ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 14

লেখক: আলিফা তাসনিম রিতা

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা

১৫.

নিকোষ কালো রাতের আকাশে এক ফালি রুপোলী চাঁদের আলো জ্বলজ্বল করছে! শান্ত নিস্তব্ধ চারিপাশে ঝিঁঝি পোকার ডাক সাথে মৃদু পবন তনু মনের ক্লান্ত দুর করে প্রশান্তি এনে দেয়। যদিও শহরে রাতের ছবি ভিন্নরকম৷ উঁচু-উঁচু ইমারত, নানারকম আলোকসজ্জা, কোলাহল নিস্তব্ধতা কে ঢেকে দেয়৷ তবুও রাত যেনো সারাদিনের ব্যস্ততাতে একটুখানি আরাম পরশ দিয়ে যায়। মিথিলাদের বাড়ি থেকে রিদিতা কিছুক্ষণ আগেই ফিরেছে। ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে হাত পা মুছলো।ড্রেসিং টেবিলের সামনে বসে তার লম্বা চুল গুলো আচড়াতে লাগলো৷ তখনই আসমা বেগম উষ্ণ গরম তেলের বাটি হাতে রুমে এলো।

-“ রিদি আয় তোর চুলে তেল দিয়ে দি। আমার মাথা ব্যথা করতেছে। "

রিদিতা মায়ের কথায় হেসে বলল -“ তোমার মাথায় ব্যথা তুমি তেল দাও আমার মাথায় কেনো? "

-“ চুল গুলোর কি অবস্থা দেখেছিস! কতদিন তেল দেস না চুলে?কাকের বাসা হয়ে আছে৷ তেল দিলে আমার শান্তি লাগবে। "

-“ মা আমি একদমই তেল দিবো না৷ "

-“ চুপ! এদিকে আয়। পাটের আশ বানিয়ে ফেলছে চুল গুলো কে৷ '

আসমা বেগম রিদিতা কে ধরে বেধে তেল দিতে লাগলো৷ রিদিতা বিরক্তিতে মুখ কুচকে রাখলো৷

-“ বুঝবি বুঝবি মা যেদিন থাকবো না সেদিন বুঝবি মায়ের মর্ম। "

-“ একদম চিপচিপা করে তেল দিবে না বলে দিলাম।"

-“ তুই আমাকে বলবি কি করতে হবে? আমি মা না তুই মা? "

-“ যা তোমার ইচ্ছে হয় করো! "

হাল ছেড়ে দিলো। সে জানে আসমা বেগম তেল তার মন মতো না দেওয়া অব্দি সে নিস্তার পাবে না৷ তাই নিজ মনে ফোনে ফেসবুক স্ক্রল করতে লাগলো। বান্ধবীদের সাথে কাটানো কিছু মুহুর্তের ছবি ফেসবুকে আপলোড করলো।

আসমা বেগম বিষয়টি দেখে বেশ রাগ করলেন।

-“ ফেসবুকে ছবি না দিলে কি হয় না? "

-“ কি সমস্যা? সবাই আজকাল নিজেদের ছবি শেয়ার করে। "

-“ গুনাহ হয়! মানুষ বদ নজর দেয়। "

-“ কিছুই হবে না তুমি এতো ভেবো না। "

-“ আমাকেই তো ভাবতে হবে। এ পৃথিবীতে মায়ের চেয়ে তার সন্তানের ভালো কেউ চায় না। যেদিন মা হবি সেদিন বুঝবি মায়ের কষ্ট।

তেল দেওয়া হতেই রিদিতার চুল গুলো একত্র করে হাত খোঁপা করে উঠে গেলো। রিদিতা তেল মুছে পড়ার টেবিলে যেয়ে বসলো। আজ সারাদিন সে একটুও লিখে নি৷ প্রতিদিনে অন্তত পাঁচ মিনিট সে তার লিখালিখি তে দেয়। টেবিলের সেলফ থেকে ডায়রি টা নিয়ে খুলল৷ কলম কামড়ে ভাবতে লাগলো কি লিখা যায়। অনেকক্ষণ ভাবতে ভাবতে তার মাথায় কিছু একটা এলো। কলমের খসখস শব্দে ডায়রির পাতায় লিখতে লাগলো। তবে মন মতো হলো না, কিছু না পেয়ে বিরক্ত হয়ে ডায়েরি বন্ধ করলো।

ফোন হাতে নিয়ে আবারো ফেসবুকে ঢুকলো। স্ক্রল করতে করতে একটা পোস্ট তার সামনে এলো এক বৃদ্ধা মহিলা ও এক যুবতী নারীর হাতে চুড়ি ও নেইল পলিশ। ক্যাপশনে দেওয়া "তারপর শখের বয়স ফুড়িয়ে যায়। " পোস্ট টি দেখা মাত্রই রিদিতার মাথায় চট করে এক আইডিয়া এলো সে উৎফুল্ল মেজাজে লিখা শুরু করলো।

“অতঃপর”

অতঃপর সব পরিবর্তন হয়ে যাবে, পড়ার টেবিলের উপর সবুজ বোতলে; যত্ন করে পানি দিয়ে ভিজিয়ে রাখা গোলাপ টাও মুর্ছে যাবে। বইয়ের ভাজে গল্প উপন্যাসের বই লুকিয়ে পড়ার অভ্যাস টা আর থাকবে না।অতঃপর বারান্দায় লাগানো যত্ন করে রাখা বেলী গাছ টা তার আয়ুষ্কাল শেষে ঝরে পড়বে।আয়নায় নিজেকে বারবার পরোখ করা আনন্দের সেই ইচ্ছে টা আর থাকবে না। কপালে টিপ, হাতে কাঁচের চুড়ি ও শাড়ি কোনোটাই আর পড়তে ইচ্ছে করবে না। পুরনো বন্ধুত্ব, আড্ডা, হাসি, কান্না একসাথে বুনা স্বপ্ন গুলো ধুলাতে চাপা পড়ে যাবে।লুকিয়ে রাখা প্রেমিকেও হৃদয় থেকে মুছে যাবে।যা একসময় খুব প্রিয় ছিলো সময়ের সাথে সাথে তা আর প্রিয় থাকবে না,অবাঞ্বিত জঞ্জাল হয়ে আস্তাবলে পড়ে থাকবে।কোনো ইচ্ছে থাকবে না, আকাঙ্খা থাকবে না আপাদমস্তক তুমি পাল্টে যাবে। অতঃপর? অতঃপর বলে আর কিছুই থাকবে না। জীবন কখন কোন বাকে যায় কেই বা বলতে পারে কতদিন আছি কতদিন থাকবো তা কেই বা জানে? যতটুকু আছে শ্বাস ফুরিয়ে যাওয়ার আগে করে সকল ইচ্ছে পূরণ করো কে জানে অতঃপর কি হয়?

লিখাটা দু-তিনবার রিদিতা পড়লো। বানান টানান ভুল আছে কি না দেখে নিলো। তারপর পোস্ট করলো৷ আহ! এখন শান্তি লাগছে তার। ফোন টা রেখে বুকশেলফের দিকে গেলো৷ আজ যেহেতু সময় আছে তাই সে ভাবলো বই পড়া যাক। রাত জেগে বই পড়বে। তার জন্য কফি দরকার। রিদিতা দৌড়ে রান্নাঘরে গেলো। ফ্রীজ থেকে দুধের বোতল বের করে পাত্রে ঢাললো। ড্রয়ার থেকে লাইটার নিয়ে চুলা ধরালো। পাত্র বসিয়ে দিয়ে ভাবতে লাগলো কি খাওয়া যায়। চট করে মাথায় এলো পাস্তার কথা। যেই ভাবা সেই কাজ আরেক পাত্রে পাস্তা বসিয়ে দিলো৷ ফ্রীজ থেকে চিকেন কিমা বের করে রান্নার যাবতিয় যা যা প্রয়োজন সব গুছিয়ে রাখলো৷

আসমা বেগম নিজের শোবার ঘর থেকে রান্নাঘরের টুঙ টাং শুনছিলো৷ তাসবিহ পড়া থামিয়ে চেচিয়ে বলল -“ রান্নাঘরে কি করিস তুই রিদি? "

-“ কফি বানাই। "

-“ এতো রাতে কফির কি প্রয়োজন? রাতের সময় টা আল্লাহ দিয়েছে ঘুমানোর জন্য! তোর ফোন টিপার জন্য নয়। ঠুকঠাক রেখে ঘুমা৷ "

-“ উফফ মা! তুমি ঘুমাও তো! "

-“ কথা কানে তোলে না এখনকার ছেলেমেয়েরা৷ আরেক নালায়েক কে দেখো কানে ইয়ারফোন গুজে গেমস খেলছে।মাবুদ তুমি হেদায়েত দাও এদের। "

আসমা বেগম বিরবির করতে আবারো তাসবিহ জবতে লাগলেন৷ রিদিতা নিজের মনমতো করে হোয়াইট সস পাস্তা ও কফি বানিয়ে তার নিজের ঘরে গেলো। সেলফ থেকে প্রিয় উর্দু লেখক উমেরা আহমেদ এর উপন্যাস " আমারবেল " বের করে রাখলো। আজ সে এটা পড়বে।

-

মধ্যরাতের নিরবতা বাতাসে গুঞ্জিত হচ্ছে। চারিপাশ নিস্তব্ধ! তারমাঝে কয়েকজন যুবকের গানের কন্ঠ শোনা যাচ্ছে।

" বেহিজানা ওহ সামনে আ গয়ে,
বেহিজানা ওহ সামনে আ গয়ে,
ঔর জওয়ানি জওয়ানি সে টকরাগয়ে।
আঁখ উনকি লড়ি ওহ মেরি আঁখ সে,
আঁখ উনকি লড়ি ওহ মেরি আঁখ সে,
দেখ কর ইয়ে লড়াই মজা আ গয়া।

ফ্ল্যাটের ড্রয়িং রুমে বসে শুভ্রব, ইমতিয়াজ, সাদাফ, রিহাম মিলে গান গাচ্ছিলো৷ তারা একত্রিত হয়েছিলো তাদের এন্থলজি এলবামের গান নিয়ে আলোচনা করতে, তার ফাঁকে ফাঁকে গান আড্ডা দিচ্ছিলো।
অন্ধকার লিভিং রুমে চাঁদের আলোতে চার শুভ্র পুরুষ কায়ার কন্ঠস্বর গুঞ্জিত হচ্ছে।

রিদিতা বই পড়ছিলো। বারান্দার জানালা টা খোলা থাকায় গানের সুর ভেসে আসছিলো। রিদিতা বই পড়ার মাঝে গানের সুর শুনতে পেলো। গানের সুরে তার বই পড়ার তাল কেটে গেলো।

-“ এতো রাতে কারা গান গাইছে আগে তো শুনি নি। "

নিজের মনে মনে আওড়ালো রিদিতা তারপর কাঁধ উচিয়ে বেপাত্তা করে মনোযোগ নিবন্ধ করলো বইয়ের পাতায়।

.

-“ এলবামের পোস্টার ডিজাইনিং প্রায় শেষের দিকে তপন ভাই জানালো কালকে ফটোস্যুট করবে।

গান থামিয়ে সাদাফ বলে উঠলো।

শুভ্রব ভারী কন্ঠে বলল -“ কখন? "

-“ বিকাল চারটা পাচটা নাগাদ "

-“ ওহ শিট! আমার কাজ আছে ওই সময় তাকে অন্য সময় ফিক্স করতে বল। "

-“ কি কাজ তোর? "

-“ আছে কাজ। তুই তপন ভাই কে বল নেক্সট ডে স্যুট রাখতে ডে লাইটে

-“ ওকেহ! যেমন টা তুই বলিস। "

-“ ট্রিজার লঞ্চ কবে?"

-“ নেক্সট উইক "

-“ অলরাইট! "

তাদের কথার মাঝে দমকা হাওয়া বারান্দা ভেদ করে রুমে প্রবেশ করলো। বারান্দার দরজা, জানালা ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। ইমতিয়াজ উঠে দাড়ালো বারান্দার দরজা আটকাতে। বারান্দা দিয়ে আকাশের দিকে তাকালো। আকাশ মেঘলা ও অন্ধকার হয়ে আছে। রাতে বৃষ্টি হতে পারে। আকাশ থেকে চোখ ফিরাতেই তার নজর গেলো রিদিতার বারান্দায়। ইমতিয়াজ হালকা হাসলো। বারান্দার দরজা বন্ধ করে সে ভিতরে এলো।

-“ শুভ্রব বারান্দার ওপারের দৃশ্য টা কিন্তু খুব সুন্দর। বাগান বিলাস ফুল, খোলা বারান্দা আর বারান্দার ওপারে..... "

সাদাফ আন্দাজ করতে পারলেও রিহাম বলদের মতো ওদের দিকে তাকিয়ে আছে। তবে শুভ্রব ভাবলেশহীন। ইমতিয়াজের ঠাট্টায় সে নিরুত্তর।

-" ভাবছি একটা গান লিখবো বন্ধুর বাড়ির পাশে আমার বাড়ি, দেখতে লাগে তারে কি সুন্দরী, মন টা আমার বাগনবিলাসি, আমি তারে ভালোবাসি। "

ইমতিয়াজের হাস্যকর গানে শুভ্রব হো হো করে হেসে উঠলো। মাথায় চাটি মেরে বলল -“ নাক আর কাটাস না ভাই তুই থাম! "

সাদাফ মজা করে বলল -“ ভাবছি কেমন লাগবে দেখতে নাক কাটা ইমতিয়াজ! "

তিন বন্ধু হাসতে লাগলো। ইমতিয়াজ মুখ বাকিয়ে বলল -“ ডোন্ট আন্ডারিস্টিমেট মি! একদিন দেখিস আমি বিশাল বড় কম্পোজার হবো। "

রিহাম হাসি থামিয়ে বলল -“ সেই দিন যেনো দেখতে না হয় "

ইমতিয়াজ তাদের তোয়াক্কা না করে শুভ্রব কে উদ্দেশ্য করে বলল,,

-“ কাহিনি কি সত্য নাকি? "

-" জাসুসি কম কর। "

-“ জাসুসি তো করতেই হবে মোস্ট অ্যডোরেবল বয় কারো গোপন প্রেমে পড়েছে। একটু তো কিওরিওসিটি হবে বাছা। "

রিহাম আশ্চর্যান্বিত হয়ে বলল -“ কি! প্রেম তাও শুভ্রব? "

-“ অবিশ্বাস্য হলেও সত্য! "

শুভ্রব দুইজন কে ধমক দিয়ে বলল -“ নিজের চর্কায় তেল দে। অনেক রাত হয়েছে এখানে থাকবি না চলে যাবি?আমি ঘুমাবো ঘুম পাচ্ছে। "

হাই তুলতে তুলতে বলল শুভ্রব। ইমতিয়াজ তোয়াজ না করেই বলল

-“ বলে দিস না কেনো?তোর তো রিজেক্ট হওয়ার সম্ভাবনা নেই। শুভ্রব বলতেই তো নারীরা তার হৃদপিণ্ড, কলকব্জা সব উজার করে দেয়। "

শুভ্রব উঠে দাড়িয়ে ডাইনিং টেবিলের দিকে গেলো৷ পানির জগ থেকে পানি গ্লাসে ঢালতে ঢালতে বলল -“ সে সবার মতো নয়, সে অন্যতম! "

-“ ইমম...তবে পছন্দ আছে বলতে হবে! "

-“ আই নৌ! "

হালকা হাসলো শুভ্রব।

-

কিছু কিছু দিন এমন থাকে কোনো কিছুই মন মতো হয় না। মেজাজ খিটখিটে থাকে মন বিষন্ন থাকে কোনো কারণ ছাড়াই৷ রিদিতার দিনটাও তেমন। আজ অকারণ তার মন মেজাজ খারাপ! সারাদিন ক্লাস, ল্যাব শেষে বাড়ি ফিরছিলো। রাস্তায় একা একা আনমনে হেঁটে চলছে কি জানো ভাবতে ভাবতে। সারাদিনে তার একটুও ফুরসত নেই। ভার্সিটি, টিউশন, পড়াশোনা সব মিলিয়ে তারউপর দিয়ে যেনো বুলডোজার চলে। শরীরের ক্লান্তি থেকে মনের ক্লান্তি যেনো তার মন ভারী করে তুলেছে। মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে দুরে কোথাও চলে যেতে যেখানে সে একটু স্বস্তিতে জিড়োতে পারবে, কোনো দুশ্চিন্তা থাকবে না, টিউশনের চাপ থাকবে না, মানসিক অশান্তি থাকবে না। কিন্তু তার ভাগ্যে এ শান্তি কই।

হাটতে হাটতে টিএসসি তে এসে বসলো। আজ সে একা তার বান্ধবীদের কেউ ই আজ ক্লাসে আসে নি। একাকিত্ব অবশ্য রিদিতার মন্দ লাগে না। সে চায়ের অর্ডার দিলো। আকাশটাও মেঘলা, রিদিতা আকাশের দিকে তাকিয়ে মেঘ দেখতে লাগলো।কি সুন্দর! নরম তুলতুলে মেঘেরা ভেসে বেড়াচ্ছে মুক্ত আকাশে। কোনো বাঁধা নেই কোনো চিন্তা নেই। ইশশ! তারকাছে যদি ডোরেমনের সে গ্যাজেট টা থাকতো, তাহলে সেই স্প্রে দিয়ে মেঘের বিছানা বানাতো তারপর সে নরম তুলতুলে বিছানায় আরাম করে শুয়ে থাকতো নবিতার মতো। হাহ্! তবে না আছে ডোরেমন আর না আছে সে গ্যাজেট। নিজের খেয়ালে নিজেই আনমনে হাসলো রিদিতা।

-“ রিদিতা না? "

কারো ডাকে রিদিতা পিছে ফিরলো। সামনে দাড়িয়ে আছে অবন্তি। অবন্তী রিদিতার স্কুল জীবনের বন্ধু।রিদিতা অবন্তী কে দেখে মিষ্টি হাসলো। দুজন দুজনকে আলিঙ্গন করলো।

-“ কেমন আছিস? "

-“ আলহামদুলিল্লাহ ভালো! "

-“ কতদিন পর দেখা হলো। তুই তো খোজ খবরও রাখিস না৷ ভুলে গেছিস এভাবে? "

-“ সবার এখন নিজ নিজ জীবনে ব্যস্ততা আছে খোজ নেওয়ার ফুরসত কই?"

-“ তুই কি এখনো অভিমান করে আছিস রিদি? "

রিদিতা থমকালো। হৃদয়ের অন্তরালে পুরনো কোনো ক্ষত টা যেনো সূক্ষ সূচের মতো বিধলো। রিদিতা সম্ভবত এ কারণেই পুরনো কারো সাথেই যোগাযোগ রাখে নি। পুরনো মানুষ জীবন ফিরে এলে পুরনো ক্ষতগুলো কে তাজা করে দেয়।

-“ পুরনো কোনোকিছুই আমি মনে রাখিনি এতে ক্ষোভ তৈরী হয়। রাগ ভালো, তা প্রকাশ করে দিলেই শান্ত হয়ে যায় কিন্তু ক্ষোভ মানুষ কে ভেতর থেকে জ্বালিয়ে অঙ্গার করে দেয়। "

-“ খুব কঠিন কথা বলতে শিখে গেছিস। "

-“ জীবন শিখিয়েছে। "

ক্লান্তি হাসি হাসলো রিদিতা। চা ওয়ালা পিছন থেকে রিদিতা কে ডাকদিলো। -“ আপা! আপনাগো চা। "

-“ ওহ! হ্যা দিন। "

রিদিতা ও অবন্তী চায়ের দোকানের বেঞ্চে বসলো৷ রিদিতা চায়ে চুমুক দিলো। টিএসসির চা যে খুব আহামরি তা না তবে খুব খারাপও না৷

-“ কোথায় পড়ছিস এখন? "

অবন্তী কে প্রশ্ন করলো রিদিতা। অবন্তী কিছু একটা ভাবছিলো রিদিতার ডাকে তার ধ্যান ভাঙলো -“ হু! কিছু বললি? "

-“ বললাম কোথায় পড়ছিস? "

-“ বিয়ের পর আর পড়াশোনা কিসের?"

-“ বিয়ে হয়ে গেছে তোর? দেখে বোঝা যায় না। "

অবন্তী হাসলো। রিদিতা খেয়াল করলো সে হাসিতে জৌলুশ নেই। রিদিতা অবন্তীর হাতে উপর তার হাত রাখলো।

-“ বর কি করে?"

-“ প্রবাসী। "

- “ কোথায় থাকিস এখন? "

-“ বাবার বাড়ি থাকি। শ্বশুর-শ্বাশুড়ি ভালো না তাই চলে এসেছি। "

রিদিতার আফসোস হলো। সে নম্র স্বরে জিজ্ঞেস করলো -“ ভাইয়া কেমন? " বিনিময়ে অবন্তী মেকি হাসলো। রিদিতা বুঝলো, বেশি প্রশ্ন করলো না। রিদিতার খুব খারাপ লাগলো! বিয়ের পর স্বামী ভালো হলে কোনো নারীর দুঃখ থাকে না। আর যদি স্বামী ভালো না হয় সে নারীর জীবন জাহান্নাম! রিদিতার ভয় হয় না জানে তার ভাগ্যে কি আছে। সে দীর্ঘশ্বাস ছাড়লো।

-“ এখন কি করিস? "

-“ আছি বাবার বাড়িতেই আছি বোঝা হয়ে। "

-“ তুই ভালো আছিস অবন্তী? "

রিদিতার প্রশ্ন টা শুনে অবন্তীর চোখে পানি ছলছল করে উঠলো। সে রিদিতা কে জড়িয়ে ধরলো৷ তার খুব কাঁদতে ইচ্ছে করলো। রিদিতা বুঝলো অবন্তী কেঁপে কেঁপে উঠছে। কাদছে সে। কাঁদুক কাদলে মন হালকা হবে৷ এ পৃথিবীতে জড়িয়ে ধরে কাঁদার মতো মানুষের বড় অভাব৷ অবন্তী মন খুলে বেশকিছুক্ষন কাঁদলো৷

-“ জানিস রিদি আমার তোর কথা খুব মনে পড়ে। তুই ছিলি যে সবসময় আমার মন খারাপে আমার কষ্টের দিনে আমার সাথে থাকতি। আমার কথা শুনতি। মন খুলে তোকে সব বলতাম। অথচ কারো প্ররোচনায় পড়ে তোকে ভুল বুঝেছিলাম। আমি না অনেকদিন হলো মন খুলে কথা বলতে পারি না। হাহাকার জমে আছে। আমার খুব লজ্জা হয় সেদিনগুলো মনে পড়লে। "

-“ বাদ দে সব! আর বলতো কি হয়েছে? মন খুলে বল আমি আজও একই আছি। "

-“ আরেকদিন বলবো। তোর সাথে দেখা করে মন টা ভালো হলো। আন্টি কেমন আছে তার হাতের আলুর দমের কথা খুব মনে পড়ে। মনে আছে তুই একদিন বিশাল টিফিনবক্স ভরে আলুর দম পরোটা এনে পুরো ক্লাস কে খাইয়েছিলি। "

-“ তা আর বলতে! মনে আছে রুবি কি করেছিলো? এক বাটি তো সে নিজেই একা সাবাড় করে ফেলেছিলো লুকিয়ে "

রিদিতা ও অবন্তী দুজনেই হেসে উঠলো।

-“ সত্যি রুবি, তুই আমি মালু কত মজার দিন কাটিয়েছি। আচ্ছা রিদি তোকে একটা প্রশ্ন করি? "

-“ কি? "

-“ মালিহা কে তুই ক্ষমা করতে পেরেছিস? "

-“ সে নামের কাউকে আমি চিনি না। "

-“ মালিহা তোর সাথে যোগাযোগ করতে চায় "

-“ অপরিচিত কারো সাথে আমি কথা বলি না। "

-“ তুই যে বললি সব ভুলে গেছিস তাহলে কেনো? "

রিদিতা হালকা হাসলো। অবন্তীর দিকে তাকিয়ে বলল -“ যে বন্ধু ছলনা করে, যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে, যে বন্ধু বদনাম করে, যে বন্ধু প্রতিদ্বন্দিতায় ঈর্ষান্বিত হয়ে পিঠে ছুড়ি মারে তাকে মনে রাখবো? "

-“ ও ক্ষমা চায়! "

-“ ক্ষমা কি এতোই সহজ? কাউকে খুন করার পর যদি বলি তোমাকে খুন করার জন্য আমি ক্ষমাপ্রার্থী তাহলে কি সে বেঁচে ফিরবে। কিছু,কিছু ক্ষতির কোনো ক্ষতিপূরণ হয় না। "

রিদিতা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে৷ তার শরীর কাঁপতে থাকে। চোখ লাল হয়ে আছে তার। অবন্তী রিদিতার পিঠে হাত রাখলো।

-“ শান্ত হ!"

রিদিতা নিজের চোখের পানি মুছলো। দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। তন্মধ্যে অবন্তীর ফোন বেজে উঠলো।

-“ মা ফোন করেছে রে দোস্ত! আমাকে যেতে হবে। বাচ্চাটা কে বাড়িতে রেখে এসেছি। "

-“ বাবু আছে নাকি? "

রিদিতা অবাক হয়ে জিজ্ঞেস করলো।

-“ হুম মেয়ে! "

-“ মাশাল্লাহ! মাশাল্লাহ! তবে মুখ ভাড় কেনো?

-“ এই মেয়ের জন্যই তো সংসারে অশান্তি! "

-“ কেনো? "

-“ মেয়ে বোঝা! "

-“ কে বলে? "

-“ শ্বাশুড়ি! "

-“ তিনি নিজেও তো নারী। "

-“ সে জ্ঞান কি সবার থাকে? চলি দোস্ত তোদের বাসার ঠিকানা দে একদিন মেয়েকে নিয়ে যাবো দেখা করতে। "

-“ আসিস! "

রিদিতা হাসি মুখে আমন্ত্রণ জানালো ও ঠিকানা দিয়ে দিলো। বিদায় বেলায় দুজনে আবারও আলিঙ্গন করলো৷ রিকশা নিয়ে অবন্তী প্রস্থান করলো।

আকাশের মেঘগুলো ধূসর হয়ে গেছে। আকাশ গুড়ুম গুড়ুম শব্দে ডেকে উঠছে বৃষ্টি নামবে। ঝড়ো হাওয়াও বইছে। দমকা হাওয়ায় ধূলো উড়ছে, চোখে এসে পড়ছে সে ধূলো৷ আশেপাশে মানুষজন ছুটোছুটি করছে। রিদিতা ভাবলো — আচ্ছা?তার মনের ঝড়ের বেগ কি প্রকৃতির ঝড়ের বেগের চেয়ে কম না বেশি। সে মুখ দিয়ে হাহ্ করে শ্বাস নিলো। চায়ের কাপ ও বিল দিয়ে হাঁটা ধরলো৷ বৃষ্টি এখনো শুরু হয়নি৷ এই মেঘলা আবহাওয়ায় তার হাটতেই ভালো লাগছে। নিজের ছোট ছোট ভালো লাগা গুলো পূরণ করতে হয়। নিজেকে এতোটাই গুরুত্ব দিতে হয় যাতে অন্য কেউ গুরুত্ব দিলো কি না দিলো তাতে যেনো কোনো আক্ষেপ না থাকে।

-

মুষলধারে রুমঝুম সুরে বৃষ্টি পড়ছে। বাসস্টপের রেলিংএ হেলান দিয়ে রিদিতা চোখ বন্ধ করে সে সুর শুনছে। বৃষ্টির তাল ও ছন্দ কি শ্রুতিমধুর যে লাগছে তার কানে। হাত বাড়িয়ে সে বৃষ্টির পানি ছুইয়ে দিচ্ছে। চোখে মুখে ছিটচ্ছে। বেশ মজা লাগছে তার! তখনই কোথা থেকে যেনো ছুটে আসতে দেখা গেলো শুভ্রব কে। বেচারা বৃষ্টিতে ভিজে একাকার৷ পড়নে ব্ল্যাক শার্ট ও ব্রাউন ফরমাল প্যান্ট। হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। রিদিতা আড়চোখে একবার সেদিকে তাকালো৷ পরক্ষণে আবার নিজের কাজে মনোযোগ দিলো৷ শুভ্রব তার ভেজা চুল গুলো হাত দিয়ে কম্ব করে ব্যাক ব্রাশ করলো। সামনের কিছু চুল কপালের কাছে এসে পড়েছে৷ সে বাসস্ট্যান্ডের বেঞ্চে যেয়ে এক পা ঝুলিয়ে আরেক পা ঝুলন্ত পায়ের উপর দিলো। দুই হাত প্রসারিত করে আরামে বসলো।

বাসস্টপে শুধু রিদিতা আর শুভ্রব। শুভ্রব নিজের মুঠোফোন টি বের করলো। মনের আনন্দে সে শিষ বাজাচ্ছে আর ফোন স্ক্রল করছে। রিদিতা আবারো তাকালো আড়চোখে। শুভ্রব বোধহয় তা খেয়াল করলো৷ শুভ্রব সামনে চাইতেই রিদিতা চোখ ফিরিয়ে নিলো৷ শুভ্রব যেনো মজা পেলো। সে হালকা হেসে আবারো শিষ বাজাতে লাগলো। রিদিতার পাশে হঠাৎই কিছু একটা কেঁপে উঠলো। প্রথমবার খেয়াল করলো না কিন্তু আবারো হলো। তার কেমন গরম লাগলো। সে পায়ের কাছে তাকাতেই চেচিয়ে উঠলো

-“ ওমা গো...! "

রিদিতার চিৎকারে শুভ্রবসহ সেই কম্পিত জিনিস টি লাফিয়ে উঠলো৷ একটি পার্শিয়ান বিড়াল গুটিসুটি মেরে রিদিতার পায়ের কাছে বসে ছিলো। সে নড়াচড়া করছিলো তাতে রিদিতা ভয় পেয়ে চেচিয়ে উঠে। বিড়ালে তার খুব ভয়। রিদিতা চিৎকারে বিড়ালও লাফিয়ে উঠে শুভ্রবের পায়ের কাছে যেয়ে বসে ম্যাও ম্যাও করছে। রিদিতা বুকে হাত দিয়ে বিড়ালের দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল

-“ এটা কি ছিলো? আত্না উড়ে গেছিলো আমার। "

রিদিতার কথায় মুখ চেপে হাসলো শুভ্রব। বিড়ালটি কে যত্ন করে দুই হাতে তুলে তার কোলে বসালো৷আদর করে গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল -“ সামান্য বিড়াল দেখে এভাবে কেউ চিৎকার করে? বিড়াল টাই তো আপনার চিৎকারে ভয় পেয়ে গেছে। "

রিদিতা শুভ্রবের কথায় মুখ গম্ভীর করে বলল -“ আমি ভয় পেয়ে ছিলাম। "

-“ দেখে তো সাহসি মনে হয় এতো অল্পতে ভয় পেলে কি চলবে? "

-“ ভয় পাওয়ার জিনিস তাই পেয়েছি। আমার বিড়ালে ভয় করে। "

-“ আচ্ছা তাই বুঝি! "

শুভ্রব গা দুলিয়ে হেসে উঠলো রিদিতার বলার ভঙ্গি দেখে। রিদিতার বিরক্ত লাগলো।

-“ হাসছেন কেনো? "

-“ হাসিও হাসার জিনিস তাই হাসছি! হাসা বারণ নাকি? "

-“ না তবে মনে হলো আপনি আমার মজা উড়ালেন। "

-“ আমি কখন আপনার মজা উড়ালাম? আস্তাগফিরুল্লাহ! "

-“ আমার ভয় পাওয়াতে উড়িয়েছেন। "

-“ এরেই বলে নারী! পুরুষের সব কিছুতে দোষ খুজে। "

রিদিতা পাল্টা উত্তর দিতে যাবেই তখনই বিড়াল টা ম্যাও ম্যাও করে শুভ্রবের গায়ের সাথে তার মুখ ঘষতে লাগলো৷ শুভ্রব ভালো করে দেখলো বিড়াল টা কে। পার্শিয়ান বিড়াল সচরাচর রাস্তায় দেখা যায় না হয়তো হবে কারো। বাড়ি থেকে হয়তো বেরিয়ে গেছে। বিড়াল টা জখমিও ছিলো। শুভ্রবের বিড়াল টা দেখে খুব মায়া হলো৷

-“ কি খিদে পেয়েছে? "

-“ ম্যাও! ম্যাও "!

বিড়াল শুভ্রবের কথার উত্তরে ম্যাও ম্যাও করে উঠলো৷ সে জানালো তার খিদে পেয়েছে। শুভ্রব বুঝলো। সে আশেপাশে তাকালো এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাস্তার ওপারে মুদি দোকান। শুভ্রবের কপালে চিন্তার ভাজ দেখা গেলো। বিড়াল টাও জখমি হালতে আছে। বৃষ্টি কমলে যাওয়া যেতো।

-“ আমার কাছে খাবার আছে ওকে খাইয়ে দিন! "

রিদিতা ব্যাগ থেকে চিকেন ফ্রাই বের করে শুভ্রব কে এগিয়ে দিলো৷ আরাফের জন্য কিনে ছিলো। বিড়ালটাকে খুদায় কাতরাতে দেখে তারও খারাপ লাগলো।

-“ আপনি না বিড়ালে ভয় পান? "

-“ ভয় পাই তাই বলে খুদায় কাতরাতে দেখে চুপ থাকতে তো পারি না৷ আপনি এটা ওকে
খাইয়ে দিন। "

শুভ্রব রিদিতার হাত থেকে চিকেনের পিস টা নিয়ে বিড়ালটা কে খাওয়াতে লাগলো। রিদিতা বসে বসে দেখতে লাগলো৷ তার কেনো জানি ভালো লাগছে এ দৃশ্য টা। বিড়াল টা খাবার চুক চুক করে খাচ্ছে। আর দেখতে বেশ কিউট।

-“ আদর করতে ইচ্ছে করছে? "

-“ নাহ!আমার ভয় করে যদি কামড়ে দেয়।"

-“ এতো ছোট বিড়াল কামড়াবে না। "

-“ তবুও! আচ্ছা ও তো জখমি কি করবেন? "

-“ বৃষ্টি কমলে ফার্মেসি তে নিয়ে যাবো। "

-“ আপনি বিড়াল পছন্দ করেন? "

-“ আমি পৃথিবীর সব প্রাণীকেই পছন্দ করি। "

হেসে হেসে বলল শুভ্রব। রিদিতা পাল্টা প্রশ্ন করলো -“ আচ্ছা ওর মালিকের খোজ করবেন না? "

-“ এত বড় শহরে কার বিড়াল কিভাবে খুজবো তবে দেখবো দুই তিনটা গ্রুপে পোস্ট করে। ততোদিন আমার কাছে রাখবো। "

ক্রমান্ন

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণ
—#আলিফা_তাসনিম_রিতা
শব্দসংখ্যা ২৯২৩
#শুভ্রব #রিদিতা #উপন্যাস

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 14 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন