#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[১০]
#সানজিদা_খানম_স্বর্ণা
বহুদিন পর অপ্রিয় ভ্রাতৃবধূর সামনে বসে আছে নাজমা। রূপার করুণ, রুগ্ন মুখখানা দেখে বুকের ভেতর তীব্র জ্বলুনি, তীব্র হাহাকার ছেঁয়ে যায় ননদের। স্বামী-সংসারের সকল দায়িত্ব ঝেড়ে মেয়েটিকে দেখতে এসেছে অনেকগুলো দিন পর। অসুস্থ মেয়েটির শিউরে বসে কাঁদোকাঁদো মুখে আওড়াল,
“কেমন আছো ভাবী? শরীরটা কি খুব বেশি খারাপ…”
রূপা জোরপূর্বক হাসি ফোটানোর চেষ্টা করে ঠোঁটের কোণে। ননদের সাথে তার দা-কুমড়া সম্পর্ক। তাই হেঁয়ালির সুরে বলে,
“ভালো না, বোধহয় বাঁচবো না। শোনো, আমি মরে গেলে আবার আমার স্বামীকে নতুন করে বিয়ে দেবার চিন্তা করো না, খবরদার…”
“ধ্যাত, বাজে কথা রাখো তো!”
নাজমা বিরক্ত হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাচাল মেয়েটার রঙ্গরসের আলাপ ঠিক হজম হয় না। বরং রূপার তিল তিল করে ক্ষয় হয়ে যাওয়া শরীরটা দেখে বুকের ভেতর হাহাকার জমে। ননদের বিরক্তিতে ছেঁয়ে যাওয়া মুখটা দেখে হাসে রূপা। অচানক মেয়েটার হাত খপ করে ধরে অনুনয়ের স্বরে বলে,
“মিথ্যে কথা না, নাজু। আমার সত্যিই মনে হয়, আমি মারা যাব। আমি মরে গেলে, আমার ছেলেটাকে তুমি দেখে রেখো, ভাই…”
নাজমা চোখ রাঙায়,
“ফের বাজে কথা! আমি কিন্তু ভাইয়াকে বলে দেব, ভাবী। শোনো, মানুষের জীবনে কঠিন সময় আসে তার মানে এই নয়, জীবন এখানেই শেষ। এই ভাবে হাল ছেড়ে দিলে হবে, ভাবী?”
বিষাদের হাসি ফুটে রমণীর ঠোঁটে। নিজের দুর্ভাগ্যটাকে ঠাট্টার ছলে উড়িয়ে দিতে চায় রোগিণী,
“আমি তো হাল ছাড়িনি, হালই আমাকে ছেড়ে চলে গেছে।”
“পাগল তুমি একটা…”
উত্তর শুনে খুব সুন্দর করে হাসে রূপা। মন ভালো করে দেওয়ার মতো চমৎকার হাসি। সে হাসি দেখলে বিশ্বাস করতে ইচ্ছে করে, এই মেয়েটা বোধহয় ভীষণ সুস্থ। ক্যান্সার নামক মরণব্যাধি তার শরীরে কখনো বাসা বাঁধেনি। তার শরীরজুড়ে কখনো ছড়িয়ে পড়েনি মরণঘাতী অসুখের বিষাক্ত থাবা। সত্যি বলতে এই ননদের শাসনটুকু বেশ ভালো লাগে রোগিণীর। সহজ, স্বতঃস্ফূর্ত হাসির সঙ্গে জবাব দেয় মেয়ে,
“তোমার ভাইও আমাকে চিরকাল পাগল বলেছে। এখন তুমিও বলছো?”
নাজমা গম্ভীর হয়। একটু অভিমানী স্বরে বলে,
“তা বলব না? তুমি যা সব কথা বলছো, সেগুলো পাগলের কথা নয়?”
রমণীর ঠোঁটের কোণে ফের দেখা মেলে হাসির রেখা। চোখের তারায় জ্বলজ্বল করে নির্ভার সরলতা। নাজমা বেগমের চোখে চোখে রেখে মৃদু স্বরে বলে মেয়ে,
“না, ভীষণ সুস্থ মানুষের কথা। আমার শরীর খারাপ, মাথা তো খারাপ নয় নাজু।”
“তোমার মাথাও খারাপ, ভাবী। আগে কম ছিল, এখন বেড়েছে মনে হচ্ছে।”
অসন্তোষের সঙ্গে জবাব দেয় নাজমা। আর ননদের অভিমানী মুখের দিকে তাকিয়ে আবারও মলিন হাসি ফুটে রোগীরিণীর ঠোঁটের কোণে। এরপর আরও কতশত কথা হয় দুই নারীতে। কথার ফাঁকে ফাঁকে রূপা নাজমা বেগমকে মনে করিয়ে দেয়, সে না থাকলেও যেন আদিলের খেয়াল রাখেন তিনি। অন্যদিকে, নাজমা বেগমও নানাভাবে ব্যক্ত করেন ভাতিজার প্রতি তাঁর গভীর ভালোবাসা, আদিলের প্রতি তাঁর মায়া-মমতার কথা।
“কী শরীর ছিল, আর কী অবস্থা হয়েছে! আয়নায় একবার তাকিয়ে নিজের চেহারাটা দেখেছো, ভাবী? শুনলাম খাওয়া-দাওয়াও করো না ঠিক করে?”
ভাইয়ের বউয়ের চুলে যত্ন নিয়ে তেল ঘষে, আঁচড়ে দিতে দিতে প্রশ্ন করে নাজমা। যদিও আঁচড়ানোর মতো অবশিষ্ট চুল বলতে তেমন কিছুই নেই, তবু যত্নের কমতি রাখে না মেয়েটা। আর বহুদিন পর ননদের হাতে মায়ের মতো যত্ন পেয়ে রূপা চুপ করে থাকে কেবল, নীরবে গ্রহণ করে ভালোবাসাটুকুন। নাজমা আপনমনে একের পর এক নির্দেশনা দিতে থাকে। কখনো সময়মতো ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়, কখনো খাবারদাবারে অনিয়ম করতে নিষেধ করে। এরই ফাঁকে সঙ্গে করে নিয়ে আসা ফলগুলো কেটে রূপার দিকে এগিয়ে দেয়। আর মুহিব অফিস থেকে ফিরে আসার পর আদিল আর আয়াতকে নিয়ে ফিরে আসে বাড়িতে।
বহুদিন গৃহিণীর অনুপস্থিতিতে বাড়ির আনাচকানাচে জমেছে ধুলোর আস্তরণ, ঘরদোরে নেমেছে মলিনতার ছাপ। করিৎকর্মা নাজমা বেগম দ্রুত হাতে রূপার সংসারের ধুলো জমা আসবাবপত্র মুছে দেয়, এলোমেলো জিনিসপত্র যথাস্থানে সাজিয়ে রাখে। অগোছালো বিছানাটা গুছিয়ে চাদর বদলে দেয়, এদিক-ওদিক ছড়িয়ে থাকা কাপড়চোপড় একত্র করে রাখে। রান্নাঘরটাও যতটা সম্ভব পরিষ্কার করে নেয়। এবং দীর্ঘদিন পর নাজমা বেগম ছোট্ট ছোট্ট হাতে গোছাতে গোছাতে ধীরে ধীরে বাড়িটার জীর্ণ, মলিন চেহারায় ফিরিয়ে আনেন পরিচ্ছন্ন পরিবেশ। অতঃপর পরবর্তী দিনটা বাচ্চা দুটোকে নিয়ে বাড়িতেই কাটায় নাজমা বেগম। ভাই এবং ভাতিজাকে বড় যত্ন নিয়ে রেঁধেবেড়ে খাওয়ান তিনি। আয়াতকে বহুদিন পর কাছে পেয়ে মায়ের কাছে যাবার বায়না ভুলে যায় আদিলের শিশুমন।
°
“শুভ সকাল ম্যাডাম। কেমন আছেন?”
আদিলকে বোনের আয়ত্বে রেখে এসে বন্ধ কেবিনের দরজা খুলে প্রশ্নটা ছুঁড়ে দিয়েই থমকে দাঁড়াল মুহিব। এখনো একটা পা কক্ষের বাইরে। ইত্যবসরে ভেতরে রাখা পায়ের হাঁটু কাঁপতে শুরু করেছে। তড়িৎ বেগে সেই কাঁপুনি মাথায় গিয়ে তীব্র ধাক্কায় আচ্ছন্ন করে ফেলল মুহিবকে। অস্ফুটে মুখ থেকে কেবল বের হলো আর্ত প্রশ্ন,
“এসব কী?”
বিছানার ওপর বসে ডায়ারি লিখছিল রূপা। স্বামীর স্তম্ভিত বিস্ময়ের সাথে ভেসে আসা প্রশ্নে চোখ তুলে মিষ্টি করে হাসল সে। তার ধূসর চোখদুটোতে ছড়িয়ে পড়ল শিশুর মতো সারল্য। সোজা হয়ে বসে অমায়িকভাবে বলল,
“আরে মিস্টার হাজবেন্ড, এসে গেছেন? আসুন, আসুন… দেখুন আপনার একমাত্র প্রিয় বউ কী দারুণ একটা কাজ করেছে।”
মুহিব মুহূর্তকালের জন্য বিভ্রান্ত হয়ে গেল। এমন ভয়াবহ কাজ করে একটা মানুষ এত স্বাভাবিক থাকে কী করে? দৃশ্যটি কোনোভাবে চোখের ভুল নয়তো? মনের সংশয় দূর করতে একবার হাতের উল্টোপিঠ দিয়ে চোখ কচলে নিল পুরুষ। না, এ দৃশ্য চোখের ভুল নয়। সত্যিই ভয়ংকর দুঃসাহসিক একটা কাজ করে সম্মুখের রমণী নির্বিকার হয়ে বসে আছে। মুহিব ফ্যালফ্যাল চোখে নির্নিমেষ চেয়ে থাকে স্ত্রীর মুখপানে। এগিয়ে চলে ধীর কদমে হেঁটে।
স্বামীর প্রতিটি প্রদক্ষেপে দ্রিমদ্রিম শব্দ হয় বুকের ভেতর।
মুহিব বজ্রাহতের ন্যায় আওড়াল,
“এটা কী করেছো?”
রূপা হাসল। কাঁচ ভাঙা হাসিতে মুখর হয়ে উঠল ছোট্ট কেবিনখানা। তারপর নেমে এসে মুখোমুখি দাঁড়িয়ে অনুনয়ের স্বরে বলে,
“চুলগুলো সব ঝরেই তো যাচ্ছিল, প্রতিনিয়ত এমন চুল পরা দেখতে বিরক্ত লাগে না, বলো? তাই গতকাল রাতে হাসপাতালের এক মহিলাকে দিয়ে মাথা কামিয়ে ফেলেছি।”
মুহিবের স্তব্ধ বিস্ময় কাটেনি। স্ত্রীর চুলবিহীন চকচকে তালুর দিকে নিশ্চল দৃষ্টি মেলে তাকিয়ে থাকে পুরুষ। রূপা ঠোঁটের কোণে হাসি টেনে বলে,
“আমাকে খুব খুব বিশ্রী লাগছে তাই না? ভীষণ রকম কুৎসিত লাগছে…”
বিশ্রী লাগছে? মুহিবের চোখে রূপাকে কখনো বিশ্রী লাগতে পারে? মুহিব রূপার প্রেমিক স্বামী। প্রেমিকের চোখে প্রেয়সীকে কখনো বিশ্রী লাগে না। না, প্রেয়সী কখনো কুৎসিত হয় না। তবে প্রশ্নটাতে থমকায় মুহিব। রূপা আত্মবিলাসী মেয়ে। কপালে ছোট্ট একটা টিপ পরেও তার প্রশ্নটা হতো এমন—
“এই আমাকে খুব সুন্দর লাগছে না?”
মুহিব মুগ্ধ হতো। এই প্রশ্নের মানে হলো, আমি জানি আমি সুন্দর। তুমি জাস্ট সেই সুন্দরের ওপর একটা সিলমোহর এঁকে দাও। তাই মুহিবও গাঢ় স্বরে আওড়াত,
“হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। মন চাইছে, সুন্দর মেয়েটার ঠোঁটে একটা গভীর চুমু খাই।”
“উফ, অশ্লীল!”
বলে মুখ বাঁকিয়ে রূপা আরও একবার আয়নার দিকে ঘুরে দাঁড়াত। অনেকটা সময় ধরে নিজের দিকে তাকিয়ে থাকত, রঙঢং করত। স্ত্রীর ওইসব ছেলেমানুষী ভীষণ মুগ্ধ হয়ে দেখত মুহিব। একসময়ে মেয়েটা আবার প্রশ্ন করত,
“তোমার একমাত্র বউটা খুব সুন্দর, তাই না?”
“জি ম্যাডাম। আমার বউটা কবিতার মতো সুন্দর।”
যে মেয়েটা প্রেমের কবিতা ভালোবাসে তাকে কবিতার মতো সুন্দর বলা ছাড়া আর কী বলবে মুহিব? জীবনের কতশত রাত্রি পাড় হয়েছে মেয়েটার প্রিয় কবিতা আওড়ে। মুহিবের ভরাট কন্ঠের প্রেমের কবিতা রিনরিন করে বাজতো রূপার মনের অলিগলিতে। তীব্র আলিঙ্গনে জড়িয়ে ধরে স্বামীর বুকে লেপ্টে থাকতো মেয়ে। মুহিবের কী যে ভীষণ ভালো লাগতো সেই সব মুহুর্ত! ভালোবাসার মেয়েটাকে সে কখনোই উপমা দিয়েই ঠিক সম্পূর্ণ প্রকাশ করতে পারে নি। আজ সেই মেয়েটা হেসে হেসে প্রশ্ন করছে, তাকে কুৎসিত দেখায় কিনা? মুহিবের বুকের ভেতর ভেঙেচুরে গেল। রূপার মুখের প্রতিটি রেখায়, ঘোলাটে চোখের স্তিমিত দৃষ্টিতে শুধু অপরিসীম ক্লান্তি। অথচ মেয়েটা হাসছে। এই হাসি কি বিষণ্ণতা লুকানোর অস্ত্র? মিথ্যে উচ্ছ্বসিত ভাব কি বিষাদ লুকানোর প্রলেপ? বুঝতে পারে না মুহিব। কেবল শরীরের ভার ছেড়ে ধপ করে বসে পড়ে বেডের এক কোণে। রূপাও স্বামীর মুখোমুখি এসে বসল।
গালে হাত দিয়ে ভীষণ মায়া মায়া কণ্ঠে বলল,
“বলো না, আমাকে খুব কুৎসিত লাগছে তাই না?”
মুহিব স্তব্ধ চোখে স্ত্রীর করুণ মুখখানার দিকে তাকাল। মৃদুস্বরে বলল,
“আমার কাছে তোমাকে কখনোই অসুন্দর লাগে না, রূপা।”
“কিন্তু আজকে তো আমাকে অসুন্দর লাগছে, আমি চুল কেটে ফেলেছি না…”
মুখে লম্বা হাসি অথচ স্বরটা ভীষণ রকম বিষণ্ণ। মুহিব মর্মাহত হলো। এই মেয়েটা, এই মেয়েটা রূপা হয় কেমন করে? এই রূপাকে মুহিব চেনে না। রূপা এমন দুঃখ লুকিয়ে হাসতে জানে না। মেয়েটার মন খারাপ হলে কাঁদোকাঁদো মুখ করে এসে বলত,
“শোনো শামী, আমার খুব মন খারাপ করেছে। তুমি দ্রুত মন ভালো করার কোনো উপায় বের করো প্লিজ।”
মুহিব ফ্যালফ্যাল করে চেয়ে থাকত স্ত্রীর মুখপানে। মাঝে-মাঝে খুব অবাক হয়ে বলত,
“তোমার মন খারাপ, মন ভালো করার উপায় আমি কীভাবে বের করব? তুমি বলো কী করলে তোমার মন ভালো হবে, আমি সেটা করছি।”
মেয়েটা ভ্রুকুটি করে তাকাতো,
“আমি বলে দেব মানে? তোমার বউয়ের মন ভালো করার উপায় আমি কেন বলে দেব?”
“কী আশ্চর্য! তোমার মন খারাপ কেন, কী করলে ভালো হবে সেটা তুমি না বললে, জানব কীভাবে?”
স্বামীর অবোধ মূর্তির দিকে সরু চোখে তাকাত রূপা। চোখের ওই দৃষ্টির ভাষাটা এইরকম—এই গরুকে নিয়ে আমি কোথায় যাব মাবুদ? হে আল্লাহ! এই আজব গজবকে কেন আমার ভাগ্যেই দান করলে?
তবে মুহিব চেষ্টা করত মেয়েটার মন খারাপ সারিয়ে দিতে। খেয়ালী মেয়েটা অল্পতেই খুশি হতো। মাঝে মাঝে আবার বলত,
“শোনো, আজ আমার মনটা ভালো নেই। চলো আমরা আজ দুঃখবিলাস করব।”
সরল মুহিব অত্যাধিক আশ্চর্য হয়ে বিড়বিড় করত,
“দুঃখবিলাস!”
“হ্যাঁ, তুমি তোমার জীবনের তিনটে দুঃখ বলবে। আমি দুঃখগুলোকে কথার ছলে সুখে বদলে দেবার চেষ্টা করব। আর অনুরূপভাবে আমার দুঃখগুলোকে তুমি…”
অতঃপর ভুজুংভাজুং কথায় মুহিবের দুঃখগুলোকে কাটিয়ে দেবার চেষ্টা করত মেয়েটা। মুহিবের ঠোঁটে হাসি ফুটে উঠত মেয়েটার চাঞ্চল্যে। কিন্তু সে কিছুতেই রূপার ঠোঁটে হাসি ফুটাতে পারত না।
যতবার সে চেষ্টা করত ততবার মেয়েটা মুখ গম্ভীর করে বলত,
“হচ্ছে না তো! ইসস, কী জঘন্য জোকস বলো তুমি। তোমার জোকস শুনে আমার দুঃখ তো কমছেই না উলটো দুঃখে প্রাণটা ফেটে যাচ্ছে। মন চাইছে চোখে পেঁয়াজ লাগিয়ে কাঁদি।”
এই হচ্ছে রূপা। অথচ আজ মেয়েটা দুঃখের সাগরে ভেসে গিয়েও হাসছে। মুহিবের বুকের ভেতর ভাঙন ধরল। তীব্র আর প্রচণ্ড ভাঙনে চুরমার হয়ে গেল অন্তর। দুহাতের আঁজলায় মেয়েটার মুখ তুলে নিয়ে গাঢ় স্বরে বলল,
“আমি তোমাকে ভালোবাসি, রূপা। এর মানে কী জানো? আমি তোমাকে সর্বাবস্থায় ভালোবাসি। তোমার মাথায় চুল না থাকলেও ভালোবাসি। যদি সবার কাছে তুমি পৃথিবীর সবচেয়ে কুৎসিত নারী হও তবুও তোমার প্রতি আমার অনুভূতি একবিন্দু বদল হবে না, বউ।”
“সত্যি?”
ছলছল চোখে প্রশ্ন করে মেয়ে। তিরতির করে কাঁপতে থাকা ক্যানুলা লাগানো হাতদুটো দিয়ে আঁকড়ে ধরে স্বামীকে। স্ত্রীর কপালে সযত্নে অধর ছোঁয়ায় মুহিব। অতঃপর ভালোবাসার মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুহিব। দেখে ভীষণ তৃষ্ণা নিয়ে, যত্ন নিয়ে, মন খারাপ করে দেওয়া একরাশ মুগ্ধতা নিয়ে। যেন চোখের পলক ফেললেই মেয়েটা দৃষ্টির আড়ালে হারিয়ে যাবে, হারিয়ে যাবে চিরতরে। হাহাকারের তীব্রতা লুকিয়ে স্ত্রীকে নিবিড় আলিঙ্গনে বুকের কাছে টেনে নেয় পুরুষ। ভেতরের সবটুকু আবেগ কণ্ঠে ঢেলে উত্তর দেয়,
“শতভাগ সত্যি, বউজান।”
অমায়িকভাবে উত্তর দিয়ে ভাঙাচোরা বুকের ভেতরটা লুকিয়ে রাখার চেষ্টা করে মুহিব। অথচ রূপা ঠিকই আবিষ্কার করতে পারে, তার স্বামীর চোখে জল। সাংসারিক খুঁটিনাটি বিষয়ে প্রশ্ন করতে করতে রূপা খেয়াল করল, এক নিদারুণ ব্যথায় স্বামী পুরুষের চশমার কাঁচ বারবার ঝাপসা হতে শুরু করেছে…
—চলমান—