ফন্ট সাইজ:
থিম:
রুপালি আলোর ছায়া

পর্ব 5

লেখক: সন্ধ্যা

বিকেলের দিকে বাগান থেকে ভেসে আসা মেয়েদের হাসি আর চেঁচামেচির শব্দে বারান্দায় এসে দাঁড়াল নিশাদ। কৌতূহলী দৃষ্টিতে নিচে বাগানের দিকে তাকাতেই দেখতে পেল, কয়েকটি মেয়ে মিলে আনন্দে দৌড়াদৌড়ি করছে। তাদের মধ্যে নুহাতকেও দেখা গেল।
নুহাতকে এভাবে ছুটোছুটি করতে দেখে অজান্তেই মৃদু হাসল নিশাদ। মেয়েটার চঞ্চল স্বভাব সম্পর্কে তার বেশ ভালোই জানা আছে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে তাদের খেলা দেখতে লাগল সে।
কিন্তু হঠাৎই দৃশ্যপট বদলে গেল। দৌড়াতে গিয়ে অসাবধানতাবশত হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল নুহাত
ঘটনাটা চোখে পড়তেই মুহূর্তের মধ্যে নিশাদের মুখের হাসি মিলিয়ে গেল। রাগে তার কপাল কুঁচকে উঠল। আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাগানের দিকে এগিয়ে গেল সে।
নুহাত তখনো মাটিতে বসে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। নিশাদকে সামনে আসতে দেখে মুখ তুলে তাকাল।
— নুহাত! কী হচ্ছে এসব? এত বড় হয়েছিস, এখনো বাদড়ের মতো লাফালাফি করে বেড়াতে হবে? একটু শান্ত হয়ে থাকতে পারিস না?
নিশাদের এমন ধমকে নুহাত চুপ করে গেল। কিছু বলার আগেই নিশাদ আবার বলে উঠল,
— কোথাও লাগেনি তো? ব্যথা পেয়েছিস?
কথাগুলো বললেও তার কণ্ঠে রাগের রেশ স্পষ্ট। নুহাত ছোট্ট করে মাথা নাড়ল। কিন্তু ততক্ষণে সালমা চৌধুরীও সেখানে চলে এসেছেন। মেয়েকে মাটিতে পড়ে থাকতে দেখে তিনি ভীষণ রেগে গেলেন।
— এসব কী হচ্ছে? খেলতে গিয়ে যদি এমনভাবে পড়ে যায়, তাহলে খেলতে দেওয়ার কী দরকার? ওঠো । কোথায় ব্যথা পেয়েছো দেখি।
সালমা চৌধুরী মেয়েকে উঠিয়ে নিজের কাছে টেনে নিলেন। এরপর আর কাউকে কিছু না বলে সবাই বাড়ির ভেতরে ফিরে এল।
কিন্তু পুরোটা সময় নুহাতের মুখটা ভার হয়ে রইল। নিশাদের এমন আচরণে ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পেয়েছে সে।
রাতের বেলা নুহাত ছাদে গিয়ে নিশাদ কে দেখতে পেল, সুযোগ বুঝে নিশাদের সামনে এসে দাঁড়াল নুহাত। মুখটা মলিন, চোখেমুখে অভিমানের ছাপ।
— ভাইয়া!
নিশাদ একবার তার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দিল।
নুহাত একটু এগিয়ে এসে নিচু স্বরে বলল,
— তুমি আমার সঙ্গে এমন করো কেন, ভাইয়া?
নিশাদ এবার চোখ তুলে তাকাল।
— কী করেছি আবার?
নুহাতের গলায় জমে থাকা অভিমান এবার কথায় প্রকাশ পেল।
— সব সময় শুধু বকো আমাকে। তুমি আমার সঙ্গে এমন করো কেন? তোমাকে আমি ভালোবাসি বলে কি তুমি আমার সঙ্গে এমন করো?
শেষ কথাটা বলতে গিয়ে নুহাতের কণ্ঠটা কেমন যেন ভারী হয়ে এল।
নিশাদ কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটার অভিমানী মুখটা দেখে তার রাগটাও যেন একটু কমে এল।
কিন্তু মুখে কিছু প্রকাশ করল না।
নিশাতকে চুপ থাকতে দেখে নুহাত আর কথা বাড়াল না। নীরবে নিজের ঘরে চলে গেল সে।
পরদিন সকালে তাদের বাড়ি ফেরার কথা। তাই সকালে সালমা চৌধুরী তাঁর মা ফাতেমা খানের সঙ্গে দেখা করতে গেলেন। সেখানে গিয়ে মায়ের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বললেন। যাওয়ার আগে মাকে নানা রকম উপদেশও দিলেন।
— ভালোভাবে থাকবে। নিজের খেয়াল রাখবে। আর চলাফেরার সময় একটু সাবধানে থাকবে। কোনো কিছুতেই যেন অসতর্কতা না হয়।
মেয়ের কথায় ফাতেমা খান সম্মতিসূচক মাথা নাড়লেন।
কিছুক্ষণ পর গাড়ি এসে থামল খান বাড়ির সামনে। এবার গন্তব্য চৌধুরী বাড়ি।
নুহাত গাড়িতে উঠে বসল। তবে গাড়িতে ওঠার পর থেকেই তার চোখ এদিক-ওদিক কাউকে খুঁজে বেড়াচ্ছে। বারবার বাড়ির চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে সে। কিন্তু যার অপেক্ষায় তার এত খোঁজাখুঁজি, সেই মানুষটির দেখা মিলল না।
একসময় গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। নুহাতের চোখেমুখে নেমে এল বিষণ্নতা। মনটা ভীষণ খারাপ হয়ে গেল তার।
অবশেষে একবার বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়ির জানালায় মাথা ঠেকাল নুহাত।
ঘরের জানালার আড়াল থেকে নিঃশব্দে নুহাতকে দেখছিল নিশাদ। গাড়িতে ওঠার আগে নুহাতের এদিক-ওদিক তাকানোটা তার চোখ এড়ায়নি। তবে কিছু না বলে জানালার পাশেই দাঁড়িয়ে রইল সে।
অবশেষে গাড়িটি চলতে শুরু করল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে।
রাস্তায় সালমা চৌধুরী বারবার মেয়েকে কিছু খাওয়ার কথা বলছিলেন।
— কিছু খাবে,
— না, কিছু খাব না।
— আইসক্রিম খাবে। না আম্মু, কিছু খাব না।
— আচ্ছা, ফুচকা খাবে?
ফুচকার নাম শুনতেই নুহাতের সব অভিমান যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। সামনের ফুচকার দোকানটার দিকে তাকিয়ে তার জিভে পানি চলে এলো।
— খাব!
মেয়ের এমন পরিবর্তন দেখে সালমা চৌধুরী মৃদু হাসলেন।
গাড়ি থামতেই নুহাত নেমে গেল। এরপর শুরু হলো তার ফুচকা খাওয়ার পালা। এক প্লেট, দুই প্লেট করতে করতে পাঁচ প্লেট ফুচকা সাবাড় করে ফেলল সে। অবশ্যই প্রতিটি প্লেটেই ছিল বাড়তি ঝাল।
পঞ্চম প্লেট শেষ করে নুহাত এবার মায়ের দিকে তাকাল। চোখেমুখে আরও খাওয়ার আবদার স্পষ্ট।
সালমা চৌধুরী এবার গম্ভীর গলায় বললেন,
— আর খেতে হবে না। অনেক হয়েছে। এভাবে ঝাল খেলে অসুস্থ হয়ে পড়বে।
নুহাত আর কিছু বলল না। মায়ের কাছ থেকে পানির বোতল নিয়ে গাড়িতে উঠে বসল। তারপর একটা আইসক্রিমটা বের করে খেতে শুরু করল।
কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে পৌঁছাল চৌধুরী ম্যানশনের সামনে।
চৌধুরী ম্যানশন!
নামটার মতোই বাড়িটিও ছিল আভিজাত্য আর সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ। বিশাল জায়গাজুড়ে নির্মিত দোতলা ডুপ্লেক্স বাড়িটি দূর থেকেই চোখে পড়ার মতো। বাড়ির বাইরের দেয়ালে ছিল হালকা ক্রিম ও সাদা রঙের মিশ্রণ। সামনের অংশজুড়ে বড় বড় কাচের জানালা, যা বাড়িটিকে দিয়েছিল আধুনিক ও রাজকীয় একটি রূপ।
বাড়ির প্রধান ফটকটি ছিল কালো রঙের লোহার তৈরি। ফটকের দুপাশে সারি সারি সবুজ গাছ আর বাহারি ফুলের গাছ দিয়ে সাজানো ছোট্ট বাগান। বাগানের মাঝখান দিয়ে পাথর বিছানো একটি পথ সোজা চলে গেছে বাড়ির মূল প্রবেশদ্বার পর্যন্ত।
বাড়ির সামনে প্রশস্ত উঠান। একপাশে সুন্দর করে সাজানো ফুলের বাগান, অন্যপাশে সবুজ ঘাসে ঢাকা ছোট্ট লন। লনের এক কোণে কয়েকটি দোলনা রাখা। সন্ধ্যায় সেখানে বসে চা খাওয়ার জন্য ছোট্ট একটি বসার জায়গাও রয়েছে।
বাড়ির ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল ড্রয়িংরুম। ছাদের মাঝখানে ঝুলছে দৃষ্টিনন্দন ঝাড়বাতি। মেঝেতে চকচকে মার্বেল পাথর, একপাশে বড়সড় সোফাসেট এবং দেয়ালে শোভা পাচ্ছে বেশ কিছু দৃষ্টিনন্দন চিত্রকর্ম।
ড্রয়িংরুমের একপাশ থেকে প্রশস্ত সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলায় রয়েছে পরিবারের সদস্যদের শোবার ঘর, একটি খোলা বারান্দা এবং ছোট্ট একটি লাউঞ্জ।
সব মিলিয়ে চৌধুরী ম্যানশন ছিল বেশ পরিপাটি, বিলাসবহুল এবং মনোরম একটি বাড়ি। বাড়িটির প্রতিটি কোণেই যেন আভিজাত্যের ছাপ স্পষ্ট।
গাড়ি থেকে নামলো নুহাত তারপর নিজের ব্যাগটা হাতে নিয়ে ধীর পায়ে ভেতরে প্রবেশ করল।

চলবে ইন্সাল্লাহ---

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন