ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 11

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[১১]
#সানজিদা_খানম_স্বর্ণা

এই পৃথিবীতে একটিমাত্র মেয়েকেই প্রচণ্ড ভালোবেসেছে মুহিব। ভালোবেসেছে তার কৈশোর পেরোনো তরুণী রূপ, যৌবনের স্নিগ্ধতা, মাতৃত্বের মমতামাখা অবয়ব। ভালোবেসেছে গর্ভধারণে বদলে যাওয়া শরীর, সন্তান জন্মের পর ক্লান্তিতে মলিন হয়ে আসা মুখশ্রী, প্রসব-পরবর্তী এলোমেলো দিনগুলোতে নিজের যত্ন নেওয়ার অবকাশটুকু হারিয়ে ফেলা সেই নারীকে। সময়ের সঙ্গে বদলে যাওয়া তার শরীর, মুখের কোণে জমে ওঠা বয়সের সূক্ষ্ম রেখা অবধি মুহিবের ভালোবাসায় ভাগ বসাতে পারেনি। তবে মেয়েটির চুলহীন অবয়বকে ভালো না বেসে কি করে থাকবে পুরুষ? প্রেয়সীকে মুহিব ভালোবেসেছে তার সমস্ত রূপান্তর জুড়ে। ভালোবেসেছে, ভীষণ রকম ভালোবেসেছে। আর তাই স্ত্রীর রূপান্তরের সঙ্গী হতে পুরুষ কেটে ফেলছে নিজের মাথার চুলগুলোও।

“স্যার, সত্যিই কি আপনারে ন্যাড়া কইরা দিব?”

মাথায় দক্ষ হাতে কাঁচি চালানো ছেলেটির প্রশ্নে হালকা গলায় সম্মতি জানায় পুরুষ। অপলক তাকিয়ে থাকে সেলুনের বিশাল আয়নায় দিকে। কালো চুলগুলো ধীরে ধীরে খসে পড়ে সাদা চাদরের উপর। সেদিকে তাকিয়ে ভারী আশ্চর্য লাগে মুহিবের। চুলগুলোর প্রতি কোনো মায়া কাজ করছে না কেন? অথচ রূপার চুল বিহীন মাথা দেখে বুকের ভেতর নিদারুণ এক কষ্টের অনুভূতি হয়েছিল, এখন হচ্ছে না কেন? কেন এতো ভার মুক্ত লাগছে নিজেকে?

আয়নার নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে স্মরণ হয় প্রিয় নারীর মুখখানা। কত যত্নে চুল আঁচড়াত মেয়েটা! গোসলের পর ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিয়ে বসে থাকতো বারান্দার আলোছায়ায়। বহুদিন মুহিব স্ত্রীর খোলা চুলে আঙুল চালিয়ে, গাঢ়স্বরে বলেছে,
“পদ্মফুলে ভোমর ভুলে, খোঁপায় ভুলে বর,
বউ গো তোমার চুলের মায়ায়, হারায় যে অন্তর।”

স্বামীর আকস্মিক জেগে ওঠা কবি সত্তার দিকে তাকিয়ে হো হো করে হেসেছে রমণী। রসিকতার সুরে বলেছে,
“বাবাহ! আমার ব্যক্তিগত সুকান্ত ভট্টাচার্য!”
“তুমি আমাকে প্রতিভাকে ঠাট্টা করছো, রূপ? ভালো হয়নি?”

অভিমানের সুরেই প্রশ্ন করে মুহিব। আর রূপা আবার হাসে শব্দ তুলে। হাসির তালে দুলে দুলে উঠে ঢেউ খেলানো কায়া। স্বামীর অভিমানী গালদুটো ছোট বাচ্চার মতো করে টেনে দেয় মেয়ে। উচ্ছ্বল হাসির সঙ্গে জবাব দেয়,
“ভীষণ ভালো হয়েছে। কিন্তু ছন্দটা ধার করলে কার থেকে?”

“নিজেই বানিয়েছি। প্রেমিকার রূপা মুগ্ধ হয়েই তো কবিরা কবিতা লিখে, আমি আমার বউয়ের প্রেমে মুগ্ধ হয়ে লিখেছি।”

ভালোবেসে প্রেয়সীর চুলে ফের হাত বুলিয়েছে মুহিব। গাঢ়স্বরে ব্যাখ্যা করে নিজের উপলব্ধির। অবশ্য স্বামীর প্রেমময় বাক্যে কৌতুকরস খুঁজে নেয় রমণী। স্বামীর বুকে মাথা ঠেকিয়ে প্রশ্ন করে,
“আপনার কবিতার নাম কি, শামীইইই?”
“কুন্তলকাব্য।”

মৃদু হেসে জবাব দিয়েছিল পুরুষ। আর যুবকটির দিকে তাকিয়ে রূপা দেখেছিল প্রেমিক সত্তার বিচিত্র রূপ। স্বামীকে আরও ঘনিষ্ঠ হয়ে আঁকড়ে ধরেছিল রমণী। পৃথিবীর বুকে সন্ধ্যা নামার আগ পর্যন্ত তেমনি করেই জড়াজড়ি করে বসে থাকতো দুটো প্রাণ। গল্প হতো প্রয়োজনীয়, অপ্রোয়জনীয় অনেক বিষয়ে। তর্ক হতো তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে, কখনো সে তর্কের মীমাংসা হতো, কখনো বা হতো না। কিন্তু তাতে কি? দিনশেষে দুজনের মাঝে জমে থাকা অভিমানটুকু ভাঙিয়ে দেওয়ার জন্য একজোড়া বাহুই যথেষ্ট ছিল। যথেষ্ট ছিল মুহিবের হৃদয়ে জমে থাকা রূপার জন্য অপরিসীম প্রেমটুকু… অনেকগুলো দিন প্রিয় নারীর সাথে তেমন ভাবে সময় কাটানো হয়না, বুকের কাছে প্রিয় নারীকে জড়িয়ে ধরে নেওয়া হয়না শরীরের সুবাস। মুহিবের রাতগুলো কেটে যায় ভয়াবহ নিঃসঙ্গতায়। নিদারুণ একাকিত্বে…

“স্যারের কি মন খারাপ?”

প্রশ্নটি শুনে ভাবনার অতল গহবর থেকে বেরিয়ে আসে মুহিব। কাঁচি দিয়ে কেটে চুলগুলো সামান্য ছোট করে ততক্ষণে মেশিন চালাতে শুরু করেছে ছেলেটির দক্ষ হাত। আয়নার দিকে এক ঝলক তাকিয়েই কৌতুহলী প্রশ্ন করেছে ছেলেটি। সচকিত বিস্ময়ে চোখের পাতা ঝাপটায় পুরুষ। এবং টের পায় অজান্তেই চোখের কোণ বেয়ে নেমে নোনাপানির ধারা নেমে এসেছে গালে। গালে স্থির হয়ে থাকা মুক্তোর মতো একবিন্দু জলের দিকে তাকিয়ে মুহিব হালকা গলায় বলে,
“নাহ, তুমি তাড়াতাড়ি করো।”

বলেই একটা লম্বা দীর্ঘশ্বাস মুক্ত করে প্রেয়সীর চিন্তায় বিভোর হওয়া মন। হাজারো রকম চিন্তা করে মাথার ভেতর। এবং বেশিরভাগ স্ত্রীর সুস্থতাকে কেন্দ্র করে। মেয়েটা সুস্থ হলে মুহিব ভীষণ সুখী করবে মেয়েটাকে, নিজেকে উজার করে সুখী করবে। অন্তহীন সুখে ভরিয়ে দেবে স্ত্রীর গোটা জীবন, যাতে অসুখ নামক অভিশাপ কখনো আর কাবু করতে না পারে ভালোবাসার নারীকে…

এবং সেই রাতেই আরও একজন প্রিয় নারীর মনোঃকষ্ট কারণ হবে ভেবে ছেঁটে ফেলেছিল নিজের মাথার চুল। রাতে শুয়ে শুয়ে বাবা যখন তাকে বুঝিয়ে বলেছিল, চুল বিহীন মাথা নিয়ে মাকে কোনো প্রশ্ন করা যাবে না তখনই সেও জেদ করেছিল। বাবার সাথে একাত্ম হয়ে সেও বিসর্জন দিয়েছিল সাধের চুলের প্রতি ভালোবাসা। সেই রাতেই বাবার মতো করে সেও মায়ের কষ্টের ভাগ নিয়েছিল। কে জানে, একরত্তি শিশুটি মায়ের যন্ত্রণার কতটুকুই-বা অনুভব করতে পেরেছিল! তবু স্বামী-পুত্রের এমন অকৃত্রিম ভালোবাসা দেখে হাপুস নয়নে কেঁদেছিল মেয়েটি। অশ্রুসজল চোখে নিজেকেই দাবি করেছিল পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী হিসেবে। পুত্রকে বুকের মাঝে জড়িয়ে অসংখ্য চুমু খেয়েছিল গালে, কপালে এবং চকচক করা চুলহীন মাথাটায়। বুকের সঙ্গে আরও শক্ত করে চেপে ধরে অশ্রুসিক্ত মুখটা লুকিয়ে রেখেছিল সন্তানের গলায়। রূপা নামক মেয়েটির তখন ইচ্ছে করছিল, বুকের ভেতরেই লুকিয়ে রাখতে ছোট্ট পৃথিবীটাকে, সমস্ত দুঃখ-কষ্ট থেকে আগলে রাখতে দুহাতে।

আর সেদিনও রূপার বাঁচতে ইচ্ছে করেছিল। শত সহস্র বছর বাঁচতে ইচ্ছে করেছিল। মুহিবের ভালোবাসায় ডুবে থেকে, একমাত্র পুত্রের মায়াভরা আদুরে ডাক বুকে ধারণ করে রূপার বাঁচতে ইচ্ছে করেছিল অনন্তকাল। ‘জীবন কি রূপাকে একটা সুযোগ দিতে পারে না?’—বুকের মাঝে এই একটা প্রশ্ন ঝড় তুলেছিল খুব। আরও কিছুটা সময়। আরও কিছুটা প্রাণবায়ু। এই দুটো মানুষকে ভালোবাসার জন্য, তাদের ভালোবাসায় বেঁচে থাকার জন্য আরও কয়েকটা বসন্ত রূপা কি পেতে পারে না?

°

“কোনো ভাবে কি পরশুদিন আমার স্ত্রীকে ছুটি দেওয়া যায় ম্যাডাম?”

মনে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্ব নিয়ে চুপিচুপি উপমার ডিউটি রুমে এসে উপস্থিত হয়েছে মুহিব। চোখ তুলে তাকিয়ে সহসাই কোনো জবাব দিতে পারে না উপমা। দুশ্চিন্তার রেখা ঘনায় চোখের তারায়। একটা কুঞ্চন রেখা প্রস্ফুটিত হয় ফর্সা অবয়বে। মানুষটাকে চিনতে অসুবিধা হয়না। তবুও পেশাদারিত্বের খাতিরে একটু অবোধের অভিনয় করতে হয়,
“কত নাম্বার বেড?”
“ম্যাডাম কেবিন নম্বর ৩০৭। রোগীর নাম রূপা।”
“ওহ!”

ক্ষীণ একটা শব্দ উচ্চারণ করেই নারীটি মনযোগ দেয় নিজের কাজে। রোগীর পরিবারের কারো সাথে খুব আন্তরিক ভাবে কথা বলার ইতিহাস নেই ডাক্তার উপমা সিদ্দিকের। সকলেই কঠিন হৃদয়ের অধিকারী, রূঢ়ভাষিণী মেয়ে হিসাবেই চিহ্নিত করে এই মেয়েটিকে। অবশ্য প্রেশেন্টের সাথে মেয়েটা আন্তরিক হয়ে কথাও বলতে পারে না। তাই মুহিবের সাথে কথা বলতে কেন যেন অস্বস্তি হয়। অন্য রোগীদের ফাইলে নজর বুলাতে বুলাতে প্রশ্ন করে,
“রোগীর কি অবস্থা?”
“ভালো। এখন একটু ভালো আছে।”

সাবলীলভাবে জবাব দেয় পুরুষ। উপমা চোখ তুলে তাকিয়ে খুব হালকা গলায় প্রশ্ন করে,
“হঠাৎ উনাকে নিয়ে একদিনের জন্য টানাহেঁচড়া করার কারণ?”

“আসলে আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী। আমার স্ত্রী এই দিনে ঘুরতে ভালোবাসে।”

খুব আস্তে করে বলে রূপার স্বামী পুরুষ। আর উপমার চোখ দুটোতে ফের উঁকি দেয় অপরিসীম মুগ্ধতা। স্ত্রীর মন ভালো করতে ভদ্রলোকের এই প্রয়াসের প্রতি সম্মান আসে ভেতর থেকে। মেয়েটা সৌভাগ্যবতী। নিঃসন্দেহে বড় বেশী সৌভাগ্যের অধিকারী। ফোঁস করে দীর্ঘশ্বাস বের হয় রূপসী ডাক্তার সাহেবার হৃদয় চিঁড়ে।

মৃদুস্বরে বলে,
“মিস্টার মুহিব, কেমোথেরাপির শেষের দিকে রোগীর শরীরে নানা ধরনের সংক্রমণ দেখা দেয়। রোগী ভীষণ ক্লান্তিবোধ করেন। আপনার স্ত্রীর একান্ত ইচ্ছা না থাকলে উনাকে হাসপাতালে রাখাটাই শ্রেয় মনে করি। তাছাড়া আপনার স্ত্রীর শরীর কিন্তু চিকিৎসায় পর্যাপ্ত সাড়া দিচ্ছে না। এরপর বাকীটা আপনাদের ইচ্ছে…”

মুহিব জানে না কোনটা ঠিক, কোনটা ভুল। রূপার আবদার রক্ষা করতে গিয়ে ভালোবাসার মেয়েটিকে মৃত্যুর দিকে অগ্রসর হতে দিতে পারবে না মুহিব। আতঙ্কে জমে হীম হয়ে যায় পুরুষের অন্তঃস্থল। একটি নারীর চরণেই যে উৎসর্গ করেছে সমস্ত ভালোবাসা। তাইতো শঙ্কিত হয় মুহিবের প্রেমিক মন, মলিন হয় মুখ। খুব আস্তে করে বলে,
“আসলে ঘুরতে না যেতে পারলে ও ভীষণ মন খারাপ করবে। কয়েকদিন ধরেই বাড়ি যাবার জন্য ছটফট করছে খুব…”

“নিয়ে যান। তবে খেয়াল রাখবেন।”

ডাক্তারের কথায় নীরবে মাথা ঝাঁকায় মুহিব। অর্থাৎ, সে খেয়াল রাখবে। খুব করে খেয়াল রাখবে। ভালোবাসার মানুষটার খেয়াল না রেখে থাকা যায় নাকি? যে মেয়েটাকে ঘিরে মুহিবের সমস্ত ভালোবাসা কেন্দ্রীভূত, সেই মেয়েটার সামান্য অসুবিধাটুকুও যে তার বুকে চিনচিনে ব্যথা ধরায়। সুতরাং প্রেয়সীর সমস্ত খুঁটিনাটির খেয়াল রাখা প্রেমিক মুহিবের পরম দায়িত্ব।

অতএব উপমার উদ্দেশ্যে সৌজন্যের হাসি হেসে বেরিয়ে আসে মুহিব। আর লোকটার প্রেমিক সত্তার দিকে লুব্ধ চোখে চেয়ে থাকে কুহকিনী রূপসী। রমণী বুক চিঁড়ে বের হয়ে আসে আক্ষেপের দীর্ঘশ্বাস। একখন্ড স্মৃতি মনের মণিকোঠায় জ্বলজ্বল করে উঠতেই অসাড় হয়ে আসে কলম ধরা হাতটা। কান্না পায় ভীষণ। অতীতের স্মৃতিগুলো যেন কুঁড়ে কুঁড়ে খায় রমণীর সমস্ত অন্তরাত্মা। বিবাহ বার্ষিকী নামক একটা দিনের উপস্থিতি তার জীবনেও ছিল এককালে। ছিল একটা একান্ত মানুষ। যাকে ঘিরে আবর্তিত হতো বছরের সেই বিশেষ দিনটা। দিনপঞ্জির পাতায় তারিখটা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মনের গহিনে ডালপালা মেলত কতশত আয়োজন, কতশত গোপন অভিসার!

সময়ের পরিক্রমায় আজ আর সেই মানুষটা উপমার জীবনে জড়িয়ে নেই। নেই তাকে ঘিরে বেঁচে থাকার উচ্ছ্বাস, নেই বিশেষ দিনটাকে বিশেষ করে তোলার তাগিদ। কেবল স্মৃতিগুলো আছে, আর আছে একরাশ ঘৃণা। হ্যাঁ। উপমা ঘৃণা করে মানুষটাকে, ভীষণ রকম ঘৃণা। যেই মানুষটা তার সাথে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছে, নিদারুণ ভাবে ঠকিয়েছে সেই মানুষটার প্রতি মনের কোণে অপরিসীম ঘৃণা লালন করে উপমার প্রেমাহত হৃদয়। বোধকরি, এই পৃথিবীর সকল পুরুষের প্রতিই বোধহয় একটা প্রচ্ছন্ন ঘৃণার দৃষ্টি ফেলে রেখেছিল উপমার প্রতারিত মন। কিন্তু মুহিব নামের মানুষটাকে দেখলে আবার ভালোবাসতে ইচ্ছে করে। অঙ্গে ফিরে ফিরে আসে প্রথম প্রেমের অনুভব…

কলমের নিবটা খাতার সাদা পাতায় স্থির হয়ে থাকে। চোখের কোণে জমে ওঠা জলটুকু ঝাপসা করে দেয় অক্ষরগুলো। আর উপমা সিদ্দিক একমনে ভেবে চলে—
মুহিব নামের মানুষটা যত্ন নিয়ে ভালোবাসতে জানে। আর এই কারণেই বোধহয় উপমার মন চায়, ভীষণ ভাবে চায় রূপা নামক মেয়েটা সুস্থ হয়ে উঠুক। মেয়েটি ফিরে পাক জীবনের সমস্ত রং। পাণ্ডুর বিবর্ণ মুখে যেই মেয়েটি দিনের পর দিন বিছানা আগলে পড়ে আছে সেই মেয়েটি নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াক।
ঝেড়ে ফেলুক অসুস্থতার সমস্ত গ্লানি, ফিরে পাক জীবনের স্বাভাবিক ছন্দ। আর তারপর এই নির্মল ভালোবাসার আস্বাধ ভোগ করুক সারাটি জীবন ধরে। সারাটি জীবন ধরে…

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 11 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন