#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[১৩]
#সানজিদা_খানম_স্বর্ণা
বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীকে বাড়ি নিয়ে আসে মুহিব। বাড়ি ফিরেই গৃহিণী ব্যস্ত হয়ে পড়ে সংসারের টুকিটাকি কাজ গুছিয়ে নিতে। অসুস্থ শরীরের ক্লান্তি উপেক্ষা করেই একটু একটু করে হাত বাড়ায় এদিক-ওদিক। বিছানার এলোমেলো চাদরটা ঠিক করে, বালিশগুলো গুছিয়ে রাখে, নিজের হাতে ছুঁয়ে দেখে ঘরের প্রতিটি পরিচিত জিনিস। এবং লম্বা বাজারের ফর্দ লিখে স্বামীর হাতে ধরিয়ে দেয় রমণী। আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে মুহিব ফিরে এলে কোমড়ে আঁচল চাপিয়ে বড় যত্ন নিয়ে সেদিন স্বামী-সন্তানের জন্য রান্না করে রূপা। বাবা-ছেলেকে পাশে বসিয়ে প্লেটে তুলে দেয় পোলাও, মুরগির রোস্ট, আর মচমচে করে ভাজা চিংড়ি। ছোট্ট বাটিতে ঢেলে দেয় পাতলা মসুর ডাল। সঙ্গে থাকে আলু ভাজি, বেগুন ভাজা আর আলাদা বাটিতে টক-মিষ্টি চাটনি। প্লেটের একপাশে যত্ন করে সাজিয়ে দেয় লেবু আর শসার টুকরো।
অতঃপর ঠোঁটের কোণে পরিতৃপ্তির হাসি ঝুলিয়ে বলে,
“নিন, এবার পিতা-পুত্র খাওয়া শুরু করুন দেখি। বলুন, কেমন হয়েছে। উফফ! কতদিন ধরে রান্না করি না, আমার কী যে ভীষণ আনন্দ লাগছে।”
মনে আনন্দ লাগলেও শরীর জুড়ে ভিড় করেছে অপরিসীম ক্লান্তি। স্ত্রীর কাতর মুখখানা দেখে সেকথা সহজেই অনুমান করতে পারে মুহিব। পাশের চেয়ারে জোরপূর্বক স্ত্রীকে বসিয়ে দিয়ে বলল,
“তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে বসো।”
রূপা ঠোঁট ফুলিয়ে বলল,
“আগে আপনাদের খাইয়ে নেই। তারপর আমি খাব। এখন আমার খেতে ইচ্ছে করছে না।”
মুহিব নাছোড়বান্দা। যেই মেয়েটি নিজের ভয়াবহ অসুস্থ শরীর নিয়ে রান্না-বান্না করেছে সেই মেয়েটিকে ছাড়া এক দানা খাবারও যে গলা দিয়ে নামবে না। মুহিব দৃঢ় কণ্ঠে বলে,
“ইচ্ছে না করলেও খেতে হবে। তুমি না খেলে আমিও খাব না, ব্যাস!”
অগত্যা রূপাকে হার মানতে হয়। কৃত্রিম অভিমান চোখে-মুখে ফুটিয়ে, ঠোঁট বাঁকিয়ে বলতে হয়,
“উফফ! তুমি বড্ড জ্বালাও আমায়।”
মুহিব হাসে। পোলাওয়ের ভেতর এক টুকরো চিংড়ি ভরে স্ত্রীর মুখের সামনে বাড়িয়ে দেয় মুহিব। রূপা মুখে নেবার কালে পুত্রের ফুলিয়ে রাখা মুখের দিকে আড়চোখে তাকায়। প্লেটে খাবার নাড়াচাড়া করছে বাচ্চাটা। তার বিন্দুমাত্র আগ্রহ নেই খাবারের প্রতি। ইশারায় মুহিবকে পুত্রের কাণ্ড দেখায় রূপা। অতঃপর কোমল স্বরে প্রশ্ন করে,
“আমার আব্বাজান খাচ্ছে না, কেন?”
“কারণ আদিলের খেতে মন চাইছে না।”
ঠোঁট দুটো গোল করে ফুলিয়ে অভিমানী গলায় উচ্চারণ করে বাচ্চাটা। পুত্রের মনঃকষ্টের কারণ অনুধাবন করতে পারে স্নেহময়ী জননী। তবুও ভ্রু নাচিয়ে প্রশ্ন করে,
“ওহ, আদিলের দুষ্টু মনটা কী চায় তবে?”
“মামুনির হাতে খেতে চায়।”
সশব্দে হেসে প্লেটটা নিজের কাছে টেনে নেয় রূপা। আদিলের ঠোঁটে লেপ্টে থাকা শিশুসুলভ মান দূর হয়ে যায় তখুনি। গদগদ হাসিতে এগিয়ে দেয় মুখ। পুত্রের মুখে খাবার তুলে দেয় জননী। আহ্লাদ করে বলে,
“আদিলের মন ভালো হয়েছে?”
“হুঁ, আদিলের মন এখন খুব ভালো। খু-উ-ব…”
অতঃপর মা যত্ন করে ছেলেকে খাইয়ে দেয়, আর মুহিব ভালোবাসাভরা হাতে রূপার মুখে তুলে দেয় একেক লোকমা খাবার। পরম যত্নে ভালোবাসার মেয়েটিকে খাইয়ে দিতে দিতে মুহিবের বুকের ভেতর অকারণেই জ্বালাপোড়া করে। স্ত্রীর এমন আটপৌরে সাধারণ, সুস্থ জীবনযাপন দেখে বুকের মাঝে শঙ্কায় অস্থির হয়। কারণ মুহিব জানে, মেয়েটা অসুস্থ। ভয়াবহ অসুস্থ। ভালোবাসার মেয়েটিকে নিয়ে তাই তো প্রচণ্ড একটা ভয় তাড়া করে বেড়ায় মুহিবকে। মৃত্যুর ভয়, ভালোবাসার মেয়েটিকে চিরতরে হারিয়ে ফেলার ভয়। কেন যেন মনের মাঝে লুকিয়ে থাকা ভয়ের আস্ফালন তাকে বারবার সতর্ক করে, মনে হয় এখুনি বোধহয় বেরিয়ে যাবে প্রেয়সীর প্রাণবায়ু।
খেতে খেতে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে আদিলের মুখ। মায়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বিস্ময়মাখা কণ্ঠে প্রশ্ন করে,
“মামুনি, তোমার হাতে কি জাদু আছে?”
“না, সোনা।”
মুচকি হাসির সাথে জবাব দেয় রূপা। মায়ের কথা মোটেও বিশ্বাস করে না বাচ্চাটা। তার দৃঢ় ধারণা, মায়ের হাতের রান্নায় নিশ্চয়ই কোনো জাদু আছে! নইলে খাবারগুলো এত মজার হয় কী করে? কৌতূহলী হয়ে আদিল সেই প্রশ্ন করতেই রূপার বুকের ভেতরেও বোধহয় ঘটে যায় ভীষণ রকম তোলপাড়। এমন দারুণ সুখেই তো চিরকাল বাঁচতে চেয়েছিল মেয়েটি। কিন্তু হায়! ভাগ্য কি সহায় হবে? রূপা সস্নেহে পুত্রের কপালে ঠোঁট ছোঁয়ায়। বুকের ভেতর সন্তানের জন্য জমে থাকা সমস্ত মমতা যেন নিঃশেষে ছড়িয়ে পড়ে সেই ছোট্ট চুম্বনে।
চোখে পানি, মুখে ভাত আর ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা হাসিটির মেলবন্ধনে মেয়েটাকে মুহিবের চোখে মায়াবতী লাগে। বড় বেশি মায়াবতী লাগে। আর তাই তো ভেতরটা জ্বালা করে পুরুষের, বুক শুকিয়ে কাঠ হয়।
°
“আমাকে একটু ভালোবাসবে, আদিলের বাবা? খুব করে ভালোবাসবে—শেষবারের মতো?”
শয়নকক্ষটিকে বেশ বিলাসবহুলই বলা যায়। সংসারের খরচ থেকে অল্প অল্প টাকা জমিয়ে আসবাবপত্র কিনে বড় যত্নে সাজিয়েছে গৃহিণী। সাজানো-গোছানো পাশের কক্ষে ঘুমিয়ে আছে আদিল। রাতের নিস্তব্ধতায় মাঝেমধ্যে ছেলের ঘুমন্ত নিঃশ্বাসের ক্ষীণ শব্দ ভেসে আসছে। জানালার বাইরে আকাশজুড়ে মেঘের আনাগোনা, ঘরের ভেতর মৃদু নীল আলোয় ছায়া ফেলেছে পর্দার ভাঁজ। এমন নিস্তব্ধ রাতে স্ত্রীর এমন উন্মুক্ত আহ্বানে আঁতকে উঠল মুহিব। তর্জনী ঠেকিয়ে দিল স্ত্রীর লিপস্টিক-রাঙা ঠোঁটে। মাথা দুপাশে নেড়ে প্রেয়সীকে ইশারায় নিষেধ করল এমন কথা বলতে। অতঃপর চাপা স্বরে উচ্চারিত হলো পুরুষকণ্ঠের সতর্ক সংকেত—
“হুশ! খবরদার, এসব বাজে কথা বলবে না।”
“আজকে একটুখানি ভালোবাসবে আমায়?”
আবারও নারীকণ্ঠের সেই আকুল আহ্বানে বিভ্রান্ত হয়ে পড়ল মুহিব। বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল তার। খেয়ালী মেয়েটা নিজের শরীর সম্পর্কে বড্ড উদাসহীন। নয়তো এমন নিদারুণ অসুস্থতার মাঝেও ভালোবাসার আবদার করে কেউ? সম্ভব নয়। কিছুতেই অসুস্থ স্ত্রীকে ভালোবাসার নামে নির্যাতন করতে পারবে না মুহিব। ভালোবাসার মেয়েটির চোখে চোখ রেখে গভীর আবেগে আওড়ায় পুরুষ,
“তুমি আগে সুস্থ হয়ে যাও, বউ। তোমার শরীরটা ঠিক হয়ে যাক, তারপর…”
“প্লিজ…”
তীব্র আকুলতায় জ্বলজ্বল করে রূপার কাজলরাঙা ধূসর চোখদুটো। ধীরলয়ে চোখের তারায় জমে মন খারাপ করা অভিমান। স্বামীর মনোবৈকল্য নিঃশেষে মুছিয়ে দিতে বদ্ধপরিকর রমণী। কিছুতেই আজ প্রিয় পুরুষের সঙ্গ ভিন্ন শান্ত হবে না নারীমন।
মুহিব অস্থির হয়, মুহিবের বুকের ভেতর যন্ত্রণা বাড়ে। স্ত্রীর মুখটা দুহাতের আজলায় তুলে শান্ত স্বরে বলে,
“তুমি অসুস্থ রূপা! তোমার শরীরটা খুব খারাপ। এখন ছেলেমানুষি করার সময় নয়। চলো, তোমাকে হসপিটালে রেখে আসি।”
“আমি যাব না।”
থমথমে মুখে উত্তর দেয় অভিমানী নারী। মুহূর্তের ব্যবধানে তীব্র আলিঙ্গনে জড়িয়ে ধরে স্বামীকে। আঁকড়ে ধরে একমাত্র অবলম্বন ভেবে। অথচ মুহিব অসহায়। মুহিব নির্বিকার। ভালোবাসার মেয়েটিকে অসুস্থ অবস্থায় গভীরভাবে ছুঁতে পারবে না সে। না, এতো নির্মম হতে পারবে না মুহিব। মাথায় হাত রেখে গভীর কণ্ঠে আওড়ায়,
“বউ, এতটা অবুঝ হতে নেই। তুমি অসুস্থ, কেন এমন করছো? প্লিজ আমার কথাটা শোনো…”
দুটো চোখে গভীর বেদনা নিয়ে স্বামীর চোখে চোখ রাখে মেয়ে। আবারও খামচে ধরে স্বামীর শার্টের কলার। ভেজা কণ্ঠে ডাকে,
“মুহিব!”
“হুঁ?”
“আমার একটা আবদার পূরণ করবে না তুমি?”
চোখে-মুখে কামনার ইঙ্গিত ফুটানোর চেষ্টা চালায় মেয়ে। যেই ইঙ্গিতে কাবু করা যায় পুরুষকে তেমন করুণ ভঙ্গিমায় প্রশ্ন করে। অথচ নিষ্প্রভ, মুখের মলিনতা ভিন্ন কিছুই নজরে আসে না পুরুষ চোখে।
সান্ত্বনার সুরে বলে,
“করব তো, সারাজীবন ধরে তোমার সব আবদার পূরণ করব, বউ। তোমাকে কখনোই অভিযোগ করার সুযোগ দেব না। কিন্তু আজ নয়…”
স্বামীর আশ্বাসে চোখ উপচে কান্না পায় রূপার। অপ্রকৃতস্থ মানুষের মতো আবারও একই আবদার করে রোগিণী,
“আজকের দিনে আমি এতটুকু চাই তোমার কাছে।”
“তুমি ভুলে যাচ্ছো, রূপা। ভুলে যাচ্ছো, তুমি কী ভয়ানক অসুস্থ। আমি পারব না, কিছুতেই পারব না।”
নিজের অপারগতার তথ্য দিয়ে আবারও স্ত্রীকে শান্ত করার চেষ্টা করে মুহিব। আদর করে হাত বুলায় মেয়েটির চুলহীন মাথায়। মমতা মিশিয়ে চুমু খায় কপালের মধ্যিখানে। অথচ শান্ত হয় না অস্থির রমণী। আবারও মিনতিপূর্ণ কণ্ঠে ডাকে মেয়ে,
“মুহিব, তুমি একবার তাকাও আমার দিকে।”
ডাকে আবেদনময়ী কণ্ঠে। আর এক হাতে ধীরে ধীরে ফেলে দেয় শাড়ির আঁচল। ব্লাউজের আবরণ ভেদ করে তিরতির করে কাঁপে নারীদেহের প্রতিটি অঙ্গ। চোখের দৃষ্টিতে এক পৃথিবী প্রেম নিয়ে তাকায় মেয়ে। জোরপূর্বক স্বামীর একটা হাত টেনে নিয়ে নগ্ন উদরে উষ্ণ স্পর্শ করায়। অতঃপর খুলতে থাকে স্বামীর শার্টের বোতাম। স্ত্রীর বাড়াবাড়ি রকমের পাগলামি দেখে মুহিবের মনে হয়, ভালোবাসার জন্য উন্মাদ হয়ে গিয়েছে মেয়েটি। সম্পূর্ণ উন্মাদিনী এক যৌবনবতী প্রেমিকা দাঁড়িয়ে আছে মুহিবের সামনে। যৌবনের তীব্রতায় যে নিজের স্থিতি হারিয়েছে এক্ষণে। যে যুবতী দুর্বার প্রচেষ্টা চালাচ্ছে সঙ্গীকে কাছে পাওয়ার। স্ত্রীর অন্যায় আকাঙ্ক্ষার সামনে মুহিবের নিজেকে বড় অসহায় লাগে। কিছুতেই সাড়া দেয় না দেহমন।
শাড়ির আঁচল ঝট করে তুলে নিয়ে জড়িয়ে দেয় স্ত্রীর অঙ্গে,
“পাগলামি করো না, রূপা। এখন স্বেচ্ছাচারিতা করার সময় নয়।”
কেমন যেন রূঢ় শোনায় প্রিয় পুরুষটির কণ্ঠ। ভেতরে ভেতরে ভীষণ জ্বালায় অনবরত পুড়ে মেয়েটা। মুহিব জানে না, মুহিব বোঝে না কিছুই। কিন্তু রূপা জানে, তার জীবনপ্রদীপের সলতে টিমটিম করে জ্বলছে। এক ঝড়ো হাওয়ায় নিভে যাবে সেই প্রদীপ। তার আগে একটিবারের জন্য প্রিয় পুরুষের ছোঁয়া পেতে চায় রূপা। একটিবারের জন্য বুকের ভেতর অনুভব করতে চায় সুখের হরিণের নাচন। চোখভরা জল নিয়ে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে রূপা। মুহিব সেই ছলছল আঁখির পানে চেয়ে অপরাধীর মতো বলে,
“সরি বউ…”
“আমায় একবার একটু কাছে টেনে নেওয়া যায় না? আমি কি এতটাই নোংরা হয়ে গেছি মুহিব? তুমি কি ভয় পাচ্ছো আমার সঙ্গ?”
বেপরোয়া মেয়েটির অদ্ভুত কথায় বিস্ময় নিয়ে তাকায় মুহিব। রূপার চোখ চকচক করে চোখের কোণে জমে থাকা অশ্রুতে। দুগালে আলতো ছুঁয়ে প্রশ্ন করে পুরুষ,
“ভয়! ভয় কিসের বোকা মেয়ে?”
“যদি রোগটা আমার সাথে সাথে তোমাকেও আক্রান্ত করে ফেলে। কিন্তু ক্যান্সার তো ছোঁয়াচে নয়, মুহিব।”
বলতে বলতে রমণীর চোখ বেয়ে নামে দুফোঁটা অশ্রু। মুহিব স্তব্ধ হয়ে যায়। এই ধারণা পোষণ করে রূপা তাকে নিয়ে। নিজের সর্বস্ব দিয়ে যেই নারীকে ভালোবাসে মুহিব, সেই নারীটি এমন ভুল ধারণা পোষণ করতে পারে তাকে নিয়ে? তীব্র আলিঙ্গনে অসুস্থ স্ত্রীকে বুকের মাঝে পিষে ফেলতে ইচ্ছে করে মুহিবের। খুব করে ভালোবেসে কাটিয়ে দিতে মন চায় সংশয়। কিন্তু তবুও সংযমের পর্দাটা সহসাই খসিয়ে ফেলতে পারে না সে। ভালোবাসার মানুষকে নির্মমভাবে স্পর্শ করা যায় না। স্ত্রী-সঙ্গকে চিরকাল পরম আরাধ্য বিষয় হিসাবেই জেনে এসেছে মুহিব। কায়দা করে মন জয় করে ধীরে ধীরে বাড়িয়েছে ঘনিষ্ঠতা। অতঃপর উন্মাদ, উত্তাল ঝড়ের মতো মিটিয়েছে নারীদেহের আকাঙ্ক্ষা। কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। মেয়েটার মনের ভাবটা বড্ড দুর্বোধ্য লাগছে তার। উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে স্ত্রীকে কোলে তুলে নেয় মুহিব। বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলে,
“আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছো, বউ? ভেবেছো তোমার এসব ইমোশনাল কথাবার্তায় আমি বাধ্য হয়ে তোমাকে কষ্ট দেব? আমি এটা কখনোই করব না। তুমি ভুল ধারণা রাখছো, আদিলের আম্মু। তোমার আবদার মেনে শুধু আজকের রাতটা বাড়িতে থাকার অনুমতি দিলাম। কাল সকালে হাসপাতালে দিয়ে আসব তোমায়। সুস্থ হবার আগে আর বাড়িতে আসার কথা উচ্চারণও করবে না। এখন চুপচাপ ঘুমাও।”
হুশিয়ারি দিয়ে ক্লান্ত ও পরাজিত মানুষের মতো স্ত্রীর দেহটিকে বিছানায় নামিয়ে রাখে মুহিব। সাথে ঝনঝনিয়ে ওঠে রূপার হাতের রেশমী চুড়ি। এলোমেলো হয় পরণের বেনারসি শাড়ি। বিছানায় আসার কালে মুহূর্তের জন্য রূপার মনে হয়েছিল পরিকল্পনা বোধহয় সফল হলো। কিন্তু কথাগুলো শুনে হতাশায় নিমজ্জিত হয় মন। বালিশে মাথা এলিয়ে দিয়ে স্থির চোখে তাকায় সুদর্শন স্বামী-পুরুষের দিকে।
করুণ গলায় বলে,
“আজকের পর আমি মরে গেলে তুমি সারাজীবন আফসোস করবে মুহিব। আমাকে শেষবারের মতো ভালোবাসাতে না পারার আফসোসে সারাজীবন ধরে কাঁদবে তুমি।”
অচানক এমন কথায় ঘুরে দাঁড়ায় মুহিব। বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা গাঢ় ঘুম দেওয়ার নিয়ত করেছিল মনে মনে। একবার ঘুমিয়ে গেলে রূপার পাগলামি আর সহ্য করতে হবে না ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল এইমাত্র। অথচ ভয়ংকর একটা ভবিষ্যৎবাণীতে কপালে ভাঁজ পড়ল। চিন্তায় ধুরুধুরু করে কেঁপে উঠল বুক। অভিশাপ দিল রূপা? এই অভিশাপের তীব্রতা সইবার ক্ষমতা যে নেই মুহিবের।
দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায় মুহিব,
“আবার আবোলতাবোল কথা বলছো তুমি? সারাজীবন ধরে কাঁদব না, সারাজীবন ধরে আপনাকে ভালোবাসব—বুঝেছেন ম্যাডাম?”
একটু দম নিয়ে কিঞ্চিৎ অভিমানী কণ্ঠে আবার বলল, “কিন্তু তার আগে আপনার সুস্থ হওয়া প্রয়োজন। শরীর সুস্থ হবার পর একবার মাথার ডাক্তার দেখিয়ে আনব। এই মাথাটায় সারাক্ষণ হাবিজাবি চিন্তা ঘোরে, চিকিৎসা না করালে সারবে না।”
ইতিমধ্যে স্ত্রীর চুলহীন মাথায় আঙুল ঠেকিয়ে ইঙ্গিত করেছে সে। আর স্বামীকে নিজের কাছে আবিষ্কার করে আবারও আঁকড়ে ধরেছে বেপরোয়া মেয়ে। স্বামীর সাথে ঘনিষ্ঠতা বাড়ায় রমণী, কণ্ঠলগ্ন হয়ে ঝুলে আলতো চুম্বন করে স্বামীর ঠোঁটে।
ঘোরলাগা কণ্ঠে আওড়ায়,
“প্লিজ মুহিব, আজ নিজেকে উজাড় করে ভালোবাসো আমায়। এত বেশি ভালোবাসো যাতে মরার আগে কোনো আক্ষেপ না থাকে আমার অন্তরে।”
অদ্ভুত মাদকতা প্রেয়সীর করুণ কণ্ঠে। চেতনা অবশ হয়ে আসে মুহিবের। তার সামনেই ধীরে ধীরে ভালোবাসার নারীটি উন্মোক্ত করতে শুরু করেছে নিজের দেহ। হাতের পেবল আঙুলগুলো ধীরে ধীরে সরিয়ে দেয় শাড়ির আঁচল। একটা একটা করে ব্লাউজের বোতাম খুলে উন্মোক্ত করে নিজের উন্নত দুটো উপত্যকা। উন্মোক্ত করে ঢেউখেলানো সুচারু কোমর, উদরের মাঝখানে ফুটে থাকা পদ্মকলির ন্যায় মোহনীয় নাভি এবং সংযমের পর্দা সরিয়ে উন্মোচন করে নারীদেহের নিম্নাংশ…
কুহকিনী কণ্ঠ থেকে উচ্চারিত হয় মিনতিপূর্ণ বাক্য,
“আজকে আমাকে খুব করে আদর করে দাও মুহিব। রাতভর ভীষণ ভালোবাসো আমায়। প্লিজ জান, প্লিজ…”
না, আর উপেক্ষা করতে পারে না মুহিব। নিয়ন্ত্রণ করতে পারে না নিজেকে। রাতের অন্ধকারে, স্ত্রীর খুব নিকটে বসে দরদর করে ঘামে রূপার প্রিয় পুরুষ। শরীর জুড়ে আবিষ্কার করে বুনো, উন্মাদ অনুভূতির আনাগোনা। ভালোবাসার তৃষ্ণায় জেগে ওঠে শরীর। স্ত্রীকে কাছে পাবার আশকারায় সাড়া দেয় অন্তরাত্মা। এরপর আর ধৈর্য ধারণ সম্ভব হয় না। প্রেয়সীকে নিজের খুব কাছে টেনে নেয় পুরুষ। আঙুল ঠেকায় স্ত্রীর গোলাপি ঠোঁটে, হাত বুলায় মেয়েটির কায়ার সর্বত্র।
কাতরভাবে আওড়ায় পুরুষ কণ্ঠ,
“এসব বলো না, রূপা। তুমি না আমাকে কথা দিয়েছো, আমরা একসাথে বুড়ো হব। তুমি নিজের ওয়াদা রক্ষা করবে না?”
উত্তর দিতে পারে না রমণী। অন্তহীন হাহাকারে ছেয়ে যায় বুকের প্রদেশ। অজানা ভয়ে কুঁকড়ে যায় মেয়েটি। আর শরীর জুড়ে বয়ে যায় প্রিয় পুরুষের স্পর্শের শিহরণ। রক্তবিন্দুতে ছলকে ওঠে নেশার ঘোর।
আচ্ছন্ন কণ্ঠে আওড়ায়,
“জানো মুহিব, তোমার ভালোবাসাটুকুই নশ্বর এই পৃথিবীতে আমার একমাত্র প্রাপ্তি। আজকের পর মরে গেলেও আমার আর আফসোস থাকবে না…”
প্রিয় নারীটি আজকের পর এই পৃথিবীতে নেই, চিন্তা করতে গিয়ে আঁতকে ওঠে মুহিব। ভালোবাসার মেয়েটিকে শক্ত করে আঁকড়ে ধরে বুকের কাছাকাছি। না, রূপাকে ছাড়া এই পৃথিবীতে একটি মুহূর্ত কল্পনা করতে পারে না মুহিবের প্রেমিক মন। স্বামীর শরীরের কম্পনটুকু গভীরভাবে অনুভব করে রূপা। আরও নিবিড়ভাবে কাছে সরে এসে নৈকট্য বাড়ায় রমণী। এবং প্রিয় পুরুষের ভালোবাসার আবেশে অবশ হয়ে আসে শরীর। ফিসফিস করে প্রেমিক পুরুষ আওড়ায় প্রিয় কথা,
“তোমাকে খুব ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি…”
এবং গভীর রাতের বুকভরা নিস্তব্ধতা আর তারাভরা আকাশ সাক্ষী হয়ে থাকে তাদের ভালোবাসার। মুহিব কি জানত, এটিই হবে তাদের ভালোবাসার জীবনের শেষ রাত?
না, ঘুণাক্ষরেও টের পায় না মুহিব। বরং প্রিয় নারীর দেহে বিলীন হয়ে ফুরিয়ে যায় প্রহর। ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে ভালোবাসার অনুভব। ফুরিয়ে যায় একটি প্রেমময় রাত। তীব্র সুখের সাথে রূপা নামক মেয়েটির অস্তিত্বে জড়ো হয় বিন্দু বিন্দু যন্ত্রণার অনুভব। তবুও বুঝি মনটা আনন্দে নেচে-নেচে ওঠে, প্রবল যন্ত্রণার মাঝেই বুঝি নিহিত জগতের সকল সুখ।
—চলমান—