ্চাটার দিকে উপমা হতবুদ্ধি হয়ে চেয়ে রইল মুহুর্তকাল। ভ্রু কুঁচকে প্রশ্নসূচক দৃষ্টিতে স্বামী-স্ত্রীর দিকে তাকাতেই, হড়বড় করে মুহিব বলল,
“আমার ছেলে।”
রমণীর ভ্রুর কুঞ্চন শিথিল হয়ে চোখে-মুখে ফুটে উঠল স্নেহের আভাস। জবাব দিল,
“হ্যাঁ, আমি ডাক্তার। কেন বলো তো…”
“আপনিই আমার মামুনিকে এখানে আটকে রেখে ব্যথা দিচ্ছেন?”
এতটুকু বাচ্চার গম্ভীর কন্ঠের ধমকে বেশ কৌতুক অনুভব করল উপমা। আদিলের সামনে সামান্য ঝুঁকে কোমল কন্ঠে আওড়াল,
“তোমার মামুনি তো অসুস্থ সোনা, আমরা উনার চিকিৎসা করছি।”
ভীষণ রকম ফুঁসে ওঠে বাচ্চাটা,
“লাগবে না, লাগবে না চিকিৎসা।”
“চিকিৎসা না করলে তোমার আম্মু সুস্থ হবে কিভাবে?”
হাসিমুখে জানতে চাইল উপমা। আদিল তৎক্ষনাৎ কোনো উত্তর দিতে পারল না। ডাক্তারকে পাশ কাটিয়ে এগিয়ে গেল রূপার দিকে। শরীরটা আজ বেশী খারাপ লাগছে বলেই উঠে বসেনি রূপা। ছেলে গিয়ে শয্যাশায়ী মায়ের হাতের উপর নিবিড় স্পর্শ রেখে কাঁদোকাঁদো মুখ করে বলল,
“আমার মামুনি খুব ব্যথা পায়। মামুনির কষ্ট হয়। ইনজেকশনের কথা শুনলেও মামুনির ভয় করে। অথচ আপনারা মামুনিকে প্রতিদিন ইনজেকশন দেন।”
আজ দু'দিন হলো হাসপাতালে এসেছে আদিল। সারাদিন মায়ের কাছে থেকে রাতের বেলা বাবার সাথে ফিরে যায় সে। আজ রবিবার। শুক্র-শনি উপমার ডিউটি থাকে না বলে আদিলকে আগে দেখেনি। অথচ এই দু'দিনে মায়ের তীব্র অসুখের, ভীষণ রকম যন্ত্রণার সাক্ষী হয়েছে আদিল। নার্সদের সাথেও এমন ক্ষুব্ধ আচারণ করেছিল সে। তবে কেউ পাত্তা দেয়নি। পাঁচ-ছয় বছরের একটা বাচ্চার কোনো প্রশ্নের জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি তারা। বরং রূপাকে যখন বাড়ি ফিরিয়ে নিয়ে যাবার পণ করেছিল সে তখন দুইপক্ষ থেকেই ওকে বুঝানো হয়েছে ডাক্তার যেতে না দিলে যাওয়া যাবে না। আজ ডাক্তারকে পেয়ে কিছুতেই সুযোগ হাতছাড়া করতে চাইল না আদিল,
“আমার মামুনি কবে বাড়ি যাবে? আমার মামুনিকে যেতে দিন।”
অনুরোধ নয় আদেশ বাণী। যেন এই আদেশ পালনে বদ্ধপরিকর সবাই। মুহিব শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। ওর কন্ঠ তীব্র, রাগে অগ্নিশর্মা হয়ে আছে বাচ্চাটা। বাচ্চার এমন অবাধ্যতায় রাগ হবার কথা উপমার কিন্তু এক অজানা কারণে বাচ্চার প্রতি প্রগাঢ় স্নেহ অনুভব করল সে। ঘুরে দাঁড়িয়ে অতটুকু বাচ্চার মাতৃভক্তি স্থির চোখে পর্যবেক্ষণ করল রমণী। প্রশ্ন করল,
“মামুনিকে ভালোবসো?”
“হুঁ।”
“সুস্থ করে বাড়ি নিয়ে যেতে চাও?”
“হুঁ।”
উপমা হাসল। বাচ্চাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে মেয়েটার। নিজে মা হতে পারেনি বলেই হয়তো, বাচ্চাদের প্রতি ভীষণ রকম মমতা অনুভব করে সে। আদুরে গলায় বলল,
“তাহলে তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে গুড বয়। তোমার মামুনি এখন অনেক বেশী অসুস্থ। সম্পূর্ণ সুস্থ হবার আগে বাড়ি গেলে আরও অসুস্থ হয়ে যাবে। তুমি কি তাই চাও?”
মাথা দু'পাশে নাড়িয়ে ‘না’ বোঝাল আদিল। উপমা আরও একবার মুচকি হাসি উপহার দিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। বহুদিন পর বুকের ভেতর চিনচিনে ব্যথাটা ফিরে আসছে আবার। জীবনে বহুবার অনেক বাচ্চাদের কাছে টেনে নেওয়া হয়েছে, স্নেহের হাত বুলানো হয়েছে অগণিত শিশুর মাথায়। কিন্তু কখনো তো এমন ফাঁকা ফাঁকা অনুভূতি হয়নি। কোনো শিশুর জন্য মন এমন করে কাঁদেনি। বাচ্চাটার দুর্ভাগ্যের কথা স্মরণ করেই কি মনটা ভার হয়ে আসছে উপমার? সারাটা দিন ধরে কেবলমাত্র একটি মুখাবয়ব দু'চোখের সামনে ভাসে। একটা সরল বাচ্চার ভীষণ মায়াভরা মুখ, রোগিণীর প্রিয় পুত্রের মুখ। ভাসে ডাগরডোগর আঁখি দুটোতে উপচে উঠা অসহায়ত্বের অশ্রু, কানে বাজে শিশু কন্ঠের আকুতি,
“আমার মামুনি কবে বাড়ি যাবে?”
হ্যাঁ, বেরিয়ে আসার কালে আদিল একবার কাতর কন্ঠে জানতে চেয়েছিল। কিন্তু উত্তর জানা নেই বলে পেছনে ফিরে তাকায়নি উপমা। বড়ো অবহেলায় অগ্রাহ্য করেছে বাচ্চাটার ব্যথাতুর কন্ঠের আকুতি…
—চলমান—
[ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রিচেক হয়নি। আজকের পর্বে রূপার অসুখের হিন্ডস দেওয়া হয়েছে। কে কে ধরতে পেরেছেন?]