#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া
#উম্মে_হাবিবা
#পর্ব_০৪
(কপি নিষিদ্ধ)
*
*
*
শীতের স্নিগ্ধ সকালের পরিবেশ একেবারে শান্ত,পবিত্র। পাখির কলকাকলীতে মুখর চারিপাশ। ঘাসে ঘাসে জমে থাকা ক্ষুদ্র শিশির কণা রোদের সোনালী আলোয় হীরের মতো চকচক করছে। বইছে হিমেল হাওয়া। এমনই সুন্দর এক সকালে দারুল উলুম কওমি মহিলা মাদ্রাসার দোতলার তেরো নম্বর রুমের কোণার বিছানায় শান্ত ভাবে ঘুমিয়ে আছে এক শ্যামবর্ণের রমণী। খুব কাছ থেকে খেয়াল করলে দেখা যাবে রমণীর ঠোঁটে খেলা করা মিষ্টি হাসি। ঘুমন্ত অবস্থায় তাকে কি সুন্দর স্নিগ্ধ আর পবিত্র লাগছে। হয়তো ঘুমের মাঝে সুন্দর কোনো স্বপ্ন দেখছে রমণী যার ফলস্বরূপ তার মুখে ফুটে উঠেছে এই মিষ্টি প্রাণবন্ত হাসি।
সূর্যের নরম আলো জানালার ফাঁক গলে প্রবেশ করলো ঘরের মধ্যে। ঘুমের মাঝে চোখেমুখে আলো পড়ায় বিরক্তিতে চোখ মুখ কুচকে নিলো সিমি। পিটপিট করে চোখ মেলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সময়টা এখন কতো। বাইরে তাকাতে দিনের ফকফকা আলো দেখে এক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে গেলো। যখন বুঝলো আজ তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তখনই ধরফরিয়ে উঠে বসলো সে। আশেপাশে নজর বুলিয়ে দেখলো পুরো ঘর খালি শুধু মাত্র সে ব্যতীত আর কেউ নেই। ঘড়ির দিকে চোখ গেলে দেখলো সময়টা এখন আটটা ছুঁই ছুঁই। সহসা আঁতকে উঠলো সে। মাথায় হাত দিয়ে উত্তেজিত কন্ঠে বললো
"হায় আল্লাহ এতো বেলা হয়ে গেছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ইশশ আজ ফজরের নামায কাযা হয়ে গেলো।"
কিছুক্ষণ চুপ থেকে বিরবির করে বললো
"আমি এতো বেখেয়ালি কি করে হলাম। আল্লাহ নামাযের সময় আমি কি করে ঘুমালাম? এতো বড় ভুল কি করে করলাম আমি?"
মেয়েটা যখন নিজ মনে বিরবির করতে ব্যস্ত তখনই ঘরে প্রবেশ করে মরিয়ম। সিমি উঠে পড়তো দেখে তার দিকে যেতে যেতে বললো
"কি রে এখন কেমন লাগছে তোর? জ্বর আর আছে নাকি?"
কথার মাঝে মরিয়ম নিজেই হাত দিয়ে উল্টে পাল্টে চেক করলো। সিমির গায়ে আর জ্বর না থাকাই স্বস্তির নিশ্বাস ফেলে বললো
"যাক আলহামদুলিল্লাহ আর জ্বর নেই। রাতে আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি।"
মরিয়মের কথায় সিমি অবাক চোখে ওর দিকে তাকায়। হতবিহ্বল কন্ঠে বলে
"আমি আবার কি করেছি?"
"ওমা তোর কিছু মনে নেই?"
সিমি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দুপাশে মাথা নাড়ালো। মরিয়ম ওর এমন বাচ্চামো চেহারা দেখে মুচকি হেসে ওর পাশে বসে বললো
"রাতের বেলা তো তোর গা কাঁপিয়ে জ্বর এসেছিলো। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। বড় খালাম্মা কে ডেকে আনার পর বললো মাথায় জলপট্টি দিতে তাহলে নাকি জ্বর কমে যাবে৷"
"আর তুই ও সারারাত আমার মাথায় জলপট্টি দিয়ে দিয়েছিস?"
তুরন্ত জবাব এলো সিমির থেকে।
সিমির প্রশ্নে মরিয়ম হেয়ালি করে বলে
"তো কি তোর জামাই এসে দিয়ে গেছে নাকি। আমি ছাড়া আর কে আছে?"
"তাই বলে সারারাত জাগবি? তোর কষ্ট হয়েছে তাই না?"
মন খারাপ নিয়েই শেষ কথাটা বললো সিমি। সিমির কথা শুনে বিরক্তে নাম মুখ কুচকে নিলো মরিয়ম। বললো নিরেট স্বরে
"তোমার এই ফর্মালিটিস মার্কা কথা অন্য কোথাও গিয়ে বলো। আমার কাছে এর কোনো ভ্যালু নেই বুঝেছো।"
মরিয়মকে রেগে যেতে দেখে মুচকি হাসে সিমি। দু হাতে জড়িয়ে ধরে প্রাণের সখীকে। আদুরে স্বরে বলে
"আমার জানু টা এতো আদুরে কেনো? রাগ করলেও কেমন আদুরে আদুরে লাগে। মাশা আল্লাহ মাশা আল্লাহ। "
"হুহ ঢং দেখলে আর বাঁচি না।"
এভাবেই দুই সখীর কিছুক্ষণ আদুরে মূহুর্ত কাটার পর সিমি হঠাৎ করে বললো
"এই আমাকে ফজরের সময় ডাকলি না কেনো মায়ু। ফজরের নামায কাযা হয়ে গেলো তো।"
"আমি ডাকতে চেয়েছিলাম তো। কিন্তু বড় খালাম্মায় বললো না ডাকতে। ঘুমাতে দিতে।"
"বড় খালাম্মা..! "
"হ্যা আমিই।"
রুমের মধ্যে তৃতীয় ব্যক্তির কথা শুনে দুজনেই দরজার দিকে তাকালো। দেখলো তাদের মাদ্রাসার বড় খালাম্মা মনোয়ারা পারভীন দাঁড়িয়ে আছে। খালাম্মাকে দেখে দুজনেই মাথায় কাপড় দিয়ে ঠিকঠাক হয়ে বসলো। খালাম্মাকে সালাম দিয়ে মাথা নিচু করে রইলো। বিশেষ করে সিমি। তার ভেতরে অজানা কারণ বসত অপরাধবোধ জেগে উঠেছে। প্রথম কাল এসে সে বড় খালাম্মার সাথে দেখা করে নি আজ আবার নামাযেও যেতে পারে নি। সেইসব চিন্তা করেই মেয়েটার দিশেহারা অবস্থা।
মনোয়ারা পারভীন মাদ্রাসার সব শিক্ষার্থীর কাছে কড়া হলেও ওনার মন খুবই নরম। সবাইকে মন থেকে ভালোবাসে। ভুল করলে শাসন করে, ভালোবেসে আগলে রাখেন। একজন মা যেমন সন্তানের ঢাল হন তেমন ভাবেই মনোয়ারা পারভীন মাদ্রাসার এই ছোট ছোট প্রাণ গুলোকে আগলে রাখে। বিপদে ভরসা যোগায়। এজন্য মাদ্রাসার সবাই তাকে ভয় পেলেও মন থেকে সম্মান করে ভালোবাসে।
বড় খালাম্মার নীরবতা দেখে ভেতরে ভেতরে অস্থিরতা বেড়ে গেলো সিমির। সাহস করে নিচু কন্ঠে বললো
"খালাম্মা আমি..আমি দুঃখিত। আসলে.."
"তোমার থেকে কোনো কৈফিয়ত চাইতে আসি নি আমি সিমি। শুধু বলবো নিজের খেয়াল রেখো আর আল্লাহর উপর ভরসা রেখো। তোমাদের আমি সবসময়ই বলি আল্লাহ উত্তম পরিকল্পনা কারী। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। কষ্ট দিলেও সুখ পাওয়ার রাস্তা দেখান। সবসময় আল্লাহর উপর আস্থা রাখবে। বিশ্বাস রাখবে। কখনো মনোবল হারাবে না। জীবনে যা হচ্ছে হতে দাও। ইন শাহ আল্লাহ আল্লাহ একদিন তোমাকে সুখের সাগরে ভাসাবেন। তার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করো। আল্লাহ তোমাকে নিরাশ করবেন না।"
সিমিকে পুরো কথা শেষ করতে না দিয়ে গম্ভীর কন্ঠে নিজের পুরো কথা শেষ করলেন তিনি। পুরোটা সময় সিমি শুধু মুগ্ধ নয়নে তার শিক্ষক তার জীবনে সঠিক পথ প্রদর্শকারী, তার ভরসার জায়গা,তার সম্মানের সম্মানীয় মানুষটার দিকে তাকিয়ে ছিলো। এই মানুষ টা এতো ভালো। রক্ত সম্পর্ক ছাড়া যে কোনো মানুষ কাউকে এতো নিঃস্বার্থ ভালোবাসতে পারে সেটা হয়তো তাদের বড় খালাম্মাকে না দেখলে বিশ্বাস করতে পারতো না সিমি। মনে মনে আল্লাহর কাছে হাজার বার শুকরিয়া আদায় করলো সিমি। তার জীবনে তাকে আগলে রাখার জন্য এমন একজন মানুষকে পাঠানোর জন্য অন্তরের অন্তস্তল থেকে শুকরিয়া আদায় করলো।
মনোয়ারা পারভিন এবার মরিয়মের দিকে তাকালেন। নিরেট স্বরে জানতে চাইলেন
"সিমিকে সকালের খাবার আর ঔষধ খাইয়েছো মরিয়ম?"
হুট করে খালাম্মার প্রশ্নে থতমত খেলো মরিয়ম। পরিস্থিতি সামলাতে আমতা আমতা করে বললাে
"এখনও দেওয়া হয়নি খালাম্মা। সিমি মাত্র ঘুম থেকে উঠলো।"
"আচ্ছা সমস্যা নেই। একটু পরে দিও।"
জবাবে নীরবে সম্মতি জানালো মরিয়ম। মনোয়ারা পারভিন সিমির দিকে তাকালো। মেয়েটার মাথা নিচু যার জন্য কপালের কাটা অংশটা দেখা যাচ্ছে না। তিনি এগিয়ে গেলেন সিমির দিকে। হাত বাড়িয়ে মুখটা তুললো। সিমি তখন বোকার মতো তাকিয়ে আছে। মনোয়ারা পারভিন কোনা বাক্য ব্যয় না করে নিজের সাথে আনা মলম টা বের করলো। খুব যত্ন নিয়ে লাগিয়ে দিলো সিমির কাটা জায়গায়।
বড় খালাম্মার থেকে এটুকু যত্ন পেয়েই সিমির পুরো কায়া ভালো লাগায় ছেয়ে গেলো। চোখের কোণে জমা হলো সুখোময় অশ্রু। দু ফোঁটা তরল গড়িয়ে পড়লো চোখ থেকে। মনোয়ারা পারভীন দেখলেন। খুব মনোযোগ দিয়ে দেখলো মেয়েটা পুরো সুশ্রী মুখ। নিজ হাতে চোখের পানি মুছিয়ে দিয়ে সিমির হাতে মলম টা ধরিয়ে দিলো। শান্ত স্বরে বললো
"কান্না করে দূর্বলেরা। আর পৃথিবীতে দূর্বলদের কোনো স্থান নেই সিমি। যেকোনো পরিস্থিতিতে নিজেকে সামলানোর দৃঢ় মনোবল অর্জন করো । তবেই তুমি জীবন যুদ্ধে সফল হতে পারবে নয়তো পৃথিবীর কিছু মানুষ নামক কিছু নিকৃষ্ট পশু তোমাকে তাদের কথা এবং ব্যবহার দ্বারাই ছিন্নভিন্ন করে ফেলবে।"
একটু থেমে আবার বললো
"এই মলমটা রোজ তিনবেলা করে লাগাবে কাটার দাগ সেরে যাবে ইন শাহ আল্লাহ । আর ঠোঁট আর হাতে পায়ে যেই জখম গুলো হয়েছে সেগুলোর জন্য আলাদা আলাদা ঔষধ মরিয়মের কাছে আছে খাবার খেয়ে ঔষধ গুলো খেয়ে নেবে। আজ আর ক্লাসে যাওয়ার দরকার নেই ঘরে বিশ্রাম নাও।"
"আমি ক্লাস করতে পারবো খালাম্মা। কোনো সমস্যা হবে না।"
"তোমার থেকে শুনতে চায় নি। আমি যা বলেছি তাই হবে। মরিয়ম ওর খেয়াল রাখবে।"
শেষ কথাটা মরিয়মের উদ্দেশ্যে বলে চলে গেলো মনোয়ারা পারভীন। সে যেতেই মরিয়ম সিমির কাছে ঘেসে দাঁড়ালো। গদগদ কন্ঠে বললো
"দেখেছিস আমাদের বড় খালাম্মা কতো যত্নশীল। সবার খেয়াল রাখে। আল্লাহর কাছে শুকরিয়া এই মানুষটাকে আমাদের জীবনে পাঠানোর জন্য।"
"কিছু সম্পর্ক আছে যার কোনো ব্যাখ্যা হয় না,হয় না কোনো নাম। শুধু নীরবে রয়ে যায় এক মুঠো ভরসা আর আত্মিক টানের মেলবন্ধন । যেখানে কথা হয় নিঃশব্দে। বোঝাপড়া হয় চোখে চোখে।"
সিমির কথা শুনে মুচকি হাসলো মরিয়ম। বড় খালাম্মার এতোটুকু যত্ন দেখেই মেয়েটা কেমন আবেগে ভাসছে আর যদি কাল রাতে খালাম্মার করা যত্ন গুলো দেখতো তাহলে কি করতো আল্লাহ মালুম।
**********
সময়টা সকাল আটটা হলেও চৌধুরী বাড়ির ডাইনিং রুমে ব্যস্ততার ভীড়। চৌধুরী গিন্নি রান্নাঘর থেকে একের পর এক ডিশ এনে রাখছে টেবিলে। সামনের চেয়ারে গুরুগম্ভীর হয়ে বসে নিউজপেপার পড়ছেন আয়মান চৌধুরী। সামনে তার ধোয়া ওঠা গরম চা। শীতের সময়ে গরম গরম চায়ের সাথে নিউজপেপার পড়ার আনন্দটাই অন্যরকম। কিন্তু আয়মান চৌধুরীকে দেখে মনে হচ্ছে নিউজপেপারের নিউজ গুলো দেখে সে খুবই বিরক্ত। থেকে থেকে কপালের ভাজ গুলো গাঢ় হচ্ছে আবার সময়ের তালে সমান হয়ে যাচ্ছে। মৌমি সেই কখন থেকে বাবার প্রতিটি কার্যকলাপ বেশ সূক্ষ্ণ নজরে পরখ করছে আর ব্রেডে একটা করে কামড় দিচ্ছে। তবুও বাবার মতিগতি বুঝতে ব্যর্থ বালিকা। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলো সে। ফোস করে ব্যর্থতার একটা শ্বাস ফেলে মনোযোগ দিলো খাওয়ায়।
নিস্তব্ধ পরিবেশে হুট করে চেয়ার টানার শব্দে মনোযোগ বিচ্ছিন্ন হলো আয়মান চৌধুরীর। কে শব্দ করেছে এটা দেখের জন্য সামনে তাকাতেই যেনো বাজ পড়লো তার মাথায়। হতবাক, হতভম্ব, বাকরুদ্ধ হয়ে বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো সামনে। বাবাকে নিজের দিকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে সায়ন আপেল চিবুতে চিবুতে হেয়ালি করে বললো
"মুখ টা বন্ধ করো। মশা-মাছি ঢুকে তো সংসার পাতিয়ে ফেলবে।"
ছেলের কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো আয়মান চৌধুরী। কয়েকবার গলা খাকারি দিয়ে আড় চোখে একবার ছেলেকে পরখ করে নিয়ে স্ত্রীর উদ্দ্যেশ বললো
"মিথু একটি বার দেখে এসো তো আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে?"
"বলি বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে তোমায়। বয়সের সাথে সাথে কি বুদ্ধি ও জুস গুলে খেয়ে ফেলেছো। সূর্য সূর্যের মতো ঠিক জায়গায় ঘঠেছে। তোমার অতো ভাবতে হবে না। নিজের কাজ করো।"
সহসা রান্না ঘর থেকে খেকিয়ে উঠলো রমণী। স্ত্রী রাগী কন্ঠ শুনেও কোনোরূপ ভাবান্তর হলো না তার। পুনরায় বললো
"আহা মিথু রাগ করছো কেনো? একটি বার দেখে এসে তাহলেই তো হয়।"
"এই তুমি কি শুরু করেছো বলো তো। সকাল সকাল মাথার তার ছিড়ে গেছে। আর একবার এসব উল্টা পাল্টা কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু।"
"মিথু গো রেগে যেও না। কথায় বলে -রেগে গেলেন তো হেরে গেলেন। স্বামী হিসেবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব তোমাকে তরল তেলের মতো গরম রাখা। যাতে কথায় কথায় সহজেই ছ্যাৎ করে উঠতে পারো।"
বাবার কথায় ফিক করে হেসে দিলো মৌমি। মুখে হাত চেপে মিটিমিটি হাসছে সে। বোনকে হাসতে দেখে সহসা ওর চুল ধরে টান দিলো সায়ন। মৌমি রাগী চোখে ওর দিকে তাকালেই নীরবে শাসিয়ে বললো চুপ থাকতে। নয়তো খবর আছে তার। মৌমি ভাইকে একটা ভেংচি কেটে নিজের খাওয়াতে মন দিলো। ওদিলে মিথিলা চৌধুরী স্বামীর এসব কথা তেলে-বেগুনে জ্বলে উঠলো। চুলার আচ কমিয়ে খুন্তি হাতে চলে এলো ডাইনিং রুমে। তেজি কন্ঠে বললো
"সায়নের বাবা এবার কিন্তু তুমি বেশি বেশি করছো বলে দিলাম।"
আয়মান চৌধুরী কোনো কথা না বলে স্ত্রীকে ইশারায় পাশে তাকাতে বলে নিজের আবারও ডুব দিলো নিউজপেপার পড়ায়। মিথিলা চৌধুরী বিরক্ত নিয়ে পাশে তাকালে সহসা সে যেনো বিস্ময়ে জমে গেলো। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলো ছেলের দিকে। হাত থেকে কখন যে খুন্তি টা পড়ে গেছে সেদিকে খেয়াল নেই রমণীর। সে তো তার গুনধর পুত্রের দিকে তাকিয়ে আছে।
খুন্তি পড়ার ঝনঝন আওয়াজে চোখ-মুখ বুজে ফেললো সায়ন। চেহারায় তার বিরক্তি দৃশ্যমান। মায়ের দিকে তাকিয়ে বললো
"কি সমস্যা তোমাদের? আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেনো? আমাকে আগে কখনো দেখো নি? তোমাদের দুজনের জন্য তো নিজেকে এখন এলিয়েন এলিয়েন লাগছে।"
ছেলের গম্ভীর কন্ঠ শুনে মিথিলা চৌধুরী ধ্যান থেকে ছিটকে বেরিয়ে এলো। নিজেকে সামলে তরিঘরি করে ছেলের কাছে গিয়ে সাফায় গাইতে বললো
"আব্বু রাগ করছিস কেনো? আসলে তুই তো এতো সকাল সকাল সহজে উঠিস না তাই একটু অবাক হয়ে গিয়েছিলাম। রাগ করিস না।"
"হ্যা সেই। তা তোমার নবাবপুত্তুর কে জিজ্ঞেস করো আজ এমন গুড বয় হওয়ার কারণ কি। সচারাচর তো সকাল বেলা তার টিকিটাও দেখা যায় না।"
বাবার কথায় একটু নড়েচড়ে বসলো সায়ন। নিজের গম্ভীর চেহারা মূহুর্তের মধ্যে পাল্টে ফেলে সুরেলা কন্ঠে বললো
"কেমন আছো তুমি আব্বু? শরীর ঠিকঠাক তো?"
ছেলের মুখে অসময়ে অপ্রত্যাশিত কথা শুনে কাশি উঠে গেলো আয়মান চৌধুরীর। স্বামীকে কাশতে দেখে দ্রুত তার দিকে পানির গ্লাস এগিয়ে দিলো মিথিলা চৌধুরী। গায়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললো
"কি করো তুমি বলো তো। একটু সাবধানে খাবে তো।"
"আব্বু তুমি ঠিক আছো?"
মৌমির চিন্তত কন্ঠ শুনেও সেদিকে নজর দিলো না আয়মান চৌধুরী। পানি খেয়ে নিজেকে ধাতস্থ করে চশমার ফাঁক দিয়ে ছেলেকে একবার ভালো করে পরখ করে নিলো সে। কন্ঠে বিষ্ময় নিয়ে বললো
"আমার আব্বা কাহিনি কি বলেন তো। কি ধান্দায় আসছেন? আপনার এতো মধুর কন্ঠে আব্বু ডাক তো আমার সহ্য হচ্ছে না। পরে না আবার বদহজম হয়ে যায়। ঝেড়ে কাশো তো আব্বা। আমাকে শান্তি দাও। তোমার আব্বু ডাক শুনে আমার বুকে চিনচিন ব্যাথ্যা করছে।"
বাবার কথায় ঠোঁট দিয়ে জিভ ভিজালো সায়ন। কথা কাটাতে বললো
"এভাবে কেনো বলছো আব্বু। আমি কি তোমাকে আব্বু বলে ডাকতে পারি না।"
"মিথু তোমার ছেলেকে আসল কথা বলতে বলো। কি চায় তার। সেটা নিয়ে যেনো বিদেয় হয় আমার সামনে থেকে। আনার বুকে ব্যাথা কিন্তু বাড়ছে।"
মিথিলা চৌধুরী নিজেও অবাক হয়ে গেছেন। তবুও স্বামীর কথা রাখতে ছেলের দিকে তাকিয়ে বললো
"আব্বু কি লাগবে তোর সরাসরি বল। এতো ভনিতা করার দরকার নেই। বল আব্বু বলে ফেল।"
মায়ের কথায় সায়ন একটু চুপ থেকে সরাসরি বললো
"আম্মু আব্বুকে বলো আমার একাউন্টে পঞ্চাশ হাজার টাকা দিতে। বন্ধুদের সাথে কক্সবাজার ট্যুরে যাবো।"
"সায়নের আব্বু ছেলেকে পঞ্চাশ হাজ..."
কথা শেষ করার আগে থেমে গেলো মিথিলা চৌধুরী। তড়াক করে ছেলের দিকে তাকিয়ে অবাক কন্ঠে জিজ্ঞেস করলো
"আব্বু এতো টাকা দিয়ে ট্যুরে যাবি তুই?
"হ্যা তো কি হয়েছে।পঞ্চাশ হাজার টাকা আর এমন কি।এ দিয়ে তো পানির দাম ও হবে না।আব্বু কে দ্রুত দিতে বলো। আমার হাতে সময় নেই।"
আয়মান চৌধুরী কাউকে কিছু না বলে সহসা উঠে গেলো নিজের চেয়ার থেকে।ছেলের কাছে গিয়ে পকেট হাতরে একটাকার একটা কয়েন বের করে ছেলের হাতে দরিয়ে দিয়ে বললো
"এই যে একটাকার কয়েন দিলাম।এবার এটাকে নিয়ে বাগানে মাটির মধ্যে পুঁতে রেখে এসো। এটা থেকে যখন গাছ গছিয়ে টাকা ধরবে তখন সেই টাকা গাছ থেকে টুকুর টুকুর করে ছিঁরে নিয়ে তার পর ট্যুরে যাইয়ো।"
কথা শেষ করেই আর কোনো দিক তাকালো না আয়মান চৌধুরী। গট গট করে হেঁটে চলে গেলো নিজের রুমে। আর পেছনে ফেলে গেলো তিনজন মানুষ কে।যাদের মধ্যে একজন মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে।অন্য জন রান্নার দোহায় দিয়ে খুন্তি হাতে দৌড়াল রান্না ঘরে।আর সায়ন সে তো এখন স্তব্ধ হয়ে বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে হাতের তালুতে রাখা এক টাকার কয়েনের দিকে।
চলবে