ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 9

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[৯]
#সানজিদা_খানম_স্বর্ণা

হাতের মধ্যিখানে শক্ত করে চেপে ধরা হালকা ওজনের ফাইলটা ক্রমশ অত্যন্ত ভারী হয়ে উঠল। হঠাৎ আগুন হয়ে ওঠা মাথার রক্তটা এখন ঘাম হয়ে হাতের তালুতে নেমে এসেছে। ভিজে ঠান্ডা হয়ে যাচ্ছে হাত-পা। শিরায়-উপশিরায় সমুদ্রের কল্লোল উঠেছে। সেই কল্লোলের মূল ধ্বনি—না, এ হতে পারে না। অসম্ভব, অসম্ভব!

ফাইলের থেকে থাকা রিপোর্টগুলো যেন মুহিবের জীবনে বিরাট কোনো লোকসানের বার্তা বয়ে নিয়ে এল। সামনের চেয়ারে বসে থাকা সৌম্যদর্শন তরুণ ডাক্তারের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে মুহিব। বিহ্বল দৃষ্টি মেলে কেবল তাকিয়েই থাকে। তারপর অনেকক্ষণ পর থেমে থেমে চূড়ান্ত বিনয়ের সঙ্গে উচ্চারণ করে,
“স্যার, রিপোর্টে কোনো ভুল নেই তো! অনেক সময় হসপিটালের স্টাফদের অসাবধানতায় রিপোর্ট অদলবদল হয়ে যায়।”

মুহিবের করুণ মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে তরুণ ডাক্তার। বোধহয় প্রাণে জেগে উঠল একটুখানি মমতা। মুহিব উত্তরের অপেক্ষায় নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকে সৌম্যদর্শন পুরুষটির দিকে।

ভদ্রলোক শান্ত স্বরে বললেন,
“মিস্টার মুহিব, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। বেশিরভাগ সময়ই রোগীর পরিবার কথাটা বিশ্বাস করতে চায় না। রিপোর্ট ভুল কিংবা অন্য কারো সাথে পাল্টে গেছে এসব কথা বলে নিজেদের সান্ত্বনা দিতে চায়। কিন্তু এসবের পরেও সত্যিটা তো মিথ্যে হয়ে যাবে না।”

মুহিবের মাথাটা ঘুরে ওঠে। মুহিবের পায়ের তলার মাটি সরে যায়। ভুল নয়? এই রিপোর্ট ভুল নয়? তবে সত্যিই এমন ভয়াবহ একটা অসুখে ভুগছে রূপা? ক্যান্সার! চিরদিনের ভালোবাসার মন কথাটা উচ্চারণ করতে ব্যথা পায়। আবার অস্ফুটে আর্ত প্রশ্ন করে মুহিব,
“চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো?”

মনের মাঝে তীব্র আশা নিয়ে অপেক্ষা করে মুহিব। মনে মনে সৃষ্টিকর্তার কাছে মুহুর্মুহু প্রার্থনা করে, উত্তর যেন হ্যাঁ হয়। ডাক্তার চেয়ারে হেলান দিয়ে টানটান হয়ে বসে। বলেন,
“হতে পারে। তবে তার আগে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। রোগের নির্দিষ্ট ধরন, জেনেটিক বৈশিষ্ট্য এবং ঝুঁকির মাত্রা বুঝতে হবে। তারপর আপনারা চাইলে কেমোথেরাপির পরিকল্পনা করা হবে।”

দেশের নামকরা প্রাইভেট হাসপাতালে স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে মুহিব। অনেকদিন ধরেই রূপার শরীরটা ভালো যাচ্ছিল না। কয়েকদিন পরপর জ্বর, দুর্বলতার কারণে চেহেরাটাও দিনদিন ফ্যাকাসে হয়ে যাচ্ছিল। ব্যাপারটাকে সাধারণ অসুস্থতা ভেবেই এড়িয়ে গেছে রূপা। কিন্তু দীর্ঘদিন এমন অবস্থা দেখে মুহিব আর ধৈর্য ধারণ করতে পারেনি। প্রথমে মফস্বলের সরকারি হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞকে দেখিয়েছিল। দীর্ঘদিন জ্বর শুনে টাইফয়েড সন্দেহ করে রক্ত পরীক্ষা করতে দিয়েছিলেন সেই ডাক্তার। রিপোর্টে রক্তের অস্বাভাবিকতা লক্ষ্য করেই রোগীকে নিয়ে সদরে হেমাটোলজি বিভাগে যাওয়ার পরামর্শ দেন তিনি। সদরে অনেক ভিড় হয়, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট সংগ্রহের পর অনেক সময় ডাক্তার দেখানো সম্ভব হয় না। অসুস্থ স্ত্রীকে নিয়ে এত ঝামেলায় যেতে চায়নি মুহিব। একটু বেশি টাকাই তো খরচ হবে, টাকা কামাই করছে স্ত্রী-সন্তানের জন্যই তো।

অনেকগুলো টাকা খরচ করে শেষে কিনা প্রাণঘাতী একটা রোগ নির্ণয় হলো? মুহিবের চোখের সামনে একটা কালো পর্দা দুলে ওঠে। মুহিবের হাত-পা কাঁপে থরথর করে। তরুণ ডাক্তার এখনো তাকিয়ে আছে মুহিবের ঘর্মাক্ত মুখের দিকে। এসির ঠান্ডা হাওয়ার মাঝে বসেই দরদর করে ঘামছে মুহিব। ভদ্রলোক একটু ঝুঁকে এসে বললেন,
“স্ত্রীকে খুব ভালোবাসেন?”

সচরাচর ডাক্তারদের মুখে এমন আন্তরিকতার সুর উচ্চারিত হয় না। বোধহয় লোকটার ফ্যাকাশে, উদভ্রান্ত চেহেরা দেখে একটু মায়া লাগে ডাক্তারে মনে। একটু যেন অপ্রতিভ হলো মুহিব। একটু যেন হাসল হতাশা ভরে। নিজের ভাগ্যের ওপর ব্যঙ্গ-বিদ্রূপের হাসি। অস্ফুটে বলল,
“পৃথিবীর সব পুরুষই স্ত্রীকে ভালোবাসে। আমার ভালোবাসায় মহত্ত্ব কিছু নেই ডক্টর। আপনি আমাকে রোগটার বিস্তারিত একটু বুঝিয়ে বলবেন প্লিজ……”

সৌম্যদর্শন ভদ্রলোক হাসল। আরও একবার চোখ বুলিয়ে নিল টেবিলের ওপর ছড়িয়ে থাকা রিপোর্টগুলোর দিকে। কিছুক্ষণ পূর্বের সেই নিষ্ঠুর বাক্যগুলো আবার উচ্চারণ করল অবলীলায়,
“মিস্টার মুহিব, রিপোর্ট অনুযায়ী আপনার স্ত্রী রূপার Acute Myeloid Leukemia ধরা পড়েছে। এবং এই রিপোর্টের তথ্য শতভাগ সত্যি।”

একটু থেমে মুহিবের চোখে চোখ রেখে তাকাল ডাক্তার। বোঝানোর ভঙ্গিমায় বলল,
“AML মানে হলো রক্তের এক ধরনের ক্যান্সার। সহজ করে বললে, আমাদের শরীরে রক্ত তৈরির কারখানা হলো বোন ম্যারো। সেখানে যখন অস্বাভাবিক মাইলয়েড কোষ খুব দ্রুত এবং অনিয়ন্ত্রিতভাবে তৈরি হতে শুরু করে, তখন তারা স্বাভাবিক রক্তকণিকা তৈরির জায়গা দখল করে নেয়। ফলে শরীর প্রয়োজনমতো সুস্থ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও প্লেটলেট তৈরি করতে পারে না। এর ফলে শরীর দুর্বল হয়ে যায়, বারবার জ্বর এবং সামান্য আঘাতে শরীরে কালশিটে দেখা দেয়।”

মুহিব কি শুনতে পায় ডাক্তারের কথাগুলো? বুঝতে পারে মেডিকেলের জটিল টার্ম? না কেবল ফ্যালফ্যাল দৃষ্টি মেলে তাকিয়েই থাকে? ওই বিহ্বল দৃষ্টি অবলোকন করে চলে পৃথিবীর সবচেয়ে জঘন্য সত্য বলা এক ব্যক্তিকে। সামনে বসে অবলীলায় ক্যান্সারের চিকিৎসা বিষয়ক নানা তথ্য দিয়ে যায় মুহিবকে। স্বচ্ছ চশমার আড়ালে ঢাকা ডক্টরের চোখে পেশাদারিত্ব ভিন্ন সহানুভূতির কোনো লক্ষণ নেই। অথচ মুহিবের এখন চরম শোকের সময়। শোকের সমারোহের কালে সান্ত্বনার বাণী আওড়ানোর মতো কেউ নেই পাশে, কেউ না। কেমন করে এই শোক কাটিয়ে উঠবে মুহিব? কখন যে ধীর পদক্ষেপে হাসপাতাল ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে মুহিব জানে না। সূর্যের তাপে উত্তপ্ত হয়ে ওঠে মাথার তালু। কানের পাশ ঘেঁষে নামে নোনাপানির উষ্ণ প্রস্রবণ।

এই কোলাহলের শহরে হঠাৎই নিজেকে ভীষণ নিঃসঙ্গ হিসেবে আবিষ্কার করল মুহিব। শুধু কি এই শহরে, পৃথিবীতে নয়? রূপা ছাড়া এই পৃথিবীতে মুহিবের আর কে আছে? কেউ নেই।

রূপাকে সেদিনই খবরটা দিতে পারেনি মুহিব। পেরেছিল আরও দুদিন পরে। না, বললে চিকিৎসা শুরু হবে কেমন করে? এই দুইদিন স্ত্রীর প্রশ্নবাণে জর্জরিত হয়ে নাওয়া-খাওয়া প্রায় বন্ধই করে দিল মুহিব। তারপর খুব গভীর রাতে স্ত্রীর ফ্যাকাশে, বিবর্ণ মুখখানার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় মুহিব অধীর কণ্ঠে ডেকে উঠেছিল,
“বউ!”

স্বামীর এমন হিমশীতল কণ্ঠে চমকে উঠেছিল রূপা। বুকটা ধক করে উঠল হঠাৎ। বহুকষ্টে নিজেকে সামনে নিয়ে বলল,
“হুঁ?”
“তুমি আমাকে কতটা ভালোবাসো?”
“হঠাৎ এই প্রশ্ন?”

একটু হেসে প্রতিপ্রশ্ন করে মেয়ে। আকুল হয়ে ফের উত্তর চায় পুরুষ,
“বলো না……!”
“কী বলব?”
“কতটা ভালোবাসো?”
“একটুও ভালোবাসি না। তুমি আমার চিরশত্রু, চিরশত্রুকে কেউ কখনো ভালোবাসতে পারে?”

বলতে বলতে কাঁচভাঙা হাসিতে চারপাশ মুখরিত করে রূপা নামক বাচাল মেয়েটা। স্ত্রীর এমন রসিকতার সাথে পরিচিত মুহিব। বুকের ভেতর পুঞ্জীভূত বেদনায় পাথর হয়ে থাকলেও কৌতুকের স্বর শুনে জোরপূর্বক একটু হাসতে হলো তাকেও। হাসতে হাসতে হঠাৎই আবার গম্ভীর হয়ে গেল মুহিব। শীতল গলায় বলে,
“তোমাকে কালকে আবার হাসপাতালে নিয়ে যাব। আরও কিছু টেস্ট করাতে হবে। প্রয়োজনে কয়েকদিন হাসপাতালে ভর্তিও থাকা লাগবে।”

অচানক উৎসুক হয়ে ওঠে মেয়েটা,
“ডাক্তার কি বলেছে, সত্যি করে বলো তো মুহিব। রিপোর্টটাও তো আমাকে দেখাচ্ছো না, যকের ধনের মতো আগলে রেখেছো। সামান্য একটা রিপোর্ট যকের ধনের মতো আগলে রাখার কী আছে সেটাও আমি বুঝতে পারছি না। আসল কাহিনী কি ঝেরে কাশো তো বাপু……”

মুহিবের গলা শুকিয়ে কাঠ হয়। মুহিবের বুকের ভেতর সাহারা মরুভূমির শুষ্কতা বিরাজ করে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে পুরুষ,
“আসলে, আসলে……”
“আসলে কী? ডাক্তার কি বলেছে, ‘মিস্টার মুহিব, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনার স্ত্রী আর বাঁচবে না। উনি আর কিছুদিন এই পৃথিবীর অতিথি মাত্র। কিছুদিন পরেই তিনি পটল তুলবেন।’ এমন কিছু বলেছে ডাক্তার? বলেননি তো! তাহলে মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন?”

মুহিবের বুকের ভেতর উন্মত্ত গরুর পাখা ঝাপটায় যেন। ঝট করে চোখ তুলে তাকিয়ে, আবছা অন্ধকারে স্ত্রীর লাগামহীন ঠোঁটের মাঝে ‘হুঁশ’ শব্দ করে আঙুল ঠেকায় মুহিব। আবছা আলোছায়ার খেলায় তার ফর্সা মুখখানা বড্ড আতঙ্কিত দেখায়। উত্তেজিত স্বামীর আতঙ্কগ্রস্ত মুখের দিকে তাকিয়ে সহসা ভ্রু কুঁচকে আসে রূপার। সে তো মজা করছিল, হঠাৎ মুহিবের চোখেমুখে রাজ্যের বিষণ্ণতা এসে ভিড় জমাল কেন?

আঙুলখানা আলগোছে সরিয়ে শীতল স্বরে প্রশ্ন করে রূপা,
“সত্যি করে বলো তো কী হয়েছে? উফফ, তুমি রিপোর্ট আনতে আমাকে সঙ্গে নিয়ে গেলে না কেন? এত লুকোচুরি ভালো লাগে না, দূর……”

মুহিব তো ভাবেনি এমন করুণ পরিস্থিতিতে পড়তে হবে। শুধুমাত্র অসুস্থ স্ত্রীকে এতদূর জার্নি করিয়ে নিয়ে যেতে চায়নি মুহিব। সত্যটা জানার পর একবার মনে হয়েছিল, ভালোই হয়েছে রূপা আসেনি। কিন্তু পরমুহূর্তেই মনে হয়েছে, নিজের মুখে এই ভয়াবহ, নির্মম কথাটা রূপাকে কীভাবে বলবে সে? তা বলার মুহূর্তে এসেও মেয়েটার রসিকতায় থমকে যেতে হলো, থেমে যেতে হলো মুহিবকে। মিনমিন করে কেবল উচ্চারণ করল,
“তোমার লিউকেমিয়া ধরা পড়েছে রূপা।”

ঝট করে চোখ তুলে তাকায় মেয়ে। অবিশ্বাসের ছাপ চকচক করে ওঠে চোখে। প্রবল সন্দেহের সুরে বলে,
“মানে?”
“চিন্তা নেই, ডাক্তার বলেছে চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। একদম সুস্থ হয়ে উঠবে তুমি।”

স্ত্রীর কাঁধে আশ্বাসের হাত রেখে তড়িঘড়ি শুধাল মুহিব। এরপর অনেকক্ষণ চুপচাপ বসে রইল রূপা। অনেকটা সময় নিষ্পলক চোখে তাকিয়ে রইল আকাশ পানে। চোখ দুটোতে ছলছল করে উঠল নোনাজল। অবশ হয়ে এল সমস্ত শরীর। মনটা যেন গোটা পৃথিবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বলতে চাইল—

কেন, কেন, কেন? সৃষ্টিকর্তা এই অপার সৌন্দর্যের পৃথিবীতে কেন মাত্র কয়েকদিনের অতিথি করে পাঠাল? এত ভালোবাসার অধিকারী করল? এই ভালোবাসার ভাগ ছেড়ে রূপা কীভাবে জগৎ-সংসার ত্যাগ করবে? নিজের সৌভাগ্য এবং দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতে বেদনায় নীল হয়ে যায় রূপা। মুহিবের স্ত্রী রূপা, আদিলের মা রূপা…

এরপরের দিনগুলো কেটে গেল খুব দ্রুত। রূপার অতিরিক্ত অর্থচিন্তার ফলেই ভর্তি করা হয় সরকারি হাসপাতালে। প্রথমে কয়েকদিন সাধারণ ওয়ার্ডে রাখা হলেও মুহিবের প্রণান্ত চেষ্টায় আলাদা কেবিন দেওয়া হয়েছে। একটা মাস সেই বন্ধ কেবিনে একা একা বাস করছে রূপা। বাস করছে একটা সোনালী, ঝলমলে, উজ্জ্বল সূর্যের আশায়। যেই সূর্যের আক্ষরিক নাম সুস্থতা। অথচ কয়েক দফা কেমোথেরাপির পরেও ডাক্তাররা বিশেষ আশা দিচ্ছে না। কেন তারা দৃঢ়ভাবে আশ্বস্ত করছে না রূপাকে? তারা কি জানে না, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার বড় বেশি লোভ রূপার?

প্রথম কয়েকদিন এখানে অনেকেই দেখতে এল রূপাকে। সান্ত্বনা দিয়ে গেল মুহিবকে। তারা সকলেই যেন করুণা দিয়ে ভরাট করতে চেষ্টা করে মুহিবের অনন্ত শূন্যতা। অথচ বুকের ভেতর যে অপার শূন্যতা বাসা বেঁধেছে তার কিঞ্চিৎও কমাতে পারেনি কেউ। নিজের ওপর সকলের ওই করুণা আর মমতার দৃষ্টিপাতকে বড্ড অসহ্য লাগে মুহিবের। ধীরে ধীরে সেই অসহ্যের মাত্রা সহ্যে পরিণত হয়েছে। তবে আত্মীয়স্বজন এখন তেমন কেউ আসে না। রূপা নামের মেয়েটা পৃথিবী থেকে বিদায় নেবে এটাকে যেন ধ্রুব সত্য হিসেবে মেনে নিয়েছে সবাই।

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন