#বন্ধু_কাজল_ভোমরা [৫]
#সানজিদা_খামন_স্বর্ণা
চৌধুরী বাড়ির সকলের সাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। খাবার টেবিলে এলাহি আয়োজন করা হয়েছে। অনেক পদের রান্নার গন্ধে ঘর ভরে ওঠেছে। তূর্ণা খাবার প্লেটে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে কেবল। তার এতোসব খাবার দেখেই পেট ভরে গেছে। একসাথে এতো রান্না করেছে বাড়ির কাজের মেয়ে শরিফা। শরিফার রান্নার হাত চমৎকার।
মাহিন অবশ্য বেশী কিছু খেলো না। তার আবার ডায়েট করতে হয়। ওজন বেড়ে গেলে মেয়েরা তাকে পছন্দ করবে না। সেজন্য খাবার-দাবারের বিষয়ে সে ভীষণ সচেতন। সে একটা আপেল আর একটা স্যান্ডউইচ খেলো। শাম্মি নিজেও কিছুদিন হলো ডায়েট শুরু করেছে। এই ডায়েটের নাম কিটো ডায়েট। তার ওজন বেড়ে যাচ্ছিলো অনেক। হোস্টেলে থাকলে নাকি মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হয়, শাম্মির বিষয়টি পুরো উলটো। তার অবশ্য কারণও আছে। সে হোস্টেলের খাবার খায় আর কয় বেলা? বাহিরে রেস্টুরেন্টের খাবার খেয়েই দিব্যি দিন কেটে যায় তার।
অবশ্য সন্তানদ্বয়ের সাথে রহমান সাহেবের পার্থক্য বিস্তর। তিনি ভোজন রসিক মানুষ। নিজের সন্তাদের খাবার রুচি সম্পর্কে তিনি খুব ভালো ভাবেই জ্ঞাত। তবে তূর্ণা কেন খাচ্ছে না এটা তিনি ভেবে পাচ্ছেন না। তিনি কৌতুহল নিয়ে আদুরে গলায় বললেন,
-“খাচ্ছো না কেন মা? রান্না ভালো হয়নি?”
-“না। রান্না চমৎকার হয়েছে।”
-“তাহলে নাও আরেকটা চিংড়ি নাও।”
-“না আর লাগবে না।”
তূর্ণার জড়তা মিশ্রিত উত্তরে অমায়িক হাসলেন রহমান চৌধুরী। নিজেই দুটো বড় সাইজের চিংড়ি মাছ তুলে দিলেন তূর্ণার পাতে। তূর্ণা কৃতজ্ঞতা সজল চোখে তাকিয়ে রইলো। বাবা ছাড়া এতোটা আহ্লাদ তাকে কেউ কখনো করেনি। রহমান চৌধুরী নিজের মনে জমানো সবটুকু স্নেহ কন্ঠে ঢেলে দিয়ে বললেন,
-“কি দেখছো? খাও।”
-“এইতো খাচ্ছি।”
রহমান চৌধুরী শেষ পাতে ডাল নিয়ে ভাত মেখে মুখে পুরে দিলেন। খাবার চিবুতে চিবুতে বললেন,
-“খাও খাও। এতোসব আয়োজন তো তোমার জন্যই?”
বাক্যটি শুনে ভালো লাগায় ছেয়ে গেলো তূর্ণার মন। এতোসব আয়োজন তার জন্য? সে তো এর একভাগ খাবারও কখনো একসাথে দেখেনি। টেবিল ভর্তি করে রাখা এতো আইটেম তার জন্য রান্না করা হয়েছে? সে এতো গুরুত্বপূর্ণ? নিজেকে বরাবর তুচ্ছ ভেবে আসা তূর্ণা হঠাৎই নিজেকে নিয়ে প্রশান্তি অনুভব করলো। খুবই পুলকিত হলো তূর্ণার মন। অন্তঃপুরে সুখ সুখ বাতাস বইতে লাগলো। নিজের বর্তমান অবস্থানের জন্য শুকরিয়া আদায় করলো মনে মনে।
অধ্যায় খাওয়া শেষ করে উঠে যাচ্ছিলো। রহমান চৌধুরী ইশারায় তাকে বসতে বললেন। পিতার আদেশ পালন করার প্রয়াসে অধ্যায় অনিচ্ছা সত্ত্বেও বসলো। তার পাশেই বসেছে তূর্ণা। রহমান চৌধুরী খাওয়া শেষ করে বললেন,
-“তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমার।”
-“কি গুরুত্বপূর্ণ কথা?”
শাম্মির ঝটপট ফিরতি প্রশ্ন। অধ্যায় এবং তূর্ণার চোখেও কৌতুহলপূর্ণ প্রশ্নের আভাস। রহমান চৌধুরী নড়েচড়ে বসলেন। এরপর গম্ভীর কন্ঠে বললেন,
-“আমাকে একটু চট্টগ্রাম যেতে হবে। কয়েকদিন থাকব সেখানে। আসলে এই বিয়ের চক্করে ব্যবসায় খুব একটা সময় দিতে পারিনি। ক্ষতি হয়ে গেছে ভীষণ।”
অধ্যায়ের ব্যবসা নিয়ে এতো আগ্রহ নেই। তার আগ্রহ সব প্রেম নিয়ে। কোন মেয়েটি তাকে ভালোবাসে,তাকে দেখে মিটিমিটি হাসে, কে তাকে প্রেমপত্র দেয় এসব নিয়ে গবেষণা করেই তার দিন কেটে যায়। সে ভাবালেশহীন ভাবে জিজ্ঞেস করলো,
-“কবে যাবে?”
-“আজকে।”
-“কি বলছো? আজই?”
-“হ্যাঁ।”
অধ্যায় আর কথা বললো না। তার কাজ পাগল পিতা যে কারো বারণ শুনবে এমনটাও নয়। বাবা চলে যাবে শুনে একদিকে প্রশান্তিও পেলো অধ্যায়। খালি বাড়িতে মেয়েটাকে যাচ্ছেতাই ভাবে অপমান করা যাবে। তূর্ণাকে অপমান করাটাই যেন তার জীবনের প্রধান লক্ষ্য। তাছাড়া এতোদিন তাকে নজরবন্দি করে রাখা হয়েছিলো। আজ থেকে তবে সে মুক্ত স্বাধীন পাখি। যখন যেখানে খুশি ওড়ে বেড়াবে। মা-বাবা দূরে মানেই অফুরন্ত স্বাধীনতা। অধ্যায় মূহুর্তেই মনে মনে একটা ট্যুর প্ল্যান করে ফেলল। এলিনাকে নিয়ে কক্সবাজার ঘুরে আসা যায়। মেয়েটা অনেকদিন থেকেই চাচ্ছিলো একান্তে সময় কাটাতে। এবার আর বাধা নেই। অবশ্য একটা ছোট সমস্যা আছে। অধ্যায় বিয়ে করেছে এই সংবাদ শুনে এলিনার রিয়েকশন কি হবে কে জানে?
রহমান চৌধুরী নম্র ভাবে বললেন,
-“তোমরা হয়তো নিজেদের এমন ঘরোয়া বিয়ে হয়েছে বলে মন খারাপ করেছো। কিন্তু চিন্তার কিছু নেই। তোমার শাশুড়ী দেশে ফিরলে ধুমধাম করে বিয়ের আয়োজন করব।”
শেষোক্ত বাক্যটি তূর্ণাকে লক্ষ্য করে বললেন তিনি। তূর্ণা মুচকি হেসে সম্মতি দিলো। তবে রহমান চৌধুরী খেয়াল করলেন তূর্ণার চোখে-মুখে উদভ্রান্ত ভাব। সে যেন কিছু বলতে চাচ্ছে। জড়তা-সংকোচ কাটিয়ে বলে উঠতে পারছে না। রহমান চৌধুরী অভয় দিয়ে বললেন,
-“কিছু বলবে তুমি?”
-“না মানে, আংকেল...”
-“বাবা বলো। শশুরকে বাবা বলতে হয় জানো না?”
তূর্ণার বুক ভরে উঠলো আনন্দে। সে যে আবার বাবা ডাকতে পারবে এটাই ছিল কল্পনাতীত। তূর্ণার মনে হলো জীবনের সবটুকু সুখ একবারে পেয়ে গেছে সে। অবশ্য ক্ষীণ একটা আক্ষেপ রয়ে গেছে। স্বামী নামক আসামীটা তাকে ভালোবাসছে না। না বাসুক। এতটুকু আক্ষেপ সে পুষিয়ে নেবে। এতো পাওয়ার ভীরে ওই না পাওয়াটা হয়তো ফিকে হয়ে মিশে যাবে বাতাসে। তূর্ণা আবেগে ভরা স্বরে ডাকলো,
-“বাবা!”
-“হুম মা বলো।”
-“আসলে আমার ভর্তি পরীক্ষা সামনে। আপনি বলেছিলেন...”
রহমান চৌধুরী হঠাৎ মনে পরেছে এমন ভঙ্গিতে বলে উঠলেন,-“ওহ হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। অধ্যায় শোনো, তূর্ণাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া থেকে শুরু করে ভর্তির সকল প্রক্রিয়া তুমি দায়িত্ব নিয়ে সম্পন্ন করবে আমি আশা করি।”
অধ্যায় বিরক্তি নিয়ে বলল,
-“আমি?”
-“হ্যাঁ তুমি। কেন নয়? ও তোমার স্ত্রী। স্ত্রীর দায়িত্ব নেওয়া স্বামীর কর্তব্য। আমার ছেলে হয়ে তুমি সেটা অস্বীকার করতে পারো না। সেই শিক্ষা তোমাকে দেই নি আমি।”
অধ্যায় তীব্র অনিচ্ছা নিয়ে তাকিয়ে রইলো। তার খুব বলতে ইচ্ছে করলো,
-“এতো যে স্ত্রীর সম্মানের কথা বলছো, নিজের স্ত্রীকে না জানিয়ে ছেলের বিয়ে দিলে কোন আক্কেলে? তখন দায়িত্ব কর্তব্যের কথা মাথায় ছিলো না তোমার? আম্মু দেশে আসলে যে টর্নেডো বয়ে যাবে তখন দেখবো কিভাবে সামলাও। বাড়িতে টিকতে পারলে হয়।”
নিজের মনের উগ্র ভাসনা তীব্র চেষ্টায় নিয়ন্ত্রণ করলো অধ্যায়। তার এই মুহুর্তে মরে যেতে ইচ্ছে করছে। এই মেয়েটাকে নিয়ে তাকে রাস্তায় বেরুতে হবে? লোকে দেখলে নিন্দে করবে। বলবে, দেখো এতো সুন্দর ছেলের পাশে এমন কালো বউ। বানরের গলায় মুক্তোর মালা। এই মালাকেই নাকি ছিঁড়ে ফু দিয়ে বাতাসে উড়িয়ে দেয় গেঁয়ো ভূতটা।
শাম্মি খাওয়া শেষ করে বলল,
-“আমিও আজই হোস্টেলে ফিরে যাব।”
-“তুই কেন আজ চলে যাবি?”
-“আমার এক্সামের ডেট দিয়ে দিয়েছে। বাড়িতে থেকে পড়াশোনা হবে না ভাইয়া।”
শাম্মি চলে যাবে শুনে তূর্ণার প্রচন্ডরকম মন খারাপ হলো। এই পুরো বাড়িতে কুধ্যায় চৌধুরীর সাথে একা থাকতে হবে তাকে? লোকটা যদি তাকে নির্যাতন করে? অধিক অপছন্দের দরুণ মে’র-টেরে গাঙ্গে ভাসিয়ে দেওয়াটা অসম্ভব কিছু নয়। সে ভীত হলো। অনুরোধের স্বরে বলল,
-“প্লিজ আপু,তুমি থেকে যাও। আমার একা একা ভয় করবে?”
-“দূর পাগলি ভয় কেন করবে? ভাইয়া আছে না!”
তূর্ণা বিরবির করে বলল,
-“আমার সমস্ত ভয় তো উনাকে নিয়েই।”
-“কিছু বললে?”
-“তুমি থেকে যাও প্লিজ। একা একা ভালো লাগবে না আমার।”
শাম্মি তূর্ণার বাহু ধরে কাছে টেনে নিলো। অত:পর কানের কাছে ফিসফিস করে বলল,
-“ফাঁকা বাড়িতে রোমান্সের অনেক সুবিধা আছে বুঝলে?”
শাম্মির ইঙ্গিতপূর্ণ কথা তূর্ণা লজ্জিত হলো। অপ্রস্তুত ভঙ্গিতে সে দূরে সরে এলো। তার কান দিয়ে গরম ধোঁয়া বেরুচ্ছে। কুধ্যায় চৌধুরীর সাথে খালি বাসায় থাকলে রোমান্স তো হবেই না উলটো খু-নো-খু-নি হয়ে যাবার ভয় প্রবল। তূর্ণা মনে মনে বলল,
-“রোমান্স! তাও আবার উনার সাথে? আল্লাহ মাফ করুন। উনি যেই কাঠখোট্টা মানুষ। কবে জানি উনার মাথা-মন্ডু ফাটিয়ে দেই আমি।”
-চলমান-
📌[ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর থেকে এদের মা'রা'মা'রি পর্ব আসবে।🌚]