ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 12

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[১২]
#সানজিদা_খানম_স্বর্ণা

আকাশজুড়ে ঘন কালো মেঘের আস্তরণ জমেছে। যেকোনো মুহূর্তে বাঁধভাঙা বৃষ্টির ধারা নেমে আসবে পৃথিবীর বুকে। অতঃপর ধুয়ে মুছে নির্মল হয়ে উঠবে নিসর্গ প্রকৃতি। জানালার দিকে এক ঝলক বাহিরে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নেয় মেয়ে। বেডের এক কোণায় বসে আপনমনে খেলনা গিটারে টুংটাং শব্দ তুলছে আদিল। রূপা অপলক তাকিয়ে থাকে পুত্রের নিষ্পাপ মুখের দিকে। বুকের ভেতরটা মায়ায় ভরে ওঠে। ভীষণ স্নিগ্ধ কোমলতায় ছেলেকে ডাকে সে,,
“আব্বাজান?”
“বলো, মামুনি…”

হাতের খেলনাটা একপাশে নামিয়ে রেখে ব্যাকুল কন্ঠে উচ্চারণ করে আদিল। মা ডাকলেই তার ছোট্ট মনটা ভীষণ উতলা হয়। বাবা তাকে বারবার বুঝিয়ে দিয়েছে, মামুনির খেয়াল রাখতে হবে, তাকে কোনোভাবেই কষ্ট দেওয়া চলবে না। মামুনি কষ্ট পেলে যে সহজে সুস্থ হয়ে উঠতে পারবে না, আর সুস্থ না হলে বাড়ি ফেরাও হবে না। আদিলের ছোট্ট মনটা তাই অধীর হয়ে আছে। সে চায়, মামুনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

রূপা ইশারায় কাছে ডাকে পুত্রকে। গুটিগুটি পায়ে এগিয়ে যায় বাচ্চাটা। মায়ের তিরতির করে কাঁপতে থাকা হাতটা আঁকড়ে ধরে আদিলের ছোট্ট দুটো হাত।
আবার অস্থির কন্ঠে বলে,
“মামুনি, তোমার শরীর খারাপ লাগছে? তোমার কষ্ট হচ্ছে, মামুনি?”

দু'পাশে মাথা নাড়ায় রূপা। অর্থাৎ তার কোনো কষ্টের অনুভূতি হচ্ছে না। শরীর ঝিমঝিম করছে, মাথাটা ভার ভার লাগছে কেবল। পুত্রকে সেই তথ্য দিতে পারে না জননী। জড়ানো কন্ঠে হাঁপিয়ে বলে,
“তুমি কি মামুনির একটা হেল্প করতে পারবে, সোনা?”
“কী হেল্প মামুনি?”

মায়ের অনুনয়ে হৃদয় বিদীর্ণ হয় বাচ্চাটার। তাইতো মায়ের হাতটা আরও জোড়ে আঁকড়ে ধরে কৌতূহল প্রকাশ করে শিশুমন। রূপা ফিসফিস করে পুত্রের কানের কাছে মুখ নিয়ে বলে,
“আমাদের ঘরে আলমারিতে আম্মুর বিয়ের শাড়িটা আছে। তুমি কি বাবার চোখ ফাঁকি দিতে কালকে সেটা নিয়ে আসতে পারবে?”

একটু যেন ভাবুক হয় শিশুমন। বাবার চোখে ফাঁকি দিয়ে মানে ভীষণ গোপনীয় কোনো ব্যাপার। কিন্তু বাবাকে লুকিয়ে সে কীভাবে শাড়ি আনবে? বাবার সাথে আসার সময় বাবা নিশ্চয়ই ধরে ফেলবে তাকে! তবুও জননীকে আশ্বস্ত করে বাচ্চাটা,
“অবশ্যই পারব, মামুনি।”

রূপা খুশি হয়। একটা উজ্জ্বল হাসি ফুটে ওঠে মেয়েটার রুগ্ন মুখের রেখায়। কালচে বর্ণ ধারণ করা শুষ্ক ঠোঁট জোড়া কিঞ্চিৎ প্রসারিত করে হাসে রোগিণী। আদিল মায়ের মুখের ক্ষীণ হাসি পরখ করে নিয়ে কৌতূহলী প্রশ্ন করে,
“শাড়ি দিয়ে তুমি কী করবে, মামুনি?”
“শাড়ি কী করে মানুষ? আমিও তাই করব বুদ্ধু…”

আবারও কৌতূহল ঘনায় শিশুটির সরল মুখে। অজস্র জিজ্ঞাসা এসে ভিড় করল তার নিষ্পাপ চোখের তারায়। চোখ পিটপিট করে ফের প্রশ্ন করে,
“কিন্তু তুমি হঠাৎ বিয়ের শাড়ি পরবে কেন? বিয়ের শাড়ি তো বউ'রা পড়ে।”
“আমিও তো বউ।”

ছেলের গাল ছুঁয়ে মৃদু হাসির সঙ্গে জবাব দিল রূপা। নিজের বধূ রূপের একটা প্রতিচ্ছবি ভেসে উঠল মানসপটে। এক টুকরো স্মৃতি রমণীর ধূসর চোখদুটো ক্ষণিকের জন্য দোলা দিয়ে গেল এক টুকরো বিষণ্ণতার। আদিল অবশ্য মায়ের হাহাকার টের পেল না। আবারও প্রশ্নের ঢেউ দোলা দিল বাচ্চাটার কৌতূহলী মনে,
“তুমি কার বউ মামুনি?”
“কেন, তোমার বাবার বউ।”

কথাটা বলেই অন্যমনস্কভাবে হাসল রূপা। আবারও মানসপটে ভেসে উঠল মুহিবের পাশে বসে থাকা সদ্যবিবাহিতা সেই যুবতীর মুখখানা। সময়ের স্রোতে কত ঋতু পেরিয়ে গেছে, জীবন থেকে ঝরে গিয়েছে কতশত দিন শুধু মানুষটার ভালোবাসা বদল হয়নি এক বিন্দু। আজও মানুষটা তাকে ভালোবাসে প্রথম দিনের মতোই, যত্ন করে আগলে রাখে বুকের গভীরে। যেন রূপা এখনো সেই অষ্টাদশী তরুণী বধূ, যার চোখে চোখ রাখলে থমকে যায় মুহিব নামক যুবকের পৃথিবী।

মায়ের কথায় বিস্ময়ের রেশ ছড়াল আদিলের সরল মুখশ্রীতে। কপালে ক্ষুদ্র ভাঁজ ফেলে গম্ভীর গলায় প্রশ্ন করল,
“তুমি পাপার বউ কবে হলে?”
“যখন তোমার পাপাকে বিয়ে করেছি তখন থেকেই আমি তোমার পাপা’র বউ।”

রূপার কথা শুনে আদিলের নিষ্পাপ মুখে বিষণ্ণতার মেঘ জমে। তার কাছে বিয়ে মানেই অনেক খাওয়া-দাওয়া, আড্ডা, হৈ-হুল্লোড়। এক আত্মীয়ের বিয়েতে গিয়ে তেমন অভিজ্ঞতা অর্জন করেছে শিশুটি। সুতরাং বাবা-মায়ের বিয়ের কথা শুনেই তার ছোট্ট বুকটায় একরাশ অভিমান এসে ভিড় জমাল। কাঁদোকাঁদো হয়ে উঠল ছোট্ট মুখ। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল সে,
“তোমরা বিয়ে করেছ?”
“হুঁ।”
“কবে বিয়ে করেছ?”
“অনেক দিন আগে।”

কেন যেন বিশ্বাস হয় না কথাটা। বাবা-মা আদিলকে ভীষণ ভালোবাসে। তাকে রেখে ওরা বিয়ে করবে কথাটায় কোনোভাবেই আস্থা রাখতে পারে না আদিল। তাই ফের প্রশ্ন করে,
“তোমরা সত্যিই বিয়ে করেছ?”
“বললাম তো, হ্যাঁ।”

বেশ জোর দিয়ে পুত্রের সংশয় ঘুচিয়ে পাশ ফিরে শোয় রূপা। এবার আদিলের অটুট প্রত্যয়ে ধাক্কা লাগে। বাবা-মায়ের ওপর রাগ হয়, অভিমান হয়। ঠোঁট উল্টে কাঁদোকাঁদো মুখে তাকায় মায়ের দিকে
“তোমরা আমাকে ছাড়াই বিয়ে করে নিলে মামুনি? আমাকে একবার ইনভাইট করলে না? অথৈ আন্টির বিয়েতে আমাকে নিয়ে গেলে অথচ নিজেদের বিয়েতে আমাকে নিলে না! আমি ভীষণ রাগ করেছি মামুনি…কেন নিলে না আমায়?”

বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলে বাচ্চাটা। রূপা প্রথমটায় কান্নার স্বরে থতমত খায় অতপর পুত্রের বাক্যবিন্যাস শুনে হেসে কুটিকুটি হয়। শরীরের সবটুকু শক্তি সঞ্চয় করে উঠে বসে ছুঁয়ে দিতে চায় সন্তানকে। কিন্তু অভিমানে গুম হয়ে সরে যায় বাচ্চাটা। বাবা-মায়ের এমন হৃদয়হীনতায় সে প্রচণ্ড কষ্ট পেয়েছে। আর এ জন্যই দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। হাসতে হাসতে হতাশ হয়ে রূপা পিছু ডাকে ছেলেকে,
“আদিল, বাবা শুনে যাও। এদিকে এসো, এ্যাই…”

অবশ্য নাগাল পাওয়া যায় না ছেলের। আর রূপার শরীরেও এক বিন্দু শক্তি নেই যে উঠে গিয়ে ছেলেটাকে খুঁজে আনবে। বিছানায় শুয়ে ছটফট করে আষাঢ় মাতৃদেহ। মনের মাঝে একটা প্রশ্ন তাড়া করে বেড়ায়—
কোথায় গেল ছেলেটা?
কোথায় গেল?

মনটা ভীষণ রকম হাহাকারে এলোমেলো হয়ে যায়, দুমড়ে মুচড়ে যায় বুকের পাজর। প্রতিদিন না জানি কতশত বার বেঁচে থাকার লোভ কাবু করে ফেলে রোগিণীর মন। একটু উঠে দাঁড়ানোর শক্তি প্রার্থনা করে শীর্ণ, রোগাক্রান্ত দেহ…

°

“আংকেল, আমাকে একটা আইসক্রিম দেন।”

হাসপাতালের প্রধান ফটকের এক কোণে নিজের ছোট্ট পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছেন এক আইসক্রিমওয়ালা। মাথার ওপর মেঘের আনাগোনা, চারপাশে মানুষের ব্যস্ত পদচারণার মাঝে ছোট্ট শিশুটির আবদার শুনে কৌতূহলী চোখে তাকাল মধ্যবয়সী লোকটা। এক ঝলক দেখে নিয়ে বিনা প্রশ্নে একটা আইসক্রিম তুলে এগিয়ে দিল আদিলের দিকে। মুহূর্তেই আনন্দের ঝিলিক খেলে গেল বাচ্চাটার কোমল মুখে। চোখ দুটো চকচক করে উঠল একরাশ প্রাপ্তির উচ্ছ্বাসে। ঠোঁটের কোণে ফুটে উঠল তৃপ্তির মিষ্টি হাসি। উচ্ছ্বসিত আবেগে কৃতজ্ঞতা জানাল শিশু,
“থ্যাঙ্কিউ আংকেল।”

ধন্যবাদ জ্ঞাপন শেষ করেই ঘুরে দাঁড়াল সে। পরম আয়েশে আইসক্রিমে কামড় বসিয়ে এগিয়ে চলল আপনমনে। হতভম্ব আইসক্রিমওয়ালা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ বাচ্চাটার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। অতপর দৌড়ে গিয়ে খপ করে হাত ধরে ভ্রু কুঁচকে প্রশ্ন করল,
“এ্যাই ছেলে ট্যাকা দিবা না? ট্যাকা না দিয়া কই যাও?”

অতর্কিত আক্রমণে ভীত হয় শিশুমন। চোখ পিটপিট করে মধ্যবয়সী আইসক্রিমওয়ালার দিকে তাকাল সে। টাকা তো নেই! মায়ের ওপর রাগ করে প্লেগ্রাউন্ডে বাচ্চাদের সাথে খেলা করছিল সে। সমবয়সী বাচ্চাদের মাঝে তুলনামূলক বড় একজন হঠাৎ বলল,
“এই তোরা জানিস, আমি লিফট চালাতে পারি। আয় তোদেরকেও শিখিয়ে দেব।”

নতুন অভিজ্ঞতা অন্বেষণের লক্ষ্যে কেউ কেউ কৌতূহলী হয়ে ছেলেটার পিছু নিল। আবার কেউ কেউ বাবা-মায়ের ভয়ে নিমরাজি হলো। মা-বাবার হৃদয়হীনতায় মনটা বিষণ্ণ হয়েছিল আদিলের। নতুন অভিযানের নেশা অন্তরের বিষাদ লাঘব করে ফের চঞ্চল করে তুলল শিশুটিকে। অভিমানের মেঘ সরিয়ে কচি মনে উঁকি দিল অজানাকে আবিষ্কারের দুর্নিবার কৌতূহল। ইচ্ছের সঙ্গে ভয়ের দ্বন্দ্বে দুলতে দুলতে অবশেষে দুরন্ত সঙ্গীদের পিছু নিল আদিল। বেশ কয়েকবার লিফটে করে ওপর-নিচ করতে করতে দলনেতার নির্দেশে সকলে গ্রাউন্ডফ্লোরে ছড়িয়ে-ছিটিয়ে দৌড়াদৌড়ি করতে লাগল। খেলতে খেলতে আইসক্রিমওয়ালার দিকে নজর যেতেই আদিলের ছোট্ট মনে আইসক্রিম খাওয়ার সুপ্ত বাসনা জেগে উঠেছিল। এবং মনের লোভকে ত্যাগ করতে পারেনি বাচ্চাটা, এগিয়ে এসে একটা আইসক্রিমের আবদার করেছে। কিন্তু আইসক্রিম যে বিনামূল্যে পাওয়া যায় না, সে কথা তার খেয়াল ছিল না।

সুতরাং মধ্যবয়সী লোকটার কঠোর কন্ঠের নিকট থমকে যেতে হয় তাকে। আইসক্রিমটা শক্ত করে চেপে ধরে হাতের মুঠোয়। সরল মুখে প্রতিউত্তর করে,
“আমার কাছে টাকা নাই।”

বাচ্চাটার বলার ভঙ্গি নির্বিকার, ভাবালেশহীন। যেন পকেটে টাকা না থাকাটা মোটেই অস্বাভাবিক কিছু নয়। আইসক্রিম চাওয়ার মতোই স্বাভাবিক, সহজ একটা ব্যাপার। শিশুটির এমন সরল-সাবলীল উত্তর শুনে আইসক্রিমওয়ালার ভ্রু জোড়া বিরক্তিতে কুঁচকে এল। রূঢ়ভাবে বলল,
“ট্যাকা নাই তয় আইসক্রিম নিছোস ক্যান? ফাইজলামি পাইছোস, এ্যাই তোর বাপ-মা কই?”

মা-বাবার কথা স্মরণ হতেই মোচড় দিয়ে উঠল বুকের ভেতরটা। মায়ের ওপর অভিমান করে যে এত দূর চলে এসেছে, সে কথা মনে পড়তেই চোখ দুটো ছলছল করে উঠল এক রত্তি বাচ্চাটার। টলমল চোখ জোড়া নিয়ে চারপাশে সঙ্গীদের খুঁজতে লাগল ব্যাকুলভাবে, অহর্নিশ। কিন্তু অশ্রুপ্লাবিত আঁখিদ্বর সদ্য গড়ে ওঠা সঙ্গীদের কাউকেই খুঁজে পেল না কোথাও। ভয়ে কচি আঁখির কোণে অশ্রুবিন্দু টলমল করে উঠল আবারও। শুকনো ঢোক গিলে আমতা-আমতা করল ছোট্ট বালক,
“পাপা অফিসে আর…”

বাক্যটি সম্পূর্ণ করল না আদিল। তার আগেই আইসক্রিমওয়ালার বজ্র আঁটুনি থেকে নিজেকে মুক্ত করে দৌড়ে গিয়ে জাপটে ধরল এক নারীর পা। আইসক্রিমওয়ালার পিছু নিল আদিল। আকস্মিক ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ল উপমা। অস্ফুটে মুখ ফুটে বের হলো আর্তধ্বনি,
“এ্যাই, এই…কে তুমি?”

বিহ্বল হয়ে বাচ্চাটাকে হাঁটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই জলভরা চোখ তুলে তাকাল আদিল। হাতের আইসক্রিমটা ইতিমধ্যে গলে শেষ হয়ে গিয়েছে। উপমার হালকা রঙের সালোয়ার খামচে ধরার ফলে ময়লা লেগে গেল পোশাকে। তাতেও বিচলিত হয় না উপমা। ছেলেটাকে বেশ কিছুদিন হলো চেনে সে। চারপাশে একবার ফাঁকা দৃষ্টি বুলিয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে,
“তুমি এখানে কী করছো, আদিল সাহেব?”
“ডক্টর, আপনি উনাকে টাকাটা দিয়ে দিন না।”

প্রশ্নের জবাব না দিয়ে লোকটার দিকে ইঙ্গিত করে আবদারের সুর তুলে বাচ্চাটা। উপমা বুঝতে পারে না কিসের টাকা, তাছাড়া আদিলের বাবা-মাই বা কোথায়? কৌতূহল দমিয়ে সামান্য দূরত্বে অপ্রস্তুত ভঙ্গیمায় দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে প্রশ্ন করে,
“কিসের টাকা?”

উপমার পরণে এপ্রোণ দেখে আমতা-আমতা করে লোকটা। এই বাচ্চাটা হয়তো এই ডাক্তারের ভেবেই শুকনো ঢোক গিলল আইসক্রিমওয়ালা। জড়ানো গলায় জবাব দেয়,
“অয় আমার থেইক্যা আইসকিরিম খাইছে, ট্যাকা দেয় নাই।”
“কত টাকা?”
“বিশ ট্যাকা।”

ক্ষীণস্বরে জবাব দেয় লোকটা। উপমা ব্যাগ থেকে টাকা বের করে লোকটাকে বিদায় করে। অতপর সহানুভূতির দৃষ্টিতে আদিলের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে,
“কী ব্যাপার, তুমি এখানে কী করছো? তোমার আব্বু-আম্মু কোথায়?”

উপমার হাত ধরে চলতে চলতে বিস্তারিতভাবে সব খুলে বলে বাচ্চাটা। বাদ রাখে না বাবা-মায়ের নিষ্ঠুরতার ঘটনা ব্যাখ্যা করতেও। পাশের দোকান থেকে একটা কোন আইসক্রিম কিনে বাচ্চাটার হাতে ধরিয়ে নিজের সঙ্গে করে ডিউটিরুমে নিয়ে এল উপমা। দীর্ঘশ্বাস ফেলে গুছিয়ে বসে মনোযোগ দিয়ে শুনল বাচ্চাটার মনোকষ্টের কারণ। ঘটনা শুনতে শুনতে এক পর্যায়ে কাঁচভাঙা হাসিতে মুখরিত হলো ছোট্ট কক্ষটি। আদিল ডেস্কের ওপর করুণ মুখ করে বসে থেকে প্রশ্ন করল,
“তুমি হাসছো কেন, ডক্টর? তুমি জানো মামুনি-পাপা কেউ আমাকে ভালোবাসে না।”

বলতে বলতে বাবা-মায়ের ওপর জমানো অভিমানের একাংশ আছড়ে পড়ল উপমার ওপর। উপমা স্বল্পভাষী রমণী, বাচ্চাদের সাথে পূর্বে কখনো তেমনভাবে সময় কাটানো হয়নি, তাই অভিমানের ভাষাটা ঠিক পরিচিত নয়। তবুও প্রশ্রয়ের হাসি হাসে নারী। পরম মমতায় বাচ্চাটির মাথায় হাত রাখে উপমা
“আচ্ছা, আচ্ছা। মন খারাপ কোরো না আদিল। তোমার মামুনি-পাপাকে আমি বকে দেব।”

মামুনিকে বকে দেওয়ার কথা শুনে নিমরাজি হলো বাচ্চাটা,
“মামুনি তো অসুস্থ, মামুনিকে বকো না ডক্টর। তুমি আমার পাপাকে বকে দিও। নিজেরা বিয়ে করেছে, অথচ আমাকে দাওয়াত দেয়নি। পাপার বউ আছে, আমার তো বউও নেই, ডক্টর।”

ভীষণ মন খারাপের সঙ্গে নিজের নিঃসঙ্গতার কথা ব্যক্ত করে আদিল। তার বিষণ্ণ কন্ঠে তীব্র আক্ষেপ। যেন বউ না থাকার শোকে ভীষণ রকম মর্মাহত হয়েছে আদিল। উপমা বহু কষ্টে হাসি আটকায়। আদিলের দুঃখের বাক্যমালা শুনে উপমাকে হাসতে দেখলে, তাকেও বাবা-মায়ের মতো হৃদয়হীন ভেবে বসবে বাচ্চাটা। উপমা তাই গম্ভীর হয়, কৃত্রিম সহানুভূতির সুর উথলে ওঠে নারী কন্ঠে,
“সো স্যাড, সো স্যাড। ওরা তোমার সাথে খুব অন্যায় করেছে। তোমাকেও একটা বউ এনে দেওয়া উচিত ছিল।”

“আমি যখন বড় হব, তখন অনেকগুলো বিয়ে করব বুঝেছো ডক্টর? আর আমার বিয়েতে মামুনি-পাপাকে দাওয়াত দেব না।”

নিজের বিয়ের কল্পনায় ছোট্ট চোখ দুটো চকচক করে ওঠে আদিলের। ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক লাজুক হাসি। উপমাও হাসে ঠোঁট টিপে,
“আচ্ছা, আচ্ছা। দিতে হবে না।”
“এই তোমার বিয়ে হয়েছে?”
“হুঁ।”
“তুমিও আমাকে ইনভাইট করোনি।”

একটু যেন হতাশ হয় আদিল। ফের মন খারাপের মেঘ জমে হৃদয়াকাশে। ওই ছোট্ট মুখে বিষাদ দেখে বিচলিত হয় উপমার মন। পরম স্নেহে ছেলেটার কাঁধে হাত রাখে কোমলমতি নারী,
“তুমি মন খারাপ কোরো না আদিল, আমি যখন আবার বিয়ে করব তখন তোমায় ইনভাইট করব, কেমন?”

মাথা ঝাঁকায় আদিল,
“আচ্ছা।”
“এখন তুমি মায়ের কাছে যাও। একা একা যেতে পারবে না?”
“পারব।”

টেবিলের ওপর থেকে আলগোছে ছেলেটাকে নামিয়ে দেয় উপমা। আনন্দিত মনে আদিল বেরিয়ে যাওয়ার কালে আরও একবার ঘুরে দাঁড়াল। ডাকে,
“ডক্টর…”
“হুঁ?”
“তুমি খুব ভালো। তুমি অনেক বেশি ভালো, ডক্টর। ক্যান ইউ বি ফ্রেন্ড?”

উপমা হাসল,
“ইয়েস, লিটল বয়।”

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন