ফন্ট সাইজ:
থিম:
মেঘরঙ্গনের সন্ধিক্ষণে

পর্ব 36

লেখক: আলিফা তাসনিম রিতা

৩৬.

স্কুলের টিফিন টাইম। চারিদিকে শোরগোল,হইচই-তে ভরপুর।স্কুল মাঠে বাচ্চারা দৌড়াদৌড়ি খেলছে,কয়েকজন শিক্ষার্থী মেইন গেটের সামনে লাইন ধরে দাড়িয়ে আছে ঝালমুড়ি, ফুচকা কিনতে৷ কেউ,কেউ গান গাইছে দল হয়ে মাঠে বসে তো কেউ,কেউ আড্ডা দিচ্ছে। রিদিতা টিফিনে বিস্কুট এনেছে, লাইব্রেরিতে বসে-বসে খাচ্ছে আর পড়ছে।যতটা পারছে নিজেকে গুছিয়ে নিচ্ছে।তার উপর তার মায়ের অনেক বড় ঋণ। ভালো ফলাফল উপহার দিয়ে মায়ের ঋণ মেটাতে হবে৷

গতকাল আসমা বেগম, বাজারের সামনের স্বর্ণকারের দোকানে গিয়েছিলো৷ আসমা বেগমের মায়ের দেয়া সোনার চেইন বিক্রি করতে৷ মেয়েটার সামনে পরীক্ষা এসময় ভালো, মন্দ খাবার দরকার৷ প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়া দরকার৷ সারাদিন পড়ার পেছনে মেয়েটা এতো খাটে। মাছ-মাংশ তো মুখেই তোলে না।ওই হারামখোরের টাকার কেনা চালের ভাতটুকু খায় কেবল তাও না খাওয়ার মতন। মা হয়ে আসমা বেগমের তা সহ্য হয়না৷নিজের যে শরীর খারাপ সেদিকে তার খেয়াল নেই।

সোনার চেইনটা বেশ ভালো দামে বিক্রি করে আসমা বেগম৷ তার কাছে সন্তানের চেয়ে বড় কিছু নয়। বেঁচে থাকলে এমন সোনার চেইন হাজার পড়া যাবে। যদি ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়তে না পারে তাহলে টাকা, পয়সা, সোনা,গয়না দিয়ে কি করবে?রিদিতার পরীক্ষার জন্য, টিউশনিগুলো আসমা বেগম ছাড়িয়ে দিয়েছেন।তাই মেয়ের জন্য কিছু টাকা আলাদা করে রেখে, স্কুলের টাকা আলাদা করে রেখে যা ছিলো তা দিয়ে দুধ,হরলিক্স, ফল-ফলাদি, ডিম,মাছ,গোশত কিনে বাড়ি ফিরে৷

আসমা বেগম বাড়ি ফিরতেই, রিদিতা মায়ের হাত ভর্তি বাজার সদাই দেখে বেশ অবাক হলো।

“মা!এতো টাকা কি করে পেলে?"

“সামনে থেকে সর, একটু শরবত বানা।”

আসমা বেগম রিদিতা কে এড়িয়ে গেলেন৷ সে চায় না মেয়ে জানুক নাহলে কষ্ট পাবে মেয়ে। রিদিতা রান্নাঘরের ফ্রীজ থেকে ঠান্ডা পানি বের করে ট্যাঙ গুলিয়ে আনলো৷ আসমা বেগম হাতের জিনিসপত্র টেবিলে রেখে বোরখা খুলে সোফায় বসলো ফ্যানের নিচে৷

“মা!এই নাও শরবত৷"

আসমা বেগম রিদিতার হাত থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে শরবত খেলো৷গরমে এমন ঠান্ডা,ঠান্ডা শরবত বেশ আরাম দেয়।

“নে মা! অনেক মজা হয়েছে। অনেক শান্তি পেয়েছি।"

রিদিতা মায়ের কথায় হালকা হাসলো,“ট্যাঙ তো ট্যাঙ হয় মজার কি হলো?”

“মেয়ের হাতে বানানো যেকোনো জিনিসই বাবা মায়ের কাছে অমৃত।"

“কেবল তোমার কাছেই।”

“এখন এক কাজ কর এসব জিনিসপত্র আলাদা জায়গায় রাখ তোর বাবা দেখলে কথা শোনাবে৷নিজে তো কিছু করবে না, অন্যে করলে ভাগ ছাড়বে না৷"

“এতো টাকা কই পেলে?বাবা তো তোমায় কোনো টাকা দেয় না।”

“তোকে যা বলেছি তাই কর।”

রিদিতা আসমা বেগম কে ভালো করে লক্ষ্য করলো। আসমা বেগমের গলায় সবসময় চেইন থাকতো এখন নেই। রিদিতার মস্তিষ্কে সংকেত দিতেই সরাসরি জিজ্ঞেস করলো, “চেইন বিক্রি করে দিয়েছো?"

“ঠাটিয়ে চড় মারবো, মাকে জেড়া করা। তুই মা না আমি মা? চোখের সামনে থেকে যাহ।”

রিদিতা আসমা বেগমের শিওরে যেয়ে বলল, “মা তুমি,এটা কেনো করলে?আমার জন্য নিজের সর্বস্ব দিয়ে দিলে৷ আরাফ?ওর কি হবে?"

“ওর জন্য ওর বাপ আছে।তোর এতো কিছু ভাবতে হবে না তো!তুই মন দিয়ে পড়। জীবনে এমন পর্যায়ে যা, যেনো আকাশে জ্বলন্ত তারার মতো তুই সবসময় জ্বলে থাকতে পারিস। তবে মা কোনো ভুল করা যাবে না৷ এ বয়সে অনেক কিছু আসবে তোমাকে শক্ত থাকতে হবে নিজের লক্ষ্যে!"

“আমার সোনা মা! আমার জাদু মা! পৃথিবীর সেরা মা!” রিদিতা মাকে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল।

তাই রিদিতা শপথ করেছে, তাকে সেরার সেরা রেজাল্ট করতে হবে৷ মায়ের মুখ উজ্জ্বল করতে হবে। মায়ের ত্যাগের মূল্য চোকাতে হবে।

কোথা থেকে যেনো মালিহা রিদিতাকে খুজতে, খুজতে লাইব্রেরিতে চলে এলো।রিদিতা কে দুদন্ড একা ছাড়ে না। ক্লাসে পড়লে কানের সামনে বকরবকর করবে, তাই রিদিতা লাইব্রেরিতে এসে বসেছিলো। এখানেও শান্তি নেই।

“এই ছেমড়ি! তোকে খুজতে, খুজতে হয়রান।”

“আমাকে খোজার কি হলো?"

“আমার একমাত্র ভাবি সাহেবার জন্য আমার ভাই তোহফা পাঠিয়েছে তা দিতে এলাম।"

মালিহা একটা উপন্যাসের বই ও একটা গোলাপ রাখলো রিদিতার টেবিলের উপর।

“এগুলো কি?"

“আই ডোন্ট নো, ভাইয়া দিতে বলল। আর বলেছে বইয়ের তেপাত্তর নম্বর পৃষ্ঠা খুলে দেখতে তোকে।পড়ে উত্তর দিস।”

রিদিতা কে কিছু বলার সুযোগ না দিয়েই মালিহা প্রস্থান করলো৷ রিদিতা বিস্মিত অবস্থায় হা করে বসে রইলো। তেপাত্তুর নম্বর পৃষ্ঠায় কি এমন আছে। রিদিতা ভাবলো খুলে দেখবে।রিদিতা প্যাকেট টা নিজের কাছে নিলো। প্যাকেটের উপরে স্কচটেপ দিয়ে আটকে রাখা গোলাপ টা সন্তর্পনে খুলে পাশে রাখলো।প্যাকেট থেকে বের হলো রোমিও জুলিয়েট বইটি৷ বইটির এপিঠ,ওপিঠ উল্টালো রিদিতা৷ প্রচ্ছদ টা সুন্দর। বইটা খুলল,তেপাত্তর নম্বর পৃষ্ঠায় যেয়ে সে থমকে গেলো৷ একটা চিঠি। পার্পেল রঙের খামে মোড়া!

রিদিতা চিঠিটি খুলল,পড়ে দেখার জন্য চিঠি টা মেলে ধরলো৷ কেমন একটা গুমোট গন্ধ আসছে চিঠি থেকে। কলমের লেখা মনে হচ্ছে না। সম্ভবত রক্ত দিয়ে লিখা ইংরেজিতে গোটা, গোটা অক্ষরে।

”Love you, my Juliet.

I love you so much more than my own life. In every beat of my heart, I hear your name. Every drop of my blood carries my love for you. How much I love you cannot be explained in words. It can only be felt.I have written every word of this letter with my blood. It is proof of how deeply and desperately I love you."

from
Your romeo

রিদিতার বিস্ময় আকাশ ছুলো যেনো। কেউ তার জন্য নিজের রক্ত দিয়ে চিঠি লিখবে।এ ছেলে কি পাগল? কেউ এমন পাগলামি করে? এর উত্তরে রিদিতা কিই বা বলবে বুঝে পেলো না৷ রিদিতা আবিরের প্রতি কৃতজ্ঞ কাল রাতে তাকে মানসিক ভাবে সহায়তা দেয়ায়।তবে রিদিতা এখনো সম্পর্কের প্রতি আগ্রহী না৷

স্কুল ছুটির ঘন্টা বাজলো “ঢং,ঢং" ঘন্টা বাজার সাথে, সাথে হুলুস্থুল কান্ড বেধে গেলো৷ কে কখন কার আগে বের হবে।স্কুলের বাহিরে অপেক্ষা করছে শিক্ষার্থীদের অভিভাবকরা।একে, একে সবাই বের হলো৷ শেষে বের হলো মালিহা ও রিদিতা৷ স্কুলের গেট থেকে বের হতেই রিদিতা, আবিরের দেখা পেলো৷ আবির মালিহা কে নিতে এসেছে৷ যার বাহানায় এক ঝলক রিদিতা কেও দেখা হয়ে যাবে।

রিদিতা আবির কে দেখে হকচকিয়ে গেলো৷ তার বুকটা ধক করে উঠলো৷কেমন একটা অস্বস্তি হতে শুরু হলো তার৷আবির রিদিতা কে দেখে একগাল হাসলো

“কেমন আছো,রিদিতা?"

“জ্বি ভালো।”

“মালিহা দে তোর ব্যাগ টা আমি নি।”

মালিহা ব্যাগ এগিয়ে দিলো, আবির হাত বাড়ালো৷ আবির বাম হাত বাড়াতে রিদিতা লক্ষ্য করলো আবিরের হাতে ব্যান্ডেজ৷ রিদিতা বিস্মিত হলো। এতক্ষণ ভেবেছিলো হয়তো রিদিতা কে ভোলাতে এভাবে লাল রঙ দিয়ে লিখেছে৷ এখন আবিরের কাটা হাত প্রমাণ করছে চিঠির সত্যতা৷ রিদিতা আবিরের হাতের দিকেই চেয়ে রইলো।

“ভাইয়া তোমার হাত তো কাটা পারবে নিতে?"

“পারবো, দে। কত ব্যথা বুকে নিয়ে বেড়াচ্ছি এ আর এমন কি?"

কথাটা রিদিতা কে উদ্দেশ্য করে বলা।রিদিতার নিজেকে অপরাধী মনে হচ্ছে।রিদিতার দুনিয়াটা খুব ছোট। বাসা থেকে স্কুল, স্কুল থেকে বাসা, কোচিং এপর্যন্তই। দুনিয়ার নিয়ম নীতি সে কমই বোঝে তবে যতটুকু বুঝে তাতে তার মন সায় দেয় না। রিদিতা নিজেকে জোড় করতে পারে না। যতক্ষণ রিদিতা নিজ মন থেকে তা চায়।

বাড়ি ফিরার পথে রিদিতা বেশ বিষন্ন ছিলো। আবির কে তার অদ্ভুত মনে হয়।অল্প সময়ে কেউ কি কাউকে এতোটা ভালোবাসতে পারে?রিদিতা বুঝতে পারছে আবিরের অনুভূতি তবে তার মন সায় দিচ্ছে না৷
এতোসব ভাবতে, ভাবতে কখন যে বাড়ি ফিরলো তার ইয়ত্তা করতে পারলো না। দরজায় টোকা দিতেই আসমা বেগম দরজা খুলল। রিদিতা কে অন্যমনস্ক দেখে ভ্রুকুচকে তাকালো

“কি রে কি হয়েছে?

“কিছু না মা! অনেক ক্লান্ত লাগছে।"

“যা গোসল করে নে ভালো লাগবে।”

“হুম!”

রিদিতা ব্যাগ সোফায় রেখে গোসলে চলে গেলো৷ গোসল শেষে বের হতে হতেই যোহরের আজান দিয়ে দিলো।রিদিতা নামাজে দাড়ালো৷তাকবিরে তাহরিমা বেধে নামাজ শুরু করলো। নিয়ম মতো রুকু সেজদাহ, তাশাহুদ, দুরুদ পড়ে নামাজ শেষ করলো৷আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত তুলল,

“ইয়া আল্লাহ!আমি এক কঠিন মুসিবতে পড়েছি।আমি জানি না কি হচ্ছে আমার সাথে। কি ঠিক, কি ভুল। আমার অগোচরে, খেয়ালে, বেখেয়ালে কি চলছে তা কেবল আপনি জানেন৷আমি এক অদ্ভুদ দোনোমনায় ভুগছি।আপনি আমায় কোনো ইশারা বা ইঙ্গিত দিয়ে সহায়তা করুন কোনো একটা সিদ্ধান্ত নিতে।আপনার এক ইশারা কাফি আমার জন্য। আবির যদি আমার জন্য কল্যান কর হয় তাহলে তাকে আমার জীবনের সাথে জুড়ে দিন নয়তো দুর করে দিন।”

মোনাজাত শেষে পুরো মুখে হাত বোলালো রিদিতা৷ নামাজ শেষে উঠে জায়নামাজ জায়গা মতো রাখলো।বিছানায় যেয়ে বসলো৷ গা এলিয়ে দিলো।চোখ বুজে শুয়ে পড়লো।

এক অজানা কোনো সমুদ্রপাড়! সমুদ্রের তীরে পানির ঝাপটা আছড়ে পড়ছে। পানির শো শো শব্দ। সমুদ্রের মাঝ বরাবর, বিশাল বড় এক দোলনায় বসে আছে রিদিতা। পুরো সমুদ্র জুড়ে সে একা। দুর থেকে কারো আবছা অবয়ব দেখা যাচ্ছে। হাতে তার গোলাপ ফুলের তোড়া। চারিদিকে অদ্ভুত এক স্বর্গিয় সুগন্ধ!বড় চেনা সে সুগন্ধ। রিদিতার মনে হলো তবে কায়া টি কে? আবির?

রিদিতা ধরফর করে ঘুম থেকে উঠলো।অর্ধঘুমে এ কেমন এলোমেলো স্বপ্ন দেখলো। আল্লাহ তাকে কি ইশারা দিলো৷রিদিতার বুকটা ধরফড় করছে। সে জোড়ে, জোড়ে শ্বাস নিচ্ছে।এমন সময় রিদিতার মা আসমা বেগম রিদিতা কে ডাকতে, ডাকতে রুমে এলো৷

“রিদি, মালিহা ফোন করেছে। দেখ কি বলবে কথা বল।”

রিদিতা ফোন কানে নিয়ে “হ্যালো” বলতেই ওপাশ থেকে পুরুষালি কন্ঠ শোনা গেলো।মালিহার মাধ্যমে আবির কল করেছে।

“তোমার কন্ঠ শুনতে খুব ইচ্ছে করছিলো তাই কল করলাম। তোমার এই হ্যালো বলার সুমধুর কন্ঠস্বর আমার উথাল-পাতাল হৃদয়কে শান্ত করতে যথেষ্ট।”

রিদিতা কে কথা বলার সুযোগ না দিয়েই আবির কল কেটে দিলো। আবিরের এ কান্ডে রিদিতার বড্ড হাসি পেলো। এ কেমন পাগল?

রিদিতা নিজ মনেই একটু লজ্জা, লজ্জা অনুভব করলো।ব্যাগ থেকে বইটা আবারো বের করলো।চিঠিটা পুনরায় খুলে পড়লো। বারবার পড়তে লাগলো। গোলাপ ফুলের সুঘ্রাণ শুকতে লাগলো। তৎক্ষনাৎ তার মনে হলো স্বপ্নেও অদ্ভুত সুগন্ধটা গোলাপেরই ছিলো যা আবির দিয়েছিলো৷

বারান্দার টুলে বসে, গ্রিলে মাথা রেখে আবিরের সাথে দেখা হওয়ার দিনের পর থেকে এ পর্যন্ত আবিরের সকল কর্মকান্ড ভাবতে লাগলো। কখনো পিছু নেয়া, কখনো ঘন্টার পর ঘন্টা তার বাড়ির সামনে আবিরের দাড়িয়ে থাকা,সেদিন রাতের সহানুভূতিতা, চিঠি সব রিদিতার কাছে ভালো লাগতে শুরু করলো।রিদিতা ভাবলো, নামাজের মোনাজাতের পরপরই এমন অদ্ভুত স্বপ্ন, হুট করে আবিরের কল তার পাগলামো সব কি কোনো শুভ সূচনার ইঙ্গিত?

প্রতিটা মানুষের জীবনে এমন পর্যায় আসে।আমরা কোনটা ঠিক, ভুল তাৎক্ষণিক বিচার করতে পারি না।আমরা সব কিছুর ব্যাখ্যা করতে পারি না।আল্লাহর ইশারা কখন কোন দিক ইঙ্গিত করে আমরা বুঝিনা৷স্বপ্নের মাধ্যমে আল্লাহ ইশারা দেন সত্য।তবে স্বপ্নের সকল ব্যাখ্যা এক হয়না। মানুষের পক্ষে তা সমাধা করা অত্যন্ত মুশকিল।তবে আল্লাহ ভালো জানেন৷সকল কিছুই আল্লাহর পরীক্ষা। কখনো তিনি ভুল ঘটার আগে ভুল কে মুছে দেন, নয়তো কখনো হাতে কলমে বুঝিয়ে দেন। কারণ তিনি অন্তর্যামি৷ মানুষের অতি গোপন কথা যা মানুষ নিজেও জানে না তা আল্লাহ জানেন৷ হয়তো রিদিতা তনু মনে আবিরের জন্য অনুভূতি তৈরী হয়েছে, যা রিদিতা পাত্তা দিয়েও দিচ্ছে না৷ আল্লাহ মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। বান্দার পূর্বের দোয়া, পরবর্তী দোয়া কি হবে আল্লাহ জানেন, তাই তিনি দেখতে চান তার বান্দা কি করেন৷

—
রাতের বেলা, রিদিতা তার মায়ের ফোন তার কাছেই রেখেছে। ফোন দেখে রসায়ন প্র্যাকটিকাল করছিলো৷মনে, মনে হয়তো অন্য কিছুর জন্যও অপেক্ষা করছিলো। তন্মধ্যে, নোটিফিকেশনের শব্দ টুঙ করে বেজে উঠলো।রিদিতার বুক ধক করে উঠলো।মনে, মনে লাজুক হাসলো।কেমন একটা উত্তেজনা অনুভব হচ্ছিলো! এ এক অদ্ভুত অনুভূতি।

“আসসালামু আলাইকুম”

রিদিতা সাথে, সাথে রিপ্লাই দিলো না। একটু সময় নিয়ে, নিয়ে রেসপন্স করছিলো।

“ওয়ালাইকুম আসসালাম।"

“ব্যস্ত?"

“একটু!"

“এতো কি ব্যস্ততা?”

“পড়াশোনার ”

“আজ মানুষ হওয়ায় বড় আফসোস হচ্ছে।”

“কেনো?"

“আমার মনে হচ্ছে আমি যদি বই হতাম তাহলে তুমি আমায় পড়তে ঠিক যতটা মন দিয়ে পাঠ্য বই পড়ো।”

রিদিতা হেসে উঠলো আবিরের কথায়। আবিরের টেক্সটে হা হা রিয়েক্ট দিলো।

“তুমি খুব নিষ্ঠুর, জানো কত কষ্ট করছি হাত টা নিয়ে। ব্যথায় এখনো টাটাচ্ছে।”

“আমি কি আপনাকে বলেছি নাকি হাত কাটতে?" ( সাথে চোখ উল্টানো ইমুজি)

“তুমি বললে গরদান কেটে দিয়ে দিবো, হাত আর কি।”

রিদিতার হেসেই যাচ্ছে আবিরের কথায়।

“আজ মনে হচ্ছে মহাদয়ার মন ভালো, এতো হাসছে যে।”

“হুম ভালো একটু, একটু।”

“আমার জবাব পাবো কি?”

“জানি না।”

“কোনো ব্যপার না,আমি তো ভালোবাসি তুমি না বাসলে কি।”

“আপনাকে মালিহা বলেছে না যে আমি বই পছন্দ করি।”

“নাহ!"

“তাহলে কিভাবে জানলেন”

“তোমার চোখ!তুমি মেয়েটাই পুরো সাহিত্যিক যেনো উপন্যাসের কোনো চরিত্র। আর ভালোবাসার মানুষের কি প্রয়োজন, কি পছন্দ তা বুঝতে ভালোবাসার মানুষের দুটো চোখই যখেষ্ট।তোমার চোখ তোমার ব্যপারে অনেক কিছু বলে দেয়৷”

রিদিতা, আবিরের এই টেক্সটে থমকে গেলো৷ আবির রিদিতাকে এতো গভীরভাবে বোঝে? কেউ তো আগে তাকে এভাবে বোঝে নি।

“কল দি?”

“দিন”

রিদিতা তার রুমের দরজা আটকে দিলো৷জোড়ে ফ্যান চালালো যেনো কেউ বুঝতে না পারে৷মিনিট পাচেক বাদে আবিরের কল এলো রিদিতা, কল রিসিভ করলো।

“হ্যালো!” রিদিতা কল রিসিভ করলো।

“হেই!মাই সুইটি।তুমি জানো তোমার কন্ঠ কতটা নেশালু।শুনলে মনে হয় শুনতেই থাকি, শুনতেই থাকি।”

“আপনি সবকিছু বাড়িয়ে, বাড়িয়ে বলেন।”

“তোমার প্রশংসায় পৃথিবীর সকল শব্দ, বাক্য ফিকে মনে হয়।”

রিদিতা খিলখিলিয়ে হেসে উঠলো। আবিরের প্রশংসা তার মন্দ লাগছে না।আবিরের সাথে কথা বলতে তার বেশ ভালো লাগছে৷ বেশ মজার মানুষ।

“আচ্ছা রিদিতা একটা সত্যি করে কথা বলবে?”

“কি?"

“আমাকে কি একটুও ভালোবাসা যায় না? ”

রিদিতা নিরব হয়ে গেলো। কি বলবে তার কাছে কোনো উত্তর নেই।

“আবির, আমার ভালোবাসায় ভয় হয়, সম্পর্কে ভয় হয়।"

“কিসের ভয় আমি আছি তো,একুটুক বিশ্বাস করো আমি কখনো তোমার বিশ্বাসের অমর্যাদা করবো না।তোমাকে দেখলে আমি আমার সব কষ্ট ভুলে যাই।মনে অদ্ভুত প্রশান্তি নেমে আসে৷ তোমাকে যদি আমার হৃদপিণ্ড টা খুলে দেখাতে পারতাম। ”

রিদিতা নিরব হয়ে গেলো। পায়ে পা কচলাতে লাগলো। তার ভিষন নার্ভাস লাগছে।

“কি হলো চুপ কেনো?”

“আমার সময় লাগবে আবির! ”

“ঠিকআছে, সময় নাও।আমি তোমার সাথে আছি সবসময় থাকবো। আ লাভ ইউ!"

কিশোরী বয়সের প্রেম উড়ন্ত মেঘের মতো অস্থায়ী।খরাক্রান্ত জমিনে কেবল আশা দেখায় বৃষ্টির তবে বর্ষায় না।কেবল মরিচীকা! বিভ্রম ও ছলনা।

বাহিরে জোড়ে বজ্রপাতের শব্দ হতেই রিদিতা কেঁপে উঠলো।চিঠির খামটি পেয়ে বর্তমান থেকে সে হারিয়ে গেছিলো অদূরে রেখে আসা অতীতে।চোখে তার অশ্রু ছলছল করছে।

চোখের পানি মুছে উঠে দাড়ালো রিদিতা।চিঠি টা হাত দিয়ে কুটিকুটি করে ছিড়লো।যতটুকরো করা যায় ঠিক ততোটুকরো করলো।ড্রয়ার থেকে ম্যাচবক্স বের করে বারান্দায় গেলো৷ বারান্দার ঝুড়িতে কাগজের টুকরো গুলো ফেললো। ম্যাচবক্স থেকে কাঠি বের করে তা জ্বালিয়ে আগুন ধরালো। আগুনের শিখার দিকে জ্বলন্ত চোখে চাইলো রিদিতা৷ ভেসে উঠলো অতীতের স্মৃতি টুকরো গুলো। যার চারণে কেবল ঘৃণাই প্রতিফলিত হয়৷ রিদিতা জ্বলন্ত ম্যাচের কাঠি ফেলে দিলো ঝুড়ি তে, পুড়তে লাগলো চিঠির প্রতিটি অংশ।

বারান্দার টুলের উপর বসে পড়লো রিদিতা৷যত সে পুরোনো স্মৃতি ভুলতে চায়, ততো যেনো তাকে আষ্টেপৃষ্টে শেকলের মতো বাঁধে।রিদিতা চোখ মুছে হাত পা গুটিয়ে বসলো।কষ্ট ভুলতে, আকাশের দিকে চাইলো। প্রজ্বলিত চাঁদের আলো রিদিতার মুখে এসে পড়ছে। সে আলোতে তার শ্যামাঙ্গ সুশ্রী মুখ টা পদ্মফুলের মতো স্নিগ্ধ ও আদুরে লাগছে।চোখে তার কি করুণ বিষন্নতা। বুকের মধ্যে চাপাঁ ব্যথায় বুক টা যেনো ভেঙে যাচ্ছে।উফফ!এতো কষ্ট কেনো? এতো যন্ত্রণা কেনো হয়? সে তো ঘৃণা করে ঐ নাম, ঐ ব্যাক্তি!পৃথিবীতে এতো ঘৃনা বোধহয় সে আর কাউকে করে না৷ ভুলতে না পারার আরো এক কারণ বোধহয় রিদিতার ঘৃণা।যাকে ভোলা যায় তাকে ঘৃণা করা যায় না, যাকে ভোলা যায় না তাকে ঘৃণা করা যায়।

হঠাৎ কোনো গাছের ডাল ভেঙে পড়ার শব্দ হতেই,বিড়াল “ম্যাও ” করে উঠলো৷ আৎকা শব্দে রিদিতা হকচকিয়ে গেলো৷ আশেপাশে চাইতেই তার চোখ গেলো শুভ্রবের বারান্দায়।শুভ্রব ল্যাপটপ চালিয়ে বসে কি জানো করছিলো৷ তার পাশে রোজি ঘুমাচ্ছিলো৷রোজি ডাল ভাঙার শব্দে আৎকে উঠে ভয়ে চিৎকার করে উঠে৷শুভ্রব রোজি কে শান্ত করছিলো

“বোকা বিড়াল এতো অল্প তে ভয় পেলে চলবে?”

শুভ্রবের কন্ঠে রোজির ভয় কমলো। শুভ্রবের কোলে গুটিসুটি মেরে বসলো৷ আর “ম্যাও, ম্যাও ” করতে লাগলো। রোজির ডাক অনুসরণ করে শুভ্রব সামনে তাকাতেই রিদিতা কে দাড়িয়ে থাকতে দেখলো বারান্দায়।শুভ্রব ল্যাপটপে সময় দেখলো, রাত সাড়ে দশটা বাজে৷

“কি মিস.রিদিতা ঘুমান নি?” নম্র ও গভীর কন্ঠে বলল শুভ্রব। শুভ্রবের কন্ঠ গভীর। যখন সে ধীরে কথা বলে তখন তা আরো গভীর ও মোলায়েম শোনায়।

“ঘুম আসছে না তাই ভাবলাম বারান্দায় বসি।”

“ঘুম না আসার কারণ, মন খারাপ নাকি?”

“নাহ!এমনি।তবে আপনি এতো রাতে বারান্দায় কি করছেন?"

“ আমার রুমে নেট কানেকশন ঠিক মতো পাচ্ছিলাম না। ইম্পর্টেন্ট কাজ করছিলাম ল্যাপটপে।তাই বারান্দায় এসে বসি।তবে এ মহাশয়া, আমাকে দু মিনিট একা থাকতে দেয় না৷ আমার সাথে, সাথেই থাকবে৷ তাই আমার কোলে ঘুমাচ্ছিলো। কি হলো কে জানে লাফিয়ে উঠলো।”

“ওহ আচ্ছা।” হালকা হেসে, পরক্ষণে কি একটা মনে হতেই জিজ্ঞেস করলো,“ মা বলেছিলো আপনি নাকি চাকরি পেয়েছেন,কিসের চাকরি?”

“সফটওয়্যার সিকিউরিটি ইঞ্জিনিয়ার।”

“বাহ, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন!আচ্ছা! আপনার ডিপার্টমেন্ট কি ছিলো?”

“IIT ডিপার্টমেন্ট”

“IIT!এতো হায়েন্ড সাবজেক্টে পড়েছেন?”

“জি ম্যাএডাআআম!”

শুভ্রব একটু টেনে টেনে বলল কথাটা৷

“শুনেছি, আপনাদের বড় ব্যবসা আছে, ব্যবসা রেখে চাকরি কেনো?"

“ওটাতো আমার বাবার, আমার তো নয়৷ আমি ইনডিভিজুয়াল মানুষ। নিজের মতো কাজ করতে পছন্দ করি, নিজের মতো সাধারণ ভাবে বাঁচতে চাই।”

“খুবই স্বাধীন চিন্তাধারা আপনার,সুন্দর। তাহলে আপনার গানের ক্যারিয়ার?”

“ছেড়ে দিবো।” শুভ্রব নির্লিপ্ত ভাবে বলল। রিদিতা বড় অবাক হলো শুভ্রবের কথায়,

“সিরিয়াসলি?”

“হ্যা!"

“কেনো?”

“শুরুটা শখের বসে করেছি, তবে এতোদুর পৌছেছি তা আল্লাহর মেহেরবানি তবে আমার পেশা গান বা ব্যান্ড নয়৷ আর এখন গান, টান ভালো লাগে না৷ এখন কি আর নাচা কুদা করার বয়স আছে। বিয়ে সাদি করে বউ, বাচ্চা নিয়ে থাকার বয়স।তাই বিদায় নিবো চিরতরে।”

একটু মজা সুলভ ভাবে বলল শুভ্রব৷ রিদিতাও সুযোগ ছাড়লো না শুভ্রব কে লেগপুল করার।

“বিয়ে সাদি করে ফেলবেন নাকি লুকিয়ে করে নিয়েছেন আমাদের না জানানোর ভয়ে?”

“করেছি তো।”

“কয়টা?”

“চার,পাঁচটা।”

রিদিতা শুভ্রবের কথায় হেসে উঠলো,“আপনিও না, মাঝে মাঝে এমন এমন কথা বলেন। হাসতে, হাসতে পেট ব্যথা হয়ে যায়। তা এতো গুলো বউ কোথায় লুকিয়ে রেখেছেন।”

“মনে!"

“এতো ভাড় সামলাতে পারেন?”

“শুভ্রব সব সামলে নেয়।” মাথার পেছনে হাত বোলাতে, বোলাতে বলল শুভ্রব।

রিদিতা এবার আগের থেকে শব্দ করেই হাসলো৷রিদিতার হাসি খুব সুন্দর। শুভ্রব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, রিদিতাকে প্রথম সে এতো খোলামেলা হাসতে দেখছে।রিদিতার স্নিগ্ধ হাসি তার কাছে চমৎকার লাগছে৷ মেয়েটা হাসলে কতই না সুন্দর লাগে৷

“তুমি হাসছো?রিয়েলি! এই তোমার উপর আবার জ্বীন, টিন বশ করে নি তো?কাছে আসো দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে দি৷”

রিদিতা হাসি থামিয়ে মুখ ফুলিয়ে বলল,“বালাই সাদ!জ্বিন পরি কেনো বশ করবে৷আর আমি কি রাম গরুদের ছানা নাকি যে হাসতে জানবো না।”

“রাম গরু কারা! তোমার বন্ধু বান্ধব নাকি?”

“নাহ!একটা প্রবাদ, আপনার মতো ইংলিশ মিডিয়ামে পড়া স্টুডেন্ট এর পক্ষে বোঝা সম্ভব না।”

“বাই এনি চান্স তুমি কি আমাকে আন্ডাররেটেড করছো?ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হতে পারি তবে বাংলা আমার মাতৃভাষা।খাঁটি বাঙাল আমি।”

“আচ্ছাআআআ?”

“তুমি দেখতে চাও?”

“দেখান তাহলে আপনার বাংলার ট্যালেন্ট!”

“ ওকেহ, ইউ চ্যালেঞ্জড মি! আমি একটা কবিতা বানিয়েছি শোনো তাহলে”

“চাঁদের সাথে চাঁদনী র কথা
লাগছে না আজ মন্দ!
চাঁদ আর আমি হলাম প্রতিদ্বন্দি
একি অলিক দ্বন্দ! ”

“এটা কি কবিতা?”

“ভুজুংভাজুং কবিতা৷”

“লিখেছেন কবি “শুভ্রবেন্দ্রনাথ”

রিদিতা দুষ্টুমি করে শুভ্রব কে ব্যঙ্গ করলো।

“ইয়াহ, এখন আমি জন্মেছিই ট্যালেন্টেড কি আর করবো বলো৷” শুভ্রব ভাবসাব নিয়ে কলার উচু করলো, নিজের ট্যালেন্ট জাহির করার গর্ববোধ ফুটে উঠলো তার চেহারায়৷

“আপনার মতো ট্যালেন্টেড ব্যাক্তিকে পেয়ে বাংলাদেশ ধন্য! তবে এবার আসি,ঘুমোবো।শুভরাত্রি!"

মিষ্টি হেসে রিদিতা বিদায় নিয়ে রুমে ঢুকতে যেতেই শুভ্রব পিছু ডাকলো, “কাল যাচ্ছো তো?”

“কোথায়?”

“কনসার্টে?”

“আমি কনসার্টে যাই না, তার উপর মা এলাউ করবে না,রাতের বেলা বাহিরে থাকা।”

“তাহলে দিনের বেলা রেখে দিচ্ছি।”

রিদিতা ভাবলো শুভ্রব হয়তো মজার ছলে বলেছে,“মিঃপ্রতিবেশী আপনার হিউমার অনেক ভালো৷ এখন গেলাম,শুভ রাত্রী।”

রিদিতা বিদায় নিয়ে তার রুমে চলে গেলো৷শুভ্রব রিদিতার মুখে হাসি ফোঁটাতে পেরে সন্তুষ্ট।শুভ্রব বারান্দাতেই বসে ছিলো।ল্যাপটপে কাজ করছিলো সত্য তবে রিদিতা কে বারান্দায় বিচলিতভাবে আসতে দেখে একটু চিন্তায় পড়ে গেছিলো৷বারান্দা কাছাকাছি হওয়ায় সব কিছুই সে খেয়াল করছিলো।চিঠি পোড়ানো, চাঁদের দিকে তাকিয়ে থেকে ভাবনায় বিভোড় হওয়া, ভেঙে পড়া কান্না।শুভ্রব জানে না কি হয়েছে রিদিতার তবে রিদিতা কে সে ভেঙে পড়তে দেখা সহ্য করতে পারে না।

রিদিতার মুখে হাসি ফোঁটাতেই ছিলো তার এ ক্ষুদ্র প্রচেষ্টা। তবে শুভ্রবের কথা রিদিতা মজার ছলে নিলেও, শুভ্রব সত্যি,সত্যিই বলেছিলো।কিন্তু শুভ্রবের ভাষা বুঝতে রিদিতা বরাবরই অপরিপক্ক!

“ক্রমান্ন”

#মেঘরঙ্গনের_সন্ধিক্ষণে
—#আলিফাতাসনিমরিতা

গল্পের প্লট, থিম, চরিত্র,চরিত্রের নাম, ছবি, উক্তি, কাহিনি কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ!এবং গল্প টি অন্য কোথাও পোস্ট করাও নিষিদ্ধ আমি রচয়িতা এ অনুমতি দিচ্ছি না। পড়তে হলে আমার পেজেই পড়তে হবে। চাইলে আপনারা শেয়ার করতে পারেন।

পর্বটি কেমন লাগলো পড়ে জানাবেন, আপনাদের মতামত ও মন্তব্য একান্ত কাম্য।সাইলেন্ট রিডার রা রিয়েক্ট করবেন। হ্যাপি রিডিং। পরবর্তী পর্ব আসতে, আসতে দোয়াতে মনে রেখো। 😊

তবে আপনাদেরও কি মনে হয় আবির কি আসলেই রক্ত দিয়ে চিঠি লিখেছিলো? আমার তো সন্দেহ হয়। 🤭🤭

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 36 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন